হুট করে বঙ্গবন্ধুর সাথে দেখা…
তোমার সাথে এভাবে কথা বলতে হবে তা কখনো ভাবিনি আমি— শোনো হে বালক, হে একবিংশ শতাব্দীর বাংলাদেশ, হে আমার সন্তানেরা— আজ বড়ো বেদনাভারাতুর হৃদয় ও ধ্বসে যাওয়া কণ্ঠ নিয়ে দাঁড়িয়েছি এই মাইক্রোফোনের সামনে— যখন রাষ্ট্রীয় টেলিভিশনে কবিতা পড়ছি ধরা গলায় এক কবির দেহে অবতীর্ণ হয়ে, তখন তারই এক সতীর্থ কবি সরকারী বাহিনীর হয়রানী সহ্য করছে গরাদের ভেতর নিরপরাধে, কবির বুকের সেই কষ্ট বাজছে কবিতা পড়তে গিয়ে আমারও বুকে।
এখানে আসবার আগে এ কবি তার বন্ধুর হাতে কড়া বাঁধা ছবি দেখে এসেছে ভাসছে নিউজফিডে— কবির সাথে কথা বলে জানলাম— যে দেশের জাতির পিতা আমি সে দেশের দশভাগের একভাগ মানুষ আক্ষরিক অর্থেই বন্যার জলে ভাসছে, হাবুডুবু খাচ্ছে, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র যাদের মুক্তিযুদ্ধের পরপরই আমি সাহায্যকারী সেনাদের ফিরিয়ে নিতে বাধ্য করেছিলাম, তারা অসময়ে আমাদের জলের হিস্যা বুঝিয়ে দিতে তোরজোড় করছে, জানলাম বন্ধুরাষ্ট্রের কাছে পরারাষ্ট্রনীতিতে ধরা খেয়ে বসে আছি আমরা— জানলাম হাবুডুবু খাচ্ছে নাকি আমার সুন্দরবন ও একদল রাবিন্দ্রীক দেশপ্রেমিক মানুষের মন—
শোনো হে বাংলাদেশ, শোনো বালক, তোমার পিতা, এই আমি, এই কবির আত্মায় যে ভর করেছি, তিনি বেঁচে থাকলে এতো এতিম, করুণমুখ, দুর্দশাচোখ দেখা যেতো না এই দেশের— তোমাদের বলছি, যারা আমাকে জাতির পিতা মনে করো, দাঁড়াও বালক, আজ তোমার পিতা হবার দিন, বড় হও, পিতা হয়ে ওঠো— শিখে নাও সেই সহি পদ্ধতি, কিভাবে পিতার দিকে তাকাতে হবে তোমাকে—
শোন হে বাংলাদেশের বালক, মহাত্মা সুকর্ন, বিপ্লবী ক্যাস্ট্রো যেভাবে পাদদেশে দাঁড়িয়ে হিমালয়ের দিকে তাকাতেন, বঙ্গবন্ধুর দিকে সেইরকমই শমিতচোখে তাকাতে হবে তোমাকে—
ক্যাস্ট্রোতো আমেরিকা-পাওয়ায় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমাকে বলেছিলেন নির্ভয়ে— "আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি"— শুনে আমি হেসেছিলাম, কিন্তু তোমাকে আজ মনে রাখতে হবে তুমি বঙ্গবন্ধুর দেশের ছেলে, তুমি নির্ভয়, তুমি ঠোঁটকাটা, তুমি স্বাধীন, তোমার পরোয়া করতে হবে না কাউকে, তুমি সব অন্যায়ের প্রতিবাদ করবে, অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, ক্ষুধার্ত মানুষ সহ্য করবে না, আমার মতোন গোলাভরা ধানের শেষটুকু বিলিয়ে দিয়ে তাকে ভক্ষণ করাবে নিজের সামর্থ্যের শেষবিন্দুটুকু, তোমার জাতির পিতার মতো নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে ভালোবাসবে, এমন কবি ও নেতা যাদের আছে, সেই দেশ ব্যর্থ হতে পারে না, তুমি বঙ্গবন্ধুর কথা, আমার কথা মনে করবে— গভীর রাতের মধ্যযামে যাদের হৃদয়বিনিময় হয়েছিলো—
