২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপন্যাস (কিস্তি ৩)শতকিয়া

shagufta_tania

Published : 01 Oct 2011, 02:08 PM

Updated : 05 Sep 2022, 06:55 PM

‍লিংক: শতকিয়া কিস্তি ১

তৃতীয় পর্ব

ঢোলগোবিন্দের ছোটকাকা ছিলেন কর্তামার কোলপোঁছা সন্তান। কলকাতায় পড়িতে গিয়াছিলেন। ছুটিতে বাড়ি আসিয়া তিনি আমাদের লইয়া ঘুরিতে বাহির হইলেন। তাঁহার কাছেই শুনিলাম একটি নুতন শব্দ–অ্যাংলো ইন্ডিয়ান। প্রথমে ভাবিলাম, আমাদের হ্যাংলা বলিবার জন্য নুতন শব্দের উদ্ভব হইয়াছে। কাকা আমাদের বুদ্ধিতে অবজ্ঞার হাস্য করিলেন। তাহার পরে বিশদ বুঝাইয়া দিলেন অ্যাংলো মানে বর্ণশঙ্কর। আমাদের সাবু বর্ণশঙ্কর। কলকাতায় এইরকম জাতের ঢের মানুষ দেখিতে পাওয়া যায়। তাহারা আয়া রাখিয়া সন্তান পালন করে, জানালায় ফুলগাছ লাগায়, হাওয়াবদলের জন্য পাহাড়ে যায়, পাউরুটি দিয়া 'ছোটা-হাজরি' করে এবং রেলওয়ে কম্পার্টমেন্টে তাহাদের সাথে উঠিলে নেটিভদের ঘাড় ধরিয়া নামাইয়া দেয়। ছোটকাকাও সাধ করিয়া পাউরুটি খাইয়াছেন, কিন্তু কলকাতার সেই রুটিকরদের কারখানার সামনে পৈতা ঝুলানো ছিল। সে যাহা হোক।

…..
অলংকরণ: সাগুফতা শারমীন তানিয়া
……
ছোটকাকা বুড়া সাতকড়ির কাছ হইতে খবর বাহির করিয়াছেন, সাবুর দাদার দাদা নাকি ছিল গোরা সৈন্য, সাবুর দাদী ছিল সাতগাঁয়ের মেয়ে। নাম ছিল দৌলতুন্নিসা। দৌলতুন্নিসার সাথে বিবাহে সন্তান জন্মানো উপলক্ষ্যে সেই গোরা সাহেব জন কোম্পানীর হর্তাকর্তাদের কাছে পাঁচ রুপি উপহারও পান, কোম্পানীর লোকে তখন ভারতবর্ষের মানুষের সাথে খাইতে-মাখিতে সৈন্যদিগকে উদ্বুদ্ধ করিতেন, নহিলে স্ত্রীলোক জুটিবে কোথা হইতে, জন্মভূমি তো তাহারা সহস্র-সহস্র ক্রোশ দূরে ফেলিয়া আসিয়াছে। সন্তানের নাম হয় হ্যারি সাদারল্যান্ড। আমাদের চক্ষু চড়কগাছ করিয়া কাকা শুনাইলেন, এই সাদারল্যান্ড সাহেবের বংশধরদের মধ্যে এক সাবুই বাঁচিয়া আছে। সাদারল্যান্ড সাহেবের পিতা সেই গোরাসাহেব ভারতবর্ষকে নিরতিশয় ভালোবাসিয়াছিলেন, তাঁহার মিশ্রবর্ণ সন্তানরা তাঁহাকে ঘিরিয়া কিলবিল করিত, সাহেব তাঁহাদের বুকে-পেটে খেলিতে দিয়া আমোদ পাইতেন। ১৮২০ এর কলেরা মহামারীতে সেই গোরা সাহেব আর তাঁহার তিন সন্তান মৃত্যুবরণ করেন। দৌলতুন্নিসার কোনো খবর জানা যায় না। শেষ অবধি হ্যারি সাদারল্যান্ড ছাড়া সাহেবের কোনো সন্তানই বাঁচে নাই।

সাতকড়ির পিতা সেই আধাসাহেব হ্যারি সাদারল্যান্ডকে চাক্ষুষ দেখিয়াছিলেন, সাহেব তাহার সন্তানদের শিক্ষাদীক্ষার বিষয়ে দারুণ সতর্ক ছিলেন। ইংলন্ডেশ্বরী ভিক্টোরিয়া নাকি সিদ্ধ গোমাংস আর সুজির মেঠাই ছাড়া সন্তানদের কিছু খাইতে দিতেন না–সকাল হইতে সন্ধ্যা অবধি সন্তানদের পাঠাভ্যাস করিতে হইতো, সাদারল্যান্ড সাহেব রানীর সন্তানপালনের রীতিকেই আদর্শ মানিতেন। সাহেবের নাতনীদের বিবাহ দিতে বড় সমস্যা হইতো, স্থানীয় রাজা-মহারাজাদের অন্ধকার জেনানায় তিনি বংশের কন্যাদের দিতে চাহিতেন না, কিন্তু বর্ণশঙ্করদের প্রতি ইংরেজদের মনোভাব বিরূপ ছিল বলিয়া তাহাদের ভিতরেও সম্বন্ধ হইয়া উঠিত না। সাবুর এক ফুপু শোনা যায় করুনাসিন্ধুবাবুর বংশের কারো রক্ষিতা হইয়াছিলেন। সাবুর বাপ-চাচারা এইমতো ত্রিশঙ্কু দশায় জীবনাতিপাত করিয়া গিয়াছেন, কেহ গলায় দড়ি দিয়াছেন, কেহ অন্য 'প্রেসিডেন্সি'তে চলিয়া গিয়া সংসার পাতিয়াছেন, সাবুর পরদাদা সাদারল্যান্ড সাহেব শেষবয়সে বিলাতবাসী হইয়াছিলেন–পিতার মতন ভারতবর্ষপ্রীতি তাঁহার স্থায়ী হয় নাই। এই গল্পের উপজাত হিসাবে আমাদের অঘা মনকে অনেক শব্দের দিকে কাকা অঙ্গুলিনির্দেশ করিলেন–বর্ণশঙ্কর-রক্ষিতা-প্রেসিডেন্সি ইত্যাদি। আমরা মুশুরির পাললিক বালকেরা চমৎকৃত হইয়া গেলাম।

শেখের পো তোরাপ আর আফজল মুরগী জবেহ আর ফাতেহা পাঠ ইত্যাদি শিখিয়া মক্তব যাওয়া ছাড়িয়া দিয়াছে শুনিয়া কাকার তাচ্ছিল্যের অবধি রহিল না। ফকিরচাঁদ আর মুলুকচাঁদও পাঠশালা যাওয়া বন্ধ করিয়া দিবে-দিবে করিতেছিল। কাকা আমাদের দাওয়ায় বসিয়া ভারতবর্ষের ভাবী অধিকারীকূলের শিক্ষার মূল্য লইয়া অগ্নিগর্ভ বক্তৃতা দিলেন। শেখ-সৈয়দ-জোলা-মোগল-পাঠান যতদিন শিক্ষিত না হইবে, আমাদের মুক্তি আসিবে না। একদিন এই ইংরেজ তাড়াইবার জন্য ঝাঁসির রানী-নানাসাহেব-তাঁতিয়া টোপী যুদ্ধ করিয়াছেন–আজ আমরা পুঁইশাকের চচ্চড়ি-গলাভাত পাইলেই দাওয়ায় গড়াইয়া তালপাখার হাওয়া করিতে করিতে নিদ্রা যাই–সাহেবরা আমাদের সর্বস্ব লুটিয়া লইতেছে–আমাদের নবাবদিগের পরিবারকে মুচিখোলায় বাস করিতে বাধ্য করিতেছে–সেইদিকে ভ্রুক্ষেপমাত্র করি না। কাকা পরিকল্পনা করিলেন–এই দক্ষিণ মুশুরিতেই তিনি নতুন বিদ্যালয় স্থাপন করিবেন। এই পাতার কুটীরেই কেন নয়। এইখান হইতেই একদিন রঘুনাথ শিরোমণির মতন–অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মতন জ্ঞানী পুরুষ জন্মাইবে। কাকার উত্তেজনা আমাদের শিরায় শিরায় প্রবেশ করিয়া আমাদের চারদিকে ফুলকি জ্বালাইতে লাগিল, ফুলকিগুলি কাকাকে ঘিরিয়া জ্বলিতে জ্বলিতে একসময় নিভিয়া গেল, তিনি ছুটি ফুরাইলে কলকাতা চলিয়া গেলেন।

আমরা আবার আগের মতনই দুর্বৃত্তপনা করিয়া জীবন কাটাইতে শুরু করিলাম। সন্ধ্যা হইয়া আসা অব্দি পাচন হাতে গরু চরাইতাম নয় নাড়াপোড়া মাঠে ঘুড়ি উড়াইতাম। সংসারের কাজে লাগিতাম না বলিয়া প্রতি সন্ধ্যায় মা-বাপের হাতে দু'ঘা খাইতাম। রূপকথার রাজপুত্র-মন্ত্রীপুত্র-কোটালপুত্রকে একদা তাহাদের মাতারা যেমন রাজভোগ খাইতে দিয়া থালার এককোণে একটু ছাই রাখিয়া দিতেন–আর সেই ছাই দেখিয়া পরদিন তাহারা দিগ্বিজয়ে বাহির হইত, বাপের দু'ঘা মার যেন সেই আশায়। পরদিন আমরাও দিগ্বিজয়ে বাহির হইতাম বটে, সারাবেলা বনবাঁদাড় ঢুঁড়িয়া বেড়াইতাম, দণ্ডকলসের আর মরিচজবা ফুলের মধু চুষিতাম, গেরস্তের অজ্ঞাতসারে তাহার ক্ষেতের আনাজ চুরি করিতাম, জমিদারবাবুর বাগানবাড়িতে শুনসান দুপুরে হানা দিয়া সাতকড়ির নিকট আগের জমানার নানান কিচ্ছা শুনিতাম–সাতকড়ি আগে আমাদের আঁকিয়া কাটিত, বয়স হইয়া গিয়াছে, সে আর আগের মতন দূর-দূর করিত না। সন্ধ্যানাগাদ কৌশল্যা নামের এক দাসী তাহাকে রুটি গড়িয়া দিয়া যাইত, সে আফিমের ডেলা সেবন করিয়া ঢুলিত। দিনের বেলা তাহার বিস্তর অবসর ছিল। গেঁটেবাতের রোগী, ব্যথা উপশমের জন্য আমি তাহাকে বেতশাক আনিয়া দিতাম। সে আমাদের গল্প শুনাইত।

সেবারের চৈত্রসংক্রান্তিতে চরক পূজার সময় বুধাইকে বর্শি গাঁথিয়া বাঁশের ডগার সহিত বনবন করিয়া ঘুরানো হইলো, বুধাইয়ের সেই ঘা পরে বিষাইয়া গেল, সে মরিল। বৈশাখের শুরুর দিন আমানি খাইয়া এবং আম্রপল্লবের জলের ঝাপটা খাইয়া রাখাল আসিয়া উপস্থিত হইলো। গোয়াল সাফসুতরা করিয়া পান্তায় দুধ মিশাইয়া খাইয়া আমিও তাহার সঙ্গে চলিলাম, মোষের লড়াই দেখিব, মেলার খাজা-মোয়া-মুড়ি-মিছরি-ফেনিবাতাসা খাইব। বাড়ি আসিয়া শুনিলাম, আমাদের পিতা আমাদের এক এক করিয়া মহকুমার ইংরেজি বিদ্যালয়ে পাঠাইতে মনস্থ করিয়াছেন। গলায় ঝুলানো পিতলের খিলালকাঠি দিয়া দাঁত খিলাল করিতে করিতে তিনি মাকে এই সিদ্ধান্ত শুনাইতেছেন। তিনি বিদ্যোৎসাহী ছিলেন, আমাদের নিজহাতে বাংলা ও ইংরেজিতে বর্ণপরিচয় করাইয়াছেন। মুর্শিদাবাদ হইতে আসিবার সময় আমাদের পড়িবার জন্য নানান পুস্তক লইয়া আসিতেন–পড়িয়া শুনাইতেন, না বুঝিলে দ্রুত তাঁহার উৎসাহ রোষে পরিণত হইত। 'চাষার ব্যাটা চাষাই থাকিবি' ইত্যাদি আস্ফালন করিতে করিতে প্রহার শুরু করিতেন। এইবার দেখিলাম আমাদের পিতারও আমাদের অতীশ দীপঙ্কর বা রঘুমনি বানাইবার জন্য তর সহিতেছে না। আমাদের নানী কলাপাতার পিঠে সরিষার তেল মাখাইয়া কুপির উপরে ধরিয়া কাজল বানাইতে বানাইতে গজগজ করিতে লাগিলেন–কুঁজার চিত হইয়া শুইবার অভিলাষ হইয়াছে। ত্যানা দিয়া পিঠ আবৃত করিবার মুরোদ নাই… হাতে পয়সা থাকিলে আজিকে যে জোলা কাল সে শেখ হইবে, পরের সনে হইবে সৈয়দ, শুধু শুধু পড়িয়া সময় নষ্ট করিয়া লাভ কী, ইত্যাদি। সন্ধ্যার অন্ধকারে পরান পানি গরম করিয়া কুঁড়া মিলাইয়া ধবলীর জাবনা দিতেছিল, হারান মায়ের কোলে শুইয়া ঘুমাইয়া গিয়াছে। তাহাদের ক্রম পরে আসিবে এইজন্য তাহাদের দুর্ভাবনা ছিল না। আমি জ্যেষ্ঠ। প্রথম বলির খাঁড়া আমার ঘাড়েই পড়িবে।

(চলবে)
—–

লেখকের আর্টস প্রোফাইল: সাগুফতা শারমীন তানিয়া
ইমেইল: shaguftania@yahoo.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts


Free counters