২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অফসাইড’ সিনেমা নিয়ে নির্মাতা জাফর পানাহি’র সাক্ষাৎকার

afser_bepul

Published : 24 Mar 2011, 11:34 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

জাফর পানাহি'র সাক্ষাৎকারটি নিয়েছেন ক্রিস উইজনস্কি, প্রকাশিত হয়েছে ত্রৈমাসিক ফিল্ম জার্নাল 'রিভার্স শট'-এর ১৯ ইস্যুতে, ২০০৬ সালে। জাফর পানাহি ২০০৬ সালে 'অফসাইড' তৈরি করেন। বর্তমান সাক্ষাৎকারটি মূলতঃ 'অফসাইড' সিনেমাটি নিয়ে। 'অফসাইড'-এর উপর ক্রিস উইজনস্কি'র ছোট একটি ব্রিফ এবং সাক্ষাৎকারটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন আফসার বিপুল।–বি.স.]


………….
জাফর পানাহি, জন্ম: ১১জুলাই ১৯৬০, মেয়ানেহ, পূর্ব আজারবাইজান
………….

বছরের (২০০৬) একটি সেরা ছবিতে দেখা যায়, তরুণীদের একটি দল ছেলেদের মত পোশাক পরে গোপনে তেহরানের আজাদি স্টেডিয়াম-এর দিকে রওনা দেয়; সেখানে ইরান ও বাহরাইনের মধ্যে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী খেলা হবে, সেটি দেখাই তাদের উদ্দেশ্য। এই তরুণীরা (সচেতনভাবে) নারীবাদী নন এবং যা আরো গুরুত্বপূর্ণ, তাদের এই বেপরোয়া যাত্রা কোন রাজনৈতিক কর্মসূচিও নয়। এরা নিছক সকারের ভক্ত। খেলাটি দেখতে চাওয়ার কারণ তারা তাদের দেশের পক্ষে সমর্থন দিতে চাচ্ছিল। জাতীয়তাবাদী সমর্থকদের কাতারে সামিল হওয়ার বাইরে তাদের আর কোন উদ্দেশ্য ছিলো না। যে দেশকে তারা বাড়ি বলে সেই দেশের পক্ষে উল্লাস করতে চাচ্ছিল তাঁরা, যদিও সেই দেশ আইন করে এ ধরনের পাবলিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে।–'অফসাইড'-এর উপর ক্রিস উইজনস্কি'র ব্রিফ
—————–

ক্রিস উইজনস্কি: অভিনন্দন! আরো একটি দুর্দান্ত ছবি। আমি আপনার সব ছবির দারুণ ভক্ত। এত নিবিড়ভাবে লেগে থেকে একের পর এক এরকম হৃদয়গ্রাহী কাজ! সত্যিই অসাধারণ।

জাফর পানাহি: ধন্যবাদ। আমি নিজের জন্য ঠিক করে নিয়েছি—আমার শুধু ভাল ছবি তৈরি করাই উচিত হবে। যদিও একটি ছবি তৈরি করতে এখন আমার তিন বছরের মত সময় লাগছে, আন্তরিকভাবে চেষ্টা করছি আমি আমার কাজে সম্ভাব্য সেরা মান এ পৌঁছতে।

ক্রিস উইজনস্কি: 'অফসাইড' ছবির অনেক বিষয়ই আপনার অন্যান্য অনেক কাজের মধ্যে আছে। তারপরও এর এমন একটি দিক আছে যাতে করে দর্শকরা সহজেই এর গভীরে ঢুকে যেতে পারে। ফুটবল খেলাকে ঘিরে আবর্তিত হওয়ায় ছবিটির কাহিনী-ধারা বেশ পরিষ্কার। ছবিটি দেখার তৃপ্তি দ্যা সার্কেল, দ্যা মিরর-এর তুলনায় অনেকটা নতুনই বলতে হবে। পেশাগত জীবনের এই পর্যায়ে এসে কী আপনাকে বিশেষ এই কাহিনীতে আকৃষ্ট করলো?

জাফর পানাহি: আপনি জানেন আমি ওই সমাজেই বাস করি। চারপাশে যা দেখি আর যা আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে আমার কাজের সমস্ত উপাদান তা থেকেই আসে। এই ছবির উপাদানও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই পাওয়া। কয়েক বছর আগে একটি ফুটবল খেলা দেখতে চাওয়া থেকে এর শুরু। ফুটবলের একটি ম্যাচ দেখার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমার বারো বছরের মেয়ে ধরে বসল—সেও যাবে। তাকে বললাম, 'নিশ্চিতভাবেই তারা তোমাকে ভেতরে ঢুকতে দেবে না, অযথা কেন যেতে চাচ্ছ?' ও বলল, 'আমার কৌতূহল হচ্ছে'। আমার মেয়ে ফুটবল খেলার ভক্ত নয়। কিন্তু সে জানতে কৌতূহলী ছিল—ঠিক কি দেখা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা স্টেডিয়ামে গেলাম; আর যা ভেবেছিলাম, গেটে আমাদের আটকে দিল। শুধু আমি ভিতরে ঢোকার অনুমতি পেলাম। আমার মেয়ে বলল, 'আমার জন্য চিন্তা করো না, আমি কোন একটা ব্যবস্থা করব'। দশ মিনিটের মত সময় পার হতেই হঠান আমার মেয়ে ভিতরে এসে আমার সাথে যোগ দিল। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, 'তুমি কিভাবে ভিতরে ঢুকলে?' সে উত্তর দিল, 'ইচ্ছা থাকলে উপায় হয়।' বললাম 'বেশ, সত্যি বলতো কি করেছ তুমি?' কিন্তু সে কিছু জানাতে অস্বীকার করল। সে যদি কোন চালাকি বা ফন্দি করে এটা সম্ভব করে, তাহলে, কি সেই চালাকি? এখনও পর্যন্ত আমি জানি না—কিভাবে সে ভিতরে ঢুকেছিল। এই ঘটনাই আমাকে বিষয়টি নিয়ে ছবি করায় অনুপ্রাণিত করল ।


দেখুন 'অফসাইড'-এর অংশবিশেষ

ক্রিস উইজনস্কি: এই ছবির অন্যতম অপ্রত্যাশিত দিক তরুণী ও সৈনিকদের মাঝে খাতির তৈরি হওয়ার বিষয়টি; তারা প্রায় একটি বন্ধুত্বপূর্ণ বিতর্কে জড়িয়ে পড়ে। এর কতটা চিত্রনাট্যে লিখিত ছিল আর কতটা অভিনয় শিল্পীদের ইম্প্রোভাইজেশন? কিভাবে এই সম্পর্কের উদ্ভব হল?

জাফর পানাহি: ইরানে, ১৮ বছর বয়স হলে আর্মিতে যোগ দেওয়া বাধ্যতামূলক। তাই আর্মিতে যোগ দেওয়া মানেই সরকারের প্রতিনিধিত্ব করা নয়। তারা ইরানি সমাজেরই একটি অংশ। এই কারণে তারা কিছু আইন-কানুনের সাথে যেমন একমত আবার কিছু আইনকানুনের সাথে দ্বিমত পোষণ করে। এ কারণে সাধারণ মানুষের সাথে তারা খোলামেলা-ভাবে মিশতে পারে। সহজেই সাধারণ মানুষের প্রতি তাদের সহানুভূতি কাজ করে। এই তরুণীরাও সেনাদের সীমাবদ্ধতা সম্পর্কে ভালভাবে জানে। তাই তরুণীদের একজন—যে গোপনে সরে পড়েছিল, সে আবার ফিরে আসে। সে উপলব্ধি করে যদি সে দৌড়ে পালিয়ে যায় তাতে সৈনিকদের জন্য জটিল কোন পরিস্থিতি তৈরি হতে পারে। সৈনিক ও তরুণী, উভয়ই সামাজিক বিধিনিষেধের জালে আটকা-পড়া।

ছবিতে যে ধরনের বৈষম্য দেখানো হয়েছে তা সবার ওপরই ছাপ ফেলে আর পুরো সমাজের উপরই এর কতগুলো প্রতিক্রিয়া আছে। এ কারণেই, নারী অধিকারের পক্ষে যখন কোন প্রতিবাদ মিছিল হয়, আপনি দেখবেন, সেখানে ইরানি পুরুষরাও অংশগ্রহণ করছে। এতে প্রকাশ পায়, পুরুষরা নারীদের অধিকারের ব্যাপারে সহানুভূতিশীল, আর এই প্রতিরোধ সংগ্রামে তারা নারীদের সাথে কণ্ঠ মিলায়।

আমি আপনাকে বলতে পারি, আমরা যখন এই ছবির শ্যুটিং শুরু করি তখন চিত্রনাট্যের মাত্র পঞ্চাশ ভাগ ঠিক করা ছিল। স্ক্রিপ্টের অর্ধেকটাই শুধু ঠিক করা গিয়েছিল, কারণ খেলার ফলাফল কি হবে আমরা সেটি জানতাম না। আমরা শুধু জানতাম ছবির বাকি অংশ খেলার ফলাফলের উপর নির্ভর করবে। আর, শ্যুটিং করতে করতে উপলব্ধি করলাম এখানে সৈনিকদের ভূমিকাটা আরো বাড়ানোর সুযোগ আছে। তাই তাদের কিছু জায়গা ছেড়ে দিলাম আমরা। এতে তাদের ব্যক্তিত্ব, মতামত ও দৃষ্টিভঙ্গি উঠে এলো। এভাবে ধাপে ধাপে তাদের উপস্থিতি কিছুটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো।

ক্রিস উইজনস্কি: ছবিটি কিছুটা সরল হলেও নির্মাণ কৌশল দুর্দান্ত। দৃশ্যগুলি বেশ দীর্ঘ ও সুর সংযোজনা শক্তিশালী। আর কাহিনীর সাথে খেলাটির গাঁথুনি হয়েছে চমৎকার। ছবির শ্যুটিং প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাচ্ছি? কতটুকু দৃশ্য পরিকল্পনা করে রেখেছিলেন? প্রতিদিন শ্যুটিং শুরুর আগে, আপনি কি নিশ্চিত ছিলেন প্রতিটি দৃশ্য গ্রহণ (টেক) থেকে আপনি ঠিক কি চাচ্ছেন?

জাফর পানাহি: ছবির কাহিনীটি ডকুমেন্টারি ধরনের। আমরা জানতাম নির্দিষ্ট কিছু দৃশ্য খেলা চলার দিন ধারণ করতে হবে, আর এই দৃশ্যগুলোই ছবিতে তথ্যচিত্রের অনুভূতি এনে দেবে, যা দর্শক গ্রহণ করবে। ছবিটি বানাতে শুরু করে বুঝতে পারি বেশ সীমাবদ্ধতার মধ্যে আছি। আগের ছবিগুলোতে যে রকম পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আমার, এখানে সে রকম সম্ভব ছিল না। এখানে আমার অন্যান্য ছবির মত মিজ-অঁ-সেন (mise-en-scene) ধরনের ব্যবস্থার স্টেজ করা সম্ভব ছিল না। কারণ আমি জানতাম এ ছবিটিতে ডকুমেন্টারির অনুভূতিটা রাখতে পারতে হবে। একই সাথে, এটি ছিল এমন এক ধরনে ছবি নির্মাণ প্রচেষ্টা যা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর মাধ্যমে আমি আগে যেভাবে কাজ করেছি তা থেকে বের হয়ে আসতে চাইছিলাম। তাই যে ধরণের স্টাইল আমি ছবিটিতে দাঁড় করাতে চাচ্ছিলাম তার জন্য পরিস্থিতির সাথে বোঝাপড়া করে নেওয়ার একটি ব্যাপার ছিল।

শ্যুটিং চলাকালে আর স্টেজ সাজানের সময় আমার মধ্যে অনেক আইডিয়া কাজ করছিল, কিন্তু আমি শুধু এই আইডিয়াগুলোর মধ্যেই আটকে থাকিনি। জানতাম অনেক কিছু হবে, যে আইডিয়াই আমার মধ্যে থাকুক না কেন যে কোন মুহূর্তে যে কোন ধরনের পরিবর্তনের জন্য আমাকে প্রস্ত্তত থাকতে হবে। ঘটনাপ্রবাহের সাথে তাল মিলিয়ে কাজ করে যাওয়া আর কি। একটি উদাহরণ দেই, ছবির প্রথম দিকে এক দৃশ্যে—যেখানে মেয়েটি একটি টিকেট ও পোস্টার কিনছে স্টেডিয়ামে ঢোকার জন্য। যা বললাম হুবহু তাই আমরা শ্যুট করতে চাচ্ছিলাম। কিন্তু যখনই সে স্টেডিয়ামের দিকে হাঁটা শুরু করল, হঠাৎ হাওয়া থেকে কে একজন তার মাথার হ্যাটটি খুলে নিল, আর সে চারপাশে তাকাল। একই সাথে সে দৃশ্যের বাইরে আমার দিকে তাকাল। কারণ, কোন লোক টুপি খুলে নেবে এমনটা আমাদের স্ক্রিপ্টে ছিল না। লোকজনের জটলার মধ্যে কাজ করলে এমনটি হতেই পারে। তাই যখন সে আমার দিকে তাকাল, আমি তাৎক্ষণিক ভাবে চিন্তা করলাম,'ওয়েল, এখন আমার কি করা উচিত?' তাই তাকে বললাম সোজা দৌড় দিয়ে চলে যেতে। আর সে তাই করল। এই দৃশ্যে এটি একটি স্বতঃস্ফূর্তভাবে ঘটা ব্যাপার ছিল। কিন্তু এটিই আমাকে নির্দেশনা দিল পরবর্তী দৃশ্যে আমাকে কি করতে হবে। আর এটি ছিল সে দৌড়াতেই থাকবে আর দৌড়াতে দৌড়াতে অন্য কোথাও চলে যাবে। যে শটের কথা বললাম এই শটটি ফুটবল খেলার দিনটিতেই গ্রহণ করা হয়েছিল।

ক্রিস উইজনস্কি: এবারে ফিরে যাই প্রথম দিকে আপনার বলা একটা বিষয়ে; আপনার সব ছবির থিমই কোন না কোনভাবে সামাজিক সীমাবদ্ধতাগুলো ঘিরে—লিঙ্গ অথবা শ্রেণী, কোন একটি। আপনার চরিত্ররা সীমাবদ্ধতাগুলির সাথে টানাপোড়েনে যুক্ত হয় এবং সীমাবদ্ধতার মধ্যেই চরিত্রগুলি স্থাপিত হয়। আমি বিস্মিত হয়ে ভাবি: আপনি কি নিজেকে অ্যাকটিভিস্ট ফিল্মমেকার বলে বিবেচনা করেন?

জাফর পানাহি: না, এর বিপরীত, আমি আমাকে একজন সামাজিকভাবে দায়বদ্ধ চলচ্চিত্র নির্মাতা মনে করি, রাজনৈতিক এজেন্ডাধারী কেউ না। আমি খুবই সচেতন, আমাদের সামাজিক সমস্যাগুলোর সাথে রাজনীতি জড়িত। আর দেশের রাজনৈতিক সমস্যা থেকেই এগুলোর উদ্ভব। কিন্তু আমি চাই না বিষয়গুলো আমার ছবিকে প্রভাবিত করুক। আর তাই আমি রাজনৈতিক ছবি বানাই না। কারণ আমি বুঝি যে, যখন আপনি একটি রাজনৈতিক ছবি বানাবেন, তখন ব্যাপারটি হয় এ রকম যেন—আপনি আপনার ছবিতে একটা এক্সপায়ার ডেট বসিয়ে দিলেন। আর একটা মহৎ রাজনৈতিক ছবি বানানোর চেষ্টা আমার সাথে সিনেমার দূরত্ব তৈরী করে দেবে আর ছবিতে যে ধরনের ক্ষমতার বিষয়ে আমি আলোকপাত করতে চাই তা আমাকে ত্যাগ করতে বাধ্য করবে। আমি মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে আগ্রহী। এটা আমি রক্ষা করতে চাই এবং আমার ছবির ক্ষেত্রেও এটা চাই। সে কারণেই আপনি আমার ছবিতে এ ধরনের চরিত্র পাবেন না, যারা পুরোপুরি শয়তান অথবা যারা দেবদূতের মত, খাঁটি ভাল মানুষ অথবা আদ্যপান্ত খারাপ মানুষ। সেনাবাহিনী থেকে আসা চরিত্রগুলোরও দেখবেন ন্যূনতম মানবিক গুণাবলী আছে।

ক্রিস উইজনস্কি: মনে হচ্ছে আমেরিকার দর্শকদের জন্য ছবিটি দেখা খুব সময়োচিত হয়েছে। বিশেষ করে সামরিক ডামাডোলের মধ্যে ছবিটি ইরানে বহুমতের চর্চা আর চলতে থাকা সত্যিকারের সামাজিক বিতর্কগুলো দেখিয়ে দিল। বিশেষতঃ আপনি বলছিলেন কোন নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে নাক গলানের জন্য আপনি ছবি বানান না, কিন্তু আমেরিকায় আপনার এই ছবি মুক্তি দেওয়া সময়ের বিচারে খুব প্রাসংগিক, আপনার কেমন লাগছে?

জাফর পানাহি: আমার ছবি আমার নিজের বিশ্বাসের প্রতিফলন ঘটায়। আমার ছবির চরিত্ররা সবাই আমার সেই ব্যক্তিগত বিশ্বাসের রূপক। এই ছবিগুলো আমেরিকা অথবা অন্য কোন দেশে দর্শকরা কিভাবে নিচ্ছে তার ওপর আমার কোন নিয়ন্ত্রণ নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশের মানুষেরা সভ্য মানুষ। নিজেদের অধিকারের সংগ্রাম শুরু করার মত শিক্ষা ও বুদ্ধিমত্তা তাদের আছে, একইসাথে তাদের চাহিদা পূরণের সামর্থ্যও তাদের আছে। আমাদের দেশে কোন পরিবর্তন যদি হয় তা হবে মানুষের উপলব্ধির ফলে, মানুষের নিজস্ব জ্ঞানে, কোন পরিস্থিতিকে তারা কিভাবে মোকাবেলা করতে চায় তার ভিত্তিতে। আমি জীবন দিয়ে প্রতিরোধ করব, কোন শক্তি বা কোন বাইরের দেশ যদি ইরান আক্রমণ আর সামরিক কায়দায় কোন অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা এরই মধ্যে এ ধরনের পদক্ষেপের ফলাফল দেখেছি, এতে ধ্বংস ছাড়া অন্য কোন লাভ হয় না। আমার ছবিতে আপনি তরুণীদের সাথে সৈনিকদের যে রকম কথোপকথন শুনেছেন, আমাদের সমাজের জন্য এটা নতুন কিছু নয়। এটি প্রায় প্রতিদিনের ঘটনা যা আপনি শুনতে পাবেন রাস্তায়, ভাড়া গাড়ীতে, বাসে; যেখানেই আপনি যাবেন, সর্বত্র। এই বিষয়গুলো নিয়েই আমাদের দেশবাসী কথা বলছে। দুর্ভাগ্যজনকভাবে দুটি শক্তি বিশ্বাস করতে অস্বীকার করছে, মানুষ নিজেদের সমস্যা সমাধানের মত যথেষ্ট বুদ্ধিমান। এর মধ্যে একটি বর্তমান ইরানের শাসকগোষ্ঠী, অন্যটি সেই বিদেশী শক্তি যারা তাদের নিজেদের স্বার্থে, ইরানের পরিস্থিতিকে সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করতে চাইছে। আর যে দুজন মানুষ এই দুই শক্তির প্রতিনিধি, তাদের একজন ইরানের আহমাদিনেজাদ আর অপর জন আমেরিকার জর্জ বুশ।

ক্রিস উইজনস্কি: ছবিটি যুক্তরাষ্ট্র আর ইরানের মাঝে মিলের জায়গা নিয়ে ভাবায়—দুই দেশের সমাজে যেনবা একই ধরনের রাজনৈতিক সংলাপ চলছে। আমি আশা করছি, যাঁরা ছবিটি দেখবে তারা বুঝতে পারবে ক্ষমতাসীন দলের ভাষ্যই সেই সমাজের সবার প্রতিনিধিত্ব করে না।

জাফর পানাহি: আশা করি আমেরিকার জনগণ আপনার দৃষ্টিভঙ্গির সাথে সহমত হয়ে একইরকম অনুভব করবে। এবং শেষ পর্যন্ত হয়তো এই শক্তিগুলি তাদের চৈতন্য ফিরে পাবে।

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts