নাদিন গার্ডিমার: ম্যান্ডেলা, আমার দেশের মানুষ
সদ্যপ্রয়াত নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক নাদিন গার্ডিমারের এই স্মৃতিকথা প্রকাশিত হয়েছিলো আমেরিকার নিউ ইয়র্কার পত্রিকায় ২০১৩ সালের ৫ ডিসেম্বর। নাদিন গার্ডিমারের জন্ম ১৯২৩ সালে। দক্ষিণ আফ্রিকান লেখক ও একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। গার্ডিমারের লেখায় নৈতিক ও জাতিগত সমস্যা, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ উঠে আসে সাবলীল ভঙ্গিতে। সাহিত্যে নোবেল পুরষ্কার পান ১৯৯১ সালে। ইংরেজি থেকে অনুবাদ করেছেন রেশমী নন্দী। বি. স.
আমরা দক্ষিণ আফ্রিকার মানুষরা নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলার দেশে জন্মানোকে এবং একই সময়ে বেঁচে থাকাকে আমাদের জন্য সৌভাগ্য আর পথনির্দেশক বলে মনে করি। আমার জন্য অনন্য আরেক প্রাপ্তি তাঁর বন্ধুদের একজন হয়ে ওঠা। ১৯৬৪ সালে আমাদের দেখা হয় যখন 'রিভোনিয়া বিচার' চলছিলো। আমি সেদিনও কোর্টে উপস্থিত ছিলাম যেদিন সরকারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
বিপ্লবীর সন্তানদের পারিবারিক জীবন, বাবা মায়ের রাজনৈতিক বিশ্বাস আর কারাবরণের দৈনন্দিন হুমকি নিয়ে তাদের বেঁচে থাকার উপর ভিত্তি করে ১৯৭৯ সালে আমি 'বার্গারের মেয়ে' নামের একটি উপন্যাস লিখি। প্রকাশের পর দক্ষিণ আফ্রিকায় বইটা নিষিদ্ধ হয়। আমি ঠিক জানি না কিভাবে রবেন দ্বীপের ওই কারাগারে ম্যান্ডেলার কাছে বইটা পাচার হয়েছিল। কিন্তু তিনি, আমার জন্য যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠক, আমাকে চিঠি লিখে বইটা সর্ম্পকে তাঁর সুগভীর ও সুচিন্তিত সমর্থনের কথা জানিয়েছিলেন।
তাঁর সম্পর্কে কোন খবর যখন প্রকাশ্যে আসছিলো না, এমনকি কোন ধারণাও পাওয়া যাচ্ছিল না তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রাম চালিয়ে যাবার ব্যাপারে কী ভাবছেন কিংবা পরিকল্পনা করছিলেন, তখন আমাদের জন্য ছিলো তাঁর সেইসব বিবৃতি ও বক্তৃতা যা তিনি আমাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত থাকার সময় দিয়েছিলেন। তাঁর মতো মানুষের জন্য কারাগারের দেয়াল কোন বাঁধা নয়। বর্ণবৈষম্যের শিকলেও বাঁধা পড়বার নয় তাঁর আত্মা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এখনো আমরা অনুভব করতে পারি। জর্জ বিজোসের কল্যাণে সেইসময়ে আমার পক্ষে তাঁর সাথে যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল। জর্জ বিজোস ছিলেন তাঁর আইনজীবির চেয়েও অনেক বেশি কিছু, রবেন দ্বীপের দিনগুলোতেও যিনি তাঁর পাশে ছিলেন।
১৯৮৫ তে বর্ণবাদী প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথা ম্যান্ডেলাকে প্রস্তাব দিয়েছিলেন যে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে সহিংসতা ব্যবহার নিঃশর্তে বন্ধ করা হলে তিনি মুক্তি পেতে পারেন। এর উত্তরে ম্যান্ডেলার বক্তব্য সোয়েটোর বিশাল স্টেডিয়ামে তাঁর মেয়ে জিন্দজি পড়ে শোনায় "তাঁকে সহিংসতা বন্ধ করতে বলা হোক। তিনি ঘোষনা দিক যে তিনি বর্ণবাদের অবসান ঘটাবেন। জনগনের সংগঠন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। …আমি এ ধরনের কোন উদ্যোগ গ্রহণ করতে পারি না এবং করবোও না যখন আমি আপনি কেউই মুক্ত নই। "
১৯৮২ সালে কেপ টাউনের রবেন দ্বীপে সাধারন বন্দীদের জন্য নির্মিত কারাগারে স্থানান্তরের আগ পর্যন্ত কঠিন নজরদারিতে তাঁর সাথে দেখা করতে পারতেন তাঁর প্রাক্তন স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা, যার প্রতি প্রগাড় ভালবাসা তিনি কখনো লুকোতে পারেন নি। ১৯৯০ সালে, অবশেষে, প্রকাশ্যে দেখা যায় স্ত্রীর হাতে হাত রাখা মুক্ত ম্যান্ডেলাকে ।
১৯৯০ সাল। প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক, ভিন্নধর্মী বাস্তববাদি একজন মানুষ, বর্ণবাদের দিন শেষ হয়ে এসেছে বুঝতে পেরে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ও এর সহযোগী সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন আর সেই সাথে মুক্তি দেন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের। আমার ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না যখন জর্জ বিজোস সদ্য মুক্ত ম্যান্ডেলার আমন্ত্রন নিয়ে এসেছিলেন আমার জন্যে। লেখকের আত্মাভিমান থেকে আমি তখন ভেবেছিলাম, মহান মানুষটি হয়তো আমার উপন্যাস 'বার্গারের মেয়ে' নিয়ে আমার সাথে কথা বলতে চান।
কিছুদিন পর জোহানেসবার্গে একান্ত সাক্ষাৎকারে আমরা মুখোমুখি হই। আমার বই নিয়ে কোন আলোচনা নয়, সেদিন তিনি আমাকে বলছিলেন যে, মুক্তির প্রথম দিনেই তিনি জানতে পারেন উইনি ম্যান্ডেলার একজন প্রেমিক আছে। এর ৬ বছর পর তাঁদের ডিভোর্স হয়, যার আগ পর্যন্ত এ সাংঘাতিক খবর জনগনের অজানাই ছিলো। এ কথা আমিও কাউকে জানায়নি, কারন আমি বিশ্বাস করি, তাঁর আত্মত্যাগের ব্যাপকতা, তাঁর জীবনযাপনে ভয়হীনভাবে প্রকাশ পাওয়া শক্তিমত্তা কেবল তাঁর রাজনৈতিক ধ্যানধারণার কারণেই নয়। তাঁর জীবনাচরন অন্যদের মুক্তির দিশা।
এর পরের বছর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের এক ভবনে গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার জন্য প্রথমবারের মতো এক সভা ( CODESA) আয়োজিত হয়। কিন্তু এজন্য এএনসি-র সদস্যদের প্রয়োজন হয়ে পড়লো নিজেদের মধ্যে আলোচনার । সেদিন জীবন-মরণের প্রশ্নে আন্দোলিত হচ্ছিল ম্যান্ডেলার মহান নেতৃত্ব যিনি পাশ্চাত্য সাহায্যপুষ্ট ভারি অস্ত্রে সজ্জিত বর্ণবাদ সরকারের বিরুদ্ধে জনগনের শক্তির কথা জানতে চাইছিলেন। এএনসি ছাড়াও সে সভায় অংশ নিয়েছিলো বিভিন্ন বিপ্লবী সংগঠন যেমন দক্ষিণ আফ্রিকান কমিউনিষ্ট পার্টি, প্যান আফ্রিকানিষ্ট কংগ্রেস ও ইনকাথা ফ্রিডম পার্টির নেতারা, যাদের প্রত্যেকের দেশে গনতন্ত্র স্থাপনের ব্যাপারে আলাদা আলাদা ভাবনা ছিলো। এএনসি-র প্রয়োজন ছিলো ডি ক্লার্কের নজরদারীর বাইরের কোন জায়গা। একজন এএনসি সদস্য জোহানেসবার্গের শহরতলীতে আমাদের, অর্থাৎ আমার স্বামী রেইনহোল্ড সেসিরা ও আমার, বাড়িটা চাইলেন মিলিত হবার জন্য। অবশ্যই কথা শুনার এক্তিয়ার আমাদের ছিলো না। আমাদের বাড়ির বারান্দায় দলটি কয়েকবার মিটিং করেছিল যেখানে আমার উপস্থিতি বলতে কেবল চায়ের ট্রে নিয়ে যাওয়া। একবার মাত্র ম্যান্ডেলা এখানে এসেছিলেন। আমি কখনো তাদের মিটিংয়ে আড়ি পাতিনি। আফ্রিকান পত্রিকাসহ সবকটা পত্রিকা কোডেসার খবর ব্যাখ্যা করে প্রকাশ করছিল, যা তারা কষ্ট করে সহ্য করছিলো বর্ণবাদী নেতাদের প্রতি আনুগত্য থেকে।
ম্যান্ডেলা তখনও আন্দোলনরত কালো দক্ষিণ আফ্রিকাবাসী বা সাদাদের কাছে 'আইকন' ছিলেন না। আফ্রিকাবাসীদের মধ্যে যারা এখন বর্ণবাদী শাসকদের নিন্দায় মুখর, তাদের কেউ কেউ সেই সময় দুঃখের মধ্যেও স্বস্তি পেয়েছিলেন ক্ষমতার সঙ্গে আপোসের এ সম্ভাবনায় যা বিশ্বে জাতিবিদ্বেষগত নিন্দার অবসান ঘটাবে।
ম্যান্ডেলা, পাথরে খোদাইকৃত কোন মূর্তি নয়, রক্তমাংসের লম্বা চওড়া একজন মানুষ, যিনি কষ্ট সহ্য করতে করতে প্রতিহিংসাপরায়ন হয়ে ওঠেন নি, বরং হয়ে উঠেছিলেন আরো মানবিক, বর্ণবাদ-কারাগারের স্রষ্টাদের প্রতিও। তাঁকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায় তাদের সাথেও যারা লক্ষ লক্ষ আফ্রিকানকে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলো। কোডেসার আলোচনার এক পর্যায়ে সভা চলাকালীন সময়ে এর প্রবেশমুখে পুলিশ ও বর্ণবাদী উগ্রপন্থিদের মধ্যে সংঘর্ষের জের ধরে আলোচনা থেমে যায়। মাস কয়েক পরেই অচলাবস্থার মধ্যেই শেষ হয় কোডেসার কার্যক্রম। নিশ্চিতভাবেই এ আলোচনার সবচেয়ে বড় সাফল্য দক্ষিণ আফ্রিকার মানুষদের সমধিকার নিশ্চিত করবে এমন একটি সংবিধান প্রণয়নের পথ প্রশস্ত করা।
১৯৯৩ সালে নোবেল বিজয়ী হিসেবে নেলসন ম্যান্ডেলার নামের সাথে যখন এফ ডব্লিউ ক্লার্কের নামও ঘোষিত হলো, আমাদের অনেকের আনন্দেই কিছুটা ভাঁটা পড়েছিল। ওসলোতে একই অনুষ্ঠানে দুজনকে পুরষ্কৃত করার কথা। ম্যান্ডেলার সাথীদের মধ্যে জর্জ বিজোসের সাথে আমিও ছিলাম। এএনসি নেতাদের সাথে ম্যান্ডেলার সফরসঙ্গী হয়ে আমরা সুইডেনে গেলাম। তাঁকে পুরষ্কার নিতে দেখা অবিষ্মরণীয় এক অনুভূতি।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানের পর অনন্য আরেক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম আমরা। মাদিবা ( ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় এ নামেই পরিচিত) এবং আমরা যারা তাঁর সহযাত্রী সবাই তাঁর হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। সেদিন স্ক্যানডেনেভিয়ানসহ অনেক দেশের অসংখ্য মানুষ এএনসি'র মুক্তির গান গেয়ে তাঁকে অভিনন্দিত করেছিল। অসাধারণ এক সম্মানপ্রদর্শন। জর্জ এবং আমি খেয়াল করলাম, পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা ডি ক্লার্ক ও তার স্ত্রী এই আনন্দঘন উদযাপন থেকে মুখ ফিরিয়ে হোটেলের রুমে ঢুকে গেলেন। ডি ক্লার্ক কি তখন বুঝতে পেরেছিলেন, এ গান তার জন্যে গাওয়া হয়নি ?
মাদিবার জীবনের শেষ ক'বছর আমি তাঁর সাথে দেখা করতে যেতাম জোহানেসবার্গের দামি পাড়ায় তাঁকে দেয়া বড়সড়, সুসজ্জিত, আরামদায়ক বাড়িতে। তাঁর সাথে জর্জ আর আমি সকালের নাস্তা খেতাম। বয়সের কারনে তিনি কিছুটা দেরিতে ঘুম থেকে উঠতেন , তাই খাওয়াটা ব্রেকফাষ্ট না হয়ে হতো ব্রান্ঞ্চ। পরিবারের কর্তা হিসেবে তাঁর জন্য নির্দিষ্ট চেয়ারে তিনি বসতেন। লাগোয়া রান্নাঘর থেকে তাঁর বন্ধুপ্রতিম পরিচারক সাদাসিধে খাবারের পাহাড় নিয়ে আসতো। ম্যান্ডেলাকে খাওয়াটা দেখানো হতো তাঁর মতামত আর জিজ্ঞাসার জন্য। সকালের নাস্তা তাঁর সবচেয়ে প্রিয় আর এটাই তাঁর লোকজনের সাথে দেখা করার সময়।
খাওয়া দাওয়া শেষে আমরা বসার ঘরে যেতাম যেখানে তিনি তাঁর জন্য নির্ধারিত আসনে বসতেন। মাঝে মাঝেই হাত বাড়িয়ে জর্জের হাত ধরতেন। তাঁর বিচারের সময় জর্জ কেবল কোর্টেই নয়, অন্যান্য সময়েও তাঁর সাথে ছিলো। আমার সাথে তাঁর বড়, শক্তপোক্ত হাত মিলিয়ে অভ্যর্থনা জানানো শেষে জর্জকে জিজ্ঞেস করতেন এএনসির কমরেডদের কারো কারো কথা, কারাগারে এবং বাইরে যেসব নেতারা তাঁর সাথে ছিলেন। তিনি খবর বলার জন্য জোর করতেন, মাঝে মাঝেই জর্জের উত্তরে তিনি হেসে উঠতেন, প্রতিউত্তর দিতেন।
সাধারন চোখে ম্যান্ডেলার ভিতর থেকে যা হারিয়ে গিয়েছিল তা হলো তাঁর বুদ্ধির ঝলক আর অদ্ভুত পরিস্থিতিতে তাঁর চটজলদি সরস রসিকতা। ১৯৯৮ সালে তিনি বিয়ে করেন গ্রাসা মিশেলকে। গ্রাসা পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক যোদ্ধা এবং মোজাম্বিকের প্রেসিডেন্ট সামুরা মিশেল-এর স্ত্রী। ধারণা করা হয়, সামুরা মিশেল যে বিমান দুর্ঘটনায় মারা যান তার নেপথ্যে ছিলো বর্ণবাদী কয়েকজন দক্ষিণ আফ্রিকাবাসী। অর্থাৎ এখন পর্যন্ত গ্রাসাই একমাত্র নারী, যিনি দুজন প্রেসিডেন্টকে স্বামী হিসেবে পেয়েছিলেন। বিয়ের উৎসবের শেষে, অভিনন্দনের পালা চুকলে গ্রাসা ঘোষণা দিয়েছিলেন, তিনি 'মিশেল' পদবী ছাড়বেন না। ম্যান্ডেলাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তিনি বলেছিলেন "ও যে আমাকে ওর পদবী গ্রহণ করতে বলেনি তাতেই আমি খুশি'।
মানব চরিত্র অনুধাবনে তাঁর প্রজ্ঞার প্রকাশ হয়েছে বিভিন্ন সময়ে। একদিন, আমি সেদিন ম্যান্ডেলার বাড়িতেই ছিলাম, তাঁর সাথে দেখা করতে আসে জিন্দজি- উইনির গর্ভে তাঁর দুই সন্তানের ছোটজন। বাবা-মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরলো। তারপর তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন কী খাবে ও। জিন্দজি তখন বললো, যে সে বসতে পারবে না কারন তার মা গাড়িতে অপেক্ষা করছে। মাদিবা তখন মুখ তুলে জোর দিয়ে তাকে বললেন, "যাও, ওকে ভেতরে নিয়ে এসো।" কয়েক মিনিট পরেই হাসিমুখে ঘরে ঢুকলেন উইনি, এমন একজনের অতিথি হয়ে যার প্রতি তাঁর অপ্রতিরোধ্য ভালোবাসা অটুট ছিলো কারাগারের কঠিন দিনগুলোতে, বিবাহ বিচ্ছেদে, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার লড়াইয়ে।
