২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে ফেব্রুয়ারি

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 21 Feb 2017, 09:35 AM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
21 Feb

আজ মাস ফেব্রুয়ারি, তারিখ একুশ,
আজ ক্ষিপ্র জনতার বুকে দীপ্র হুঁশ :
আজ বীর বাঙালির চেতনা-অঙ্কুশ।

আজ তো প্রভাতফেরি, খালি পায়ে হাঁটা;
লালপেড়ে শাদা শাড়ি, কালো ফিতে আঁটা :
বিরহী বিজয়ী বুকে ইতিহাস ঘাঁটা।

আজ মূল মাতৃভাষা, মাতৃ-ধাত্রী আশা;
মানুষেরা সাম্য-সুখী, মানবিক চাষা :
সকল জাতির মুখে ভাষা ভালোবাসা।

আজ তো মাতার জয়, সন্তানের জয়;
শোকসভা, নিরবতা, বিজয় অক্ষয় :
একুশ যোদ্ধার দিন, বীরের সময়।

একুশ তো বাঙালির বিদ্রোহী ফাগুন
একুশ তো বরকত সালামের খুন :
যুগে যুগে বিপ্লবীর বুকের আগুন।

একুশ পিতার স্নেহ, মায়ের আদর
একুশ ভায়ের গায়ে বোনের চাদর :
একুশ বসন্ত দিনে খুনিয়া ভাদর।

একুশ ভাষার রক্তে জাতি-স্বাধীনতা;
স্বতন্ত্র জাতির কথা, বহতা মমতা:
সকল জাতির বুকে মানব সমতা ।

Image
Flag Counter