২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চেতনায় কবিতার চাষাবাদ: কবি শেইমাস হিনির প্রতি শ্রদ্ধাঞ্জলি

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 31 Aug 2013, 10:00 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

দীর্ঘ গৌরবময় জীবনের অবসান ঘটলো নোবেলবিজয়ী মহান আইরিশ কবি শেইমাস হিনির। গত ৩০ আগস্ট ৭৪ বছর বয়সে ডাবলিন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইরিশ হয়েও হিনি ছিলেন বিশ্বকবি। বিশ্বের মানুষের কথাই চিন্তা করেছেন তিনি। তাঁর প্রয়াণে বিশ্ববাসী তাই শোকাহত। বিশ্বকবিকুলের চোখ বর্ষণসিক্ত।

শুভ্র মেঘের মতো কেশধারী সুদর্শন ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী শেইমাস হিনির ছিলো পর্বতপ্রমাণ কবিখ্যাতি। 'খ্যাতি' শব্দটি তাঁর নামের সঙ্গে গাঁটবাঁধা ছিলো। বিশ্বব্যাপি তাঁর পরিচিতি ছিলো 'Famous Seamus' বলে। তিনি কবিতা লিখেছেন প্রেম, প্রকৃতি, যুদ্ধ, জীবনসংগ্রাম নিয়ে। তাঁর কবিতায় এসেছে গাছ, বৃক্ষমূল, পাহাড়, পাথর, আকাশের কথা, হাসি-আনন্দের আখ্যানে, চেতনায় দীপ্তি ছড়িয়ে। সচেতন অভিজ্ঞতাকে নান্দনিকতায় কেলাসিত করে তিনি তৈরি করেছেন তাঁর কবিতার বাড়িঘর। তাঁর শব্দ ও ছন্দের সূক্ষ্ম জাল আলোড়িত করেছে পাঠকচিত্তকে। তিনি অর্জন করেছেন পাঠকের শ্রদ্ধা ও আস্থা। হয়েছেন নন্দিত, অভিনন্দিত। আধুনিক ক্লান্তিকর জটিল শব্দমায়া সৃষ্টির অভিযোগ তাঁকে স্পর্শ করেনি। তিনি যেমন ছিলেন সাধারণ্যে গ্রহণযোগ্য, তেমনি পণ্ডিতমহলে সমাদৃত।

হিনির কবিতায় ছিলো বিপুল অতীতচারিতা। 'ডিসট্রিক্ট এন্ড সার্কেল' (যা তাঁকে ২০০৬ সালে এনে দেয় টি. এস. এলিয়ট প্রাইজ) কাব্যগ্রন্থের ছত্রে ছত্রে ছড়িয়ে আছে তাঁর নস্টালজিয়ার ছবি। ১৯৯৬ সালে প্রকাশিত `এ সোফা ইন দ্য ফরটিস' কবিতায় তিনি এবং তাঁর ভাইবোন মিলে রেলের কামড়ায় সোফা উলটে দেওয়ার বিবরণ লিপিবদ্ধ। 'ডিগিং' (রোপণ) কবিতায় তিনি তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তাঁর পিতা রোপণ করছেন আলু আর পিতামহ টার্ফ। কবিতাটি শেষ হয়েছে এভাবেঃ
"কিন্তু তাদের মতো হওয়ার জন্য কোনো কোদাল নেই
আমার হাতে
আমার আঙুলে ধরা কলম
আমি সেটা দিয়েই চাষাবাদ করবো।"

হিনি ছিলেন মাটি ও মানুষের কবি। তিনি কৃষকের সন্তান। পূর্বপুরুষের জিন তাঁর মধ্যে ক্রিয়াশীল। তাই তিনি নিজেকে ভেবেছেন কৃষক—কলমকৃষক। চাষাবাদ করেছেন কলম দিয়ে। কলমকে লাঙ্গল বানিয়ে চাষ করেছেন কাগজে। ফলিয়েছেন রাশি রাশি কবিতার সোনালি ফসল।


হিনি ছিলেন সমাজ ও রাজনীতিসচেতন কবি। কাব্যসাধনায় তিনি সমাজ ও সময়ের দাবি পূরণ করতে চেয়েছেন। তবে শিল্পের দাবিকে পাশ কাটিয়ে যাননি। তিনি জানতেন কী করে সমাজ ও শিল্প, বস্তু ও ভাব, চেনা ও অচেনা, ঐতিহ্য ও প্রগতির মধ্যে সমন্বয় করতে হয়। সমাজ ও রাজনীতির টালমাটাল অবস্থা তাঁর কবিতায় ছায়া ফেলেছে অনিবার্যভাবে। 'ফিউনারেল রাইটস', 'হোয়াটেভার ইউ সে সে নাথিং', 'সিঙ্গিং স্কুল' 'অ্যাক্ট অব ইউনিয়ন' ইত্যাদি কবিতায় তাঁর সমাজ ও রাজনীতিভাবনা প্রকাশিত। তিনি আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি ছিলেন ব্রিটিশ সাহিত্য-সংস্কৃতির অনুরাগী ভক্ত। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কণ্ঠেও তাঁর শান্তিপ্রচেষ্টার প্রশংসা শোনা যায়। ডাবলিন ক্যাসলে এক রাষ্ট্রীয় ভোজসভায় ক্লিনটন আবৃত্তি করেন হিনির 'দ্য কিউর অব ট্রয়' থেকেঃ
"এখন হৃদয়ে জলোচ্ছ্বাস
এখন যাবার সময়
বলার কী বাকি আছে আর?
মিষ্টি কথায় সন্দেহ করো
কিন্তু কখনো মন বন্ধ করো না
এক ভাগ্যবান বাতাস
আমাকে এখানে উড়িয়ে এনেছে
চলে যাওয়ার সময় আধেক প্রতীতি
ভঙ্গুর বিশ্বাস উঠে দাঁড়াবে
এবং অর্ধসত্য অন্ত্যমিলে ভালোবাসা হবে।"

তিনি ছিলেন কূপমণ্ডকতার বিরোধী, বৈচিত্রসন্ধানী। ছিলেন মুক্তবুদ্ধিসম্পন্ন। নিজের মনটাকে খোলা রেখেছেন নতুনকে গ্রহণ করার জন্য। তাই কাব্যগ্রন্থের নাম রেখেছেন খোলা চত্বর (Opened Ground)। সাহিত্য সমালোচক টেরি ইগলটন তাঁকে যথার্থই 'প্রজ্ঞাবান প্রগতিবাদী বিশ্বনাগরিক' বলে আখ্যায়িত করেছেন।

হিনি বিভক্ত আয়ারল্যান্ডে বসবাস করেছেন এবং সর্বক্ষণ মর্মবেদনায় ভুগেছেন। সংঘাতমুখর স্বদেশমাতৃকা তাকে বারবার ডেকেছে, কিন্তু তিনি সন্ত্রাসের পথে বা সশস্ত্র আন্দোলনের দিকে যাননি। সারাজীবন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য তাঁকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তিনি ছিলেন শান্তির পক্ষে, ভায়োলেন্সের বিরুদ্ধে। এটি তাঁর কবিপ্রকৃতি। তাঁর সামনে তিনি ঝরে যেতে দেখেছেন অনেক তাজা প্রাণ। নীরবে অশ্রু ফেলেছেন আর শহীদ বন্ধুদের নিয়ে শোককাব্য (এলিজি) রচনা করেছেন।

হিনির জন্ম উত্তর আয়ারল্যান্ডের ডেরি কাউন্টিতে এক ক্যাথলিক পরিবারে ১৯৩৯ সালের ১৩ এপ্রিল। পিতা প্যাট্রিক হিনি ছিলেন কৃষক। নয় ভাইবোনের মধ্যে হিনি ছিলেন প্রথম। অত্যন্ত মেধাবী ছিলেন। পড়াশোনা শুরু আনাহরিশ প্রাইমারি স্কুলে। বারো বছর বয়সে বৃত্তি নিয়ে ভর্তি হন ডেরিতে অবস্থিত সেন্ট কলাম্ব'স কলেজে। পরে বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পাশ করে স্কুলশিক্ষতার পেশায় নিযুক্ত হন। পরে কুইন্সে এবং ক্যারিফোর্ট কলেজে চাকরি করেন। ১৯৮১-১৯৯৭ সময়কালে তিনি হার্ভার্ডে ভিজিটিং প্রোফেসর হিসেবে কাজ করেন। পড়িয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলিতে। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি অক্সফোর্ডে কবিতার অধ্যাপক ছিলেন। ১৯৭২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ডাবলিনের স্যান্ডিমাউন্টে বসবাস করেছেন। ১৯৬৫ সালের আগস্টে তিনি স্কুলশিক্ষিকা ম্যারি ডেভলিনকে বিয়ে করেন। ১৯৬৬ সালে তাদের প্রথম সন্তান মাইকেল এবং ১৯৬৮ সালে দ্বিতীয় সন্তান ক্রিস্টোফারের জন্ম হয়।

………….
………….

শেইমাস হিনির দুটি কবিতা

আইভিনের ঘুড়ি
(A Kite for Aibhín)

অন্য জীবন, স্থান ও কালের হাওয়া
হালকা নীল স্বর্গীয় বাতাসে
উড়ছে কার সাদা ডানা

আহা, ঘুড়ি! এক বিকেলে
ছেলেমেয়ে সবাই সমবেত
ব্রায়ারের কাটাঝোপে

আনাহরিশ পাহাড়ের কাছে একটু দাঁড়িয়ে
মাঠে ফিরে আসা
লম্বা লেজের ধূমকেতু উড়াতে

উড়ছে, ঘুরছে, গোত্তা খাচ্ছে
বাতাসে খেলা করছে
মর্ত্যে আমাদের হর্ষধ্বনি

আমার হাতে লাটাই
সুতায় বাধা চঞ্চল ফুল
উঁচুতে, উঁচুতে, আরো উঁচুতে

বুকের গভীরে আশা, মাটিতে গাঁথা পা
আকাশে নিবদ্ধ চোখ, হৃদয় দুরুদুরু
হঠাৎ সূতো ছিঁড়ে, মুক্ত, উধাও

ঘুড়ির উড্ডয়ন, একাকী, আহ্লাদে।

জলাভূমি
(Bogland)

আমাদের কোনো বিস্তীর্ণ তৃণভূমি নেই
সন্ধ্যায় সূর্যকে দু'ভাগ করতে
যেদিকেই চোখ যায়
আনত দিগন্ত

সাইক্লোপসের চোখের হ্রদে বন্দি
আমাদের সীমানাচিহ্নহীন দেশ
জলাভূমি, সূর্যের চোখে জমা
শক্ত আবরণ

গ্রেট আইরিশ এল্কের
গভীর গর্ত থেকে
কঙ্কাল নিয়েছে তুলে কারা
বাতাস ভর্তি আশ্চর্য বাক্স

শত বছরের পুরনো মাখন
উঠে আসে লবনাক্ত, সাদা
মাটিও সেকরম
কালো মাখন

পায়ের নিচে গলছে খুলছে
সংজ্ঞায় যায়নি পাওয়া
লক্ষ বছরেও
এখানে মাটি খুঁড়লে কয়লা বেরুবে না

জলে আবদ্ধ মণ্ডের মতো নরম
বিশাল ফারবৃক্ষের গুড়ি
আমাদের পূর্বপুরুষেরা আঘাত করছে
ভিতরে নিচ থেকে

প্রতিটি আস্তরণ সরালে পাওয়া যায়
আগেকার বসতির চিহ্ন
গর্তে গর্তে উপচানো আটলান্টিক
ভেজা কেন্দ্র তলাহীন।

………….
………….

কাব্যপাঠে হিনি টেড হিউজ, প্যাট্রিক কাভানা ও রবার্ট ফ্রস্ট দ্বারা অনুপ্রাণিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ইলেভেন পোয়েমস প্রকাশিত হয় ১৯৬৫ সালে কুইন্স ইউনিভার্সিটি ফেস্টিভ্যাল উপলক্ষে। ফেবার এন্ড ফেবার থেকে ১৯৬৬ সালে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ ডেথ অব এ ন্যাচারেলিস্ট। এটি মূলত তাঁর বাল্যজীবনের স্মৃতিচারণ। গ্রন্থটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং তাঁকে এনে দেয় জেফ্রি অ্যাওয়ার্ড ফর ইয়াং রাইটার্স। তাঁর অন্যান্য কবিতার বইগুলোর মধ্যে আছে Door into the Dark (১৯৬৯), Wintering Out (১৯৭২), North (১৯৭৫), Field Work (১৯৭৯), Sweeney Astray: A Version From the Irish (১৯৮৩), Station Island (১৯৮৪), New Selected Poems 1966-1987 (১৯৯০), Poems 1965-1975 (১৯৮০), The Haw Lantern (১৯৮৭), Seeing Things (১৯৯১), The Midnight Verdict (১৯৯৩), The Spirit Level (১৯৯৬), District and Circle (২০০৬) এবং Human Chain (২০১০)।

হিনি শুধু বিশ্ববিখ্যাত কবিই ছিলেন না। তিনি ছিলেন চৌকস অনুবাদক, গদ্যকার এবং ব্রডকাস্টার। তিনি ২০০৯ সালে অনুবাদ করেন অ্যাংলো-স্যাক্সন মহাকাব্য বেউলফ, যার জন্য লাভ করেন হুইটব্রেড প্রাইজ। তিনি সফোক্লিসের ট্রাজেডি ফিলেকটেটিস অনুবাদ করেন দ্য কিয়োর অ্যাট ট্রয় নামে, যা ফিন্ড ডে-র মাধ্যমে মঞ্চস্থ হয় আইরিশ মঞ্চে। এছাড়া তিনি স্টানিসল বারানজাকের সঙ্গে যৌথভাবে অনুবাদ করেন Laments: Poems of Jan Kochanowski (১৯৯৫)। Crediting Poetry: The Nobel Lecture (১৯৯৬) এবং The Redress of Poetry: Oxford Lectures (১৯৯৫) তাঁর কাব্যসমালোচনাগ্রন্থ। তাঁর অন্যান্য গদ্যের বইগুলোর মধ্যে আছে Homage to Robert Frost, with Joseph Brodsky and Derek Walcott (১৯৯৬), Preoccupations: Selected Prose 1968-1978 (১৯৮০), The Fire i' the Flint: Reflections on the Poetry of Gerard Manley Hopkins (১৯৭৫), The Government of the Tongue: Selected Prose 1978-1987 (১৯৮৮) এবং The Place of Writing (১৯৮৯) ।


হিনি সাহিত্যে নোবেল পান ১৯৯৫ সালে। নোবেল সাইটেশনে উল্লেখ করা হয় তাঁর 'লিরিক্যাল বিউটি ও এথিক্যাল ডেপথ'-এর কথা। তাঁর কবিতায় লিরিক্যাল বিউটি আসে সংবেদনশীল শব্দচয়ন ও অনুপম উপমার সাহচর্যে। এথিক্যাল ডেপথ প্রতিফলিত হয় তাঁর সমাজচিন্তন ও মানবিক বোধের লালনে। এদিক থেকে তিনি চিলির প্রবাদপ্রতিম কবি পাবলো নেরুদার সঙ্গে তুলনীয়। নোবেল ছাড়াও তিনি আরো বহুবিধ সম্মানে ভূষিত। এর মধ্যে আছে জেফ্রি ফেবার মেমোরিয়াল প্রাইজ (১৯৬৮), ই. এম. ফর্স্টার অ্যাওয়ার্ড (১৯৭৫), পেন ট্রান্সলেশন প্রাইজ (১৯৮৫), গোল্ডেন রেথ অব পোয়েট্রি (২০০১), ডেভিড কোহেন প্রাইজ (২০০৯) এবং ফরোয়ার্ড পোয়েট্রি প্রাইজ (২০১০)।

ইয়েটসের পর শেইমাস হিনিই আয়ারল্যান্ডের সবচেয়ে বড় কবি। ইয়েটসের মতোই তিনি ঐতিহ্য-অনুসারী হয়েও আধুনিক। হিনির সঙ্গে জীবনানন্দ দাশের অপূর্ব মিল খুঁজে পাওয়া যায়। গ্রামগাথা ও নাগরিক বীক্ষণের এক অপূর্ব সংশ্রব হিনির কবিতায় দীপ্যমান। তাঁর Death of a Naturalist এবং Door into the Dark পাঠ করলে বাংলার প্রকৃতির কথা মনে আসে। অন্যান্য ইংরেজী ভাষার কবিদের চেয়ে তাই তাঁকে অনেক বেশি চেনা, অনেক বেশি আপন মনে হয়। আশা করি অমিত কবিসত্তা নিয়ে হিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।