২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গার্সিয়া মার্কেস সম্পর্কে সালমান ‍রুশদি: তাঁর জগতই আমার জগত

salman_rushdie

Published : 16 May 2014, 12:57 AM

Updated : 03 Oct 2022, 11:27 AM

Image
salman-rushdie.jpg

মার্কেসের মৃত্যুর পর রুশদির এই লেখাটি লন্ডনের টেলিগ্রাফ পত্রিকায় গত মাসের ২৫ এপ্রিল প্রকাশিত হয় । লেখাটিতে তিনি মার্কেসের সাহিত্যের মূল্যায়ন এবং তার যাদুবাস্তবতা নামক শিল্পকৌশলের সাথে নিজের সাহিত্যের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন। বর্তমান নিবন্ধটি তারই তর্জমা। বাংলা ভাষায় লেখাটির ভাষান্তর করেছেন প্রাবন্ধিক অনুবাদক

রিফাত মুনিম

এবং

আশেক ইব্রাহীম

।

গাবো বেঁচে আছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের প্রস্থানে সারা বিশ্বের পাঠককুল যেভাবে গভীর শোক প্রকাশ করেছে, তাতেই প্রমাণিত হয় যে, তাঁর সাহিত্য আজো প্রবল দাপটে জীবন্ত। হয়তো আজো কোথাও একজন স্বৈরশাসক তার অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজে এক বিশাল পাত্রে পরিবেশন করছে তাঁর নিহত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের রান্না করা মাংস; এক বৃদ্ধ কর্নেল হয়তো অপেক্ষায় রয়েছেন একখানা চিঠি আসবে বলে, অথচ যে চিঠি কখনোই আসে না; এক নিস্পাপ কিশোরী তার হৃদয়হীনা দাদীর দেনার দায়ে বেছে নেয় বেশ্যাবৃত্তির জীবন; একজন দয়ালু গোষ্ঠীপ্রধান -বিজ্ঞান ও বুজরুকির প্রতি যার প্রগাঢ় আকর্ষণ এবং মাকোন্দো শহরের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা- হোসে আর্কাডিও বুয়েন্দিয়া- তাঁর ভীতবিহ্বল স্ত্রীর কাছে ঘোষণা করছেন: "পৃথিবীটা গোল, ঠিক একটা কমলালেবুর মতো"।

আমরা কল্পনার ঘেরাটোপে বন্দি এক জগতে বাস করছি। টলকেইনস-এর মিডল আর্থ (Middle-Earth), রাওলিং-এর হগওয়ার্টস (Hogwarts), হাংগার গেমসের অরাজক বাস্তবতায়- যেখানে সর্বত্র বিরাজ করে জম্বি এবং ভ্যাম্পায়ের দল। উদ্ভট কল্পনাপ্রসুত এসব রচনার জয়জয়কার এখন; তা সত্ত্বেও পরিশুদ্ধ মৌলিক সাহিত্যের কাল্পনিক জগতে সত্যের পরিমাণ অনেক বেশী। উইলিয়াম ফকনারের ইয়কনাপাতাওফা (Yoknapatawpha), আর কে নারায়নের মালগুড়ি এবং অবশ্যই মার্কেসের মাকোন্দোতে কল্পনাশক্তি ব্যবহৃত হয়েছে বাস্তবতাকে সমৃদ্ধ করার জন্য, বাস্তবতাকে পরিত্যাগ করার জন্য নয়।

ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড-এর বয়স ৪৭। সমকালীন লাতিন আমেরিকান সাহিত্যে এর বিপুল এবং দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা সত্বেও এর আঙ্গিক- যাদুবাস্তবতার (Magic Realism) প্রভাব অনেকটা কমে এসেছে। আর বেড়েছে অন্য আঙ্গিকের বর্ননারীতি। এর খানিকটা ঘটেছে মার্কেসের সুবিশাল অর্জনের প্রতিক্রিয়া হিসেবে। পরবর্তী প্রজন্মের অন্যতম গুরুত্ত্বপূর্ণ লেখক রবার্তো বোলানঞ অনেকটা আক্রমণাত্বকভাবেই বলেছেন, যাদুবাস্তবতা "ডুবতে" বসেছে; তাঁর বিশ্বজোড়া খ্যাতিকে বিদ্রুপ করে বোলানঞ আরো বলেছেন, "তিনি (মার্কেস) এমন একজন লেখক যিনি প্রেসিডেন্টদের এবং আর্চবিশপদের সাথে মাখামাখি করতে খুবই পুলকিত বোধ করেন"। এটা শিশুসুলভ আক্রমণ, সন্দেহ নেই। তবে এতে এটাও প্রমাণিত হয় যে, অনেক লাতিন আমেরিকান সাহিত্যিকের কাছে এই খ্যাতিমান লেখকের উপস্থিতি খানিকটা বোঝা হিসেবেই অনুভূত হচ্ছে। কার্লোস ফুয়েন্তেস একদিন আমাকে বলেছিলেন, "আমার মনে হয় লাতিন আমেরিকার লেখকেরা 'সলিচিউড' শব্দটা এখন আর ব্যবহার করতে পারে না, কারণ তারা ভয় পায় যে, পাঠকেরা এটাকে মার্কেসের সমার্থক বলে মনে করতে পারে। একটু চাতুর্যপূর্ণভাবেই তিনি আরো বলেছিলেন,"কিছুদিনের ভেতর আমরা হয়ত 'ওয়ান হানড্রেড ইয়ারস' শব্দবন্ধটিও ব্যবহার করতে পারবো না।" গত অর্ধ-শত বছরে কোন লেখকই সারা বিশ্বে এতটা প্রভাব বিস্তার করতে পারেনি। ইয়ান ম্যাকইউয়ান মার্কেসের খ্যাতিকে যথাযথই চার্লস ডিকেন্সের সাথে তুলনা করেছেন। ডিকেন্সের পরে আর কোন লেখক মার্কেসের মত এতটা বহুলভাবে পঠিত এবং এতটা গভীরভাবে সমাদৃত হয়নি।

এই মহান মানুষের প্রস্থান হয়তো লাতিন আমেরিকান লেখকদের তাঁর প্রভাবজনিত উদ্বেগ (anxiety at his influence) থেকে মুক্ত করবে। এবং প্রতিযোগিতাহীন পরিবেশে তাঁর সাহিত্যকর্মের মুল্যায়নের সুযোগ করে দেবে। ফুয়েন্তেস ফকনারের কাছে মার্কেজের দেনার কথা স্বীকার করেছেন, এবং মার্কেসের মাকোন্দোকে তুলনা করেছেন ফকনারের ইয়কনাপাতাওফার সাথে, এবং এই দৃষ্টিকোন থেকেই মার্কেসের রচনাবলী বিবেচনার দাবি রাখে। এগুলো কোন রূপকথার গল্প নয়, সবই বাস্তব মানুষের গল্প। মার্কেসের মাকোন্দো টিকে আছে, আর এটাই এর ম্যাজিক।

জাদুবাস্তবতার সমস্যা হল, আমরা যখন এই শব্দবন্ধটা বলি বা শুনি, আসলে আমরা শুধু এর অর্ধেকটাই বলি বা শুনি; আর সেই অর্ধেকটা হল "ম্যাজিক"। অথচ এই শব্দবন্ধের বাকি অংশ, যা হল "বাস্তবতা"- তার দিকে আমরা কোন খেয়ালই করি না। আসল সত্যটা হল জাদুবাস্তবতা যদি শুধু জাদুই হত, তাহলে এটা অর্থহীন হয়ে পড়তো। এটা হয়ে উঠত খামখেয়ালীপূর্ণ কোন রচনা যেখানে কোন কিছুরই আবেদন নেই। কারণ এই জগতে সব কিছুই ঘটতে পারে। কিন্তু জাদুবাস্তবতায় জাদুর শেকড় বাস্তবের গভীরে প্রোথিত, কারণ বাস্তবের ভেতর থেকেই এটা বেড়ে ওঠে এবং বাস্তবতাকেই আরো বেশী আলোকিত করে তোলে অপ্রত্যাশিতভাবে। ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচুড-এর নিম্নোক্ত অনুচ্ছেদটি বিবেচনা করুন:

"As soon as José Arcadio closed the bedroom door the sound of a pistol shot echoed through the house. A trickle of blood came out under the door, crossed the living-room, went out into the street, continued on in a straight line across the uneven terraces, went down steps and climbed over curbs, passed along the Street of the Turks, turned a corner to the right and another to the left, made a right angle at the Buendía house, went in under the closed door, crossed through the parlor, hugging the walls so as not to stain the rugs… and came out in the kitchen, where Úrsula was getting ready to crack 36 eggs to make bread.

'Holy Mother of God!' Úrsula shouted."

ভীষণ বিষ্ময়কর কিছু ঘটছে এখানে। একজন মৃত মানুষের রক্তও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, পরিণত হচ্ছে এক জীবন্ত সত্ত্বায় আর মাকোন্দোর অলি-গলি ধরে ছুটে চলেছে যতক্ষণ না পৌঁছাচ্ছে তার মায়ের পদতলে। রক্তের এই ছুটে চলা একটা অসম্ভব ঘটনা। অথচ অনুচ্ছেদটি পড়লে মনে হয় এটা সত্যিই ঘটেছে। রক্তের এই পরিভ্রমণ যেন তার মৃত্যুসংবাদ বয়ে নিয়ে চলেছে তার মায়ের কাছে। উরসুলা ইগুয়ারানের পদতলে তার রক্ত পৌঁছানোর এই ঘটনা এক চরম ট্রাজেডি। কারণ এই ঘটনার মাধ্যমে একজন মা জানতে পারেন যে, তার ছেলে মারা গেছে। হোসে আর্কাডিওর রক্ত ঠিক ততক্ষণই এভাবে জীবন্ত ছিল যতক্ষন না তা উরসুলাকে দুঃসংবাদটি পৌঁছে দিতে পারে। বাস্তবতা এভাবে যাদুর সমন্বয়ে নাটকীয় এবং বেদনাঘন এক শক্তি অর্জন করে, আরো বেশী জীবন্ত হয়ে ওঠে।

মার্কেস ম্যাজিক রিয়ালিজম-এর স্রষ্টা নন। ব্রাজিলিয়ান মাচাদো দি এসিস, আর্হেন্তিনার হোর্হে লুইস বোর্হেস এবং মেহিকোর হুয়ান রুলফো বহু আগেই ম্যাজিক রিয়ালিজমের চর্চা করেছেন। মার্কেস হুয়ান রুলফোর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম পেদ্রো পারামো বেশ মনোযোগ দিয়েই পড়েছেন, এবং তার উপর এই উপন্যাসের প্রভাবকে তুলনা করেছেন কাফকার 'মেটামরফোসিস'-এর সাথে। (পেদ্রো পারামোর ভুতুড়ে শহর 'কোমালা'র ভেতরেই খুঁজে পাওয়া যেতে পারে মার্কেসের মাকোন্দো শহরকে।) কিন্তু জাদুবাস্তবতা শুধু লাতিন আমেরিকার ভেতর সীমাবদ্ধ নয়। পৃথিবীর সব দেশের সাহিত্যেই বিভিন্ন সময়ে জাদুবাস্তবতার উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং তাদের ভেতর গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সর্বাধিক পঠিত।

চার্লস ডিকেন্সের ব্লিক হাউস উপন্যাসে জার্নডাইস-এর অসমাপ্ত মামলার সাথে ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড-এর শেষ না হতে থাকা চলমান ট্রেনের সাদৃশ্য পাওয়া যায়- যে ট্রেনটি পুরো সপ্তাহ জুড়ে মাকোন্দো অতিক্রম করে। ডিকেন্স এবং মার্কেস দুজনেই হাস্যরসের অতিরঞ্জিত ব্যাবহারে দক্ষ কারিগর। ডিকেন্সের সারকামলোকিউশন অফিস (Circumlocution Office), যা সরকারের একটি সম্পূর্ণ নিষ্কর্মা দপ্তর, আর মার্কেসের কাল্পনিক বাস্তবতার জগত আসলে একই -যে জগতে বাস করে সমস্ত অলস, দুর্নীতিগ্রস্থ, কর্তৃত্ত্বপরায়ণ এবং অত্যাচারী গভর্ণর এবং স্বৈরশাসকগণ।

কাফকার গ্রেগর সামসা, যে কিনা রূপান্তরিত হয়েছিল একটা বিশাল পোকায়, মাকোন্দোয় তাকে অস্বাভাবিক কিছু বলে মনে হবে না, কেননা এ ধরনের রূপান্তর এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার। গোগল-এর কোভালিয়ভ যার নাক কিনা তার মুখমন্ডল থেকে খসে পড়ে পিটার্সবার্গের আনাচে-কানাচে ঘুরে বেড়ায়- সেও একাত্ম বোধ করবে এই জগতে। ফরাসি পরাবাস্তববাদী (Surrealists) এবং আমেরিকান ফেব্যুউলিষ্টরা (Fabulists) একই ঘরানার; এরা সাহিত্যের ফিকশনালিটি অব ফিকশন (fictionality of fiction) মতবাদ দ্বারা অনুপ্রানিত এবং বিশ্বাস করে যে সাহিত্যের জগত একটি তৈরী জগত; এটা এমন এক ধারণা যা সাহিত্যকে প্রকৃতিবাদের (the naturalistic) চৌহদ্দি থেকে মুক্ত করে আসল সত্যকে উন্মোচন করে ক্ষ্যাপাটে এবং চমকপ্রদ উপায়ে। মার্কেস খুব ভালো করেই জানতেন তিনি সুবিস্তৃত এই সাহিত্য পরিবারেরই অংশ। মার্কেসকে উদ্বৃত করে উইলিয়াম কেনেডি বলেছেন, "মেহিকোতে সুররিয়ালিজমের বিচরণ সাবলীল। লাতিন আমেরিকার বাস্তবতা পুরোদস্তুর রেবেলাইজিয়ান" ।

কিন্তু বাস্তবতাবর্জিত অতিকল্পনারও একটা ভিত্তিভূমি থাকা দরকার। আমি প্রথম যখন গার্সিয়া মার্কেস পড়ি, তখন পর্যন্ত মধ্য বা পূর্ব আমেরিকার কোথাও যাইনি। অথচ আমি তাঁর সাহিত্যে এমন এক বাস্তবতার সন্ধান পাই, পাকিস্তান এবং ভারতের অভিজ্ঞতায় যে বাস্তবতা সম্পর্কে আমি বেশ ভালোরকম অবহিত। লাতিন আমেরিকা এবং ভারত ও পাকিস্তানের শহর আর গ্রামের ভেতর চাপা বিরোধ আজো বিদ্যমান। ধনী-দরিদ্রদের একই রকম বিভাজন, ক্ষমতাশালী-ক্ষমতাহীনদের ভেতরকার অসন্তোষ দুই ভিন্ন মহাদেশে একই পরিস্থিতিতে বিরাজমান। এই দুই বাস্তবতার পেছনে একই ঔপনিবেশিক ইতিহাস রয়েছে, রয়েছে ধর্মীয় বিশ্বাসের গুরুত্ত্বপূর্ণ ভিত্তি, এবং ঈশ্বর এখানে ভীষনভাবে জীবিত। দুর্ভাগ্যজনকভাবে, যেমন জীবিত গভীর ঈশ্বরবিশ্বাসী ধার্মিকগণ।

আমি চিনি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কর্নেলদের, অথবা নিদেনপক্ষে তাদের মতো একই অবস্থানে যারা ভারত-পাকিস্তানে আজো টিকে আছে; তাঁর বিশপ আর আমার মোল্লা; তাঁর মার্কেট স্ট্রিটস আর আমার বাজার। তাঁর জগত আর আমার জগত আসলে একই, আমার জগতই যেন লাতিন ভাষায় ভাষান্তরিত করা। আমি যে তাঁর সাহিত্যের প্রেমে পড়ে গেছি এতে বিস্মিত হবার কিছু নেই; তবে এটা তার জাদুর (Magic) জন্য নয় (যদিও প্রাচ্যের অদ্ভুত রূপকথার গল্পের মাঝে বড় হওয়া একজন লেখক হিসেবে তাঁর জাদুর আবেদন ছিল অনস্বীকার্য) বরং এটা তাঁর সাহিত্যের বাস্তবতার জন্য। আমার জগত তাঁর জগত থেকে আধুনিক। কিন্তু মার্কেসের রিয়ালিজমকে যে বিশেষত্ব আরো আকর্ষনীয় করে তুলেছে তা হল গ্রাম্য সহজ-সরলতা এবং স্পর্শকাতরতা।

তিনি ছিলেন একজন সংবাদকর্মী যিনি কখনো বাস্তবজগত থেকে চোখ ফিরিয়ে নেননি। তিনি একজন স্বাপ্নিক যিনি তাঁর স্বপ্নের ভেতরের সত্যকে বিশ্বাস করতেন। তিনি এমন একজন লেখক যিনি বিকারগ্রস্থ বিশৃঙ্খলাপূর্ণ মনোজগতের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ করতে সক্ষম ছিলেন তার ভেতরকার সমস্ত কৌতুক এবং সৌন্দর্যসমেত। লাভ ইন দ্য টাইম অব কলেরা র শুরুতেই দেখা যায় "এমন্ডের তিক্ত ঘ্রাণ সবসময় তাকে তার একতরফা প্রেমের দুর্ভাগ্যের কথা মনে করিয়ে দেয়।" অটম অব দ্য প্যাট্রিয়ার্ক উপন্যাসে স্বৈরশাসক যখন মার্কিনদের কাছে ক্যারিবিয়ান অঞ্চল বিক্রি করে দেয়, তখন মার্কিন রাষ্ট্রদূতের নটিক্যাল ইঞ্জিনিয়ারগণ "সেটাকে টুকরো টুকরো করে বয়ে নিয়ে যায় হারিকেন উপদ্রুত এলাকা থেকে অনেক দুরে মার্কিন মুলুকের আরিজোনায়, এবং রক্তকরোজ্জল কোন এক সকালে সেটাকে রোপন করে। জেনারেলের ভেতর জুড়ে থাকা সবকিছুই তারা বয়ে নিয়ে গিয়েছিল, আমাদের শহরতলী, আমাদের ভীতসন্ত্রস্ত ডুবন্ত মানুষ এবং আমাদের উন্মাদ ড্রাগণ- এসব কিছুর প্রতিবিম্ব সমেত।" যখন প্রথম ট্রেনটি মাকান্দোতে পৌঁছায় একজন মহিলা আতঙ্কিত হয়ে বলে ওঠে "আসছে! ভয়ঙ্কর কিছু একটা- যেন একটা রান্নাঘর টেনে নিয়ে চলেছে একটা পুরো গ্রাম।" এবং এখানে স্মরণ করা যেতে পারে আরেকটি অনবদ্য অনুচ্ছেদ:
"Colonel Aureliano Buendía organized 32 armed uprisings and he lost them all. He had 17 male children by 17 different women and they were exterminated one after the other on a single night before the oldest one had reached the age of 35. He survived 14 attempts on his life, 73 ambushes, and a firing squad. He lived through a dose of strychnine in his coffee that was enough to kill a horse."
এমন অসাধারণ রচনা যার তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তিনি আমাদের মধ্যে মহত্তম।

Image
Flag Counter