নভেরা হোসেনের কবিতা
আমি জেগে আছি
তুমি ঘুমাতে যাচ্ছ
আমি যাচ্ছি না
অনেকে জেগে থাকছে
অনেকে বারুদ পোড়াচ্ছে
কেউ কেউ আগুনে ঘি ঢালছে
ঘিয়ে আগুন
একজন নিবিড় মনে কেটে চলেছে স্রোতহীন জলধারা
অনেকে ঘুমাতে পারছে না
কেউ কেউ ব্যাংকের ভল্ট ভাঙছে
কবিতা লিখছে কোনো একজন
তুমি ঘুমাচ্ছ
আমি জেগে আছি…
নীরবতা
সন্ধ্যার অন্ধকারে তোমাকে ভীষণ ম্লান মনে হয়। বৃক্ষের শরীরে যত ক্ষত, লোকালয়ে যত লোক
সব কোলাহল হয়ে নীরব।
এই সন্ধ্যা, ম্মৃতির শহর একা একা হেঁটে যায় মিনারের পধ ধরে।
লাল লাল বট বৃক্ষ, পুস্তকের সারি। এখানে তুমি নিদারুণ , পড়ো আছো শত শত মলাটের আড়ালে ।
একটা অক্ষর, একজন শব্দ গ্রাস করে রাখে। তুমিও হতে চাও অমলিন যে কোনো নদীর তলদেশে…
কবোষ্ণ বুকের গভীরে
কবোষ্ণ বুকের গভীরে একটা গাঢ় ক্ষত
জল ঝরছে অবিরাম
তুমি থামাতে পারছো না
হয়ো না উচাটন হে স্মৃতিভ্রষ্ট নাবিক
তোমার অস্থিতে অমলিন কশেরুকা
কি বলব তোমাকে?
বসন্ত বাউড়ি নাকি কোনো ঝরাপাতা?
ভাষা দিয়ে গেঁথেছ নীরব ঘণ্টাধ্বনি
চৈত্রের দাবদাহে বুনো ঝড় হয়ে এলে
টুপটাপ ঝরে পড়ছো হাস্নাহেনার
শ্বেত শরীরে
সিকিয়া ঝোরা
১.
বইছে তাজা খুন। নজদের বুকচেরা নির্জনতায়
ভেতরে মরু ঝড়, বাইরেটা শান্ত
ছেঁড়া পুস্তক, আজটেকদের মুখোশ।
সিকোয়া ঝোরা তোমার চোখ যেন আমি হই
আর আমার হৃদয় তুমি
একই রাস্তার সন্ধিস্থলে আমাদের যেন দেখা হয়, নির্জনে…
২.
আজ রাতে আকাশে মেঘ
চাঁদের শরীর ধোঁয়ায় ঢাকা
কবরগুলো খুলে যাচ্ছে
পথে কালো বিড়াল
আজ রাত তোমাকে একা করে দিল
তুমিও দিলে নিজেকে
যতই চোখে কাজল মাখো
ধুয়ে যাবে নোনা জলে
আজ রাত কথা বলছে না
তুমিও নীরব
চন্দ্রমল্লিকার গোলাপি শরীর
উষ্ণ ঠোঁটে
নেকড়ে রাত
কোনো কথা বোলো না তুমি
রাত গাঢ় হচ্ছে
নেকড়েরা শহরের পথে
কোনো কথা বোলো না তুমি
চোখ থেকে গড়িয়ে পড়ছে
উষ্ণ রক্ত
