পথে, প্রদেশে (পর্ব- ৪)
বগুড়া বেড়াতে গেছি বহুকাল পরে। আগের মতো আর নাই বগুড়া শহর। সময়ের ধাক্কা ও প্রহারে পাল্টে গেছে অনেক কিছু। হকসেদ, আমি ও আরও কয়েকজন– একসঙ্গে হাঁটছি বগুড়ার পথে-বিপথে, বসন্তসন্ধ্যার মৃদুমন্দ হাওয়ার ভেতর। আকাশে বিচিত্র রঙের খণ্ড-খণ্ড মেঘ– ধূসর, শ্যামবর্ণ, চিনিগুঁড়া, ঘিয়ে-শাদা, রাধাচূড়া, অঙ্গাররঙা…কত রকমারি রঙবাহারি মেঘ! হালকা বাতাসে মেঘেরা ঘুরে-ঘুরে মিলে-মিশে তৈরি করে যাচ্ছে বিচিত্র সব স্লো-মোশন ছবি, আকাশের ক্যানভাসে– চি-হি-হি আওয়াজসহ লাফিয়ে-ওঠা ঘোড়ার আকার, কিংবা বেমক্কা হাই-তোলা নাদুসনুদুস জলহস্তীর প্রতিকৃতি, কখনো ড্রাগন, কখনো-বা দেবদেবী ও ফেরেশতাদের ঝাপসা সিল্যুয়েট, আবার কখনো-বা ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ানো আবছা কৃষ্ণমূর্তি। উদ্যানের দক্ষিণ পাশে আদ্যিকালের এক ছাতিম গাছ। তার নিচে ঘাস ও ঝরাপাতার ভেতর সাতভাইচম্পা পাখিরা মেতেছে বেলাশেষের কলহকাণ্ডে। এই তো, আর কিছুক্ষণ পর আস্তে আস্তে ঝেঁপে আসবে ঘন ছাইরঙা ছোপ-ছোপ সন্ধ্যা। থেমে যাবে পাখি ও পতঙ্গদের খুচরা খুনসুটি ও কোলাহল। জেগে উঠবে ঝিঁঝিঁ পোকাদের গুঞ্জন, থেকে-থেকে, আর কুনোব্যাঙদের কড়কড়-ধ্বনি। জোনাকিদের তলপেট থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বলতে-নিভতে থাকবে বিন্দু-বিন্দু লুসিফেরিন। মাটির নিচে মৃদু কলরোল করতে থাকবে ঝিলমিলে ধাতু ও তরল, পূর্বাপর। আমি যে এক সময় বগুড়ায় থাকতাম, আমার নাম যে মাসুদ খান, জানে না হকসেদ। আমি কে বা কোত্থেকে, কিছুই জিজ্ঞেস করেনি সে, আর আমিও বলিনি।
উডবার্ন পাবলিক লাইব্রেরির খোলা মাঠে বসেছে সাপ্তাহিক সাহিত্য-আসর। কবিরা কবিতা পড়ছে, গল্পকারেরা গল্প। বিচারক করছে গুণাগুণ বিচার। কবিতা পড়তে এসেছে বাবা-মেয়ে দুজনে একসাথে। বাবার লেখা মেয়ের লেখার চেয়ে গুণে-মানে অনেক ভালো, কিন্তু বিজ্ঞ ও সমঝদার বিচারক পান চিবাচ্ছে আর চশমার আড়ে বারবার তাকাচ্ছে মেয়েটির দিকে। পানের রঙ, মনের রঙ আর মেয়েটির লাবণ্যলালিম চেহারা ও কণ্ঠের আবেশে বিচারকের মনে মধু জমতে শুরু করেছে একটু একটু করে। মেয়েটির কবিতার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন অনেক কিছু। এতে পিতাপুত্রী দুজনেই বেশ বিব্রত হচ্ছে। কী দরকার ছিল বাবা, বাপ-বেটি একসঙ্গে কবিতা পড়তে আসার!
এমন সময় হকসেদ আচমকা বলে উঠল, "হেই ওইদিক যাইস না তোরা, কবি-সাহিত্যিকগো দুনিয়া কইলাম এক আজিব ঘিরিঙ্গি দুনিয়া… সাহিত্যিকগো ভিৎরে যে এত ঘিরিঙ্গি…কী আর কমু! আরে ব্যাটা, কবিতা সাহিত্য এইগুলা হইলো-গিয়া পিওর আর্ট। আইজকাল দেহি পিওর আর্টের মধ্যে পারফর্মিং আর্টিস-ভাব ঢুইকা গ্যাছে আচ্ছামতন। কবিসাহিত্যিকগুলা দ্যাহোস-না নাম কামাইবার জন্যে কীই-না করে আজকাইল! দাপট দেখায়, দল পাকায়, খিচড়ি পাকায়, গু ছিটায়, আবারফির হেই গু-মাখামাখি নিয়াই-স্বার্থের লাইগা, নাকি কৌশল কইরা, বুঝি না ঠিক-একজন আরেক জনোক জড়ায়া ধরে। আরে, গুয়ের তো একটা বিহিত করবি আগে, নাকি? তা না, গু-মাখা নিয়াই লেপচালেপচি… আর খালি জিল্লিক পাড়তে থাকে। মনে করে জিল্লিক পাড়তে পাড়তেই বড় বড় সাহিত্যিক হইয়া যাইতেছে-গা একেক জন।"
একটু থেমে, উপস্থিত সবার মুখের ওপর দিয়ে হালকা একটি জরিপ চালিয়ে নিয়ে আবার বলতে থাকে হকসেদ, "দ্যাহোস-না, পারফর্মিং আর্টিসগো মতন এইহানেও শুরু হইয়া গ্যাছে ফারুক-ফিচারিং-ফ্যান্সি, কুলা-ফিচারিং-মুলা…আবারফির মুলা-ফিচারিং-কুলা। আরে ব্যাটারা, এইটাও বোঝোস-না, পারফর্মিং আর্টিসরা জাইগা থাহে বসন্তের কয়েকখান দিন, ওই কয়দিনই ওনারা থাহেন তুরুপ-তুঙ্গে, ওইটুক্কা সময়ের ভিৎরেই ওনাগো আলো-বাতাস-নাম-কাম-জেল্লা-জৌলুশ-ফুটানি-ফেট্টিন সবই কামাইতে হয়, হের লাইগা তারা না-হয় ডগমগায়, জিল্লিক পাড়ে… কিন্তুক তোরা শালা কবিসাহিত্যিক, তোরা ওইর'ম করোস ক্যা? আইজকাল সাহিত্যিকগুলার পারফর্মিং আর্ট দেহি শালার হনুমানের কাইনেটিক আর্টরেও ছাড়াইয়া যাইতেছে-গা। আরে, বোঝস-না ক্যান ব্যাটারা, রিয়াল কবিসাহিত্যিকগো তো এক বসন্ত বাঁচলে চলে না, তাগো বাঁচতে হয় এক যুগ পার হয়া আরেক যুগ, অনেকগুলান শীত গ্রীষ্ম বসন্ত… কী কস রে মোমিন? ঠিক কিনা? আরে! কথা কস না যে!"
"আর ওই যে দুইটা গ্রুপ দেখতাছস, এক গ্রুপ গিয়া বইছে ওই যে হাজামজা ডোবাটার ওই পাড়োত, হোগলা আর শিয়ালমোতা গাছের ধারোত, আর এই দ্যাখ্ ডোবার এই পাড়োত আরেক গ্রুপ, বিলাই-সুমসুমি ঝোপের ধারোত। দেখছস তো? ঠিক আছে? অরা কী করে জানোস? অরা বানায় পর্নোগ্রাফি, 'পর্নোগ্রাফি অব পোয়েটিক সাকসেস', মানে হইলো-গিয়া খ্যাতির পর্নোগ্রাফি, সাফল্যের পর্নোগ্রাফি। পোয়েটিক সাকসেস শুইনা আবার-জানি মনে করোস না যে খালি কবিসাফল্যের কথা কইতাছি। ওইটা মনে কর, ওই যে 'পোয়েটিক জাস্টিস' না কী-জানি একটা টার্ম আছে-না– "কি রে চলমান থেসারাস, কথা কস না ক্যা?" বলেই কোঁকড়া চুলের চশমা-পরা ছেলেটির জুলফি ধরে টান মারে হকসেদ– "তো ওইটার লাহান একটা টার্ম হইলো-গিয়া এই 'পোয়েটিক সাকসেস'। কিরে, চলন্ত চাউলের বস্তা, বুঝলি কিছু?" বলেই হকসেদ বাঁ-পাশের থুলথুলা ছেলেটার ভুঁড়িতে দিলো একটা রাম খোঁচা। দিয়েই আবার বলতে লাগল, "নেইম-ফেইম-সাকসেসের সুখটা তো মনে কর যৌনসুখের মতনই, ঠিক কিনা? কিরে কোঁকড়া, তুইও তো দুই চার কলম ল্যাখোস, যা ব্যবস্থা-উবুস্থা কর, মালকড়ি ঢাল, তোরেও সাকসেস-পর্নোর নায়ক বানায়া দিবো, পাক্কা। বাংলাসাহিত্যের নায়ক, নায়করাজ এইগুলা না-হয় হইতে পারবি না, তয় শিওর, সাইড-নায়ক হইতে পারবি।
শোন, তরিকা আছে দুইটা: একটা ডাইরেক্ট অ্যাকশন, আরাকটা ইনডাইরেক্ট। একটা অ্যাক্টিভ পর্নোগ্রাফি, আরাকটা প্যাসিভ। ডোবার ওইধারোত যে গ্রুপটা, ওইটা বানায় অ্যাক্টিভ, আর এই পারেরটা প্যাসিভ। অ্যাক্টিভ গ্রুপটা রাজধানী থেইকা হরহামেশা হেভিওয়েট সব সাহিত্যিকগো দাওয়াত কইরা আনতাছে। তারা আইসা সমানে সাট্টিফিকেট দিতাছে কে সাহিত্যের নায়ক, কে নায়িকা, আর কে কে নায়করাজ, নায়করাজ্ঞী। প্যাসিভগুলার তরিকা অবশ্য আলাদা। সবই বুঝতে পারবি, আহিস্তা-আহিস্তা… যা-গা, অহন যেই তরিকা তর পছন্দ হয়, যেইটা করবার চাস, যা করেক-গা। কাম হইব কইলাম, শিওর। 'ইরোটিকস অব আর্ট অ্যান্ড কালচার' যে কী জিনিশ বুঝতে পারবি ভাবমতোন।"
কথার তুফান মেইল ছুটিয়েছে হকসেদ। অনর্গল বকে চলেছে আজ। বলে, "সাহিত্যের কথা যখন উঠলই, মনে হইল কই আরাকখান কথা, এই যে বোগড়ার কতক ছোলপোল, এইগুলার যে কী হইছে বুঝি না, কবিতার কথা উঠলেই খালি কয় 'মাসুদ খান' 'মাসুদ খান'। হেই ব্যাটা নাকি এক সময় আছিল এই বোগড়া শহরোত। অহন কই-জানি থাহে…গুয়াতেমালা, নাকি পাপুয়া নিউগিনি, না কই-জানি-কই এক জঙ্গলের দ্যাশোত থাহে। গরিলা, গণ্ডার, প্যাঙ্গোলিন এইগুলার সাথে বইসা কবিতা ল্যাখে আর তাগো কবিতা হোনায়। ক্যাংকা জানি সব খটোমটো কবিতা-টবিতা লেখত হেই ব্যাটা আর তাই নিয়া অ্যাজলা কবিগুলা হুদাই লাফাইতে থাকত অজগবি। অহন আর লেখেটেখে কিনা জানি না, তবে ওইটারে পাইলে হইত একবার, এক চটকনা মাইরা বুঝায়া দিনু-হনে কবিতা কাক কয়।" হকসেদের কথার আতসে গা জ্বলতে শুরু করেছে আমার। কিন্তু বাকতাল্লার যে তুবড়ি সে ছুটিয়েছে আজ, সেই তোড়ে তো এমনিতেই ভেসে যাচ্ছে সব, তার ওপর আবার আজ কেন-জানি-না হাতের কাছে যাকেই সে পাচ্ছে তাকেই হয় থাপ্পড় মারছে ঠাস-ঠাস করে, নয় তো দিচ্ছে রাম খোঁচা। এই তো কিছুক্ষণ আগে আমাকেও একটা চটকনা মেরেছে বেমক্কা। আমিই যে মাসুদ খান, ভয়ে ও সংকোচে বলি না তা, খামোশ মেরে থাকি।
পাশের ভাঙাচোরা স্কুলঘর থেকে ভেসে আসে সুকুমার রায়ের ছড়ার লাইন। বৃন্দস্বরে পাঠ করছে ছাত্ররা, "কাঁচাও ভালো, পাকাও ভালো/ সোজাও ভালো, বাঁকাও ভালো…//" এগিয়ে গিয়ে দেখি, ও মা, মাস্টার তো সেই প্রবীণ শিয়ালপণ্ডিত। ভিজিটিং লেকচারার হিসাবে ক্লাশ নিচ্ছে। তাজ্জব ব্যাপার! শিয়ালটা আগে শালিশ-দরবারে মাতব্বরি করত জানতাম, এখন দেখি ক্লাশও নেয়। ক্লাশভর্তি ছাত্রছাত্রীদের মধ্যে সে কী উত্তেজনা, উদ্দীপনা!
স্কুল পরিদর্শক এসেছে আজ স্কুলে। হা করে স্মিতমুখে কীর্তিকাণ্ড দেখছেন। হেডমাস্টারও কিছুটা হা-মুখ হয়ে তাকিয়ে আছেন পরিদর্শকের ওই হা-করা হাসি-হাসি মুখের দিকে। আর শিয়ালপণ্ডিত সামনের দুই পা টেবিলের ওপর তুলে পেছনের দুই পায়ের ওপর দাঁড়িয়ে তার সেই ভাঙা-ভাঙা অনুনাসিক হুক্কাহুয়া বাংলায় ব্যাখ্যা করে বোঝাচ্ছে ছাত্রদের, "আচারের জন্য ভালো কাঁচা আম আর আমদুধ খাওয়ার জন্য পাকা আম। ঠিক কিনা? আমি তো শিয়াল-বংশীয়, তোরা তো মনুষ্যসন্তান, তোরাই তো ভালো কইতে পারবি। আবার দ্যাখ্, লগি-র জন্য ভালো সোজা বাঁশ, আর ভার বওয়ার জন্যে যে বাইং বানাস তোরা, তার জন্যে ভালো ব্যাঁকা বাঁশ। সেই জন্যই তো কবি কইছেন, কাঁচাও ভালো, পাকাও ভালো/ সোজাও ভালো, বাঁকাও ভালো//। আর এত-এত ভালো জিনিশের নাম কওয়ার পর কবি শেষে কইছে একখান সুপার ফাইন কথা, ক' দেখি সেইটা কী?" ছাত্ররা সমস্বরে বলে ওঠে, "কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলাগুড়।" শিয়াল-মাস্টার বলে, "আহ! দ্যাখ্ কী ফাইন ফ্যান্টাস্টিক কথা একখান!"
হকসেদকে এক নজর দেখেই শিয়ালপণ্ডিত লেজ নাড়াতে নাড়াতে বাইরে চলে আসে, পা ছুঁয়ে সালাম করে আবার ক্লাশে ঢুকে পড়ে। হকসেদ আমাদের উদ্দেশে বলে ওঠে, "এই যে দ্যাখ্, এ-ই হলো কবিতা! আহা! কী সহজ তার ভাষা, কী মোলায়েম ছন্দ, আর কী সোন্দর তার ভাবব্যঞ্জনা! তা-না, আকাইম্মা কবিগুলান, সাহিত্যিকগুলান আইজকাল কীসব খটোমটো কবিতা লেখে, নিরীক্ষা-মাড়াইন্যা গল্প লেখে… আগা নাই মাথা নাই, রস কষ সিঙ্গারা বুলবুলি মস্তক কাঁহা কুচ্ছু নাই… হুদাহুদি জিল্লিক পাড়তে থাহে!"
জঙ্গলে-ভরা পরিত্যক্ত পথের দুই পাশে দুই গদিঘর। দুই গদিতে গদিনসীন দুই পণ্ডিত, বুদ্ধিজীবী। দুজনেই এক-চোখা। একজনের ডান চোখ কানা, দ্যাখে কেবল বাম চোখে। আরেকজনের আবার ঠিক উল্টাটা। মজার ব্যাপার, ডানচোখা বুদ্ধিজীবীর গদিটা রাস্তার ডান পাশে, বামচোখারটা বামে। দুজনেই খুব লেখালিখি করে, গবেষণা করে আর বক্তৃতা দেয়– সমাজ রাজনীতি ইতিহাস এইসব নিয়ে। সমাজে ও রাজনীতিতে ঘটতে থাকা নানা আলামত দেখে তারা নাকি শুভ-অশুভ নির্ণয়ে দক্ষ, তাই তাদেরকে কেউ কেউ বলে 'শকুনজ্ঞ', কেউ বলে 'বিশেষজ্ঞ' আবার কেউ বলে 'পারদ-খাওয়া পণ্ডিত' । মুশকিল হলো, তাদের একজন দ্যাখে কোনো কিছুর খালি ডান দিকটা, আরেকজন দ্যাখে শুধু বাম দিকটা আর সেই মোতাবেক তারা মতামত উৎপাদন করতে থাকে ক্রমাগত।
তারা পথ চলে ঝড়ের বেগে। চলার সময়ও দেখা যায় সোজা চলতে চলতে বামচোখা বিশেষজ্ঞটা ফেরেলের সূত্র অনুযায়ী আস্তে আস্তে বেঁকে যায় বাম দিকে আর ডানচোখাটা ক্যারলের সূত্রমতে ডান দিকে। মাঝে মাঝে দুজনের মধ্যে লেগে যায় আচ্ছামতো। পারে তো মেরেই ফ্যালে একজন আরেকজনকে। রাগের চোটে গজগজ করতে করতে তেড়ে যায় বারবার, কিন্তু পথের সীমা তো আর লঙ্ঘন করতে পারে না, তাই কী আর করবে, ফাল দিয়ে গিয়ে লাত্থি মারে সামনে পড়ে-থাকা টিনের বালতিতে। জঙ্ঘার সামনের দিকে রেডিও-আলনা নামের যে হাড্ডি আছে– যেখানে বাড়ি লাগলে এমন ঠেকে যেন জান বের হয়ে যাচ্ছে– বালতির আঘাত লাগে গিয়ে সেইখানে। ব্যথায় কোঁকাতে কোঁকাতে আহত পা-টা দুই হাতে ধরে এক পায়ের ওপর লাফাতে থাকে বুদ্ধিজীবী।
পণ্ডিত আছে আরো একজন– ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সে উদ্বৃত্ত, এবং নিরন্তর উল্লম্ফমান। জঙ্গুলে রাস্তাটার ডানেও না, বাঁয়েও না, ঠিক মাঝখানে গিয়ে উঁচু এক টংঘর বানিয়ে আস্তানা গেড়েছে সে। এই পণ্ডিত অবশ্য দেখতে পায় দুই চোখেই… তার অবশ্য আরো মজার মজার সব খাসলত আছে, পরে বলছি, তবে ভাব দেখায় এমন যে, সে ডানপন্থীও না, বামপন্থীও না, খাঁটি মধ্যপন্থী। আসলে সে হামাগুড়িপন্থী । হকসেদ আর ওই তিন পণ্ডিত– চার জনের ছিল গলায় গলায় খাতির, যাকে বলে একবারে 'জানি দোস্ত' তারা, পরস্পরের। রতিশক্তি তুঙ্গ ও টেকসই করার জন্য চার পণ্ডিতে মিলে কত কিছুই-না করেছে! গেঁজে-পচে-ওঠা চর্বি খেয়েছে গন্ধগোকুলের, মালিশ করেছে শান্ডার তেল, শ্রীপুরের ট্যাবলেটও খেয়েছে, খেয়েছে হামদর্দের হালুয়া। কিন্তু কাজ হয়নি কোনো। অবশেষে চার বন্ধু মিলে যুক্তি করে মোতালেব কবিরাজের পরামর্শমতো পারদ খেয়ে নিয়েছিল হাতের কোষ ভরে।
বীর্যরঙা সেই অমৃততরলের দ্রব্যগুণ এমনই যে, পারদপানের কয়েকদিনের মধ্যেই শরীরে দেখা দেয় বিস্ময়কর কুদরতিশক্তির উৎপাত। আট-কুঠুরি নয়-দরোজার এই যে ভূতাবাস, তার সব কয়টা কুঠুরি ঘুরে ঘুরে সেই পারদ জিল্লিক পাড়তে-পাড়তে বেরিয়ে আসে নয়-দরোজার কোনো এক দরোজা দিয়ে। আর যখন তা বের হয় যে-পথ দিয়ে, সে-পথের হালুয়া তখন পুরাপুরি টাইট। পারদের ঐশী মাজেজায় সংশ্লিষ্ট প্রত্যঙ্গের তখন মহা-ডগমগানি দশা। কোনো-কোনো আগলমার্গ শুলকাতে থাকে লাগাতার, আবার কোনো-কোনো নিগমপথ জিলকায় থেকে-থেকে।
তো, ডানচোখা পণ্ডিতটার পারদ বেরিয়ে এসেছিল তার বাঁ চোখের মণিপথ দিয়ে, আর বামচোখা বুদ্ধিজীবীর পারদ তার ডান নেত্রপথে। দুজনের দুই চোখের মণি তাই পুরাপুরি পারদশাদা। আর তিন নম্বর পণ্ডিতের পারদ বেরিয়েছিল যে-পথে, সে-পথের কথা আর নাই-বা বললাম। কারণ, ওই ঘটনার পর থেকে প্যাসিভ-পণ্ডিতটার অসভ্য জ্বালাতনে এলাকার ডাকসাইটে সব মশলাসুরভিত-গুহা-অভিযাত্রীরা একবারে অতিষ্ঠ হয়ে পড়েছে । পালিয়ে বেড়াচ্ছে তারা ভয়ে ও লজ্জায়।
হকসেদ পণ্ডিতের পারদ অবশ্য নিষ্কাশিত হয়েছিল তার ইপ্সিত পথেই। স্বগতোক্তির মতো বলতে থাকে হকসেদ, "হামার পারদ তো নিকাশ হইছিল মার্গমতোই, কামও হইছিল, কিন্তু কী আর কমু, শালার হাতিয়ারটাই হারাইলাম অকালে! যাক-গা, প্রকৃতির অঙ্গ প্রকৃতির খাদ্য হয়া মিশ্যা গ্যাছে প্রকৃতির সাথোত, হামার কী!" ঠিক সেই সময় রাস্তার পাশে আকন্দ ঝোপের ধারে হকসেদের দিকে তাকিয়ে দাঁত বের করে ভেটকি দিয়ে হাসছে ওই সেই খাটাশটা যে-কিনা হকসেদের জৈব হাতিয়ার খাবলা দিয়ে ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলেছিল বছরখানেক আগে। হকসেদ দৌড়ে গিয়ে খপ করে ধরে ফেলল খাটাশটাকে। হাতের পাশের ঝোপ থেকে একগোছা বিছুটির পাতা ছিঁড়ে নিয়ে ডলে দিল খাটাশের এমন এক প্রদেশে যে, চিৎকার করতে করতে খাটাশটা লেজ তুলে দিল ঝেড়ে দৌড়, বিলাইমারির বিলের দিকে।
হকসেদ আজ হনহন করে হাঁটছে উত্তরের দিকে। সঙ্গে তিন জন। একজন একটু আলে-খাটো, বোঝে কম, বা বুঝলেও দেরিতে বোঝে। আরেকজন ঘাউরা স্বভাবের, কথায় কথায় খালি উজানি ধরে। আজ হয়েছে কী হকসেদের! যা কিছুই করছে, সবই দ্রুতবেগে-হাঁটছে দ্রুত, কথা বলছে দ্রুত। আর সেই সাথে আশপাশের প্রকৃতিতেও সবকিছু ঘটে যাচ্ছে বিদ্যুৎগতিতে… হকসেদ হাঁটছে যে পথ দিয়ে সেই পথ আর তার দুপাশ বরাবর বয়ে যাচ্ছে যেন একধরনের তড়িৎ-চুম্বকীয় ঝড়। শোঁ-শোঁ বাতাসে উড়ছে নাটবোল্ট, স্ক্রু, তারকাঁটা, পেরেক ও আলতারাজ, সেইসঙ্গে উড়ছে কাগজ ও কাকাতুয়া। আর কে যেন মাছরাঙা ছেড়েছে প্রচুর, অজ্ঞাত স্থানাঙ্ক থেকে। একইসঙ্গে ছেড়েছে বিচিত্র রঙের সব মাছও। বাতাসে মাছ উড়ছে, মাছরাঙাও উড়ছে প্রচুর। কিন্তু ছুটছে সব উল্টা তরিকায়। যেমন মাছরাঙার পেছন পেছন মাছ, পেরেকের পেছনে আলতারাজ। স্ক্রু-ড্রাইভারকে ধাওয়া করছে স্ক্রু, বল্টুকে নাট। বহুমুখী ঠোকাঠুকি হচ্ছে খাদ্য-খাদকে, নাটে-বল্টুতে, পেরেকে-আলতারাজে। ফুলচার্জড বাতাসে হকসেদ আর তার সফরসঙ্গীদের চুলগুলি সব মোহাক-কাট ডিজাইন… গলাপাগোস দ্বীপের মেরিন ইগুয়ানাদের শিরদাঁড়ার খাড়া-খাড়া সব শলাকাসারির মতো।
হঠাৎ দেখা গেল, সরু একটা গুইসাপ গলায় মাফলারের মতো করে পেঁচিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে লম্বুপাড়ার মনতাজ লম্বু। তার দুই কানে ফিট-করা অ্যালুমিনিয়ামের খুব ছোট্ট-ছোট্ট দুটি বাটি, ডিশ অ্যান্টেনা। সেগুলির ওপর এক-পায়ে দাঁড়িয়ে আছে মিনি-মাছরাঙার দুটি বাচ্চা; আর মনতাজের ব্রহ্মতালুর ওপর লাগানো যে বজ্রনিরোধ-ব্যবস্থা, তার সেই চিকন তামা-শলাকার ওপর বসে আছে ছোট্ট একটা চড়–ই পাখি। দূর থেকে লম্বুকে দেখে মনে হচ্ছে যেন দ্রুত গতিতে এগিয়ে আসছে এক হিজিবিজি শৈল্পিক মন্তাজ। কিংবা বিমূর্ত এক উল্লম্ব চিত্রকলা।
লম্বুপাড়ার সবাই অস্বাভাবিক উঁচালম্বা। সাড়ে-সাত আট ফুটের নিচে কোনো মানুষ নাই ওই পাড়ায়। লম্বুপাড়ার কেউ ঝড়বৃষ্টির দিনে একটু ফাঁকা জায়গায় বেরুলেই বাজ পড়ে তাদের মাথায়। তড়িতাহত হয়ে মুখে গাঁজলা তুলে লালবর্ণ হয়ে মারা যায় অনেকেই। আর কবরের ভেতর, উচ্চ ভোল্টের বিজলি-খাওয়া তাদের দেহকঙ্কালে কী এক দুর্বোধ্য তেজস্কর বিক্রিয়া চলতে থাকে বছরের পর বছর। তাতে কঙ্কালগুলির অস্থিমূল্য বাড়তে থাকে দিনে দিনে। যত পুরনো কঙ্কাল, তত দাম। কবর থেকে চুরি হয়ে যায় মহামূল্য কঙ্কাল, তাই লম্বুপাড়ার গোরস্তানের চার দিকে সার্চলাইট লাগিয়ে পাহারার ব্যবস্থা করেছে লম্বুরা।
ঠাঠা পড়ে যে সবাই মরে তা নয়। অনেকে পঙ্গু ও বধির হয়ে যায়। অবশেষে, পরীক্ষামূলকভাবে ওদের শরীরে এক ধরনের জৈবযান্ত্রিক ডিভাইস লাগিয়ে দিয়েছে হকসেদ। বজ্রনিরোধ শলাকা, ফিউজ, সার্জ ভোল্টেজ প্রটেক্টর ও অটো গ্রাউন্ডিং সিস্টেম…। আর যারা ইতোমধ্যেই ঠসা হয়ে গেছে, তাদের জন্য বাড়তি ব্যবস্থা হিসাবে কানে স্থাপনযোগ্য বিশেষ বাটিব্যবস্থা যা কাজ করে তেজি অ্যান্টেনার। হকসেদের ইমপ্রোভাইজ-করা ওই বিশেষ যন্ত্র শরীরের সাথে লাগানোর পর থেকে লম্বুদের ওপর আসমানি উপদ্রব কম, অন্তত ঠাঠা পড়ে আর মরে না লম্বুরা।
মনতাজকে আসতে দেখে হকসেদ দিল এক অট্টহাসি, তার সেই বিখ্যাত সিগনেচার-অট্টহাসি। তারপর মনতাজ লম্বুকে দেখিয়ে বলে ওঠে, "ওই যে দ্যাখ, আইতাছে পারপেচুয়াল মেশিন অব দ্য সেকেন্ড কাইন্ড– ইনপুট লাগে না, কিন্তু বেজায় আউটপুট। লম্বুগো খাওয়াখাদ্য লাগে খুবই কম, কিন্তুক দ্যাখ্ কীর'ম অ্যাক্টিভ আর এনারজেটিক! অলওয়েজ বিজি! যে কিনা একবার আসমানি বিজলি খাইছে, তার তো আর লাগে না কিছু। কী কস রে কোঁকড়া, ঠিক কিনা?" মনতাজ লম্বু কাছে এসে পড়লে "কিরে মনতাজ, বিস্টি নাই বাদল নাই, মেশিন লাগায়া ঘুরতাছস যে!" ব'লে হকসেদ যেই তার মাথার ওপর লাগানো সরু শলাকা আর হাই-পাওয়ার চুম্বকগুলি ধরে ঠিকঠাক করতে গেছে, অমনি ঝটকা মেরে হকসেদের হাত সরিয়ে দিয়ে তাকে একটা চটকনা মারল দশাসই চেহারার মনতাজ লম্বু। এতক্ষণ হকসেদ সবাইকে চড়চাপাটি মেরেছে, এবার খেল সে। হকসেদ থতমত খেয়ে বলে ওঠে, "আরে! এ দেখি গরম ভাতে বিলাই ব্যাজার! ওই ব্যাটা লম্বু, আমি গেলাম তোর মেশিন ঠিক কইরা দিতে, আর তুই মারলি চটকনা…"
হকসেদ আবার যেই ঠিকঠাক করতে গেছে লম্বুর মেশিন, অমনি কাছাকাছি কোত্থেকে যেন ভেসে আসছে ঝুনঝুন শব্দ! হকসেদ ছেড়ে দিয়ে আবার ধরে, আবার সেই ঝুনঝুন শব্দ। অবাক কাণ্ড! পরে জানা গেল, আসলে শব্দটা আসছে ঘাউরাটার পোশাকের আড়াল থেকে। ছোটবেলায়, সেই দিগম্বর-বয়সে ঘাউরার কোমড়ে কালো সুতার তাগা বেঁধে তার সঙ্গে কয়েকটা ঘুঙুর লাগিয়ে দিয়েছিল ওর মা, যাতে সে না হারায়, চোখের আড়াল হলেও যাতে কান ও মনের আড়াল না হয়। কিন্তু ঘাউরা তো ঘাউরাই। বড় হয়ে গেছে, তবু খোলেনি সেই ঘুঙুর। কোমড়ের সাথে একটা আলগা ফেট্টি টাইট করে বেঁধে রাখে, যাতে হাঁটার সময় শব্দ না হয়। কিন্তু হকসেদের বিজলিনিরোধ মেশিনের সঙ্গে ফিট-করা উচ্চ ক্ষমতার যে চুম্বকগুচ্ছ, তাদের কায়কারবারই আলাদা, বের করে আনে গোপন ঝুনঝুনানিটুকুও।
নারীকণ্ঠের খলখল হাসির আওয়াজ আসছে রাস্তার ঢাল থেকে। হকসেদ অবাক। দ্যাখ তো কিত্তি! চুম্বকের টানে মাইয়া মানুষের হাসিও বাইর হয়া আসতেছে! তাকিয়ে দ্যাখে সেই মহিলা, গভীর রাতে গামছায় মুখ ঢেকে যার ঘরে ঢ়ুকেছিল হকসেদ। ঢাকায় দারোয়ানের চাকরি-করা স্বামীটা তার পেছন পেছন। হকসেদের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে স্বামী-স্ত্রী দুজনেই। হকসেদও হাসতে হাসতে বলে, "কিরে ঘোড়াওয়ালি, তোর ঘোড়ার হর্স পাওয়ার কত?" "না, না, ঘোড়াওয়ালি না তো, ও তো আফিয়া বানু, মিয়াবাড়ির জয়নাল মিয়ার বউ। ওই তো জয়নাল, পিছনৎ খাড়া", বোকা-বোকা ভঙ্গিতে বলে ওঠে হকসেদের সফরসঙ্গী আলে-খাটো লোকটা। "ধুস্ ছেমড়া, বুরুবাক-খেসারি-কা-ডাল, রঙ্গরসও বোঝোস না!" বলেই হকসেদ সাথে-সাথে একটা চাটি মারে আলে-খাটোর তুলতুলে গালে।
প্রস্থানের প্রাক্কালে যেমন চোখের সামনে দিয়ে ঝলকে ঝলকে দ্রুত বয়ে যেতে থাকে সারা জীবনের নানা ঘটনাঘটন, একের পর এক, সেরকমই ঘটছে আজ এই বগুড়া-অঞ্চলের স্থানিক প্রকৃতিতে। তবে কি আজকের এই হঠাৎ-চরমভাবাপন্ন-হয়ে-ওঠা আবহের ভেতর দিয়ে ঘটে চলেছে হকসেদের প্রস্থানপর্বের চূড়ান্ত মহড়া? অগস্ত্য মুনির একমুখী যাত্রার মতোই কি তবে আজকের এই হকসেদযাত্রা, কোনো এক অজ্ঞাত বিন্ধ্যাচল পার হয়ে। সঙ্গে চলেছি আমরা কয়েকজন। চলতিপথে এসে জুটেছে আরো লোকজন।
চলতি পথে একের পর এক পার হয়ে যাচ্ছে ঠসাদের গ্রাম, বিধবা-পাড়া, ছিঁচকে চোরদের আস্তানা, লিলিপুট প্রাণীদের অভয়প্রান্তর…
(চলবে…)
[পর্ব ১, ২ এবং ৩ এর লিংক:
http://arts.bdnews24.com/?p=4400 ]
