লোর্কার ভবিষ্যতে ফেরা
ফুন্দাসিয়ন ফেদেরিকো গার্সিয়া লোর্কা, দ্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং আকসিয়ন কুলতুরাল এসপানঞলা'র যৌথ উদ্যোগে গত ৫ এপ্রিল থেকে ২০ জুলাই পর্যন্ত নিউ ইয়র্কে প্রবাসকালে রচিত পোয়েট ইন নিউ ইয়র্ক এবং লোর্কার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হলো। জীবদ্দশায় পাণ্ডুলিপি প্রস্তুত করে রেখে গেলেও ফ্যাসিস্ত ফ্রাংকো-বাহিনীর হাতে নিহত হওয়ার কারণে তিনি বইটির প্রকাশ দেখে যেতে পারেননি। এই প্রদর্শনী উপলক্ষে ইংরেজি অনুবাদে এই বইটির একটি বিশেষ সংস্করণও প্রকাশিত হয়েছে। এই প্রদর্শনী উপলক্ষে ব্যক্তি ও কবি লোর্কার সংযোগসূত্র আবিষ্কারমূলক যে-লেখাটি ব্রুশিয়র-এ প্রকাশিত হয়, বর্তমান রচনাটি তারই ভাষান্তর। এটি বিডিনিউজ টোয়েন্টিফোর-এর আর্টস বিভাগের জন্য অনুবাদ করেছেন প্রাবন্ধিক ও অনুবাদক জুলফিকার হায়দার। বি.স.
এক কবির নিউইয়র্কনামা
ছবি:১৯২৯ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লোর্কা
১৯২৯ এর জুন মাসের কথা। সে সময়টায় তরুণ লেখক আর চিত্রকরদের চোখে থাকত প্যারিসবাসের স্বপ্ন। স্পেনের শ্রেষ্ঠ আধুনিক কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোর্কা সেই স্বপ্নের পথে হাঁটলেন না; ঐতিহ্য-বিচ্যুত হয়ে কবি পা বাড়ালেন নিউইয়র্কের পথে। সেখানে তিনি নয় মাস ছিলেন, এরপর হাভানায় আরও তিনমাস। মাত্র এই বারোটি মাস কাব্য, থিয়েটার এবং শিল্পীর সামাজিক ভূমিকা বিষয়ে কবির চিন্তা চেতনাকে বদলে দিয়েছিল।
লোর্কা নিউইয়র্ক গিয়েছিলেন ইংরেজি পড়তে। কিন্তু সেটি বাদ দিয়ে তিনি নতুন কাব্যগ্রন্থ পোয়েট ইন নিউইয়র্ক রচনার কাজে লেগে গেলেন। তার এই কাব্যপ্রয়াস ছিল জাতিগত উগ্রতা, নির্বিচার ভোগ আর প্রযুক্তিপ্রেমের বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদ। এ প্রসঙ্গে সমালোচক ভিএস প্রিশে একদা লিখেছিলেন, "আমরা যাকে সভ্যতা বলি, তিনি তাকে বলতেন নোংরা খাদ।" তবে লোর্কার এ কাব্যগ্রন্থের সুখ্যাতি নিউইয়র্কের বাইরেও ছড়িয়ে পড়েছিল।
১৯৩৬ সনে কবি মাদ্রিদে তার এক প্রকাশকের টেবিলে পোয়েট ইন নিউইয়র্ক-এর পাণ্ডুলিপিটি রেখে চলে যান। পাণ্ডুলিপির সঙ্গে একটা চিরকুট ছিল; তাতে লেখা ছিল যে, তিনি 'আগামীকাল' আবার আসবেন– সম্ভবত ছাপার চূড়ান্ত খুঁটিনাটি বিষয়ে আলাপ করতে। সেই প্রকাশকের টেবিলে আর কখনও তার ফিরে আসা হয়নি। এর কয়েক সপ্তাহ পর স্পেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। আর গ্রানাদায় এক ফ্যাসিস্ট চক্রের হাতে নির্মমভাবে নিহত হন ফেদেরিকো গার্সিয়া লোর্কা। তার শবদেহটিকে ছুঁড়ে দেওয়া হয় এক নাম-চিহ্নহীন গণকবরে।
কবির মৃত্যর পর ১৯৪০ সালে এ বইটি প্রকাশিত হয়। তবে এর পাণ্ডুলিপি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই উধাও হয়ে যাবার বিষয়টি কয়েক দশক ধরে পণ্ডিতদের কাছে এক রহস্যই থেকে যায়। এ বছর মাদ্রিদের The Fundacion Federico Garcia Lorca আর নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে সেই পাণ্ডুলিপির প্রদর্শনী হয়ে গেল, সেই সঙ্গে ছিল কবির ড্রইং, আলোকচিত্র, চিঠি আর স্মারক– নিউইয়র্কে কবি আর কবি-হৃদয়ে নিউইয়র্কের টুকরো টুকরো ছবি।
"নিউইয়র্ক মনে হয় ভয়ানক, সে কারণেই আমার যাওয়া"
১৯২৯-এর বসন্তকাল। সেই বসন্তে লোর্কা তার ভাষায় এক মানসিক বিপর্যয়ের শিকার হন। ভাস্কর এমিলিও আলাদ্রেনের সঙ্গে তার প্রণয় আখ্যান শেষ হয় বেদনাময় যবনিকায়। আর নিজের লেখা জিপসি ব্যালাড-এর (১৯২৮) সস্তা জনপ্রিয়তা নিয়েও তার মনে একটা হতাশা ছিল। তার দুই বন্ধু আভাগার্দীয় চিত্রকর লুইস বুনুয়েল আর সালভাদর দালি এই বইটির তীব্র সমালোচনা করেন। তাদের মতে অতি গতানুগতিক এ কাব্যগ্রন্থের হাত-পা বাঁধা ছিল প্রাচীন কাব্যকলার কঠিন শিকলে। এই অবস্থায় অন্য কোথাও গিয়ে নিজের জিপসি ব্যালাডীয় ইমেজটি ঝেড়ে ফেলে সম্পূর্ণ ভিন্ন মেজাজের একটি কাব্যগ্রন্থ লেখার মানসে
ছবি:১৯২৯ সালে লোর্কার পাসপোর্টের দুটি পৃষ্ঠা
লোরকা স্পেন ছেড়ে যেতে চাইলেন। গুরু ও অধ্যাপক ফের্নান্দো দে লোস রিওসকে সঙ্গী করে লোর্কা নিউইয়র্কের পথে বের হয়ে গেলেন। অবশ্য লোর্কাকে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ইংরেজির ক্লাসে ভর্তি করিয়ে দেবেন বলে রিওস তার মা-বাবাকে কথা দিয়েছিলেন। এর আগে কবি কখনও বিদেশমুখো হননি। জুনের শেষ ভাগে নিউইয়র্কে পা রাখার পরপরই প্রাথমিক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি দেশে পত্র লিখেন। এর মধ্যে সবচেয়ে প্রাঞ্জল ছিল ৪ জুলাইয়ের ছুটিতে কনি আইল্যান্ডে নৌ-বিহারের বিবরণসহ একটা চিঠি। সেই প্রথম তিনি মুখোমুখি হলেন শহুরে জনতার বিশাল কোলাহলের সঙ্গে। ঐ ছুটির দিনে দশ লাখেরও বেশি মানুষ গিয়েছিলেন সৈকত ভ্রমণে আর কবি তার এই অভিজ্ঞতার রূপান্তর ঘটান এক দুঃস্বপ্নময় কাব্যিক আভাসে। কবির চোখে নিউইর্য়ক শহরকে মনে হল "বমনেচ্ছুক জনতার এক ভূখণ্ড" মাত্র।
"ম্যানহাটন দ্বীপের পথে হেঁটেছি আমিও"
গিজগিজে মানুষের গায়ে গা ঘেঁষে নাগরিক কোলাহলের ঝাঁজালো সভ্যতাকে দেখে লোর্কার মনে পড়ে গেছে তারও আগে এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়া কবিদের কথা: "নিউইয়র্কের আমজনতার যে কী রূপ তা সম্ভবতঃ কোলাহল ছেড়ে নির্জনতায় আশ্রয় নেয়া ওয়াল্ট হুইটম্যান আর কবিতায় এই জনতাকে লেবুর মত চিপে নেয়া টি. এস. এলিয়ট ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না। এলিয়টের 'ওয়েস্ট ল্যান্ড' কবিতায় এই ভীড়ের থেকে নিংড়ে নেয়া ক্ষত, কবিকুল, ভেজা হ্যাট আর নদীতটের ছায়া-প্রচ্ছায়ার দেখা মেলে।"
ছবি:ওয়াল্ট হুইটম্যানের I Saw in Louisiana a Live Oak Growing কবিতার পাণ্ডুলিপির একটি পৃষ্ঠা
লোর্কার অন্যতম গুরু হুয়ান রামন হিমেনেথ তার ডায়েরি অব এ নিউলিওয়েড পোয়েট (১৯১৬) গ্রন্থে পোয়েট্রি ফ্রম নিউইয়র্ক-এর সংকলিত রূপ অন্তর্ভুক্ত করেন আর এ দুজনের হৃদয়েই অ্যাডগার এলান পো'র জন্য ছিল নিরন্তর ভালবাসা (এক বন্ধুর স্মৃতিচারণায় লোরকার মুখে পো'র "এনাবেল লি" আবৃত্তির আনাড়ি প্রয়াসের বর্ণনা রয়েছে)। কবি ও সুহৃদ হার্ট ক্রেইনের সঙ্গে দেখা করতে একদিন লোর্কা হেঁটে হেঁটে ব্রুকলিন সেতুর ওপারে গেলেন। ক্রেইন তখন তার দীর্ঘ কবিতা "দা ব্রিজ" (১৯৩০) লিখছিলেন। এ দুই কবিকেই অনুপ্রেরণা যুগিয়েছিলেন ওয়াল্ট হুইটম্যান। হুইটম্যানের পুরুষ প্রেমের দর্শন আর আমেরিকা নিয়ে তার অতৃপ্ত স্বপ্নকে উপজীব্য করে হুইটম্যানের উদ্দেশ্যে লোর্কা একটি অভিলাষী ওড রচনা করেছিলেন।
কলাম্বিয়া ইউনিভার্সিটিতে: স্পাগাতি আর শিষফিলের মেলবন্ধন
১৯২৯ এর জুন মাসে লোর্কা কলাম্বিয়া ইউনিভার্সিটির সামার সেশনে ইংলিশ ফর বিগিনার্স কোর্সে ভর্তি হন। একটা ম্যাগাজিনের লেখায় সে সময়টা ধরা পড়েছে- "ফেদেরিকো লোরকার গভীর প্রণতি, পরিচিত হাঁটা, ব্যালে নর্তকীর মুদ্রায় তার চকিত চলন, আড়ম্বর আর চমৎকার ব্যক্তিত্বের সঙ্গে কলাম্বিয়া
ছবি:কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ব্যবহারের জন্য লোর্কার গ্রন্থাগার কার্ড
ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, ফার্নেল্ড হলের নিগ্রো এলিভেটর কর্মী, নিচতলার টেলিফোন অপারেটর সবাই ছিলেন পরিচিত।" কিছুদিনের মধ্যেই কবি ইংরেজি পাঠে ক্ষান্ত দেন। তিনি স্পাগাতি আর শিষফিলের মত কিছু সাধারণ শব্দাবলি আকড়ে ধরে তার ইয়াংকি বন্ধুদের সঙ্গে ভাঙ্গা ভাঙ্গা ফরাসি ভাষায় কথাবার্তা চালিয়ে গেলেন। বাবা মার দেয়া অঢেল অর্থের কল্যাণে শারদীয় টার্মটি তিনি জন জে হল নামের কলাম্বিয়ার একটি ডর্মে কাটিয়ে দেন। তবে ইংরেজীর ক্লাস বাদ দিয়ে তিনি পোয়েট ইন নিউইয়র্ক নিয়ে মেতে উঠলেন এবং আমেরিকান ছাত্রদের সম্পর্কে তার ধারণার চমৎকার বিবরণ দেন, "এরা জানোয়ারসুলভ সারল্যে হাত পা ছড়িয়ে হাই তোলে, রুমালের তোয়াক্কা না করে হাঁচি দেয় আর সদা সর্বত্র হৈচৈ করে। আর এরা দিলখোলা ও বন্ধুবৎসল এবং অন্যের জন্য কিছু একটা করতে সত্যি পছন্দ করে।"
দুয়েন্দের (সম্মোহনী সত্তার) সন্ধানে
ছবি: ১৯২৯ সালে কাগজে আঁকা লোর্কার ড্রয়িং : স্প্যানিশ নৃত্যশিল্পী
নিউইয়র্কে লেখা কবিতাগুলিতে লোর্কার আগের লেখা পদ্যধারা থেকে বিচ্যুতি চোখে পড়ে। তার আগের কবিতায় চিরায়ত স্প্যানিশ কাব্য যেমন- ব্যালাড, লোক গান, ফ্লামেনকোর গীতিকবিতা আর স্প্যানিশ অতিঅলংকারশৈলীর উজ্জ্বল উপমার প্রভাব ছিল স্পষ্ট। নিউইয়র্কে বসে লেখা কাব্যগ্রন্থ পোয়েট ইন নিউইয়র্ক, চিত্রনাট্য ট্রিপ টু দ্যা মুন, আর দ্যা অডিয়েন্স শীর্ষক হেমো-ইরোটিক নাটক- এ সবকটির ক্ষেত্রে লোর্কা উপমার মায়াজালকে পরিহার করে যৌক্তিক বিশ্লেষণ পরিপন্থী চিত্রকল্পের সন্ধান করেছেন। কলাম্বিয়ায় স্প্যনিশ ভাষায় দেওয়া "কল্পনা, প্রেরণা এবং ছলনা" শীর্ষক লেকচারে তিনি "বিশুদ্ধ প্রবৃত্তি"র পক্ষে কথা বলেন, তিনি সেই কবিতার কথা বলেন যা একটি "পতঙ্গভূক পুষ্পের মত বাস্তবতাকে শুষে নেয়"। নিউইয়র্কে রচিত কবিতা পাঠের সময়ই লোর্কার কবিমানসে সম্মোহনী সত্তার ধারণার বিকাশ ঘটে- তিনি অনুভব করেন কর্মক্ষম শিল্পীর নিবিড় সহচর এক রহস্যময় সৃজনশীল শক্তিকে যা "একটি কবিতার দৃষ্টিকে অবমুক্ত" করতে পারে আর পাঠককে "কণ্ঠস্বরের ক্ষিপ্রতায়" এর মর্মোদ্ধারে সাহায্য করে।
"যেখানে স্বপ্নের সম্মিলনের বাস্তবতায়"
লোর্কা তার নিউইয়র্ক ভ্রমণ বিষয়ক তিন ধরনের দলিল রেখে গেছেন: গ্রানাডায় তার পরিবারকে লেখা এক গুচ্ছ চমৎকার চিঠি, নিউইয়র্কে আসার কিছুদিন পর থেকে লিখতে থাকা কবিতা, আর এগুলো যেভাবে লিখেছেন সে বিষয়ে একটি লেকচার। এসব দলিল আর ঐতিহাসিক রেকর্ডের তুলনা করলে লোরকার কল্পনাশক্তি এবং তার চেতনায় স্বপ্ন আর বাস্তবতার সংঘাতের বিষয়টি যে কাউকে মুগ্ধ করবে।
ছবি: ১৯২৯ সালে বুশনেলসভিল-এ স্ট্যানটন এবং হেলেন হোগানের সাথে
১৯২৯-এর সেপ্টেম্বরে বন্ধুদের সঙ্গে নিয়ে নিউইয়র্কের বুশনেল্সভিলে একটি পুরানো খামারবাড়িতে তিনি কয়েক সপ্তাহ কাটান। খামার বাড়িটি যার কাছ থেকে ভাড়া নেয়া হয়েছিল তার স্ট্যান্টন এবং হেলেন নামের দুটি সন্তান ছিল। এদের সঙ্গে কবির দ্রুত বেশ ভাব হয়েছিল। তার কবিতায় এবং কবিদের বিষয়ে নিউইয়র্কে দেওয়া লেকচারে লোরকা এদের উভয়ের জন্য এক অশুভ পরিণতির কল্পনা করেছিলেন। হেলেন একটি কুঁয়োয় ডুবে মারা যায় আর "সেই ছোট্ট প্রাণিগুলোর মধ্যে সবচে সুন্দর এবং বোকাসোকা" স্ট্যান্টনকে তাড়া করে এক বৃশ্চিক যে "মেঘ আর থার্মোমিটারে ঠাসা" বৈঠক ঘর ছাড়িয়ে তার ঘরজুড়ে ঘুরঘুর করে। লোর্কা তার লেকচারের এক উদ্ভট কাব্যিক ছায়া যবনিকা টানেন "মেয়েটি নিজেকে সঁপে দেয় এক কুপের গভীরে, একদল সবুজ দেবদূতের মাঝে আর ছেলেটির বুকে উত্তর আমেরিকান পুলিশের নিষ্ঠুর তারকাটি স্যাঁতস্যাঁতে দেয়ালে লেগে থাকা লুনার মত গজিয়ে উঠতে থাকে।"
হার্লেমে "মানুষের উত্তাপ আর শিশুর চিৎকার"
ছবি: ১৯২৯ সালে রচিত Norma and Paradise of the Blacks কবিতার পাণ্ডুলিপির অংশবিশেষ
হার্লেম রেনেসাঁর সাংস্কৃতিক উন্মাদনা আর আফ্রিকান-আমেরিকানদের প্রতি আমেরিকানদের বিপ্রতীপ দৃষ্টিভঙ্গির বিষয়টি বুঝে উঠতে লোর্কার বেশিদিন লাগেনি। "মানুষের উষ্ণতা আর শিশুদের কোলাহলময়" হার্লেম তার খুব ভাল লেগেছিল। আফ্রিকান-আমেরিকান ঔপন্যাসিক নেলা লার্সেনের সঙ্গে তার বন্ধুত্ব, আধ্যাত্মিক ও "ব্ল্যাক মিউজিকাল রিভো"র প্রতি তার অতি উৎসাহ আর যেখানে শেতাঙ্গ দর্শকদের জন্য আফ্রিকান আমেরিকানরা নাচতো, স্মল প্যারাডাইজের মত সেইসব নাইট ক্লাবে আসা যাওয়ার সূত্রে তিনি দুটি প্রেরণাদায়ী কবিতা লিখেছিলেন। এর একটি হল "নর্মা এন্ড প্যারাডাইজ অব দ্য ব্ল্যাকস" যাতে আফ্রিকান আমেরিকান নন্দনতত্ত্বকে ব্যাখ্যা করার প্রয়াশ রয়েছে। অন্য কতিাটির শিরোনাম "দ্য কিং অব হার্লেম," যাতে অনুপ্রেরণা আর সংহতির সশব্দ প্রকাশ ঘটেছে। এই কবিতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লোর্কা বলেছিলেন, "আমি উত্তর আমেরিকার কালো মানুষের জন্য একটি কাব্যভুবন নির্মাণ করতে চেয়েছিলাম। গ্রানাদায় বসবাসের ব্যাপারটা আমাকে বুঝতে সাহায্য করেছিল উৎপীড়িত সেসব মানুষদেরকে, যারা যাযাবর, কৃষ্ণাঙ্গ, ইহুদি … মুর… আমরা সবাই এদেরকে অন্তরে ধারণ করে আছি। "
"হায়, ওয়াল স্ট্রিট!"
ছবি: ১৯২৯-১৯৩০ সালে কাগজে আঁকা লোর্কার ড্রয়িং :Young Man and Pyramids
পুঁজি বাজারে ধ্বস আর বিশাল মন্দার আবির্ভাব "বিশ্বের সবচে নির্ভীক আর সর্বাধুনিক নগরী"র প্রতি কবির প্রাথমিক মুগ্ধতাকে ম্লান করে দেয়। ব্ল্যাক থার্সডেতে চরম আতঙ্কের সেই দিনে তিনি ছুটে গিয়েছিলেন ওয়াল স্ট্রিটে : তার লেখায় "ব্যাপারটা নিজের চোখে দেখার সৌভাগ্য আমার হয়েছিল, কয়েক বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেল, সাগর জলে ভেসে যাওয়া অচল কড়ির জন্য মানুষের আহাজারি, পুরুষদের দেখা গেল সর্বত্র জানোয়ারের মত চিৎকার আর তর্ক করছে, আর নারীরা বিলাপ করে কাঁদছিল। পোয়েট ইন নিউইয়র্কেও বেশ কিছু জায়গায় লাগামহীন পুঁজিবাদের নিষ্ঠুরতার প্রতি কবির ঘৃণার প্রকাশ রয়েছে। কবি দেখতে পান "মৃতদের একটি নৃত্যমিছিল" যা শহরের গলি ধরে ওয়াল স্ট্রিটের দিকে ধেয়ে যায়, তিনি দেখতে পান, "স্ফিংক্স আর ব্যাংকের সিন্দুকের মাঝখানে একটি স্থূল তন্তু যা সকল দরিদ্র শিশুদের হৃদপিণ্ড ভেদ করে চলে যায়।
"আমায় খোঁজো তুমি..কিউবায়"
১৯৩০ এর ২ মার্চ নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির ১১৫ নম্বর স্ট্রিট শাখায় সমকালীন স্প্যানিশ কবিতা বিষয়ে লোর্কার বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তার বক্তৃতা শুনতে যাঁরা গিয়েছিলেন তাঁদেরকে হতাশ করেন তিনি। একেবারে শেষ মুহূর্তে তিনি নিজেকে সরিয়ে নেন এবং তাঁর এক বন্ধু হান্টার কলেজের অধ্যাপক ও সাহিত্য সমালোচক দামাসো আলোনসোকে ঐ আসরে বক্তৃতা দেওয়ার অনুরোধ করেন। কবি তখক্ষণে ট্রেনে চড়ে কিওয়েস্টের পথে, সেখান থেকে হাভানা যাবার ফেরি ধরতে হবে। কিউবায় কাটানো তিনটি মাস (মার্চ-জুন) ছিল কবির জীবনের সবচে সুখকর সময়গুলির অন্যতম।
ছবি: ১৯২৯ সালে হাভানায় লোর্কা
বাবা-মাকে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন, "যদি আমি কখনও হারিয়ে যাই, আন্দালুসিয়া অথবা কিউবায় আমায় খুঁজে দেখো।" কিউবায় এসে তার কবিতার বই-এর কাজ একেবারে থমকে পড়ে, তিনি মেতে রইলেন বক্তৃতার পর বক্তৃতা নিয়ে, কিউবার লেখক ও চিত্রকরদের সঙ্গে সরস আড্ডায় আর চৈতন্যের গভীরে নাড়া নিয়ে যাওয়া সঙ্গীতের সান্নিধ্যে। হাভানা ও কিউবার এখানে ওখানে তিনি গঙ্গোরা, অতি আলংকারিক কাব্য, ফ্লামেংকো তথা এর "নব কাব্য-প্রকরণ" আর স্প্যানিশ ঘুমপাড়ানিয়া গান ইত্যাদি বিষয়ে আবেগ ও মাধুর্যপূর্ণ বক্তৃতা দেন। নিকোলাস গিয়েনের মত কিউবান কবিরা সবে যখন "আফ্রো-কিউবান সন" আবিষ্কার করছিলেন, এই গানের ছন্দোময় মাধুর্যকে লোরকা ধরে রাখেন তার কবিতায়, তিনি লিখে ফেলেন 'সন নে নেগ্রোস এন কুবা' অনবদ্য কবিতাটি। পোয়েট ইন নিউইয়র্ক গ্রন্থের সবশেষ কবিতা হিসেবে এই কবিতাটি এক সুখপাঠ্য অন্তিম পুষ্পিকা হয়ে উঠে পাঠক হৃদয়ে জেগে থাকে।
আগামীর ফেরা: পোয়েট ইন নিউইয়র্ক-এর সৃষ্টি
১৯৩৬ এর সামার নাগাদ লোর্কা পোয়েট ইন নিউইয়র্ক এর একটি টাইপ করা পাণ্ডুলিপি প্রস্তুত করে ফেলেন এবং একে কয়েকটি অধ্যায়ে সাজিয়ে নেন। তবে সবগুলো অধ্যায় তখনও শেষ হয়নি। কবি প্রায়শ তার বন্ধুদেরকে নিজহাতে লিখা কবিতার খসড়া উপহার দিতেন। তিনি দেখলেন এর মধ্যে বেশ কিছু কবিতার খসড়া উধাও হয়ে গেছে। জুলাই মাসে তিনি অসমাপ্ত পাণ্ডুলিপিটি তার বন্ধু ও প্রকাশক হোসে বের্গামিনের ডেস্কে রেখে তার পাশে একটি চিরকুট লিখে রাখেন, "তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, মনে হয় কাল আবার আসব"। আবার আসার আগেই তাকে হত্যা করা হয় গ্রানাদায়। এর পর বের্গামিন চলে যান নির্বাসনে–সঙ্গে নিয়ে যান ফ্রাঙ্কোর হাতে পর্যুদস্ত স্পেনের বিষণ্ন স্মারক সেই অসমাপ্ত পাণ্ডুলিপিটি এবং মেক্সিকোতে এটি ছাপার হরফে বের করেন। প্রায় একই সময়ে রল্ফে হামফ্রেইজের ইংরেজী তরজমাসহ এ বইয়ের একটি আমেরিকান সংস্করণও রের হয় । বইটির কয়েক দশক যাবৎ রহস্যজনক অন্তর্ধানের পর মাদ্রিদের The Fundacion Federico Garcia Lorca কর্তৃক উদ্ধার হওয়া সেই পাণ্ডুলিপিটি অবশেষে প্রদর্শিত হয় নিউইয়র্কে।
…………………………………………………………..
…………………………………………………………..
"Landscape of Vomiting Multitude (Nightfall at Coney Island)," পোয়েট ইন নিউইয়র্ক থেকে সংকলিত:
কে আমার বিষণ্নতার কথা ভাবতে পারে?
আমার মুখটি দেখতে ছিল আমারই মত, কিন্তু এখন আমি সে মানুষ নই।
আমার মুখের উলঙ্গ অবয়ব, কাঁপছে মদের আঁধারে
আর অবিশ্বাস্য জাহাজেরা ভিড়ছে ঘাটের পটাতনে
আমি এই দৃষ্টি নিয়ে নিজেকে সামলে রাখি
যে দৃষ্টি আসে অবিনাশী ভোরের তরঙ্গরাশি বেয়ে,
আমি ঢাল তলোয়ারহীন এক কবি, গিয়েছি হারিয়ে
বিবমিষাময় বিশাল এক জনতার ভীড়ে,
আমার ললাটের ঘন শৈবাল উপড়ে ফেলে
এমন কোন কোন টগবগে ঘোড়া তো নেই।
অথচ সেই স্থূলকায়া নারী সবার আগে গেল
আর মানুষের স্রোতে খুজে ফিরেছিল ফার্মেসির ঠিকানা
যেখানে হয়তো মিলে যেত কটুস্বাদ কর্কটের সন্ধান
যেইমাত্র একটি পতাকা উর্ধ্বমুখী হল আর প্রথম কুকুরটি এসেছিল
তখন সারা শহর ছুটে গেল সাগরের তীর ঘেঁষা পথের রেলিংগুলোর দিকে।
[ইংরেজি অনুবাদ: গ্রেগ সাইমন ও স্টিভেন এফ হুয়াইট, বাংলা অনুবাদ বর্তমান অনুবাদকের]
…………………………………………………………..
…………………………………………………………..
কবির চিত্রকলা
লোর্কার আঁকা ছবি সম্পর্কে চিত্রশিল্পী হুয়ান মিরো লিখেছেন, "আমার কাছে লোর্কার ছবিগুলোকে একজন কবির সৃষ্টি বলে মনে হয় আর যে কোন প্লাস্টিক অভিব্যক্তির ছবির জন্য আমার পক্ষে সর্বোচ্চ এটুকু প্রশংসাই করার আছে।" নিউইয়র্ক ভ্রমণের দু'বছর আগে চিত্রকর বন্ধু সালভাদর দালির অনুপ্রেরণায় লোর্কা রঙিন পেন্সিল আর ইন্ডিয়া ইঙ্কে রচিত কয়েকডজন এইসব "কবিতা"র প্রদর্শনীর আয়োজন করেন। তার আঁকা ছবির এই প্রদর্শনীর জন্য বার্সেলোনার
ছবি: ১৯২৯-৩০ সালে কাগজে আঁকা লোর্কার ড্রয়িং : Fabulous Beast Approching a House
এক অভিজাত গ্যলারিকে বেছে নেয়া হয়। নিউইয়র্কে আঁকা লোর্কার ছবিগুলো ছিল বিষণ্নতায় আক্রান্ত, কখনও কখনও মৃতবৎ নিষ্প্রাণ। এর মধ্যে চারটি ছবি পোয়েট ইন নিউইয়র্ক-এর প্রথম সংস্করণে ছাপা হয়। তার আঁকা এক সারি আত্মপ্রতিকৃতিতে ঘোড়া অথবা জানোয়ার পরিবেষ্টিত একটি বিশেষ ভঙ্গিমার ফিগার চোখে পড়ে। এই ঘোড়া বা জানোয়ারেরা বাইবেলের বুক অব রেভিলেশন-এ বর্ণিত মধ্যযুগের প্রভাদীপ্ত ভাষ্যের কথা মনে করিয়ে দেয় (পোয়েট ইন নিউইয়র্ক নাগরিক রহস্যোন্মচনের এক যাদুকরী বিলাপ বটে)। নিউইয়র্কে আঁকা অন্যান্য ছবিতেও তার কবিতার কোন কোন ভাব ও বিষয়ের সাদৃশ্য চোখে পড়ে, এসব বিষয়ের মধ্যে ওয়াল স্ট্রিটের নির্মমতা, মৃত্যু ও বিচ্ছিন্নতা, রক্তপাত ও হত্যাযজ্ঞ (সেন্ট রোডেগুন্দার চরিত্র চিত্রণে যেমনটি দেখা যায়) আর নাগরিক জীবনের শিকড়হীনতা ইত্যাদি তার বর্ণিল ক্যানভাসে ঘুরে ফিরে আসে।
