২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাপের নামউম্‌বের্তো একো

জি এইচ হাবীব জি এইচ হাবীব

Published : 31 Dec 2010, 10:24 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
umbertoeco-334.jpg


উম্‌বের্তো একো

অনুবাদ: জি এইচ হাবীব

লিংক: কিস্তি ১
———————————————————————————
ধারাবাহিক উপন্যাস । কিস্তি ৬
———————————————————————————
(কিস্তি ৫-এর পরে)
যেটা আদেল্‌মোর কাজের জায়গা ছিল সেদিকে এগোলাম আমরা, অত্যন্ত চমৎকারভাবে অলংকৃত একটি স্তোত্রসংগ্রহের (psalter, সলটার) কিছু পৃষ্ঠা তখনো প'ড়ে ছিল সেখানে। ওগুলো ছিল সবচেয়ে উৎকৃষ্ট ভেলামের, অর্থাৎ কিনা, সমস্ত পার্চমেন্টের রাণীর কিছু ফোলিও[১১২], আর শেষটা তখনো সাঁটা ছিল ডেস্কের সঙ্গে। স্রেফ ঝামাপাথর দিয়ে ঘষে আর চুন দিয়ে নরম ক'রে,

Image
nor_15.jpg


র‌্যাদা দিয়ে মসৃণ করা হয়েছে পাতাগুলো, আর সূক্ষ্ম একটা স্টাইলাস দিয়ে দুই পাশে যে ছোট ছোট ছিদ্র করা হয়েছে সেখান থেকে শিল্পীর হাত সোজা রাখার জন্যে রেখা টানা হয়েছে। প্রথম অর্ধেকটায় এরিমধ্যে লেখা হয়ে গিয়েছিল, আর সন্ন্যাসীটি মার্জিনে অলংকরণ করতে শুরু করে দিয়েছিল। অন্য পৃষ্ঠাগুলো অবশ্য এরমিধ্যে শেষ হয়ে গিয়েছিল, এবং সেগুলোর দিকে তাকিয়ে আমি বা উইলিয়াম কেউই বিস্ময়ের একটা চিৎকার রোধ করতে পারলাম না। এই স্তোত্র সংগ্রহের মার্জিনে এমন একটা দুনিয়ার চিত্র আঁকা হয়েছে যা আমাদের ইন্দ্রিয়গুলো যে-বিশ্বের প্রতি আমাদের অভ্যস্ত করে তুলেছে সেটার ঠিক উল্টো একেবারে। যেন, সংজ্ঞা অনুসারেই যা সত্য সম্পর্কিত একটি ডিসকোর্স, সেটার প্রান্তে, সেটার সঙ্গে ঘনসন্নিবদ্ধ অবস্থায়, অত্যাশ্চর্য সব in anigmate[১১৩] পরোক্ষে উল্লেখের মাধ্যমে, একটা উল্টোপাল্টা বিশ্বকে নিয়ে মিথ্যার একটি ডিসকোর্স-এর সৃষ্টি হয়েছে, যেখানে খরগোশের তাড়া খেয়ে কুকুর পালায়, হরিণ করে সিংহ শিকার। খুদে খুদে পাখির-পা মাথা, পেছনে মানুষের হাত বিশিষ্ট জন্তু জানোয়ার, ঘনচুলঅলা মাথা যা থেকে পা বেরিয়ে আছে, জেব্রা-র ডোরা-কাটা ড্রাগন, হাজারো জটিল গিঁঠ বিশিষ্ট সর্পিল কাঁধঅলা চারপেয়ে, বয়স্ক মর্দা লাল হরিণের শিং বিশিষ্ট বানর, ঝিল্লিময় ডানা বিশিষ্ট বনমোরগের আকৃতির সাইরেন, পিঠ থেকে কুঁজের মতো বেরিয়ে থাকা অন্য মানবশরীর বিশিষ্ট বাহুহীন মানুষ, পেটে দাঁতভর্তি মুখ বিশিষ্ট দেহ, ঘোড়ার মুখ বিশিষ্ট মানুষ, আর মানুষের পা বিশিষ্ট ঘোড়া, পাখির ডানাঅলা মাছ, আর মাছের লেজবিশিষ্ট পাখি, এক দেহ দুই মাথা বা এক মাথা দুই দেহঅলা দত্যি দানো, মোরগের লেজ আর প্রজাপতির ডানাঅলা গরু, মাছের পিঠের মতো আঁশঅলা মাথাসহ নারী, গিরগিটির শুঁড়ের সঙ্গে পেঁচানো ড্রাগনফ্লাইয়ের দুই মাথাঅলা কিমেরা[১১৪], সেন্টর, ড্রাগন, হাতী, গাছের ডালে সটান হয়ে থাকা ম্যান্টিকোর[১১৫], গ্রাইফন[১১৬] – যেটার লেজ হয়ে গেছে যুদ্ধংদেহী এক ধনুর্ধর, অন্তহীন কাঁধবিশিষ্ট নারকীয় জন্তু-জানোয়ার, মানববৈশিষ্ট্য সম্বলিত জন্তু আর জন্তু-জানোয়ারের বৈশিষ্ট্য সম্বলিত বামন-মানুষের যুক্তাবস্থার ক্রম, কখনো একই পৃষ্ঠায়, গ্রামীণ জীবনের ছবিসহ, যেখানে আপনি দেখতে পাবেন মাঠের সমস্ত জীবন, কৃষক, ফল সংগ্রাহক, ফসল সংগ্রাহক, শেয়ালের পাশে বীজ বপনকারী, ক্রসবো সজ্জিত মার্টেন[১১৭]] যারা বানর সুরক্ষিত এক টাওয়ার্ড সিটি-র বুরুজের ওপরের শহরের দেয়াল বেয়ে উঠছে, ইত্যাদি সব এমন অসাধারণ প্রাঞ্জলতায় আঁকা হয়েছে যেন মনে হচ্ছে সব জীবন্ত। এখানে একটা প্রাথমিক হরফ, একটা L এর ভেতরে বাঁকা হয়ে ঢুকে নিচের দিকে একটা ড্রাগন সৃষ্টি করেছে; আবার ওখানে বিশাল একটা V যেটা দিয়ে verba[১১৮] শব্দটা শুরু হয়েছে, সেটা তার শুঁড় থেকে একটা স্বাভাবিক লতাঙ্কুরের মতো হাজারো কুণ্ডলী বিশিষ্ট একটা সাপ তৈরি করেছে যেটা আবার পাতা আর ঝাড়ের মতো আরো অনেক সাপের জন্ম দিয়েছে।

স্তোত্রসংগ্রহের পাশেই ছিল, দৃশ্যত মাত্র কিছুক্ষণ আগে শেষ হওয়া, একটি দুর্দান্ত বুক অভ আওয়ার্স[১১৯], সেটা এতোই ছোট যে হাতের তালুর ওপর দিব্যি এঁটে যায়। লেখাগুলো খুদে খুদে; প্রথম দর্শনে যেগুলো চোখে পড়েই না বললে চলে মার্জিনের সেই অলংকরণগুলো দাবি করছিল সেগুলোকে যেন তাদের সমস্ত সৌন্দর্য প্রকাশের স্বার্থে কাছ থেকে খুব ভালোভাবে দেখা হয় (এবং লোকে এই ভেবে বিস্মিত না হয়ে পারবে না যে শিল্পী কোন অতিমানবিক হাতিয়ার দিয়ে এসব এঁকেছেন যা এতো সংকীর্ণ একটা জায়গায় এমন প্রাঞ্জল প্রভাব ফুটিয়ে তুলেছে।)। বইটার সমস্ত মার্জিনে খুদে খুদে আকারের আগ্রাসন, যার একটি থেকে আরেকটি জন্ম নিয়েছে, যেন প্রাকৃতিক প্রসারের নিয়মে, দুর্দান্তভাবে আঁকা হরফগুলোর প্রান্তস্থিত স্ক্রলগুলো থেকে: সামুদ্রিক সাইরেন, উড়ন্ত হরিণ, কিমেরা, বাহুহীন মানব ধড়, যেগুলো খোদ পঙ্‌ক্তিগুলোর শরীর থেকে উদ্যানকীটের মতো আবির্ভূত হয়েছে। একপর্যায়ে, যেন তিনবার তিন লাইনে পুনরাবৃত উচ্চারণ 'Sanctus Sanctus Sanctus[১২০]' এর ধারাবাহিকতা বজায় রাখতে মানুষের মাথাঅলা তিনটে হিংস্র মূর্তি দেখতে পাবেন আপনি, যার মধ্যে দুটো বেঁকে রয়েছে, একটি ওপর দিকে অন্যটি নিচে, এমন এক চুম্বনে সাড়া দিতে যাকে অশালীন না বলে পারতেন না, যদি না আপনি এ-ব্যাপারটা বুঝতে রাজি হতেন যে সুস্পষ্ট না হলেও একটা গভীর আধ্যাত্মিক অর্থ নিশ্চয়ই অমন একটা জায়গায় ওই অলংকরণটাকে যথার্থতা দান করেছে।

পৃষ্ঠাগুলো ওল্টাতে ওল্টাতে একটা নীরব সমীহ আর উচ্চহাস্যের মধ্যে দোটানায় পড়ে যাচ্ছিলাম আমি, কারণ সেই অলংকরণ স্বভাবতই কৌতুকের উদ্রেক করছিল, যদিও সেগুলো ভাষ্য দিচ্ছিল পবিত্র পৃষ্ঠাবলীর। ব্রাদার উইলিয়াম মুখে হাসি নিয়ে সেগুলো ভালো করে দেখলেন, তারপর মন্তব্য করলেন, 'বেবুন: আমাদের দেশে এগুলোকে এ-নামেই ডাকে।'

'বেবুইন: গল দেশে ওরা ওদেরকে এই নামেই ডাকে,' মালাকি বললেন, 'আাদেলমো আপনাদের দেশে তার বিদ্যা শিক্ষা করেছিল, অবশ্য ফ্রান্সেও পড়াশোনা করেছিল সে। বেবুন: তার মানে আফ্রিকার বানর। এক উল্টো রাজ্যের ছবি, যেখানে বাড়িগুলো দাঁড়িয়ে থাকে স্টিপল-এর ওপর, আর জমিন আকাশের ওপরে।'

আমার দেশের ভাষায় শোনা কিছু পঙ্‌ক্তির কথা মনে পড়ল, সেগুলো না আউড়ে থাকতে পারলাম না:

Aller wunder si geswigen,
Das erde bimel bât uberstigen
Daz sult ir vür ein wunder wigen[১২১]

এবং মালাকি একই রচনা থেকে আউড়ে যেতে থাকলেন

Er ob un bimel unter,
Das sult ir bân besunder
Vür aller wunder ein wunder. [১২২]

'চমৎকার, অ্যাডসো,' গ্রন্থাগারিক বলে চললেন। 'সত্যি বলতে কী, এসব ছবি সেই দেশের কথা বলে যেখানে তুমি নীল হাঁসের পিঠে চেপে নামো, যেখানে বাজ পাখি স্রোতস্বিনীতে নেমে মাছ শিকার করে, ভালুক ফ্যালকনের পিছু নেয় আকাশে, গলদা চিংড়ি ওড়ে ঘুঘু পাখির সঙ্গে, আর তিন দৈত্য এক ফাঁদে ধরা প'ড়ে মোরগের ঠোকর খায়।'

মলিন একটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল তার ঠোঁটজোড়া। তখন অন্য সন্ন্যাসীরা, যারা এতোক্ষণ খানিকটা সংকোচের সঙ্গে কথোপকথনটা শুনছিল, তারা সবাই প্রাণভরে হেসে উঠল, যেন এতোক্ষণ তারা গ্রন্থাকারেরই অনুমোদনের অপেক্ষায় ছিল। অন্যরা হেসেই যাচ্ছে, হতভাগ্য আদেলমোর দক্ষতার যশগান করছে, আরো আজব আজব চিত্রের দিকে এক অন্যের দৃষ্টি আকর্ষণ করছে এসব দেখে তাঁর ভুরুজোড়া কুঁচকে উঠল। আর আমরা যখন সবাই তখনো হেসে চলেছি, তখন আমাদের পেছনে শুনতে পেলাম একটা গম্ভীর আর কঠোর কণ্ঠ:

'Verba vana aut risui apta non loqui'[১২৩]

ঘুরে দাঁড়ালাম আমরা। বক্তা এক সন্ন্যাসী, বয়েসের ভারে ন্যুব্জ তুষারশুভ্র এক বৃদ্ধ; কেবল গায়ের চামড়াই তার সাদা নয়, মুখ আর চোখের মণিও তাই। দেখলাম, তিনি অন্ধ। তারপরেও, তাঁর কণ্ঠটি আভিজাত্যপূর্ণ, আর শরীরটা জরাজীর্ণ হয়ে পড়লেও হাত-পা বেশ শক্তিশালী। এমনভাবে তাকিয়ে আছেন তিনি যেন দেখতে পাচ্ছেন আমাদের, আর এরপর তাঁকে সবসময়ই এমনভাবে চলাফেরা করতে দেখেছি যেন তিনি দৃষ্টিশক্তির অধিকারী।

সদ্যাগত মানুষটিকে দেখিয়ে উইলিয়ামকে মালাকি বললেন, 'বয়স আর প্রজ্ঞার দিক থেকে শ্রদ্ধেয় যে-মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বার্গস-এর ইয়র্গে। গ্রোত্তাফেরাতার আলিনার্দো ছাড়া মঠের অধিবাসী অন্য যে কারো চাইতে বেশি বয়েসী তাঁর কাছেই এখানাকার অনেক সন্ন্যাসী স্বীকারোক্তির গোপনীয়তায় তাদের পাপের ভার লাঘব করে।' এরপর বৃদ্ধ মানুষটির দিকে ফিরে তিনি বললেন, 'আপনার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বাস্কারভিলের ব্রাদার উইলিয়াম, আমাদের অতিথি।'

কাটা কাটা কণ্ঠে বৃদ্ধ মানুষটি বলে উঠলেন, 'আশা করি আমার কথাগুলো ক্রুদ্ধ করে তোলেনি তোমাকে। আমার কানে এলো লোকজন তুচ্ছ জিনিস নিয়ে হাসাহাসি করছে, তাই আমাদের নীতির একটি বিধির কথা তাদের স্মরণ করিয়ে দিলাম। আর স্তোত্র রচয়িতারা যেমনটি বলেছেন সন্ন্যাসীকে যদি তার নীরবতার প্রতিজ্ঞার কারণে সুবচন থেকে বিরত থাকতেই হয়, তাহলে কুবচন থেকে বিরত থাকার আরো বড় কারণ রয়েছে তার। তাছাড়া, কুবচনের মতো, কুপ্রতিচ্ছবিও রয়েছে। আর সেগুলো হচ্ছে তাই যা সৃষ্টির আকারের মধ্যে নিহিত থাকে, যা হওয়া উচিত তার উল্টোটা হিসেবে, যা সবসময়েই ছিল, আর যা সময়ের শেষ না হওয়া পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে হবে সেটা দুনিয়ার সামনে উপস্থিত হয়। কিন্তু তুমি ভিন্ন এক সম্প্রদায় থেকে এসেছো, যেখানে, আমি শুনেছি, আনন্দ-উল্লাসও প্রশয়ের চোখে দেখা হয়।'

বেনেডিক্টীয়রা আসিসির সন্ত ফ্রান্সিসের খামখেয়ালিপনা সম্পর্কে যা বলে বেড়াত সেসবেরই পুনরাবৃত্তি করছিলেন তিনি, অথবা সম্ভবত সেই সব উদ্ভট খামখেয়ালির কথা যেগুলোর অধিকারী হিসেবে তাদের গণ্য করা হয় যারা ফ্রান্সিসকান সম্প্রদায়ের সবচাইতে সাম্প্রতিক আর অস্বস্তিকর যেসব শাখা সেগুলোর প্রতিটি ধরনের ফ্রায়ার আর স্পিরিচুয়াল। কিন্তু ইঙ্গিতটা তিনি বুঝেছেন এমন কোনো লক্ষণ উইলিয়ামের মধ্যে দেখা গেল না।

তিনি জবাব দিলেন, 'মার্জিনের ছবিগুলো প্রায়ই হাসির উদ্রেক করে, কিন্তু সেসবের উদ্দেশ্য আত্মিক উন্নতি বিধান করা। হিতোপদেশের বেলাতে যেমন ধর্মপ্রাণ মানুষের কল্পনার কাছে পৌঁছাতে নানান exempla[১২৪]টানার প্রয়োজন হয়, যেগুলো প্রায়ই মজাদার হয়ে থাকে, ঠিক সেভাবে প্রতিচ্ছবি দিয়ে তৈরি ব্যাখ্যানেও এসব অকিঞ্চিৎকর ব্যাপারের অবতারণা করা হয়। প্রতিটি সদ্‌গুণ আর প্রতিটি পাপাচারণের জন্যে পশুকথামালা থেকে একটা করে উদাহরণ টানা হয়েছে; পশুদের উদাহরণ দিয়ে মানুষের জগতের কথা বলা হয়েছে।'

'তা তো বটেই,' ব্যঙ্গের স্বরে বললেন বৃদ্ধ, যদিও মুখে কোনো হাসি ফুটল না তাঁর। 'প্রতিটি ছবিই সদ্‌গুণ উদ্বুদ্ধ করার জন্যে অনুকূল, অবশ্য যদি সৃষ্টির চূড়ান্ত কৃতিকে হেঁটমুণ্ডু উর্ধ্বপদ বানিয়ে হাসির বিষয়ে পরিণত করা হয় তবেই। আর তাই ঈশ্বরের বাক্যকে অলংকৃত করা হয়েছে বীণাবাদনরত গর্দভ, ঢাল দিয়ে কর্ষণরত পেঁচা, চাষ করার জন্যে নিজেদের কাঁধে জোয়াল চাপিয়ে নেয়া ষাঁড়, উজানে ছুটে চলা নদী, আগুন লাগা দরিয়া, সন্ন্যাসী বনে যাওয়া নেকড়েকে দিয়ে। খরগোশ শিকারে যাও ষাঁড় নিয়ে, পেঁচা শেখাক ব্যাকরণ, কুকুর কামড়াক মাছিকে, একচক্ষু পাহারা দিক বোবাকে, বোবা চেয়ে খাক রুটি, পিঁপড়া বিয়োক বাছুর, উড়তে থাকুক আগুনে ঝলসে নেয়া মুরগি, ছাদে গজাক পিঠা, কাকাতুয়া দিক অলঙ্কারশাস্ত্রের পাঠ, মুরগি গর্ভ সঞ্চার করুক মোরগের, গরুর আগে চলুক গোশকট, কুকুর ঘুমাক বিছানায় আর সবাই হাঁটুক মাটিতে মাথা দিয়ে। এসব আবোলতাবোলের অর্থ কী?। স্বর্গীয় বিধান শিক্ষাদানের অছিলায় ঈশ্বরের প্রতিষ্ঠিত জগতের উল্টো আর বিপরীতের এই জগতের?'

উইলিয়াম বিনয়ের সঙ্গে বললেন, 'কিন্তু অ্যারোপেগাইটের[১২৫] শিক্ষা অনুযায়ী, ঈশ্বরকে কেবল সবচাইতে বিকৃত জিনিসগুলির নামেই আখ্যায়িত করা যায়। আর সন্ত ভিক্তরের হিউ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে উপমা যতোই বিসদৃশ হবে ততোই বেশি করে সত্য আমাদের কাছে উন্মোচিত হবে ভয়ার আর কুরুচিপূর্ণ আকৃতিগুলোর বেশে, আর কল্পনা ততোই আরো কম পরিতুষ্ট হবে কামজ সুখে, আর তার ফলে তা প্রতিচ্ছবিগুলার জঘন্যতার নিচে লুকিয়ে থাকা রহস্যগুলো উপলব্ধি করতে বাধ্য হবে…।'

'এই যুক্তির ধারাটা জানা আছে আমার। আর আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে ক্লুনীয় মোহান্তরা যখন সিস্টার্সীয়দের সঙ্গে লড়াই করছিল তখন এটাই ছিল আমাদের সম্প্রদায়ের প্রধান যুক্তি। কিন্তু সন্ত বেনেডিক্টের কথাই আসলে ঠিক। ঈশ্বর সম্পর্কিত বিষয়গুলি per speculaum et in aenigmate[১২৬] প্রকাশ করার জন্যে যে লোক দৈত্য-দানো আর প্রকৃতির অমঙ্গলসূচক জিনিস আঁকে, সে একটু একটু করে তার সৃষ্টি-করা উদ্ভটত্বের ভেতর দিয়েই সবকিছু দেখতে অভ্যস্ত হয়ে পড়ে। তোমাদের ক্লয়স্টারে স্তম্ভশীর্ষগুলোর দিকে একবার শুধু তাকিয়ে দেখো তোমরা, যাদের এখনো দৃষ্টিশক্তি আছে।' এবং তিনি হাত দিয়ে জানালার বাইরে, গির্জার দিকে ইঙ্গিত করলেন। 'ধ্যানে অভিনিবিষ্ট সন্ন্যাসীদের চোখের সামনে থাকা সব হাস্যকর, উদ্ভট জিনিসের ঐসব বিকটদর্শন আকৃতির আর সুডৌল বিকটের অর্থ কী হতে পারে? ঐসব অরুচিকর নরবানরের? ঐসব সিংহ, সেন্টরের, ঐসব অর্ধ-মানব প্রাণীর যাদের মুখ বসানো পেটে, পা একটা আর কানগুলো নৌকোর পালের মতো? ঐসব লড়াইরত যোদ্ধার, শিঙ্গায় ফুঁ দিতে থাকা শিকারী দলের, আর ঐসব একমাথাঅলা বহুদের আর বহুমাথাঅলা একদেহের? সাপের লেজঅলা চার-পেয়ের, আর চার পেয়েদের মুখঅলা মাছের, এখানে এক জন্তুর যার সামনেটা ঘোড়ার মতো, আর পেছনটা বানরের, ওইদিকে আরেকটা শিংঅলা ঘোড়ার, ইত্যাদির, ইত্যাদির? এখন যে-অবস্থা তাতে একজন সন্ন্যাসীর পক্ষে পাণ্ডুলিপি পাঠের চাইতে মার্বেল পাথরের মূর্তিপাঠ আর ঈশ্বরের আইনের চাইতে মানুষের কীর্তির গুণগান করাই বেশি আনন্দদায়ক। ধিক্। তোমাদের নজরের কামনা, আর তোমাদের হাসির জন্য!'

থামলেন বৃদ্ধ, হাঁপাচ্ছেন। আর, তিনি, যিনি বহুদিন যাবৎই সম্ভবত অন্ধ, তিনি যে তীক্ষ্ণ স্মৃতিশক্তির সাহায্যে এই বয়েসেও সেইসব প্রতিচ্ছবির কথা স্মরণ করলেন যেগুলোর তিনি মুণ্ডুপাত করলেন এখন, সেই স্মৃতিশক্তির প্রশংসা না করে পারলাম না আমি। এমন এক সুতীব্র আবেগের সঙ্গে তিনি মূর্তিগুলোর বর্ণনা দিলেন যে আমার সন্দেহ হলো তিনি যখন দেখেছিলেন তখন নিশ্চয়ই ভীষণভাবে প্রলুব্ধ করেছিল তাঁকে মূর্তিগুলো। তবেও এটাও প্রায়ই ঘটেছে যে সবচাইতে প্রলুব্ধকর পাপাচরণের বর্ণনা আমি সেই সব পুণ্যাত্মার লেখায় পেয়েছি যারা সেসবের আকর্ষণ আর পরিণতি অস্বীকার করতে পেরেছিলেন। এটা তারই একটা চিহ্ন যে এইসব মানুষ সত্যলাভ করার জন্যে এমনভাবে তাড়িত হন যে, তাঁরা ঈশ্বরের প্রতি অনুরাগবশত মন্দের ওপরই সমস্ত প্রলোভনের দায় চাপিয়ে দিতে দ্বিধা করেন না যা দিয়ে সেটা ছদ্মবেশ ধরে থাকে; ফলে ইবলিস যেসব পথ ধরে মানুষকে মন্ত্রমুগ্ধ করে সেসব পথের ব্যাপারে লেখকেরাই মানুষকে সবচাইতে ভালোভাবে অবহিত করতে পারে। আর সত্যি বলতে, ইয়র্গের কথাগুলো শুনে আমার ভীষণ ইচ্ছে করছিল ক্লয়স্টারের বাঘ আর বানরগুলো দেখার, যেগুলো তখনো আমার দেখা হয়নি। কিন্তু ইয়র্গে আমার চিন্তাস্রোতে বাধা দিলেন, কারণ তিনি আবার কথা বলে উঠলেন, তবে এবার আগের চাইতে অনেক শান্ত গলায়।

'সহজ ও সরল পথটা আমাদের দেখিয়ে দেবার জন্যে আমাদের প্রভুকে এসব বাজে বিষয়ের দ্বারস্থ হতে হয়নি। তাঁর প্যারাবলের কোনো কিছুই হাসি বা ভয়ের উদ্রেক করে না। অন্যদিকে, যার মৃত্যুতে তুমি এখন শোক প্রকাশ করছ সেই আদেল্‌মো তার আঁকা দানবগুলোর মধ্যে এমনই আনন্দ পেতো যে সেগুলোর সাহায্যে যেসব পরম জিনিস ব্যাখ্যা করার কথা সেসবই ভুলে গিয়েছিল সে। আর, অস্বাভাবিকতার কোনো পথই, আমি বলছি কোনো পথই,' এখানে এসে তাঁর গলাটা গম্ভীর আর ভীতিজনক হয়ে উঠল, 'মাড়াতে বাকি রাখেনি সে। আর ঈশ্বর জানেন কীভাবে তার শাস্তি দিতে হয়।'

গভীর একটা নীরবতা নেমে এল। তা ভাঙার স্পর্ধা দেখাল সাল্‌ভেমেক-এর ভেনানশিয়াস।

'শ্রদ্ধেয় ইয়র্গে,' সে বলল, 'আপনার ন্যায়পরায়ণতা আপনাকে নীতিবিরুদ্ধ ক'রে তুলছে। আদেল্‌মো মারা যাওয়ার দু'দিন আগে ঠিক এই স্ক্রিপ্টোরিয়ামেই অনুষ্ঠিত হওয়া অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ একটি বিতর্কের সময় আপনিও উপস্থিত ছিলেন। আদেল্‌মো এ-ব্যাপারে সতর্ক ছিল যে তার শিল্প উদ্ভট আর সৃষ্টিছাড়া প্রতিচ্ছবি নিয়ে মেতে উঠলেও যেন ঈশ্বরের গৌরবগাথার প্রতিই নিবেদিত থাকে, স্বর্গীয় বিষয়ের জ্ঞানের একটি হাতিয়ার হিসেবে। ব্রাদার উইলিয়াম এইমাত্র অ্যারিওপ্যাগাইটদের কথা উল্লেখ করলেন যাঁরা বিকৃতির মাধ্যমে শিক্ষার কথা বলেছিলেন। আর আদেল্‌মো সেদিন আরেক মহান বিশারদ অ্যাকুইনোর জ্ঞানী ব্যক্তির কথা উদ্ধৃত করে বলেছিল স্বর্গীয় বিষয়গুলো মনোমুগ্ধকর দেহাবয়বের চিত্রের চাইতে কদর্য দেহাবয়বের চিত্রের সাহায্যেই আরো সঙ্গতভাবে ব্যাখ্যা করা উচিত। কারণ, প্রথমত, মানব চৈতন্য আরো সহজভাবে ভ্রান্তি থেকে মুক্তিলাভ করে; আসলে এটা খুবই স্পষ্ট যে কিছু কিছু বৈশিষ্ট্য স্বর্গীয় বস্তুর ওপর আরোপ করা যায় না, এবং মনোমুগ্ধকর আধিভৌতিক বস্তুর সাহায্যে চিত্রিত হলে সেগুলো অনির্দিষ্ট হয়ে পড়ে। দ্বিতীয়ত, এই মর্ত্যধামে আমরা ঈশ্বর সম্পর্কে যে জ্ঞান রাখি তার সঙ্গে অনেক বেশি সঙ্গতিপূর্ণ হয় তুচ্ছতর এই চিত্রণ: যা আছে তার মধ্যে যতটা না তার চাইতে যা নেই তার মধ্যে 'তিনি' 'নিজেকে' আরো বেশি ক'রে প্রকাশ করেন, আর সেজন্যেই ঈশ্বরের কাছ থেকে সবচাইতে দূরবর্তী জিনিসগুলোর অনুরূপতাই তাঁর সম্পর্কে আরো বেশি যথার্থ ধারণা দেয় আমাদেরকে। আমরা যা বলি এবং চিন্তা করি তার চাইতে আরো ওপরে তাঁর অবস্থান। আর তৃতীয়ত, এভাবেই ঈশ্বরকে অযোগ্য লোকজনের কাছ থেকে বেশি ভালোভাবে আড়াল ক'রে রাখা যায়। অন্যভাবে বললে, সেদিন আমাদের আলোচনার বিষয় ছিল চাতুর্যপূর্ণ এবং দুর্জ্ঞেয় এই দুই আশ্চর্যজনক অভিব্যক্তির মাধ্যমে কীভাবে সত্যকে প্রকাশ করা যায় সেটা বোঝা। আর আমি তাকে মনে করিয়ে দিয়েছিলাম যে মহান অ্যারিস্টটলের রচনায় এ-বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট কিছু কথা আবিষ্কার করেছি…'

ইয়র্গে তীক্ষ্ণ স্বরে বাধা দিয়ে বলে উঠলেন, 'আমার মনে পড়ছে না। আমার অনেক বয়স হয়েছে। আমার মনে পড়ছে না। আমি নিশ্চয়ই খুব বেশি কড়া কথা বলেছিলাম। অনেক বেলা হল, আমাকে যেতে হবে।'

ভেনানশিয়াস নাছোড়বান্দার মতো বলে উঠল, 'ব্যাপারটা খুবই আশ্চর্যের যে আপনার মনে পড়ছে না। খুবই পাণ্ডিত্যপূর্ণ আর চমৎকার একটা আলোচনা ছিল সেটা; বেন্নো আর বেরেঙ্গারও তাতে অংশ নিয়েছিল। সত্যি বলতে কী, প্রশ্নটা ছিল রূপকালংকার (মেটাফর), শব্দকৌতুক (পান), আর হেঁয়ালি বা ধাঁধা, যা কিনা কবিরাও নিখাদ আনন্দের জন্যে ব্যবহার করে থাকেন, এগুলো একটা নতুন আর আশ্চর্যজনক দিক থেকে আমাদেরকে নানান বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার সুযোগ দেয় কিনা, আর আমি বলেছিলাম যে জ্ঞানী মানুষদেরও এই গুণটি থাকা দরকার।… আর মালাকিও সেখানে ছিলেন…'

আলোচনাটি শুনতে থাকা একজন সন্ন্যাসী বলে উঠল, 'শ্রদ্ধেয় ইয়র্গে যদি মনে করতে না পারেন তাহলে তাঁর বয়স আর তাঁর মনের অবসন্নতা… যে মনটি অন্যান্য দিক থেকে কত প্রাণচঞ্চল… তা শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করুন।' বাক্যটি বলা হল, অন্তত গোড়ার দিকটা, বেশ বিক্ষুব্ধ একটা স্বরে, কারণ বৃদ্ধ মানুষটির জন্যে শ্রদ্ধার আবেদন জানিয়ে সে যে আসলে তাঁর একটি দুর্বলতার দিকেই দৃষ্টি আকর্ষণ করছিল সেকথা উপলব্ধি ক'রে কথার মাঝখানে বাধা দিয়ে ওঠা বক্তা তার নিজের কথারই রাশ টেনে ধরে বাক্যটা শেষ করল ফিসফিস ক'রে উচ্চারণ করা ক্ষমাপ্রার্থনার সুরে। বক্তাটি অ্যারান্দেল-এর বেরেঙ্গার, সহকারী গ্রন্থাগারিক। পাণ্ডুরবর্ণ মুখবিশিষ্ট এক যুবক, আর তাকে ভালো ক'রে লক্ষ করতে করতে আদেল্‌মো সম্পর্কে উবার্তিনোর বর্ণনাটা মনে পড়ে গেল আমার: তার চোখ দুটো কামাতুরা রমণীর মতো। সবাই এখন তার দিকে তাকিয়ে থাকাতে লজ্জা পেয়ে গিয়ে সে তার দুই হাতের আঙুলগুলো এমনভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে ধরে রাখল যেন একটা মানসিক চাপ দমিয়ে রাখতে চাইছে সে।

ভেনানশিয়াসের যে প্রতিক্রিয়াটা হলো তা অস্বাভাবিক। বেরেঙ্গারের দিকে সে এমন একটা চাহনী দিল যে সে তার দৃষ্টি নত করে ফেলল। 'তা বেশ তো, ব্রাদার,' ভেনানশিয়াস বলল, 'স্মৃতি ঈশ্বরের একটি উপহার হলে ভুলে যাওয়ার ক্ষমতাও নিশ্চয়ই ভালোই হবে, এবং সেটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। আমি যে প্রবীণ ব্রাদারের সঙ্গে কথা বলছিলাম তাঁর সেই ক্ষমতাকে আমি সম্মান জানাই। কিন্তু আমরা যখন তোমার একজন প্রিয় বন্ধুর সঙ্গে এখানে ছিলাম তখন যা ঘটেছিল সে-সম্পর্কে তোমার কাছ থেকে আমি আরো তীক্ষ্ণ একটা স্মরণশক্তি আশা করেছিলাম…'

আমি ঠিক বলতে পারব না ভেনানশিয়াস 'প্রিয়' শব্দটি একটু জোর দিয়ে উচ্চারণ করেছিল কিনা। কিন্তু সত্যি কথা হচ্ছে উপস্থিত সবার মধ্যে একটা অস্বস্তির ভাব লক্ষ করলাম আমি। একেকজন একেক দিকে তাকিয়ে রইল, কিন্তু লজ্জায় ভীষণভাবে লাল হয়ে ওঠা বেরেঙ্গারের দিকে তাকাল না কেউই। মালাকি ত্বরিতভাবে কর্তৃত্বপূর্ণ গলায় বলে উঠলেন: 'আসুন, ব্রাদার উইলিয়াম। আরো কিছু আকর্ষণীয় বই দেখাচ্ছি আমি আপনাকে।'

দলের সবাই এদিক সেদিক ছড়িয়ে পড়ল। আমি খেয়াল করলাম রোষপূর্ণ একটা দৃষ্টি হানল বেরেঙ্গার ভেনানশিয়াসের দিকে তাকিয়ে, আর ভেনানশিয়াস-ও নীরবে আর অবজ্ঞাভরে সেটা ফিরিয়ে দিল। ইয়র্গে-কে চলে যেতে দেখে ভক্তিপূর্ণ একটা শ্রদ্ধা অনুভব করলাম আমি তাঁর জন্যে, এবং তাঁর হাত চুম্বন করার জন্যে মাথা নিচু করলাম। বৃদ্ধ মানুষটি চুম্বন গ্রহণ করলেন, আমার মাথার ওপর হাতটি রাখলেন, তারপর জিজ্ঞেস করলেন আমার পরিচয়। আমি আমার নাম বলতে তাঁর মুখটি উজ্জ্বল হয়ে উঠল।

তিনি বললেন, 'তোমার নামটা অসাধারণ আর চমৎকার। তুমি কি জানো মন্তিয়ের-এন-দার-এর অ্যাড্‌সো[১২৭] কে ছিলেন?' স্বীকার করলাম, জানি না। কাজেই ইয়র্গে যোগ করলেন, Libellus de Antichristo[১২৮] নামের মহৎ আর অদ্ভুত একটা বইয়ের লেখক ছিলেন তিনি, যে-বইতে তিনি সামনে যা ঘটবে এমন কিছু জিনিসের কথা বলেছিলেন; কিন্তু তার কথায় সেরকম গুরুত্ব দেয়া হয়নি তখন।'

উইলিয়াম বলে উঠলেন, 'এই সহস্রাব্দের আগে লেখা হয়েছিল বইটা, আর সেসব জিনিস কিছুই ঘটেনি…'

অন্ধ মানুষটি বললেন, 'তাদের জন্যে যারা দৃষ্টিহীন। অপখৃষ্টের পরিকল্পিত পথ ধীর এবং যন্ত্রণাপূর্ণ। যখন আশা করি না তখনই সে উপস্থিত হয়: সেটা এ-কারণে নয় যে অ্যাপসল-এর হিসেবে কোনো ভুল ছিল, বরং এ-জন্যে যে আমরা সেই বিদ্যেটা রপ্ত করিনি।' এরপর, হলঘরের দিকে মুখ ফিরিয়ে স্ক্রিপ্টোরিয়ামের ছাদে প্রতিধ্বনি তুলে খুবই উঁচু গলায় চিৎকার করে তিনি বলে উঠলেন, 'সে আসছে! বুটিদার চামড়া আর পাকানো লেজের খুদে দানবগুলো দেখে হেসে তোমরা তোমাদের শেষ দিনগুলো নষ্ট কোরো না। শেষ সাতটা দিন অপচয় কোরো না!'

ভে স পা র্স (সন্ধ্যা সাড়ে চারটার দিকে, সূর্যাস্তের সময়ে)

মঠের বাকি অংশ ঘোরা হলো। আদেল্‌মোর মৃত্যু সম্পর্কে কিছু সিদ্ধান্তে পৌঁছুলেন উইলিয়াম, পড়াশোনা করার চশমা এবং যারা বেশি পড়তে চায় তাদের জন্যে অপচ্ছায়া নিয়ে ব্রাদার গ্লেযিয়ারের সঙ্গে কথাবার্তা হলো

সেই মুহূর্তে ভেসপার্সের ঘণ্টা বেজে উঠতে সন্ন্যাসীরা তাদের ডেস্ক ছাড়ার প্রস্তুতি নিল। মালাকি পরিষ্কার ক'রে বুঝিয়ে দিলেন যে আমাদেরও এখন স্থানটি পরিত্যাগ করাই উচিত হবে। তিনি তাঁর সহকারী বেরেঙ্গারের সঙ্গে থেকে যাবেন সব কিছু ঠিক ঠাক করতে (তাঁর ভাষায়) এবং রাতের জন্যে প্রস্তুত করতে। উইলিয়াম তাঁকে জিজ্ঞেস করলেন তিনি দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন কিনা।

'রান্নাঘর এবং খাবার ঘর থেকে স্ক্রিপ্টোরিয়ামে অথবা স্ক্রিপ্টোরিয়াম থেকে গ্রন্থাগারে যাওয়ার পথ বন্ধ করার মতো কোনো দরজা নেই। তবে মোহান্তের নিষেধ নিশ্চয়ই যেকোনো দরজার চাইতেও শক্তিশালী। তাছাড়া, রান্নাঘর আর খাবারঘর সন্ন্যাসীদের প্রয়োজন হয় কম্পিলন পর্যন্ত। সেখানে বাইরের লোকজন বা জন্তু-জানোয়ারের এডিফিসিয়ামে ঢুকে পড়া ঠেকাতে, যাদের জন্যে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়, আমি বাইরের দরজা বন্ধ করে দিই, যে-দরজা দিয়ে রান্নাঘর আর খাবারঘরে ঢোকা যায়, আর সেই মুহূর্ত থেকে এডিফিসিয়াম বন্ধ থাকে।'

নিচে নেমে এলাম আমরা। সন্ন্যাসীরা কয়ারের দিকে এগোতে আমার গুরুর মনে হল আজ প্রার্থনা অনুষ্ঠানে যোগ না দিলে প্রভু কিছু মনে করবেন না। (এরপরের দিনগুলোতে আমাদের ব্যাপারে কিছু মনে না করার মতো এরকম অনেক কিছুই পেয়েছিলেন প্রভু), এবং তিনি প্রস্তাব করলেন আমি যেন তাঁর সঙ্গে খোলা জায়গায় একটু হাঁটি, তাতে করে স্থানটার সঙ্গে খানিকটা পরিচয় ঘটবে আমাদের।

আবহাওয়া খারাপের দিকে মোড় নিচ্ছে। ঠাণ্ডা একটা বাতাস আগে থেকেই বইছিল, আর আকাশটা হয়ে উঠেছিল কুয়াশাময়। বোঝা যাচ্ছিল, সব্জি বাগানের ওধারে সূর্যটা অস্ত যাচ্ছে; আর আমরা যখন পুব দিক বরাবর এগোচ্ছিলাম সেদিকটা তখন এরিমধ্যে অন্ধকার হয়ে আসছিল, গির্জার কয়ারটা ঘিরে ফেলছিল, পৌঁছে গিয়েছিল খোলা জায়গাটার পেছন দিকটায়। সেখানে, বহিঃপ্রাচীরের প্রায় পাশ ঘেঁষে, যেখানে সেটা এডিফিসিয়ামের পুব টাওয়ারটার সঙ্গে যুক্ত হয়েছে, রয়েছে আস্তাবল; শুয়োরপালকেরা ঢেকে রাখছিল শুয়োরের রক্তভর্তি পাত্রগুলো। আমরা খেয়াল করলাম আস্তাবলের পেছনে বহিঃপ্রাচীরটা অপেক্ষাকৃত নিচু, যে কেউ সেটার ওপর দিয়ে উঁকি দিতে পারবে। খাড়া নেমে যাওয়া প্রাচীরের পরে যে প্রান্তরটা মাথা ঘুরিয়ে দিয়ে নেমে গেছে সেটা আলগা ময়লা-আবর্জনায় ঢাকা, তুষার তা পুরোপুরি আড়াল করতে পারেনি। আমি বুঝতে পারলাম এটা হচ্ছে সেই পুরনো খড়ের স্তূপ যেটা সেই জায়গাটা থেকে ফেলা হয়েছিল, এবং তা ছড়িয়ে প'ড়ে সেই বাঁকটা পর্যন্ত পৌঁছেছিল যেখান থেকে পলাতক ব্র্বনেলাসের [উপন্যাসের একেবারে গোড়ার দিকে, 'প্রথম দিবস: প্রাইম' অংশে উল্লিখিত মোহান্তের প্রিয় অশ্ব। – অনুবাদক] নেয়া পথটা শুরু হয়েছে। কাছের পশু রাখার ঘরগুলোতে পশুপালকেরা জন্তুগুলোকে নিয়ে যাচ্ছে জাবনাপাত্রের দিকে। আমরা সেই পথটা ধরে এগোলাম যেটা বরাবর, প্রাচীরটার দিকে, রয়েছে বিভিন্ন ধরনের ঘর; বাম দিকে, কয়ার-এর গা ঘেঁষে রয়েছে সন্ন্যাসীদের ডমিট্রি আর শৌচাগার। তারপর, পুব দেয়ালটা যেখানে উত্তরদিকে বাঁক নিয়েছে, পাথুরে বেড়াটার কোণে রয়েছে কামারশালাটা। শেষ যে-ক'জন কামার তখনো সেখানে ছিল তারা তাদের যন্ত্রপাতি নামিয়ে রেখে আগুন নিভিয়ে ফেলছে, এখুনি রওনা হবে তারা প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে। বেশ একটা কৌতূহল নিয়ে কামারশালার একটা অংশের দিকে এগিয়ে গেলেন উইলিয়াম; কামারশালার বাকি অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন একটা অংশ সেটা, যেখানে একজন সন্ন্যাসী তার জিনিসপত্র সরিয়ে রাখছে। তার টেবিলের ওপর বেশ কিছু বহুবর্ণ, খুদে আকারের কাচের একটা সুন্দর সংগ্রহ রাখা, তবে বড় আকারের টুকরোগুলো দেয়ালের সঙ্গে আটকানো। সন্ন্যাসীটির সামনে রয়েছে এখনো অসম্পূর্ণ একটা স্মৃতিচিহ্নাধার যার কেবল রুপোলি কংকালটাই অবশিষ্ট আছে, কিন্তু সেটার ওপর তিনি নিশ্চয়ই কাচ আর পাথরের টুকরো বসাচ্ছিলেন যেগুলো তার যন্ত্রপাতি রত্নের আকারে ছোট করে এনেছিল।

তো, এভাবেই আমাদের সঙ্গে পরিচয় হলো মঠের জানালার কাচ-পরাবার-ওস্তাদ কারিগর মরিমন্ডের নিকোলাসের সঙ্গে। তিনি আমাদের বুঝিয়ে বললেন যে, কামারশালার পেছনের দিকটায় তাঁরা কাচও গলান, আর এই সামনের দিকটায়, যেখানে কামারেরা কাজ করে, জানালা তৈরি করার জন্যে কাচ সীসার সঙ্গে আটকানো হয়। তবে, তিনি যোগ করলেন, গির্জা আর এডিফিসিয়াম অলংকৃত করা ঘষা কাচের অসাধারণ কাজগুলো অন্তত দুই শতাব্দী পুরনো। এখন তিনি আর অন্য সবাই ব্যস্ত রয়েছেন অন্যান্য ছোটখাট কাজ নিয়ে আর সময়ের ক্ষত সারাতে।

তিনি আরো বললেন, 'তবে কাজটা সহজ নয় মোটেই, কারণ পুরনো সেই দিনের রং পাওয়া অসম্ভব, বিশেষ করে কয়ারে আপনারা যে দুর্দান্ত নীল রঙটা এখনো দেখেন সেটা এতোই স্বচ্ছ যে সূর্য যখন মধ্য গগনে থাকে তখন তা নেইভে স্বর্গের আলো ছড়িয়ে দেয়। নেইভের পশ্চিম দিকটার কাচ—সেটা অবশ্য খুব বেশিদিন আগে সরানো হয়নি—একই মানের নয়; গ্রীষ্মকালে আপনি তা বুঝতে পারবেন। যাচ্ছেতাই!' বলে চললেন তিনি। 'প্রাচীনকালের লোকজনের বিদ্যা আমাদের নেই। দৈত্যদের যুগ শেষ।'

'আমরা বামন, তা ঠিক,' উইলিয়াম স্বীকার করলেন, 'তবে সেই সব বামন যারা সেইসব দৈত্যদের কাঁধের ওপর দাঁড়িয়ে আছে, ফলে, আমরা ছোট হলেও দিগন্তের দিকে তাকিয়ে আমরা তাদের চাইতে বেশি দূরে দেখতে পাই।'

'তাহলে বলুন তো, কোন জিনিসটা আমরা তাদের চাইতে ভালো করতে পারি,' নিকোলাস বললেন, 'আপনি যদি গির্জার ভূগর্ভস্থ কৰে যান, যেখানে মঠের ধন সম্পদ রাখা আছে, সেখানে আপনি এমন সব সূক্ষ্ম কারুকার্যখচিত স্মৃতিচিহ্নাধার দেখতে পাবেন যে সেগুলোর সঙ্গে তুলনা করলে, আমি যে এই খুদে উদ্ভট জিনিসটাকে পাকিয়ে তুতে চাইছি,'—এই বলে তিনি টেবিলের ওপরের তাঁর কাজটার দিকে মাথা ঝোঁকালেন—'এটাকে সেসবের একটা হাস্যকর অনুকরণ বলে মনে হবে।'

উইলিয়াম রসিকতা করে বললেন, 'অতীতের ওস্তাদ কারিগরেরা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকা এতো সুন্দর জানালা আর স্মৃতিচিহ্নাধার তৈরি করে গেছেন বলেই গ্লেযিয়ারদেরকে জানালাই বানিয়ে যেতে হবে, আর স্বর্ণকারদেরকে স্মৃতিচিহ্নাধার, এমন কোনো কথা নেই। তা হলে তো, যেসব সন্তের কাছ থেকে আমরা স্মৃতিচিহ্ন পাই তাঁরা নিজেরাই যে-সময়ে বিরল হয়ে উঠেছেন সেসময়ে দুনিয়াটাই স্মৃতিচিহ্নাধারে ভরে উঠবে। আর কাচ দিয়ে সব সময় জানালাই বানাতে হবে এমনও কোনো কথা নেই। অনেক দেশেই আমি কাচের তৈরি এমন নতুন নতুন জিনিস দেখেছি যা এই ধারণাই দেয় যে কাচ শুধু পবিত্র উদ্দেশ্য সাধনের জন্যেই ব্যবহৃত হবে না, তা মানুষের দুর্বলতা ঘোচাতেও কাজে লাগবে। আমি আপনাকে আমাদের সময়ের একটা আবিষ্কার দেখাতে চাই, যার একটা খুবই কার্যকর উদাহরণ আমার নিজের কাছে আছে বলে আমি সম্মানিত বোধ করি।' তিনি তাঁর পরিচ্ছদের ভেতরে হাত চালিয়ে দিয়ে তাঁর লেন্সজোড়া বের করে আনলেন, যা দেখে আমাদের পরামর্শদানকারীর চোখ ছানাবড়া হয়ে গেল।

প্রবল আগ্রহ নিয়েনিকোলাস তাঁর দিকে উইলিয়ামের বাড়িয়ে-ধরা। দ্বিধাবিভক্ত যন্ত্রটা হাতে নিলেন। তারপর চিৎকার করে বলে উঠলেন, 'Oculi de vitro cum capsula'[১২৯]! পিসাতে ব্রাদার জর্ডান নামের একজনের সঙ্গে দেখা হয়েছিল আমার, তার কাছে এই যন্ত্রটার কথা শুনেছিলাম আমি। সে বলেছিল তখনো বিশ বছর হয়নি যন্ত্রটা আবিষ্কার হয়েছে। তবে তার সঙ্গে আমার কথা হয়েছিল বিশ বছর আগেই।

উইলিয়াম বললেন, 'আমার বিশ্বাস জিনিসটা আরো অনেক আগেই আবিষ্কৃত হয়েছে, কিন্তু জিনিসটা বানানো বড্ড কঠিন; সেজন্যে অত্যন্ত দক্ষ গ্লেযিয়ার দরকার। সময় লাগে অনেক আর খরচ-ও পড়ে বেশি। দশ বছর আগে এরকম একজোড়া চশমা ab oculis ad legendum[১৩০] বিক্রি হয়েছিল দশ বোলোনীয় ক্রাউন দামে। একজন ওস্তাদ কারিগর, আরমাতির সালভিনাস দশবছরেরও আগে একজোড়া চশমা দিয়েছিলেন আমাকে। আমি তা এতদিন ধরে খুবই যত্নে আগলে রেখেছি, যেন সেগুলো তখনো যেমন ছিল এখনো তেমন-ই আমার শরীরেরই অঙ্গ হয়ে আছে।'

'আশা করি আপনি এ-ক'দিনের মধ্যে একবার জিনিসটা আমাকে পরীক্ষা করতে দেবেন। একই রকম আরো কয়েকটা তৈরি করতে পারলে ভালো লাগবে আমার,' নিকোলাস বললেন, তাঁর গলায় আবেগ।

'অবশ্য,' উইলিয়াম সম্মতি দান করলেন। 'কিন্তু মনে রাখবেন, কাচের পুরুত্বটা কিন্তু সেটা যে চোখের জন্যে ব্যবহৃত হবে সে-অনুযায়ী বদলে যাবে। আর আপনাকে এসব লেন্সের অনেকগুলো পরীক্ষা করে দেখতে হবে সেই লোকের চোখে লাগিয়ে যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত পুরুত্বটা পাওয়া যাচ্ছে।'

'কী আশ্চর্য!' নিকোলোস বলে চললেন। 'অথচ তারপরেও লোকে ডাকিনী বিদ্যা আর শয়তানের কারসাজির কথা বলবে…'

'আপনি অবশ্য এ-যন্ত্রটার যাদুর কথা বলতেই পারেন,' উইলিয়াম স্বীকার করলেন। 'তবে দু'ধরনের যাদুশক্তি রয়েছে। একটা যাদু আছে যা শয়তানের কাজ, আর সেটার লক্ষ্য হচ্ছে এমন কিছু কৌশলে মানুষের পতন ডেকে আনা যেগুলোর কথা বলাটা বৈধ নয়। কিন্তু আরেকটি যাদু আছে যা স্বর্গীয়, যেখানে ঈশ্বরের জ্ঞানকে মানুষের জ্ঞানের মাধ্যমে প্রতীয়মান করে তোলা হয়, আর তা প্রকৃতিকে পরিবর্তন করার কাজে লাগানো হয়, এবং তার একটি উদ্দেশ্য মানুষের আয়ু বৃদ্ধি। আর এটাই হচ্ছে পবিত্র যাদু, জ্ঞানী মানুষের উচিত এটার প্রতিই আরো বেশি করে নিবেদিত থাকা, শুধু যে নিত্য নতুন জিনিস আবিষ্কার করার জন্যে তা নয়, সেই সঙ্গে প্রকৃতির অগুনতি রহস্য পুনরাবিষ্কার করার জন্যে যা ঐশ্বরিক প্রজ্ঞা হিব্র্বদের কাছে, গ্রীকদের কাছে, অন্যান্য প্রাচীন জনগোষ্ঠীর কাছে, এমনকি এখনো, নাস্তিকদের কাছে প্রকাশ করেছে (আর সেই নাস্তিকদের বই-পুস্তকে আলোকবিদ্যা আর দৃষ্টিবিজ্ঞান নিয়ে যে কত চমৎকার কথাবার্তা লেখা আছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না!)। আর খ্রিস্টীয় জ্ঞানকে এসব বিদ্যা আবার করায়ত্ত করতে হবে, পৌত্তলিক আর নাস্তিকদের কাছ থেকে নিয়ে tamquam ab iniustis possessoribus.[১৩১]

'কিন্তু যারা এই বিদ্যার অধিকারী তারা ঈশ্বরের সব মানুষের কাছে তা প্রচার করছে না কেন?'

'কারণ ঈশ্বরের সব মানুষ এতো গুপ্তকথা জানবার জন্যে তৈরি নয়, আর এমনটা প্রায়ই ঘটেছে যে এসব বিদ্যার অধিকারীদেরকে শয়তানের সঙ্গে যোগসাজস থাকা ডান বা ডাইনী বলে ভুল করা হয়েছে, নিজেদের জ্ঞানের ভাণ্ডারের ভাগ অন্যকে দেবার ইচ্ছের দাম দিতে হয়েছে তাদেরকে নিজেদের জীবন দিয়ে। শয়তানের সঙ্গে কারবার রয়েছে এমন একজনের বিচার চলাকালে, নিজেকেও আমার সতর্ক থাকতে হয়েছে এসব লেন্স ব্যবহার না করার ব্যাপারে, তার বদলে সাহায্য নিতে হয়েছে উৎসাহী খাস সচিবদের যারা আমাকে প্রয়োজনীয় লেখা-পত্র পড়ে শুনিয়েছে। তা না হলে, যখন শয়তানের উপস্থিতি এতো ব্যাপক, আর বলতে গেলে, যখন প্রত্যেকের নাকেই গন্ধকের গন্ধ এসে ঢুকছে, সেই সময়ে আমাকেও অভিযুক্তের দোসর হিসেবে বিবেচনা করা হতো। আর সবশেষে, মহান রজার বেকনের সেই সাবধানবাণী অনুসরণ করে বলতে হয়, বিজ্ঞানের গূঢ় রহস্য সব সময় সবার কাছে প্রকাশিত হওয়া উচিত নয়, কারণ কেউ কেউ তা মন্দ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। অনেক সময় জ্ঞানী লোককে যাদু নয় বরং নেহাতই চমৎকার বিজ্ঞান এমন সব বই-পুস্তককে যাদু বলে প্রচার করতে হয় যাতে করে অবিবেচকদের নজর থেকে সেগুলো আড়াল করা যায়।'

'তাহলে, সাধারণ লোকজন এসব গূঢ় রহস্যকে মন্দ কাজে ব্যবহার করতে পারে, বলছেন?'

'সাধারণ লোকজনের প্রসঙ্গে আমার একমাত্র ভয় হচ্ছে তারা এসব দেখে আতঙ্কিত হয়ে পড়তে পারে; এগুলোকে তারা শয়তানের কারসাজির সঙ্গে, যার কথা তাদের ধর্মপ্রচারকরা হরহামেশাই তাদের কাছে বলে বেড়ায়, তার সঙ্গে গুলিয়ে ফেলতে পারে। ঘটনাক্রমে, বুঝলেন, আমি এমন কিছু দক্ষ চিকিৎসককে চিনি যারা মুহূর্তের মধ্যে একটা অসুখ সারিয়ে তুলবার মতো কিছু ওষুধ-পত্র চোলাই করেছেন। কিন্তু সাধারণ মানুষকে তাঁদের মলম বা আরক দেবার পর তার সঙ্গে তাঁরা এমন কিছু পবিত্র বাক্য জুড়ে দিয়েছেন আর এমন কিছু শব্দ আউড়েছেন যা প্রার্থনার মতো শোনায়; এসব প্রার্থনার যে আরোগ্যকারী গুণাগুণ আছে সেজন্যে নয়, বরং এই জন্যে যে, এসব প্রার্থনার কারণেই আরোগ্য লাভ ঘটেছে বলে মনে ক'রে সাধারণ মানুষ সেই আরক সেবন করবে বা মলম গায়ে লাগাবে, এবং সেরে উঠবে বলে বিশ্বাস করবে, ওষুধের কার্যকারী শক্তির দিকে প্রায় কোনো আমলই দেবে না। তাছাড়া, সেই সাধু মন্ত্রের প্রতি বিশ্বাসে জেগে উঠে, আত্মাও সেই চিকিৎসার শারীরিক ক্রিয়ার জন্যে আরো ভালোভাবে প্রস্তুত থাকবে। তবে প্রায়ই জ্ঞানসম্পদকে সুরক্ষিত রাখতে হয়, সাধারণ লোকজনের কাছ থেকে নয়, বরং অন্যান্য জ্ঞানীজনের কাছ থেকে। চমৎকার সব যন্ত্র তৈরি হচ্ছে আজকাল, সেসবের কথা অন্য আরেক দিন বলব আমি আপনাকে, যেসব যন্ত্র দিয়ে প্রকৃতির গতি-প্রকৃতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে। কিন্তু নিজেদের পার্থিব ক্ষমতা বৃদ্ধি আর ভোগদখলের উদগ্র বাসনা চরিতার্থ করার জন্যে সেগুলোকে ব্যবহার করবে এমন লোকজনের হাতে পড়লে সেটা হবে দুঃখজনক। শুনেছি ক্যাথে-তে এক বিজ্ঞ ব্যক্তি এমন একটা গুঁড়োর মিশ্রণ তেরি করেছেন যা আগুনের সংস্পর্শে এলে প্রচণ্ড একটা গুড়ুম শব্দের সঙ্গে প্রবল অগ্নিশিখা তৈরি করতে পারে, ধ্বংস করে দেয় চারপাশের বেশ কয়েক গজের মধ্যে থাকা জিনিস। নদীর গতিপথ পরিবর্তন বা কৃষি জমি তৈরি করার জন্যে ভূমিধ্বস সৃষ্টি করার জন্যে চমকার একটা উপায়। কিন্তু এটা যদি কেউ তার ব্যক্তিগত শত্রুর ক্ষতি করার জন্যে ব্যবহার করে?'

'তারা ঈশ্বরের অনুসারীদের শত্রু হলে তো ব্যাপারটা ভালোই হয়,' নিকোলাস ধার্মিকের মতো বললেন।

'হয়ত,' উইলিয়াম স্বীকার করলেন। 'কিন্তু ঈশ্বরের অনুসারীদের শত্রু আজ কে? সম্রাট লুই না পোপ জন?'

'হায় ঈশ্বর!' দৃশ্যতই আতঙ্কিত হয়ে বলে উঠলেন নিকোলাস। 'এমন একটা বেদনাদায়ক প্রশ্নের মীমাংসায় আমি যেতে চাই না!'

'দেখলেন তো তাহলে?' উইলিয়াম বলে উঠলেন। 'কিছু কিছু গুপ্ত রহস্য রহস্যপূর্ণ বাক্যের আড়ালে লুকিয়ে রাখাই ভালো। প্রকৃতির রহস্য ছাগল ভেড়ার চামড়ায় ফুটে ওঠে না। গুপ্ত রহস্যের বইতে অ্যারিস্টটল বলেছেন প্রকৃতি এবং শিল্পের খুব বেশি রহস্য প্রকাশিত হয়ে পড়লে একটা স্বর্গীয় সীলমোহর ভেঙে যায় এবং তাতে অনেক মন্দের জন্ম হতে পারে। তার মানে অবশ্য এই নয় যে গূঢ় রহস্যগুলো একেবারেই উন্মোচিত করা যাবে না, তবে একমাত্র বিজ্ঞজনেরাই ঠিক করবেন কখন এবং কীভাবে তা করতে হবে।'

নিকোলাস বললেন, 'সেজন্যেই এ-ধরনের জায়গাগুলোতে সব বই সবার নাগালের মধ্যে না থাকাটাই সবচেয়ে ভালো।'

উইলিয়াম বললেন, 'সেটা ভিন্ন প্রসঙ্গ। বেশি কথা বলার মতো, মৌনতাও একটা পাপ হতে পারে। আমি কিন্তু একথা বলিনি যে জ্ঞানের উৎসগুলো লুকিয়ে রাখা প্রয়োজন। সেটা বরং খুবই মন্দ বলে গণ্য করি আমি। আমি বলতে চেয়েছিলাম যে, যেহেতু এসব হচ্ছে গূঢ় রহস্যপূর্ণ কথাবার্তা যা থেকে ভালোমন্দ দুটোরই উদ্ভব হতে পারে, তাই পণ্ডিত লোকজনের অধিকার আর কর্তব্য হচ্ছে একটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যা কেবল তাঁর সহযোগীরাই বুঝতে পারবে। জ্ঞানার্জনের জীবন কঠিন, আর, ভালো-মন্দেও তফাৎ করাও কঠিন। তাছাড়া, বেশিরভাগ সময় দেখা যায় যে, আমাদের সময়ের জ্ঞানী লোকজন নেহাতই বামনের কাঁধের ওপর বসে থাকা বামন মাত্র।'

আমার গুরুর সঙ্গে এই অন্তরঙ্গ আলাপচারিতা নিশ্চয়ই নিকোলাসের ভেতর একটা নির্ভরতার বোধ তৈরি করেছিল। কারণ, তিনি উইলিয়ামের দিকে তাকিয়ে একটা চোখ টিপলেন (যেন বলতে চাইলেন: আমি আর আপনি পরস্পরকে বুঝতে পারছি, কারণ আমরা একই জিনিস নিয়ে কথা বলছি), তারপর ইঙ্গিতপূর্ণভাবে বললেন, 'কিন্তু ওখানে,' এডিফিসিয়ামের দিকে মাথা ঝাঁকালেন তিনি, 'যাদুর রচনা দিয়ে জ্ঞানের রহস্য সুরক্ষিত ক'রে রাখা আছে…'

'তাই বুঝি?' খুব একটা গা না করে বললেন উইলিয়াম। 'বন্ধ দরজা, কঠোর বিধি-নিষেধ, হুমকি, এসব দিয়ে বোধ করি।'

'উঁহু, তা নয়। তার চাইতে বেশি কিছু…'

'উদাহরণস্বরূপ?'

'ইয়ে, আমি ঠিক ক'রে বলতে পারবো না; আমার কাজ কাচ নিয়ে, বই নিয়ে নয়। কিন্তু মঠে গুজব আছে…অদ্ভুত সব গুজব…'

'কী ধরনের গুজব?'

'অদ্ভুত সব গুজব। এই যেমন ধরুন, কোনো সন্ন্যাসী সম্পর্কে, যে কিনা সে যা চেয়েছিল মালাকি তা দেননি বলে তা খোঁজার জন্যে গ্রন্থাগারে ঢোকার সিদ্ধান্ত নেয়, আর তারপর সাপ, মস্তকহীন মানুষ আর দু'মাথাঅলা মানুষ দেখতে পায়। গোলকধাঁধাটা থেকে সে যখন বেরিয়ে আসে তখন সে প্রায় উন্মাদ…'

'নারকীয় অপচ্ছায়া না বলে আপনি যাদুর কথা বলছেন কেন?'

'তার কারণ, আমি জানালার কাচ লাগাবার দরিদ্র এক ওস্তাদ কারিগর হতে পারি, কিন্তু মূর্খ নই। শয়তান (ঈশ্বর আমাদের মঙ্গল করুক!) কাউকে সাপ আর দু-মাথাঅলা মানুষ দিয়ে ভয় দেখায় না। দেখালে কামোদ্দীপক দৃশ্য দিয়ে দেখাতে পারে, যেমনটা সে পিতাদের করেছিল মরুভূমিতে। আর তাছাড়া, কিছু কিছু বই-পত্তর ঘাঁটাঘাঁটি করা যদি মন্দই হবে তাহলে শয়তান কেন সেই মন্দ কাজ থেকে একজন সন্ন্যাসীকে সরিয়ে রাখতে যাবে?'

'এটা একটা ভাল যুক্তি বলেই মনে হচ্ছে,' আমার গুরু স্বীকার করলেন।

'আর সবশেষে, হাসপাতালের জানালার কাচ সারাবার সময় আমি সেভেরিনাসের কিছু বইয়ের পাতা উল্টে বেশ মজা পেয়েছিলাম। ওখানে, আমার ধারণা, অ্যালবার্টাস ম্যাগনাসের লেখা গুপ্ত রহস্যের একটা বই ছিল; সেটার অদ্ভুত কিছু অলংকরণ আমার নজর কেড়েছিল, আর কীভাবে তেলের কুপির সলতেয় জন্তুর চর্বি মাখানো যায় যাতে তা থেকে তৈরি হওয়া ঝাঁঝালো ধোঁয়া নানান কাল্পনিক দৃশ্যের সঞ্চার করতে পারে সে-বিষয় নিয়ে লেখা কয়েকটা পাতা আমি পড়েছিলাম। আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন যে—অথবা, বলা যায়, এখনো আপনি লক্ষ করে উঠতে পারেননি, কারণ মঠে এখনো একটা রাত কাটানো হয়নি আপনার—রাতের বেলা অ্যাডিফিসিয়ামের ওপরের তলাটা আলোকিত হয়ে ওঠে। কোনো কোনো জায়গায় জানালা দিয়ে আবছা দীপ্তি বেরিয়ে আসে। জিনিসটা কী তা নিয়ে অনেকেই মাথা ঘামিয়েছে, আলেয়ার কথা বা নিজেদের রাজ্যে বেড়াতে আসা মৃত গ্রন্থাগারিকদের আত্মার কথাও উঠেছে। এখানে অনেকেই এসব গল্পে বিশ্বাস করে। আমার মনে হয়, ওগুলো কাল্পনিক দৃশ্য উদ্রেক করার জন্যে তৈরি করা কুপি। বুঝলেন, কুপির সলতেয় আপনি কুকুরের কানের চর্বি মাখালে সেই কুপির ধোঁয়া নাকে গেলে যে কেউ বিশ্বাস করবে তার মাথাটা কুকুরের, আর তার সঙ্গে কেউ থাকলে সে কুকুরের মাথা দেখতে পাবে। আবার আরেকটা মলম আছে যেটা কুপির কাছে থাকা মানুষ মনে করবে সে হাতীর মতো বিশাল একটা কিছু। ওদিকে আবার, বাদুড়ের আর—এখন নাম মনে করতে করতে পারছি না—দুটো মাছের চোখ আর নেকড়ের বিষ দিয়ে একটা সলতে তৈরি করলে সেটা জ্বালালে আপনি ওইসব জন্তু দেখতে পাবেন। আবার গিরগিটির লেজ নিলে আপনার চারপাশের সব কিছু রুপোর তৈরি বলে মনে হবে। এছাড়া, কালো সাপের চর্বি আর শব ঢাকার এক টুকরো কাপড় নিলে বলে মনে হবে ঘরটা বুঝি সাপে বোঝাই। আমি জানি এসব। গ্রন্থাগারে কেউ একজন আছে যে খুব চালাক…'

'কিন্তু এমন কি হতে পারে না যে এসব যাদু মৃত গ্রন্থাগারিকদের আত্মার কীর্তি?'

নিকোলাসকে হতভম্ব আর অপ্রস্তুত দেখাল। 'কথাটা আমার মাথায় আসেনি। হতে পারে। ঈশ্বর আমাদের রক্ষা করুন। দেরি হয়ে গেছে। ভেসপার্স (সন্ধ্যাকালীন প্রার্থনা) শুরু হয়ে গেছে এরিমধ্যে।' এই বলে গির্জামুখো হলেন তিনি।

দক্ষিণ পাশ ধরে হেঁটে চললাম আমরা: আমাদের ডানে তীর্থযাত্রীদের জন্যে পান্থশালা আর বাগানসমেত যাজকভবন, বামে জলপাই মাড়াই কলগুলো, শস্য পেষাই কল, ভাঁড়ার ঘর, শিক্ষানবিসদের আবাস। সবাই ছুটছে গির্জার দিকে।

আমি শুধোলাম, 'নিকোলাস যা বললেন সে-ব্যাপারে আপনার মত কী?'

'জানি না। গ্রন্থাগারে কিছু একটা আছে, কিন্তু আমার মনে হয় না মৃত গ্রন্থাগারিকদের আত্মার সঙ্গে সেটার কোনো সম্পর্ক রয়েছে…'

'কেন?'

'তার কারণ, উত্তরটা যদি তোমার পছন্দ হয় তো বলি, তাঁরা এতোই পুণ্যবান ছিলেন যে এখন তাঁরা স্বর্গরাজ্যে রয়েছেন ঐশ্বরিক ভাবনায় মশগুল হয়ে। আর ঐ কুপিগুলোর কথা যদি বলো, আমরা দেখবো ওগুলো আসলেই ওখানে আছে কিনা। আর, জানালার কাচ লাগাবার কারিগর মলম-টলম নিয়ে যেসব কথা বললেন, কাল্পনিক দৃশ্য উদ্রেক করার আরো সহজ উপায় আছে, সেভেরিনাস সেসব ভালোই জানে, তুমি তো সেটা দেখলেই। যে ব্যাপারটা নিশ্চিত তা হলো ওরা চায় না মঠের কেউ রাতের বেলা গ্রন্থাগারে ঢুকুক, যদিও অন্যদিকে, অনেকেই সে-চেষ্টা করেছে বা করছে।'

'কিন্তু আমাদের এই অপরাধটার সঙ্গে এসব ব্যাপারের সম্পর্ক কোথায়?'

'অপরাধ। যতোই ভাবছি ততোই আমার এই ধারণাই বদ্ধমূল হচ্ছে যে আদেল্‌মো আত্মহত্যা করেছে।

'কেন বলছেন?'

'আজ সকালে ময়লার সেই স্তূপটার কথা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই তোমার? পুব টাওয়ারটার নিচের বাঁক ধরে যখন আমরা উপরে উঠছিলাম আমরা তখন সেখানে একটা ভূমিধসের রেখে যাওয়া কিছু চিহ্ন নজরে পড়েছিল আমার: কিংবা, বলা যায়, ভূখণ্ডের একটা অংশ টাওয়ারের নিচটাতে আলগা হয়ে গিয়েছিল, মোটামুটি সেই জায়গাটায় যেখানে ময়লা-আবর্জনা জমা হয়, তারপর খসে পড়েছিল। আর সে কারণেই আজ সন্ধ্যায়, আমরা যখন ওপর থেকে নিচের দিকে তাকিয়েছিলাম, মনে হয়েছিল খড়ের গায়ে খুব বেশি একটা তুষার নেই; শেষবার, অর্থাৎ গতকাল পড়া বরফই ছিল সেই খড়গুলোর গায়ে, গত কয়েক দিনের বরফ নয়। আর আদেল্‌মোর লাশটার কথা যদি বলো, মঠাধ্যক্ষ আমাদের বলেছিলেন সেটা পাথরের গায়ে ধাক্কা লেগে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, আর পুব টাওয়ারটার নিচে, ভবনটার যেখান থেকে খাড়া একটা ঢাল শুরু হয়েছে, সেখানে রয়েছে পাইন গাছগুলো। পাথরগুলো অবশ্য দেয়ালটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে একটা ধাপের মতো সৃষ্টি করেছে, আর তারপরেই খড়ের গাদাটার শুরু।'

'আর কাজেই?'

'আর কাজেই, ভেবে দেখো যে এটা আমাদের মনের জন্যে—কীভাবে বলি কথাটা?—বিশ্বাস করা কম কষ্টকর হয় কিনা যে, অজ্ঞাত কোনো কারণে আদেল্‌মো স্বেচ্ছায় দেয়ালের প্যারাপেট থেকে লাফিয়ে পড়েছিল, ধাক্কা খেয়েছিল পাথরের গায়ে, তারপর, মৃত বা আহত অবস্থায়, খড়ের ভেতর ডুবে গিয়েছিল। তারপর, সে-রাতের ঝড়ের কারণে সৃষ্টি হওয়া ভূমিধসটা খড়, ভূখণ্ডের খানিকটা আর হতভাগ্য তরুণের লাশটা টেনে নামিয়ে নিয়ে গিয়েছিল পুব টাওয়ারের নিচে।'

'এই সমাধানটার কথা ভাবা আমাদের মনের জন্যে কম কষ্টকর একথা বলছেন কেন?'

'প্রিয় অ্যাড্‌সো, একান্ত প্রয়োজন না হলে ব্যাখ্যা-বিশ্লেষণ আর কারণের সংখ্যাবৃদ্ধি করা উচিত নয়। আদেল্‌মো যদি পুব টাওয়ার থেকে পড়ে থাকে তাহলে সে নিশ্চয়ই গ্রন্থাগারে ঢুকেছে, সে যাতে কোনো বাধা দিতে না পারে সেজন্যে কেউ নিশ্চয়ই তাকে আঘাত করেছে, তারপর এই লোকটি নিশ্চয়ই কোনো না কোনোভাবে পিঠে একটা মৃতদেহ নিয়ে জানালা পর্যন্ত উঠেছে, সেটা খুলেছে, তারপর হতভাগ্য সন্ন্যাসীকে ছুঁড়ে ফেলেছে। কিন্তু আমার প্রকল্প বা অনুমানে আমাদের দরকার হচ্ছে শুধু আদেল্‌মো, তার সিদ্ধান্ত আর খানিকটা ভূমির স্থানান্তর। অপেক্ষাকৃত কমসংখ্যক কারণ দিয়েই সবকিছুর ব্যাখ্যা করা যাচ্ছে।'

'কিন্তু সে আত্মহত্যা করতে যাবে কেন?'

'কিন্তু কেউ তাকে হত্যা করতে যাবে কেন? দুক্ষেত্রেই কারণগুলো বের করতে হবে। আর আমার কোনো সন্দেহই নেই যে, তা ছিল। এডিফিসিয়ামে একটা ঢাক ঢাক গুড় গুড় অবস্থা আছে; সবাই কিছু একটা চেপে যাচ্ছে। এদিকে, আদেল্‌মো আর বেরেঙ্গারের মধ্যে থাকা খানিকটা অদ্ভুত একটা সম্পর্ক বিষয়ে কিছু আভাস-ইঙ্গিত পেয়েছি আমরা—যদিও তা বেশ আবছা। তার অর্থ হচ্ছে, সহকারী গ্রন্থাগারিকের ওপর একটা চোখ রাখতে হবে আমাদের।'

আমরা যখন এসব কথা বলছি, ততক্ষণে সান্ধ্যপ্রার্থনা অনুষ্ঠান শেষ হয়ে গেছে। রাতের খাবারের জন্যে প্রস্তুত হওয়ার আগে ভৃত্যরা তাদের নিজ নিজ কাজে ফিরে যাচ্ছে, খাবার ঘরের দিকে যাচ্ছে সন্ন্যাসীরা। আকাশ এখন অন্ধকার, বরফ পড়তে শুরু করেছে। নরম বরফ-কুচিপূর্ণ হালকা সেই তুষারপাত আমার ধারণা রাতের বেশিরভাগ সময় ধরেই হয়েছিল, কারণ, পরদিন সকালে—সেকথা বলব আমি—সাদা একটা চাদরে ঢেকে গিয়েছিল গোটা মঠের ঘেরা জমিটা।

খিদে পেয়েছিল আমার, ফলে খাবার টেবিলে যাওয়ার প্রস্তাবটাকে বেশ স্বস্তির সঙ্গেই স্বাগত জানালাম।

টীকা
[১১২.]বড় একখণ্ড কাগজ এক ভাঁজ করে তৈরি দুই পাতা বা চার পৃষ্ঠা। অনুবাদক

[১১৩.]in anigmate

অনুবাদ: রহস্যময়

[১১৪.]কিমেরা: গ্রীক পুরাণে উল্লিখিত সিংহের মাথা, ছাগলের দেহ আর সাপের লেজবিশিষ্ট প্রাণী যার মুখ থেকে আগুন ঝরত। অনুবাদক

[১১৫.]ম্যান্টিকোর: মিশরীয় স্ফিংস-এর মতো একটি কিংবদন্তীতুল্য প্রাণী, যার দেহ লালবর্ণ সিংহের, মাথা মানুষের মতো, মুখে হাঙরের মতো তিন সারি ধারালো দাঁত। দূর থেকে দেখলে প্রথমে দাড়িঅলা মানুষ বলে ভুল হয় এটিকে। প্রাণীটির অন্যান্য বৈশিষ্ট্যগুলো একেক কাহিনীতে একেক রকম। ম্যান্টিকোর পুরাণের উৎস পারস্যদেশীয়, যেখানে সেটার নাম ছিল মানুষখেকো। অনুবাদক

Image
mantikor.jpg
Image
mantikor2.jpg

[১১৬.]গ্রাইফন বা গ্রিফিন: গ্রিফিন, গ্রিফন বা গ্রাইফন নামে সমধিক পরিচিত কিংবদন্তীতুল্য প্রাণীটির দেহ সিংহের, আর মাথা ও ডানা ঈগলের। সিংহকে যেহেতু সাধারণত পশুর রাজা বলে মনে করা হয় এবং এবং ঈগলকে পাখীদের, তাই গ্রিফিনকে বিশেষভাবে শক্তিশালী আর রাজসিক প্রাণী হিসেবে ভাবা হতো। অনুবাদক

Image
nor_11.jpg

[১১৭.]মার্টেন: বন্য প্রাণী। মার্কিন মার্টেনকে অনেক সময় ইউরোপীয় পাইন মার্টেন এবং রুশ সেবল বলে ভুল হয়। কিন্তু এরা ভিন্ন প্রজাতির মার্টেন। রেশমের মতো লোম এবং এক থেকে দেড় ইঞ্চি লম্বা মোটা চুল বিশিষ্ট মার্টেন হলদেটে গোলাপী রঙের হয়ে থাকে। কোনো কোনো মার্টেনের গলার দিকে কমলা অথবা কখনো কখনো মাখনের মতো সাদা ছোপ দেখতে পাওয়া যায়। পুরুষ মার্টেন স্ত্রী মার্টেনের চাইতে বেশ বড় আকৃতির হয়; এদের গড়পড়তা ওজন ২ থেকে ৩ পাউন্ড; এরা ৯ থেকে ১২ ইঞ্চি লম্বা লোমশ লেজ সহ গড়ে ২৫ থেকে তিরিশ ইঞ্চি লম্বা হয়ে থাকে।

Image
nor_12.jpg

[১১৮.]Verba

অনুবাদ: শব্দ

[১১৯.]বুক অভ আওয়ার্স (Book of Hours): মধ্যযুগে জনপ্রিয়তা অর্জনকারী এই ভক্তিমূলক গ্রন্থটিই সেসময়কার অলংকৃত পাণ্ডুলিপির মধ্যে যেগুলো এখনো টিকে আছে সেসবের মধ্যে সবচাইতে সহজলভ্য বা সাধারণ। প্রতিটি পাণ্ডুলিপির মতোই বুক অভ্ আওয়ার্স-এর পাণ্ডুলিপিগুলো কোনো না কোনো দিক থেকে অনন্য, তবে সেগুলোর বেশিরভাগেই রয়েছে একই ধরনের লেখা, প্রার্থনা, আর স্তোত্র, যার সঙ্গে প্রায়ই রয়েছে, খৃষ্টীয় ভক্তি উদ্রেককারী, যথোপযুক্ত সাজসজ্জা। এসব সাজসজ্জা বা অলংকরণ কখনো কখনো একেবারে ন্যূনতম, প্রায়ই যা স্তোত্রের শুরুতে বড় হাতের অলংকৃত অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ। তবে সম্পন্ন কোনো পৃষ্ঠপোষকের জন্যে তৈরি-করা বইগুলো পূর্ণ-পৃষ্ঠা মিনিয়েচার শোভিত যারপরনাই জাঁকজমকপূর্ণ হওয়া মোটেই বিচিত্র ছিল না।

এসব বুক অভ আওয়ার্স সাধারণত লাতিনেই লেখা হতো&mmdash;লাতিন ভাষায় বইগুলোর নাম ছিল হোরে (horae)—যদিও অনেকগুলোই পুরোপুরি বা আংশিকভাবে ইউরোপীয় কোনো ভার্নাকুলার, বিশেষ ক'রে ওলন্দাজ ভাষায় লেখা। সারা পৃথিবীতে বিভিন্ন গ্রন্থাগারে এবং ব্যক্তিগত সংগ্রহে লাখ লাখ বুভ অভ আওয়ার্স এখনো রয়েছে। ।

Image
nor_14.jpg

[১২০.]"Sanctus Sanctus Sanctus"

অনুবাদ: "পবিত্র, পবিত্র, পবিত্র"

ভাষ্য: মাস্-এর অনুশাসন থেকে। "পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু; সমস্ত পৃথিবী তোমার প্রতাপে পরিপূর্ণ। ঊর্দ্ধলোকে হোশান্না (Hosanna)| (যিশাইর ৬:৩ বা Isaiah 6:3)Ó ধন্য (তিনি) যিনি প্রভুর নামে আসিতেছেন। ঊর্ধ্বলোকে হোশান্না! (মথি ২১:৯)।" 'পবিত্র' শব্দটির ত্রিগুণ ব্যবহার ট্রিনিটি-র (অর্থাৎ খৃষ্টীয় ধর্মতত্ত্ব অনুযায়ী একই ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র এবং পবিত্রাত্মার সম্মিলন) দৃঢ় স্বীকৃতির সূচক।

[১২১.]Aller wunder si geswigen,
Das erde bimel bât uberstigen
Daz sult ir vür ein wunder wigen

অনুবাদ: সব আশ্চর্যের ব্যাপারে থাকো নীরব হয়ে;
মর্ত্য যে উঠেছে স্বর্গের চাইতে উঁচুতে
তাই কি নেবে না মেনে আজব বলে?

[১২২.]Er ob un bimel unter,
Das sult ir bân besunder
Vür aller wunder ein wunder.

অনুবাদ: মর্ত্য ওপরে, নিম্নে স্বর্গ,
একেই, ধরে নাও, মোটের ওপর
আজবের চাইতে আজব আবার।

[১২৩.]'Verba vana aut risui apta non loqui'

অনুবাদ: 'এমন কোনো কথা বোলো না যা ফাঁকা বুলি বলে মনে হয় বা হাসির খোরাক যোগায়।'

ভাষ্য: বেনেডিক্টীয় 'নীতি'-র ৪র্থ পরিচ্ছেদ, 'Quae sunt instrumenta bonorum,' 'এসব হচ্ছে ভালো কাজের হাতিয়ার' থেকে নেয়া।

[১২৪.]exempla

অনুবাদ: উদাহরণ

[১২৫.]অ্যারিওপেগাইট ডায়োনিসাস: (৬ষ্ঠ খৃষ্টাব্দ): ছদ্ম-ডায়োনিসাস নামেও পরিচিত অ্যারিওপেগাইট ডায়োনিসাস হচ্ছে লিটার্জিকাল এবং মরমীবাদী ঈশ্বরতত্ত্ব বিষয়ক, গ্রীক ভাষায় রচিত, অপেক্ষাকৃত কম পরিচিত চারটি গ্রন্থের এক লেখকের ছদ্মনাম। এথেন্সের অ্যারিওপেগাসে (অ্যাক্টস: ১৭:৩৪) সন্ত পলের হিতোপদেশ শোনার পর খৃষ্টধর্ম গ্রহণ করা ডায়োনিসাসের নামে বইগুলো প্রকাশ করার পেছনে নিঃসন্দেহে তাঁর এই উদ্দেশ্য ছিল যে এতে ক'রে গ্রন্থগুলোর গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। নিওপ্লেটোনিস্ট ঘরানার এই চারটি গ্রন্থতে আলোচিত হয়েছে স্বর্গীয় হায়ারার্কি, যাজকীয় হায়ারার্কি, স্বর্গীয় বা ঐশ্বরিক নামসমূহ, এবং মরমীবাদী ঈশ্বরতত্ত্ব। ডায়োনিসাসের স্বর্গীয় এবং পার্থিব হায়ারার্কি পরস্পরসম্পর্কযুক্ত তিনটি বিষয়ের মাধ্যমে বর্ণিত হয়েছে, ট্রিনিটি থেকে শুরু হয়ে তিনটি তিনটি করে দেবদূতদের নয়টি কয়ারের মধ্য দিয়ে, বিশপ, যাজক এবং ডিকনদের পার্থিব গির্জায় নেমে এসেছে সেটি। দ্য ডিভাইন নেইমস নামে তাঁর ক্লাসিক গ্রন্থটি ঈশ্বর সম্পর্কে বাইবেলের মাধ্যমে পাওয়া মানুষের জ্ঞান বিষয়ে রচিত। প্রোক্লাসের নিওপ্লেটোনিক চিন্তা-ভাবনা ঈশ্বরতত্ত্ব ব্যাখ্যায় প্রয়োগ ক'রে ডায়োনিসাস বিভিন্ন নামের উল্লেখ করেছেন যেগুলো ঈশ্বরের ক্ষেত্রে প্রয়োগ করা যায়; উদাহরণস্বরূপ: শুভ, ঐক্য, ট্রিনিটি, প্রেম, সৌন্দর্য, সত্তা, জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি।

[১২৬.]per speculum et in aenigmate

অনুবাদ: আয়নার মধ্যে এবং অস্বচ্ছভাবে

ভাষ্য: দেখুন সন্ত পল, ১ করিন্থীয়গণ ১৩:১২। "… একটি অন্ধকারাচ্ছন্ন কাচের মধ্যে দিয়ে।"

[১২৭.]মন্তিয়ের-এন-দার-এর অ্যাড্‌সো : দশম শতকের বেনেডিক্টীয় শিক্ষক এবং লেখক। তিনি ৯৬০ খৃষ্টাব্দে মন্তিয়ের-এন-দার-এর মোহান্ত নিযুক্ত হন, তার পরে, সেইন্ট বিনাইন-এর। পুণ্যভূমিতে ভ্রমণের সময় সমুদ্রে মৃত্যু ঘটে তাঁর, এবং গ্রীসের অদূরে, সাইক্লাডিক্স দ্বীপে তাঁকে সমাধিস্থ করা হয়। অসংখ্য সন্তের জীবনী লেখক হিসেবে তিনি খ্যাতি লাভ করলেও "অপখৃষ্টের উৎস এবং সময় বিষয়ে রাণী গারবেরগাকে লেখা চিঠি"-ই (Epistola ad Gerbergam reginam de ortu et tempore Antichristi) তাঁর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এটি অপখ্রিষ্ট বিষয়ক ক্ষুদ্র পুস্তক (Libellus de Antichristi) নামেও পরিচিত। ফ্রান্সের রাণী গারবেরগার অনুরোধে এটি লিখেছিলেন তিনি। "শেষ বিশ্ব সম্রাট"-এর ধারণা প্রতিষ্ঠিত করার ব্যাপারেও সাহায্য করেছিল এই রচনাটি, যে-সম্রাট অপখৃষ্টের উত্থানের আগে খৃষ্টীয় সমপ্রদায়কে ঐক্যবদ্ধ এবং মুসলিমদেরকে পরাজিত করবে। একাদশ এবং দ্বাদশ শতকে অনেকেই নানান ছদ্মনামে অসংখ্যবার নানানভাবে চিঠিটি বার বার লিখেছিলেন এবং সেগুলো জনে জনে বিলি করা হয়েছিল।

[১২৮.]Libellus de Antichristo

অনুবাদ: অপখ্রিষ্ট বিষয়ক ক্ষুদ্র পুস্তক।

[১২৯.]"Oculi de vitro cum capsula!"

অনুবাদ: "ফ্রেমসহ চমশা" (আক্ষরিক অর্থে, "কাচের চোখ")!

[১৩০.]ab oculis ad legendum

অনুবাদ: পাঠ করার চোখের জন্যে, (আক্ষরিক অর্থে, থেকে)

ভাষ্য: ১৪ শ শতকের ভিনিসীয় নথিপত্রে পাওয়া যাচ্ছে vitreos ab oculis ad legendum এবং oculos de vitro cum capsula. একেবারে গোড়ার দিকের চশমাগুলো ছিল তাদের জন্যে যাদের দূরের জিনিস দেখতে অসুবিধা হতো, কারণ ওই ধরনের লেন্স তৈরি করা সহজ ছিল।

[১৩১.]amquam ab iniustis possessoribus

অনুবাদ: যেন অযোগ্য মালিকদের কাছ থেকে

(চলবে)

ghhabib67@yahoo.com

—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters