২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলিস মুনরোর গল্প: কণ্ঠস্বর

nushrat_sultana

Published : 29 Jul 2015, 12:21 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

আমার মায়ের যখন উঠতি বয়স, পরিবারের সবার সাথে নাচের অনুষ্ঠানে যেত মা। নাচের অনুষ্ঠানগুলো হত স্কুল ঘরে অথবা সামনে বড় কোন কামরা আছে এরকম কোন খামার বাড়ীতে। বড়রা যেমন যেত, যেত বাচ্চারাও। কেউ পিয়ানো বাজাত; বাড়ির পিয়ানোটা অথবা স্কুলের টাই, আবার কেউ কেউ বেহালা নিয়ে আসত, স্কয়্যার ড্যান্স তখন খুব জনপ্রিয় ছিল আর এর কায়দাটা ছিল বেশ জটিল। সবার চেনাজানা কেউ একজন (সে অবশ্যই একজন পুরুষ) মরিয়া হয়ে উচু স্বরে সবাইকে নাচের আমন্ত্রণ জানাত। নাচের কায়দাটা ভালভাবে রপ্ত করা না থাকলে অবশ্য ঐ আমন্ত্রণ অর্থহীন। তবে দশ/বার বছর বয়স হতে হতেই সবাই শিখে ফেলত সেটা।

বিবাহিত এবং তিন সন্তানের মা হলেও আমার মা'র তখনও ওরকম নাচের অনুষ্ঠানে যাবার বয়স আর উৎসাহ দুই-ই ছিল। গ্রামের দিকে তখনও ওরকম অনুষ্ঠান প্রায়ই হত। মা রাউন্ড ড্যান্সিংও পছন্দ করত, যেটা নাচতে হত জোড়ায় জোড়ায়। পুরান ধাচের নাচের জায়গা দখল করে নিচ্ছিল এই রাউন্ড ড্যান্স কিন্তু একদিক থেকে মা একটু অসুবিধাজনক অবস্থানে ছিল। আমরাও থাকতাম এমন এক জায়গায় যেটা শহরের বাইরে কিন্তু একেবারে গ্রামের মধ্যেও নয়।

মায়ের তুলনায় আমার বাবাকে সবাই বেশী পছন্দ করত। বাবা বিশ্বাস করত যেটুকু পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। মা একদমই সেরকম ছিল না। মা ছিল সাধারণ খামারীর মেয়ে। সেখান থেকে নিজ চেষ্টায় যেরকম সামাজিক অবস্থান মা চাইত শিক্ষকের চাকরী তা দিতে পারেনি, এমনকি যেরকম শহুরে বন্ধু চাইত তাও নয়, মা বাস করতে একটা ভুল জায়গায় আর যথেষ্ট টাকা পয়সাও ছিল না তার কিন্তু এ অবস্থা থেকে বের হয়ে আসারও তেমন কোনো উপায় ছিল না। মা ইউকার খেলতে জানত কিন্তু ব্রিজ নয়। মেয়েরা মা'র সামনে সিগারেট খেলে মা অপমানিত বোধ করত। সবাই সম্ভবত মাকে খুব চাপিয়ে দেয়া স্বভাবের মনে করত, অতিরিক্ত নিয়মতান্ত্রিকও। কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে মা এমনভাবে ব্যাকরণ মেনে কথা বলত যে রীতিমত হাস্যকর শোনাত সেটা। শুনে মনে হত মা হয়ত এমন কোনো পরিবারে বড় হয়েছে। যেখানে সবাই এভাবে কথা বলে। আসলে কিন্তু তা নয়। ঐ পরিবারে কেউই এরকম করে কথা বলে না। আমার মামা খালারা তাদের গ্রামের অন্য সবার মত করেই কথা বলত আর আমার মাকে ওরাও খুব একটা পছন্দ করত বলে মনে হয় না।

চাওয়া আর পাওয়ার মিল না হলেও মা যে সারাদিন তার অপ্রাপ্তিগুলো নিয়ে অভিযোগ করত তা কিন্তু নয়। অন্য সব মহিলাদের মত মা'রও রান্নাঘরে গামলা ভর্তি বাসন কোসন ধুতে হত, কলে পানি ছিল না, কাজ করতে হত পানি তুলে আর প্রায় সারাটা গ্রীষ্ম ব্যায় করতে হত শীতের জন্য খাবার তৈরীতে, যথেষ্ট ব্যাস্ত থাকতে হত তাকে। এমনকি আমার কাজকর্মে হতাশ হয়ে আমার সাথে চেচামেচি করার সময়ও খুব কম পেত মা। সময় পেলে হয়ত মা বলত আমার কেন কোনো শহুরে বন্ধু নেই? অথবা আমি কেন সানডে স্কুল থেকে পালিয়ে বেড়াচ্ছি? অথবা কেন আমি মা'র বেঁধে দেয়া চুল এলোমেলো করে বাড়ী ফিরছি? আসলে স্কুলে যেমন করে বেঁধে দিত ওরকম করে আর কেউই চুল বাঁধত না। কিংবা কী করে আমি আমার তুখোড় স্মৃতিশক্তি হারিয়ে ফেললাম যার বলে আমি বড় বড় কবিতা আবৃত্তি করতে পারতাম আর কেনই বা আমি লোক দেখানোর জন্য এসব আর করতে রাজি হই না।

মা'র সাথে মতের মিল হত না বলে আমি কিন্তু সব কিছু নিয়েই তর্ক করতাম না বা গাল ফুলিয়ে বসে থাকতাম না। অন্তত তখনও পর্যন্ত না। আমার বয়স তখন দশ। সেজেগুজে মা'র সাথে নাচের অনুষ্ঠানে যেতে আগ্রহের সীমা ছিল না আমার। সেদিনের নাচের অনুষ্ঠানটা ছিল আমাদের রাস্তার ওপরই একটা বাড়িতে। সব মিলিয়ে বাড়িটা বেশ পরিপাটি তবে বাড়তি কোনো চাকচিক্য ছিল না বাড়িটার। বাড়িটা ছিল কাঠের। বাড়ির লোকদের সম্পর্কে আমি কিছুই জানতাম না, শুধু জানতাম এ বাড়ির কর্তা ঢালাই কারখানায় কাজ করে যদিও বয়সে সে আমার দাদার সমান হবে। ওরকম বয়সে ঢালাই কারখানায় কাজ করা, যতদিন সম্ভব কাজ করে যাওয়া, কিছুটা সঞ্চয় করার চেষ্টা, যে সময় আর আয় করা যাবে না সে সময়ের জন্য। সেই সময়েও, পরে জেনেছি সময়টা ছিল মহামন্দার, বয়স্ক ভাতা নিয়ে জীবন যাপন করাটা ছিল লজ্জাজনক। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জন্যও তাদের বাবা-মাকে বয়স্ক ভাতা গ্রহণ করতে দেয়াটা লজ্জাজনক ছিল।
এখন চিন্তা করলে মনে কিছু প্রশ্ন জাগে যেগুলো তখন মনে হয়নি।
সে বাড়ির মানুষগুলো কি শুধুমাত্র আমোদ প্রমোদ করার জন্যই নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিল? নাকি গৃহকর্তা কাজ করা সত্ত্বেও ওরা কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিল। হয়ত চিকিৎসার খরচ। আমি জানতাম একটা পরিবারের উপর কী ভয়ংকর চাপ হতে পারে সেটা। আমার ছোটবোন ছিল ভীষণ নাজুক, সবাই তাই বলত, ওর টপসিল ফেলে দিতে হয়েছিল। আমার ভাই আর আমি প্রতি শীতেই ভয়াবহ ব্রংকাইটিসে ভুগতাম, যার ফলে বাড়িতে ডাক্তার ডাকতেই হত। আর ডাক্তার মানেই একগাদা টাকা খরচ।

আরও একটা ব্যাপার ভেবে অবাক লাগে, কেন মা আমাকে নিয়ে নাচের অনুষ্ঠানে যেত, কেন বাবাকে নিয়ে নয়? এটা অবশ্য খুব জটিল কোনো ধাঁধা না। বাবা হয়ত নাচতে পছন্দ করত না কিন্তু মা করত। আবার বাড়িতে দু'টো ছোট বাচ্চা ছিল যাদেরকে দেখে রাখার মত বয়স তখনও আমার হয়নি। আমার বাবা মা কখনো বেবী সিটার রেখেছে এমন মনে পড়ে না। সে সময় বেবী সিটার কথাটা কতটা পরিচিত ছিল সেটা নিয়েও আমার সন্দেহ আছে। আমার কৈশোরে অনেককে বেবী সিটিং করতে দেখেছি কিন্তু ততদিনে সময় অনেক বদলে গিয়েছিল।

আমরা তৈরী হয়ে নিলাম। সে আমলে টেলিভিশনের নাচের অনুষ্ঠানে যে সমস্ত ঝলমলে পোশাক দেখানো হত তা আসলে কেউ পরত না। সবাই নিজের সবচেয়ে ভাল পোশাকটাই পরে আসত। তবে কুঁচিওয়ালা জামা আর স্কার্ফ পরাটা একেবারেই গ্রহনযোগ্য ছিল না। এগুলোকে গ্রাম্য পোশাক মনে করা হত এবং এরকম পোশাক পরে আসাটা গৃহকর্তা এবং অতিথি– সবার জন্যই অপমানজনক ছিল। আমি পরেছিলাম মায়ের বানিয়ে দেয়া একটা জামা তুলতুলে উলের তৈরী, স্কার্টটা ছিল গোলাপী আর উপরের অংশটা ছিল হলুদ, বুকের বা দিকে একটা গোলাপী হৃদয়াকৃতির নকশা। মা আমার চুল ভিজিয়ে নরম করে, আঁচড়ে লম্বা লম্বা সসেজের মত রিং বানিয়ে দিয়েছিল– ঠিক যেরকম রিংগুলো আমি রোজ স্কুলে যাবার পথে খুলে ফেলতাম। এভাবে অন্য কেউ চুল বাঁধে না বলে আমিও নাচের অনুষ্ঠানে এভাবে চুল বেধে যেতে চাইনি। মা'র জবাব ছিল, অন্য কারো নাকি ওভাবে চুল বাঁধার সৌভাগ্য হয় না। আমি আর কথা বাড়াইনি কারণ নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি উদগ্রিব হয়ে ছিলাম, অথবা হয়ত ভেবেছিলাম নাচের অনুষ্ঠানে স্কুলের কারো সাথে দেখা হবার সম্ভাবনা নেই তাই যেমন করেই চুল বাঁধি না কেন কিছু যায় আসে না। স্কুলের বন্ধুদের উপহাসের পাত্র হওয়াটাই আমার কাছে ভয়ের বিষয় ছিল সব সময়।

মা'র পোশাকটা ঘরে বানানো ছিল না, মা'র সবচাইতে ভাল পোশাক ছিল সেটা, চার্চে পরে যাবার জন্য অতিরিক্ত অভিজ্ঞতা আবার অন্তেষ্টিক্রিয়ায় পরে যাবার জন্য বেশী জমকালো। আর তাই জামাটা পরাই হয়নি খুব একটা। জামাটা ভেলভেটের তৈরী, কনুই পর্যন্ত হাতা আর উচু গলা। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল জামাটার উপরের অংশে ছড়িয়ে থাকা ছোট ছোট সোনালী, রুপালী আর আরও অনেক রংয়ের পুতি। মা নড়াচড়া করলে বা শুধু শ্বাসপ্রশ্বাস ফেললেই আলো পড়ে ঝকমক করে উঠত সেগুলো। চুলগুলো বেনী গেঁথে চুড়া করে একটা ছোট্ট মুকুটে আটকে নিয়েছিল মা। নিজের মা না হয়ে অন্য কেউ হলে আমি হয়ত বলতাম ভয়ংকর সুন্দর লাগছে তাকে। সম্ভবত আমার তাই মনে হচ্ছিল কিন্তু ঐ অদ্ভুত বাড়িটায় ঢোকার সঙ্গে সঙ্গেই খেয়াল করলাম মার পোশাকটা অন্য সবার চেযে আলাদা, যদিও যার যার সবচেয়ে ভাল পোশাকটাই পরে এসেছিল সবাই।

অন্য যে মহিলাদের কথা বলছি তারা সবাই ছিল রান্নাঘরে। রান্নাঘরে আমরা একটু থামলাম টেবিলে সাজানো খাবারগুলো দেখতে। বড় একটা টেবিলে সাজানো ছিল নানা রকম টার্ট, কুকি, পাই আর কেক। মাও তার বানিয়ে আনা বাহারী খাবারগুলো টেবিলে নামিয়ে কিভাবে রাখলে সেগুলোকে আরও আকর্ষণীয় দেখাবে সেটা নিয়ে অকারণেই ব্যাস্ত হয়ে পড়ল। খাবারগুলো সব যে দেখতে খুব সুস্বাদু দেখাচ্ছে সেটা বলল মা।

আমি নিশ্চিত মা তাই বলল– সুস্বাদু? যাই বলুক, কেমন যেন শোনাল কথাটা। ইস্ বাবা যদি তখন ওখানে থাকত! যে কোনো পরিস্থিতিতেই বাবার কথাবার্তা খুব সুন্দর শোনাত, এমনকি খুব ব্যাকরণ মেনে কথা বললেও। বাড়িতে ওভাবে কথা বললেও বাইরে বাবা সচরাচর ওরকম ভাষা ব্যবহার করত না। যে কোন রকম আলোচনায় সহজেই অংশ নিতে পারত বাবা। বাবা জানত আসল ব্যাপার হল বিশেষ কিছু না বলা। মা ছিল সম্পূর্ণ বিপরীত। তার কাছে সব কিছুই ছিল খুব সোজাসাপ্টা এবং সবক্ষেত্রেই ছিল দৃষ্টি আকর্ষনের চেষ্টা।

তখনও ঠিক তাই হচ্ছিল, শুনলাম মা হাসছে, খুশী মনে হাসছে, যেন কেউ যে তার সাথে কথা বলছে না সেটা পুষিয়ে নেয়ার চেষ্টা। কোটগুলো খুলে কোথায় রাখতে হবে সেটা জিজ্ঞেস করল মা।

ভাবগতিক দেখে মনে হল কোটগুলো যে কোনো জায়গায় রাখা যায়, কিন্তু একজন বলল চাইলে আমরা ওগুলো উপরের তলায় বিছানার উপর রাখতে পারি। দেয়াল ঘেরা একটা সিড়ি দিয়ে উপরে যাবার পথ। সিড়িতে কোনো আলো ছিল না, এক্কেবারে উপরে একটা বাতি জ্বলছিল শুধু। মা আমাকে উপরে উঠে যেতে বলল, আরও বলল এক মিনিটের মধ্যে সেও আসছে। আমি উপরে চলে গেলাম। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আসলেই কি সেই নাচের অনুষ্ঠানে টাকা দিতে হয়েছিল? মা হয়ত টাকাটা দেবার জন্যই নিচে থেকে গিয়েছিল। আবার টাকা দিতে হলে কি সবাই এরকম খাবার দাবার নিয়ে আসত? আর আমার যেমন মনে পড়ে–আসলেই কি তেমন প্রাচুর্য্য ছিল খাবারের? সবারই তো আর্থিক অবস্থা বেশ খারাপ ছিল তখন। কিন্তু সবাই হয়ত ততদিনে নিজেদের স্বচ্ছল ভাবেত শুরু করেছিল সৈনিকরা বাড়িতে যে টাকা পাঠাত সেটার কারণে। তখন যদি আমার বয়স দশ হয়ে থাকে, আমার মনে হয় দশই ছিল, তাহলে সমাজটা এসব পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল প্রায় দু'বছর ধরে।

সিড়ির একটা অংশ ছিল রান্নাঘরের ভেতর দিয়ে আর আরেকটা সামনের ঘর থেকে, দু'টো অংশ একটা জায়গায় মিলে সোজা চলে গেছে উপরে শোবার ঘরগুলোর দিকে। পরিপাটি করে গুছানো প্রথম শোবার ঘরে ঢুকে আমি আমার কোট আর বুট খুলে রাখলাম। রান্নাঘর থেকে মা'র ঝনঝনে কণ্ঠ ভেসে আসছিল। কিন্তু সেই সাথে শোনা যাচ্ছিল সামনের ঘর থেকে ভেসে আসা বাজনার শব্দ। তাই নামার সময় আমি রান্নাঘরের দিকে না গিয়ে সামনের ঘরের দিকেই গেলাম।

ঐ ঘরটায় পিয়ানো ছাড়া আর কোন আসবাব পত্র ছিল না। জানালায় ঝুলছিল গাঢ় সবুজ রংয়ের পর্দা, রংটা আমার কাছে খুব বিষন্ন মনে হত। তবে ঐ ঘরের পরিবেশ কিন্তু মোটেও বিষন্ন ছিল না। অনেকে মিলে নাচছিল, একে অন্যের হাত ধরে জায়াগা বদল করছিল আর বৃত্তাকারে দুলছিল তালে তালে। কয়েকটা মেয়ে, যারা তখনও স্কুলের গন্ডি পার হয়নি, সদ্য জনপ্রিয় হওয়া একটা ভঙ্গিতে নাচছিল, মুখোমুখী দাঁড়িয়ে জায়গা বদল, কখনো হাত ধরে, কখনো বা ছেড়ে। মেয়েগুলো আমার দিকে তাকিয়ে হাসল, আর আমি খুশীতে একেবারে গলে গেলাম। আমার চেযে বয়সে বড় কোন আত্মবিশ্বাসী মেয়ে আমার দিকে নজর দিলেই মনটা অকারনে খুশী হয়ে উঠত আমার।

ঐ ঘরে একজন মহিলা ছিল যে কোনভাবেই কারো দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। তার পোশাকের চাকচিক্য আমার মা'র পোশাককে ম্লান করে দেয় সহজেই। বয়সে মার চেয়ে বেশ বড়ই হবে মহিলা– চুলগুলো সাদা হলেও অত্যন্ত অভিজাত ঢংয়ে সাজানো। চুলের ঐ বিশেষ সজ্জার নাম ছিল মারসেল্ড ওয়েভ। বেশ বড়সড় গড়নের মহিলা প্রশস্ত কাঁধ আর চওড়া নিতম্ব, সোনালী আর কমলা রংয়ের মিশেলে টাফেটা কাপড়ের পোশাক পরেছিল মহিলা। জামার চৌক গলাটা বেশ ডাবিয়ে কাটা আর স্কার্টটা কোনো রকমে হাঁটু ঢাকে। জামার ছোট হাতা চেপে বসেছিল তার বাহুর উপর– ভারী, মসৃন এবং ধবধবে সাদা বাহু, যেন একখন্ড চর্বি।

চমকে দেবার মত একটা দৃশ্য ছিল সেটা আমার জন্য। আমি কখনো ভাবতে পারিনি কাউকে একই সঙ্গে বয়স্ক আর ছিমছাম দেখাতে পারে কিংবা কারো চেহারায় ভারিক্কি আর মাধুর্য থাকতে পারে একসাথে, অথবা সম্মানের বলিষ্ঠতার পাশাপাশি থাকতে পারে চাকচিক্য। তাকে তুলনা করা যেতে পারে পিতলের মূর্তির সাথে, মা মনে হয় পরবর্তিতে এ কথাই বলেছিল তার সম্পর্কে। মা'র কথাবার্তা ওরকমই ছিল। আরও রুচিসম্পন্ন কেউ হলে হয়ত বলত রাজকীয়। মহিলার মধ্যে কোনো লোক দেখানো ভাব ছিল না। শুধু তার বেশভুষা আর পোশাকের রং ছিল নজরকাড়া। মহিলা তার পাশের ভদ্রলোকের সঙ্গে নাচছিল, মার্জিত এবং খানিকটা অন্যমনস্ক ভঙ্গিতে, স্বামী স্ত্রীর মত। আমি মহিলার নাম জানতাম না। আগে কোনদিন তাকে দেখিনি। আমি জানতাম না আমাদের শহরে মহিলার কুখ্যাতি ছিল, হয়ত শহরের বাইরেও।

আমি যদি এখন স্মৃতিকথা না লিখে গল্প লিখতাম তাহলে কখনোই মহিলাকে ঐ পোশাকটা পরাতাম না। ওরকম নজরকাড়া পোশাক পরে নিজের প্রচারের কোনো প্রয়োজনই ছিল না তার।

শুধু স্কুলে যাওয়ার প্রয়োজনে শহরে আসা যাওয়া না করে আমি যদি শহরে বাস করতাম তাহলে আমি ততদিনে জেনে যেতাম যে মহিলা একজন নামকরা পতিতা। তার সাথে অবশ্যই আমার কখনো কখনো দেখা হত, তবে কমলা পোশাকে নয় নিশ্চয়। আর আমি সম্ভবত পতিতা শব্দটা ব্যবহার করতাম না তার সম্পর্কে, খারাপ মেয়েমানুষ বলতাম হয়ত। আমি জানতে পারতাম মহিলার মধ্যে বিরক্তিকর আর ভয়ংকর আর রোমাঞ্চকর আর দুঃসাহসী কিছু একটা ব্যাপার ছিল, যদিও ব্যাপারটা কি তা জানতে পারতাম না। কেউ সত্যটা আমাকে বলতে চাইলেও পারতাম না। কেউ সত্যটা আমাকে বলতে চাইলেও আমার মনে হয় সেটা বিশ্বাস করতাম না আমি।

শহরের বেশ কিছু মানুষ দেখতে একটু অস্বাভাবিক ছি'ল আর হয়ত তাকেও আমি ওদের দলেই ফেলে দিতাম। এক কুজো লোক ছিল যে রোজ টাউনহলের দরজা পলিশ করত আর কাজ বলতে আমার জানা মতে আর কিছু করত না সে। আর ছিল বেশ স্বাভাবিক দেখতে এক মহিলা যে অনর্গল উঁচু স্বরে কথা বলে যেত নিজের মনে, ধমকে চলত অদৃশ্য মানুষ জনদের।

এক সময় আমি হয়ত তার নাম জানতে পারতাম, ধীরে ধীরে আরও জানতে পারতাম সে এমন কিছু করে যেটা সে করতে পারে বলে বিশ্বাসই হত না আমার। আর ঐ লোকটা যার সাথে মহিলা নাচছিল, যার নাম আমি কোনদিনই জানতে পারিনি, ছিল জুয়াখানার মালিক। হাইস্কুলে পড়ার সময় একদিন কয়েকটা মেয়ের সঙ্গে আমি ঐ জুয়াখানার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওরা আমাকে বলছিল আমার নাকি জুয়াখানার ভেতরে ঢোকার সাহস নেই। আর তাই সাহস যে আমার আছে সেটা দেখানোর জন্য দুম করে জুয়াখানার ভেতরে ঢুকে পড়লাম আমি। ভেতরে ঐ লোকটা ছিল, যে নাচছিল ঐ মহিলার সাথে। ততদিনে মাথায় চুল অনেক কমে গেছে লোকটার, মুটিয়েও গেছে বেশ, পরনের পোশাকও আগের চেয়ে মলিন। আমার সাথে তার কোনো কথা হয়েছিল বলে মনে পড়ে না, অবশ্য আমার সাথে কোনো কথা বলার প্রয়োজনও ছিল না তার। আমি দ্রুত ওখান থেকে বেরিয়ে বন্ধুদের কাছে ফিরে গেলাম এবং ওদেরকে কিছুই বললাম না।

জুয়াখানার মালিককে দেখামাত্রই সেদিনের নাচের অনুষ্ঠানের পুরো ছবিটা মনে পড়ে গেল আমার– পিয়ানোর টুংটাং, বেহালার সুর আর সেই কমলা জামা যেটা ততদিনে আমার দৃষ্টিতে, হাস্যকর একটা পোশাক আর আমার মা'র কোট গায়ে হঠাৎ উপস্থিতি, কোটটা সম্ভবত মা গা থেকে খোলেইনি।

সমস্ত বাজনার মূর্ছনা হাপিয়ে মা আমাকে ডাকছিল ঠিক ঐ স্বরে যে স্বরটা আমাকে মনে করিয়ে দিত আমাকে জন্ম দিয়ে এ পৃথিবীর আলো দেখানোর জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ আমার। খুব অপছন্দ করতাম মা'র এই কণ্ঠস্বরটা আমি।

মা বলল, তোমার কোট কোথায়? যেন কোটটা আমি অসাবধানে কোথাও ফেলে রেখেছি।

উপরে।
"ও আচ্ছা, যাও নিয়ে আস।"

মা যদি উপরে যেত তাহলে তো মা'র নিজেরই কোটটা সেখানে দেখতে পাবার কথা। মা নিশ্চয় রান্নাঘর থেকেই বের হতে পারেনি, কোটের বোতাম ক'টা খুলে খাবার দাবারগুলো নিয়ে আদিখ্যেতা করে বেড়াচ্ছিল যতক্ষণ পর্যন্ত না সে সামনের বড় ঘরে উঁকি দিযে ঐ কমলা পোশাক পরা মহিলাকে দেখতে পেল, মা জানত ঐ মহিলা কে।

"দেরী করো না," মা বলল।

দেরী করার কোন ইচ্ছা আমার ছিল না। দরজা খুলে আমি দৌড়ে সিড়ির কয়েক ধাপ উঠে গেলাম। যেখান থেকে সিড়িটা অন্যদিকে ঘুরে গেছে সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে; আমার যাবার পথ বন্ধ । ওরা আমাকে আসতে দেখেনি– মনে হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা চলছে। ঠিক কথা কাটাকাটি নয় বরং বলা যেতে পারে জরুরী কোনো বিষয় নিয়ে কথোপকথন।

ওদের মধ্যে দু'জন ছিল পুরুষ, বিমান বাহিনীর পোশাক পরা দু'জন যুবক, একজন সিড়িতে বসে ছিল আর তার নিচের সিড়িতে অন্যজন হাঁটুর উপর এক হাত রেখে সামনের দিকে ঝুঁকে ছিল। এক সিড়ি উপরে বসে ছিল একটা মেয়ে। সিড়িতে বসে থাকা যুবক স্বান্তনা দেবার ভঙ্গিতে মেয়েটার পায়ে মৃদু চাপড় দিচ্ছিল। আমি ভেবেছিলাম মেয়েটা নিশ্চয় সিড়িতে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে, কারণ মেয়েটা কাঁদছিল।

পেগী। মেয়েটার নাম ছিল পেগী। "পেগী, পেগী," ছেলেগুলো বলছিল, সতর্ক কিন্তু দরদভরা কণ্ঠে।

মেয়েটা কি বলল আমি শুনতে পাইনি । বাচ্চাদের মত করে কথা বলছিল মেয়েটা। কিছু একটা নিয়ে অভিযোগ করছিল, যেন কিছু একটা অন্যায় করা হয়েছে তার সাথে। বাচ্চারা যেমন করে বারবার বলতে থাকে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, আবার কণ্ঠে থাকে নিরাশা যেন যেটা ঠিক হয়নি সেটা ঠি হবারও কোন আশা নেই। এরকম পরিস্থিতিতে আরেকটা শব্দ ব্যবহার করা যায়– নীচ। কেউ একজন খুব নীচ ব্যবহার করেছিল মেয়েটা সাথে।

বাড়ী ফেরার পর বাবা মা'র কথাবার্তা শুনে কিছুটা জানতে পেরেছিলাম কী ঘটেছিল ওখানে, কিন্তু পুরোপুরি পরিস্কার হয়নি ব্যাপারটা। মিসেস হাচিমন নাচের আসরে এসে হাজির হয়েছিল আর ওকে সঙ্গে করে নিয়ে এসেছিল সেই জুয়াখানার মালিক। ঐ লোককে অবশ্য, তখনও আমি জুয়াখানার মালিক হিসেবে চিনতাম না। মা লোকটার নাম কি বলেছিল সেটা আমার মনে নেই তবে মা ঐ লোকের ব্যবহারে খুব হতাশ হয়েছিল। নাচের অনুষ্ঠানের খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছিল। পোর্ট অ্যলবার্ট থেকে– যেটা বিমান বাহিনীর ঘাঁটি ছিল– কয়েকজন নাচের অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিল। সেটা কোনো সমস্যা ছিল না। বিমান বাহিনীর ছেলেগুলো কোনো সমস্যার কারণ নয়। সেখানে মিসেস হাচিমনের উপস্থিতি ছিল লজ্জাজনক, আর মেয়েটার উপস্থিতিও। মিসেস হাচিমন সাথে করে একটা মেয়ে নিয়ে এসেছিল।
"হয়ত বেড়াতে নিয়ে এসেছিল" বাবা বলল। "হয়ত মেয়েটা নাচতে ভালবাসে।"

মা যেন বাবার কথা শুনলই না। মা বলল, "খুবই লজ্জার বিষয়।" সবাই ভেবেছিল কিছুটা ভাল সময় কাটাবে, একটা সুন্দর, পরিশীলিত নাচের অনুষ্ঠান হবে। সব পন্ড হল।

আমার একটা স্বভাব ছিল। আমার চেয়ে বয়সে বড় কোনো মেয়েকে দেখলে আমি মনে মনে তার বেশভুষার একটা মাপ নিতাম, পেগীকে আমার খুব সুন্দরী মনে হয়নি। হয়ত কান্নাকাটি করছিল বলে ওর সাজগোজ নষ্ট হয়ে গিয়েছিল। ওর ইদুঁর-রঙ পেঁচিয়ে বাঁধা চুলগুলো ক্লিপ থেকে খুলে ঝুলছিল। নখে নেইল পলিশ লাগানো ছিল কিন্তু দাঁতে কেটে নখগুলো এবড়ো থেবড়ো করে ফেলেছিল ও। আমার চেনা কয়েকজন ছিচকাঁদুনে আর ভীষণ ন্যাকা মেয়ে ছিল যারা কথায় কথায় নালিশ নিয়ে হাজির হত। পেগীকে দেখে তাদের চেযে বয়সে খুব বেশী বড় বলে মনে হল না। কিন্তু মেয়েটার সাথে ঐ যুবক দু'জনের আচরণ দেখে মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্যও কোনো রুক্ষতার মুখোমুখী হওয়া সাজে না মেয়েটার। যেন তাকে আগলে রাখা, তাকে আনন্দে রাখা সকলের দায়িত্ব।

ঐ যুবকদের মধ্যে একজন পেগীকে একটা সিগারেট দিল, তৈরী সিগারেট। আমার চোখে ঐ তৈরী সিগারেটই ছিল একটা বিশেষ সমাদৃত বস্তু। কারণ আমার বাবাকে সবসময় দেখেছি নিজের সিগারেট নিজেকে বানিয়ে নিতে। আমার চেনা জানা সবাইই তাই করত। কিন্তু পেগী মাথা নেড়ে অনুযোগের সুরে বলল, সে সিগারেট খায় না। অন্য ছেলেটা ওকে একটা চুইংগাম বের করে দিল তখন। সেটা মুখে পুরে চিবাতে লাগল পেগী।

আসলে কি ঘটেছিল সেখানে সেটা জানার কোনো উপায় ছিল না আমার। যে ছেলেটা চুইংগাম দিয়েছিল সে পকেট ঘেটে কিছু একটা খোঁজার সময় খেয়াল করল ওদের পেছনে আমি দাঁড়িয়ে আছি। পেগী? পেগী একটা ছোট মেয়ে এসেছে মনে হয়, উপরে যেতে চায়।

পেগী মাথা ঝুকিয়ে ফেলল যাতে আমি তার মুখ দেখতে না পাই। ওর পাশ দিয়ে যাবার সময় পারফিউমের গন্ধ পেলাম আমি। আমি সিগারেটের গন্ধও পেলাম, আর ওদের উলের ইউনিফর্মের পুরুষালী গন্ধ, পালিশ করা বুটের গন্ধও।

আমি যখন কোট পরে নেমে আসছিলাম তখনও তারা ওখানে বসে। কিন্তু এবার ওরা জানত আমি আসছি তাই ওদের পাশ কাটিয়ে আমি যখন নেমে আসলাম, একদম চুপচাপ ছিল ওরা। শুধু পেগীর একটা জোরালো দীর্ঘশ্বাস শুনতে পেলাম আমি। ওর কাছে বসা ছেলেটা তখনও ওর উরুতে মৃদু চাপড় দিয়ে যাচ্ছে। পেগীর স্কার্টটা অনেকখানি উঠানো ছিল, ওর স্টকিংয়ের সাথে লাগানো বেল্টটাও দেখতে পেলাম আমি।

অনেকদিন পর্যন্ত ঐ কণ্ঠস্বর মনে ছিল আমার। আমার ভাবনায় ঘুরপাক খেত কণ্ঠস্বরগুলো, পেগীর নয়, ঐ যুবকদের কণ্ঠস্বর। যুদ্ধের শুরুর দিকে ইংল্যান্ড থেকে কিছু বিমান বাহিনীর সৈনিক পোর্ট অ্যলবার্টে এসেছিল, জার্মানীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তারা। এখন ভাবি, তাহলে কি ইংল্যান্ডের কোনো এক অংশের উচ্চারণ আমার কানে এমন কোমল আর মধুর শুনিয়েছিল? সত্যি বলতে কি, আমি আমার জীবনে কোনো দিন কোনো ছেলেকে এভাবে কথা বলতে শুনিনি, মেয়েদের সাথে এরকম ব্যবহার করতে দেখিনি। মেয়েটা যেন ভীষণ গেলা আর মূল্যবান কোনো জিনিসি, কোনো নিষ্ঠুরতা তার ধারে কাছে আসাই যেন আইন পরিপন্থী, ক্ষমার অযোগ্য অপরাধ।

কেন কাঁদছিল পেগী? আসলে সে সময় ওর কান্নার কারণ নিয়ে খুব একটা আগ্রহ ছিল না আমার। আমি নিজে খুব সাহসী ছিলাম না। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাড়া খেয়ে আর ঢিল খেয়ে আমি কেদেঁছি। স্কুলে শিক্ষক যখন আমার ডেস্ক অগোছালো রাখার জন্য আমাকে শাস্তি দিয়েছে তখন আমি কেঁদেছি। আর একথা জানানোর জন্য মা'কে যখন স্কুল থেকে ফোন করা হয়েছিল মাও কষ্টে কেঁদে ফেলেছিল ফোন নামিয়ে রেখে। কিছু মানুষ মনে হয় স্বভাবতই সাহসী হয় আর কিছু মানুষ হয় নরম প্রকৃতির। কেউ নিশ্চয় পেগীকে কিছু বলেছিল আর তাই ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। পেগীও নিশ্চয় আমার মতই ছিল, নরম মনের।

কোনো শক্ত কারণ ছাড়াই আমার মনে হল ঐ কমলা জামা পরা মহিলাই নিশ্চয় পেগীকে কিছু একটা বলেছে। অন্তত যে বলেছে সে নিশ্চিত একজন মহিলা ছিল। কারণ পুরুষ হলে বিমান বাহিনীর ছেলেগুলো মেরে তার হাড় গুড়া করে দিত। তাকে বলে দিত মুখ সামলে কথা বলতে আর টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়ে বেদম মার মারত।

তবে পেগীর ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না– না তার চোখের পানি, না তার আলুথালু বেশ। পেগী আমাকে আমার নিজের কথাই মনে করিয়ে দিত। আমার সব আকর্ষণের মূল ছিল ঐ বিমান বাহিনীর ছেলেগুলো। মাথা ঝুকিয়ে পেগীর কাছে ধরা দেওয়া ছেলেগুলো।
কি বলছিল ওরা? তেমন কিছুই না। ঠিক আছে, ওরা বলছিল, সব ঠিক আছে পেগী, সব ঠিক হয়ে যাবে। ওরা বলছিল, সব ঠিক হয়ে যাবে।

কি ভীষণ সহানুভূতিশীল ব্যবহার! কেউ কি এমন সহানুভূতিশীল হতে পারে?

আমাদের দেশে সামরিক প্রশিক্ষণ নিতে আসা এই যুবকরা হয়ত কর্ণওয়াল অথবা কেন্ট অথবা হাল নয়তো স্কটল্যান্ডের কথ্য ভাষাতেই কথা বলত। কিন্তু আমার মনে হয়েছিল ওরা যেন কল্যাণ কামনা না করে মুখই খুলতে পারে না, এমনই মধুর তাদের ভাষা। আমার এক বারের জন্যও মনে আসেনি যে যাদের মুখ খুললেই শুভাশীষ ঝরে পড়ে তাদের নিজেদের ভবিষ্যৎ বিপর্যয়ের হাতে সপে দেয়া, স্বাভাবিক জীবন বলতে কিছু নেই ওদের। আমি শুধু ভাবতে পেরেছিলাম সেই কল্যাণ কামনার কথা, কি চমৎকার অনুভূতি–এরকম কিছু শুনতে পাওয়া, কি অসম্ভব ভাগ্যবান পেগী, আর কি ভীষণ অযোগ্য।

আমি জানি না কতদিন পর্যন্ত আমি ওদের কথা ভাবতাম। আমার শোবার ঘরের শীতল অন্ধকারে ওরা আমাকে দোল দিয়ে ঘুম পাড়াত। ইচ্ছা হলেই আমি ওদের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলতে পারতাম আমার মাথার মধ্যে, ডেকে আনতে পারতাম তাদেরকে কিন্তু শুধু তাই নয়, ওরা তখন কথা বলত আমার সাথে, অযথা অন্য কোনো তৃতীয় পক্ষের সাথে নয়। ওরা হাত বুলাতো আমর শীর্ন উরুতে আর ওদের কণ্ঠস্বর বার বার বলত আমিও ভালবাসা পাওয়ার যোগ্য।

আমার অপরিপক্ক কামনা ভরা কল্পনায় জীবন্ত থাকা অবস্থাতেই ওরা চলে গেছে। কেউ কেউ চলে গেছে কিংবা অনেকেই চলে গেছে, চলে গেছে চিরতরে।