গাব্রিয়েল গার্সিয়া মার্কেস: হুয়ান রুল্ফো প্রসঙ্গে নাতিদীর্ঘ নস্টালজিয়া
মেক্সিকোর লেখক হুয়ান রূল্ফোকে নিয়ে মার্কেস এই লেখাটি লিখেছিলেন ১৯৮০ সালে। রূল্ফোর সাহিত্যকর্ম মার্কেসকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল তার কথা জানিয়েছেন তিনি এই লেখাটিতে। মার্কেস এটি পরে একটি অনুষ্ঠানে পাঠ করেছিলেন ২০০৩ সালের সেপ্টেম্বরে। পরের মাসে এটি তার প্রতিষ্ঠিত অধুনা বিলুপ্ত Cambio সাহিত্যসাময়িকীতে প্রকাশিত হয়। আর্টস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য স্প্যানিশ থেকে দুষ্প্রাপ্য এই লেখাটি অনুবাদ করেছেন যুবায়ের মাহবুব। বি.স.
ফ্রানত্স কাফকার লেখা আবিষ্কারের মত হুয়ান রুল্ফো আবিষ্কারের দিনটিও নিঃসন্দেহে আমার স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমি যেদিন মেক্সিকোতে এসে পৌঁছাই, সেই একই দিন অর্থাৎ ১৯৬১ সালে ২রা জুলাই আর্নেস্ট হেমিংওয়ে গুলি করে আত্মহত্যা করেন। রুল্ফোর বই পড়া তো দূরের কথা, তার নাম পর্যন্ত আমি তখনও শুনিনি। বিরল ব্যাপার ছিল বটে। কারণ প্রথমত, দুই আমেরিকার সমসাময়িক সাহিত্য বিষয়ে আমি নিজেকে বেশ ওয়াকিফহাল রাখতাম সেই সময়ে, আধুনিক উপন্যাসের বেলায় তো অবশ্যই। দ্বিতীয়ত, মেক্সিকোয় পৌঁছে আমি যাদের সাথে যোগাযোগ করি, তারা সকলেই রুল্ফোকে খুব ভালো করে চিনতেন। এক দল ছিলেন লেখক, কাজ করতেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মানুয়েল বার্বাচানো পোন্সে'র সাথে, কর্দোবা সড়কের উপর তার ড্রাকুলা দুর্গসম আস্তানায়। আরেক দল ছিলেন সম্পাদক, ফের্নান্দো বেনিতেসের তত্ত্বাবধানে কাজ করতেন 'নোভেদাদেস' পত্রিকার সাহিত্য সাময়িকীতে। সকলেরই পরিচিত, কিন্তু মহৎ লেখকদের বেলায় সাধারণত যা ঘটে থাকে, রুল্ফোর বেলায় ঘটেছিল তার বিপরীত। লেখক হিসেবে তো অবশ্যই বহুলপঠিত নন, আবার তাকে ঘিরে আলাপ-আলোচনাও হতো কালে-ভদ্রে।
আন্সুরেস কলোনির রেনান সড়কে এক লিফট-বিহীন এপার্টমেন্ট ভবনে থাকতাম আমি, সাথে স্ত্রী মের্সেদেস আর পুত্র রোদ্রিগো, ওর বয়স তখনও দুই পেরোয়নি। আমাদের বড় শোবার ঘরের মেঝেতে পাতা ছিল একটি ডবল ম্যাট্রেস, অন্য বেডরুমে বাচ্চার জন্যে ছোট খাট, খাওয়াদাওয়া আর লেখালেখির জন্যে বসার ঘরে একটি টেবিল, তার সাথে মাত্র দুটি চেয়ার যা দিয়ে সব কাজ চালাতে হতো। সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই শহরেই খুঁটি গাড়বো, মেক্সিকো সিটি তখনও অমানবিক আকার ধারণ করেনি, স্বচ্ছ নির্মল বাতাস বইতো, প্রশস্ত রাজপথের ধারে ফুটতো মাতাল-রঙ্গা ফুল। কিন্তু বাঁধ সাধলেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ, মনে হয় আমাদের সুখের ভাগীদার হতে তারা গররাজি ছিলেন। অতএব স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সন্তপ্ত বহিঃপ্রাঙ্গনের নিশ্চল লাইনে অপেক্ষা করে কেটে যাচ্ছিল অর্ধেক জীবন, কখনো কখনো কাক-ভেজা বৃষ্টিতে দাঁড়িয়ে। বাকি যে সময়টুকু পেতাম, রেডিওর জন্যে স্ক্রিপ্ট লিখতাম, ম্যাক্স আউব পরিচালিত রাদিও উনিভের্সিদাদ (বা বিশ্ববিদ্যালয় রেডিও) স্টেশন থেকে সম্প্রচার হতো। আমার বিষয়বস্তু ছিল কলোম্বিয়ান সাহিত্য। প্রোগ্রামের জন্যে লেখা নোটগুলো এতটাই অকপট-অকৃত্রিম ছিল যে স্বয়ং কলম্বিয়ার রাষ্ট্রদূত একদিন স্টেশনে ফোন দিলেন আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাতে। জনাব রাষ্ট্রদূতের বিবেচনায় আমার লেখা আদৌ কলোম্বিয়ান সাহিত্য বিষয়ে নয়, বরং কলোম্বিয়ান সাহিত্যের বিরুদ্ধে। পরিচালক আউব আমাকে ডেকে পাঠালেন তার অফিসে। মনে মনে প্রমাদ গুনলাম, জীবিকা উপার্জনের এই একটিমাত্র পথই বের করতে সক্ষম হয়েছিলাম গত ছয় মাসে, সেটাও বুঝি ছুটে গেল। কিন্তু আদতে যা ঘটলো, তা সম্পূর্ণ উল্টো –
"অনুষ্ঠানটি শোনার সময় পাইনি এখনো," আউব আমাকে শুধালেন, "কিন্তু তোমার রাষ্ট্রদূত যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই খুব ভালো প্রোগ্রাম হয়েছে।"
আমার বয়স তখন ৩২, নিজ দেশ কলোম্বিয়ায় সাংবাদিক জীবন খুব বেশীদিন টেকেনি। চরম কষ্টকর কিন্তু প্রয়োজনীয় তিনটি বছর কাটিয়ে এসেছি প্যারিসে, তারপর নিউ ইয়র্কে আরো আট মাস। ইচ্ছা ছিল মেক্সিকোর সিনেমা জগতে কাজ করবো, চিত্রনাট্য লিখবো। সেই যুগের কলোম্বিয়ান সাহিত্য আর মেক্সিকান সাহিত্য জগতের মাঝে প্রচুর মিল ছিল, তাই লেখকদের ভীড়ে বেশ স্বাচ্ছন্দ্যেই মিশে যেতে পেরেছিলাম। আমার প্রথম উপন্যাস "পাতাঝড়" প্রকাশের পর ছয় বছর পেরিয়ে গেছে, ইতিমধ্যে আমার কাছে আরো তিনটি পান্ডুলিপি ছিল অপ্রকাশিত অবস্থায়। কিছুদিনের মধ্যেই কলোম্বিয়া থেকে ছাপা হয় "কর্নেলকে কেউ চিঠি লিখে না", আর প্রতিষ্ঠাতা ভিসেন্তে রোহো'র উদ্যোগে এরা প্রকাশনী (Ediciones Era) বের করে "অনিষ্ট প্রহর"। তৃতীয় বইটি ছিল ছোটগল্প সংকলন, শিরোনাম "বড় মার অন্ত্যেষ্টিগুলো"। কেবল এই বইটির পান্ডুলিপি অসম্পূর্ণ খসড়া অবস্থায় ছিল – কেন না আমি মেক্সিকো পৌঁছানোর আগেই বন্ধু আল্ভারো মুতিস মূল পান্ডুলিপিটি ধার দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় এলেনা পোনিয়াতোস্কা'র কাছে, এবং এলেনা কিভাবে যেন সেটি হারিয়ে ফেলেন। পরে অবশ্য আমি সবগুলো গল্পই পুনরায় লিখতে সক্ষম হই, আল্ভারো মুতিসের সহায়তায় এবং সের্জিও গালিন্দোর পৃষ্ঠপোষকতায় সংকলনটি প্রকাশ করেছিল মেক্সিকোর ভেরাক্রুস বিশ্ববিদ্যালয়।
মেক্সিকো সিটির আন্সুরেস কলোনিতে অবস্হিত রেনান সড়কের ২১ নম্বর বাসা – এই বাড়ির সাত তলার ফ্ল্যাটেই রুল্ফোর সাহিত্যের সাথে তরুণ গার্সিয়া মার্কেসের প্রথম পরিচয় হয়েছিল। ছবি তুলেছেন প্রবন্ধের অনুবাদক।
এভাবে করে তদ্দিনে আমি চুপিচুপি পাঁচটি বইয়ের লেখক। তবে পরিচিতির অভাব আমার জন্যে তেমন মাথাব্যথা ছিল না, কারন আমি তো আর বিখ্যাত হবার জন্য লিখতাম না – তখন তো নয়ই, এরপরেও কোনদিন না। আমি বরং লিখতাম বন্ধুদের জন্যে, ওরাই আমার কাছ থেকে আরো বেশী বেশী লেখা চাইতো। আমার মনে হচ্ছিল যে সে অনুযায়ী ওদের দাবী-দাওয়া আমি মেটাতে পেরেছি। না, লেখক হিসেবে আমার বড় সমস্যা অন্যত্র, এই বইগুলো প্রকাশের পর শুধুই মনে হচ্ছিল আমি যেন একটি কানাগলিতে আটকে গেছি, পালানোর জন্যে ফোকর খুঁজছি চারিদিকে। আমার অচলদশা থেকে বেরুবার পথ বাতলে দিতে পারেন যেসব লেখক, ভালো আর মন্দ, তাদের সবাইকেই চিনতাম আমি, কিন্তু তবুও মনে হচ্ছিল যেন গোলকধাঁধায় পড়ে গেছি, ঘুরপাক খাচ্ছি পৌনঃপুনিক চক্রে। একথা কখনো ভাবিনি যে লেখক হিসেবে আমি নিঃশেষ হয়ে গেছি, বরং আত্মবিশ্বাস ছিল যে আরো অনেক অলিখিত বই আমার ভেতর গচ্ছিত আছে। তথাপি একটি বিশ্বাসযোগ্য ও কাব্যময় কল্পনার জগত নির্মানে আমি তখন ব্যর্থ হচ্ছিলাম। এমতবস্থায় একদিন বাড়িতে এলেন আলভারো মুতিস, লম্বা লম্বা পা ফেলে উঠে গেলেন আমার সাত তলার ফ্ল্যাটে, তার হাতের প্যাকেটে কটি বই, সেখান থেকে সবচেয়ে শীর্ণ ক্ষুদ্রকায় বইটি টেনে বের করে বিকট হাসি হেসে বললেন –
"আরে চুতিয়া, এই মাল পড়ে দেখ, কিছু শিখতে পারবি।"
বইটির নাম ছিল পেদ্রো পারামো।
টানা দুইবার বইটি শেষ না করে সে রাতে আমি ঘুমোতে পারিনি। প্রায় দশ বছর আগে বোগোটার নিরানন্দ ছাত্রাবাসে এক উত্তাল রাতে পড়েছিলাম কাফকা'র মেটামর্ফোসিস। সে রাতের পর এমন প্রচন্ড ধাক্কা আর খাইনি। পরদিন পড়ে ফেললাম ছোটগল্প সংকলন জ্বলন্ত প্রান্তর, মুগ্ধ বিস্ময় অটুট রইলো। বেশ অনেকদিন পর কোন এক ডাক্তারখানার ওয়েটিং রুমে একটি মেডিক্যাল পত্রিকার পাতায় আবিষ্কার করেছিলাম রুল্ফোর আরেক হারানো মাস্টারপিস – "মাতিল্দে আর্কাঞ্জেল-এর উত্তরাধিকার"। বাকি বছর আমি অন্য কোন লেখকের লেখা পড়তে পারিনি, কারণ সবাইকেই মনে হচ্ছিল তুলনায় নেহায়েত তুচ্ছ।
চোখের ধাঁধা তখনো কাটেনি আমার, কে একজন চিত্রপরিচালক কার্লোস ভেলো'কে বলে দিল যে আমি নাকি পেদ্রো পারামো থেকে গোটা গোটা অনুচ্ছেদ মুখস্থ বলতে পারি। কথাটা ছিল সত্যের বিরাট অপলাপ – কারণ সম্পূর্ণ উপন্যাসটিই আমার কণ্ঠস্থ ছিল, শুরু থেকে শেষ এবং শেষ থেকে শুরু পর্যন্ত পুরো বই আমি মুখস্থ পাঠ করতে পারতাম বড় কোন ভুলত্রুটি ছাড়াই, এমনকি আমার কাছে যে সংস্করণটি ছিল তার ঠিক কোন পৃষ্ঠায় কোন ঘটনা বর্ণিত হয়েছে তাও নিঁখুত বলে দিতে পারতাম। গল্পের এমন একটি চরিত্রও ছিল না যার ব্যক্তিত্বের প্রতিটি বৈশিষ্ট্যের সাথে আমার প্রগাঢ় পরিচয় ছিল না।
কার্লোস ভেলো আমার ঘাড়ে দায়িত্ব অর্পন করলেন, রুল্ফো'র অপর একটি গল্পের চিত্রনাট্য দাঁড় করাতে হবে। "সোনালী মোরগ" শীর্ষক রুল্ফো'র এই একটি গল্পই আমার তখনও পড়া ছিল না। আঁটো-সাঁটো করে বাঁধা ১৬ পৃষ্ঠার পান্ডুলিপি, ফিনফিনে টিস্যু পেপারগুলো যেন তক্ষুণি গুড়ো-গুড়ো হয়ে যাবে, তার উপর টাইপ করা হয়েছে ভিন্ন ভিন্ন তিনটি টাইপরাইটারে। কেউ আমাকে বলে দেয়নি এটা কার কাজ, তবুও নিমেষেই বুঝে ফেলেছিলাম। রুল্ফোর অন্যান্য লেখার তুলনায় এই গল্পের ভাষা অতটা শ্রমসাধ্য ছিল না, আর কারিগরি শৈলীও ছিল যতসামান্য, কিন্তু তবুও লেখকের আপন দেবদূত যেন সমস্ত গল্পের ওপর ভর করেছিল। পরবর্তীতে পেদ্রো পারামোর উপর ভিত্তি করে প্রথম চলচ্চিত্রটি যখন মুক্তি পায়, একটি সমালোচনা প্রবন্ধ লিখে দেবার জন্যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কার্লোস ভেলো এবং কার্লোস ফুয়েন্তেস [বি.স. যথাক্রমে পেদ্রো পারামোর পরিচালক এবং চিত্রনাট্যকার]।
এই গল্প দুটোর চলচ্চিত্র রূপ চূড়ান্ত বিচারে মানোত্তীর্ণ হতে পারেনি, কিন্তু তবুও এদের কথা উল্লেখ করছি এখানে কারণ এদেরই তাড়নায় আমি আরো গভীরভাবে রুল্ফোর সাহিত্য অনুধাবনে ব্রতী হই, যদিও সন্দেহের অবকাশ নেই যে খোদ লেখকের চেয়েও ঘনিষ্ঠতর পরিচয় ছিল আমার তার লেখার সাথে। অথচ রুল্ফোর সাথে আমার কোনই ব্যক্তিগত পরিচয় ছিল না, সেটা হতে আরো কয়েক বেশ বছর লেগেছিল।
অপ্রত্যাশিত একটি কাজ করেছিলেন পেদ্রো পারামোর পরিচালক কার্লোস ভেলো। উপন্যাসের ক্রমহীন অবিন্যস্ত খন্ড টুকরোগুলো কেটে-কুটে জোড়া দেন তিনি, এবং সঠিক ক্রমানুসারে সেগুলো নতুন করে সাজান তার চিত্রনাট্যের জন্যে। সহজে কাজ হাসিলের উপায় হিসেবে তার এই পদ্ধতি জায়েজ মনে হতে পারে – কিন্তু ফলাফল যা দাঁড়ায়, তা হলো মূল উপন্যাস থেকে সম্পূর্ণ আলাদা এক কাহিনী, একঘেঁয়ে নিরস ও অসংলগ্ন। তবে কাহিনীকার রুল্ফোর অদৃশ্য ছুতারগিরি আরো ভালো করে বুঝতে ছায়াছবিটি আমাকে অনেক সাহায্য করেছিল, লেখকের অসাধারণ প্রজ্ঞার পরিচয় তুলে ধরতেও তা সক্ষম হয়েছিল।
পেদ্রো পারামো চলচ্চিত্রায়নের গোড়াতেই দুটো গলদ। প্রথম সমস্যাটি চরিত্রদের নাম নিয়ে। এই কথাটি খুব সাবজেক্টিভ মনে হতে পারে, কিন্তু বইয়ের প্রতিটি চরিত্রের নাম যেন কোনো না কোনোভাবে তার ব্যক্তিত্বের সাথে সঙ্গতিপূর্ণ। বাস্তব জীবনের চেয়ে এধরনের সামঞ্জস্য গল্প-উপন্যাসেই চোখে পড়ে বেশি। রুলফো বলেছেন – হয়তো নিজমুখে অথবা লোকমুখে – যে তার জন্মস্থান হালিস্কো প্রদেশের কবরস্থানগুলোর সমাধিপ্রস্তর পড়ে পড়ে তিনি তার চরিত্রদের নাম সৃষ্টি করেছিলেন। সত্যাসত্য যাই হোক, শতভাগ নিশ্চিত হয়ে আমরা শুধু এতটুকুই বলতে পারি যে তার বইয়ের চরিত্রদের মত এত স্বার্থক নামকরন আর কোথাও নেই। তাই সকল সন্দেহের উর্ধ্বে উঠে স্বীয় চরিত্রের নামটি মূর্ত করতে পারবেন, এমন অভিনেতা খুঁজে পাওয়া আমার কাছে তখনও মনে হতো অসম্ভব, আজও তা মনে হয়।
মেক্সিকো সিটির ইন্সুর্হেন্তেস সুর (Insurgentes Sur) মহাসড়কের উপর হুয়ান রুল্ফোর নিবাস। কয়েক বছর আগে কর্তৃপক্ষের উদ্যোগে এই ফলকটি দালানে বসানো হয়। ছবি কৃতজ্ঞতা: অনুবাদক।
অপর যে অলঙ্ঘ্য সমস্যা, তা হলো চরিত্রদের বয়স। তার সমস্ত সাহিত্যে রুলফো খুব যত্নের সাথে অযত্নশীল থেকেছেন তার চরিত্রদের বয়স প্রসঙ্গে। কিছুদিন আগে অধ্যাপক নার্সিসো কোস্তা রোস খুবই কৌতূহলোদ্দীপক একটি গবেষণা প্রচেষ্টা চালিয়েছেন পেদ্রো পারামোর চরিত্রদের প্রকৃত বয়স নিরুপন করার লক্ষ্যে। এতদিন আমি ভেবে এসেছিলাম, স্রেফ কাব্যিক অনুমানের উপর নির্ভর করে, যে পেদ্রো পারামো যখন অবশেষে তার মেদিয়া লুনা রাঞ্চের বিশাল জমিদারীতে সুসানা সান হুয়ান'কে তুলে আনতে সক্ষম হলেন, ততদিনে সুসানা ৬২ বছরের প্রৌরা রমণী, আর পেদ্রো পারামোর বয়স হবে তার চেয়ে বছর পাঁচেক বেশি। মনে হতো যে ঠুনঠুনে বুড়োর অতৃপ্ত ভালোবাসার প্রবল পতনের মাধ্যমেই এই কাহিনী আরো মহান, আরো ভয়ংকর আরো সুন্দর হতে পারে। মূল দুই চরিত্রের জন্যে অধ্যাপক কোস্তা রোস যে বয়স হিসাব করেছেন, তা আমার সাথে পুরোপুরি না মিললেও আমি যা আন্দাজ করে রেখেছিলাম, তার থেকে খুব বেশি দূরে নয়। কিন্তু প্রেক্ষাগৃহের আঁধারে বুড়ো-বুড়ির প্রেম তো আর দর্শকদের আন্দোলিত করতে পারে না, তাই সিনে-পর্দায় এহেন কাব্যিক মহত্বের দৃশ্য কল্পনাও করা যায় না।
এতসব চুলচেরা বিশ্লেষণের অসুবিধাটুকু হলো যে কবিতার প্রেরণা আর যুক্তির কার্যকারণ এই দুটো বরাবরই আলাদা। রুল্ফোর সাহিত্য পর্যালোচনার জন্যে কালজ্ঞান, অর্থাৎ ঠিক কোন মাসে কি ঘটনা ঘটেছিল, তা জেনে রাখা অতীব জরুরি। আমার সন্দেহ আছে রুল্ফো নিজে এই ব্যাপারটি সচেতনভাবে বুঝতেন কিনা। কাব্যময় সাহিত্যে – পেদ্রো পারামো সাহিত্যের সর্বোত্তম নিদর্শন।
লেখকরা কালানুক্রমিক ভাবাবেগের সুনির্দিষ্ট বাধ্যবাধকতা থেকে সাল তারিখ তুলে ধরেন । অধিকন্তু, এসব পরিবর্তন যে কোনো সমালোচককে চূড়ান্ত সিদ্ধান্তমূলক উক্তিতে প্ররোচিত করতে পারে, এ সম্পর্কে ভাবনা ছাড়াই কোনো কোনো ক্ষেত্রে কেবল অস্বস্তিকর পদ্য বা ককোফনি এড়াবার জন্য মাস, দিন এমনকি সালের নামও বদলে যায়।
শুধু দিন বা মাসের নাম নয়, ফুলের নামের বেলায়ও একই ঘটনা ঘটে থাকে। অনেক লেখক আছেন যারা স্রেফ নামের মর্যাদার জন্যে নানা রকম ফুল টেনে আনেন তাদের লেখায়, স্থান বা ঋতুর সাথে কোনো সঙ্গতি আছে কি না সেদিকে নজর না দিয়েই। ফলে এমন রুচিশীল সাহিত্যকর্মও খুঁজে পাওয়া দুষ্কর নয়, যেখানে সাগরতীরে ফুটে আছে জেরানিয়াম ফুল অথবা বরফের মাঝে টিউলিপ। পেদ্রো পারামো উপন্যাসে মৃত আর জীবিতের মাঝে নিশ্চিত সীমারেখা বেঁধে দেয়াই যেখানে অসম্ভব, সেখানে এরকম নিখুঁত নির্ভুল ডিটেইল খোঁজা যেন স্রেফ মরীচিকা। বাস্তবে মৃতরা কত বছর বেঁচেছিলেন, কারো পক্ষে তা জানা সম্ভব নয়।
গৌরচন্দ্রিকা অনেক হলো, শেষ করবো এতটুকু বলে যে হুয়ান রুলফোর সাহিত্যের গহীনে অবগাহন অবশেষে আমার নিজের লেখালেখি চালিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল। আর তাই শুধু তাকে নিয়ে লেখা আমার পক্ষে অসম্ভব, অবধারিতভাবে মনে হবে যে এত কিছু লিখছি আমার নিজেকে নিয়েও। আরো বলতে চাই যে এই নাতিদীর্ঘ নস্টালজিয়া লেখার জন্যে আমি নতুন করে আবার তার সাহিত্যসমগ্র পড়লাম, এবং প্রথম পাঠের সেই যে অবাক বিস্ময়, পুনরায় তার বেকসুর শিকার হলাম। সব মিলিয়ে তিন'শ পৃষ্ঠার বেশি তো নয় – সফোক্লিসের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি, প্রায় তার সমান, আর আমার বিশ্বাস যে তার মতই চিরস্থায়ী ও অক্ষয়।
