রেখো মা দাসেরে মনে…
…….
দাস হিসেবে বিক্রির জন্যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আফ্রিকার লোকদের, উনিশ শতকের খোদাই ছবি।
অন্ধকার আর হিংস্রতায়, অবমাননা আর নিষ্ঠুরতায় ডুবুডুবু ভিক্টোরীয় যুগের ইংল্যান্ডকে চার্লস ডিকেন্সের চেয়ে ভালো করে আর কে চিনেছিল? অথচ এতদিন পর জানলাম, আরও এক চেহারা রয়েছে আমাদের এই প্রিয় লেখকের। কুখ্যাত জ্যামাইকান গভর্নর এডওয়ার্ড আয়ারের সাফাইকারী ছিলেন তিনি!
ফরাসি চিত্রশিল্পী গুস্তাভ বুলাংগারের ছবি 'দি স্লেভ মার্কেট' (১৮৮৮)।
জ্যামাইকার দ্বীপ মোরান্ট বে'র ক্রীতদাসরা মুক্ত হওয়ার পর নিমজ্জিত হয় প্রচণ্ড দারিদ্রে। ক্ষতিপূরণ দেয়া দূরে থাক, ভোটার হওয়ার জন্যে নতুন ফি আরোপ করা হয় তাদের ওপর। বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে এইসব মুক্ত দাস কৃষকরা বিক্ষোভ ও বিদ্রোহে ফেটে পড়ে ১৮৬৫ সালে। গভর্নর আয়ার তাদের প্রতিবাদের প্রতিত্তর দেন নিষ্ঠুর খুন ও সন্ত্রাস চালিয়ে। আয়ারের নির্বিচার খুন ও সন্ত্রাস অব্যাহত ছিল টানা এক মাস। তার সেনাদল হত্যা করে কমপক্ষে ৪০০ মানুষ। শিশু ও অন্তঃসত্ত্বা নারীও ছিল এদের
……..
গভর্নর এডওয়ার্ড আয়ার, জ্যামাইকার দ্বীপ মোরান্ট বে'র মুক্ত দাস-কৃষকদের ৪০০ জনকে হত্যা করে তার সেনাদল।
………
ভেতর। বেত দিয়ে একনাগাড়ে পেটানো হয় কমপক্ষে ৬০০ মানুষকে। পুড়িয়ে দেয়া হয় ১০০০ বাড়িঘর। পরে আরও অসংখ্য মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা বিচারের নামে। দাসব্যবসা অবসানের পর ক্রোধোন্মত্ত বর্ণবাদের ক্রান্তিকাল ফুটে ওঠে এ বিদ্রোহের মধ্যে দিয়ে, ব্রিটিশ রাজনীতিই দু ভাগ হয়ে যায়। জন স্টুয়ার্ড মিলের নেতৃত্বে গড়ে ওঠে জ্যামাইকান কমিটি, যেটিতে ছিলেন জন ব্রাইট, চার্লস ডারউইন, হার্বার্ট স্পেন্সারের মতো মনীষীরা। এ কমিটি হত্যার অপরাধে আয়ারের শাস্তি দাবি করেন। অন্যদিকে চার্লস ডিকেন্স, ইতিহাসবিদ ও প্রাবন্ধিক থমাস কারলাইল, কবি ও আলোচক ম্যাথু আরনল্ড
……..
কুখ্যাত জ্যামাইকান গভর্নর এডওয়ার্ড আয়ারের সাফাইকারী চার্লস ডিকেন্স
………
এবং কালেক্টর জন রাস্কিনদের নিয়ে গড়ে ওঠে আয়ার ডিফেন্স কমিটি। আয়ারকে সাহায্য করার জন্যে এ কমিটি সংগ্রহ করে দশ হাজার পাউন্ড। ১৮৫৩ সালে কারলাইল অকেশনাল ডিসকোর্স অন দি নিগ্রো কোয়েশ্চন বইটি লিখে চূড়ান্ত বর্ণবাদিতার পরিচয় দিলে তাঁর বিরুদ্ধে কলম ধরেন জন স্টুয়ার্ড মিল। ফলে আগে থেকেই কারলাইল ক্ষুব্ধ ছিলেন। জ্যামাইকান কমিটির সমালোচনা করতে গিয়ে তিনি তীব্র আক্রমণাত্মক ভাষায় লেখেন, জ্যামাইকান কমিটি 'নিগার মানবপ্রেমিকদের' এমন একটি গোষ্ঠী, 'যারা নর্দমার মধ্যে উন্মত্ত অবস্থায় ঘেউ ঘেউ করছে।' আয়ারের সব অপরাধই খারিজ হয়ে যায়, কেননা বিচারকরা মনে করেন তার অপরাধগুলি সংঘটিত হয়েছে 'শুধুমাত্র নিগ্রোরক্তের' বিরুদ্ধে!
…….
আয়ার ডিফেন্স কমিটির সদস্য ম্যাথু আরনল্ড।
……..
বিজ্ঞানী স্যার আইজাক নিউটনও নন্দিত আমাদের সবার কাছে। অথচ দাস ব্যবসার জন্যে কুখ্যাত সাউথ সি কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন তিনি। লোভনীয় মুনাফার প্রতিশ্রুতি দিলেও কোম্পানিটি ছিল দুর্নীতিগ্রস্ত। ১৭২০ সালে কোম্পানির জাহাজে ডাকাতের দল হামলা চালায়। সে বছর শেয়ারহোল্ডারদের তালিকায় ছিলেন হাউজ অব কমন্সের ৪৬২ সদস্য, হাউজ অব লর্ডসের ১০০ সদস্য, আইজাক নিউটন, থমাস গাই প্রমুখ।
থমাস গাইয়ের শেয়ার ছিল ৪২ হাজার পাউন্ড। কিন্তু তিনি ডাকাতির ঘটনায় কোম্পানির শেয়ারব্যবসায় ধ্বস নামার আগেই লন্ডনে তাঁর হাসপাতালের কথা বলে তিনি প্রতিটি শেয়ার তিনশ থেকে চারশ টাকায় বিক্রি করে দেন। এতে এত লাভ হয় যে হাসপাতাল বানাতে আর কোনও অসুবিধা হয় নি
………..
দাস ব্যবসার জন্যে কুখ্যাত সাউথ সি কোম্পানির শেয়ারহোল্ডার বিজ্ঞানী স্যার আইজাক নিউটন।
……….
তার। অন্যদিকে শেয়ারমন্দার ফলে নিউটনের লোকসান হয় ২০ হাজার পাউন্ড। তবে ডাকাতির ধকলসত্বেও সাউথ সি কোম্পানি ১৭১৫ থেকে ১৭৩১ সালের মধ্যে ৬০ হাজার দাসচালান করে।
শুধু কি নিউটন? ১৭১২ সালে দি রেপ অব দি লক লিখে, পরে হোমার অনুবাদ করে বিখ্যাত কবি আলেকজান্ডার পোপও সাউথ সি কোম্পানির দাস ব্যবসায় টাকা খাটান। টাকা মার যায় তাঁরও। তিন দশকেরও বেশি সময় ধরে যিনি ইংল্যান্ডের শিল্পকলাকে নিয়ন্ত্রণ করেছেন সেই পোট্রেট পেইন্টার স্যার গডফ্রে নেলারও লোকসান দেন এ কোম্পানিতে টাকা খাটিয়ে। বিখ্যাত 'উদারনৈতিক' দার্শনিক
……
কবি আলেকজান্ডার পোপ, সাউথ সি কোম্পানির আরেক শেয়ারহোল্ডার।
……..
জন লকও ৬০০ পাউন্ড বিনিয়োগ করেছিলেন ব্রিটেনে দাস ব্যবসার নিয়ন্ত্রণকারী রয়াল আফ্রিকান কোম্পানিতে। তা ছাড়া ১৬৯০ সালে তিনি লেখেন এসেস কনসার্নিং হিউমেন আন্ডারস্ট্যান্ডিং–যা ছিল বর্ণবাদী চিন্তা বিকাশের বাইবেল। আফ্রিকানরা শ্বেতাঙ্গ ইউরোপিয়ানদের তুলনায় সবদিক বিচারেই হীন ও ছোট,– এই ছিল তাঁর উদারনৈতিক ধারণা!
………
'উদারনৈতিক' দার্শনিক জন লক বিনিয়োগ করেছিলেন ব্রিটেনে দাস ব্যবসার নিয়ন্ত্রণকারী রয়াল আফ্রিকান কোম্পানিতে।
………
১৬০২ সালে অজ্ঞাত এক শিল্পী ছবি এঁকেছিলেন স্যার ওয়াল্টার রালেগের। রালেগ ছিলেন লেখক। লিখতেন কবিতা। কিন্তু তাঁকে ক্ষমতাবান করে তুলেছিল তাঁর অভিযান আর যুদ্ধাভিযান চালানোর কূটঅভিজ্ঞতা। তাই রাণী এলিজাবেথেরও প্রিয়পাত্র হয়ে ওঠেন তিনি। আমেরিকায় উপনিবেশ স্থাপনকারী ও দাসব্যবস্থা প্রতিষ্ঠাকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ইংল্যান্ডে আলু আর টোবাকো নিয়ে আসেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে সোনা আহরণের ব্যাপারেও উদ্যোগ নেন বেশ কয়েকবার। আয়ারল্যান্ডের বিদ্রোহ দমনে, কাডিজ ও অ্যারোজেসের যুদ্ধাভিযানে তিনি ছিলেন সামনের সারিতে। দেশ চালাতে গেলে এ রকম কীর্তিমান মানুষকে পছন্দ না করে উপায় আছে? কিন্তু রাণী প্রথম এলিজাবেথের আনুকুল্য থাকার পরও জেলে যেতে হয় তাঁকে। তিনি তখন আত্মনিয়োগ করেন সাহিত্য ও বিজ্ঞান চর্চায়। শুরু করেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড (১৬১৪) লেখা। জেল থেকে বেরিয়ে আবারও অভিযানে বের হন। কিন্তু শেষ পর্যন্ত একজন স্প্যানিয়ার্ডকে হত্যার দায়ে প্রথম জেমস ফাসি দেন তাঁকে। রালেগের স্ত্রীই ক্রীতদাসের মালিক ও প্রতিপালক হওয়াকে ষোড়শ শতাব্দীতে আভিজাত্য ও সামাজিক মর্যাদার প্রতীক এবং ফ্যাশনেবল করে তোলেন। এই ফ্যাশন অব্যাহত থাকে অষ্টাদশ শতাব্দী অবধি।
কবিসাহিত্যিক, শিল্পী আর বিজ্ঞানীদের ব্যবসাভাগ্য অবশ্য কখনোই তত ভালো নয়। এ জন্যে তাদের প্রতি আমাদের সহানুভূতির অন্ত নেই। তাই বলে তাঁদের মতো স্পর্শকাতর আর অনুভূতিপ্রবণ মানুষেরা দাস হত্যাকারীদের পক্ষে দাঁড়াবেন, দাস ব্যবসায়ীদের খাতায় নাম লেখাবেন,–তা কি মেনে নেয়া যায়?
২০০ বছর পরে 'অবসানের পথে'
কালের বিবর্তনে ডিকেন্স, নিউটনদের ঢেকে যাওয়া এই খণ্ড অতীত জানা গেল ব্রিটেনে দাসব্যবসা অবসানের ২০০ বছর (১৮০৭-২০০৭) পূর্তির বিভিন্ন প্রদর্শনী আর আলোচনা থেকে। ২৫ মার্চ ১৮০৭ সালে ব্রিটেনের পার্লামেন্ট ট্রান্সআটলান্টিক স্লেভ ট্রেড অ্যাবলিশন অ্যাক্ট করে আইনগতভাবে বিভিন্ন উপনিবেশে দাস বেচাকেনা ও চালানের অবসান করে। প্রায় ৩০০ বছর দাসদের নিয়ে রক্তের হোলি খেলেছে ব্রিটিশ। তাতেও রক্ষা নেই। দাসদের তারা মনে রেখেছে। তাই ২০০ বছর পূর্তির আবরণে নতুন করে দাসদের মুক্তি দেয়ার গৌরব আর আনন্দবার্তাও তারা ঘোষণা করেছে ২০০৭'এর প্রায় পুরোটা সময় জুড়েই। পূর্তির এই আয়োজন যত সমন্বয়ই করা হোক না কেন, কোনও আয়োজনেই দাসবিদ্রোহকে তুলে ধরা হয় নি। বরং আড়ম্বরের সঙ্গে দেখানো হয়েছে এ ব্যাপারে ব্রিটেনের সংসদীয় প্রচেষ্টাকে, শ্বেতাঙ্গ মানুষের মহীয়ানতাকে।
২০০ বছর পূর্তির বিভিন্ন আয়োজন করেছিল সমন্বিতভাবে ইংল্যান্ডের ন্যাশনাল গ্যালারি, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, হাউজেস অব পার্লামেন্ট, টেট ব্রিটেন, ওয়েস্টমিনিস্টার সিটি আর্কাইভ আর ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল। বিভিন্ন প্রদর্শনী, আলোচনা, কথোপকথন আর দ্রষ্টব্য জায়গাগুলো চিনে নেয়ার এসব আয়োজনের শিরোনাম ছিল 'অন দ্য রোড অব অ্যাবলিশন।' বাংলায় কী বলব একে? 'অবসানের পথে?'
অবসানের এই পথ প্রথম নজরে এলো আমেরিকা থেকে দেশে ফেরার পথে আমাদের পুরানো সহকর্মী, এখন ভোরের কাগজের নির্বাহী সম্পাদক সুকান্ত গুপ্ত অলক লন্ডনে এলে। অলকের প্রচুর প্রাণশক্তি, পারলে একদিনেই পুরো লন্ডন হেঁটে হেঁটে দেখে ফেলে। তা ছাড়া সময়ও কম; প্যারিস আর রোম দেখতে না গেলে তাঁর এই বিদেশভ্রমণ অসমাপ্ত থেকে যাবে। অলকের সঙ্গে আমি ঘুরছি পিকাডেলি সার্কাস, ল্যানচেস্টার স্কয়ার, ট্রাফালগার স্কোয়ার, পার্লামেন্ট হাউজ ইত্যাদি ইত্যাদি। ওই সময়েই আমরা জানতে পারলাম ১৮০৭-২০০৭কে ঘিরে এতসব আয়োজনের কথা, দেখলাম আসলে আমরা একঅর্থে অ্যাবলিশন অ্যাক্টের স্মৃতির বৃত্তে হাঁটাহাটি করছি। ন্যাশনাল গ্যালারিতে তখন চলছে স্ক্র্যাচ দ্য সারফেস প্রদর্শনী। শুরুর রুমেই এ প্রদর্শনীতে ছিল শিল্পী জোফানির মিসেস অসওয়াল্ড (১৭৬৩-১৭৬৪)। ছিল কালো তরুণ ইনকা শোনিব-এর নতুন একটি কাজ। আর ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে তখন চলছে পোর্ট্রেটস, পিপল অ্যান্ড দ্য অ্যাবলিশন অব দ্য স্লেভ ট্রেড : আ জার্নি থ্রু দ্য ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি কালেকশন। হাউজেস অব পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে চলছে দি ব্রিটিশ স্লেভ ট্রেড : অ্যাবলিশন, পার্লামেন্ট অ্যান্ড পিপল প্রদর্শনী। ঘরেবাইরের যেসব উদ্যোগ ও ঘটনাবলী সংসদকে দাসব্যবসা অবসানের দিকে নিয়ে যায় সেসবের প্রমাণপত্র, বিভিন্ন আবেদনপত্র, সারা ব্রিটেন ঘোড়ায় করে ছুটে বেড়ানো থমাস ক্লার্কসনের বিখ্যাত আফ্রিকান বক্স ইত্যাদি ছিল এ প্রদর্শনীতে। আর টেট ব্রিটেনে ছিল ১৮০৭ : ব্লেক, স্লেভারি অ্যান্ড দ্য র্যাডিক্যাল মাইন্ড প্রদর্শনী। দাসব্যবসা অবসানে উইলিয়াম ব্লেক (১৭৫২-১৮২৭), প্রকাশক জোসেফ জনসন (১৭৩৮-১৮০৯) সহ ১৭৯০ ও ১৮০০ দশকের উল্লেখযোগ্য সব র্যাডিক্যাল লেখক ও শিল্পীদের ভূমিকা তুলে ধরা হয় টেট ব্রিটেনের আয়োজনে। আর ওয়েস্টমিনস্টার সিটি আর্কাইভে ছিল স্থানীয় পর্যায়ে দাস ব্যবসার প্রভাব নিয়ে বিভিন্ন সংগ্রহের ওপর ভিত্তি করে এক প্রদর্শনী ওয়েস্টমিনস্টার অ্যান্ড দ্য ট্রান্সআটলান্টিক স্লেভ ট্রেড। দাসব্যবসার কালে ওয়েস্টমিনস্টারে বসবাসরত আফ্রিকানদের জীবনযাপনের বিভিন্ন উপকরণ আর ছবিও ছিল এখানে। অন্যদিকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল আয়োজন করেছিল বিভিন্ন পথযাত্রা ও কথোপকথনের, সিনেমাপ্রদর্শনী ও পারফর্মেন্সের।
————————————————————————-
ক্লার্কসনের আফ্রিকান বক্স
————————————————————————-
তা ছাড়া সারা দিন হাঁটতে হাঁটতে দিন শেষে টাওয়ার ব্রিজের কাছে গিয়ে আমি আর অলক দেখেছিলাম খোলা টেমসের বুকে এক স্থাপনা শিল্প : ইতিহাসখ্যাত জং ম্যাসাকার-এর সেই জং নামের কার্গোটির রেপ্লিকা।
সবকিছু দেখা হয় নি, যদিও সুকান্ত গুপ্ত অলক চলে যাওয়ার পরও বেশ কয়েকবার এইসব প্রদর্শনীতে গিয়েছি আমি।
ত্রিভূজের এক অসমকোণ
ষোড়শ ও সপ্তাদশ শতাব্দীতে নতুন জনপদ আবিষ্কার, বিজয় ও বসতিস্থাপন করা ছিল সমুদ্রতীরঘেঁষা ইউরোপীয় অক্ষশক্তিগুলির 'মুই কী হনু রে!' প্রমাণ করার প্রধান উপায়। স্প্যানিয়ার্ড, পর্তুগীজ ও ডাচরা ছিল এই সমুদ্রব্যবসার সফল নায়ক। ইংরেজরা অনেক পিছিয়ে ছিল এ ব্যাপারে। এতই পিছিয়ে ছিল যে পাল্লা দেয়ারও কোনও উপায় ছিল না। প্রথম দিককার ইংরেজ সমুদ্র অভিযাত্রীদের মনযোগ ছিল আফ্রিকার গোল্ড বা সোনার দিকে। এ জন্যেই শুরুর দিকে ইংল্যান্ডের মুদ্রা পরিচিতি পায় গিনি হিসেবে। শেষমেষ ইংরেজরা সাফল্য খুঁজে পায় দাসব্যবসায়। কেননা ইউরোপের অন্য কোনও দেশেরই আফ্রিকা থেকে দাস আনার ব্যাপারে তেমন মনযোগ ছিল না। আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলিতে বসতি স্থাপন শুরু হলে আফ্রিকার সঙ্গে ইউরোপের ব্যবসায়িক সম্পর্কের পরিবর্তন ঘটতে থাকে। এইসব জায়গায় শুরু হয় চিনির উৎপাদন। চিনির চাষবাস শুরু করে স্প্যানিয়ার্ডরা, পরে একে পরিণত রূপ দেয় ডাচরা। এই শ্রমঘন চিনিপণ্য উৎপাদনের জন্যে তাদের চোখ পড়ে আফ্রিকান ক্রীতদাসদের দিকে।
ওই সময় ক্রীতদাসদের ৭০ ভাগকেই জাহাজে করে আটলান্টিক পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হতো আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চিনির চাষবাস করাতে। এই জঘন্য ব্যবসায়ে ব্রিটিশজাতির সম্পৃক্তির শুরু জানা যায় নি। তবে জন হকিন্স প্রথম জ্ঞাত ব্রিটিশ প্রাইভেটর, যিনি ১৫৬২ সালে আফ্রিকার মানুষদের ক্রীতদাস হিসেবে আটলান্তিক সাগর পাড়ি দিয়ে ক্যারিবিয়ান দেশগুলোয় নিয়ে যেতেন। হকিন্সের আর একজন সহযাত্রী ছিলেন স্যার ফ্রান্সিস ড্রেক। তার আগে থেকেই অবশ্য অনেক দেশ জড়িয়ে পড়ে ক্রীতদাস ব্যবসায়। তবে তা তাদের মুখ্য ব্যবসা ছিল না। রাণী প্রথম এলিজাবেথের সময় থেকে ইংরেজরা মরিয়া হয়ে ওঠে সমুদ্র ব্যবসায়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার। রাণীর কাছ থেকে অনুমতি নিয়ে জন হকিন্স ৩০০ ক্রীতদাসের চালান নিয়ে উত্তর আটলান্টিক পাড়ি দিয়ে সে গুলো চালান করেন চিনি, জিনজার ইত্যাদির বিনিময়ে। এ সব পণ্য নিয়ে তিনি ১৫৬৩ সালে ফিরে আসেন ইংল্যান্ডে। মুনাফার স্বাদে অস্থির হকিন্স পরের বছর আবারও বের হন সমুদ্রঅভিয়ানে। এবার রাণী এলিজাবেথ অনুমতির পাশাপাশি তাঁকে একটি জাহাজও দেন ক্রীতদাস চালানের জন্যে। তবে ইংল্যান্ডে এ সময় আফ্রিকানদের সংখ্যা এত বেড়ে যায় যে দাসব্যবসায় জড়িত থাকলেও রাণী জুলাই ১৫৯০ সালে আফ্রিকানদের দেশ থেকে বহিষ্কার করার ডিক্রি জারি করেন। কিন্তু বিফলে যায় তাঁর ডিক্রি। নিজেদের স্বার্থেই আফ্রিকানদের বহাল রাখে ইংল্যান্ডের অভিজাতরা; যেমন আমাদের ঢাকার অভিজাত ও মধ্যশ্রেণি মানবাধিকারের কারণে নয়, বরং নিজেদের প্রয়োজনেই সংরক্ষণ করে বস্তি ও বস্তিবাসীদের।
১৬২০ দশকের দিকে ব্রিটেন তাদের ইন্ডিয়ান দ্বীপগুলিতে চিনি উৎপাদনের জন্যে, সেইসূত্রে ক্রীতদাস ব্যবসার ব্যাপারে মনোযোগী হয়। এ দু ব্যবসা ছিল তখন একে অপরের পরিপূরক। তা ছাড়া উত্তর আমেরিকার কলোনিগুলিতে টোবাকো চাষের বিকাশ দাসশ্রম ব্যবহারের নতুন সুযোগ সৃষ্টি করে। ১৭৩০ দশকের দিকে ব্রিটেন পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় দাসবাণিজ্যিক রাষ্ট্রে। ১৬৯০ সাল থেকে ১৮০৭ সালের মধ্যে ব্রিটিশ জাহাজে করে পরিবহন করা হয় প্রায় ৩.২৫ মিলিয়ন আফ্রিকান ক্রীতদাসকে। সপ্তাদশ শতাব্দীতে ইউরোপ জুড়ে যে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা দেখা দেয় তাকে কাজে লাগিয়ে ব্রিটেন সক্ষম হয় আফ্রিকা ও আমেরিকার দেশগুলির সঙ্গে ব্যবসায়ে একাধিপত্য অর্জন করতে।
ব্রিটেনের লাভজনক অর্থনৈতিক নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অংশ ছিল অসম দাস ব্যবসা এবং এ অর্থনৈতিক নেটওয়ার্ক পরিচিতি পায় ট্রায়াঙ্গুলার ট্রেড হিসেবে। ইংল্যান্ড থেকে আফ্রিকায় নিয়ে যাওয়া হতো অস্ত্র, কাচ, ধাতু, বস্ত্র এবং বিভিন্ন ব্রিটিশ পণ্য। সেখানে এগুলো আফ্রিকানদের ধরে ক্রীতদাস বানানোর জন্যে বিনিময় করা হতো। তারপর ব্রিটিশ জাহাজে করে অধিকাংশ আফ্রিকান ক্রীতদাসদের চালান করা হতো ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে। এ সব জায়গায় এদের লাগানো হতো চিনি, কফি, সুতা ও কোকো উৎপাদনের কাজে। দাসদের নামিয়ে চিনি, কফি, সুতা, কোকো ইত্যাদি জিনিসপত্রে ভর্তি কার্গো নিয়ে দাসব্যবসায়ীরা ফিরে আসতো ইংল্যান্ডে। মুনাফা লোটার জন্যে এই ত্রিভুজাকৃতির নেটওয়ার্কের চেয়ে সহজ ও নিশ্চিততম আর কোনও অর্থনৈতিক নেটওয়ার্ক ছিল না তাদের।
২০০ বছর বাদে ব্রিটিশজাতি ক্রীতদাস প্রথা অবসানের আনন্দে যত পূর্তিউৎসবই করুক না কেন, ক্রীতদাসরাই প্রথম কণ্ঠস্বর, যারা বিদ্রোহ ও প্রতিরোধের মধ্যে দিয়ে, স্বপ্রণোদিতভাবে লেখাপড়া শিখে লেখালেখি করে এই জঘন্য ব্যবসার বিরুদ্ধে মানুষের সুচেতনা জাগিয়ে তোলে। ইউরোপ আর আমেরিকার শাদা মানুষরা এ ব্যাপারে মুখ খুলতে শুরু করে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। ব্রিটেনে এ ব্যাপারে প্রথম আপত্তি তোলেন জর্জ ফক্স প্রতিষ্ঠিত খ্রীস্টধর্ম সম্প্রদার উদ্ভূত গোষ্ঠী কোয়েকার ও অন্যান্য ননকনফর্মিস্ট চার্চ গ্র"পগুলোর সদস্যরা। কিন্তু দাসব্যবসা অবসানের আন্দোলন ব্যাপকতা পায় ব্রিটেনে বসবাসকারী পুরানো ক্রীতদাস জনগণদের ঐক্যবদ্ধতায়, যা ব্রিটিশ ইতিহাসে গুরুত্বের সঙ্গে কখনও লেখা হয় নি। বিশেষ করে ক্রীতদাস সমারসেট ও জং জাহাজের ঘটনাসংক্রান্ত মামলার মধ্যে দিয়ে দাসমুক্তি ও অধিকারের প্রশ্ন বড় হয়ে ওঠে। কালোরা নিজেরা এ ব্যাপারে কত উচ্চকিত হয়ে উঠেছিলেন তার খানিকটা আঁচ করা যায় এ সময় প্রকাশিত ইগনাটাস সানচো'র পত্রাবলী, ওলাউদা একুয়ানো ওউওবনা অটোবাহ কুগোয়ানোদের বিভিন্ন বইপত্র থেকে। এইসব বইয়ে তুলে ধরা হয় জাহাজে করে দাসদের নিয়ে আসার সময় আফ্রিকানদের ওপর ভায়োলেন্স, অত্যাচার আর অবমাননার বিবরণ। আফ্রিকান ক্রীতদাসরা বারবার প্রতিবাদ, বিদ্রোহ ও প্রতিরোধের মধ্যে দিয়েও এ ব্যবসার নৈতিকভিত্তিকে প্রশ্নবিদ্ধ করতে থাকেন।
১৭৭৬ থেকে ১৭৮৩তে উত্তর আমেরিকার যুদ্ধে ব্রিটিশ সৈনিকদের পরাজয়ের পর দাস ব্যবসা নতুন করে প্রশ্নবিদ্ধ হলো। যুদ্ধে পরাজিত ব্রিটিশ সৈন্যরা ঘরে ফিরতে লাগলেন তাদের পুরানো দাস নিয়ে। সরকার উদ্যোগ নিলেন আবারও তাদের আফ্রিকায় ফিরিয়ে দিতে। কিন্তু সিয়েরা লিওন স্কিম বিপর্যয়ের অভিজ্ঞতায় সরকার বুঝতে পারলেন, এ রকম উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য। ১৭৮০র দশক জুড়েই তাই নানা দিক থেকে ক্রমাগত আলোচনা চলল কালো গরিব আর দাসদের সমস্যা নিয়ে।
আইনের ফাঁক ও সংসদবন্দনা
২০০ বছর পূর্তিকালে ব্রিটেনের এইসব আয়োজনের একটি বড় লক্ষ্য ছিল পার্লামেন্টকেই দাস ব্যবসা 'অবসানের' কেন্দ্রীয় মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করা। যারা এভাবে ইতিহাসকে গঠন করছেন তাঁরা তাঁদের আলোচনার মূল বিন্দুতে রাখছেন পার্লামেন্টারিয়ানদের, বিশেষ করে উইলিয়াম উইলবারফোর্সের ভূমিকাকে,– যাকে কি না দাস ব্যবসা উচ্ছেদ আন্দোলনের সংগঠক ও আফ্রিকান লেখক কুওবনা অটোবাহ কুগোয়ানো 'হিপোক্র্যাট' বলেছিলেন। এমনকি থমাস ক্লার্কসনকেও পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করেন তারা। যদিও থমাস ক্লার্কসনের একাগ্রতা থেকেই সম্ভব হয়েছিল পার্লামেন্টে এ সংক্রান্ত যাবতীয় যুক্তি, প্রমাণপত্র ও মানুষের সমর্থন উপস্থিত করা এবং যখনই পার্লামেন্ট কূটকৌশলে প্রসঙ্গগুলি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে তখনই থমাস ক্লার্কসন জনমত সংগঠিত করে বাধ্য করেছেন পার্লামেন্টকে আলোচনা করতে। উইলিয়াম উইলবারফোর্স মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানরা যৌথভাবে তাঁর যে জীবনী লেখেন, সেখানেও ক্লার্কসন ও অন্যান্যদের অবদান গোপন করা হয়। অন্যদিকে উইলবারফোর্স যিশুখ্রিস্টের সুসমাচার প্রচারক হওয়ার কারণে তাঁর অনুসারীরা এই জীবনীগ্রন্থকেই বিশ্বাসযোগ্য উপস্থাপনায় প্রচার করে গোটা ব্রিটেনে।
আসলে দাসপ্রথা অবসানের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা কতটুকু ছিল? বার বার পার্লামেন্টে ব্যবসা অবসানসংক্রান্ত বিভিন্ন নীতিমালা উপস্থাপন করা হয়েছে। পার্লামেন্ট সে গুলো আলোচনা করে বাতিল করে দিয়েছে। এইভাবে প্রকারান্তরে ব্রিটেনের পার্লামেন্ট দাসপ্রথার অবসানকে বিলম্বিত করেছে। দাস ব্যবসা উচ্ছেদের পর নীতি বাস্তবায়নের প্রক্রিয়াকেও করেছে প্রলম্বিত। যদিও এই সংসদীয় অনুকম্পা প্রার্থনার বৃত্তে ঘুরপাক খাওয়া ছাড়া অন্য কোনও উপায়ও ছিল না দাসপ্রথার অবসানবাদীদের। কারণ সপ্তদশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে পার্লামেন্ট আলাদা প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা পেতে শুরু করে। বিশেষ করে রাজতন্ত্রবিরোধী জনগণ এই মর্যাদাবৃদ্ধিকারীদের দল ভারি করে। তারপর ১৬৮৮-৮৯ সালের বিপ্লব পার্লামেন্টকে দাঁড় করায় এমন এক সুদৃঢ় ভিত্তির ওপর যে ইংল্যান্ডের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও সংসদের ভূমিকা স্বীকৃত হয়। ডিসেম্বর ১৬৮৯ সালে অনুমোদিত হয় বিল অব রাইটস। রাজতন্ত্রের থেকে ক্ষমতা চলে আসে সংসদের দিকে। কেননা বিল অব রাইটস'এর একটি অন্যতম ধারা ছিল, রাজা সংসদের সম্মতি ছাড়া কর আরোপ করতে পারবেন না। কর আরোপ আর অর্থ ধার নেয়ার ক্ষেত্রে সংসদের নতুন ভূমিকার মধ্যে দিয়ে তখন ইংল্যান্ডের বহির্দেশীয় ব্যাপ্তির ভিত্তি স্থাপিত হয়।
অবশ্য পার্লামেন্ট বিকাশের অনেক আগেই ১৫৬৯ সালে এক ইংরেজ জজ এক মামলায় রাশিয়ার এক ভূমিদাসের ওপর দুর্ব্যবহারের বিরুদ্ধে রায় দেন। কিন্তু এই মামলার রায় দাসব্যবসায়ী ও দাসমালিকদের নিপীড়ন বন্ধের ক্ষেত্রে ভূমিকা রাখতে ব্যর্থ হয়। এর অনেক পর ১৭০৬ সালে লর্ড চিফ জাস্টিজ হল্ট আইন করেন, কালো দাসরা ইংল্যান্ডে এলেই মুক্ত বলে বিবেচিত হবে। তিনি এক রায় দিতে গিয়ে মন্তব্য করেন, কোনও ব্যক্তি ইংল্যান্ডের জন্যে ভিলেন হতে পারে, কিন্তু তাকে দাস বানানো যাবে না। ১৭৬৫ সালে মানবপ্রেমিক ও ক্ল্যাসিক ব্যাকরণবিদ গ্রানভিল শার্পের সঙ্গে সাক্ষাৎ হয় ১৬ বছরের জোনাথন স্ট্রং-এর। বারবাদোস থেকে তাকে কিনে আনে তার মনিব ডেভিড লিসলে। তারপর একদিন শখের বশে ছেলেটিকে প্রচণ্ড মারধর করে পিস্তল দিয়ে গুলি করে মরো-মরো অবস্থায় রাস্তায় ফেলে দেয়। মানবপ্রেমিক শার্প এ ছেলের জন্যে আদালতে যান। কিন্তু ১৭৬৭ সালে আফ্রিকান ক্রীতদাস জোনাথন স্ট্রং-এর মামলায় রায় দেয়া হয়, ক্রীতদাস সবসময়েই ক্রীতদাস, এমনকি ইংল্যান্ডের মাটিতে এলেও। এই রায় আহত করে শার্পকে। তিনি এ রায়ের বিরুদ্ধে কলম ধরেন। এরপর ১৭৭২ সালে তিনি পৃষ্ঠপোষকতা করেন জেমস সমারসেট নামের এক পলাতক ক্রীতদাসের মামলাতে। মালিক চার্লস স্টুয়ার্ডের সঙ্গে সমারসেটের এ মামলা দাস ব্যবসার বিরুদ্ধে সংগ্রামে নতুন পথফলক হয়ে ওঠে। কেননা লর্ড চিফ জাস্টিজ ম্যান্সফিল্ড রায় দেন, পলাতক জেমস সমারসেট ইংল্যান্ডে ক্রীতদাস নয়। অন্য কোথাও এমনকি ব্রিটিশ জাহাজে ক্রীতদাস হলেও ইংল্যান্ডের মাটিতে পা ফেলার সঙ্গে সঙ্গে সে মুক্ত মানুষ বলে গণ্য হবে ম্যান্সফিল্ড রায় দেন। এইভাবে ব্রিটেনের বিচার ব্যবস্থা প্রথম কার্যকর ভাবে আইনের ফাঁক থেকে সরে আসে, অবস্থান নেয় ক্রীতদাসদের পক্ষে।
একজন ঘোড়সওয়ার, একজন শিল্পী ও একটি ছবি
কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্ট যত শক্তিশালীই হয়ে উঠুক না কেন, একজন থমাস ক্লার্কসন না থাকলে দাসব্যবসার অবসান কবে হতো বলা মুশকিল।
অথচ এমন কোনও কথাই ছিল না যে থমাস ক্লার্কসন কোনও একদিন অবসানবাদী হয়ে উঠবেন।
কেমব্রিজশায়ারের উইজবিচের সন্তান থমাস ক্লার্কসন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে প্রস্তুতি নিচ্ছিলেন যাজক হওয়ার। ওই সময় ১৭৮৫ সালে তিনি অংশ নেন এক বার্ষিক রচনা প্রতিযোগিতায়। ইজ ইট ল'ফুল টু এনস্লেভ দি আনকনসেনটিং? শিরোনামের এই লেখা প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। কিন্তু লেখাটি তৈরি করতে গিয়ে ট্রান্সআটলান্তিক দাস ব্যবসা সম্পর্কে ভয়াবহ সব তথ্য জানতে পারেন তিনি। এই একটি লেখাই পাল্টে দেয় তাঁর জীবনের গতিপথ। লিখতে লিখতেই সিদ্ধান্ত নেন, দাস ব্যবসা বাতিলের জন্যে যা যা দরকার তার সবই করবেন। অতএব চার্চে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিলেন তিনি। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন কোয়াকারদের সঙ্গে। মাত্র এক বছরের মধ্যেই তিনি নিয়োজিত হলেন দাস ব্যবসা অবসানের কাজে।
১৭৮৭ সালে ক্লার্কসন সদস্য হন লন্ডন কমিটির মুখ্য কমিটির ১২ সদস্যের একজন হিসেবে। লন্ডন কমিটি ছিল দি সোসাইটি ফর ইফেকটিং দ্য অ্যাবলিশন অব দ্য স্লেভ ট্রেডএর অংশ। মানবপ্রেমিক ও ক্ল্যাসিকাল ব্যাকরণবিদ গ্রানভিল শার্পও ছিলেন এ কমিটিতে। ক্লার্কসন ছিলেন এ কমিটির একমাত্র সদস্য, যিনি ব্যবসায়ী ছিলেন না। আধুনিক অ্যাডভোকেসিতে যে সব পন্থা ব্যবহার করা হয় তার প্রায় সব কিছুরই সূচনা হয় ক্লার্কসনের এই মানবাধিকার প্রচারাভিযানের মধ্যে দিয়ে। ভালো একজন ঘোড়সওয়ার ছিলেন তিনি। ঘোড়ার পিঠে চড়ে চলে যেতেন দেশের বিভিন্ন শহর তো বটেই, প্রত্যন্ত এলাকাতেও। অনেকবার পথেপ্রান্তরে আক্রমণ ও সন্ত্রাস চালানো হয়েছে ক্লার্কসন ও তাঁর সহযোগীদের ওপরে। তারপরও ক্লার্কসন ঘোড়ায় করে প্রথমপর্বে সাত বছরে ৩৫,০০০ মাইল পথ পাড়ি দেন, ভাষণ দেন বিভিন্ন জায়গায়, সংগ্রহ করেন ক্রীতদাসদের কেসস্টাডি ও গবেষণামূলক বিভিন্ন তথ্য। এ কাজে তাঁকে সাহায্য করেন স্থানীয় পর্যায়ের কোয়াকার সংগঠকরা। এসব কেসস্টাডি আর তথ্যই ব্যবহৃত হয় জনমত তৈরির কাজে, সংসদে লবিং-এর কাজে। হাউজ অব কমনসে পার্লামেন্টারিয়ান উইলিয়াম উইলবারফোর্স তার প্রামাণিক গবেষণার ভিত্তিতেই এ ব্যাপারে বক্তব্য তুলে ধরেন।
এই প্রচারাভিযানের সময় ক্লার্কসন আরও দুটি কাজ করেন। তিনি ক্রীতদাসদের ভাষ্য থেকে এমন সব পণ্যও চিহ্নিত করেন যে গুলো আফ্রিকার দেশগুলির সঙ্গে ইংল্যান্ডের একটি অবাধ বাণিজ্যসম্পর্ক গড়ে তুলতে পারে, বন্ধ করতে পারে মানবিক সম্পর্কের বিপর্যয়। পাশাপাশি তিনি ব্রিটিশ জনগণকে জানাতে থাকেন, আফ্রিকানদেরও রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর স্বকীয় হস্তশিল্প। আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাপ্রত্যাগত নাবিক ও অন্যান্যদের কাছ থেকে আফ্রিকার বিভিন্ন জিনিসপত্র ও হস্তশিল্প সংগ্রহ করেন তিনি। এ গুলি তিনি যে বাক্সে রাখতেন, সেটি অল্প সময়েই পরিচিত হয়ে ওঠে আফ্রিকান বক্স নামে। বিভিন্ন সফরের সময় তো বটেই, সংসদে উইলিয়াম উইলবারফোর্স ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের সঙ্গে সংলাপ ও মতবিনিময়ের সময়েও তিনি এটি সঙ্গে রাখতেন। এমনকি জীবনের শেষপ্রান্তে গিয়েও ৬৩ বছর বয়সে প্রচারাভিযানে বের হন তিনি, পাড়ি দেন ১০,০০০ মাইল পথ।
দাস ব্যবসার অবসানে ক্লার্কসনের এই নেতৃত্বের দিকটি সমকালেই ধরে রাখেন শিল্পী বেনজামিন রবার্ট হাইডন (১৭৮৬-১৮৪৬)। বরাবরই হাইডন দুর্বল ছিলেন অ্যাকাডেমিক পরিপ্রেক্ষিত থেকে ইতিহাসভিত্তিক পেইন্টিং আঁকার প্রতি। কিন্তু এ রকম পেইন্টিং তখন ছিল অজনপ্রিয়। ফলে মনের আকাক্সক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে হাইডন সারাজীবনই বেশ অর্থকষ্টে ভোগেন। ১৮০৯ সালে রয়াল একাডেমি ছাড়েন তিনি। শুরু করেন স্বাধীনভাবে ছবি আঁকতে ও প্রদর্শনী করতে। অনেক সফলতা পাওয়ার পরও হাইডন শিল্পী হিসেবে নিজের ব্যর্থতা সম্পর্কে এত সুনিশ্চিত ছিলেন যে ১৮৪৬ সালে আত্মহনন করেন। তবে বেশ কয়েকটি ডায়েরি রয়েছে তাঁর, অন্তর্গত জুড়িহীন অন্তর্দৃষ্টি দিয়ে তিনি তাতে লিখে রেখে গেছেন তাঁর সমকালীন জনগণের জীবনযাপন ও রাজনৈতিক চালচিত্র। দাস ব্যবসা
……..
আমেরিকার দক্ষিণে নিলামের শেষে ক্রীতদাসী মা আর মেয়েকে আলাদা করে নেয়ার খোদাই ছবি।
……..
নির্মূলের আইনি যুদ্ধে জয়ী দি ব্রিটিশ অ্যান্ড ফরেইন অ্যান্টি স্লেভারি সোসাইটি (বিএফএএসএস) কনভেনশন করে জুন ১৮৪০ সালে। ১২ দিনের এ কনভেনশনে সারা পৃথিবী থেকে যোগ দেয় ৫০০ প্রতিনিধি। বিএফএএসএস এই কনভেনশনকে অবিস্মরণীয় করে রাখতে একটি পেইন্টিং আঁকানোর সিদ্ধান্ত নেন এবং সঙ্গতকারণেই তারা নির্বাচিত করেন হাইডনকে। এর আগে ১৮২০ সালে হাইডন একটি প্রদর্শনী করে সবার নজর কাড়েন, যে প্রদর্শনীতে ছিল তার ক্রাইস্ট'স এন্ট্রি ইনটু জেরুজালেম থেকে লাইকনেস ফ্রম কিটস টু ওয়ার্থওয়ার্ড শিরোনামের ছবিগুলি। ১৮৩২-৩৪ সালে তিনি আঁকেন গ্রেট রিফর্ম অ্যাক্ট অনুমোদনের ছবি। এইভাবে হাইডন তাঁর নিজস্ব অবস্থান তৈরি করেন। তবে কমিশনের এই পেইন্টিংটি আঁকতে তিনি ছিলেন অনিচ্ছুক। কেননা তাঁর ধারণা ছিল একটি কনভেনশন কোনও দৃষ্টিগ্রাহ্য প্রেক্ষাপট তৈরি করতে পারবে না। কিন্তু কনভেনশনের প্রথম দিনেই থমাস ক্লার্কসন, আইরিশ রেডিক্যাল ডানিয়েল ও'কনেল এবং মুক্ত দাস হেনরি বেকফোর্ডকে বক্তব্যরত অবস্থায় দেখার পর তিনি আবেগতাড়িত হয়ে পড়েন এবং স্কেচ নিতে শুরু করেন। ডায়েরিতে লিখে গেছেন তিনি কী প্রচণ্ড আবেগতাড়িত হয়েছিলেন তিনি কনভেনশন থেকে। আর সেই আবেগের মধ্যে দিয়ে খুঁজে পেয়েছিলেন তাঁর আকাক্সিক্ষত শিল্পসৃষ্টির একটি আইডিয়াল ফর্ম। এই কনভেনশনে ক্লার্কসনের বক্তব্য শুনে প্রতিনিধি সবারই চোখ জলে ভিজে উঠেছিল, অনেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন।
ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে প্রদর্শিত এ তৈলচিত্রের খসড়া শিল্পী হাইডন কনভেনশনের সময়েই এঁকেছিলেন, পরে প্রায় এক বছর ধরে কাজ করে ছবিটির একটি পূর্ণাঙ্গ রূপ দাঁড় করান তিনি। এ পেইন্টিং-এ দেখা যাচ্ছে, ক্লার্কসন সরাসরি জ্যামাইকার মুক্ত দাস হেনরি বেকফোর্ডের (১৮০৯-?) দিকে হাত তুলে কথা বলছেন। আর হেনরি বেকফোর্ডও তাঁর বক্তব্য শুনছেন গভীর মনযোগ দিয়ে। কালো আর শাদা দু জন মানুষ পরস্পরকে অনুভব করার চেষ্টা করছে একই গভীর আন্তরিকতা থেকে। পেইন্টিং-এর মাধ্যমে এই দৃশ্যের চিরঅমরতা পরবর্তী সময়ে বিতর্ক সৃষ্টি করে। কেননা এ কম্পোজিশনটি শৈল্পিকতার পাশাপাশি স্থাপন করে রাজনৈতিকতাকে। বেকফোর্ডকে এত গুরুত্ব দেয়ায় অনেকেই ভীষণ ক্ষুব্ধ হন। হেনরি বেকফোর্ড সম্পর্কে তেমন কোনও তথ্য জানার সুযোগ এখন আর নেই। তাঁর নামের শেষ অংশ থেকে শুধু এ টুকুই বোঝা গেছে, একসময় বেকফোর্ড পরিবারের দাস ছিলেন তিনি। ১৬৬০ দশকের দিকে এই বেকফোর্ড পরিবার জ্যামাইকাতে দাসব্যবসার মাধ্যমে প্রচুর টাকার মালিক হয়েছিলেন। তখন দাসদেরও তাদের নামের সঙ্গে দাসমালিকদের পারিবারিক পদবি যুক্ত করে ব্র্যান্ডিং করা হতো। এইভাবে হেনরির নামে বেকফোর্ড যুক্ত হয়ে যায়। দাসব্যবসা অবসানের পর বেকফোর্ড পরিবার ক্ষতিপূরণ হিসেবে পান ২০০,০০০ পাউন্ড। কিন্তু হেনরি বেকফোর্ড পান নি কিছুই। শাদা মানুষের ভিড়ে এ হেন একজন কালো মানুষকে গুরুত্ব দেয়ায় তাই হাডসন বিতর্কিত হন। পেইন্টিং-এর শেষ পর্যায়ে শিল্পী প্রতিনিধিদের অনেককেই চেনেন না,–এই অজুহাতে তাঁকে অনুরোধ করা হয় ক্যানভাসে আরও ৩১টি মুখ জুড়ে দিতে। ক্ষুব্ধ হাইডন বলেন, যদি তারা চায় তা হলে ময়ূরের লেজের মতো তাদেরও সবটা জুড়ে খালি মাথা থাকবে। হাইডন ওই কনভেনশনে উপস্থিত হিপোক্র্যাসির জন্যে অভিযুক্ত সব রাজনীতিকদের ছবির একেবারে শেষ সারিতে এঁকে নিজের রাজনৈতিক অবস্থানও তুলে ধরেন।
এ পেইন্টিং-এর ৫০০ মুখের মধ্যে ১৩৮ টি মুখ এখন পর্যন্ত সনাক্ত করা গেছে। উল্লেখযোগ্য দিক হলো, এই বিশ্বজনীন সম্মেলনে কৃষ্ণাঙ্গ ও নারী প্রতিনিধি ছিলেন একেবারেই কম। পেইন্টিং থেকেও তা অনুমান করা যায়। পেইন্টিংটিতে রয়েছেন মাত্র পাঁচজন কৃষ্ণাঙ্গ : হেনরি বেকফোর্ড, বারবাদোসের স্যামুয়েল প্রেসকট, হাইতির এম ল'ইন্সট্যান্ট, জ্যামাইকার লুইস লেসেসনে আর মুক্ত মানুষ এডওয়ার্ড বাররাট। মাত্র তিনজন নারী প্রতিনিধি ছিলেন এ সম্মেলনে : কবি ও উপন্যাসিক অ্যামেলিয়া ওপি, লেডি বায়রন এবং মেরি ক্লার্কসন। কনভেনশনে নারী প্রতিনিধিদের কোনও বক্তব্য রাখার সুযোগ ছিল না। অথচ চিনি বর্জন আন্দোলনের সূচনা ও বিকাশ ঘটেছিল নারীদের কারণেই। প্যাম্পলেট ছাপানো আর আলোচনা আয়োজন করার দায়িত্বও ছিল তাদের ওপর! এপ্রিল ১৮৪১ সালে ছবি আঁকার কাজ শেষ হলে প্রদর্শনীর আয়োজন করা হয় মে মাসে, পিকাডেলি সার্কাসের ইজিপ্টিয়ান হলে। এক শিলিং দর্শনীমূল্যের এ প্রদর্শনীটি অসফল হয়। যদিও ক্লার্কসন বলেন, 'এরকম সুন্দর কিছু আমি এর আগে আর দেখি নি।' কিন্তু প্রতিনিধি উইলিয়াম লুকাস এটিকে 'ওয়াগনলোডস অব হেড' বলে প্রত্যাখ্যান করেন। ফলে হাইডন মুষড়ে পড়েন ভীষণ। এর কয়েক বছর পরই আত্মহনন করেন তিনি।
অ্যাবলিশন অ্যাক্ট অথবা সাংবিধানিক গর্ভপাত
১৭৮৮ সালে দাস ব্যবসার অবসানবাদীরা ইংল্যান্ডের পার্লামেন্টের দু কক্ষেই ব্যাপকভাবে আবেদনপত্র দিতে থাকেন। ওই সময় ভোটাধিকার ছিল সীমিত। যাঁরা ভোটার নন, তাঁরা তাঁদের কণ্ঠস্বর উচ্চকিত করেন আবেদনপত্রের মাধ্যমে। অন্যদিকে দাস ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী, বিনিয়োগকারী, চাষমালিক, কারখানামালিক এবং জাহাজমালিকরাও হাউজ অব কমনস আর হাউজ অব লর্ডস-এ আবেদন করতে থাকেন।
যিশুর সুসমাচারপ্রচারক উইলিয়াম উইলবারফোর্স টোরি এমপি হিসেবে পার্লামেন্টে প্রবেশ করেন ১৭৯০ সালে। অবসানবাদীদের প্রচারাভিযানে প্রথমদিকে তাঁর কোনও ভূমিকাই ছিল না। লন্ডন কমিটি অক্টোবর ১৭৮৭ থেকে বিভিন্ন সময়ে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। অনুরোধ জানান সংসদে দাস প্রসঙ্গটি উত্থাপন করে আলোচনা ও বিতর্ক করতে। কিন্তু তিনি তাদের আহ্বানে নীরব থাকেন। তবে তাঁর বন্ধু প্রধানমন্ত্রী উইলিয়াম পিট তাঁকে এ বিষয়ের সংসদীয় মুখপাত্র করলে তিনি এতে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। তবে তাঁর যে ভাবমূর্তি গড়ে ওঠে সেটি মূলত শার্প, ক্লার্কসন আর ইকুয়ানোর সম্মিলিত পদক্ষেপ ও প্রচারাভিযানের ফল। ১৭৮৮ সালে উইলিয়াম পিট বিষয়টি তদন্ত করার জন্যে একটি সংসদীয় কমিটি গঠন করেন। কমিটি এপ্রিল ১৭৮৯ সালে সংসদের সামনে এ বিষয়ে রিপোর্ট পেশ করে। এরপর উইলবারফোর্স সংসদে দাবি তোলেন একটি কমিটি গড়ে অবসানবাদীদের আবেদনপত্র বা পিটিশনগুলি নিরীক্ষণ করতে। ১২ মে ১৭৮৯ সালে তিনি এ প্রসঙ্গে দীর্ঘ একটি বক্তব্য রাখেন সংসদে। কিন্তু সংসদ এ বিষয়ে আর কোনও আলোচনা না করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা ভেঙে দেয়।
দাস ব্যবসা নিয়ে এরপর প্রচারাভিযান ও সংসদীয় বিতর্ক অনেকটাই থিতিয়ে পড়ে। আর এর প্রধান কারণ ছিল ফরাসি বিপ্লব। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দ্বীপগুলিতেও বিদ্রোহ শুরু হয়। দ্বিতীয় ঘটনাটি ছিল ফরাসি উপনিবেশ ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট দমিনিগ বা এখনকার হাইতি দ্বীপে ত্যুসেইন্ট লওভারচার'এর নেতৃত্বে দাসবিদ্রোহ। ব্রিটিশরা চেষ্টা করে সেইন্ট দমিনিগ দখল করার ও বিদ্রোহ দমন করার। কিন্তু উল্টো ৪০,০০০ হাজারের ব্রিটিশ সৈনিক নিহত হয় তাদের এ অন্যায্য যুদ্ধে। ব্রিটিশ সৈনিকরা বাধ্য হয় দেশে ফিরে আসতে। তবে তারা সঙ্গে করে নিয়ে আসে আফ্রিকান দাস, যা জন্ম দেয় নতুন বিতর্কের।
এ সব কারণে ১৭৯১ সালে প্রথমবারের মতো দাস ব্যবসার অবসানসংক্রান্ত বিলটি সংসদে আলোচনার জন্যে উঠলেও শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়। উইলবারফোর্সের মাধ্যমে লন্ডন কমিটি চেষ্টা চালালেও পার্লামেন্ট অবস্থান নেয় দাসব্যবসার পক্ষে। কেননা ব্রিটিশ পার্লামেন্টের দু কক্ষ এ সময় 'শুয়োরের আঁখড়া' না হোক, দাস ব্যবসায় বিনিয়োগকারীদের আখড়া হয়ে উঠেছিল।
দাস ব্যবসার বিরুদ্ধে প্রচারাভিযান আবারও তুঙ্গে ওঠে ১৮০৬-এ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের মৃত্যুর পর। নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয় লর্ড গ্রেইনভিলের নেতৃত্বে, যেটি ছিল অবসানবাদীদের প্রতি সহানুভূতিশীল। তার আগে ১৮০৫ সালে পার্লামেন্টে আবারও অ্যাবলিশন বিল তোলা হয় এবং যথারীতি তা ১৫ বছরের মধ্যে ১১ বারের মতো প্রত্যাখ্যাত হয়। লন্ডন কমিটি আবারও প্রচারাভিযানে নামে। থমাস ক্লার্কসন দ্বিতীয়দফা ঘোড়সওয়ার হন সারা দেশে জনমত গড়তে। তাঁর অক্লান্ত চেষ্টায় আবারও ব্যাপক আবেদনপত্র জমা হতে থাকে। শুধু তাই না, জনমত এত বিরুদ্ধে চলে যায় যে মানুষ দাসব্যবসার সঙ্গে সম্পৃক্ত চিনি ও অন্যান্য পণ্য ব্যাপকাকারে বর্জন করতে থাকে।
থমাস ক্লার্কসনের দ্বিতীয় দফা প্রচারাভিযান থেকে সংগৃহীত এ সব আবেদনপত্রের আলোকেই তৈরি করা হয় দি ফরেইন ট্রেড অ্যাবলিশন বিল ১৮০৬।
একটি সরকারি বিল হিসেবে এটি উত্থাপিত হয় আর তা উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল স্যার আর্থার লিয়ারি পিগট। এ বিলের লক্ষ্য ছিল বিদেশি অঞ্চলগুলিতে ব্রিটিশ ব্যবসায়ীদের দাসচালান বন্ধ করা। কিন্তু উইলবারফোর্সের এ বিলে সম্মতি ছিল না। বিভিন্ন জনের পরামর্শে তৃতীয়বার বিলটি পড়ার পর তিনি এতে সম্মতি দেন এবং ২৩ মে ১৮০৬ সালে বিলটি পার্লামেন্টের অনুমোদন পায়। এটি অনুমোদন পাওয়ার ফলে দাস ব্যবসা পুরোপুরি বন্ধের আইনগত দাবি তোলা অবসানবাদীদের পক্ষে অনেক সহজ হয়ে যায়। ২ জানুয়ারি ১৮০৭ সালে পার্লামেন্টে উত্থাপিত হয় দি স্লেভ ট্রেড অ্যাবলিশন বিল। প্রধানমন্ত্রী লর্ড গ্রেইনভিল বিলটি পড়ে শোনান। ১৫ মার্চ ১৮০৭ সালে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ উপনিবেশগুলিতে ট্রান্সআটলান্টিক দাস ব্যবসা অবসানসংক্রান্ত নীতি চূড়ান্তভাবে অনুমোদন করেন। এর ফলে আইনগতভাবে ব্রিটিশ জাহাজে করে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে আফ্রিকান ক্রীতদাসদের চালান করার পথ রুদ্ধ হয়ে যায়।
এইভাবে পার্লামেন্ট দাস ব্যবসাকে একটি আইনগতবিরোধী কাজের ছাপ লাগিয়ে দিলেও দাস ব্যবসা টিকে থাকে ১৮৩৮ সাল অবধি। পার্লামেন্টের এই অ্যাক্ট একটি কাজই সফলভাবে করতে পেরেছিল–ব্রিটিশ ডকইয়ার্ডগুলিতে বন্ধ হয়ে গিয়েছিল দাস পরিবহনকারী জাহাজ নির্মাণের কাজ। কিন্তু ১৫০০ সাল থেকে ১৮০৭ সালের মধ্যে যে সব আফ্রিকান দাস হয়েছিলেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশকে এরপরও আটলান্টিকের ওপর দিয়ে চালান করা হয়। আইনগতভাবে অবৈধ করায় দাসচালান এ সময় আরও মুনাফাজনক হয়ে ওঠে। শেষমেষ এ আইনকে কার্যকর করার জন্যে ব্রিটিশ সরকার ১৮৩৮ সালে ঘোষণা করেন দাসমালিকদের ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে। মর্মান্তিক সত্য হলো, এর ফলে কোনও কোনও দাসমালিক এত লাভ করেন, যা তারা সারা জীবনের ব্যবসায়ও করতে পারেন নি; অথচ বংশানুক্রমিক ক্রীতদাসদের কোনও ক্ষতিপূরণ না দেয়ায় সরাসরি দারিদ্র্যে নিক্ষিপ্ত হন তারা সবাই। সাংবিধানিক গর্ভপাতের মাধ্যমে এইভাবে ব্রিটেনে নতুন এক কাঠামোয় দাসশ্রম জিইয়ে রাখা হয়। প্রথমদিককার দাসপ্রথা যেখানে বিকশিত করেছিল মানুষকে পরাভূত ও অবনত করে রাখার নিষ্ঠুর এক দৃষ্টিগ্রাহ্য কাঠামো, নতুন এই দাসশ্রম সেখানে দীর্ঘমেয়াদ ধরে লালন করতে থাকে বর্ণবাদ আর অসমতা,–যা এখনও প্রবহমান।
সঞ্চয়ে কিছু মুখ
পার্লামেন্টের কাজ পার্লামেন্ট করেছে; চেষ্টা করেছে নিজের মহীয়ানতা তুলে ধরার। অন্যদিকে ন্যাশনাল পোর্ট্রটে গ্যালারির প্রদর্শনীর ফোকাস ছিল ইতিহাসের সেই সব ব্রিটিশদের ওপর, দাসব্যবসা যাদের এনে দিয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা, মর্যাদা আর প্রতিপত্তি। এনে দিয়েছে মুনাফা। তাঁদের পোর্ট্রেটও ছিল এতে,–যারা দাস ব্যবসার শিকার হয়েছেন, দাস ব্যবসার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করেছেন। এমন অনেক পেইন্টিংও ছিল প্রদর্শনীতে যাতে রয়েছে অসংখ্য তরুণী, নারী ও পুরুষের মুখ। কেউ চেনে না তাদের, কিন্তু অজ্ঞাত হলেও ভুলবার মতো নয় তারা।
এরকমই একটি দাসশিশুর মুখ রয়েছে পিয়ের মিগনার্ডের ১৬৮২ সালে আঁকা এক তৈলচিত্রে। আসলে পিয়ের মিগনার্ড এঁকেছেন লুইস দ্য কেরোয়েল-এর তৈলচিত্র, যিনি ফ্রান্স থেকে মেইড অব অনার হিসেবে দ্বিতীয় চার্লসের বোন ডাচেস অব অরলিয়েন্স-এর সন্তানকে দেখভাল করতে ১৬৭০ সালে প্রথম ইংল্যান্ডে আসেন। ফরাসি রাজার ধারণা হয় কূটনৈতিক সম্পদ হিসেবে তাঁকে কাজে লাগানো যাবে। তাই ১৬৭১ সালে তিনি ইংল্যান্ডে আবারও আসেন রাজা চার্লসের মিসট্রেস হিসেবে। ১৬৭৩ সালে ডাচেস হওয়ার পাশাপাশি তিনি চার্লসের এক সন্তান চার্লস ডিউক অব রিচমন্ডের (১৬৭২-১৭২৩) মা হন এবং কোর্টে কিছুটা হলেও প্রতিপত্তি খাটানোর ক্ষমতা অর্জন করেন। দামি প্রবাল, হীরা ইত্যাদির গয়না পরার পাশাপাশি ডাচেস তার কোলে তুলে নিয়েছেন অজ্ঞাত এক আফ্রিকান দাসছেলেকে। কেননা ক্রীতদাসও ছিল তখন মর্যাদা, প্রতিপত্তি ও বৈভবের প্রতীক। কিন্তু পেইন্টিংটি নিজের ঔজ্জ্বল্য সৃষ্টি করেছে কালো ও শাদার বৈপরীত্যের মধ্যে দিয়ে।
মাত্র একটি কক্ষে আয়োজন করা হয়েছিল ন্যাশনাল গ্যালারির প্রদর্শনী। এটি ছিল বেশ দৃষ্টিকটূ, মনে হচ্ছিল দাস ব্যবসায়ীদের 'উদ্ভাবনী' বন্দনায় নেমেছে তারা। সেখানে এমন কোনও ছবিই ছিল না যেটি কোনও একক দাসের দূরে থাক, নামহীন দাসদের প্রতিনিধিত্ব করে। তুলনায় ন্যাশনাল পোর্ট্রটে গ্যালারির প্রদর্শনী ছিল অনেক সমৃদ্ধ। সেখানে ছিল দাসত্ব বিরোধী লেখক ও অবসানবাদী প্রচারক ওলাউদা ইকুয়ানো ওরফে গুস্তাভাস ভাসা, সংগ্রামী ক্রীতদাস ইগনাটিয়াস সানচো, লেখক ও কিউরেটর লরেল স্টার্ন, নাট্যকার ও উপন্যাসিক আফরা বেন, বিখ্যাত ডায়েরি লেখক নাভাল অ্যাডমিনিস্ট্রেটর স্যামুয়েল পেপিস, অক্লান্ত পান্থজন, ধর্মপ্রচারক ও লেখক জন ওয়েসলে, লেখক স্যামুয়েল জনসন, গথিক টেস্টের পথিকৃৎ হোরাটিও (হোরাস) ওয়ালপোল, বিখ্যাত পটার জোসিয়া ওয়েজউড, মেরি উলফস্টোনক্রাফট, শিল্পী ও কবি উইলিয়াম ব্লেক, কবি উইলিয়াম কপার প্রমুখের প্রতিকৃতি। ছিল তাঁদের দৃষ্টিভঙ্গির খুব সংক্ষিপ্ত বিবরণ।
শ্বাসরুদ্ধকর এক আত্মজীবনী লিখে গেছে ওলাউদা ইকুয়ানো (১৭৪৫-১৭৯৭)। তাঁর আত্মজীবনী দি ইন্টারেস্টিং ন্যারেটিভ অব দ্য লাইফ অব ওলাউদা ইকুয়ানো অর গুস্তাভাস ভাসা তখন ইংরেজিতে নয়বার মুদ্রিত হয়। এ ছাড়াও অনুদিত হয় ডাচ, জার্মান ও রাশান ভাষায়। দাসব্যবসা উচ্ছেদের আন্দোলনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য বলে বিবেচিত। আফ্রিকা থেকে ১১/১২ বছর বয়সের সময় তাঁকে অপহরণ করে নিয়ে আসে দাস ব্যবসায়ীরা। তাঁকে নিয়ে যাওয়া হয় বারবাদোস-এ। ওইখান থেকে তাঁকে বেচা হয় আমেরিকার ভার্জিনিয়ার এক খামারে। এইভাবে এক পর্যায়ে তিনি বিক্রি হন ব্রিটিশ নাভাল অফিসার মিচেল পাসকালের কাছে। তিনি তাঁর নাম রাখেন গুস্তাভাস ভাসা। এরপর বিক্রি হন ফিলাডেলফিয়া কোয়াকার ব্যবসায়ী রবার্ট কিং-এর কাছে। রবার্ট কিং-এর জাহাজে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে ১৭৬৬ সালে নিজের স্বাধীনতা কেনেন ইকুয়ানো। তাঁর আত্মজীবনী থেকে নেয়া এই বাক্য ক'টি দৃষ্টিগ্রাহ্য আকারে সেটে দেয়া হয়েছিল গ্যালারির কক্ষে :
এ টুকুও কি যথেষ্ট নয় যে আমাদের দেশ ও বন্ধুদের থেকে আমরা উন্মূল হয়েছি তোমাদের বিলাসিতা আর মুনাফার লালসা মেটানোর জন্যে কঠোর পরিশ্রম করতে? তোমাদের লোভের জন্যে আমাদের প্রতিটি কোমল অনুভূতিই বিসর্জন দিতে হবে? …কেন পিতামাতা তাদের সন্তান হারাবে, ভাইরা তাদের বোনদের হারাবে, স্বামীরা হারাবে তাদের স্ত্রীদের?
অন্যদিকে ইগনাটিয়াস সানচো (১৭২৯-১৭৮০) ছিলেন একজন অন্যতম প্রচারলেখক। মধ্য-আটলান্টিকের এক দাস পরিবহনকারী জাহাজে তিনি জন্ম নিয়েছিলেন। দু বছর বয়সে ব্রিটেনে আসেন তিনি এবং গ্রিনউইচের একটি সিস্টার গোষ্ঠীতে আশ্রয় হয় তাঁর। নিজে নিজেই লেখাপড়া শেখেন তিনি। এক পর্যায়ে স্বাধীনতাও কেনেন। লেখক ও কিউরেটর লরেন্স স্টার্নকেও বন্ধুতে পরিণত করেন তিনি। জুলাই ১৭৬৬ সালে সানচো এক চিঠিতে তাঁকে জানান, স্টার্নের ধর্মোপদেশ (সারমনস) আর ট্রিসট্রাম শ্যানডির ভক্ত তিনি। সানচো তাঁকে অনুরোধ করেন ক্রীতদাসদের জন্যে একটা কিছু করতে। তিনি লেখেন, 'বিবেচনা করে দেখুন, দাসত্ব–এটা কী–কত তিক্ত একটি ঢোক আর কত লাখ লাখ মানুষ সৃষ্টি হয়েছে তা পান করবার জন্যে!' কাকতালীয় ব্যাপার হলো, ঠিক ওই সময়েই স্টার্ন লিখছিলেন টেনডার টেল অব দি সরোস অব আ ফ্রেইন্ডলেস পুওর নিগ্রো গার্ল। সানচোর পত্রাবলী প্রকাশ পায় তাঁর মৃত্যুর পর এবং কেবল তখনই পুরোপুরি জানা সম্ভব হয় তাঁর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গী ও শৈল্পিকতা কত প্রখর ও উন্নত ছিল। তাঁর পত্রাবলীর বই বিপুল জনপ্রিয়তা পায়।
ইকুয়ানোর সঙ্গে দাস ব্যবসা উচ্ছেদের লক্ষ্যে সনস অব আফ্রিকা সংগঠনে সক্রিয় ছিলেন আরও একজন। তিনি কুওবনা অটোবাহ কুগোয়ানো (জন্ম আনুমানিক ১৭৫৭-মৃত্যু অজ্ঞাত)। ঘানায় জন্ম নিয়েছিলেন তিনি। কিন্তু ১৩ বছরের শুরুর দিকেই দাস হতে হয় তাকে। তবে ১৭৮৮ সালে তিনি মুক্ত হতে সক্ষম হন। তাঁর কোনও প্রতিকৃতি পাওয়া যায় নি, যদিও তিনি ১৭৮৪ সাল থেকে শিল্পী রিচার্ড কসওয়ের অধীনে কাজ করতেন এবং এর ফলে কবি উইলিয়াম ব্লেক থেকে শুরু করে প্রিন্স অব ওয়েলসের মতো অনেক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন ও তাঁদের সুনজরে পড়েন। এ সময়েই, ১৭৮৭ সালে, তিনি প্রকাশ করেন দাসত্বের বিরুদ্ধে তাঁর লেখা ক্ষুদ্র পুস্তিকা থটস অ্যান্ড সেন্টিমেন্টস অন দ্য ইভিল এবং উইকড ট্রাফিক অব দ্য স্লেভারি অ্যান্ড কমার্স অব দ্য হিউম্যান স্পেসিস। এগুলির কপি রাজা তৃতীয় জর্জ এবং আরও সব রাজনীতিকদের কাছেও পাঠানো হয়। অটোবাহ কুগোয়ানোর লেখা এ সব পুস্তিকাই দাস ব্যবসা উচ্ছেদের দাবি জানিয়ে কোনও আফ্রিকান ক্রীতদাসের লেখা প্রথম ইংরেজি রচনা। ওলাউদা ইকুয়ানোর ঘনিষ্ট বন্ধুও ছিলেন তিনি। আর ছিলেন ইগনাটিয়াস সানচোর প্রতিবেশী। ১৭৯১ সালে তিনি সাধারণ আফ্রিকানদের জন্যে তাঁর গ্রন্থের সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেন, তবে এর সঙ্গে আফ্রিকানদের জন্যে আলাদা শিক্ষাপ্রতিষ্ঠানেরও দাবি তোলেন। দাস ব্যবসা উচ্ছেদের আন্দোলনে তিনি সাড়া জাগান ১৭৯৩ সালে পার্লামেন্টারিয়ান উইলবারফোর্সকে সরাসরি হিপোক্র্যাট বলে সমালোচনা করে। এর ফলে উইলবারফোর্স প্রচণ্ড ক্রুদ্ধ হন। এরপর অটোবাহ কুগোয়ানোর কী হয়, কীভাবে তিনি মারা যান সে সম্পর্কে কোনও লিখিত তথ্য বা বিতর্ক কোনওটাই এখনও পাওয়া যায় নি। তাঁর মৃত্যু আজও রহস্যাবৃত।
ক্রীতদাসীর মেয়ে মেরি প্রিন্সের জন্ম ১৭৮৮ সালে বারমুডাতে। বিভিন্ন মনিবের কাছে দফায় দফায় বেচা হয় তাকে। কাজ করতে হয় বিভিন্ন চাষক্ষেত্রে, কখনও গৃহদাসী হিসেবে, কখনও আবার সল্টপ্যানে। অ্যান্টিগুয়ার মোরাভিয়ান চার্চে তিনি লেখাপড়া শেখেন এবং ১৮২৬ সালে মনিবকে না জানিয়েই বিয়ে করেন মুক্ত দাস ড্যানিয়েল জোনসকে। কিন্তু মনিব তাঁকে নিয়ে আসে ইংল্যান্ডে গৃহদাসী হিসেবে। ইংল্যান্ডে আসার কিছুদিনের মধ্যেই ১৮২৮ সালে মেরি পালিয়ে যান উডস থেকে। ১৮৩১ সালে ছাপা হয় তাঁর জীবনী আ হিস্ট্রি অব মেরি প্রিন্স আ ওয়েস্ট ইন্ডিয়ান স্লেভ, যেটি ছিল ব্রিটেনে প্রকাশিত কোনও কালো মেয়ের প্রথম জীবনকাহিনী।
নাট্যকার, উপন্যাসিক আফরা বেন তলে তলে গুপ্তচরবৃত্তি করতেন দ্বিতীয় চার্লসের জন্যে। কিন্তু পাশাপাশি তিনি ১৬৮৮ সালে লেখেন ওরোনোকো অর দি হিস্ট্রি অব দ্য রয়্যাল স্লেভ নামের একটি বই। আজকের বিবেচনায় এ বই নেহাৎই স্টেরিওটাইপ (যেমন আমাদের নবাব সিরাজউদ্দৌলা), বেন তার কাহিনীর নায়ককে একজন মহৎ উদ্ধারকর্তা বানানোর জন্যে যা যা করা দরকার সবই করেছেন। কিন্তু দাসব্যবসা নির্মূলের সংগ্রামে ওরোনোকোর এ বইয়ের টেক্সট ছিল খুবই গুরুত্বপূর্ণ। এমনকি বিজ্ঞানী ও দার্শনিকদের বর্ণবাদী লেখা ও ধারণাকে আক্রমণ করার জন্যেও যুগের পর যুগ ধরে এ সব টেক্সট ব্যবহার করা হয়। থমাস সাউদার্ন এ বইটির নাট্যরূপ দেন এবং পরবর্তী ১০০ বছর ধরে তা মঞ্চায়িত হয়।
ডায়েরিতে দাসপ্রথার নির্মম চালচিত্র লিখে বিখ্যাত হয়েছেন নাভাল অ্যাডমিনিস্ট্রেটর স্যামুয়েল পেপিস। যদিও তিনি নিজেই ছিলেন দাসব্যবসার অংশীদার। এমনকি তাঁর নিজের বাড়ির রান্নার মানুষটিও ছিল ক্রীতদাস। তবে অন্ধ হয়ে যাবেন, এ রকম এক ভ্রান্ত ধারণা থেকে ১৬৬০ সালের এক জানুয়ারি থেকে ডায়েরি লিখতে শুরু করেন তিনি। রোজনামচায় ১৬৬৫ সালের একদিন তিনি লিখেছেন, ব্যাংকার রবার্ট ভেইনারের বাসায় আমন্ত্রণে যাওয়ার কথা। ভেইনারের বাসায় তিনি দেখেন, এক কালো ছেলেকে ওভেনে করে ভেজে একটি কাচের বাক্সে রেখে দেয়া হয়েছে। ভেইনার তাকে বলেছিলেন, অতিরিক্ত খাওয়ার কারণে কালো ছেলেটি মারা গেছে এবং তিনি ছেলেটিকে এ ভাবে রেখে দিয়েছেন অতিথিদের দেখবার জন্যে। এই একটি ঘটনাই বলে দেয়, কত তুচ্ছ ছিল ক্রীতদাসদের জীবন।
অক্সফোর্ড বন্ধুদের নিয়ে হলি ক্লাব থেকে বিকশিত মেথোডিস্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা জন ওয়েলসে মনে করতেন, ব্রিটিশ জাতির সবচেয়ে বড় অপরাধ হলো দাসব্যবসা। তিনি ছিলেন নিরলস পান্থজন, ধর্মপ্রচারক এবং লেখক। ঘোড়ায় চড়ে প্রতি বছর গড়ে আট হাজার পথ পাড়ি দিতেন তিনি। পথে প্রতি সপ্তাহে দিতেন অন্তত ১৫ টি সারমন বা ধর্মোপদেশ। ব্রিস্টলের নিউ রুমে ১৭৮৮ সালে দাসব্যবসা নিয়ে তিনি তাঁর বিখ্যাত ধর্মোপদেশ পড়ে শোনান। আর নিজে তিনি মৃত্যুশয্যায় পড়তে পড়তে মারা যান সেক্যুলার বই ওলাউদা ইকুয়ানোর লেখা দি ন্যারেটিভ হিস্ট্রি।
ডিকশনারি লেখক স্যামুয়েল জনসনও এ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে গেছেন। তবে দাসব্যবসাবিরোধী প্রচারণা তুঙ্গে ওঠার আগেই মারা যান তিনি। মেলানকোলিয়ায় আক্রান্ত স্যামুয়েল জনসন নির্জনতা সহ্য করতে পারতেন না বলে তাঁর বন্ধু জসুয়া রেইনল্ড তাঁর জন্যে গড়ে তোলেন ১৭৬৪ সালে লিটারারি ক্লাব। এখানে ছিল তাঁর কথা বলার অবাধ সুযোগ। জেমস বসওয়েলের কাছে এক চিঠিতে জনসন এ প্রসঙ্গে লেখেন, 'জন্মের সময় সব মানুষই সমান থাকে।' কিন্তু বসওয়েল তাঁর কথা মানতে রাজি হন নি।
দাসব্যবসা নিয়ে নৈতিক প্রশ্ন তুলেছিলেন আর্ট অব লেটার রাইটিং-এর গুরু এবং গথিক টেস্টের পথিকৃৎ হোরাটিও (হোরাস) ওয়ালপোল। ১৭৯১ সালে অরফোর্ডের চতুর্থ আর্ল হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে তাঁর মূল খ্যাতি প্রথম হিস্ট্রি অব ইংলিশ আর্ট, অ্যানেকডটস অব পেইন্টিং (১৭৬২) আর গথিক উপন্যাস দি ক্যাসল অব ওটরান্টো (১৭৬৪) লেখার জন্যে। এক চিঠিতে ১৭৫০ সালের পার্লামেন্টে দাসব্যবসা নিয়ে বিতর্কআলোচনার বর্ণনা দিয়েছেন তিনি। এই আলোচনা ও বিতর্কের সময়েই জানা যায়, একেকটি উপনিবেশে প্রতি বছর ৬০,০০০ আফ্রিকান ক্রীতদাস চালান করা হয়। চিঠিতে মন্তব্য করেন তিনি, 'এটা রক্ত হিম করে দেয়।'
রক্ত হিম হয়ে আসে বলেই দাস ব্যবসার বিরুদ্ধে উচ্চকিত হয়েছিলেন মানবপ্রেমিক গ্রানভিল শার্প। তাঁর শার্প ফ্যামিলি অর্কেস্ট্রা ১৭৫০এর দশকে প্রতি পক্ষের শনিবারগুলোতে নিয়মিত অর্কেস্ট্রার আয়োজন করত। জোহান জোফানির আঁকা একটি মাস্টারপিস ধরে রেখেছে শার্প ফ্যামিলি অর্কেস্ট্রাকে। ফুলহামে তাদের পরিবহনকারী বার্জের আপেলোর বোর্ডে অর্কেস্ট্রার সময়টিকে অবিস্মরণীয় করে রেখেছেন জোহান। এখানে গ্রানভিল শার্প এক হাতে ধরে রয়েছেন তাঁর প্রিয় ফ্ল্যাগিওলেটস, অন্যদিকে তাঁর ক্লারিনেট ছুঁই ছুঁই করছে পিয়ানোর একধার।
দাসব্যবসা উচ্ছেদের আন্দোলনকে ব্র্যান্ডিংএর কাজটি সৃজনশীলতার সঙ্গে করেছিলেন বিখ্যাত পটার জোসিয়া ওয়েজউড। তাঁর উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায় অ্যাবলিশন কমিটির জন্যে সহানুভূতিশীলতার সঙ্গে তৈরি করা সিলটিতেও। সিলটিতে তিনি আঁকেন এক আফ্রিকানের প্রতিকৃতি, হামাগুঁড়ি দেয়া অবস্থাতেই স্বর্গের দিকে হাত বাড়িয়ে সে বলছে, 'আমি কি মানুষ নই, আর ভাই নই?' উচ্ছেদ আন্দোলনের প্রচারণায় এ মনোগ্রাম খুবই জনপ্রিয় ওঠে, বই, লিফলেট ও কাফলিংকের সঙ্গেও তা মুদ্রিত হয়ে চলে। পরে নারীদের জন্যে এই মনোগ্রাম অবলম্বনেই তৈরি হয় আরেক মনোগ্রাম, যাতে ব্যবহৃত হয় আরেকটি বাক্য, 'আমি কি নারী নই আর বোন নই?'
বৃটিশ আধুনিক নারীবাদীদের পথিকৃৎ মেরি উলফস্টোনক্রাফট তাঁর লেখায় দাস আফ্রিকানদের অবস্থার সঙ্গে তুলনা করেছিলেন নারীদের অবস্থাকে। ১৭৯০ সালে তাঁর আ ভিনডিকেশন অব দ্য রাইটস অব ম্যান ছাপা হওয়ার পর তাঁকে ঘিরে রেডিক্যাল চিন্তা চর্চাকারীদের একটি বৃত্ত গড়ে ওঠে। এ বৃত্তে ছিলেন লেখক ও শিল্পী উইলিয়াম ব্লেক, শিল্পী ফুসেলি, পুস্তিকালেখক টম পেইন এবং দার্শনিক গডউইন, যাঁকে মেরি পরে বিয়ে করেন। ১৭৯২ সালে তাঁর নতুন বই ভিনডিকেশন অব দ্য রাইটস অব ওম্যানএ তিনি লেখেন, 'চিনি কি সবসময়েই উৎপাদন করতে হয় তাজা রক্ত দিয়ে? মানবজাতির অর্ধেক কি আফ্রিকান দাসদের মতো এমন বিদ্বেষের বিষয় যা তাদের দেবে পশুর জীবন, যেখানে নীতিআদর্শ হবে কেবলই পুরুষের পাত্র আরও মিষ্টি করার নিশ্চিততর এক পাহারাদার? মেয়ে হওয়ার কারণেই কি এই পরোক্ষ অস্বীকৃতি নয়?' ১৭৯০এর দশকে অসংখ্য মেয়ে সরাসরি অবসানবাদীদের কর্মসূচিগুলোয় অংশ নিতে থাকেন। তারা দাসব্যবসার বিনিময়ে আনা বিভিন্ন দ্রব্য যেমন চিনি ইত্যাদি বয়কট করে তাদের দাবিকে অর্থনৈতিকভাবে তাৎপর্যময় করে তোলেন। নারীবাদী মেরি উলফস্টোনক্রাফট ক্রীতদাসদের সঙ্গে নারীদের তুলনা করলেও দাস ব্যবসা উচ্ছেদের আন্দোলনে ছিলেন না।
মেরি উলফস্টোনক্রাফটের রেডিক্যাল পরিবৃত্তের কবি, শিল্পী ও প্রিন্টমেকার উইলিয়াম ব্লেক অবশ্য সরাসরিই অবস্থান নেন দাসব্যবসার বিরুদ্ধে। কথা ও ইমেজ দিয়ে কপারপ্লেটে নকশা করার এক সমন্বিত কৌশল আবিষ্কার ও চালু করেন তিনি। বেঁচে থাকতেই ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন কবির মর্যাদা অর্জন করেন তিনি। ভিসনস অব দি ডটারস অব আলবায়োন (১৭৯৩) এবং সংগস অব ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স বই দুটি তাঁর অন্তর্দশন ও বর্ণবিন্যাসের অনন্য দুটি উদাহরণ। পরে ব্লেকের কাজ আরও প্রতীকী, নিরীক্ষামূলক ও প্রায় ক্ষেত্রে ব্যাখ্যাতীত হয়ে ওঠে। বর্ণ ও যৌনসমতায় গভীর ও আন্তরিকভাবে বিশ্বাসী ব্লেক বিভিন্ন মাত্রার মানসিক, শারিরীক ও অর্থনৈতিক দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তাঁর কবিতা ও শিল্পকে উচ্চকিত করেন। ১৭৮৮ সালে দি কমিটি ফর দ্য ইফেকটিং অব দ্য অ্যাবলিশন অব দ্য স্লেভ ট্রেড প্রতিষ্ঠার পরের বছরেই তিনি লেখেন দি লিটল ব্ল্যাক বয়, যাতে বর্ণনা করা হয়েছে স্বর্গে কীভাবে এক কালো তরুণ তার শ্বেতাঙ্গ প্রতিদ্বন্দ্বীর সমান হয়ে উঠল এ ছাড়াও তিনি আরও কিছু স্মরণীয় দাসত্ববিরোধী কবিতা ও ইমেজ সৃজন করেন। দাস পত্তনিস্থাপনকারী শ্বেতাঙ্গ মালিকদের নির্যাতনকে উপজীব্য করে তিনি যেসব ছবি এঁকেছেন তাতে কালোদের অবয়ব যে কাউকে স্তম্ভিত করে দেয়।
কবি উইলিয়াম কপারও সমর্থক ছিলেন উচ্ছেদ আন্দোলনের। আন্দোলনকারীরা তাঁকে অনুরোধ করেছিলেন জনগণের দৃষ্টি আকর্ষণকারী কিছু কাব্যিক কথা লিখে দিতে। কপার তাই লিখেছিলেন দি নিগ্রোস কমপ্লেইন্ট নামের একটি ভার্স। খুবই জনপ্রিয় হয়ে ওঠে এটি। মিউজিক যোগ করে পরে এটিকে বানানো হয় রাজনৈতিক সঙ্গীত।
মুক্তির জন্যে, জীবনের জন্যে
দাসত্ব ও দাসশ্রম থেকে মুক্তির জন্যে, দাস ব্যবসা উচ্ছেদের জন্যে সংগ্রাম ও প্রচার চলেছে বছরের পর বছর ধরে। একটি দেশের স্বাধীনতা সংগ্রামের চেয়েও তাৎপর্যপূর্ণ এ সংগ্রাম চলেছে দেশে দেশে।
মুক্তির জন্যে কী না করেছেন ক্রীতদাসরা! অসম্ভব ও অভাবনীয় সব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছেন। আইনী লড়াই থেকে শুরু করে শরীরী লড়াই,– যেখানে যখন যা দাবি করা হয়েছে, তাই করেছেন তাঁরা। আইনী লড়াইয়ের চাঞ্চল্যকর পথফলক তৈরি হয় উইলিয়াম শার্পের পৃষ্ঠপোষকতায় পরিচালিত পলাতক ক্রীতদাস জেমস সমারসেটের মামলায়। রায় দেয়া হয় ইংল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ক্রীতদাসও মুক্ত মানুষ হিসেবে বিবেচিত হবেন।
কিন্তু টম মলিনেক্স তাঁর স্বাধীনতা কিনেছিলেন একটি বক্সিং ম্যাচের মাধ্যমে। আমেরিকার ভার্জিনিয়ায় ১৭৭৪ সালে জন্ম নেয়ার পর তাঁকে বক্সিং শিখতে হয়েছিল তাঁর চাষক্ষেত্রের মালিকদের বিনোদনের জন্যে। ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে তাঁরও প্রতিকৃতি ছিল। মুক্ত হয়ে তিনি আসেন ইংল্যান্ডে ১৮০৩ সালে। কিন্তু বর্ণবাদ তাঁর পিছু ছাড়ে নি। হেভিওয়েট চ্যাম্পিয়ন ইংরেজ টম ক্রিবের সঙ্গে প্রতিযোগিতায় নামেন তিনি। বর্ণবাদী দর্শকদের চিৎকার আর হইচই মিলিয়ে প্রতিযোগিতার পরিবেশ ছিল তাঁর প্রতিকুলে। তারপরও ৩৯ রাউন্ড পর্যন্ত টিকে থাকেন তিনি। বর্ণবাদী দর্শকদের উশৃক্সক্ষলতা এমন পর্যায়ে পৌঁছায় যে তারা পুনরায় প্রতিযোগিতা আয়োজনের দাবি তোলে এবং ১৫,০০০ মানুষের সামনে আবারও রিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। এ সময় রিবের একটি আঘাত তাকে এতই দুর্বল করে দেয় যে তিনি আর পুরো আরোগ্য হন নি। তবে তিনি বক্সিং অব্যাহত রাখেন এবং ১৮১৫ সালে আয়ারল্যান্ডে তাঁর মৃত্যু হয় কপর্দকশূন্য অবস্থাতে।
বর্ণবাদ পিছু ছাড়ে নি ইরা অল্ডরিজেরও। লন্ডনের ওয়েস্টএন্ডে ১৮৩৩ সালে ওথেলোতে অভিনয় করে ইরা অল্ডরিজ তীব্র বর্ণবাদী সমালোচনার শিকার হয়েছিলেন, পরবর্তী পারফরমেন্সগুলি বাতিল করতে হয়েছিল তাকে। অনেক অনেক জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পরও এই সমালোচনার তিক্ত স্মৃতি তাঁকে বইতে হয়েছে ১৮৬৭ সালে মৃত্যুঅবধি।
নদী জুড়ে জলবিছুটি
সন্দেহ নেই, পৃথিবীর প্রথম এই বৈশ্বিক শিল্পটির–দাস ব্যবসার চূড়ান্ত বিকাশ ঘটেছিল গ্রেট ব্রিটেনে। আর ওয়েস্ট ইন্ডিজের চিনি উৎপাদনক্ষেত্রগুলিতে কর্মরত দাসরাই পৃথিবীর প্রথম শিল্পশ্রমিক। দাস ব্যবসার অবসানসংক্রান্ত আন্দোলন বিকাশের চূড়ান্ত দৃষ্টান্তও গ্রেট ব্রিটেন। আজকের অ্যাডভোকেসিতে আমরা যে সব পন্থা ব্যবহৃত হতে দেখি তার সবই ছিল ক্লার্কসন, ইগনাটিয়াস সানচোদের গড়ে তোলা এই মানবাধিকার আন্দোলনে। ছিল অনুসন্ধানী গবেষণা ও ঘটনাপাঠের প্রক্রিয়া, ছিল সংসদীয় লবিং, ছিল মিডিয়া ওয়ার্ক। আন্দোলনকে সফলভাবে ব্র্যান্ডিংও করা হয়। প্রচারাভিযান চলে একক ইস্যুকে ঘিরে। একদিকে আইনী চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়, অন্যদিকে পণ্যদ্রব্য বর্জন করা হয়। দাস ব্যবসা করেছে অনেক দেশই। খুব দ্রুতই সেই সব দেশ এই সিদ্ধান্তে পৌঁছে যে, এটি একটি অমার্জনীয় অন্যায়। কিন্তু এই অমার্জনীয় অন্যায়টি সবচেয়ে বেশিদিন ধরে করেছে গ্রেট ব্রিটেন। আর এখন তারা চেষ্টা করছে এ ব্যবসা উচ্ছেদের গৌরবময়তা লুণ্ঠন করতে। উপনিবেশগুলিতে দাসমুক্তির সংগ্রাম, ব্রিটেনের প্রচারাভিযানে দাসদের সক্রিয় ভূমিকা এ সব চাপা দেয়ার একটি প্রচ্ছন্ন চেষ্টাও রয়েছে বিভিন্ন কার্যক্রমে।
সত্যি হলো, এখনও দাসত্ব টিকে রয়েছে নানাভাবে। আর আন্তর্জাতিক কোনও কোনও সংস্থা তা নিয়ে মানবাধিকার আন্দোলনের প্রচেষ্টাও অব্যাহত রেখেছে। উইলিয়াম শেক্সপিয়রের টেম্পেস্ট-এর বন্দি আত্মা দাস এরিয়েলের মতো আমরা আসলে বুঝতে পারি না আমাদের দাসত্বকে। বুঝতে পারি না কুবুদ্ধি লাগে এ রকম দাস পুষতে হলে, কাউকে দাস বানাতে হলে। যা ছিল দ্বীপে ভেসে আসা নেপলসের রাজ্যহারা প্রসপেরোর। সে তাই কিনতে পেরেছিল পুরো দ্বীপ, এমনকি দ্বীপের রাজা ক্যালিবানকেও। ক্রীতদাস হয়েও ক্যালিবান মাঝে মাঝে বিদ্রোহ করে বসতো। কিন্তু এরিয়েল বুঝতেই পারত না সে আসলে দাস। আফ্রিকায় ক্যালিবান কাঠামোর দাসব্যবসার পাশাপাশি ভারতবর্ষে ২০০ বছর ধরে গ্রেট ব্রিটেন সফলতার সঙ্গে পরিচালনা করে এরিয়েল কাঠামোর এই দাসব্যবসা।
শুধু অবসান কিংবা উচ্ছেদের দ্রষ্টব্য পথ লন্ডনের ওয়েস্টমিনস্টারের উত্তরের ট্রাফালগার স্কয়ার থেকে দক্ষিণের পিমলিকো পর্যন্ত ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান, ভবন, রাজপথ আর পথ কেন, ইংল্যান্ডের প্রতি পদে পদেই তাই রক্তের ছাপ- আফ্রিকান ক্রীতদাসদের রক্তের ছাপ, আধুনিক দাসদের রক্তের ছাপ। এতদিন এই আধুনিক দাসের যোগান দিতো শুধু আফ্রিকা আর এশিয়ার দেশগুলো। এখন ইউরোপের দেশগুলো থেকেও ছুটে আসছে উন্মূল আধুনিক দাস। বিশেষ করে আসছে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি থেকে। নব্য দাসশ্রমের বাজারকে আরও প্রতিযোগিতাময় করে তুলছে তারা। এশিয়ান ও আফ্রিকানরা এতদিন সুপ্ত বর্ণবাদের শিকার হতো, এখন সে বর্ণবাদ অনেক প্রত্যক্ষ। ইংল্যান্ডের হাতে অবশ্য এখন এই প্রত্যক্ষ বর্ণবাদের চেয়েও মারাত্মক মারণাস্ত্র আছে; সে মারণাস্ত্রের নাম ইসলামী সন্ত্রাসবাদ। এইসব মারণাস্ত্রের মারণযজ্ঞে নব্য দাসব্যবসা আরও জমজমাট ইংল্যান্ডে।
এ লেখা শেষ করছি জং গণহত্যার ঘটনা দিয়ে। পার্লামেন্ট হাউজ থেকে টেমসের ধার ধরে হাঁটতে হাঁটতে সুকান্ত গুপ্ত অলকের সঙ্গে যখন চলে গেছি টাওয়ার ব্রিজের কাছে, ঠিক তখনই আমাদের চোখে পড়ে টেমসের বুকে জং-এর রেপ্লিকা। জং একটি জাহাজ, কিন্তু কেবলই জাহাজ নয়। এটি ছিল দাস ব্যবসায়ী জেমস গ্রেগসন ও তার সহযোগীদের লিভারপুল স্লেভ ট্রেডিং ফার্মের দাসবাহী জাহাজ। ১৭৮১ সালে জাহাজটি যাচ্ছিল জ্যামাইকাতে। আর সব দাসবাহী জাহাজের মতো এ জাহাজেও পরিবহনক্ষমতার বেশি দাস বহন করা হচ্ছিল। ২৯ নভেম্বর ১৭৮১তে দাসে ঠাসা এ জাহাজের অস্বাস্থ্যকর পরিবেশে অপুষ্টি ও বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে মারা যায় ক্রুদের সাতজন এবং আরও প্রায় ৬০ জন আফ্রিকান ক্রীতদাস। জাহাজের ক্যাপ্টেন
……..
ক্যাপ্টেন কলিংউড ১৩৩ জন ক্রীতদাসকে জীবিত ফেলে দেন জাহাজের ডেক থেকে গভীর সমুদ্রে।
……….
কলিংউড তখন সিদ্ধান্ত নেন বাদবাকি অসুস্থ দাসদের জাহাজের ডেক থেকে সমুদ্রে ফেলে দেয়ার। ধূর্ত কলিংউড ভালো করেই জানতেন ইন্স্যুরেন্স নীতি অনুযায়ী জাহাজের ডেকে কোনও ক্রীতদাস মারা গেলে তাদের জন্যে লিভারপুলের জাহাজমালিকরা ক্ষতিপূরণ দাবি করতে পারে না। কার্গো আইন অনুযায়ী ক্রীতদাসরা অস্থাবর সম্পত্তি, পানিতে এ সম্পত্তি তলিয়ে গেলে অনায়াসেই ক্ষতিপূরণ দাবি করা যায়। কলিংউড তাই ১৩৩ জন ক্রীতদাসকে জীবিত অবস্থাতেই ফেলে দেন জাহাজের ডেক থেকে গভীর সমুদ্রে।
পরে দাবি করা হয়, জাহাজের পানি এতই কম ছিল যে এইসব ক্রীতদাসদের বহন করা সম্ভব ছিল না। জাহাজ অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় জাহাজের নিরাপত্তার জন্যেই এদের ফেলে দেয়া হয়েছে। প্রতি ক্রীতদাসের জন্যে ইন্স্যুরেন্স দাবি করা হয় ৩০ পাউন্ড। এই দাবি অবশ্য ধোপে টেকে নি। কেননা ডিসেম্বর ১৭৮১তে জ্যামাইকাতে জাহাজ পৌঁছানোর পরও সেটিতে ফেলে দেয়ার মতো ৪২০ গ্যালন অতিরিক্ত পানি ছিল। ওদিকে জাহাজের ক্যাপ্টেন কলিংউডও জাহাজ তীরে ভেড়ার আগেই রোগে ভুগে মারা যান।
এ মামলার বিচারক ছিলেন লর্ড ম্যান্সফিল্ড। তিনি ইন্স্যুরেন্সের দাবি নাকচ করে দেন। তবে ঘটনার জন্যে কোনও ক্রু কিংবা কাউকে দায়ীও করা হয় নি। সলিসিটর জেনারেল জন লি মামলা চলার সময় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলেন, 'এটা কি ধরনের দাবি যে মানুষকে ডেক থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে? এটা হলো অস্থাবর সম্পত্তি ও সম্পদের মামলা। কালোরা হলো অস্থাবর সম্পত্তি। …মৃত ক্যাপ্টেন জাহাজের স্বার্থে ক্রুদের নিরাপত্তার জন্যে কাজ করেছেন। একজন অভিজ্ঞ ভালো অভিযানবিদ ক্যাপ্টেনের সর্বোচ্চ বিবেচনায় গৃহীত বিচারকে প্রশ্নবিদ্ধ করা নির্বুদ্ধিতা, বিশেষ করে বিষয়টি যখন দাসদের নিয়ে। এই ঘটনা একটা ঘোড়াকে ডেকের বাইরে ফেলে দেয়ার সমান।'
চিফ জাস্টিজ লর্ড ম্যান্সফিল্ড, যিনি জেমস সমারসেট মামলারও বিচারক ছিলেন, তাঁর রায় ঘোষণার সময় এ জন্যে বলেছিলেন, 'সন্দেহ নেই (যদিও কেউ এতে দুঃখ পেতে পারেন) এই ঘটনা ঘোড়াকে ডেকের বাইরে ছুঁড়ে ফেলে দেয়ার ঘটনার মতো। কিন্তু জাহাজে তো পানির পরিমাণ কম ছিল, যাতে বোঝা যায় জাহাজের ব্যবস্থাপনা ছিল খুবই খারাপ, আর নিয়ম অনুযায়ী অব্যবস্থাপনা থাকলে তো জাহাজের মালিক দাসদের জন্যে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না!'
ব্রিটেনের ভদ্রজনরা এ ঘটনাকে প্রথম দিকে বলতো জং অ্যাফেয়ার, যেন নেহাৎই সাধারণ এক ঘটনা এটি। কিন্তু দাস ব্যবসা উচ্ছেদের আন্দোলনের সময় এ ঘটনা পরিচিতি পায় জং ম্যাসাকার হিসেবে।
টেমস নদীতে জং-এর রেপ্লিকা
টেমসের জলে সেই জং-এর রেপ্লিকা ভাসতে দেখি অলক ও আমি। শেষ বিকেলের সূর্য যদিও উধাও, আর গ্রীষ্মের লম্বা দিনও প্রায় ফুরিয়ে আসছে। গার্লিক নান, মেক্সিকান কী এক স্পাইসি আর ইতালির অপর্যাপ্ত বিয়ারে উৎফুল্ল অবস্থাতেও আমরা নির্দয়ের মতো তাকাতে পারি না নদীর দিকে। চোখ জুড়ে কারা যেন জলবিছুটি ছুঁড়ে দিতে থাকে টেমসের প্রবহমান স্রোতের মধ্যে থেকে।
৩০ অগ্রহায়ণ ১৪১৪/১৪ ডিসেম্বর ২০০৭-২৬ পৌষ ১৪১৪/ ০৯ জানুয়ারি ২০০৮
আর্টস-এ প্রকাশিত লেখা
আগুনপাখি: ব্যক্তিনির্মাণযজ্ঞ
বিধবা সময়ের গল্প
সেদিন তুষার ঝরেছিল
রেখো মা দাসেরে মনে…
মঙ্গামনস্ক শরীরীমুদ্রা
লেখকের আর্টস প্রোফাইল: ইমতিয়ার শামীম
ইমেইল: imtiar@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
