২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২৫ সালের মহাদেশীয় ভ্রমণ

মাসুদুজ্জামান

Published : 11 Aug 2013, 08:19 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

ভারতের 'ফ্রি প্রেসে'র সঙ্গে সাক্ষাৎকার
প্রশ্ন : আপনি কী আমাকে বলতে পারেন, কী কারণে আপনি সম্প্রতি মহাদেশীয় ভ্রমণ বাতিল করলেন আর আপনার ভবিষ্যত পরিকল্পনাই বা কী?
উত্তর : অসুস্থতার জন্যই এই ভ্রমণ অব্যাহত রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি যখন জাপানে ছিলাম তখন পেরু থেকে পাওয়া একটা আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। দক্ষিণ আমেরিকার স্বাধীনতার শতবর্ষ অনুষ্ঠানে যোগদান করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। দক্ষিণ আমেরিকা ভ্রমণ করার ইচ্ছা আমার অনেক দিনের। উত্তর আমেরিকার সঙ্গে তাহলে আমি এর একটা তুলনা করতে পারতাম। এই দুই ভিন্ন মহাদেশ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। স্থানিকতা ও সংস্কৃতির দিক থেকে দক্ষিণ আমেরিকা হলো লাতিন, অন্যদিকে উত্তর আমেরিকা হলো অ্যাঙ্গলো-স্যাকসন ঐতিহ্য বহন করে চলেছে। আমার ভাবনা হলো মানুষের মানসিকতার মধ্যে কী পার্থক্য বিরাজ করছে সেটা দেখা। আমি তাই সানন্দে পেরুতে যাবার আমন্ত্রণ গ্রহণ করি। আশ্চর্যের হলেও দূরের ওই পৃথিবী আমার অজানাই শুধু নয়, এই ভ্রমণের মধ্য দিয়ে একে আমার যেমন জানা সম্ভব হতো, তেমনি জাতীয় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকারও খুব ইচ্ছা ছিল। আমি প্রথমে ইউরোপ যাই, সেখানে এক সপ্তাহের মতো অবস্থান করি। এর পর ফিরে আসি। সমুদ্র ভ্রমণের সময় আমি অসুস্থ হয়ে পড়ি।

Image
tagore-victoria.jpg


বুয়েনোস আইরেস
আমরা যখন আর্হেন্তিনার বুয়েনোস আইরেসে পা রাখি, তখন এক ডাক্তারের শরণাপন্ন হলে ওই শারীরিক অবস্থায় আমাকে পেরু কি ভ্রমণের ঝুঁকি নিতে নিষেধ করেন। বুয়েনোস আইরেসের মানুষ আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। চমৎকার পরিবেশে একটা নদীর পারে বিশেষ একটা বাড়িতে আমাকে থাকতে দেওয়া হয়েছিল। আমি সেখানে প্রায় দুই সপ্তাহের মতো ছিলাম। কিন্তু কখনই সুযোগ হয়নি জনসাধারণের সামনে হাজির হয়ে কিছু বলার। নিঃসঙ্গ বসবাস সত্ত্বেও আমার সম্পর্কে বুয়েনোস আইরেসের মানুষের আগ্রহ ছিল অনিঃশেষ। শুধু আমাকে একনজর দেখার জন্য তারা দলে দলে আমার কাছে ছুটে এসেছেন, পারলে একটা-দুটো কথাও বলেছি তাদের সঙ্গে। কোনো গণ-অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিংবা বক্তৃতা দিয়ে যদিও আমি তাদের ইচ্ছাপুরণ করতে পারছিলাম না, তবু সবাই আমার উপস্থিতিতে খুশি ছিল বলে আমাকে আশ্বস্ত করছিলেন।

ইতালিতে

এরপর আমি ইতালিতে যাই এই ভেবে যে হয়তো সমুদ্রভ্রমণে আমার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এই দফায় আমার প্রথম সাময়িক অবস্থান ছিল মিলানে। আমাকে অত্যন্ত আন্তরিকতা ও উৎসাহের সঙ্গে সেখানে স্বাগত জানানো হয়েছিল। আমি যে সংবর্ধনা পেয়েছি, তা ছিল হৃদয়স্পর্শী। আমাকে নিয়ে ইতালির উৎসাহ সবসময়ই একটু বেশি। আমার সবসময় মনে পড়ে নানা দেশের বেশকিছু কবি ইতালিকে তাদের 'দ্বিতীয় বাসস্থান' বানিয়ে ফেলেছেন। আমিও এদের দলে ভিড়তে চেয়েছিলাম। আমার আগের অনেক কবি এই ইতালি থেকেই কাব্যরচনা করার অনুপ্রেরণা পেয়েছিলেন, লিখেছেনও অনেকেই। মিলানের বাশিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আবার আমি তাদের মাঝে ফিরে যাবো। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, যদি শরীরে কুলায়, আবার ইতালি যাবো আর সুন্দর সুন্দর কিছু জায়গায় কয়েক মাস কাটিয়ে আসবো। ওই সব অনুপ্রেরণামূলক নৈসর্গিক পরিবেশে গিয়ে আমি যেমন বিশ্রাম নিতে পারবো, তেমনি প্রতীচ্যের সমকালীন মন-মানসিকতার সংস্পর্শেও আসতে পারবো।
প্রতীচ্য নিয়ে যত লেখালেখি

প্রশ্ন
: আপনার রচনা বা শিক্ষার যে বিশেষ দিকগুলো প্রতীচ্যকে আলোড়িত করেছে বলে আপনি মনে করেন, সেইসব লেখা সম্পর্কে আমাকে কী কিছুটা আলোকপাত করবেন?
উত্তর : এই প্রশ্নের উত্তর দেওয়াটা বেশ কঠিন। পশ্চিম সম্পর্কে আমার আগ্রহ বিশেষ কোনো রচনায় সীমাবদ্ধ নয়। কিন্তু এটা প্রসারিত হয়ে আছে আমার শিক্ষামূলক কাজ, কবিতা আর ধর্মচিন্তায়। প্রথমে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে দক্ষিণ আমেরিকার মানুষ আমার লেখার সঙ্গে পরিচিত হতে পারবে। পরে জানতে পারলাম, তারা আমার রচনা পড়েছে হিস্পানি অনুবাদে আর তা থেকেই আমার লেখালেখির প্রতি তাদের জন্মেছে প্রবল অনুরাগ। এ ছিল এক বিরল অভিজ্ঞতা– আমি যে স্টিমারে করে ভ্রমণ করছিলাম আর তাদের বাড়িতে যাচ্ছিলাম, সেই স্টিমারের অনেকেই আমার বিভিন্ন ধরনের বই সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। এ থেকে এটাই মনে হচ্ছিল, আমি তাদের হৃদয়ে স্থান করে নিতে পেরেছি। মিলানেও আমার ঠিক একই অভিজ্ঞতা হয়েছিল।

সাংস্কৃতিক ঐক্য

প্রশ্ন : আপনি কী আমাকে আরেকটু ব্যাখ্যা করে বলবেন, সাংস্কৃতিক ঐক্য সম্বন্ধে আপনার লক্ষ্য বা মিশনটা কী?
উত্তর : আমার ভাবনা হচ্ছে সমগ্র পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপন করা। আমার দৃষ্টিভঙ্গি হলো, ভারত ধোঁয়াশার মধ্যে থাকতে পারে না। বর্তমান পরিস্থিতিতে পৃথিবীকে সাহায্য করার ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে আর সভ্যতার পুনর্গঠনে অর্জন করতে হবে একটা সম্মানজনক অবস্থান। আমি এটাও জানি, পশ্চিম পুবকে জানার জন্য উদগ্রীব, বিশেষ করে ভারতকে আর আমাদের যে প্রজ্ঞার বিশাল ভাণ্ডার আছে–যা আমরা পেয়ে আসছি সুপ্রাচীন কাল থেকে–সে সম্পর্কেও তারা জানতে আগ্রহী। তাদের এই প্রত্যাশা পূরণ করা ভারতের দায়িত্ব। আমি আশাবাদী, বিশ্বভারতীর যে আন্দোলন শুরু হয়েছে তা ভারতকে তার আধ্যাত্মিক এবং বৌদ্ধিক বিচ্ছিন্নতা থেকে মুক্ত করে পশ্চিমের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। এই একটি সেবা আমি আমার মাতৃভূমির জন্য করে যেতে পারি। আমাদের জানা থাকা দরকার, আধুনিক কালের প্রত্যেকটি দেশের নিজস্ব সমস্যা আসলে বিশ্ব-সংকটের অংশ। কোনো দেশই আজ বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারে না। আর যতদিন পর্যন্ত আমরা ভারতীয়রা এই বৃহত পৃথিবীতে আমাদের সত্যিকার জায়গা করে নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা অচেনা আর অবহেলার শিকার হতে থাকবো। আমাদের প্রকৃত সভ্যতার প্রেক্ষাপটে আমাদের নিজেদের জীবন এবং বিশ্বপ্রগতিতে অবদান রাখার কোনো সুযোগই আর আমাদের থাকবে না।

Image
rabindranath-tagore-1.jpg


ইংরেজি লেখালেখি
প্রশ্ন : কীভাবে আপনার লক্ষ্য সাধিত হবে বলে আপনি মনে করেন?
উত্তর : ভারতের বাইরের বিশ্বের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার পর আমার মধ্যে একধরনের দায়বোধ জন্ম নিয়েছে। আমি এর সুযোগ নিতে চাই আর এরই সূত্র ধরে এমন এক যোগাযোগের সেতুবন্ধ রচনা করতে চাই যা ভারতকে অন্যদের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। ভারতের পুব ও পশ্চিম উভয়ের সঙ্গেই সংযুক্ত হওয়া দরকার। এই উদ্দেশ্যে আমি চীন ও জাপান ভ্রমণ করেছি। প্রাচ্যের এইসব দেশ ভ্রমণের ফলে আমার লক্ষ্য অর্জনের পথে আমি অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছি। পশ্চিমী দেশগুলোর সঙ্গে আমি একই ধরনের যোগাযোগ স্থাপন করতে চাই। আমার যুক্তি, সামান্য সফল হলেও বলতে পারবো. কিছু একটা করার চেষ্টা করেছিলাম, স্থায়ী কিছু যদি নাও করতে পারি।

প্রাচ্য ও প্রতীচ্য
প্রশ্ন : আপনি কী মনে করেন আপনার সাংস্কৃতিক ঐক্য সংক্রান্ত ভাবনা আপনার দেশবাসী সেইভাবে গ্রহণ করছে?
উত্তর : এটা আমি জানি না। আমি আমার জীবন উৎসর্গ করেছি। এর বেশি কিছু কখনই চাই না। আমার নৈতিক ও বস্তুগত সব শক্তি দেশের সেবায় উজাড় করে দিয়েছি। এখন ব্যক্তিগত আর ভারত-সন্তান হিসেবে সেই বৃত্তটি পূর্ণ করতে চাই। আমার সমনামের ('রবি' অর্থ যার সূর্য) মতোই প্রাচ্যে আমার উত্থান ঘটেছে আর প্রতীচ্যের মধ্যে প্রবেশ করে আমার জীবন ও কাজ দিয়ে সেই চক্রটি পূর্ণ করতে হবে। এটা আমার আশা, আমার জীবনের শেষদিকে পশ্চিমী দেশগুলোকে আমি বুঝতে পারবো: এই অনুভব আমার জীবনলক্ষ্যের সঙ্গে একীভূত হয়ে যাবে।

প্রশ্ন
: আপনি কী মনে করেন জীবনের কোনো স্তরে পুব ও পশ্চিম তাদের দ্বন্দ্ব-সংঘাতময় স্বার্থ আর সংস্কৃতির কারণে একে অন্যের সঙ্গে সুসংগতি রেখে মিলিত হতে পারবে?
উত্তর : হ্যাঁ, পারবে। ভৌগোলিক সীমানা যখন বাস্তবতা হয়ে উঠেছিল, তখন নানা ধরনের মানুষ তাদের মধ্যে ঐক্য গড়ে তুলেছিল। যেসব মানুষ এই ঐক্য গড়ে তুলেছিলেন তারা একটা মহত কাজ করেছিলেন। তারা সাহিত্য, বিজ্ঞান ও কলায় দারুণ উৎকর্ষ অর্জন করেছিলেন। কিন্তু যারা এই ঐক্যের বিরুদ্ধে লড়েছিলেন, তারা আজ হোক কাল হোক নিশ্চিহ্ন হয়ে গেছে আর সভ্যতার তলানিতে ঠাঁই হয়েছে তাদের। কিন্তু পরিস্থিতি অনেক বদলে গেছে। এখন কোনো একটা বিশেষ জায়গার মধ্যে আবদ্ধ থেকে মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয় না। নানা জাতির মানুষ এখন পরস্পরের সঙ্গে মিলছে, আগের যে কোনো সময়ের তুলনায় কাছাকাছি আসছে, যোগাযোগ স্থাপন এখন অনেক সহজ হয়ে এসেছে; আর এই নৈকট্যকে প্রকৃত যাপন ও সৌহার্দ্যে পরিণত করতে হবে। সমস্ত জাতি যতক্ষণ পর্যন্ত তাদের ঐক্য সম্পর্কে পুরোপুরি সচেতন না হবে– তাদের স্বার্থ ও সংস্কৃতি না মিলবে– ততক্ষণ পর্যন্ত স্থায়ী শান্তি আসবে না। বিশ্বঐক্য স্থাপনের বিষয়টি তখনই সার্থক হবে যখন মানবজাতি এই শান্তি স্থাপনের বিষয়টি উপলব্ধি করতে পারবে।

কবির শেষ উপহার
বিশ্বভারতীর মধ্য দিয়ে আমি মানবজাতির অবিচ্ছিন্ন সত্তা সম্পর্কিত সত্যকে আবিষ্কার এবং তা প্রকাশ করবার চেষ্টা করেছি। এই প্রতিষ্ঠানটি হচ্ছে দেশের জন্য আমার শেষ উপহার। আশা করি এটি গৃহীত হবে। আমি আরও আশা করি, ভারতের গর্ব করার অনেক কারণ আছে Ñ বিশ্বঐক্যের ধারণাটি তার মাটিতেই প্রথম আকার পেয়েছিল। এ আর কিছুই নয়, সত্যের প্রকাশ, মানবিক একত্ব সম্পর্কিত আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন আর মানুষের চিন্ময় সত্তার উপর আস্থা স্থাপন। বিশ্বভারতী এসবেরই সন্ধান করে চলেছে। এটাই হচ্ছে উপনিষদের কথা এবং এটাই হওয়া উচিত ভারতের বিশেষ আধ্যাত্মিক লক্ষ্য। এই বাণী ও সত্য সমস্ত পৃথিবীর দ্বারা ধৃত, চর্চিত ও গৃহীত হবে বলে আমি মনে করি। এটাই ভারত আর সত্যের প্রকৃত কণ্ঠ।

কর্মই হচ্ছে মূল কথা

প্রশ্ন : আপনি কী মনে করেন না যে আপনার উদ্যোগগুলো খুব তাড়াহুড়ো করে গ্রহণ করা হচ্ছে আর আপনি অসম্ভবকে সম্ভব করে তুলতে চাইছেন?
উত্তর : কী বলবো, গীতা কি আমাদের সতর্ক করে দেয়নি : "কর্মেই মোক্ষ, তা না হলে সবই নিষ্ফল।" উদ্যোগটাই বড়ো, কী ফললাভ হলো তা নিয়ে ভেবে কী লাভ। আমি জানি না আমার কর্মোদ্যোগ কোনো সুফল বয়ে আনবে কি না, আমি এ নিয়ে ভাবতেও চাই না। আমি জানি, এটাই সত্য আর আমি এও জানি সত্যকে নানা বিরোধিতার মধ্যে প্রতিষ্ঠা দিতে হয়। শুধু কর্মই হচ্ছে আমাদের করণীয়; কী ফল অর্জিত হবে সেটা নয়। আমি জানি এটাই হয়তো বলা হবে যে আমার বাণী পুরোপুরি স্বদেশে সানন্দে গৃহীত হবে না। এর অর্থ এই নয় যে দেশবাসীর জন্য আমি আমার কাজের মধ্য দিয়ে সুসম্পর্ক স্থাপনের সংগ্রাম করিনি। আমি আমার কাজগুলো তাদের কাছে গৃহীত হোক, সেই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখনও আমি তাদের সক্রিয় সমর্থন পুরোপুরি পাওয়ার ব্যাপারে সফল হতে পারিনি। এতে অবশ্য আমি দমে যাইনি। মূল কথা হলো, সত্যদর্শন আমার ঘটেছে আর ওই সত্যের পথ ধরে মোক্ষের উদ্ভব ঘটেছে; হয়তো যারা এটা পেয়েছেন তাদের সংখ্যা কম। তবু এটাই আমার জন্যে যথেষ্ট।

ভারতের বিচ্ছিন্নতা
প্রশ্ন : আপনি কী স্বীকার করবেন না ভারতের পক্ষে আপনার বাণী গ্রহণ করা বাস্তবে কতটা কঠিন, বিশেষ করে রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে এটা গৃহীত হওয়া কত বড়ো একটা অর্জন?
উত্তর : হ্যাঁ, অবশ্যই স্বীকার করছি, নানা বাধাবিঘ্নের মধ্য দিয়ে যেভাবে দেশবাসী আমার বিশ্বঐক্যের বাণীকে গ্রহণ করেছেন তা সত্যি বিরাট এক অর্জন। কিন্তু সংকটকেই আমি বড়ো করে দেখতে চাই না। যে-কোনো বড়ো কাজ করতে গেলে কখনও কখনও অলঙ্ঘনীয় বাধার সম্মুখীন হতে হয়। আদর্শ প্রতিষ্ঠা ও বাস্তবোচিত কোনো অর্জনের পথে জড়তা, এমনকি অন্যদের মধ্যে অনাগ্রহ দেখা দিলেও আমি তা খুব বড়ো করে দেখি না। ভারত বিচ্ছিন্নতার প্রভাবে নানাভাবে আক্রান্ত। উপযুক্ত পটভূমিতে কোনো কিছু দেখা আর উপলব্ধি করা সত্যি কঠিন। আমাদের যথার্থ কোনো পটভূমি নেই যার উপর নির্ভর করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করা যায়। এটা আমাদের জাতীয় মূল্যবোধ ও প্রয়াসকে ছোট, বিনষ্ট করে ফেলে; আমাদের সকল আধ্যাত্মিক চেতনা-বিকাশের পথকে রুদ্ধ করে দেয়। আলোকিত হওয়ার প্রক্রিয়া এ দেশে সত্যি এতটাই কঠিন যে মনের দিক থেকে তা আমাদের দরিদ্র করে রাখে। আমাদের বৌদ্ধিকতার কমতি নেই। জাতিগত ও মেজাজের দিক থেকে আমরা অধ্যাত্মবোধ লালন করি, কিন্তু জাতীয় জীবনে কেন আমরা উপযোগবাদী হয়ে উঠছি, সে-বিষয়ে কোনো অজুহাত দেওয়া চলে না। আমি স্বীকার করছি যে ভারতের শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক রীতিনীতি এবং বাইরের আরও কিছু কারণে আমাদের যত অধগতি। সাধারণ মানুষকে এজন্যে আমি দায়ী করবো না, কিন্তু আমি মনে করি আমরা বেপথু হয়ে গেছি আর হারিয়ে ফেলছি সেই বিশ্বাস, মূল্যবোধ আর ক্রমশ উপযোগবাদী ও বস্তুবাদী হয়ে পড়ছি। আরও স্পষ্ট করে বরং আমি বলতে পারি, পশ্চিমের তুলনায় আমরা এখন আরও বেশি বস্তুসর্বস্ব হয়ে গেছি।

আমাদের বস্তুভাব
প্রশ্ন : আপনি কী সত্যি মনে করেন প্রতীচ্যের তুলনায় আমরা বেশি বস্তুবাদী?
উত্তর : হ্যাঁ, এই ভাবনাকে প্রসারিত করে দেখলে তা-ই। বস্তুবাদ কী, আনুষ্ঠানিকতাবাদই তো আমাদের ধর্মকে নিয়ন্ত্রণ করেছে। এই বিশ্বাস অনুসারে বাইরের যা কিছু আমরা প্রত্যক্ষ করি তারও অধ্যাত্মধর্মী অর্থ আছে, এটা কী বস্তুবাদী দৃষ্টিভঙ্গি নয়? এটা কী বস্তুবাদী বিশ্বাস নয় যে পাপ অথবা মানুষের পায়ের ধুলো জল দিয়ে ধুয়ে ফেলে দূর করা যাবে? প্রকৃত বাস্তবতা হচ্ছে আমাদের দেশটা বহু জাতির সমন্বয়ে গঠিত। সাধারণ স্তরে নেমে আসার পূর্ব পর্যন্ত সভ্যতার নানা স্তরে তারা একে অন্যের সঙ্গে সংযোগ-পুনঃসংযোগের মধ্য দিয়ে গড়ে উঠেছে, বিকাশ লাভ করেছে।

ভারতের সংকট
আমাদের ঘিরে আছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জটিল সামাজিক সাংগঠনিক পরিবেশ। এর অস্তি¡ত্ব কোনো রকম বিচ্যুতি ছাড়াই সভ্যতার বিভিন্ন স্তরে আমাদের বৃহত্তর জনসমাজের মধ্যেকার বিভিন্ন গোষ্ঠীর আন্তঃসম্পর্ককে নিয়ন্ত্রণ করে চলেছে। এই বিষয়টি এখন ধর্মের অংশ হিসেবে শিকড়িত হয়ে গেছে; এমনকি এটা আমাদের বিভাজিত বর্ণপ্রথার মধ্যে পবিত্রতা সঞ্চার করেছে। সুপ্রাচীন কাল থেকে চলে আসা অব্যাহত অতীত সামাজিক বন্ধনটাকে বিনষ্ট করে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির জন্যে দেওয়াল তুলে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের যে অন্তর্গত স্বাভাবিক প্রবণতা আছে ঐক্যবদ্ধ হওয়ার, সেই ঐক্যেও স্থায়ীভাবে ফাটল ধরানো হয়েছে। এই যে কৃত্রিম বিভাজন, তাকে তখনই অতিক্রম করা সম্ভব হবে যদি সেই বাধা অতিক্রম করার জন্যে আমরা আমাদের ইচ্ছাশক্তিকে শানিত করি।এই ধরনের কৃত্রিম বাধার কোনো স্থায়ীত্ব নেই যদি কিনা আমরা জটিল কিছু ঘটিয়ে না ফেলি। আমাদের প্রধান সমস্যা হলো এইসব সংকটকে ধর্মীয় ভাবনার সঙ্গে গুলিয়ে ফেলি, মনে করি সব সমস্যার অবস্থান এখানেই; সমস্যার উৎস ধর্ম আর সেখানেই সবসময় সমস্যাগুলো থেকে যাবে। আমি মনে করি না যে মানবিক বিশ্বাসের প্রতিতুলনায় এটা বড়ো কোনো ধরনের কালপ্রমাদ, ইচ্ছাকৃতভাবে ধর্মের নামে এটা করা হয়েছে, যেন শুরুরও আগে, সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, বিভাজনকে মেনে চলতে হবে, কোনো পরিবর্তন সম্ভব নয়। এই সংকট আমার দেশের একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য।

Image
Flag Counter