২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুহম্মদ নূরুল হুদার কবিতা: মঙ্গলপ্রভাতে যাত্রা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 14 Apr 2017, 01:02 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
Mangal-Shobhajatra-111

শুরু হলো মঙ্গলপ্রভাতে যাত্রা; এই যাত্রা আলোকের দিকে;
শুরু হলো আলোকপ্রভাতে যাত্রা; এই যাত্রা মঙ্গলের দিকে;
দিকে দিকে মঙ্গল-আলোক যাত্রা; এই যাত্রা মঙ্গল মিছিল;
মানুষ, তোমার নিখিল আজ উদয়াস্ত মঙ্গল নিখিল।

আমানির গন্ধ মেখে এ মিছিলে বাংলার তামাটে কিষাণ,
ইলিশপান্তার থালা হাতে নিয়ে শ্যামাঙ্গিনী বাঙালি কিষাণী,
হালখাতা বুকে বেঁধে হন্তদন্ত কারবারী শ্রীমান ধীমান;
পুণ্যাহ আঙিনা জুড়ে মানুষপাখিও যেন তপোবন-ধ্যানী;
আজ ভোরে মানুষ শস্যের রাজা, মানুষীরা ফসলের রাণী।

রাজপথ জনপদ এ বাংলার মাঠঘাট হাটবাট বিল
মানুষে এসেছে আজ নাঙা পায়ে, এ মিছিল নহলি মিছিল;
এসেছে মুখোশ মুখে, গদা হাতে অগণন অসুরবিনাশী
তরুণ-তরুণী-বৃদ্ধা কামার কুমোর আর জেলে-জোলা-চাষী;
মানুষের মুখ আজ গণমুখ, সব মুখ বলে 'ভালবাসি' :
মানুষের ভাষা আজ ভালবাসা, সব মুখ বলে 'ভালবাসি'।

হাজার বৈঠার ডানা, ছিপখান তিন দাড়, হাজার নৌকার পাল,
ঝড়েজলে সামাল সামাল, জাতিপিতা জাতিমাতা ধরে আছে হাল;
আমরা নৌকার যাত্রী, ধনধান্যপুষ্পভরা ধরা-অধরার এই বসুন্ধরা;
উজান-ভাটির যাত্রী, পাত্রপা্ত্রী; আমরা তো সুদিনের ডাক হরকরা।

তাম্রলিপ্তি থেকে শুরু, এ বহর পার হয়ে যাবে সব কুড়েঘর-শহর-বন্দর;
হিমালয় শৃঙ্গ থেকে গঙ্গাপদ্মা শতধারা, দক্ষিণের কলস্বর বঙ্গোপসাগর;
বেহুলা ভাসান থেকে মা-ফাতেমা মুশকিল আসান, বহমান নদীর কিনার;
এ মিছিল ছুঁয়ে যাবে বাঙালির পুনর্জন্ম, ভাষাশহীদের সমুন্নত শহীদ মিনার।
ধর্মবর্ণ ভেদাভেদহীন, নয় অর্বাচীন; মুক্তিযোদ্ধা বাঙালির যুক্তির মিছিল;
এ মিছিলে উড়ে আসে এ বাংলার জাতি-জ্ঞাতি পশুপাখি আর শঙ্খচিল।

যেতে যেতে

এ মিছিল আবার আলোক নেবে স্বাধীনতা স্তম্ভ থেকে, শিখা অনির্বাণ থেকে,
যেতে যেতে এ মিছিল ঘুরে যাবে জলপথ স্থলপথ বাংলার নভোপথে এঁকেবেঁকে;
এ মিছিল থামবে না, এ মিছিল থামবে না আর কোনদিন;
বিজয়ী বাঙালি জানে, বিজয়ী বাঙালি মানে
এ মিছিল আনবেই প্রতি ভোরে সাম্যসুখী বাঙালির দিন বদলের দিন।

[৩০ চৈত্র ১৪২৩ – ১লা বৈশাখ ১৪২৪]

Image
Flag Counter