পথে, প্রদেশে (পর্ব-৫)
শীত যায় গীত গায়/ শিল পড়ে কিল খায়
ঝড়ের প্রকোপ বাড়তেই থাকে ক্রমশ। একপর্যায়ে ঝড়ের কেন্দ্রে তৈরি হয় এক বিশেষ ধরনের ঘোর ও ঘূর্ণি, যার প্রভাবে হাওয়ায় জাগে কড়া কেন্দ্রাতিগ টান। প্রকৃতি যেন এক অতিকায় অদৃশ্য সেন্ট্রিফিউগাল মেশিন বসিয়ে দিয়েছে ঝড়ের উৎকেন্দ্রে। ঝড় যেদিকে যায়, অদৃশ্য মেশিনটাও সেইদিকে। ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড।
এ-অঞ্চলের রসিক মানুষজন আড্ডায় খোশগল্পে ঠাট্টায় চুটকিতে ব্যবহার করে বিচিত্র সব শালীন-অশালীন, ভব্য-অভব্য প্রবাদ প্রবচন ধাঁধা শোলক ও বাগধারা। দেহাতি মানুষ নানা আদিরসাত্মক কথা বলে, লোকজনের সামনে, প্রকাশ্য জমায়েতে, ভর মজলিশে, অবলীলায়। তাদের কাছে সেগুলি অশ্লীল নয় কোনোভাবেই। আদিরসের মধ্যেই নিহিত ওইসব প্রবচনের শক্তি ও সৌন্দর্য।
ঝড়কেন্দ্রের সেই প্রবল কেন্দ্রাতিগ টানে বাতাসে বিলীন হয়ে ভেসে বেড়ানো তাবৎ কথার এলোমেলো জঙ্গলের ভেতর থেকে জট ছাড়িয়ে ছিটকে বেরিয়ে আসছে এ-যাবৎ উচ্চারিত যত প্রবাদ প্রবচন শোলক-শায়েরি ধাঁধা শ্লোগান ও বাগধারা– অনর্গল, অফুরন্ত, নিরবচ্ছিন্ন, নিরবদমিত। প্রথম-প্রথম বেরুচ্ছে গুচ্ছাকারে, মেশামেশিভাবে ও একাকার হয়ে। পরে আস্তে-আস্তে অনেকটা শোধিতরূপে, স্পষ্টভাবে… যেমন প্রবাদ-প্রবচনগুলি একদিকে, বাগধারা-বাগবিধি আরেক দিকে, ধাঁধা শোলক শ্লোগান এগুলি অন্য পাশে। আবার, প্রবাদ-প্রবচনের মধ্যে অন্ত্যমিল-অলা দ্বিপদীগুলি একদিকে, একপদীগুলি অন্যদিকে। অভব্য ও চটুল প্রবচনগুলি বেশ হালকা, চার্জিত বাতাসের প্লবতাশক্তি তাদের ওপর অনেক বেশি। তাই সেগুলি ভেসে উঠে ছিটকে বেরিয়ে আসছে সবার আগে আগে। চারদিক থেকে বাগবাহুল্যের লাগাতার ঘূর্ণি ও ঝাপটা এসে একরকম গুঁড়িয়ে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে সবকিছু। একপর্যায়ে সুস্পষ্ট শোনা যাচ্ছে বিলীনদশা থেকে উদ্ধার-পাওয়া, জীবন্ত ও মুখর হয়ে ওঠা ওইসব বিচিত্র প্রবাদ প্রবচন ধাঁধা ও শোলক…। কিছুটা শোনেন তাহলে…
"ধ্যাৎতেরিকার…মজা মারবে ফজা ভাই/ হামাগো খালি ঘুম কামাই//। ট্যাকায় করে কাম/ মিছা মর্দের নাম//। হরির উপর হরি, হরি শোভা পায়/ হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়//। আরে! এ দেহি হরিনাম খাবলা-খাবলা! স্বর্ণকারের ঠুকঠাক, কামারের এক বাড়ি/ অন্যে দেয় সুড়সুড়ি, হকসেদে রাম-ঝাড়ি//। টাইম থাকতে পিওর হন/ ধুমায়া আসিচ্চে জনগণ//। শোনো কন্যা বিবরণ/ইন্দুর হয়া বিলাই মারে তার কী কারণ?//। নাম শুইনা কাম কী?/ ভাঙ্গা হাঁড়ির দাম কী?//। এক বাড়ি-ত ভোলে/ আরেক বাড়ি-ত খোলে//। বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। সব মাছে গু খায়/ ঘাইরা মাছের নাম হয়//। ফৌজদারি জাল ছিঁড়তে পারি/ লাগে আমার এক তুড়ি// কিন্তু যেই মাথা দেই জালের ফাঁকে/ অমনি হামার খালি-খালি হাসি লাগে//। শীত যায় গীত গায়/ শিল পড়ে কিল খায়//। আগে দর্শনদারি/ পরে গুণবিচারি//। খাইছি সুজি/ কিছু হইলেও তো বুঝি//। না না, ওইটা তো ফেলশানি কেস, খিক-খিক-খিক…পুরাদমে ফেলশানি। আরে নাহ্, জানোস না তুই, মামুলি ব্যাপার বে, স্রেফ আটা-চুরির কেসে ফাঁইসা গেছে বেচারা… কী আর করা… কপালের নাম গোপাল…। নাহ্! শুনা কথা দুনা মিছা। কানার মনে মনে জানা। মানলে তালগাছ/ না মানলে বালগাছ//। দাদির কব্বর কই, আর ফুফুরা কান্দে কই? ছাল নাই কুত্তার বাঘা নাম। বুদ্ধি থাকতে কেউ শ্বশুরবাড়ি যায়? শালাগো দিছি এক ফাঁকি/ এক ট্যাকা দিয়া আনছি তিন সিকি//। আইজ প্রতিপদ, কাইল দ্বিতীয়া/ চান উঠবো আসমান গুতিয়া//। বগলে ইট/ মুখে শেখ ফরিদ//। কীসের মধ্যে কী/ পান্তা ভাতে ঘি//। খামুই যহন মনকলা/ কিসের কালা কিসের ধলা! হক্কের মাল ঠক্কে খায়/ উৎপাতের মাল চিৎপাতে যায়//। ন্যাংটার নাই বাটপাড়ের ভয়। যত কাক/ তত ভাত//। মোল্লাবাড়ির বিলাইও দুচার হরফ আরবি জানে। যার যার বাচ্চা/ তার তার কাছে আচ্ছা//। ডাইল দিয়া ভাত খাই/ বিলাইরে সালামালকি দেই//। চোরর মায়ের বড় গলা/ লাফ দিয়া খায় গাছের কলা//। জঙ্গলেই মঙ্গল। আপন থেকে পর ভালো তোর/ পরের থেকে বন// সেই বনেও যদি আগুন লাগে/ করবি কী তখন?//। যদি বর্ষে আগনে/ রাজা যায় মাগনে//। যদি বর্ষে মাঘের শেষ/ ধন্য রাজা পুণ্য দেশ//। কালো, জগতের আলো। আরে! এ দেহি আলাপে আলাপে মাওইজির প্যাট। যাত্রা দ্যাখে ফাৎরা লোকে/ সিনেমা দ্যাখে ছেমড়ি লোকে//। গরম ভাতে বিলাই ব্যাজার। নাড়ার খ্যাতে বিয়াইলো গাই/ সেই সূত্রে খালাত ভাই//। মা যহন নানির প্যাটে/ হামি তহন ডুগডুগির হাটে//। কহে কবি কালিদাস, শিশুকালের কথা/ এক লক্ষ তেঁতুলগাছে কয় লক্ষ পাতা?// ছাইড়া দে মা, কাইন্দা বাঁচি। বন থেইকা বারাইলো টিয়া/ লাল টোপর মাথায় দিয়া//। ভাত পচলে তা-ও খাওয়া যায়, পোলাও পচলে একদম না। দাতা দেয়, বারানির মার্গে টাটায়। উনা ভাতে দুনা বল/ বসা ভাতে রসাতল//। অল্প বিদ্যা ভয়ংকরী/ কথায় কথায় ডিশকনারি//। আরে! এ দেহি বাংলা কুত্তা ইংরাজি ভোগে। হাত মে বিড়ি, মু মে পান/ লড়কে লেঙ্গে পাকিস্তান// (এ আবার কী! ও, এটা বোধহয় সেই ভারতভাগের সময়কার শ্লোগান)। জান দিলাম মান দিলাম, দিলাম আরো প্রাণ/ রক্ত দিয়া পাইলাম শালার এমন ফাঁকিস্তান!// (এটা পাকিস্তান আমলের, মোহভঙ্গের জারি)। তোমার আমার ঠিকানা/ পদ্মা-মেঘনা-যমুনা//। বীর বাঙালি অস্ত্র ধরো/ বাংলাদেশ স্বাধীন করো// (এই দুইটি গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধকালীন)। দাদা পড়ে আর ভোলে/ হামি পড়িও না, ভুলিও না। দিয়ো কিঞ্চিৎ/ না কইরো বঞ্চিৎ//। জন্ম মৃত্যু বিয়া/ এই তিন তাঁর হাত দিয়া//। বাপ-কা ব্যাটা/ সিপাই-কা ঘোড়া/ মাও-কা বেটি/ নাটাই-কা ফেটি//। জমিলা, তুমি থাকলা পাওয়ারে/ আমি থাকলাম টাওয়ারে//। ভাই বড় ধন, রক্তের বাঁধন/ যদিও পর হয় নারীর কারণ//। ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা। যিংকা জংলা ওল/ সিংকা বাঘা তেঁতুল//। লঘু পাপে পায় গুরু দণ্ড/ গুরু পাপে ছাড়া পায় ভণ্ড//। সংসার সুখের হয় রমণীর গুণে/ গুণবান পতি যদি থাকে তার সনে//। সুখে থাকতে ভূতে কিলায়। পুলিশের ভালবাসা/ গেরস্তের মুরগি পোষা//। কবুতরের কল্যাণে মোষ বলি। ভাগ্যবানের মরে বউ, অভাগার মরে গোরু। আমপাতা নড়েচড়ে/ বন্ধুর কথা মনে পড়ে//। নরনং নাপিত ধূর্ত, বুদ্ধিনং বায়স। আইলস্যা, তোর খালুই গেল ভাইসা/ –না যায়, না যায়, আরেকটা বানামু বইসা//। আমপাতা জোড়া-জোড়া/ মারব চাবুক, ছুটবে ঘোড়া//। মনে করি, করী কড়ি/ কিন্তু হায়, হয়ই হয় না//। সুলতানা বিবিয়ানা/ সাহেববাবুর বৈঠকখানা/ আলবেলিতে যাইতে/ পানসুপারি খাইতে/ পানের আগা, মৌরি বাটা/ তালে-তালে মারব ঝাঁটা//। একে তো নাচুইন্যা বুড়ি/ তার উপর ঢোলের বাড়ি//। রাজায় কইছে চুদির ভাই/ আনন্দের আর সীমা নাই//। পাটাপুতায় আচ্ছা ঘষা/ মরিচের মরণদশা//। এঙ্গুর ভেঙ্গুর/ তিন শয়তানের লেঙ্গুর//। গোরু হারাইলে হুঁশ থাকে না/ শালী-ক কয় বউ, বউয়েক কয় মা//। গরিবের বউ/ হগগলের ভাবি//। ঝড়ে বক মরে/ ফকিরের কেরামতি বাড়ে//। কই রাজা রঘু/ আর কই বনের ঘুঘু//। কই আগরতলা/ কই চোকির তলা//। কই শেখ সাদি/ কই বকরির নাদি//। কই রাজরানি/ কই বিছনার মুতুনি//। যত দোষ নন্দ ঘোষ/ কলকাঠি সুরেন ঘোষ//। তোমারও মনমনি/ খোদারও মেহেরবানি//। সুঁই কয়, চালনির তলা/ বড়-বড় ফুটা-অলা//। উপরে ফিটফাট/ ভিতরে সদরঘাট//। কিংবা ভাষ্যান্তরে… উপরে গায়ের গেলাপ/ ভিৎরে হায়রে হায়!//…"
পাঠক হয়তো ভাবছেন গাঁও-গেরামে লোকে তো কতই প্রবাদ-প্রবচন-ধাঁধা-শোলক বলে থাকে, তা-ই ব'লে এতটা সময় ধরে গরগর করে এতগুলি ভব্যাভব্য, শোভনাশোভন শোলক-শায়েরি-প্রবাদ-প্রবচন বলে যাওয়া!! ঠিকই ভাবছেন, এতগুলি না বললেও পারতাম। কিন্তু কী করব, আজব ঝড়ের গজব-ঝাপটায় সারা শরীরে ও মনে এক অদ্ভুত বাক্যরসাধিক্য (নাকি রসবাক্যাধিক্য!) রোগ এমনভাবে ধরেছে যে, তাতে আর না ব'লে থাকতে পারলাম কই?
আপনারা হয়তো এও ভাবছেন, আমার লেখাটি শুরুর দিকে ছিল বেশ সিরিয়াসধর্মী। কিন্তু ধীরে ধীরে হয়ে উঠেছে পরিহাসপ্রবণ, কৌতুকাবহ। সত্যি বলতে-কি, সমগ্র সমাজ যেখানে আগাগোড়া কৌতুকের নিশ্ছিদ্র মাদুরে মোড়া, সেখানে লেখা যে কৌতুকাবহ হবে এতে আর বিচিত্র কী! তা ছাড়া, হকসেদ কীসব-বলে-না-বলে, কীসব শ্লেষ-কৌতুক করে-না-করে সেগুলির দায় তো আমার না। সে তো নিয়ন্ত্রণের বাইরে। কারুরই কন্ট্রোল নাই তার ওপর। আছে কি? আওয়াজ-কালাম তো কিচ্ছু মানেই না, এমনকি খোদ লেখককেই মেরেছে থাপ্পড়, বদনাম তো করেছেই।
ওরসের দিনে ঝরে লাল চা'ল পিরের কবরে
মাজারে আজ বার্ষিক ওরস মোবারক। লাল সালুর নিচে শুয়ে আছেন যে পির, তিনি একাধারে নারী এবং শিশু। নাম বিলকিস বানু। সবাই ডাকে 'পির-মা বিলকিস বানু'। তাঁরই স্মরণে এই বার্ষিক ওরস। প্রতিবছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজন করা হয় এই বিখ্যাত ওরসের। আশপাশের দশ গ্রাম তো আছেই, এমনকি বহু দূরদূরান্ত থেকে আসে পির-মা বিলকিসের মুরিদ, ভক্ত, আশেকান। মুরিদানদের মধ্যে যেমন আছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, রাজবংশী, গারো, চাকমা ইত্যাদি নানা জাত, তেমনই আছে শেখ সৈয়দ খান পাঠান কলু জোলা রাজিল ফাজিল ডোম চাঁড়াল ব্রাহ্মণ কায়স্থ কৈবর্ত নমঃশুদ্র ইত্যাদি নানান পাত, এমনকি আছে জানোয়ার-জাতির শৃগাল আর বায়সও। জাত-পাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ নাই কোনো। বিশাল এক ডেকচিতে খিচুড়ি রান্না হচ্ছে বাবুর্চিবিহীন। বাবুর্চিবিহীন মানে সুনির্দিষ্ট কোনো পাচক বা পাচিকা নাই এই রান্না-এক্সপ্রেসে। আর খিচুড়ি মানে যে-সে খিচুড়ি নয়, মহাখিচুড়ি… ঘ্রাণ ছুটেছে সাংঘাতিক… যে যা পারছে, যার যা সাধ্য, সব এনে ঢেলে দিচ্ছে বিশাল ডেকচিতে। ঠেকাচ্ছে না কেউ।
ধর্মীয় ও সাম্প্রদায়িকভাবে সাংঘর্ষিক এরকম কিছু খাদ্য বাদে দুনিয়ার এমন কোনো খাদ্যদ্রব্য নাই যা ঢালা হয় না ওই ডেগের গহ্বরে। রসু মাতবর ঢেলেছে ১০ কেজি দো-সেদ্ধ নাজিরশাইল, ৫ কেজি আতপ কাটারিভোগ, ২ কেজি সুগন্ধী কালিজিরা, কাজেম কসাই এইমাত্র কয়েক কেজি ভেড়ার গোশত, রমেশ ডোম কুচি-কুচি করে কাটা কালেম পাখির মাংস। আজিজ বিএসসি কয়েক বছর ধরে বিশেষ কায়দায় ইলিশ ফলাচ্ছে পুকুরে, সেখান থেকে দুটি বড়সড় মাছ সুন্দর পিসপিস করে কেটে এনেছে আর সুবল মাঝি এনেছে বাঘাড় মাছের টুকরা। অমূল্য দপ্তরি ঢেলেছে ২ কেজি সোনামুগ আর ২ কেজি বুটের ডাল; লতিফ লস্কর মশুর আর অড়হড়। তাগড়া মহিষ জবাই দিয়েছে রজ্জব মৃধা, সেখান থেকে সে দিচ্ছে সিনা ও গর্দানের গোশ। তহুরা বেওয়া ভেঙে দিয়েছে গলাছিলা মুরগির হালি চারেক ডিম, রবিন সাঁওতাল দিয়েছে জংলি খরগোশের মাংস। কাছিমের ডিম নিয়ে এসেছিল দুই বদ ছোকরা, দিতে দেওয়া হয়নি। মানিক ময়রার বউ দেড় কেজি স্পঞ্জের রসগোল্লা আর এক কেজি রসমঞ্জরি। তোতলা তোসাদ্দেক, পেশায় পল্লিচিকিৎসক, ঘরের পাশের পালানে চাষ করেছে স্ট্রবেরি। সে ঢেলেছে তার শখের সেই ফল, ঝাঁকাভর্তি। সুরাইয়া হিজড়া ঢেলেছে গাছপাকা তেঁতুল, ডেউয়াফল আর করমচা। পণ্ডিত চিকন জ্ঞানী ওরফে কাঁঠালগন্ধা ভেঙে দিয়েছে আস্ত একটা পাকা কাঁঠাল। আর কাক-পণ্ডিত, শ্রী লালকালচে, সমানে উড়ে যাচ্ছে আর আসছে আর ঠোঁটে করে এনে টুপটাপ ঝরাচ্ছে জাম, জামরুল, জয়ত্রী, জায়ফল, বটফল ও যজ্ঞডুমুর… অনবরত। তারপর আলু, পটল, শিম, কাকরোল, আনাজ, গলাধরা ওল, ফুলকপি, কচু ও ঘেচুসহ নানা জাতের খান্দানি-অখান্দানি তরিতরকারি… নানা জাতের ফলমূল… ডাল, কলাই, কন্দ, শস্য, মাছ, মাংস, দুধ, ডিম ও হরেকরকম মিষ্টান্ন… আর হলুদ, মরিচ, পিয়াজ, রসুন, আদা, জিরা, মশলাপাতি তো আছেই। পরিমাণের তোয়াক্কা নাই, অনুপাতের বালাই নাই, যে যেমন পারছে ঢালছে সেই মহা-ডেকচির মধ্যে।
ডেগের কানা ধরে এক পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন মাদকসেবী, পির-মা বিলকিসের নাম ধরে হাউৎ করে কেঁদে উঠছে থেকে-থেকে। গাঞ্জু ফরিদ, কাকলাস কামাল, ইয়াবা ফারুক, রস রফিক আর চরস গৌতম… একেবারে কেঁদেকেটে জারেজার। কঠোর গোপনীয়তার ভেতর ঘরের ছাদে টবের মধ্যে গাঁজার চাষ করেছে গাঞ্জু ফরিদ। বেশ কয়েকদিন ধরে প্রক্রিয়াজাত ক'রে গাঞ্জু তা আজ নিয়ে এসেছে মুঠায় ভ'রে। এবং এরই মধ্যে তা ঝরিয়েও দিয়েছে খিচুড়ির মধ্যে, সবার অলক্ষ্যে। হেরোইন– এমন যে মহামূল্য এক মাদকচূর্ণ, তা-ও নিয়ে এসেছে রস রফিক, ছোট ছোট পুরিয়া বানিয়ে। তবে ঢালতে পারেনি এখনো। কড়া নজর রেখেছে সবাই। আর ডেগটিকে ঘিরে অদূরে নাচগান করছে বৃহন্নলা সম্প্রদায়। আজ তাদেরও উৎসবের দিন।
এই যে পির-মা বিলকিস বানু, তিনি একজন শিশুপির, নারীপিরও বটেন। তাঁর মহিমা ও মাজেজা এমনই যে, লোকান্তরে থেকেও তিনি এক অদৃশ্য অঙুলিহেলনে জাতপাতধর্মবর্ণলিঙ্গশ্রেণিপেশা নির্বিশেষে নানা রঙের, নানা মেজাজের মানুষকে বসিয়ে ছাড়েন একই পঙক্তিতে। আর তাঁর ওরসের খিচুড়িও একাকার করে দেয় খাদ্যদ্রব্যের সমস্তরকম জাতপাতশ্রেণিবিন্যাস। ভূমণ্ডলে এমন ঘটনা সচরাচর খুব একটা দেখা যায় না। সবচেয়ে অবাক ব্যাপার, ওরসের এই অদ্ভুত রেসিপির খিচুড়িটা প্রতিবছরই হয়ে থাকে অব্যর্থভাবে অপূর্ব– কি রঙে, কি ঘ্রাণে, কি স্বাদে। এক অনাস্বাদিতপূর্ব দিব্য স্বাদগন্ধযুক্ত পরমান্ন।
এসি সিনড্রোম, গণসম্মোহন ও শিশু বিলকিস বানু যেভাবে পির-মা বিলকিস বানু হলেন
হাজি আলতাফ সিদ্দিকী। নবীন হাজি। হজ করেছে একবারে তরুণ বয়সে, হোঁচট খেয়ে। অবশ্য এখনো তরুণ সে– নম্র, ভদ্র, পরহেজগার। আমাদের এই পির-মা বিলকিস বানু ছিলেন আলতাফ হাজির প্রথমা কন্যা। তাঁকে জন্ম দিতে গিয়ে মারা যায় তাঁর মা। তারও আগে, তিনি যখন ছিলেন তাঁর মায়ের পেটে, এলাকার দুষ্ট ছোকরারা টিপ্পনি কাটত– 'হাজিসাব-না ব'লে এত ভালো, তাইলে বাচ্চা হইবো যে!'
প্রসবকালে প্রসূতি তো গত হলেনই, নবজাতিকার অবস্থাও খুব খারাপ, বাঁচানোই মুশকিল। বাবা আলতাফ হাজি আর পড়শিবাড়ির মেয়েটি মিলে সেবাযত্ন করে বাঁচিয়ে তোলে শিশুটাকে। উত্তরাধিকার সূত্রে হাজিসাব জমিজিরাত টাকাপয়সা পেয়েছে ভালোই। কিন্তু বাপ-মা-ভাই-বোন-নিকট-আত্মীয় বলতে কেউই নাই তার। তাবলিগি চিল্লায় বছরের বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকতে হয় তাকে। এদিকে পড়শি মেয়েটাই আদরযত্নে পেলে-পুষে বড় করতে থাকে বিলকিসকে। পরে একসময় পাড়াপড়শিরা হাজিসাবকে নিকা করিয়ে দেয় মেয়েটার সঙ্গে।
বিয়ের পর থেকে ঘটতে থাকল অদ্ভুত সব ঘটনা। যে নারী এতটা সেবাযত্নে বাঁচিয়ে তুলেছে বিলকিস বানুকে, পেলেপুষে আসছে অপত্য স্নেহে, সে-ই কিনা একদম বদলে গেল বিয়ের পর। কিছুই আঁচ করা যায় না তার আচরণবিধির। এখনই ভালো, এখনই খারাপ। ডক্টর জেকিলা অ্যান্ড মিস হাইডা। বিলকিসকে আদর যত্ন স্নেহ সবই করে বটে, তবে একইসঙ্গে করে দুর্ব্যবহারও। মারেও। খুব তুচ্ছ কারণে। আর বিচিত্র সব শাস্তি! এমনকি 'আয় তো মা কাছে আয়, তোক এট্টু আদর করি' বলে হাসতে হাসতে কারণ ছাড়াই মারতে থাকে মেয়েটাকে। আরো আশ্চর্যের ব্যাপার– হাজি যখন বাড়ি থাকে, তখনই বরং বেড়ে যায় অত্যাচারের মাত্রা। বউকে নানাভাবে সামলানো ও বোঝানোর চেষ্টা করেছে হাজিসাব। ফেরাতে চেষ্টা করেছে তার আগের আচরণে। ঝাঁড়ফুক, তাগা-তাবিজ সবই করেছে। অগত্যা ক্ষোভে দুঃখে ঘর ছেড়ে চিল্লায় গিয়ে শান্তি খুঁজেছে নবীন হাজি। তখন আবার দেখা যায় বউটা ভালো হয়ে গেছে অনেকটাই। অবশ্য তারও কোনো ঠিক নাই। হাজি-র অবর্তমানেও বউটা নির্যাতন করে মেয়েটাকে, তবে খুব কম। তখন স্নেহের মাত্রা বেশি, মারধর কম।
বউটা যে হাজিকে অপছন্দ করে, তা-ও না, চিল্লায় গিয়ে প'ড়ে থাকে ব'লে রাগ বা অভিমান, তা-ও না। মানসিক কোনো অসুস্থতার লক্ষণও খুঁজে পায়নি গঞ্জের ডাকসাইটে মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ কুতুব উদ্দিন। চিকিৎসা করতে এসে মোমিন কবিরাজ, ওসমান ওঝা, ঝাড়ু জয়নাল… সবাই একে একে ফেরত গেছে বেকুব হয়ে। পাড়াপড়শি, আত্মীয়স্বজন, অতিথি-কুটুম্ব সবার সঙ্গেই বউয়ের আচরণ অত্যন্ত অমায়িক। তারা বলে, বিয়ের পর মেয়েটি বরং আগের চেয়ে আরো হাসিখুশি, আরো সুখী, সদালাপী। বাড়ির ছোট্ট কাজের মেয়েটারও কোনো অভিযোগ নাই, বরং খুব প্রশংসা করে খালাম্মার। বিলকিসের মামা-চাচাদের সাথেও বউটার সম্পর্ক বেশ ভালো। তারা থাকে দূরের গ্রামে, মাঝে মাঝে আসে মা-মরা মেয়েটাকে দেখতে। এলে তাদের খুব খাতির-যত্ন করে বউটা।
আলতাফ হাজির ঘরে এল নতুন অতিথি। আদর-কাড়া হোঁদলকুতকুতে পুত্রসন্তান। যেন সাক্ষাৎ ননিচোরা কানাই। কিন্তু এবার আবার অন্য লক্ষণ– আপন সন্তানের দিকে মনোযোগ নাই বউটার। মনোযোগ বরং সৎ-মেয়ের দিকে। সৎ-মেয়ে বিলকিসের দিকে বইয়ে দিতে শুরু করল অত্যধিক স্নেহ, আদর, পরিচর্যা। বেচারা হোঁদলকুতকুতেটার কী আর হবে, আত্মীয়স্বজন পাড়াপড়শির কোলে-কাঁখে বড় হতে থাকল সে। বছর কয়েক পর, যেবার হাজিসাব পড়ল শক্ত অসুখে, তখন আবার বউয়ের মনোযোগ ফিরল আপন সন্তানের দিকে। সৎ-মেয়েটার প্রতি চলতে থাকল অবহেলা, অবজ্ঞা ও অত্যাচার।
তারও তিন বছর পর বউয়ের স্নেহস্রোত বইতে থাকে কাজের মেয়ে-শিশুটার দিকে। আপন ছেলে আর সৎ-মেয়েটাকে দিয়ে করায় পরিচারিকার সব কাজ আর পরিচারিকা থাকে আরামে আহ্লাদে। মায়ের কাছে আপন সন্তানের চেয়েও বেশি গুরুত্ব পায় কাজের মেয়ে। মায়ের এইসব অদ্ভুত, অনুমানাতীত আচরণের মাজেজা বিলকিস আর তার ভাই কিছুই বুঝতে পারে না। তারা আর কী বুঝবে, তারা তো নেহাত শিশু, বড়রাই পারছে না। এমনকি বড় শহরের বাঘা-বাঘা সব মনোরোগ বিশেষজ্ঞদেরও বোধের অতীত এই অস্বাভাবিক আচরণ। আলতাফ হাজি তো ছেড়েই দিতে চেয়েছিল বউকে। বলে, "রাখমুই না এই শয়তানের অছওয়াছাটারে। আর কোনো বিয়াশাদিও করমু না জিন্দেগিতে।" আত্মীয়স্বজন, পাড়াপড়শিরা পরামর্শ দিল, "না, বউ ছাইড়া দেওয়ার কাম নাই, বরং এক কাম করো, বিলকিস আর তার ভাইটারে ভর্তি করায়া দ্যাও বগুড়ার আবাসিক মক্তব্যে।" অগত্যা হাজিসাব তা-ই করে। সন্তানদের ভর্তি করিয়ে দেয় আল মারকাজুল আবাসিক মাদ্রাসায়। কিন্তু সেখানেও তারা ভোগ করতে থাকে নানা দুঃখকষ্ট ও যন্ত্রণা। তখন আবার হাজি গিয়ে ফিরিয়ে আনে তাদের।
এর কয়েক মাস পর এক জটিল রোগে ধরল বিলকিসকে। মরণব্যাধি। মেয়েটি যখন রোগশয্যায়, বউটা তখন একরকম স্বামী-সংসার-সন্তান সব ভুলে গিয়ে, আরাম হারাম করে দিয়ে সেবাশুশ্রূষা করতে থাকল তার। মাস দুয়েক ধুঁকে ধুঁকে, সমস্ত সেবাযত্ন চিকিৎসা ঝাঁড়ফুক তুকতাক তাগা-তাবিজ ব্যর্থ করে দিয়ে সবাইকে ফেলে রেখে বিলকিস একা-একা যাত্রা করল আঁধার-ঘরের তালা খুলতে। সৎ-মেয়ের এই অকাল যাত্রায় স্থান-কাল-পাত্র-পরিস্থিতি ভুলে গিয়ে আউলাঝাউলা হয়ে উন্মাদের মতো মাতম করতে লাগল বউটা। মেয়েকে কবর দিতে দেবে না কিছুতেই। উদ্ভ্রান্তের মতো আহাজারি করতে করতে বলতে থাকে, "মাইয়ারে হামি কবর দিতে দিমু না। দিমুই না। মাইয়ার মুর্দা হামি মমি কইরা রাইখা দিমু ঘরোত। নাইলে কইলাম আজই হামি এনডিন খামু।" পরে পাড়ার ময়মুরুব্বিরা এসে বউটাকে একরকম ধরে-বেঁধে রেখে বিলকিসের দাফন-কাফন সম্পন্ন করে। বিলকিস বানুকে কবর দেওয়া হয় তাঁর প্রিয় সেই হরিতকী গাছের নিচে, যেখানে বসে থেকেছে সে বহুদিন একা-একা, সৎ-মায়ের আদর ও অত্যাচারের আতিশয্য থেকে ছুটে পালিয়ে এসে, কেটেছে তার অশ্রু- ও আনন্দ-ভরা বহু সকাল দুপুর বিকাল– নিঃসঙ্গ, নির্বান্ধব।
এদিকে যতই দিন যায় ততই বাড়তে থাকে বউটার শোক ও যন্ত্রণার মাত্রা। সন্তান-সংসার-ঘরবাড়ি ফেলে সকাল-সন্ধ্যা প'ড়ে থাকে বিলকিস বানুর কবরে। মেয়ের কবরের উত্তল অংশটা দুহাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে সারা রাত। ধীরে ধীরে বউটা এতটাই ভেঙে পড়ে যে সেই সময় নিজের মায়ের আকস্মিক মৃত্যুতেও তার কোনো ভাবান্তর হলো না। রাতদিন শুধু মা-বিলকিস…মা…মাগো…মা আমার…। রাতে স্বপ্নাদেশ পায় সৎ-মেয়ের কাছ থেকে। সেই আদেশ পালন করে অক্ষরে অক্ষরে। দ্যাখে, কাজ হয়। স্বপ্নে-পাওয়া ভবিষ্যৎবাণীও ফলতে থাকে কাঁটায় কাঁটায়। এইভাবে বিলকিস বানু পরপার থেকে স্বপ্নাদেশ দিয়ে দিয়ে সারিয়ে তুলতে থাকল সৎ-মাকে। সারা এলাকা রাষ্ট্র হয়ে গেল এই অত্যাশ্চর্য খবর। শুধু এলাকা কেন, খবর হয়ে গেল আন্তর্জাতিক মনোবিজ্ঞানী সংঘেও। আশপাশের নারীপুরুষশিশুরা এসে জুটতে থাকল দিনে দিনে। দূর-দূরান্ত থেকে, এমনকি দেশ-বিদেশ থেকেও আসতে থাকল লোকজন নানান মানত ও এরাদা নিয়ে। কবর পাকা হলো, চাতাল বাঁধানো হলো, টাঙানো হলো শামিয়ানা, চড়ল লালসালু, জুটল খাদেম। গড়ে উঠল দরগা। শুরু হয়ে গেল ছদকা, মানত আর শিরনির হিড়িক, স্বপ্নাদেশ পাওয়ার মহামারী। তবে একটা ব্যাপার, মাজার ঘিরে গড়ে ওঠেনি কোনো মাজার-ব্যবসা, অন্তত তখন পর্যন্ত।
পরে জানা গিয়েছিল, বউটার এই জটিল মনোদৈহিক আচরণ নাকি মনোবিজ্ঞান, মনোচিকিৎসাবিদ্যা ও শিশু-পরিচর্যাবিদ্যার জগতে এক অভূতপূর্ব, অদ্বিতীয় ঘটনা। এই আচরণ পেরিয়ে গেছে মানববিদ্যার তাবৎ তত্ত্ব ও তথ্যের সীমানা। এ নিয়ে কত সেমিনার, কত গবেষণা, কত জার্নাল, মনোবিজ্ঞানের জগতে কত তুলকালাম কাণ্ড! আন্তর্জাতিক মনোবিজ্ঞান সংঘের নামজাদা বিজ্ঞানীরা এসে পর্যবেক্ষণ করে গেছে তাদের এই ইউনিক সাবজেক্টকে। নিয়ে গেছে মাঠ-সমীক্ষার তথ্য-উপাত্ত। শেষে গবেষণা করে বের করেছে– এ এক সূক্ষ্ম সফিস্টিকেটেড মানসিক গোলযোগ। শত-কোটিতে এক-আধটা ঘটে থাকে।
ব্যাপারটা অনেকটা এরকম-যখনই পরিপ্রেক্ষিত বদলায়, তখনই বউটার স্নেহব্যবস্থায় ঘটে অস্বাভাবিক পরিবর্তন। বিয়ের আগে তার বাৎসল্য ছিল এক রকম, বিয়ের অব্যবহিত পরে আরেক রকম, স্বামী ঘরে থাকলে এক রকম, দূরে থাকলে অন্য রকম, আবার সন্তান জন্মের পর এক রকম, স্বামী অসুখে পড়ার পর আরেক রকম এবং শেষকালে সৎ-সন্তানটা মারা যাবার পর আরেক রকম। এবং সময়ে-সময়ে তার স্নেহব্যবস্থা অস্বাভাবিকভাবে এতটাই প্রবল হয়ে ওঠে যে, অনেকসময় বুঝতেও পারে না, কোনটা স্নেহ আর কোনটা নির্যাতন। নির্যাতনটাও তার কাছে তখন স্নেহেরই একটা ধরন মনে হতে থাকে। তা ছাড়া, সে একইসঙ্গে একাধিক শিশুকে স্নেহ দিতে পারে না, মানে অ্যাফেকশনাল মাল্টি-টাস্কিং সম্ভব হয় না তার পক্ষে। আর তার স্নেহস্রোত ও অবজ্ঞা-অত্যাচারের স্রোত দিকবদল করে পর্যায়বৃত্তিকভাবে। মনোবিজ্ঞানের জগতে এই অদ্ভুত, অদ্বিতীয় গোলযোগের নাম দেওয়া হয়েছে 'অলটারনেটিং কারেন্ট সিনড্রোম' বা 'এসি সিনড্রোম'। রোগের নামকরণ হলো বটে, কিন্তু নিদানবিধান আবিষ্কার হলো না। অবশেষে নিদানের কাজ করল পির-মা বিলকিসের সম্মোহিত-করা স্বপ্নাদেশের সিরিজ।
(চলবে…)
[পর্ব ১, ২, ৩ এবং ৪ এর লিংক:
