রবীন্দ্রনাথের অনুবাদ
অনুবাদ একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। কবিতা নাটক উপন্যাস প্রবন্ধ ইত্যাদির মতো এরও রয়েছে একটি স্বতন্ত্র এলাকা যা ওইসব মাধ্যমের মতোই নানা উপকরণ ও বৈশিষ্ট্যে পূর্ণ। যদিও অনুবাদ বিপুলাংশে স্থাপিত হয় কোনো একটি উৎস মাধ্যমের ওপরই, এবং সেই উৎসকে একটি লক্ষ্যভাষায় রূপান্তরিত করাই অনুবাদের কাজ, তবু অনুবাদও বিবেচিত হয় একটি সৃজনশীল শিল্পমাধ্যম হিসেবে। মূলের কতটা অনূগামী হলে শিল্প হিসেবে অনুবাদ উতরে যাবে বা ব্যর্থ হবে সেই নির্বাচন ক্ষমতার ওপরই প্রকাশ পায় অনুবাদের সৃজনশীলতা।
রবীন্দ্রনাথ মূলত একজন কবি; বস্তুত তিনি বাংলা সাহিত্যের একজন বহুমাত্রিক সৃজনশীল প্রতিভা হিসেবে অনন্য। এই সাহিত্যের সব শাখা তাঁর প্রতিভার স্পর্শে দারুণভাবে আন্দোলিত হয়েছে। মূল ইংরেজি ভাষায় তাঁর লেখা নেহায়েত স্বল্প নয়। আবার বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি, ফরাসী, জার্মান থেকে বাংলায় অনুবাদের কাজেও তিনি যথেষ্ট সময় দেন। সৃজনশীল সাহিত্যিক অনুবাদকর্মে নিয়োজিত হলে সাধারণত ব্যর্থই হন কারণ অনুবাদ করতে গিয়ে নিজের কল্পনা ও মনের মাধুরি মেশানোর প্রবণতা তাঁকে মূল থেকে ক্রমে বহু দূরে সরিয়ে নেয়। তখন অনূদিত কর্মটিকে অনুবাদ না বলে তাঁর নিজস্ব রচনা বললেই যথার্থ হয়। উদাহরণ দেওয়া যায় শেক্সপীয়র, ড্রাইডেন, পোপ থেকে। উৎস কাহিনীতে ভর করে শেক্সপীয়র তাঁর নাটকগুলোয় কি দারুণ সব কান্ডই না করে বসেছেন। অন্যদিকে ড্রাইডেন, পোপ–এঁরাও হোমার, ভার্জিল অনুবাদ করতে গিয়ে এমন কর্ম উপস্থাপন করলেন যে সেখানে গ্রীস ও ইতালির হতভাগ্য কবিদের আর চেনাই যায় না। বেশি সৃজনশীল কবি সাহিত্যিকের পক্ষে তাই সার্থক অনুবাদ অর্থাৎ যাতে মূলও বজায়ে থাকবে আবার নতুন একটি শিল্পকর্মও রচিত হবে-এমন ঘটনা কমই ঘটে থাকে।
এক্ষেত্রে রবীন্দ্রনাথকে কিছুটা ব্যতিক্রমীই মনে হয়। সাহিত্যে বিপুল, বিস্ময়কর কর্মযজ্ঞের স্রষ্টা এই মানুষটি অন্যান্য শাখার মতো বৃহদায়তনে অনুবাদ না করলেও তাঁর মূল ইংরেজি লেখা এবং ইংরেজিতে নিজের কবিতার অনুবাদও নেহায়েত কম নয়। মূলের কাছাকাছি থেকেও যে ইংরেজিতে, অর্থাৎ তাঁর জন্য একটি দ্বিতীয় ভাষায়, বেশ পাঠযোগ্য শিল্প সৃষ্টি করা যায় তা রবীন্দ্রনাথ প্রমাণ করেছেন তাঁর নিজের কবিতা এবং গদ্যরচনার ইংরেজি অনুবাদ প্রকাশ করে। তাঁর নোবেল পুরস্কার প্রাপ্ত কাব্যসংগ্রহ গীতাঞ্জলির কবিতাগুলো তিনি নিজেই ইংরেজি গদ্যে অনুবাদ করেন। এই গ্রন্থের পান্ডুলিপি পকেটে নিয়ে ইংরেজ কবি ইয়েটস দিনের পর দিন বাসে, ট্টেনে, রেস্তোরাঁয় ঘুরে বেড়াতেন আর থেকে থেকে খুলে পড়তেন। ইয়েটস ১৯১২সালের সেপ্টেম্বরে গীতাঞ্জলির ভূমিকায় বলছেন, কবিতাগুলোর সজীবতা, আধ্যাত্মিকতায় তিনি এতোই অভিভুত হয়েছিলেন যে তাঁকে ঘন ঘন পান্ডুলিপি বন্ধ করতে হয়েছে পাছে তার অভিভূত অবস্থা কেউ দেখে ফেলে। ভারতীয় বন্ধুদের কাছে ইয়েটস রবীন্দ্রনাথের উচ্ছ্বসিত প্রশংসা শোনেন এবং তাঁর অনূদিত কবিতা পড়েও প্রথম মহাযুদ্ধের প্রাক্কালে ইউরোপ জুড়ে বিস্তৃত হতাশার মধ্যে একটু আশার আলো দেখতে পান। সেসময় সমগ্র ইউরোপই যে আশাহত বস্তুবাদী পঙ্কে নিমজ্জিত হয়েছিলো তার প্রেক্ষিতে রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে লেখা কবিতাগুলি ইয়েটসকে অন্তত: কিছুদিনের জন্য খুব মুগ্ধ করে রেখেছিলো।
এখন রবীন্দ্রনাথ যে নিজেই গীতাঞ্জলির কবিতাগুলোর ইংরেজি অনুবাদ করলেন সেসম্পর্কে পরবর্তীকালে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এব্যাপারে বেশ জোরালো ভাষায় লিখেছেন হালাম টেনিসন। রবীন্দ্রনাথের ওপর লেখা একটি প্রবন্ধে এই ইংরেজ সমালোচক ও প্রাবন্ধিক রবীন্দ্রনাথের অনুবাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে রবীন্দ্রনাথ সম্পর্কে ইউরোপের উম্মাদনা প্রথম বিশ্বযুদ্ধের কিছুটা আগে ও পরে বহাল ছিলো। কিন্তু এরপর থেকে ওই উৎসাহে ভাটা পড়ে এবং এই ভাটার বীজ নিহিত ছিলো রবীন্দ্রনাথের নিজের অনুবাদেই। ইংল্যান্ডে যাওয়ার সময় জাহাজে সময় কাটানোর জন্য তিনি এই অনুবাদগুলো করেন। টেনিসন বলছেন যে রবীন্দ্রনাথ বাংলার মূলানুগ থেকে অনুবাদ করেননি, বরং একগুচ্ছ কবিতা পড়ে যেটুকু মনে থাকতো তারই ভাবানুবাদ করতেন ছন্দ মাত্রা পরিসর ইত্যাদির কোনো তোয়াক্কা না করে। রবীন্দ্রনাথ নিজেও তাঁর ইংরেজি ভাষায় দখলের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বলেই ইংরেজি গীতাঞ্জলি কখনো সর্বসমক্ষে প্রকাশ করতে চাননি। তবে ইয়েটস এবং তাঁর বন্ধুদের মধ্যে কবিতাগুলি উচ্ছ্বসিত প্রশংসা পেলে তিনি আত্মবিশ্বাস লাভ করেন। তাঁর মনে হয় যেন পশ্চিম তাঁর জন্য দুয়ার খুলেছে এবং সেখানে মিলন ঘটছে প্রাচ্যপাশ্চাত্য উভয়েরই। এতোটা আত্মবিশ্বাস সৃষ্টির মূলে কিন্তু তাঁর নিজের করা গীতাঞ্জলির ইংরেজি অনুবাদই।
আসলে রবীন্দ্রনাথ ইংরেজি অনুবাদে যে খুব বেশি স্বাধীনতা নিয়েছেন তা নয়। আর তাঁর অনুবাদ যদি এতোই খারাপ হবে তো ইউরোপ তাঁকে চিনলো এবং তাঁর সম্পর্কে উচ্ছ্বসিত হয়ে উঠলো তো এই অনুবাদের মাধ্যমেই। বস্তুত হালাম টেনিসনই জানাচ্ছেন যে গীতাঞ্জলির ইংরেজি সংস্করণ প্রথম দু বছরেই কুড়িবার ছাপাতে হয়েছে এবং এই সাফল্যে ইংরেজ প্রকাশকরা সেসময় তাঁকে দিয়ে কিছু ইংরেজি কবিতার বইও লিখিয়ে নিয়ে সেসব প্রকাশ করে; যেমন ১৯১৯ এই এরকম আটটি বই প্রকাশিত হয়। সেসময় শান্তিনিকেতনের জন্য অর্থের প্রয়োজন ছিলো বলে রবীন্দ্রনাথও এসব ফরমায়েসি লেখা লেখেন। তবে রবীন্দ্রনাথ তাঁর মূল ইংরেজি কবিতার মান সম্পর্কে কোনোরকম উচ্চাশা পোষণ করতেন না। টেনিসন তাঁর প্রবন্ধে লিখেছেন, "১৯২১ সালে রবীন্দ্রনাথ তাঁর বন্ধু ও জীবনীকার এডওয়ার্ড টমসনকে তাঁর ইংরেজির উন্নতি করতে অনুরোধ করে বলছেন, 'আমার অনুবাদকে সহজ সরল ও স্বচ্ছ করতে যত বাধা সব এড়াতে চাই। প্রথম যখন নিজের লেখা নিয়ে এরকম ছলনা শুরু করি তখন তা করেছিলাম খেলাচ্ছলেই। কিন্তু এখন ব্যাপারটা এতোটাই বিশাল আকার ধারন করেছে যে আমার তো ভয়ই হচ্ছে; সেজন্য এখন নিজের দুষ্কর্মের স্বীকারোক্তি করতেও আমি প্রস্তুত।' " কিন্তু ততদিনে একটু দেরীই হয়ে গেছে কারণ রবীন্দ্রনাথের কবিখ্যাতি যেমন হঠাৎ আলোর ঝলকানিতে ঝলমল করে উঠেছিলো তেমনি তা হঠাৎ করেই বাতাসে মিলিয়ে গেল। আজ আর কোনো প্রকাশকই তাঁর ইংরেজি লেখা প্রকাশের ঝুঁকি নিতে কিংবা তিনি নিজের টুটাফাটা অনুবাদের মাধ্যমে যে ক্ষতিটা করেছেন তা সারাতে তাঁর ইংরেজি লেখা ছাপাতে চাইবে না।" গীতাঞ্জলির একটি কবিতা "চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির"-এর অনুবাদ নিয়ে টেনিসন কিছুটা বিস্তৃত আলোচনা করেন। ওই কবিতার শেষ দুটি চরণ সম্পর্কে তিনি বলেন, ওই দুই লাইনের ( নিজহস্তে নির্দয় আঘাত করি পিত:/ ভারতের সেই স্বর্গে করো জাগরিত) আবেগঘন প্রকাশ রবীন্দ্রনাথের অনুবাদে ( Where the mind is led forward by thee into ever widening thought and action / into that heaven of freedom, my Father, let my country awake) একেবারে নেতিয়ে পড়েছে। টেনিসন নিজেই ওই দুই চরণের অনুবাদ করে দেখান যে ইংরেজিতেও বাংলার সেই তেজ প্রকাশ করা সম্ভব: Strike Father/ merciless , strike with thine own hand! / into that Heaven wake this Indian land. হয়তো শেষের অনুবাদ কিছুটা তেজী, কিন্তু বিদেশী একটি ভাষায় এবং গদ্যে অনুবাদ করতে গিয়ে ভাষাগত দুর্বলতা কিছুটা প্রকাশ পাওয়া অস্বাভাবিক নয়।
আরেকটি কবিতার ("জানি এ দিন যাবে, এ দিন যাবে. . . ") দৃষ্টান্ত দিয়ে টেনিসন বলেন যে প্রায় আক্ষরিক অনুবাদেও কবিতাটি তার মূল বৈশিষ্ট্য বজায়ে রাখতে পারতো। যেমন, I know this day will pass, / This day will pass-/ That one day, some day,/ The dim sun with tender smiling /Will look into my face/ His last farewell./ Beside the road the flute will sound,/ The herds will graze on the river bank, / The children will play in their courtyards, / The birds will sing on,/ Yet this day will pass, / This day will pass . সেক্ষেত্রে রবীন্দ্রনাথ অনুবাদকে দীর্ঘায়িত এবং কিছুটা এলায়িত করে লিখলেন:I know that at the dim end of some day the sun will bid me its last farewell / Shepherds will play their pipes beneath the Banyan trees, and cattle graze on the slope by the river,/ while my days will pass into the dark"
টেনিসন রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদের নিন্দা করছেন বটে, তবে এজরা পাউন্ড, ইয়েটস, স্টার্জ মুুর, রথেনস্টাইন কিন্তু এই অনুবাদের মাধ্যমেই বাংলার নদী জল মাটির সোঁদা গন্ধ পেয়ে উচ্ছসিত হয়ে উঠেছিলেন। ইউরোপে সম্ভবত এজরা পাউন্ডই প্রথম রবীন্দ্র প্রতিভা চিনেছিলেন এবং ১৯১২ র সেপ্টেম্বরেই তিনি শিকাগোর Poetry পত্রিকার সম্পাদকের কাছে লিখছেন, "মহান বাঙালি কবি রবীন্দ্রনাথের কিছু কবিতা সংগ্রহের চেষ্টা করছি . . . শীত সংখ্যার জন্য দারুণ হবে। ইয়েটস ভূমিকা লিখছেন। কবি নিজেই তাঁর চমৎকার ইংরেজি গদ্যে অনুবাদ করেছেন, ছন্দের বাহাদুরি আছে বটে। এছাড়া কবি রবার্ট ফ্রস্ট, আলবার্ট সোয়েৎজার রবীন্দ্রনাথকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন বলেই তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বলা হয় যে গীতাঞ্জলি অনুবাদে রবীন্দ্রনাথ মূল থেকে সরে গেছেন। কিন্তু তাঁর অনুবাদ আর মূল কবিতা পাশাপাশি রেখে পড়তে গিয়ে যে কেউ দেখতে পাবেন রবীন্দ্রনাথ খুবই বিশ্বস্ততার সঙ্গে মূলানুগ থেকেছেন। যেমন ৭৬ নম্বর কবিতার প্রথম চারটি চরণ: প্রতিদিন আমি হে জীবনস্বামী/ দাঁড়াব তোমারি সম্মুখে,/ করি জোড়কর, হে ভূবনেশ্বর/ দাঁড়াব তোমারি সম্মুখে। রবীন্দ্রনাথ অনুবাদ করছেন:Day after day, Lord of my life,/ shall I stand before thee face to face?/ With folded hands, Lord of all worlds, / shall I stand before thee face to face? এখানে যতিচিহ্নের ব্যবহারেই যা কিছু পার্থক্য-এছাড়া ইংরেজি অনুবাদকে মোটামুটি আক্ষরিকই বলা চলে। ইংরেজি গীতাঞ্জলির এরকম ১০৪ টি কবিতার প্রায় প্রতিটিই বাংলার বিশ্বস্ত অনুবাদ।
রবীন্দ্রনাথ গদ্যেই অনুবাদ করলেন তাঁর কবিতাগুলি। হয়তো একজন বাংলা-জানা ইংরেজ কবির হাতে পড়লে ওই কবিতাগুলি যথার্থ ইংরেজি কবিতাই হয়ে উঠতো। বলা হয় মহৎ কবিতার অনুবাদ হয় না, কিংবা যেমন ফ্রস্ট বলেছেন, "অনুবাদে কবিতার মৃত্যু ঘটে।" বস্তুত উৎস-ভাষার যেসব সূক্ষ্ম প্রকাশ, রস, উৎপ্রেক্ষা, উপমা–সেসবের সাদৃশ্য বা equivalence লক্ষ্য- ভাষায় না পাওয়ার সম্ভাবনাই বেশি। রবীন্দ্রনাথের নিজের কবিতার অনুবাদে হয়তো কবিতার মৃত্যু ঘটে না; বরং, যেমন অক্টাভিও পাজ বলেন, একটি নতুন কবিতার জম্ম হয়। এবং যতই দূর্বল হোক তাঁর অনুবাদ এই অনুবাদ দিয়েই রবীন্দ্রনাথ বিশ্বজয় করেছেন, বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে অবলীলায় পৌছে গেছেন। তবে তাঁর যে দর্শন, বিশেষ করে কবিতায়, তা হয়তো খুব উন্নত অনুবাদে ভর করলেও বেশিদিন পাশ্চাত্যের কাছে সমাদৃত হতো না। এজন্য হালাম টেনিসন যে বলছেন রবীন্দ্রনাথের নিজের করা অনুবাদগুলো ঠেলে একপাশে সরিয়ে কোনো ইংরেজ কবি যদি মূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত কোনো বাঙালির সাহায্যে অনুবাদ করতেন, তো রবীন্দ্রনাথ হয়তো বিশ্ব সাহিত্যে গ্যেয়টের স্তরের এক দূরবর্তী মহীরুহদের একজন হিসেবে বিবেচিত হতেন–সে কথার খুব একটা উপযোগিতা নেই কারণ তাঁর নেতিয়ে পড়া অনুবাদ দিয়েই রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে যেটুকু স্থান পাবার তা পেয়েছেন।
নিজের লেখা কবিতার অনুবাদ ছাড়াও রবীন্দ্রনাথ ইংরেজি ও বাংলায় আরো বেশ কিছু অনুবাদ করেছেন। মিস্টিক কবি কবীরের অনেকগুলো হিন্দি গান (প্রায় ১০০ টা) তিনি ক্ষিতিমোহণ সেন-এর বাংলা অনুবাদ থেকে ইংরেজিতে অনুবাদ করেন। রবীন্দ্র জীবন চরিত রচয়িতা প্রশান্ত পাল জানান যে রবীন্দ্রনাথ জার্মান কবি হাইনের লেখা পড়ে আগ্রহী হয়ে কিছুটা জার্মান শিখে তাঁর কয়েকটি কবিতাও বাংলায় অনুবাদ করে সাধনা পত্রিকার বৈশাখ ১২৯৯ সংখ্যায় ছাপিয়েছিলেন। আবার ভিক্টর হুগোর কবিতাও রবীন্দ্রনাথ মূল ফরাসী থেকেই নাকি অনুবাদ করেন। এছাড়া জার্মান কবি গ্যায়টে এবং ইতালিয়ান কবি দান্তে আর পেত্রার্কার কবিতাও তিনি কিছু কিছু অনুবাদ করেন বিভিন্ন ইংরেজি অনুবাদ থেকে। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিঙ-এর কবিতার অনুবাদও রবীন্দ্রনাথ করেছেন বলে জানা যায়। অস্ট্রিয়ান সঙ্গীতজ্ঞ আলেকজান্ডার জেমলিনস্কির সিম্ফনিও রবীন্দ্রনাথ কাব্যে রূপান্তরিত করেন। এভাবে দেখা যায়, সাহিত্যের প্রতিটি অঙ্গনে যেমন, তেমনি অনুবাদ শিল্পেও রবীন্দ্রনাথ তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যেকোনো বড় শিল্পী বহুবিচিত্র অঞ্চল থেকে উপকরণ আহরণ করে নিজ কর্ম সমৃদ্ধ করেন। অনুবাদও যেকোনো শিল্প প্রকরণের মতো একটি গুরুত্বপূর্ণ, সরাসরি আহরণ। জন ডান, শেলী, কীটস, কোলরিজ–এঁদের রচনার প্রভাব রবীন্দ্রনাথের অনেক কাব্য, গল্প ও উপন্যাসে বেশ উচ্চকিতভাবেই পড়েছে। কিন্তু তুলনামূলকভাবে বয়োকনিষ্ঠ এবং বিপুলাংশে রবীন্দ্র মানসের বিপরীত মেরুর একজন আধুনিক ইঙ্গ-মার্কিন কবি টি. এস. এলিয়টও যে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিলেন এবং তাঁর একটি কবিতার তিনি পূর্ণাঙ্গ এবং প্রায় আক্ষরিক অনুবাদ করেছিলেন তা আমাদের কিছুটা বিস্মিতই করে। এলিয়টের সঙ্গে রবীন্দ্রনাথের সরাসরি পরিচয় হয়েছিলো কিনা জানা যায় না; তবে রবীন্দ্রনাথের দুএকটি বক্তৃতা অনুষ্ঠানে এলিয়ট উপস্থিত ছিলেন বলে সব্যসাচী ভট্টাচার্য তাঁর Rabindranath: An Interpretation বইয়ে উল্লেখ করেছেন। এছাড়া রবীন্দ্রনাথের প্রবন্ধ "আধুনিক কাব্য"য় এলিয়ট সম্পর্কে রবীন্দ্রনাথের প্রশংসাসূচক বক্তব্যও পাওয়া যায়। ১৯৪০ সালের ৩রা মে R.F Rattray-কে লেখা একটা চিঠিতেও রবীন্দ্রনাথ লিখছেন: Some of his poetry moved me by [their] evocative power and consummate craftsmanship. তো এলিয়টের কবিতা "দ্য জার্নি অব দ্য ম্যাজাই"-এর বাংলা অনুবাদ "তীর্থযাত্রী" রবীন্দ্রনাথ তাঁর পুনশ্চ কাব্যে সংকলিত করে প্রকাশ করেন। এই কবিতায় এলিয়ট যিশুর জম্মলগ্নে আকাশের নতুন তারা দেখে প্রাচ্যদেশীয় তিনজন বৃদ্ধ ঋষি শিশু যিশুকে স্বাগত জানাতে যে কষ্টকর যাত্রা করেছিলো তা, এবং দেশে ফেরার পর অনেকটা ইউলিসিসের মতো নিজবাসভূমে পরবাসী হয়ে পুনরায় তারা যে যিশু দর্শনে যাত্রা করার বাসনা ব্যক্ত করে সে কাহিনিই বিবৃত করেন। বাইবেলে বর্ণিত এই বিষয়টিই এলিয়ট খুব চাঁচাছোলা, আবেগবর্জিত ভাষায় বর্ণনা করেছেন। মূলের মেজাজের সঙ্গে মিল রেখে রবীন্দ্রনাথের অনুবাদও খুব খটখটে। এজন্য কোথাও কোথাও অনুবাদের গন্ধও বেশ প্রকট। উদাহরণ দেওয়া যাক, প্রথম স্তবকের শেষে এলিয়ট লিখছেন, With the voices singing in our ears, saying/ That this was all folly-এর অনুবাদ রবীন্দ্রনাথ করছেন এভাবে, "আর কানে কানে কেউ বা গান গাবে। এসমস্তই পাগলামি।" "গুণগুনিয়ে বলবে কেউ/ এ সমস্তই পাগলামি" হয়তো বাংলার জন্য কিছুটা বেশি স্বাভাবিক হতো। আবার এলিয়ট সাহেবের Six hands at an open door dicing for pieces of silver-এর অনুবাদে রবীন্দ্রনাথ কেন যেন তিনজন মানুষ না বলে "দুজন মানুষ খোলা দরোজার কাছে পাশা খেলছে টাকার লোভে" লিখলেন। সংখ্যা তিন একটি মিস্টিক নম্বর। এলিয়টের কবিতার দ্বিতীয় স্তবকে আছেThree trees on the low sky, এবং ঋষিদের সংখ্যাও তিন। অতএব তিনজন লোকের পাশা খেলাটা এলিয়ট ইচ্ছে করেই জুড়ে দিয়েছেন। এছাড়াও কবিতার শেষটা হয়েছে খুবই অনুবাদগন্ধী। যেমন এলিয়টের And arriving at evening, not a moment too soon / Finding the Place;/ It was (you might say) satisfactory-কে রবীন্দ্রনাথ করলেন, "যেতে যেতে সন্ধে হল,/ সময় পেরিয়ে যায় যায়, তখন খুঁজে পেলেম জায়গাটা/ বলা যেতে পারে ব্যাপারটা তৃপ্তিজনক।" "ব্যাপারটা তৃপ্তিজনক" না বলে "যাত্রাটা সফলই বলা চলে" লিখলে হয়তো তা অনেক বেশি স্বাভাবিক হতো। আবার এলিয়টের সর্বনাম It কিসের প্রতি ইঙ্গিত করছে- সম্পূর্ণ যাত্রাটা নাকি যিশু যে আস্তাবলে ছিলেন সেই আস্তাবলের প্রতি–সেটাতেও কিছু ধন্দ আছে। শেষ স্তবকের শুরুতে এলিয়টেরI will do it again-কে "আবার ঘটে যেন এই ইচ্ছে" না করে "আবার যদি যেতে হয় যাবো" করা যেতো। রবীন্দ্রনাথের মতো সৃজনশীল প্রতিভা এই কবিতার অনুবাদে কি করে এতো সংযত ও বিশ্বস্ত হলেন তা ভাবতেও অবাক লাগে। কিছুটা স্বাধীনতা নিলে হয়তো "তীর্থযাত্রী" একটি সৃষ্টিশীল অনুবাদ হিসেবেই গণ্য হতে পারতো।
রবীন্দ্র প্রতিভা আমাদের কাছে বরাবরই একটি বিস্ময়। একটি জাতির শিক্ষিত শ্রেনীর সংস্কৃতির এতোটা জুড়ে কেউ এককভাবে এতোকাল অবস্থান করতে পারেন তা ভাবলে অবাক হতে হয়। কি গল্পে কি উপন্যাসে, কি গানে কি কাব্যে, কি অঙ্কনে কি অনুবাদে, কি গীতিনাট্যে কি নাটকে, কি শিক্ষায় কি সামাজ সেবায় এই একটি মানুষ বাঙালি মধ্যবিত্তের সংস্কৃতিকে মৃত্যুর চুয়াত্তর বছর পরও যে প্রবল প্রতাপে শাসন করছেন তা সত্যিই বিস্ময়কর। বস্তুত তিনি বিভিন্ন সংস্কৃতি থেকে নিয়েই তা আত্মস্থ করে শৈল্পিক রূপান্তরের মাধ্যমে পুনরায় উপস্থাপন করেছেন। এই ব্যাপারটি কোলরিজের Dejection: An Ode- এর একটি চরণ (O Lady, we receive but what we give) চমৎকার বাংলায় অনুবাদ করে শেষের কবিতার একটি চরিত্র বলছে, "তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান/ গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।" সরাসরি অনুবাদের সংখ্যা কম হলেও রবীন্দ্রনাথের সমস্ত রচনা ও কর্মকান্ডই প্রকারান্তরে এক বিপুল, বিশাল রূপান্তরেরই মহাযজ্ঞ।
