২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুশকিন ও রবীন্দ্রনাথের সাথে বেড়ে ওঠা

zakia_sultana

Published : 11 May 2016, 01:32 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

অচলা মৌলিক (১ জুলাই, ১৯৪১-) একজন ভারতীয় লেখিকা এবং প্রাক্তন আমলা, যিনি সর্বশেষ ভারত সরকারের শিক্ষা-সচিব হিসেবে কর্মরত ছিলেন। বাঙালি পরিবারে জন্ম নেয়া অচলার শিক্ষাজীবন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইতালীতে কেটেছে। পরবর্তীকালে তিনি আইসিএস কর্মকর্তা হিসেবে যোগদান করেন। রুশ ইতিহাস এবং সাহিত্যের প্রতি গভীর আগ্রহ থেকে রচনা করেছেন 'A Hundred years of Lev Tolstoy and the Indian Connection'। রাশিয়ার সংস্কৃতি নিজ দেশে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পেয়েছেন 'পুশকিন মেডেল'। সম্প্রতি তিনি Growing up with Puskin and Tagore শিরোনামে যে প্রবন্ধটি লিখেছেন, জাকিয়া সুলতানার অনুবাদে তা বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য এখানে উপস্থাপিত হলো। বি. স.

Image
puskin-tagore.jpg

অতি সম্প্রতি ঝাড়বাতির আলোয় শোভিত এক বিশাল হলঘরে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পুশকিন-পদক প্রদান করেছেন সেই সব বিদেশিদেরকে যারা নিজেদের দেশে রুশ সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন। নীল ফিতায় এই রৌপ্য-পদকে রাশিয়ান কবি আলেক্সান্দর পুশকিনের আত্মপ্রতিকৃতি খোদাই করা রয়েছে।
রাশিয়ার প্রধানমন্ত্রী ­ভ্লাদিমির পুতিনের পাশে অর্থোডক্স চার্চের বিশিষ্ট লোকজন, একজন ইমাম, রাশিয়ার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, কূটনীতিক, দোভাষীগণ বসে ছবির মতো সুন্দর শহর নিঝনির নভগোরোদে এই জমকালো অনুষ্ঠান উপভোগ করেন। আগে ও পরে রোমাঞ্চকর সুর, সংগীত এবং লোকনৃত্যের সমাবেশে অনুষ্ঠানটি ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এবং পরিচালিত।

পরিপূর্ণতার অনুভূতি ছিল এই কারণে যে আমি নভেম্বরের চার তারিখে রাশিয়ার রাষ্ট্রপতির নিকট থেকে এই পুশকিন পুরস্কার গ্রহণ করি। আমি আমার সংক্ষিপ্ত পরিচিতিতে বলেছিলাম যে ভারতবর্ষ ও রাশিয়ার যোগসূত্রকারী যে পথটি রয়েছে আমি সেই পথের একজন তুচ্ছ পথিক মাত্র যেখানে লিও তলস্তয়, ভ্যাসিলি ভার্শাগিন, গেরাসিম লেভদেভ এবং আরও অসংখ্য ভারতবিশেষজ্ঞ অবদান রেখেছেন। আমাদের সময়ের মহান ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী রুশ দর্শন ও সংস্কৃতির প্রতি ছিলেন বিশেষ অনুরাগী।

রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠির মাধ্যমেই এই মনোমুগ্ধকর দেশের সাথে আমার পরিচয় ঘটে। আমি যখন ছোট্ট বালিকা ছিলাম তখনই এটি পড়ি; যখন ইতিহাসের অনেক গলিঘুপচি এবং সামাজিক পুনঃনির্মাণ আমার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল অথচ গুরুদেবের বাকপটুতা এবং সাবলীল বর্ণনাভঙ্গিতে আমার মনে হয়েছিল- এই দেশ থেকে অনেক দূরে তুষার এবং বনভূমিতে আবৃত একটি দেশ রয়েছে যেখানে অনেক সাহসী লোকজন বসবাস করে। অকে দশক পরে আবার সেই চিঠিগুলো পড়ে আমার মনে হলো যে অভিজাত ভূস্বামী রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়নের নব্য-রাজনৈতিক নিরীক্ষা দ্বারা গভীরভাবে অভিভূত হয়েছিলেন। তিনি কিছু কিছু নিরীক্ষার বিষয়ে সমালোচনাও করেছেন কিন্তু রাশিয়ার লোকজন সম্পর্কে তিনি প্রবল আনন্দ নিয়ে বর্ণনা করেছেন। তিনি তলস্তয়কে 'মানবজাতির শিক্ষক' বলে অভিহিত করেছেন এবং সহিংসতা এবং নির্যাতনের বিরূদ্ধে তলস্তয়ের কণ্ঠস্বরকে 'অরণ্যে রোদন' বলে মনে করতেন। মহাত্মা গান্ধী তলস্তয়ের অন্যায়ের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনি তাঁকে 'গুরু' ডাকতেন।

রাশিয়ার প্রতি আমার আগ্রহ সময়ের সাথে সাথে আরও প্রগাঢ় হয়েছে । লন্ডনে আমি যখন স্কুলের ছাত্রী ছিলাম তখন বিভিন্ন সান্ধ্যকালীন যে ক্লাসগুলো রুশ ভাষার তালিম দেয়, সেখানে শিখতে শুরু করি । 'পুশকিন ক্লাব' নামক এক স্থানে তরুণ-তরুনীরা রাশিয়ার বর্ণমালা এবং বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য মিলিত হতো, আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই। আদতে ছাত্র-ছাত্রী এবং পণ্ডিত লোকজনই সেখানে যাতায়াত করতো, যদিও অন্যেরা একে বিপ্লবী এবং নাস্তিবাদী হিসেবেই জাহির করার চেষ্টা করতো। আমি আবার সেদিকে না ঝুঁকে যাই এই ভয়ে বাবামা আমাকে আরও গতানুগতিক পদ্ধতিতে রুশ ভাষা শেখার ব্যবস্থা নিশ্চিত করেন। পরবর্তীতে আমি যখন লন্ডন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অধ্যয়ন শুরু করেছিলাম তখন আমি পুশকিন এবং অন্যান্য রুশ লেখকের লেখা পড়তে শুরু করি। এমনকি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদানের পরেও রুশ ইতিহাস, সাহিত্য এবং সংগীতের উপরে আমার পড়াশুনা এবং লেখালেখি চালিয়ে গিয়েছি।

পুশকিন এবং রবীন্দ্রনাথ উভয়েই নিজ নিজ দেশের সাহিত্যিক নবজাগরণের অগ্রদূত ছিলেন। সুরুচিসম্পন্ন গৌরচন্দ্রিকা পর, আলেক্সান্দর সের্গেইভিচ পুশকিনের মাধ্যমে আধুনিক রুশ সাহিত্য এক পরিপূর্ণ সুরের ব্যঞ্জনা দিয়ে শুরু হয়েছিল। যখন ফরাসি বিপ্লবের সৈন্যদের ইউরোপ থেকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে তখনই ভবিষ্যত বিপ্লবের বীজ বপন করে জন্মগ্রহণ করেন পুশকিন, যা রাশিয়ার ডিসেমব্রিস্ট বিপ্লব(Decembrist Revolt )-এর মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়েছিল। পুশকিনের কবিতাসমূহ বিদ্রোহী নেতাদের অনুপ্রেরণা দিয়েছেন। মাঝেমাঝে নির্বাসিত, কখনো জার সম্রাটের আমলাবর্গের দ্বারা নিপীড়িত হয়েও পুশকিনকে কখনো নিজের বা জাতির জন্য স্বাধীনতার গুণকীর্তন করা থেকে প্রতিহত করা যায়নি। কিন্তু অতীতের সকল বাধা-বিপত্তি এবং ঘটনাবলীকে অতিক্রম করে তাঁর অনুপ্রেরণা রাজনৈতিক দলমত নির্বিশেষে সকল স্তরের সাধারণ জনগণকে স্বাধীনতার চেতনায় আকৃষ্ট করতে সমর্থ হয়েছিল।

রাশিয়ার মতো রবীন্দ্রনাথ যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন তখনো এই এদেশের লোকজন পশ্চিমা বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তির অন্তর্গত উত্তেজনা এবং ব্রিটিশ পক্ষপাতদুষ্ট শাসনের বাহ্যিক উদ্দীপনায় তাড়িত। পুশকিনের মতো রবীন্দ্রনাথও পশ্চিমাদের নতুন নতুন ধারণায় প্রবল আগ্রহে জড়িয়ে পরেছিলেন। তা সত্ত্বেও দু'জনেই নিজস্ব জনগণের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছিলেন। বরিস গুদোনভ ও ব্রোঞ্জ হর্সম্যান-এর মতো পুশকিনও রাশিয়ার ইতিহাস নিয়ে মহাকাব্য রচনা করেছেন, তেমনি রবীন্দ্রনাথও তাঁর কথা ও কাহিনী গ্রন্থে অতীতের বীরত্বপূর্ণ দলিল রেখে গিয়েছেন।

দুইজন কবির মাঝে আরেকটি সাদৃ্শ্য ছিল এই যে তাঁরা দুজনেই শিল্পী ছিলেন। পুশকিনের সেইন্ট পিটার্সবুর্গের খালপারের সেই বাড়িটিতে গেলে যে কেউ তাঁর অঙ্কিত এসব স্কেচ, ড্রয়িং, নিজেকে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্রসমূহ এবং আরও অনেক চিত্রাবলী প্রত্যক্ষ করতে পারবেন। মাঝেমাঝে তিনি পাণ্ডুলিপির মার্জিনেও এসব এঁকেছেন। রবীন্দ্রনাথও তাঁর পাণ্ডুলিপিতে প্রথমে হিজিবিজি কাটাকুটি করতেন এবং সেখান থেকে একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরির মাধ্যমে একসময় এক একটি প্রতিকৃতি ভেসে উঠতো।

দুজনই জমিজমা-সমৃদ্ধ ধনীকশ্রেণির সন্তান ছিলেন যা তাঁদের নিরাপদ এবং আরামদায়ক জীবনের নিশ্চয়তা দিতে পারতো অথচ তাঁরা উভয়েই রাজনৈতিক বাস্তবতার দিকেও চোখ রেখেছিলেন। কিন্তু তাঁরা উভয়ই নিন্দা করেছেন ক্ষমতার অপব্যবহারকে। শক্তিশালী জারতন্ত্র প্রতিষ্ঠায় পুশকিনের প্রকাশ্য বিরোধিতা ছিল যা শেষপর্যন্ত বিভিন্ন চক্রান্তে আদালত পর্যন্ত গড়িয়েছিল, পুশকিনের অকালমৃত্যুর জন্যও তা দায়ী।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন এবং ১৯১৯ সালে ব্রিটিশ সরকার কর্তৃক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নিন্দা করে 'নাইটহুড' উপাধি প্রত্যাখ্যান করেছিলেন।
ডিসেম্বর অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদের যখন সাইবেরিয়ায় নির্বাসিত করা হয় তখন পুশকিন লিখেছেন-

দর্পে অটল হও
দুর্বহ জিঞ্জিরের হবে অবসান
বন্দীশালার দুয়ার
অবারিত হবে আবার।

নাইটহুড প্রত্যাখানের কারণ স্বরূপ ব্রিটিশ ভাইসরয়ের নিকট লিখিত এক পত্রে রবীন্দ্রাথ বলেছেন- " ত্রাসের বোবা যন্ত্রণায় দলিত স্বদেশবাসী লক্ষ লক্ষ প্রতিবাদীর কন্ঠে ভাষা দেয়ার লক্ষ্যে।"

পুশকিন মারিয়া রায়েভস্কা নামক এক নারীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন, বাইশ বছর বয়সে ককেশাসে নির্বাসিত থাকার সময় তিনি এ নারীর প্রেমে পড়েন। এটা অবশ্য আজ পর্যন্ত পরিষ্কার নয় যে তিনি কেন এই অতুলনীয় নারীকে শেষ পর্যন্ত বিয়ে করেননি। পুশকিন তার সর্বশেষ কবিতাতেও এ নারীকে স্মরণ করেছেন-
সেই শব্দমালার স্মরণে
যা শেষবার উচ্চারিত হয়েছিল
তোমার এবং তোমার বিষণ্ন নির্জনতা থেকে।
সেটাই আমার একমাত্র বিশুদ্ধ অভিজ্ঞান
অনন্য আশ্রয় এবং পরম প্রতিকার।

রবীন্দ্রনাথ ঠাকুরও যৌবনে তাঁর ভ্রাতৃবধূ কাদম্বরীর প্রণয়াসক্ত হয়েছিলেন। এই নারী রবীন্দ্রনাথের বিকাশ-উন্মূখ প্রতিভাকে অনুপ্রাণিত করেছিলেন এবং তার সৃষ্টিশীলতা বিকাশে অনুঘটক হিসেবে কাজ করেছিলেন। রবীন্দ্রনাথ মর্মস্পর্শী ভাষায় লিখেছিলেন- " তার আত্মহত্যায় মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছে এবং আকাশ থেকে সকল আলো কেউ ছিনিয়ে নিয়েছে।"

রাশিয়ায় পুশকিনকে তাঁর সকল সাহিত্যকর্মের জন্য সবচেয়ে বেশী ভালোবাসা হয়। রাজনৈতিক ভাবাদর্শ, সামাজিক ব্যবস্থা এবং সাহিত্যিক রচনাশৈলীর জন্য তাঁর জনপ্রিয়তা অপরিবর্তনীয় রয়েছে। আবার রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে- যতদিন মানবজাতির অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত তাঁর আত্মা-পরিশুদ্ধকারী কবিতাসমূহ নিয়ে আলোচনা করা হবে। যদিও তাঁরা দু'জনেই জাতীয়তাবাদী কবি ছিলেন তারপরেও গভীর মানবতাবোধ এবং মানুষের দুগর্তি বুঝতে পারার ক্ষমতার জন্য তাঁদের কবিতাসমূহ সার্বজনীনতা পেয়েছে। মানুষের ভাগ্য সম্পর্কে তাঁদের এই বোধ চিরকালই প্রাসঙ্গিক।

আলেক্সান্দর পুশকিন এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমার জন্য চিরকালীন অনুপ্রেরণা।

আর্টস বিভাগে প্রকাশিত জাকিয়া সুলতানার আরও লেখা:
মাইকেল ম্যাকক্লুরের কাব্য: এক বিজ্ঞানীর দৃষ্টি

আন্তর্জাতিক পপ আর্ট: ওয়্যারহোল ও লিচটেন্সটাইনকে পেরিয়ে

আই হেট দ্য ইন্টারনেট

সোনার মানুষের খোঁজে

হোর্হে লুইস বোর্হেস: লেখক যখন চিত্রশিল্পী

Image
Flag Counter