২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাত্রিক মোদিয়ানো: ডোরা ব্রুডার

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 10 Oct 2014, 10:10 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস থেকে প্রকাশিত হয় নোবেলবিজয়ী সাহিত্যিক প্যাত্রিক মোদিয়ানোর Dora Bruder-এর ইংরেজি সংস্করণ। একই শিরোনামে মূল ফরাসি বইটি বের হয়েছিলো ১৯৯৭ সালে। ইংরেজি সংস্করণ প্রকাশকালে এর ওপর একটি আলোচনা প্রকাশিত হয় বোস্টন বিশ্ববিদ্যালয়ের অগ্নি ম্যাগাজিনে (অনলাইনসহ)। Patrick Modiano: Remembrance of Shadowy Things Past শীর্ষক আলোচনাটি লেখেন জাঁ শারবনু (Jean Charbonneau)। লেখাটি বিডিনিউজের পাঠকদের জন্য বাংলায় অনূদিত হলো। অনুবাদ করেছেন বিনয় বর্মন।

প্যাত্রিক মোদিয়ানো এটা বলতে পছন্দ করেন যে তার স্মৃতি জন্মের পূর্ববর্তী। তিনি জন্মেছিলেন ১৯৪৫ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স যখন জার্মানির দখলে ছিলো তখন। এটি তাঁর মনে অমোচনীয় দাগ কাটে। তাঁর ইহুদি-ইতালিয় পিতা নাৎসি নির্যাতনের শিকার হয়েছিলেন। এজন্যই দেখা যায়, তাঁর অধিকাংশ লেখার পটভূমিতে থাকে অধিকৃত প্যারিস। ১৯৬৮ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস La Place de L'étoile ('তারার পরিবর্তে') দিয়ে এর শুরু। তাঁর বর্ণিত প্যারিস শহর অন্ধকার ও ভয়ঙ্কর, যেমনটা দেখা যায় জাঁ রনোয়ার মুভিতে। এখানকার চরিত্ররা কালো বাজারের জলকাদায় ছোটাছুটি করে। সহযোগিতা ও প্রতিরোধের সরু সূতার ওপর দিয়ে হাঁটে।

মোদিয়ানো এখন ফ্রান্সের সবচেয়ে নন্দিত লেখকদের একজন। তাঁর বই বেস্ট সেলারের মর্যাদাপ্রাপ্ত। তাঁর অনেকগুলো বই পুরস্কার পেয়েছে, যার মধ্যে আছে সম্মানজনক প্রি গঙ্কুর (Prix Goncourt)। এটি দেওয়া হয় ১৯৭৮ সালে তাঁর Rue des Boutiques Obscures ('Missing Person') উপন্যাসের জন্য। তাঁর লেখা প্রায় কুড়িটি বইয়ের মধ্যে গুটিকয় মাত্র ইংরেজিতে অনূদিত হয়েছে; বইয়ের দোকানে লভ্য আরো কম। আশা করা যায়, ইন্টারনেটে বইবিক্রেতাগণ আমেরিকার পাঠকদের উদ্ধারে এগিয়ে আসবে, তাঁর অধিকসংখ্যক বইয়ের ইংরেজি তর্জমা প্রকাশের মাধ্যমে।

নভেম্বর মাসে, দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস মোদিনোর বহুল আলোচিত বই 'ডোরা ব্রুডার' প্রকাশের উদ্যোগ নেয়। এর কাহিনী আংশিক অনুসন্ধানী, অংশিক আত্মজীবনীমূলক। এটি এক চমৎকার বই যেখানে কল্পনা ও বাস্তবের সীমারেখা নির্ধারণ করা মুশকিল হয়ে পড়ে।

মোদিয়ানোর মধ্যে বইটি লেখার অনুপ্রেরণা আসে ১৯৪১ সালের ৩১ ডিসেম্বর পারি সোয়ারে একটি বিজ্ঞপ্তি দেখে। তখন তিনি গবেষণা করছিলেন। বিজ্ঞপ্তিটি ছিলো এরকম:

'ডোরা ব্রুডার নামে একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৫, উচ্চতা ১.৫৫ মিটার, ডিম্বাকৃতি চেহারা। তার পরনে ছিলো ধূসর স্পোর্টস কোট, লাল পুলওভার, নেভি ব্লু স্কার্ট ও হ্যাট এবং বাদামি স্পোর্টস শু। তাকে পৌঁছে দেবার ঠিকানা: মিস্টার ও মিসেস ব্রুডার, ৪১ বুলভার ওরনামো, পারি।'

মোদিয়ানো ঠিক এই বিজ্ঞপ্তিটির বিষয়বস্তু দ্বারা ততোটা আলোড়িত হননি। কারণ সে-সময় হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে; ১৯৪০ সালের জুনে ওয়েরমাখটের আক্রমণের পর থেকে এটি নিয়মিত ঘটে চলেছে। তিনি বরং আলোড়িত হয়েছিলেন এর ঠিকানা দ্বারা। তিনি জায়াগাটা ভালোভাবে চেনেন। কৈশোরে তিনি সেখানকার রাস্তার অনেক হাঁটাহাঁটি করেছেন। তিনি তরুণীটি সম্পর্কে জানতে উৎসুক হন। শুরু করলেন অনুসন্ধান।

মোদিয়ানো আবিষ্কার করেন যে, ডোরা ও তার পিতাকে ১৯৪২ সালের সেপ্টেম্বরে অশভিৎসে নির্বাসিত করা হয়। এটি পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশের নয় মাস পরের ঘটনা। এই নয় মাসে কী ঘটেছে? ডোরা কোথায় ছিলো? সে কী করেছে? কিভাবে সে হারিয়ে গিয়েছিলো? জার্মান অথবা ফরাসি পুলিশ যদি তাকে আটক করে থাকে, নিশ্চয়ই তার কোনো রেকর্ড থাকবে। কিন্তু তার কোনো হদিস পাওয়া গেলো না। কিন্তু মোদিয়ানার মন থেকে ভাবনা দূর হয় না। ডোরা ব্রুডারে তিনি লিখেন:

'এবং রাত, অপরিচিত, বিস্মৃতি, চারদিকে শূন্যতা। মনে হচ্ছে আমি ডোরা ব্রুডারের কোনো চিহ্ন খুঁজে পাবো না। তাকে খুঁজে বের করার চিন্তা থেকেই একটি উপন্যাস লেখার ইচ্ছা জাগে। হানিমুন। এটি ডোরা ব্রুডারের ওপর মনোযোগ নিবিষ্ট রাখার একটি উপায়। হয়তো আমি মনে মনে বলেছি, নিশ্চয়ই এই রহস্যের জট খুলবে। তার হদিস পাওয়া যাবে। তার জীবন ও ঘটনার বিশদ বিবরণ পাওয়া যাবে।'

হানিমুন (Voyage de Noces, 1990) উপন্যাসে পাওয়া যায় চল্লিশ বছর বয়সী জাঁ বো, যে পেশায় একজন ডকুমেন্টারি ফিল্মমেকার, তার জীবনের চিত্রায়ন। সে তার স্ত্রীকে পরিত্যাগ করে এবং ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটিয়ে প্যারিসের উপকণ্ঠে এক হোটেলে আশ্রয় নেয়। জাঁ ভাব দেখায় সে রিয়োতে শুটিংয়ে যাবে, কিন্তু সে মিলানের বিমান-টিকেট কাটে। তার মনে পড়ে যায় বিশ বছর আগের এক ঘটনা—এক মহিলার আত্মহত্যা। জাঁ তখন কিশোর এবং সে মহিলাকে চিনতো। সেই মহিলার নাম ছিলো ইনগ্রিদ তেরসেন। জাঁ প্যারিসের উপকণ্ঠে তার লুকানোর স্থানে বসে ইনগ্রিদ ও তার স্বামীর জীবনী লিখতে শুরু করে। দুজনেই অধিকৃত ফ্রান্সের শরণার্থী। ডোরা ব্রুডারের কথকের মতো তিনি ইনগ্রিদের জীবন অনুসন্ধান করেন, টুকরো টুকরো হারানো জিনিস একত্রিত করেন। এটা করতে গিয়ে তিনি মহিলার সঙ্গে একাত্ম হন। ধোঁয়ার দেয়ালের মধ্য দিয়ে চলে তার সামনে-পেছনে যাওয়া-আসা, অতীত-বর্তমান পরিক্রমা। এক সময় তিনি জানতে পারেন, ইনগ্রিদ ১৯৪১ সালে বাড়ি থেকে পালিয়েছে, এবং তখন তার পিতামাতা তার নামে পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলো। পূর্বে উল্লিখিত সেই বিজ্ঞপ্তি।

সেই বিজ্ঞপ্তিতে ইনগ্রিদ বাড়ি ফিরে আসেনি। কিন্তু এতে পুলিশের দৃষ্টি আকৃষ্ট হয় যারা সব সময় ইহুদিদের ধরে ধরে জার্মান কর্তৃপক্ষের হাতে তুলে দিতো। ইনগ্রিদ যুদ্ধে বেঁচে যায়, কিন্তু অপরাধের নিচে চাপা পড়ে শেষ হয়।

একটি উপন্যাসে ডোরার জন্য জীবন উদ্ভাবনই যথেষ্ট নয়। হারিয়ে যাওয়া তরুণীর ছবি মোদিয়ানোর মনে দীর্ঘস্থায়ী হয়েছিলো। মনোবাস্তবতাই সত্য। তিনি নতুন পরিকল্পনা করেন। তিনি এক দীর্ঘ অনুসন্ধানের সূত্রপাত করেন। আর্কাইভ ও ডিপোর্টেশন লিস্টে সূত্র তালাশ করেন, তরুণীকে যারা চিনতো তাদের সঙ্গে কথা বলেন, ওরনামোর অলিগলি চষে বেড়ান। খুব কষ্টকর কাজ। ডোরার জন্মতারিখ খুঁজে বের করতে চার বছর লেগে যায়: ২৫ ফেব্রুয়ারি ১৯২৬। তারপর মোদিয়ানো মুখোমুখি হন প্রশাসনের 'বিস্মৃতির প্রহরীদের'। মীমাংসা করতে হবে: কোথায়। মাঝে মাঝে গল্পবয়নে ফুটে ওঠে কাফকার কৌশল। 'দ্য ট্রায়াল' যারা পড়েছেন তারা জানেন একজন মানুষ কিভাবে অভাবনীয় জটিল পরিস্থিতির মুখোমুখি হয়ে ছটফট করে।

মোদিয়ানোর নিজের প্রয়াত পিতার এক ঘটনা ডোরার নিয়তি অনুসন্ধানের নিয়ামক হিসেবে কাজ করেছে। ১৯৪২ সালের ফেব্রুয়ারি মাসে প্যারিসের ইহুদিদের রাত আটটার পর ঘরের বাইরে বেরুনোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপিত হয়। তখন মোদিয়ানোর পিতা শপ-এলিজের একটা রেস্তোরাঁয় এরেস্ট হন। পুলিশ হেডকোয়ার্টারে নেওয়ার পথে তিনি ভ্যানের মধ্যে দেখেন তার উল্টোদিকে এক তরুণী বসা। পুলিশের হেডকোয়ার্টারে তিনি আর মেয়েটিকে দেখতে পাননি। তিনি আটককারী কয়েকজনকে ভুলিয়ে-ভালিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন এবং আন্ডারগ্রাউন্ডে চলে যান। যুদ্ধের বাকিটা সময় তিনি আন্ডারগ্রাউন্ডেই কাটান। ডোরার ব্যাপারটা জানার পর তিনি তার পিতার কথা স্মরণ করেন এবং ভাবেন ভ্যানের মধ্যে সেই মেয়েটিই ডোরা ছিলো কিনা! ডোরা ও তার পিতা ছিলো ইহুদি, রাষ্ট্র কর্তৃক নিগৃহীত। 'সম্ভবত আমি দুজনকে এক পথে আনতে চেয়েছি, আমার বাবা ও ডোরা, ১৯৪২ সালের শীতকালে।'

তাঁর পিতার পথ ধরে মোদিয়ানো ডোরায় পৌঁছান। প্রকৃতপক্ষে, একাত্মকরণের প্রক্রিয়ায় মেয়েটি তার জীবনের সঙ্গে মিশে যায়। মোদিয়োনার কাছে অতীত কেবল অতীত নয়, বরং এটি এমন এক পর্দা যার ওপর তার নিজস্ব আস্তিত্বিক সংকটের ছায়াপাত ঘটে। 'গতকাল থেকে আজ। সময় প্রবাহে বীক্ষণ ফিকে হয়ে আসে, শীত একটার সঙ্গে আরেকটাকে মিশিয়ে দেয়। একটা ১৯৬৫ এবং আরেকটা ১৯৪২ সালের।' আধা-ইহুদি, হয়তো পুলিশের ভ্যানে অথবা ট্রেনে পোল্যান্ডে ডেথ ক্যাম্পের দিকে এদিয়ে যাচ্ছে। বিশ বছর আগে জন্ম নিলে তার ভাগ্যে এমনটাই ঘটতো। লেখক ও তাঁর চরিত্রের মধ্যে ঘটে মিথস্ক্রিয়া। মোদিয়ানোর মতো ডোরা ব্রুডারও এখন অস্তিত্বশীল। ডোরার জীবন অনুসন্ধানের মধ্য দিয়ে লেখক নিজের জীবনের অর্থ তৈরি করেন এবং তার নিজের পরিচয় উন্মোচন করেন। ডোরা সম্পর্কিত জিজ্ঞাসায় নিঃসৃত হয় ব্যাখ্যা ও আস্থা, মোদিয়ানোর নিজের যৌবন, পিতার সঙ্গে তার কঠিন সম্পর্ক, তার নিজের পরিচয়ের অভীপ্সা এবং এমন একটি পরিবেশ যা কেবল প্রকৃত শিল্পীর তুলিতেই অঙ্কিত হতে পারে। তার বর্ণনাকৌশল যথাযথ ও সংক্ষিপ্ত, সর্বদা উৎকর্ষমণ্ডিত। মোদিয়ানোর গদ্যের খাঁটি নির্যাস তার প্রকাশভঙ্গিকে শক্তি যুগিয়েছে। 'দরজা আয়তাকার রেখাযুক্ত, জানালা চারকোনা, স্মৃতিভ্রংশের বর্ণে মূর্ত।'

ডোরার অনুসন্ধান ইতিহাসের হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনার, অতীতকে পুনরুজ্জীবিত করার একটি পন্থা। মোদিয়ানো স্মৃতির অভিভাবকের ভূমিকা গ্রহণ করেন। তিনি ডোরার একটি আকার ও পরিচয় দেন। একই সঙ্গে তিনি ফরাসি জনগণের সামষ্টিক স্মৃতির অসম্পূর্ণতা নির্দেশ করেন, বিশেষ করে দখল প্রসঙ্গের মাধ্যমে। এ এক দীর্ঘমেয়াদী অমানিশা। এ অমানিশার গর্ভ থেকে জন্ম নেয় মরিস পাপনের মতো ব্যক্তি, যে ১৯৪২-১৯৪৪ সময়কালে ১৫০০ ইহুদিকে ডেথ ক্যাম্পে পাঠায় এবং প্যারিসের পুলিশপ্রধানের পদে উন্নীত হয়। একইভাবে ঘুর্ণিচক্রে উথান ঘটে ফ্রাঁসোয়া মিতেরাঁর। অর্ধ শতাব্দী পরে এও উন্মোচিত হয় যে, রিপাবলিকের প্রেসিডেন্ট, যিনি সমাজবাদী নেতা, শিল্পকলার রক্ষক, এলি ওয়িজেলের মতো মহান মানবতাবাদীদের বন্ধু, ছিলেন ভিশি রেজিমের একজন সরকারী সেবক।

মাদিয়ানোর লক্ষ্য বিস্মৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং তার লেখালেখি সেই উদ্দেশ্যেই নিবেদিত। তাঁর সমালোচকদের অভিযোগ, তিনি বারবার একই বই লেখেন, যেখানে থাকে কারো অনুসন্ধান, অথবা স্মৃতির পথ ধরে গমন, অথবা ব্যক্তিগত ইতিহাসের প্রমাণাদি সংগ্রহ। বুলভার দ সিয়াতুরে ('Ring Roads', ১৯৭২) গল্পকথক তার পিতার অনুসন্ধান করেন, যে সম্ভবত কোনো চোরাকারবারী কিংবা পলাতক ইহুদি। রু দে বুতিক অবস্কুরে দেখা মেলে সেই স্মৃতিভ্রংশ গোয়েন্দার, যে যুদ্ধে তার অংশগ্রহণের ঘটনা খুঁড়ে বের করে।

মোদিয়ানোর সর্বশেষ বই Des Inconnues (বইটি বের হয় ১৯৯৯ সালে এবং এরপর মোদিয়ানোর আরো অন্তত সাতটি বেশি বই বেরিয়েছে: অনুবাদক) তিনটি গল্পের সংগ্রহ, যেখানে দেখা যায় তিনজন নামহীন মহিলা জটিল ও বিরূপ পরিবেশের মোকাবেলা করছে। Inconnue শব্দের অর্থ হলো 'যাকে সনাক্ত করা যায় না', এবং যাকে কামুর ভাষায় বলা যায় 'আগন্তুক'। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত বইটি ফ্রান্সে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকাভুক্ত। দৃশ্যত, পাঠকেরা মোদিয়ানোতে মজে আছেন।

প্যাত্রিক মোদিয়ানো ভাবতে থাকেন তাঁর পিতার সঙ্গে পুলিশের ভ্যানে চড়া সেই মেয়েটি ডোরা কিনা, কিন্তু অনুসন্ধান অসম্পূর্ণ থেকে যায়। তার জীবন সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর কখনোই দেওয়া সম্ভব নয়। তথাপি, মোদিয়ানোর দুর্দান্ত বই ডোরাকে অন্ধকার থেকে আলোতে তুলে আনে। 'যদি আমি তার সম্পর্কে না লিখতাম,' তিনি বলেন, 'এই অসনাক্ত মানুষের কোনো চিহ্নই থাকতো না।' নাৎসিবাদের শিকার একটি জীবনের চিত্র অঙ্কন করে মাদিয়ানো হলোকস্টে নিহত আরো লাখ লাখ নরনারীকে আমাদের সামনে জীবন্ত করে তোলেন।