২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একজন জঙ্গির কাছে তার মায়ের চিঠি

মাজহার সরকার মাজহার সরকার

Published : 28 Mar 2017, 01:57 AM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
terrorist


খোকা,
তুই কেমন আছিস? আমি ভালো নেই।
তোর বাবাও আর চোখে দেখে না
পত্রিকার পাতা দেখে না, নয়তো এই সংবাদ পড়তে হতো!
তোর বোনটাও অপেক্ষা করে করে ফিরে গেছে শ্বশুরবাড়ি
গত রাতে স্বপ্নে দেখলাম আমার চোখের পাতা ছেড়ে
একটা দৈত্যের মতো, ক্রমাগত আমার কাছ থেকে পালাচ্ছে
আমার শরীরের মধ্যে দিয়ে তার ছায়া তোর বাবার মুখে
সীমাছাড়া তার মত্ততা দেখে
বহ্নিমান হিংস্রতা নখে নিয়ে মাটি খামচাচ্ছে, তারপর
পুকুরের জলের উপর শব্দ করে হেঁটে গিয়ে
লণ্ডভণ্ড করে দিলো ক্ষেতের ফসল
দূরে যেতেই বুঝি এটা ছিলি তুই!
আট বছর বয়সে যে তুই বরইগাছ থেকে পড়ে পা ভেঙেছিলি
আমার নাকফুলটা বিক্রি করে তোর চিকিৎসা করিয়েছিলাম
কতো দিন কতো রাত পাশে না ঘুমিয়ে, না খেয়ে,
অস্ত্রের আঙুলে এইসব আজ তোর মনে নেই
আমার বুকের ভেতর আমি শুনতে পাই বাংলাদেশের হাহাকার
বাংলাদেশের বুকের ভেতর নিরীহ মানুষের কান্না
আর তুই হাতে বোমা তুলে অস্বীকার করে গেলি
তোর জন্মের চেয়ে অপেক্ষমাণ শান্তির দেশকে
আজ তোর রক্ত থেকে আমার রক্ত ছাড়িয়ে নিলাম
এখন পুরো বাংলাদেশটাই আমার সন্তান।

ইতি-
তোর মা

Image
Flag Counter