২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপন্যাস (কিস্তি ২)শতকিয়া

shagufta_tania

Published : 19 Aug 2011, 11:45 AM

Updated : 05 Sep 2022, 07:02 PM

‍লিংক: শতকিয়া কিস্তি ১

দ্বিতীয় পর্ব

…..
অলংকরণ: সাগুফতা শারমীন তানিয়া
……
আমাদের গাঁয়ের নাম মুশুরি। গাঁয়ের ভিতর দিয়া চলিয়া যাওয়া ছোটনদীটার নাম ভাদরখ্যাপা, ভাদ্রমাসে তাহার দুইকূল ছাপাইয়া উঠে, সম্বৎসর তাহার খাঁড়ুজলে লোকের গৃহস্থালির কাজ চলে–তাহার ধুলিময় পাড়গুলিতে শিমুলগাছতলায় ঋষিপাড়ার ছাগলগুলি ঘুরিয়া ঘুরিয়া ফাল্গুনমাসে বিরাগমাখা মুখে শিমুলফুল চিবায়। ভাদরখ্যাপার দুইপাড়ে উত্তর-মুশুরি আর দক্ষিণ-মুশুরি। দক্ষিণ-মুশুরি আটপৌরে শাড়িখানা হইলে উত্তর মুশুরি তাহার বুটিদার আঁচলা। উত্তর-মুশুরিতে অবস্থাপন্ন কূলীন লোকেদের বাস–তাহাদের শয়নকক্ষে সরিষার তৈলের দীপ জ্বলে। তাহাদের খোকারা রুপার ঝিনুকে করিয়া দুধ খায়। সংস্কৃতে বটঃ-গিরিঃ-তরুঃ শিক্ষা করে। বছর ভরিয়া সিন্ধচোরের ভয়ে উত্তর মুশুরির কূলীন গৃহস্থরা ভীত থাকে। উত্তর-মুশুরি বেষ্টন করিয়া প্রহরীরা চৌকী দেয়। জমিদারবাড়িটিও উত্তর মুশুরিতে, গাঁয়ে লোকশ্রুতি ছিল যে রাজা করুণাসিন্ধু রায়ের পিতামহ দূর্গারাম রায় নীলকুঠির দেওয়ানি করিয়া বিস্তর কাঁচাপয়সার মুখ দেখিয়াছিলেন, মহারাজ নন্দকুমারের ফাঁসি হইবার সময় তিনি কলিকাতা ছিলেন। সেইদিন কলিকাতার আর সকল হিন্দুদের মতন তাঁহাদের রন্ধনশালায়ও আগুন জ্বালান নাই। ব্রাহ্মণকে ফাঁসি দিবার প্রতিবাদে তিনি অন্যত্র বাস করিবার মানসে শহর ত্যাগ করেন এবং কালে কালে মুশুরি আসিয়া আশপাশের কয়েকটি গ্রাম কিনিয়া নেন। এইরূপে জমিদারির পত্তন করিয়া বাস করিতে শুরু করেন।

রাজা দূর্গারাম রায় প্রতি বৎসর শারদীয় পূজায় স্বর্ণালঙ্কার দিয়া প্রতিমা সাজাইতেন এবং সালংকারা প্রতিমা বিসর্জন দিতেন। দুর্ভিক্ষের সময় তিনি অন্নসত্র স্থাপন করিয়াছিলেন, শিক্ষার জন্য উচ্চবিদ্যালয় ও চতুষ্পাঠী দিয়াছিলেন, কূপ-পুস্করিনী খনন করাইয়াছিলেন, ব্রাহ্মণ-ভিক্ষুক-কন্যাদায়গ্রস্ত-ঋণগ্রস্ত কত লোকের তিনি সহায় হইয়াছিলেন তাহার ইয়ত্তা নাই। যে দিবে কাঠা কাঠা/তার হৈবে লাল বেটা… মুক্তহস্ত সেই রাজা শেষ বয়েসে পুত্রসন্তানের মুখ দেখিয়াছিলেন বটে, নাম রাখিয়াছিলেন রাজারাম রায়। দূর্গারাম দীর্ঘজীবী হন নাই। বেন্টিংকের আইন হইবার পরও তাঁহার পত্নী সতী হইয়াছিলেন। লোকে বলে, রক্তাম্বর পরিয়া সিঁথি ভরিয়া সিন্দুর দিয়া চিতায় আরোহণ করিয়া তিনি মৃত স্বামীর শব আলিঙ্গন করিয়াছিলেন, কিন্তু চিতায় অগ্নিসংযোগের পর তাঁহার পরান কাঁপিয়া উঠিল, দৌড়াইয়া পলাইবার চেষ্টা করিয়াছিলেন, চিতায় আরোহণ করিয়া শংকিত হইলে তো প্রত্যাবর্তনের উপায় নাই, তাঁহাকে বলপূর্বক দাহ করা হইয়াছিল। রাজারামবাবু পিতার মতন দানশৌণ্ড ছিলেন, তবে প্রজাপীড়ক বলিয়াও তাঁহার দুর্নাম ছিল।

দক্ষিণ মুশুরিতে দরিদ্র মোসলমান-কাহার-কৈবর্ত্য-নিকিরি-সদ্‌গোপে মিলিয়া সংসারের দুর্ভোগের ভার বিনা ওজরে বহন করিয়া চলে, গেঁয়োরা নদীতীরবর্তী জমিগুলিতে ধান-তোষাপাট-তিল-তিসির চাষাবাদ করে, কৈবর্ত্যরা গাব জ্বাল দিয়া জেলেডিঙ্গির পৃষ্ঠে আলকাতরা মাখায়, জোলার ঘরে মোটাকাপড় বোনা চলে। একবার ওলাবিবি মুখখানি দেখাইয়া গেলে তাহাদের ছেলেপুলের ঘরে কান্নার রোল পড়িয়া যায়। অদূরে পদ্মা তাহার অপার জল লইয়া কল কল বহিয়া যাইতেছে। শীতকালে তাহার জলের রঙ কুজ্ঝটিকার বর্ণ ধারণ করে, ঘোর বরষায় সেই জলের রঙ গৈরিক কর্দমের ন্যায়–বন্যার সময় গভীর নিশীথে পদ্মার শোঁ শোঁ আওয়াজ যে শুনিয়াছে, সে জানে দৈবানুকূল্য না হইলে রাখালের জগবন্ধু যে কোনো মুহূর্তে তাহাকে টানিয়া লইবেন।

উত্তর মুশুরির ছিল দেবদেউল-পঞ্চায়েততলা-রথতলা-টোল-অতিকায় কৃষ্ণবট যাহার অঞ্জলির মতন পাতায় বালক-কৃষ্ণ ননী চুরি করিয়া রাখিতেন। জমিদারির সেরেস্তায় হাঁকডাক শোনা যাইত। শুকনার মৌসুমে ভরাটি লইয়া অন্য গাঁয়ের জমিদারের বাহিনীর সহিত করুণাসিন্ধু বাবুর লাঠিয়াল-শড়কিওয়ালারা লড়িয়া আসিত। সুরকির পদ্মফুল আঁকা বড় বড় রাজবাড়ি। থামগুলি প্রকাণ্ড এবং সজিনাখাঁড়ার মতন শিরযুক্ত। ছ্যাতলা পড়া ছাদ রৌদ্রে ঝাঁ ঝাঁ করিত। চৌহদ্দিতে ফলবান বৃক্ষ-নিম-হত্তুকি ও কর্পুর গাছ। জমিদারবাবুর বাগানবাড়িতে লুকাইয়া ঢুকিয়া গাছের ছায়ায় ঘুরিতাম, সবেদা-আঁশফল ইত্যাদি চুরি করিয়া খাইতাম, সেই বাগানের মাটিই ছিল নিঃশব্দ রূপকথার কথক। ভাঙা চুড়ি মিলিত, মিলিত মনোহারী বোতাম, বিলাতি পীয়র্স সোপের মোড়ক, ফেলিয়া দেওয়া লিপটন কোম্পানীর চকোলেটের টিন–কে জানিত তাহার স্বাদ কীরূপ। সদরের রাস্তায় পসারী ডাকিয়া ফিরিত–উত্তর মুশুরির বয়স্করা হাতে একখানি সিলাইকর্ম বা নভেল লইয়া ঘুমাইয়া পড়িত–গাঢ় নিদ্রা, স্বেদপাত করিয়া তাহাদের ঘাড়-গলা-বুক আঠালো হইয়া আসিত। মাথার উপরে উত্তাপে শাদা হইয়া আসা নির্মেঘ আকাশে চিল ডাকিয়া ডাকিয়া ঘুরিত। দালানে বসিয়া সেই সব বাড়ির পোষা বিড়াল মাথা মসেহ্‌ করিত। শুনিয়াছিলাম দূর্গারাম রায় বিড়ালের বিবাহ দিয়া পাত পাড়িয়া দশ গাঁয়ের লোক খাওয়াইয়াছিলেন। জন কোম্পানীর সাহেবরাও নাকি সে তামাশায় যোগ দিতে আসিয়াছিলেন।

আমাদের দক্ষিণ মুশুরির ছিল দিগন্তলক্ষীর আঁকিয়া দেওয়া বিস্তীর্ণ সবুজ ভাদৌ-ফসলের ক্ষেত, বেথুল-ঝোপগুলির মাথায় তেলাকুচার রোমশ শাদা ফুল, তালাবের চতুর্দিক গ্রীষ্মে আমরুলশাকে ভরিয়া যাইত, পাড়ের কাদাজলে বকঠুঁটো মাছ, বসন্তবৌরী পাখনার হলুদ ঝলক দেখাইয়া উড়িয়া যাইত এক সজিনাগাছ হইতে আরেক সজিনাগাছে, হরিয়াল-ঘুঘু আর ছাতারে পাখির চিৎকার। উদার আকাশের তলায় উদাত্ত নদীকূল। ঋতুর দল দিবারাত্রির জপমালা অবিরাম জপিয়া চলিয়াছে। পিটুলি-ভুতিজাম-রসুইন্যা গাছে আঁধার করিয়া রাখা দাওয়া, গেরস্থের ধানের মরাই-খড়ের পালান আর ছনের ঘর–শৈবালাচ্ছন্ন পাছপুকুরে সুবচনীর হাঁস চরিত, গাঁয়ের বৌ-মেয়েরা বাসনের পাঁজা লইয়া সেই পুকুরের তালপৈঠায় সাবধানে নামিত। সন্ধ্যায় গোবাঘা আর রাত্রির প্রহরগুলিতে শেয়ালের ডাকে কান পাতা দায় হইতো।

দুই মুশুরির একটিই সাধারণ সম্পত্তি। পাগলা সাবু। গ্রীষ্মদিনে মাঠের ধূলামাটিতে ধূলোট সারিয়া আমবাগানের ছায়ায় ঘুমাইয়া থাকিত। আকালের সময় ক্ষুধার কষ্টে উচ্চস্বরে কাঁদিয়া শিকলের বাড়ি দিতে দিতে ভিক্ষা করিত–তাহার খাদ্য জুটিয়া যাইত। ভাদ্র-আশ্বিনমাসে তাহার পাগলামির জ্বালায় তিষ্টানো যাইত না। বৎসরের কোনো একটি মৌসুমে, ঠিক কোনটি তাহা আজ নিশ্চয় করিয়া বলিতে পারিব না, সাবুর পাগলামি সারিয়া যাইত। সে নিজেকে অবিরাম শিকলের বাড়ি দিত না। ভাদরখ্যাপার তীরের তরুছায়ে বসিয়া খুব পরখ করিয়া কোন দিকে যেন সে তাকাইয়া থাকিত, ভিক্ষা করিত না, কাঁদিত না, উদাস হইয়া বসিয়া থাকিত। তাহার পাগলামি ভয় করিতাম নাকি তাহার বিষণ্নতা–তাহা হলপ্‌ করিয়া বলা মুশকিল।

নদীতীরে–শ্মশানবাড়ির নিকটে সেই পর্ণকুটীরের দাওয়ায় শুইয়া আমরা ছেলেরা কত কালক্ষেপণ করিয়াছি। আমরা তিনভাই, পালপাড়ার রাখাল। শেখেদের তোরাপ। আফজল। জোলার পো কাজেম। ফকিরচাঁদ আর মুলুকচাঁদ। ঘোষেদের ঢোলগোবিন্দ। আমাদের বাড়িগুলির ভিতরে জল-চল ছিল না, ঢোলগোবিন্দর কর্তামাকে দেখিতাম করল্লার বাহিরের দাঁতগুলি ভাঙিয়া ধুইয়া নিয়া শুক্তো রাঁধিতেছিলেন–আমাদের উঠানের এককোণে দেখিবামাত্র তাঁহার ফেনাভাতের হাঁড়ি ফেলিয়া দিতেন। দরিদ্র ঘর, অন্নের এমন অপচয় দেখিলে চক্ষে জল আসিত। ঘৃণা করিবার এহেন ক্ষমতা দেখিয়া বিস্ময় মানিতাম। আমরা নানীর কোল ঘেঁষিয়া কারবালার যুদ্ধের গল্প শুনিতাম, ইমাম হুসেনের ক্রোড়ে তাঁহার শিশুপুত্র আলি-আসগরের মৃত্যুর সময় ডুকরাইয়া উঠিতাম। ঘোষেদের ছেলেরা গরুছাগল হারাইলে নাটাইচণ্ডীর পূজা দিত। চৈত্রসংক্রান্তির ফলারের রাঙা বাতাসা খাইত। কিন্তু আমাদের কুটীরের দাওয়ায় আসিলে আমরা সকলি ভুলিয়া যাইতাম–দুরন্ত বালক যেরূপে বস্ত্র ছাড়িয়া সাঁকোর উপর হইতে বর্ষার জলে ঝাঁপাইয়া পড়ে, সেইরূপ নিজেদের কূলপরিচয় পরিধেয়ের মতন পরিত্যাগ করিবার পর কৈশোর ছাড়া সেই কুটীরে আমাদের আর কোনো জাতপাত থাকিত না। ঢোলগোবিন্দ হয়তো সান্তনা দিবার মতন করিয়া বলিত, "কর্তামা-বুড়ি আমি জড়াইয়া ধরিলেও স্নান করিয়া আসে।" সে সান্ত্বনা অপ্রয়োজনীয় মনে হইত। বিস্তর বাজে কথা বলিতাম, শুনিতাম এবং বিশ্বাস করিতাম।

সে'বার শারদোৎসবের পূর্বে ত্রাহিমোহনবাবুর অপঘাতে মৃত্যু হইবার পর শোনা যাইতে লাগিল, শ্মশানে অপদেবতা দেখা যাইতেছে। ত্রাহিমোহনবাবুকেই কেহ কেহ স্বচক্ষে হন্‌ হন্‌ করিয়া হাঁটিয়া বেড়াইতে দেখিয়াছে–গাড়ু হাতে, ময়লা শাদা ধুতি কোঁচা দিয়া নদীর দিকে নামিয়া যাইতেছেন। কৈবর্ত্যদের দু'টি ছেলে মাছ মারিয়া শেষরাতে বাড়ি ফিরিতেছিল, ত্রাহিমোহনবাবু লম্বা লম্বা পা ফেলিয়া তাহাদের কাছে আসিয়া মাছ চাহিয়াছিলেন–ছেলেদুটি ইষ্টনাম জপ করিতে করিতে দৌড়াইয়া পলাইয়া আসিয়াছে, ফিরিয়া দেখিয়াছে ত্রাহিমোহনবাবু তাহাদের পিছু পিছু তালগাছের মতন লম্বা ঠ্যাং লইয়া আসিতেছেন। আমরা কয়েকদিন নদীর ঐদিকটায় যাওয়া ক্ষান্ত দিলাম।

(কিস্তি ৩)

লেখকের আর্টস প্রোফাইল: সাগুফতা শারমীন তানিয়া
ইমেইল: shaguftania@yahoo.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts


Free counters