২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গার্সিয়া মার্কেসের ‘জীবন-নদী মাগদালেনা’

যুবায়ের মাহবুব

Published : 11 Dec 2015, 09:26 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

কলেরা-কালের ভালোবাসা (১৯৮৫) এবং গোলকধাঁধায় সেনাপতি (১৯৮৯) – আশির দশকে রচিত গার্সিয়া মার্কেসের শ্রেষ্ঠ দুটি উপন্যাসের প্রেক্ষাপট হিসেবে আছে কলম্বিয়ার ঐতিহ্যবাহী "রিও মাগদালেনা" বা মাগদালেনা নদী। তারও আগে ১৯৮১ সালে স্পেনের দৈনিক "এল পাইস" পত্রিকার জন্যে লেখা একটি প্রবন্ধে যৌবনকালের নদী-স্মৃতি প্রথম বিধৃত করেছিলেন গার্সিয়া মার্কেস। এই রচনাটি তার অনুবাদ। পুরনো দিনের নদী অঞ্চলের ছবিগুলো তুলেছেন কলম্বিয়ার বিখ্যাত আলোকচিত্রশিল্পী এবং গার্সিয়া মার্কেসের সদ্যপ্রয়াত বন্ধু নেরিও লোপেস (১৯২০-২০১৫)।

শুধু একটি কারণেই আমি শৈশবে ফিরে যেতে চাইবো – আরেকবার যদি মাগদালেনা নদীতে ফেরিভ্রমণের সুযোগ পেতাম। যারা কোনদিন এই সফরটি করেননি, তারা কল্পনাও করতে পারবেন না কেমন ছিল সে অভিজ্ঞতা। প্রতি বছর দুইবার করে আমাকে নদীপথে ভ্রমন করতে হতো – একবার বাড়ি ছেড়ে বোগোতা যেতে, আরেকবার বাড়ি ফিরতে। হাইস্কুলের ছয় বছর তারপর ভার্সিটিতে আরো দুই বছর এভাবে চালিয়ে গেছি। প্রতিটি যাত্রায় জীবন সম্পর্কে যা শিখেছি, স্কুলের শিক্ষার চেয়ে তা ঢের বেশি, পুঁথিগত বিদ্যার তুলনায় সেই জ্ঞান অনেক গভীর। নদীতে যখন ভরা জোয়ার থাকতো, বাররাংকিয়া থেকে পুয়ের্তো সাল্গার পর্যন্ত পুরো পথ পাড়ি দিতে মোট পাঁচদিন লাগতো। পুয়ের্তো সাল্গারে নেমে রাজধানী বোগোতার জন্যে ট্রেন ধরতাম। তবে খরা-ই লেগে থাকতো বেশি, আর তখন ভ্রমণও ছিল আরো মজার। শুকনো মৌসুমে একই ফেরিযাত্রায় তিন সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারতো।

পুয়ের্তো সাল্গারে ট্রেন ধরে রাজধানী অব্দি যেতে গোটা দিন পেরিয়ে যেতো। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে পাথুরে খাড়ি বেয়ে উঠে যেতো রেলগাড়ি। পাহাড়ের সবচেয়ে দুর্লঙ্ঘ অংশে গতি বাড়াতে প্রথমে পেছনে গড়িয়ে যেতো ট্রেন, তারপর ড্রাগনের মত হাঁফ ছাড়তে ছাড়তে উপরে উঠার চেষ্টা করতো। মাঝে মাঝে গাড়ির ওজন কমানোর জন্যে যাত্রীদের নেমে যেতে হতো, পায়ে হেঁটে তখন প্যাসেঞ্জাররা পরের পাথুরে কার্নিশ পর্যন্ত চলে যেতেন। রেললাইনের ধারে গ্রামগুলো পড়ে থাকতো বিষন্ন নির্জীব, বগির ছোট জানালা দিয়ে মহিলা ফেরিওয়ালারা হলদেটে রঙের আস্ত রান্না মুরগি গলিয়ে দিতেন। "পাপা নেভাদা" নামে রান্না-আলুর স্বাদ ছিল ঠিক হাসপাতালের খাবারের মত।

বোগোতায় এসে রেলগাড়ি ভিড়তো সন্ধ্যে ছয়টায় – তখন থেকেই ওই প্রহরটি আমার কাছে বেঁচে থাকার সবচেয়ে নিকৃষ্ট সময়। নিরানন্দ হিমশীতল নগরীতে ঘটাং ঘটাং শব্দ তুলে ক্ষ্যাপাটে ট্র্যাম চলে যেতো, রাস্তার মোড়ে ফুলকি উড়িয়ে। কালিঝুলি মাখা এমন জোর বৃষ্টি পড়তো যেন কোনদিনই আর থামবে না। আগাগোড়া কালোয় মোড়া মাথায় কালো হ্যাট পরা মানুষগুলো দ্রুত হাঁটতে হাঁটতে হোঁচট খেত, যেন জরুরি কোনো কাজে তলব পড়েছে। পথেঘাটে একজন নারীরও দেখা মিলতো না। কিন্তু সেই শহরেই আমাদের সারা বছর পড়ে থাকতে হতো। ভান করতাম যেন খুব পড়াশোনা করছি আমরা, যদিও সত্যি বলতে কেবলই অপেক্ষা করতাম, বছর ঘুরে আবার কবে ডিসেম্বর আসবে, কবে আবার মাগদালেনা নদীতে যাত্রা করতে পারবো আমরা।

সেকালের ফেরিগুলো তিনতলা উঁচু ছিল, সামনে পেছনে দুটো চিমনি থাকতো। রাতের বেলা মনে হতো যেন আলোকিত একটি গ্রাম ভেসে যাচ্ছে, উপকূলের নিথর পল্লীতে রেখে যাচ্ছে সঙ্গীতের রেশ, অধরা স্বপ্ন। মিসিসিপি নদের বিখ্যাত ফেরিগুলোর সাথে আমাদের ফেরির তফাৎ ছিল – দুই পাশে নয়, বরং নৌযানের পশ্চাদে বিশালকার প্যাডেল-চাকাগুলো বসানো থাকতো। পৃথিবীর আর কোথাও এমন নকশার নৌকা আমি দেখিনি। সরল সোজা অকপট নাম ছিল নৌকাগুলোর – অতলান্তিক, মেদেয়িন, কাপিতান দে কারো, দাভিদ আরাঙ্গো। জাহাজের ক্যাপ্টেনরা ছিলেন যেন জোসেফ কনরাডের গল্পের নায়কের মত, স্বেচ্ছাচারী কিন্তু ভালো মনের মানুষ। বর্বর জংলীদের মত খেতে পারতেন তারা, আর কখনোই ক্যাবিনে একলা ঘুমোতে যেতেন না। ফেরির নাবিকরা নিজেদের "মারিনেরো" নামে অভিহিত করতেন, যেন সবাই সমুদ্রগামী জাহাজের সদস্য। কিন্তু বাররাংকিয়া বন্দরে পৌঁছে যখন সত্যিকারের "মারিনেরো"-দের সাথে মিশে যেতেন, নগরীর বার-রেস্তোরাঁ আর বেশ্যালয়ে স্বতন্ত্র একটি নামে ওদের ডাকা হতো – "ভাপোরিনো", বা বাষ্পচালিত নৌকা "ভাপোর"-এর নাবিক।

সেযুগে ভ্রমণ ছিল ধীরলয়ের, বিবিধ বিস্ময়ে ভরপুর। দিনের বেলায় খোলা ডেকের উপর বসে নদীর জীবন দর্শন করতাম আমরা যাত্রীরা। কাইমান নামের ছোট কুমির প্রজাতি চোখে পড়তো, দেখে মনে হতো গাছের গুড়ি পড়ে আছে তীরে। হা করে মুখ পেতে রাখতো, অপেক্ষায়, কখন টুপ করে শিকার এসে পড়বে মুখে। জাহাজের আওয়াজে সন্ত্রস্ত সারস ঝাঁকে ঝাঁকে উড়ে যেতো আকাশে, আরো দেখতাম অভ্যন্তরের জলাভূমিতে বুনোহাঁসের পাল, অগুণতি মাছের ঝাঁক। শিশুকে দুধ খাওয়াতো স্তন্যপায়ী ম্যানাটি, এমন চিৎকার করতো যেন বেলাভূমিতে শুয়ে সঙ্গীত সাধনা করছে। মাঝে মাঝে গা-গুলানো দুর্গন্ধে বৈকালিক নিদ্রা কেটে যেতো – দেখতাম ডুবে মরা গরুর লাশ পানিতে বেঢপ ফুলে আছে, এত মন্থরগতি যেন স্রোতমাঝে স্থির হয়ে আছে, পাকস্থলীর উপর ঠায় দাঁড়িয়ে কোনো একাকী শকুন। প্রতি ভোরে আমাদের ঘুম ভাঙ্গতো বাঁদরের বিবশ-করা হট্টগোলে, টিয়াপাখির কর্কশ কুৎসা-চর্চায়।

আজকাল বিমানভ্রমণে কারো সাথে পরিচিত হওয়া বেশ বিরল ব্যাপার। অথচ মাগদালেনা নদীর ফেরিযাত্রা শেষে মনে হতো আমরা সবাই যেন এক বৃহৎ পরিবারের সদস্য হয়ে গেছি। প্রতি বছরই নদীতে আবার মিলিত হবার সিদ্ধান্ত নিতাম আমরা। কালামার গ্রাম থেকে ফেরিতে উঠতো এলিয়াখ পরিবার। লা পেনিয়া আর দেল তোরো'র গুষ্টি উঠতো প্লাতো থেকে, উত্তরাঞ্চলের রূপকথার জীব কাইমান-মানবের স্বদেশী ছিল ওরা। মাগাঙ্গে থেকে চড়তো এস্তোর্নিনো আর ভিনাস পরিবার, আর এল বাংকো থেকে ভিয়াফানে'র দলবল।

নৌকা যত এগুতো, পার্টি আরো বড় হতো। তীরের লোকালয়ের সাথে ক্ষণিকের জন্যে জড়িয়ে যেতো আমাদের জীবন – সংযোগের সেই মিহি সুতো তবু বিস্মৃত হবার নয়। এহেন জালে আটকে অনেকেরই ভাগ্য চিরতরে বদলে গিয়েছিল। ভিসেন্তে এস্কুদেরো ছিল মেডিকালের ছাত্র। বিনা দাওয়াতে এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল গামারা বন্দরে, কারো অনুমতি না নিয়েই একদফা নেচেছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটির সাথে। মহিলার স্বামী ওকে গুলি করে মেরে ফেলে – প্রতিদান স্বরূপ। অপরদিকে বাররাংকাবের্মেহা'য় মদ গিলে প্রচন্ড মাতাল হয়েছিল পেদ্রো পাব্লো গিয়েন, প্রথম যে মেয়েটিকে দেখে ভালো লেগেছিল, তাকেই বিয়ে করে বসেছিল। বউ আর নয়টি সন্তান নিয়ে আজ অব্দি সুখে-শান্তিতে সংসার করছে। স্বভাব-শিল্পী ছিল হোসে পালেন্সিয়া, অতুলনীয় একজন মানুষ। তেনেরিফে বন্দরে একটি ঢোল-বাজানো প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার হিসেবে একটি গরু জিতেছিল। ৫০ পেসোর বিনিময়ে গরুটা তৎক্ষনাৎ বিক্রি করে দিয়েছিল হোসে – সেই আমলে অঢেল টাকা।

মাঝে মাঝেই বালুচরে আটকে যেতো ফেরি, ছাড়াতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতো। কিন্তু ফেরির কেউ তা নিয়ে কেয়ার করতো না, উৎসব চলতো নিরবধি। আর কলেজে ফিরতে কারো দেরী হয়ে গেলে কৈফিয়ত হিসেবে ক্যাপ্টেনের সীল-মারা একটি চিঠিই যথেষ্ট ছিল।

আটচল্লিশ সালের এক রাতে – বছরের শেষ ট্রিপ দিচ্ছিলাম আমি সেবার – তীর থেকে ভেসে আসা বুক-ফাটা আর্তনাদে আমাদের সকলের ঘুম ভেঙ্গে গেল। আমাদের ক্যাপ্টেন ছিলেন ক্লিমাকো কোন্দে আবেইয়ো, মাগদালেনা নদীর সেরা সারেংদের অন্যতম। বড় বড় সার্চলাইট জ্বালিয়ে হট্টগোলের উৎস অনুসন্ধানের আদেশ দিলেন তিনি। দেখা গেল যে ভূপাতিত এক গাছের ডালে আটকা পড়ে আছে একটি মাদী ম্যানাটি। পানিতে নেমে পড়লো কয়েকজন ভাপোরিনো, কপিকলে বেঁধে প্রাণীটিকে ছাড়াতে সক্ষম হলো। বড্ড বিচিত্র আর ভীষণ মায়াময় দেখতে ছিল জন্তুটি। দৈর্ঘ্যে প্রায় চার মিটার লম্বা, ফ্যাকাশে আর মসৃণ গায়ের চামড়া। ধড়টি ছিল নারীর শরীরের মত, স্নেহময়ী মায়ের মত বিশাল বক্ষা। ডাগর করুণ চোখ দিয়ে ঝরছিলো মানুষের অশ্রু।

এই ক্যাপ্টেন কোন্দে আবেইয়ো'র মুখেই প্রথম শুনেছিলাম যে নদীর জীব-জানোয়ার যদি আমরা অবাধে খুন করতে থাকি, তাহলে একদিন খোদ পৃথিবী ধ্বংসের সম্মুখীন হবে। তার জাহাজ থেকে কোনো প্রকার প্রাণী শিকারের বিরুদ্ধে কড়া নিষেধ জারি করেছিলেন তিনি। হুংকার দিয়ে বলতেন "যদি কারো খুনাখুনির ইচ্ছে থাকে, সেটা নিজের বাড়িতে বসে করো। আমার নৌকায় কক্ষনো না।" কিন্তু ওর কথায় কেউ পাত্তা দিতো না। তেরো বছর পরে, ১৯৬১ সালের ১৯শে জানুয়ারী – আমি তখন মেহিকোয় থাকি – এক বন্ধু আমাকে ফোন দিয়ে জানালো যে মাগাঙ্গে নদীবন্দরে অবস্থানরত "দাভিদ আরাঙ্গো" স্টীমবোটটি আগুন লেগে একদম ভস্মীভূত হয়ে গেছে। ভয়ংকর এক বোধ নিয়ে সেদিন ফোনটা রেখে দিয়েছিলাম, মনে হচ্ছিল যেন অবশেষে আমার তারুণ্যের যবনিকাপাত ঘটলো। মধুময় স্মৃতির মাগদালেনা নদীর যা কিছু অবশিষ্ট ছিল, সবই যেন সেই আগুনে জ্বলে জাহান্নামে গেল।

আদতে হয়েছিলও তাই। মাগদালেনা নদী আজ মৃত, তার পানিতে শুধু বিষ, তার পশুপাখি সব বিলুপ্ত। নদীকে পুনরায় বাঁচিয়ে তোলার কথা বলছেন সরকার মহোদয়, কিছু সাংবাদিকের ঐকান্তিক প্রচেষ্টায় নদীর ইস্যুটি আবার আলোচনায় ফিরে এসেছে। কিন্তু সরকারের এসব বক্তব্য লোক-ভোলানো প্রহসন ছাড়া কিছু নয়। কম সে কম চার প্রজন্মের ক্রমাগত কঠোর প্রচেষ্টার মাধ্যমেই মাগদালেনা নদীর পুনর্বাসন করা সম্ভব হবে – অর্থাৎ পুরো এক শতাব্দীর মামলা।

কি অনায়াসেই না আমরা বনায়ন কর্মসূচীর কথা বলি। অথচ বাস্তবে এর অর্থ হলো যে মাগদালেনা নদীতীরে মোট ৫ কোটি ৯১ লক্ষ গাছ আমাদের রোপন করতে হবে। পুরো সংখ্যাটা আরেকবার লিখি – পাঁচ কোটি একানব্বই লক্ষ বৃক্ষ। কিন্তু গাছ বোনাটাও বড় সমস্যা না, বড় সমস্যা হলো কোথায় বোনা হবে? নদীতীরের প্রায় সকল ব্যবহার্য জমি এখন ব্যক্তি মালিকানায় চলে গেছে – বনায়ন প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলে এই জমির ৯০% শতাংশ অধিকৃত হবে। বড্ড জানতে ইচ্ছে করে – কোন ভূস্বামী আছেন একেবারে দয়ার শরীর হয়ে তাদের জমির ৯০% ছেড়ে দেবেন স্রেফ গাছ লাগানোর উদ্দেশ্যে? কে আছেন জমি থেকে চলতি আয়ের ৯০% বিসর্জন দেবেন স্বেচ্ছায়?

জলদূষণ শুধু মাগদালেনা নদীকেই ক্ষতিগ্রস্থ করেনি, বরং নদীর সকল শাখা-প্রশাখাও এই বিষে আক্রান্ত হয়েছে। তীরবর্তী গ্রাম আর শহরের দৈনন্দিন নর্দমায় পরিণত হয়েছে এগুলো। শিল্পজাত আর কৃষিজাত আবর্জনা, জীবজন্তু আর মনুষ্য-সৃষ্ট সকল বর্জ্যপদার্থ এখন জড়ো হয় পানিপথে, সমুদ্রের মোহনা বলতে যে প্রকান্ড আস্তাকুঁড় আমরা বানিয়ে রেখেছি, সব গিয়ে উপচে পড়ে সেখানে। গত বছর নভেম্বরের ঘটনা, তোকাইমা অঞ্চলে দুই গেরিলা সরকারী বাহিনীর হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল। পলায়নে সফল হয়েছিল ঠিকই, কিন্তু দূষিত পানিতে সংক্রমিত হয়ে দুজনেই প্রায় মরতে বসেছিল। নদীতীরের জনগোষ্ঠী, বিশেষ করে মাগদালেনার ভাটি অঞ্চলে যাদের বসবাস, বহু বছর ধরে তারা নদীর পানি পান করেন না বা অন্য কোনো কাজেও ব্যবহার করেন না। নদীতে ধরা তাজা মাছ খাওয়া বন্ধ করেছেন অনেক আগেই। বুড়িদের কথামতো নদীতে এখন খাঁটি বিষ্ঠা ছাড়া আর কিছুই পাওয়া যায় না।

নদীর পুনর্বাসন গুরুদায়িত্ব নিঃসন্দেহে, তবে কাজের মাত্রা অন্তত আমরা নিরুপণ করতে পেরেছি। পুরো প্রকল্পে কী কী করণীয়, কয়েক বছর আগেই সে বিষয়ে প্রতিবেদন তৈরী করে রেখেছেন হল্যান্ড ও কলম্বিয়ার একটি যৌথ কমিশন। কমিশনের গবেষণালব্ধ রিপোর্টের ত্রিশটি খন্ড বর্তমানে গচ্ছিত আছে জাতীয় জলবায়ু ইনস্টিটিউটের আর্কাইভে, সেখানেই বসে বসে ধুলো কুড়োচ্ছে। এই বিশাল গবেষণার উপ-পরিচালক ছিলেন হাইরো মুরিয়ো নামের এক তরুণ প্রকৌশলী। মাগদালেনার পুনর্বাসনের লক্ষ্যে নিজের অর্ধেক জীবন তো উৎসর্গ করেছিলেনই, কর্মসমাপ্তির আগেই বাকি জীবনটুকুও অকাতরে সমর্পণ করে দেন। তার স্বপ্নের নদীতেই ডুবে মরেন মুরিয়ো।