গোলাপের নামউম্বের্তো একো
উম্বের্তো একো
অনুবাদ: জি এইচ হাবীব
———————————————————————————
ধারাবাহিক উপন্যাস । কিস্তি ৫
———————————————————————————
(কিস্তি ৪-এর পরে)
বি কে ল দু টো থে কে তি ন টে র দি কে
উইলিয়ামের সঙ্গে ভেষজবিদ সেভেরিনাসের অতি পাণ্ডিত্যপূর্ণ কথপোকথন
আবার আমরা মাঝ নেইভ[৮৮] ধ'রে হেঁটে সেই দরজা দিয়ে বেরিয়ে এলাম যেটা দিয়ে ঢুকেছিলাম। তখনো উবার্তিনোর কথাগুলো, প্রত্যেকটা শব্দ, গুঞ্জন করছিল আমার মাথায়।
'লোকটা… বড্ড অদ্ভুত,' সাহস ক'রে না বলে পারলাম না উইলিয়ামকে।
'অনেক দিক থেকেই মহৎ একজন লোক উনি, দীর্ঘদিন ধরেই। কিন্তু এই কারণেই উনি অদ্ভুত। কেবল তুচ্ছ লোকজনকেই স্বাভাবিক বলে মনে হয়। যে-সমস্ত হেরেটিককে আগুনে পুড়ে মরতে তিনি সাহায্য করেছেন, উবার্তিনো কিন্তু তাদেরই মতো একজন হতে পারতেন, আবার হতে পারতেন হোলি রোমান চার্চের কার্ডিনাল-ও। এই দুই বিকৃতিরই খুব কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। উবার্তিনোর সঙ্গে যখন আমি কথা বলি আমার তখন মনে হয় নরক হচ্ছে উল্টো দিক থেকে দেখা স্বর্গ।'
কথাটার মানে ধরতে পারলাম না আমি। জিগ্যেস করলাম, 'কোন দিক থেকে?'
……..
প্রচ্ছদ, দা নেম অফ দা রোজ
………>
উইলিয়াম সমস্যাটা স্বীকার করলেন, 'হুঁ, তা, ঠিক। ব্যাপারটা হচ্ছে আদৌ কোনো দিক রয়েছে কিনা, আর আদৌ কোনো সম্পূর্ণ জিনিস রয়েছে কিনা তা জানা। কিন্তু আমাকে বিশেষ আমল দিও না। আর ওই প্রবেশপথটার দিকে তাকানো বন্ধ করো,' ভেতরে ঢোকার সময় দেখা মূর্তিগুলোর দিকে আকৃষ্ট হয়ে আমি ঘুরে দাঁড়াচ্ছি এমন সময় আমার ঘাড়ে আলতো একটা টোকা দিয়ে বললেন উইলিয়াম। 'আজকের মতো যথেষ্ট ভয় দেখিয়েছে ওগুলো তোমাকে। সবগুলোই।'
বেরোবার পথের দিকে পিঠ ফেরাতে সামনে আরেক সন্ন্যাসীকে দেখতে পেলাম আমি। উইলিয়ামেরই বয়েসী হবেন। মৃদু হেসে আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন তিনি আমাদের। বললেন তিনি সাঙ্ক্্ট্ ভেনডেল-এর সেভেরিনাস, স্নানাগার, হাসপাতাল আর বাগানগুলোর দায়িত্বে আছেন, তাছাড়া, মঠ-এর কম্পাউন্ডটা যদি আমরা আরো ভালো ক'রে ঘুরে দেখতে চাই তাহলে তিনি আমাদের সেবায় নিয়োজিত হবেন।
উইলিয়াম তাঁকে ধন্যবাদ জানিয়ে বললেন মঠে প্রবেশের সময়ই তিনি চমৎকার সব্জি বাগানটা খেয়াল করেছিলেন, আর বরফের ভেতর দিয়ে দেখে যতটুকু তিনি ঝুঝেছিলেন, ওখানে কেবল ভোজ্য উদ্ভিদই ছিল না, ছিল ওষুধের গুণাবলী সম্পন্ন উদ্ভিদও।
খানিকটা ক্ষমা প্রার্থনার সুরে সেভেরিনাস বললেন, 'গ্রীষ্মে বা বসন্তে বিচিত্র রকমের উদ্ভিদের মধ্যে দিয়ে, যার প্রতিটি তখন সেটার ফুলে শোভিত থাকে, বাগানটা আরো ভালোভাবে স্রষ্টার গুণগান করতে পারে। কিন্তু এখন, এই শীতেও ভেষজবিদের চোখ শুকনো ডালপালার ভেতর দিয়ে সেসব উদ্ভিদ দেখতে পাচ্ছে যেগুলো আগামী দিনগুলোতে আসছে, আর সে আপনাদেরকে এটুকু বলতে পারে যে এই বাগানটা সাবেক কালের অন্য যেকোনো হার্বালের চাইতে সমৃদ্ধ, আরো বেশি রঙিন, ওই বইগুলোর অলংকরণের মতো সুন্দর। তাছাড়া শীতকালেও ভালো লতা-গুল্ম জন্মায়, আর নানান জায়গা থেকে অন্যান্যগুলো জোগাড় করে সুন্দর ক'রে পাত্রে রেখে আমার ল্যাবরেটরিতে আমি সেসব সংরক্ষণ করি। আর উড সরেল-এর শেকড় দিয়ে আমি সর্দি সারাই, আলথিয়া শেকড়ের ক্বাথ দিয়ে আমি চর্ম রোগের প্লাস্টার তৈরি করি। বার একযিমা দূর করে; ক্লেরুটের মৌলকাণ্ড টুকরো টুকরো ক'রে কেটে পিষে নিয়ে আমি ডায়ারিয়া আর কিছু কিছু মেয়েলী রোগের চিকিৎসা করি; মরিচ একটা চমৎকার হজমকারক; কল্ট্স্ফুট কাশি ভালো করে; আর তাছাড়া, হজমের জন্যে আমাদের আছে কিছু ভালো জেনশিয়ান[৮৯], এছাড়াও আমার আছে গ্লাইকিরিৎযা আর জুনিপার[৯০], চমৎকার কিছু আরক বানাবার জন্যে, আর আছে এল্ডার গাছের বাকল যা দিয়ে আমি যকৃতের জন্যে ক্বাথ তৈরি করি, আছে সোপওয়ার্ট, সেটার শেকড় ঠাণ্ডা পানিতে ভিজিয়ে নরম করা হয় সর্দির চিকিৎসার জন্যে; আর ভ্যালেরিয়ান[৯১], যার গুণাগুণের কথা তো আপনার জানাই আছে।'
'আপনার কাছে নানান আবহাওয়া উপযোগী দারুণ বৈচিত্র্যপূর্ণ লতাগুল্ম রয়েছে দেখছি। কী ক'রে এসব যোগাড় করেন?'
'একদিকে আমি এসবের জন্যে প্রভুর দয়ার কাছে ঋণী, আমাদের এই উচ্চভূমিটি তিনি একটা পর্বতমালা আর আরো উঁচু একটা পাহাড়ের মাঝখানে স্থাপন করেছেন, পর্বতমালার ওপর থেকে দক্ষিণে সমুদ্র দেখা যায় আর উচ্চভূমিটি সেই সমুদ্রের উষ্ণ বায়ু পায়, আর সেই আরো উঁচু পাহাড়টির আরণ্যক বৃক্ষনির্যাস আমরা পাই। আবার অন্যদিকে, এর জন্যে আমি আমার শিল্পের কাছে ঋণী, যেটা, অযোগ্যভাবে, আমি আমার প্রভুদের কাছ থেকে শিখেছি। কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো প্রতিকূল আবহাওয়াতেও জন্মাবে যদি আপনি সেসবের চারদিকের মাটির যত্ন নেন, সেসবের পুষ্টি আর বেড়ে ওঠার দিকে খেয়াল রাখেন।'
আমি শুধোলাম, 'কিন্তু আপনার কাছে তো এমন উদ্ভিদও আছে যেগুলো শুধু খেতেই ভালো?'
'পেটুক বাবাজি আমার, খাবার হিসেবে ভালো কিন্তু শরীরের চিকিৎসার জন্যে ভালো না এমন কোনো উদ্ভিদ নেই, তবে শর্ত হচ্ছে সেসবের পরিমাণ সঠিক হতে হবে। বেশি খেলেই কেবল সেগুলোতে অসুখ করে। কুমড়োর কথাই ধরি। প্রকৃতিগতভাবেই জিনিসটা ঠাণ্ডা আর আর্দ্র, তেষ্টা মেটায়, কিন্তু পচা কুমড়ো খেলে ডায়রিয়া হবে, তখন তোমার পেট ঠিক করতে লবণজল আর সর্ষে লাগবেই। আর পেঁয়াজ? উষ্ণ আর আর্দ্র, অল্পমাত্রায় খেলে জিনিসটা সঙ্গম দীর্ঘায়িত করে (মানে, স্বাভাবিকভাবেই, তাদের কথা বলছি যারা আমাদের মতো সন্ন্যাসব্রত অবলম্বন করেনি), কিন্তু বেশি খেলে মাথা ভারী হয়ে আসে, তখন দুধ আর ভিনেগার লাগে সেটা ঠিক করতে।' তারপর ধূর্তভাবে তিনি যোগ করলেন, 'আর সেজন্যেই তরুণ সন্ন্যাসীদের জিনিসটা অল্প ক'রে খাওয়া ভালো। তার চেয়ে রশুন খাও। উষ্ণ আর শুষ্ক, রশুন বিষক্রিয়া ঠেকাতে খুব কাজে দেয়। তবে এটাও যেন বেশি খেয়ো না, কারণ তাতে মগজ থেকে খুব বেশি দেহরস নির্গত হয়। অন্যদিকে আবার, বরবটি খেলে প্রস্রাব হয়, গোশ্ত লাগে গায়ে গতরে, দুটোই বেশ ভালো ব্যাপার। কিন্তু জিনিসটা আবার দুঃস্বপ্ন সৃষ্টি করে। অন্য কিছু গুল্মের চাইতে অনেক কম যদিও। কিছু কিছু গুল্ম তো রীতিমত পাপপূর্ণ স্বপ্নাবেশ তৈরি করে।'
'কোনগুলো?' আমি শুধোলাম।
'এই দেখো, আমাদের নবিশ বাবু বড্ড বেশি জানতে চায়। এগুলো কেবল ভেষজবিদেরই জানার কথা। নইলে যে-কোনো বিবেচনাহীন মানুষ নানান স্বপ্নাবেশ বিলাতে শুরু করবে। কিংবা বলা যায়, এসব লতাগুল্মের ভেতর শুয়ে থাকবে।'
উইলিয়াম বললেন, 'কিন্তু এসব স্বপ্নাবেশের হাত থেকে বাঁচার জন্যে তো নেহাত খানিকটা বিছুটি বা রয়ব্রা বা অলিরিবাস-ই যথেষ্ট। আমার ধারণা আপনার কাছে এসব উপকারী লতাগুল্ম ঠিকই আছে।'
আড়চোখে একবার আমার গুরুর দিকে তাকালেন সেভেরিনাস। 'ভেষজবিদ্যায় আগ্রহ আছে বুঝি আপনার?'
উইলিয়াম বিনয়ের সঙ্গে বললেন, 'এই খানিকটা আর কি। Ububchasym de Baldach[৯১]-এর থিয়েট্রাম স্যানিটাটিস[৯২]-এর কল্যাণে…'
'আবুল আহসান আল-মুখতার ইব্নে-বোলতান।'
'বা Ellucasim Elimittar, যেটা আপনার পছন্দ। এখানে বইটার একটা কপি পাওয়া যাবে কিনা ভাবছিলাম।'
'অসাধারণ সব অলংকরণসহ সবচেয়ে সুন্দর কপিগুলোর একটা পাবেন।'
'সেটাও আছে। আরো আছে অ্যারিস্টটলের De plantis[৯৫] আর De vegetalibus[৯৬], সারশেল -এর আলফ্রেড[৯৭]-এর অনুবাদে।' উইলিয়াম মন্তব্য করলেন, 'আমি শুনেছিলাম বইটা নাকি অ্যারিস্টটলের লেখা নয়, ঠিক যেমনটা জানা গেছে De causis[৯৮]-ও তার লেখা নয়।'
'সে যাই হোক, বইটা কিন্তু অসাধারণ,' সেভেরিনাস মন্তব্য করলেন, আর লক্ষ করলাম ভেষজবিদ De vegetalibus-এর কথা বললেন নাকি De causis-এর কথা তা জিগ্যেস না ক'রেই আমার গুরুও সঙ্গে সঙ্গে তাতে সায় দিলেন। বই দুটোর কোনোটির সঙ্গেই অবশ্য আমার পরিচয় নেই, তবে ওঁদের কথাবার্তা শুনে বুঝলাম নিশ্চয়ই অসাধারণই হবে সেগুলো।
সেভরিনাস বললেন, 'লতাগুল্ম নিয়ে আপনার সঙ্গে খোলামেলা কিছ কথা বলতে পারলে ভালো লাগবে আমার।'
'আমারও,' উইলিয়াম বললেন। 'কিন্তু তাতে কি আপনার সম্প্রদায়ের নীরবতার নীতি ভঙ্গ করা হবে না?'
সেভেরিনাস বললেন, 'বিভিন্ন সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে শতাব্দীর পর শতাব্দী ধরে "নীতি" (সন্ত বেনেডিক্টের "নীতি") লেক্টিও ডিভিনা[৯৯]-র প্রস্তাব করলেও অধ্যয়নকে করেনি। কিন্তু তারপরেও, আপনি তো জানেনই, কীভাবে আমাদের সম্প্রদায় পারলৌকিক এবং ইহলৌকিক বিষয়ে অনুসন্ধান চালিয়ে গেছে। তাছাড়া "নীতি" অনুযায়ী একটি "কমন ডমিট্রি" থাকার কথা। কিন্তু মাঝে মধ্যে রাত্রিবেলাও সন্ন্যাসীদের ধ্যানে নিমগ্ন থাকা উচিত যেমনটা আমরা এখানে করি। আর তাই সবাইকে একটি করে কুঠুরী বরাদ্দ করা হয়েছে। নীরবতার ব্যাপারে "নীতি" বড্ড কড়া, আর এখানে কায়িক পরিশ্রম করে এমন সন্ন্যাসী-ই শুধু নয় যারা লেখাপড়া করে তাদেরও ব্রাদারদের সঙ্গে কথা বলা একবারে বারণ। কিন্তু মঠ হচ্ছে প্রথমত পণ্ডিতদের একটা সম্প্রদায়, আর সন্ন্যাসীদের পক্ষে মাঝে মাঝে তাঁদের সঞ্চিত জ্ঞান সম্পদের বিনিময় মঙ্গলজনক। আমাদের অধ্যয়ন সংক্রান্ত সব ধরনের আলাপ আলোচনাই বৈধ আর লাভজনক বলেই বিবেচিত, যদি না তা খাবারঘরে বা পবিত্র ভজনার সময়গুলোতে হয়।'
'ওট্রান্টোর আদেলমোর সঙ্গে কি খুব বেশি কথাবার্তা বলার সুযোগ হয়েছে আপনার?' দুম করে প্রশ্ন করে বসলেন উইলিয়াম।
সেভেরিনাসকে দেখে মনে হলো না যে তিনি অবাক হয়েছেন। তিনি বললেন, 'মনে হচ্ছে মোহান্ত এরিমধ্যে কথা বলেছেন আপনার সঙ্গে। না, খুব একটা কথা হয়নি আমার তার সঙ্গে। অলংকরণ করেই সময় কাটতো তার। মাঝে মাঝে অন্যান্য সন্ন্যাসী যেমন সালভেমেক-এর ভেনানশিয়াস বা বার্গস্-এর ইয়র্গের সঙ্গে কথা বলতে দেখেছি আমি তাকে তার কাজের প্রকৃতি সম্পর্কে। তাছাড়া, আমি স্ক্রিপটোরিয়ামে সময় কাটাই না, থাকি আমার গবেষণাগারে।' হাসপাতাল ভবনের দিকে মাথা ঝোঁকালেন তিনি।
উইলিয়াম বললেন, 'বুঝতে পারছি। তাহলে আদেলমো কোথায় স্বপ্নাবেশে আক্রান্ত হয়েছিল আপনি তা বলতে পারেন না।'
'স্বপ্নাবেশ?'
'এই যেমন, আপনার লতাগুল্ম যেসব স্বপ্নাবেশ তৈরি করে।'
সেভেরিনাসের শরীরটা শক্ত হয়ে গেল। 'আমি কিন্তু বলেছি আপনাকে: বিপজ্জনক লতাগুল্ম আমি খুব সাবধানে আগলে রাখি।'
উইলিয়াম দ্রুত ব্যাখ্যা করলেন, 'আমি সেকথা বলিনি। আমি সাধারণ স্বপ্নাবেশের কথাই বলছিলাম।'
'বুঝলাম না,' সেভেরিনাস জোর দিয়ে বললেন।
'আমি ভাবছিলাম একজন সন্ন্যাসী, যে রাতের বেলা এডিফিসিয়ামে ঘুরে বেড়ায়, যেখানে, মোহান্ত নিজেই স্বীকার করেছেন, … যারা নিষিদ্ধ সময়ে ঢোকে তারা ভয়ংকর ঘটনার সম্মুখীন হতে পারে, ইয়ে, যা বলছিলাম, আমি ভাবছিলাম, সেই সন্ন্যাসী নারকীয় স্বপাবেশে আক্রান্ত হতে পারে যা তাকে সেই খাড়া, উঁচু গিরিচূড়ার দিকে তাড়িত করতে পারে।'
'আমি আপনাকে বলেছি: বইয়ের দরকার না হলে আমি স্ক্রিপটোরিয়ামে যাই না; তবে সচরাচর যেমন থাকে, লতাগুল্মের একটা সংগ্রহ আমার নিজেরও আছে, সেটা আমি হাসপাতালে রাখি। যা বলছিলাম, আদেলমো ছিল ইয়র্গে, ভেনানশিয়াস আর,… স্বাভাবিকভাবেই, বেরেঙ্গারের খুব ঘনিষ্ঠ।
এমনকি আমিও সেভেরিনাসের কণ্ঠের ইতস্তত ভাবটা টের পেলাম। আমার প্রভুর কাছেও সেটা ধরা পড়ল। 'বেরেঙ্গার'? আর, ওই 'স্বভাবতই'টা কেন?'
'অ্যারান্ডেলের বেরেঙ্গার, সহকারী লাইব্রেরিয়ান। ওরা একই বয়েসী ছিল, একই সঙ্গে নবিশ হিসেবে কাজ করেছে, স্বভাবতই কথা বলার মতো অনেক বিষয় থাকাই স্বাভাবিক ওদের জন্যে। সেকথাই বুঝিয়েছি আমি।'
'আচ্ছা, সেটাই বুঝিয়েছেন আপনি।' সেভেরিনাসের কথার পুনরাবৃত্তি করলেন উইলিয়াম। আমি আশ্চর্য হলাম যে ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বললেন না তিনি। সত্যি বলতে কী, চট করে প্রসঙ্গান্তরে চলে গেলেন তিনি। 'তা, এখন বোধহয় এডিফিসিয়ামটা ঘুরে দেখতে পারি আমরা। আমাদের গাইড হতে আপত্তি নেই তো আপনার?'
'মোটেই না,' স্পষ্টতই দৃশ্যমান স্বস্তির সঙ্গে সেভেরিনাস বলে উঠলেন। বাগানের পাশ ঘেঁষে আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন তিনি, নিয়ে এলেন এডিফিসিয়ামের পশ্চিম সম্মুখভাগে।
তিনি বললেন, 'রান্নাঘরে যাওয়ার দরজাটা রয়েছে বাগানের দিকে মুখ ক'রে, কিন্তু রান্নাঘরটা রয়েছে নিচতলার পশ্চিম দিকের মাত্র আদ্ধেকটা জুড়ে; বাকি আদ্ধেকটা জুড়ে রয়েছে খাবার ঘর। আর দক্ষিণের প্রবেশ পথটায়, যেটাতে পৌঁছাতে হয় গির্জার কয়ারের পেছন দিক থেকে, সেখানে আরো দুটো দরজা আছে রান্নাঘর আর খাবার ঘরে যাওয়ার জন্যে। কিন্তু আমরা এখান দিয়ে ঢুকে পড়তে পারি, কারণ রান্নাঘর থেকে তখন আমরা এগিয়ে গিয়ে খাবার ঘরে ঢুকে পড়তে পারবো।'
বিশাল রান্নাঘরটাতে ঢুকে আমি উপলব্ধি করলাম যে এডিফিসিয়ামের পুরো উচ্চতাটা অষ্টকোণী একটা অঙ্গনকে ঘিরে রেখেছে; পরে আমি বুঝতে পারি যে এটা প্রবেশের কোনো উপায়বিহীন একটা বিশাল কুয়োর মতো, যেটার ভেতর প্রতি তলায় রয়েছে চওড়া সব জানালা, যেমনটা রয়েছে বাইরের দিকে। রান্নাঘরটা হচ্ছে ধোঁয়াভর্তি বিশাল একটা এন্ট্রান্স হল, যেখানে অগুনতি ভৃত্য এরিমধ্যে রাতের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে দু'জন একটা বড় টেবিলের ওপর নানান সব্জি, বার্লি, জই আর রাইয়ের বড়া তৈরি করছে, কুচিয়ে কাটছে শালগম, হেলেঞ্চা, মুলা আর গাজর। কাছেই আরেক পাচক মদ আর পানির একটা মিশ্রণে মাছ সিদ্ধ করেছে সদ্য, তারপর তা ঢেকে দিচ্ছে সেজ্[১০০]-এর সস্, পার্সলি[১০১], টাইম[১০২], রশুন, মরিচ আর লবণ দিয়ে।
পশ্চিম টাওয়ারের নিচে মুখ ব্যাদান করে আছে রুটি তৈরির একটা প্রকাণ্ড চুলো; এরিমধ্যে সেটা লালচে অগ্নিশিখায় ঝলসে উঠছে থেকে থেকে। দক্ষিণ টাওয়ারে রয়েছে একটা বিরাট অগ্নিকুণ্ড, বড় বড় পাত্রে তরল সিদ্ধ হচ্ছে, মাংস পোড়ানোর শিক ঘুরছে। গির্জার পেছনের গোলাবাড়ির উঠোনে যাওয়ার দরজাটা দিয়ে শুয়োরপালকেরা ভেতরে ঢুকছে এখন, জবাই করা শুয়োরের মাংস নিয়ে। সেই একই দরজা দিয়ে বেরিয়ে নিজেদেরকে উঠোনে আবিষ্কার করলাম আমরা, সমতল ভূমিটার দূর পুব প্রান্তে, দেয়ালটার কাছ ঘেঁষে যেখানে বেশ কয়েকটা ভবন দাঁড়িয়ে রয়েছে। সেভেরিনাস আমাকে ব্যাখ্যা করে বললেন প্রথম কয়েকটা হচ্ছে গোলাঘর, তারপর প্রথমে ঘোড়ার পরে ষাড়ের আস্তাবলগুলো, এরপর মুরগির খোপ, আর ভেড়া রাখার ঢাকা দেয়া একটা জায়গা। শুয়োরের খোঁয়াড়গুলোর বাইরে শুয়োরপালকেরা একটা বিশাল পাত্রে রাখা সদ্য জবাই করা কিছু শুয়োরের রক্ত নাড়ছে যাতে জিনিসটা জমে না যায়। ঠিক ক'রে সময়মত নাড়া হলে রক্তটা বেশ কয়েকদিন তরল থাকবে ঠাণ্ডা আবহাওয়ার কল্যাণে, আর তারপর ওরা এটা দিয়ে রক্তের পুর তৈরি করবে।
আবার এডিফিসিয়ামে ঢুকে খাবার ঘরের দিকে একটা ত্বরিত দৃষ্টি হানলাম আমরা সেটা পার হয়ে পুব টাওয়ারের দিকে যেতে যেতে। যে-দুটো টাওয়ারের মাঝখানে খাবারঘরটা বিস্তৃত তার উত্তর দিকেরটায় একটা অগ্নিকুণ্ড রয়েছে, অন্যটায় রয়েছে একটা ঘোরানো সিঁড়ি, উঠে গেছে সেটা ওপরের তলার স্ক্রিপটোরিয়ামের দিকে। এই সিঁড়ি ধরেই সন্ন্যাসীরা যার যেখানে কাজ সেখানে উঠে যায় প্রতিদিন, অথবা তারা অন্য দুটো সিঁড়ি ব্যবহার করে, সেগুলো ততটা আরামদায়ক না হলেও বেশ উত্তপ্ত, কারণ ঘুরে ঘুরে সেগুলো এখানে উঠে গেছে অগ্নিকুণ্ডের ভেতর আর রান্নাঘরে চুলোটার ভেতর।
আজ যেহেতু রোববার তাই স্ক্রিপটোরিয়ামে কাউকে পাওয়া যাবে কিনা জিগ্যেস করলেন উইলিয়াম। সেভেরিনাস মৃদু হেসে জবাব দিলেন, 'বেনেডিক্টীয়দের জন্যে কাজই হচ্ছে প্রার্থনা। রোববার প্রার্থনা অনুষ্ঠান আরো বেশিক্ষণ ধরে চলে, তবে বই নিয়ে কাজ করার ভার যেসব সন্ন্যাসীর ওপর ন্যস্ত তারা তারপরেও কয়েক ঘণ্টা ওপরে কাটায়, সাধারণত পা-িত্যপূর্ণ মন্তব্য, পরামর্শ, পবিত্র বাইবেল নিয়ে নানান ভাবনা চিন্তায়।'
তি ন টে র প রে
স্ক্রিপ্টোরিয়াম গমন, অসংখ্য পণ্ডিত, নকলনবিস, শিরোনাম রঞ্জক আর অপখৃষ্টের জন্য অপেক্ষমান এক বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ
আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছি, তখন সিঁড়ি আলোকিত-করা জানালাগুলো লক্ষ করছিলেন আমার গুরু। আমিও বোধকরি তাঁর মতোই চতুর হয়ে উঠছিলাম, কারণ খেয়াল করলাম জানালাগুলো এমন জায়গায় বসানো হয়েছে যে কারো পক্ষেই সেখানে পৌঁছানো কঠিন। অন্যদিকে, খাবারঘরের জানালাগুলোও যে খুব সহজে অধিগম্য তা মনে হলো না, কারণ সেগুলোর নিচে কোনো আসবাবপত্র নেই (নিচতলায় সেগুলো ছাড়া আর কোনো জানালা নেই, আর সেসব জানালা দিয়ে তাকালে নিচে উঁচু, খাড়া গিরিচুড়োর সম্মুখভাগটা দেখা যায়)।
সিঁড়ির একেবারে শীর্ষে পৌঁছে উত্তর টাওয়ারের ভেতর দিয়ে স্ক্রিপ্টোরিয়ামে চলে এলাম, আর সেখানে পৌঁছানোর পর বিস্ময়ে চিৎকার না করে উঠে পারলাম না। নিচ তলার মতো দুই ভাগে বিভক্ত নয় সেটা। কাজেই সেটা তার বিপুল ব্যাপ্তি নিয়ে ধরা পড়ল আমার চোখে। সীলিংগুলো বাঁকা, খুব একটা উঁচু নয় (গির্জায় যেমনটি থাকে তার চাইতে নিচু, তবে তারপরেও, আমার দেখা চ্যাপ্টার হাউসগুলোর সীলিং-এর যে কোনোটির চাইতে উঁচু), শক্তপোক্ত মোটা থামের সাহায্যে ভররক্ষা করা হয়েছে সেগুলোর–এমন একটা পরিসরকে ঘিরে রেখেছে যা দুর্দান্ত সুন্দর আলোয় উদ্ভাসিত, কারণ দীর্ঘতর পাশগুলোর প্রতিটিতে রয়েছে তিনটি করে বিশাল খোলা জানালা, অন্যদিকে টাওয়ারের পাঁচটি বহির্ভাগের প্রতিটিতে রয়েছে একটি অপেক্ষাকৃত ছোট জানালা। আর সব শেষে, আটটি উঁচু সংকীর্ণ জানালা অষ্টকোণী কেন্দ্রীয় গহ্বরটা থেকে আলো ভেতরে পাঠাচ্ছে।
জানালার প্রাচুর্যের মানে হচ্ছে বিশাল কক্ষটি সার্বক্ষণিকভাবে চারদিকে পরিব্যাপ্ত আলোতে উদ্ভাসিত থাকে, এমনকি শীতের বিকেলেও। জানালার কাচের পাতগুলো গির্জার জানালার কাচের মতো রঙিন নয়, আর স্বচ্ছ কাচগুলোর সীসার ফ্রেমওয়ালা চৌখুপিগুলো আলোকে পাঠায় সম্ভাব্য সবচাইতে বিশুদ্ধ উপায়ে, মানুষের তৈরি শিল্পের মাধ্যমে পরিবর্তিত করে নয়, আর কাজেই সেটার যা উদ্দেশ্য অর্থাৎ পড়া ও লেখার কাজগুলোকে আলোকিত করা, তা ঠিক মতোই করে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বহু স্ক্রিপটোরিয়াম দেখেছি আমি, কিন্তু সেগুলোর কোনোটিতেই কামরাটিকে দেদীপ্যমান করে তোলা প্রাকৃতিক আলোর এমন ধারাবর্ষণের মধ্যে এতো উজ্জ্বলভাবে জ্বলতে দেখিনি কোনো আধ্যাত্মিক নীতিকে, যেটাকে আলো মূর্ত করে তুলেছে, এমন ঔজ্জ্বল্য, সমস্ত সৌন্দর্য আর বিদ্যার উৎস, কামরাটি যে-অনুপাতটির মূর্ত প্রকাশ তার অবিচ্ছেদ্য অংশ। কারণ তিনটি বিষয়ের সম্মিলনে সৌন্দর্য সৃষ্টি হয়: প্রথমত, অখণ্ডতা বা পূর্ণতা; আর সে-কারণেই আমরা অসম্পূর্ণ সব কিছুকেই কুৎসিত বলে গণ্য করি; এরপর হচ্ছে সঠিক অনুপাত বা ঐক্য; এবং সব শেষে স্পষ্টতা ও আলো, আর সত্যি বলতে কী, আমরা সে-সমস্ত জিনিসকেই সুন্দর বলি যেসবের সুনির্দিষ্ট রঙ রয়েছে। আর যেহেতু সুন্দরের দর্শন মানে হচ্ছে শান্তি, আর যেহেতু শান্তিময়তা শুভত্ব এবং সৌন্দর্য একইভাবে আমাদের ক্ষুধা প্রশমিত করে তাই আমার মনে হলো আমি এক বিপুল সান্ত¡নায় পরিপূর্ণ হয়ে গেছি; ভাবলাম, এখানে কাজ করতে পারলে ব্যাপারটা কত চমৎকারই না হতো। সেই অপরাহ্ণে আমার কাছে মনে হলো ওটা বিদ্যার এক আনন্দপূর্ণ কর্মশালা। পরে আমি সেন্ট গল-এ একই আকারের একটা স্ক্রিপ্টোরিয়াম দেখেছিলাম, সেটাও গ্রন্থাগার থেকে বিচ্ছিন্ন ছিল (অন্যান্য কনভেন্টে বই যেখানে রাখা হতো সেখানেই সন্ন্যারীরা কাজ করতো), কিন্তু এটার মতো এতো চমৎকারভাবে সুবিন্যস্ত ছিল না। পুরানিদর্শনবিদ্, গ্রন্থাগারিক, শিরোনামরঞ্জক আর পণ্ডিতেরা সবাই যার যার নিজের ডেস্কে বসা, আর প্রতিটি জানালার নিচেই রয়েছে একটি করে ডেস্ক। জানালা যেহেতু চল্লিশটি (আসলেই নিখুঁত একটি সংখ্যা যা কোয়াড্রাগনকে বিভক্ত করে তৈরি হয়েছে, যেন দশ অনুজ্ঞা বা টেন কমান্ডমেন্টকে চারটি প্রধান পুণ্য দিয়ে গুণ করা হয়েছে, একই সময়ে চল্লিশজন সন্ন্যাসী কাজ করতে পারে, যদিও সেসময়ে বোধহয় জনা তিরিশেক ছিল। সেভেরিনাস আমাদেরকে ব্যাখ্যা করে বললেন টার্স (সকাল ন'টা), সেক্সট (দুপুর), আর নোনয-এর (বিকেল দুটো থেকে তিনটের মধ্যবর্তী সময়) উপাসনা থেকে স্ক্রিপ্টোরিয়ামে কর্মরত সন্ন্যাসীদের অব্যাহতি দেয়া হয়েছে, যাতে করে দিনের আলো থাকাকালীন তাদেরকে কাজ ছেড়ে উঠতে না হয়, তাদের কাজ শেষ হয় সেই সূর্যাস্তের সময়, ডেসপার্সের উপাসনার জন্যে।
সবচাইতে আলোকিত স্থানগুলো সংরক্ষিত রয়েছে প্রত্নতত্ত্ববিদ্, সবচাইতে দক্ষ আলঙ্কারিক, শিরোনাম রঞ্জক, আর নকলনবিশদের জন্যে। প্রতিটি ডেস্কেই রয়েছে অলঙ্করণ আর নকল করার প্রয়োজনীয় সব কিছু: শিং-এর তৈরি ছোট্ট দোয়াত, পাখির পালকের চমৎকার কলম–কয়েকজন সন্ন্যাসী পাতলা ছুরি দিয়ে সেগুলো ছুঁচলো করছিল, পার্চমেন্ট মসৃণ করার ঝামা পাথর, লেখা সোজা রাখার জন্যে লাইন টানার রুলার। প্রত্যেক লিপিকরের পাশে অথবা ঢালু ডেস্কের একেবারে ওপরে রয়েছে একটা লেকটার্ন, আর সেটার ওপরেই রাখা পুঁথিগুলো, যেগুলো কপি করতে হবে, কেটে বানানো ফোকরসহ এক তা কাগজ দিয়ে পৃষ্ঠাটি ঢাকা, সে-মুহূর্তে যে-লাইনটি নকল করা হচ্ছে ফোকরটি সেই লাইনটিকে ঘিরে রেখেছে। কোনো কোনোটিতে রাখা আছে সোনালী এবং আরো বিভিন্ন রঙের কালি। অন্য সন্ন্যাসীরা স্রেফ বই পড়ছে, মাঝে মাঝে টীকা-ভাষ্য লিখে রাখছে তাদের ব্যক্তিগত নোটবইয়ে বা লেখার ফলকে।
তাদের কাজের দিকে অবশ্য নজর দেবার সময় পাইনি আমি, কারণ তার আগেই গ্রন্থাগারিক এসে হাজির হলেন আমাদের মাঝে। আমাদের জানা ছিল তিনি হচ্ছেন হিল্ডেশেম-এর মালাকি[১০৩]। স্বাগত জানাবার মতো একটা অভিব্যক্তি প্রকাশ করতে চাইছিল তার মুখটা, কিন্তু এমন অদ্ভুত একটা মুখমণ্ডল দেখে শিউরে না উঠে পারলাম না আমি। লম্বা আর খুব পাতলা তিনি, অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় বড়, খাপছাড়া। বেনেডিক্টীয় সম্প্রদায়ের কালো আলখাল্লায় গা ঢেকে তিনি যখন বড় বড় পদক্ষেপে হেঁটে আসছিলেন তখন তাঁর হাবভাবে কেমন যেন একটা বিপর্যস্ত ভাব ফুটে উঠছিল। বাইরে থেকে আসার কারণে তখনো উঠিয়ে রাখা তার মস্তকাবরণটা তাঁর মুখের পাণ্ডুরবর্ণের ওপর একটা ছায়া ফেলেছিল, আর তাঁর বড় বড় বিষণ্ন চোখগুলো দান করেছিল একটা বিশেষ যন্ত্রণাকাতর বৈশিষ্ট্য। তাঁর মুখের হাবভাব দেখে মনে হলো তাতে সেসব সুতীব্র আবেগের ছাপ পড়েছে যেগুলো তার ইচ্ছাশক্তি শক্ত হাতে নিয়ন্ত্রণ করলেও মুখের নানান অংশকে এমনভাবে জমাটবদ্ধ করে ফেলেছে যে সেগুলোতে আর প্রাণ ফিরছে না। তাঁর মুখের রেখায় প্রাধান্য বিস্তার করে আছে বিষণ্নতা ও কাঠিন্য, আর তাঁর চোখ দুটো এতো তীব্র যে এক দৃষ্টিতেই সে-দুটো তাঁর সঙ্গে আলাপরত মানুষটির মনের কথা পড়ে ফেলতে পারবে, গোপন কথাগুলো বুঝে ফেলবে, কাজেই সে-দুটোর জিজ্ঞাসা কারো পক্ষে সহ্য করা কঠিন, এবং দ্বিতীয়বার আর সেগুলোর সামনে পড়ার ইচ্ছে হবে না কারো।
সেই মুহূর্তে সেখানে কর্মরত বেশ কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন গ্রন্থাগারিক। প্রত্যেকের ক্ষেত্রেই মালাকি জানালেন সন্ন্যাসী কী কাজে রত; জ্ঞান ও ঐশ্বরিক বাক্য অধ্যয়নের প্রতি সবার গভীর আত্মনিবেদন দেখে মুগ্ধ হলাম আমি। এভাবেই আমার সঙ্গে পরিচয় হলো গ্রীক ও আরবী ভাষার অনুবাদক সালভেমেক-এর ভেনানশিয়াস-এর সঙ্গে যিনি সেই অ্যারিস্টটলের প্রতি নিবেদিত যিনি ছিলেন নিঃসন্দেহে সবার চেয়ে জ্ঞানী। তরুণ এক স্ক্যান্ডিনেভীয় সন্ন্যাসী উপসালা-র বেনো-র সঙ্গে, যিনি অলঙ্কারশাস্ত্র পাঠ করছিলেন। আলেসান্দ্রিয়ার আয়মারো-র সঙ্গে, যিনি মাত্র কয়েকমাসের জন্যে গ্রন্থাগারটিকে ধার দেয়া একটি বই নকল করছিলেন, আর তারপর বিভিন্ন দেশ থেকে আসা আলংকারিক ক্লোনম্যাকনয়েস-এর প্যাট্রিক, তলেদো-র রাবানো, আয়োনো-র ম্যাগনাস, হারফোর্ডের ওয়াল্ডোর সঙ্গে। তালিকাটা আরো দীর্ঘ হতে পারতো, আর তালিকা, যা কিনা কোনো দৃশ্য বা ঘটনার প্রাঞ্জল বর্ণনার হাতিয়ার, তার চাইতে চমৎকার অন্য কিছু নেই। কিন্তু আমাকে তো আমাদের আলাপের বিষয়বস্তুর কাছে আসতে হবে, যেখান থেকে উদ্ভূত হয়েছে সন্ন্যাসীদের মধ্যে আবছা অস্বস্তির প্রকৃত চরিত্র, এবং আমাদের সব কথোপকথনে তখনো চেপে বসা অপ্রকাশিত কিছু উদ্বেগ সম্পর্কে অসংখ্য প্রয়োজনীয় ইঙ্গিতের। আমার গুরু মালাকির সঙ্গে বাক্যালাপ শুরু করলেন, স্ক্রিপ্টোরিয়ামের সৌন্দর্য আর শ্রমশীলতার প্রশংসা করলেন, এবং সেখানকার কাজের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলেন, কারণ, তিনি বেশ আন্তরিকভাবেই বললেন যে এই গ্রন্থাগারটির কথা তিনি সবখানেই লোককে বলতে শুনেছেন, এবং বেশ কিছু বই তিনি পরীক্ষা করে দেখতে চান। মোহান্ত তাঁকে আগে যা বলেছিলেন মালাকি তাঁকে সেটাই খুলে বললেন: একজন সন্ন্যাসী তাঁর যে বইটি দরকার সেটির কথা প্রথমে গ্রন্থাগারিককে বলেন, গ্রন্থাগারিক তখন ওপর তলায় গ্রন্থাগারে গিয়ে সেটি নিয়ে আসেন, অবশ্য যদি অনুরোধটা ন্যায্য এবং ভক্তিপূর্ণ হয়। উইলিয়াম জানতে চাইলেন ওপরতলায় আলমারিতে রাখা বইগুলোর নাম তিনি জানবেন কী করে, তখন মালাকি তাঁকে খুব ঘন ক'রে লেখা তালিকাভরা বিশালকায় একটা পুঁথি দেখালেন, তাঁর নিজের ডেস্কের সঙ্গে ছোট্ট একটা সোনার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সেটাকে।
নিজের পোশাকটা যেখানে বুকের ওপর একটা থলের মতো হয়ে ফুলে আছে সেখানে ভেতর দিকে হাত চালিয়ে দিলেন উইলিয়াম, তারপর সেখান থেকে যে-জিনিসটা বের ক'রে আনলেন সেটা তাঁর হাতে আগেও দেখেছি আমি আমাদের সফরের সময়। ওটা একটা শাখা বিভক্ত কাঁটা, এমনভাবে তৈরি যাতে সেটা মানুষের নাকের ওপর চেপে বসতে পারে (বা অন্ততপক্ষে তাঁর উন্নত, টিকোলো নাকে,) যেমন করে ঘোড়সওয়ার ঘোড়ার পিঠে দু'পাশে পা রেখে বসে বা কোনো পাখি দাঁড় আঁকড়ে থাকে। আর, কাঁটাটার দু'পাশে, দু'চোখের সামনে আছে একটা ক'রে ধাতব ডিম্বাকার অংশ, যার মধ্যে রয়েছে বাটির তলার মতো পুরু কাচের দুটো কাগজি বাদাম। জিনিসটা চোখের সামনে লাগিয়ে পড়তে পছন্দ করেন উইলিয়াম, এবং তিনি বলেন কাচ দুটো তাঁকে প্রকৃতি তাঁকে যে সামর্থ দান করেছে বা তাঁর বৃদ্ধ বয়স তাঁকে যতটুকু দেখতে দেয় তার চাইতে ভালো দৃষ্টিশক্তির অধিকারী করে, বিশেষ ক'রে তখন যখন দিনের আলো কমে আসে। দূরের জিনিস দেখতে অবশ্য জিনিসটা তাঁকে সাহায্য করে না–সেক্ষেত্রে তাঁর দৃষ্টি বরং বেশ তীক্ষ্ণ–করে কাছের জিনিস দেখতে। খুবই আবছাভাবে লেখা পাণ্ডুলিপি, যার পাঠোদ্ধার করা আমার পক্ষেও মুশকিল হয়ে পড়ে, তা-ও পড়তে পারেন তিনি এই দুটো পরকলা দিয়ে। তিনি আমাকে বুঝিয়ে বললেন যে যৌবনে দৃষ্টিশক্তি খুবই ভালো থাকলেও যখন মধ্যবয়স পেরিয়ে যায় তখন মানুষের চোখ শক্ত হয়ে যায়, চোখের মণি অবাধ্য হয়ে পড়ে, আর তাই পড়া ও লেখার দিক দিয়ে বিবেচনা করলে অনেক বিদ্বান ব্যক্তিই জীবনের পঞ্চাশতম গ্রীষ্মের পর বলতে গেলে মৃত্যুই বরণ করেছিলেন। যাঁরা আরো বহু বছর ধরে তাঁদের ধীশক্তির সর্বোত্তম ফসল দিয়ে যেতে পারতেন তাঁদের জন্যে এটা একটা মারাত্মক দুর্ভাগ্যই বটে। তাই, কেউ যে এ-রকম একটা জিনিস তৈরি করেছেন সেজন্যে প্রভুকে ধন্যবাদ জানাতেই হয়।[১০৪] (ক্ষীণ দৃষ্টিশক্তি কাটিয়ে উঠতে লেন্সের ব্যবহার সম্ভবত রজার বেকনই প্রথম করেন।–অনুবাদক) আর উইলিয়াম আমাকে এসব কথা বললেন রজার বেকনের ধারণার সমর্থনে যিনি বলেছিলেন যে জ্ঞানার্জনের লক্ষ্য মানবজীবন দীর্ঘায়িত করা।
অন্য সন্ন্যাসীরা প্রবল কৌতূহল নিয়ে তাকিয়ে রইল উইলিয়ামের দিকে কিন্তু তাঁকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস হলো না তাদের। আর আমি খেয়াল করলাম যে পড়া লেখার প্রতি ব্যগ্রভাবে, গর্বের সঙ্গে নিবেদিত এমন স্থানেও সেই আশ্চর্য যন্ত্রটি এসে পৌঁছোয়নি। গর্ব হল আমার সেই মানুষটির পাশে থাকতে পেরে যাঁর কাছে এমন কিছু আছে যা দিয়ে তিনি প্রজ্ঞার রাজ্যে খ্যাতিমান অন্যান্য মানুষকে হতবাক করে দিতে পারেন। তো, সেই জিনিসটি চোখের ওপর প'রে পুঁথিটাতে উৎকীর্ণ তালিকাগুলোর ওপর ঝুঁকে পড়লেন উইলিয়াম। দেখলাম আমিও, এবং গ্রন্থাগারের এমন কিছু বইয়ের নাম আবিষ্কার করলাম যা আমরা আগে শুনিনি; আর সেই সঙ্গে অন্য কিছু খুব বিখ্যাত বইয়ের নামেরও দেখা মিলল সেখানে। আমার গুরু পড়ে চললেন, 'হার্ফোর্ডের রজার[১০৫]-এর লেখা De pentagono Salomonis[১০৬], Ars loquendi et intelligendi in linguna hebracia, De rebus metallicus, আল খারিযমি[১০৭]-র Algebra, রবার্টাস অ্যাংলিকাসের[১০৮] লাতিন অনুবাদ, সিলিয়াস ইতালিকাসের[১০৯] Punica, রাবানাস ম'রাসের[১১০] Gesta franicorum De laudibus sancta cruces, Flavii Claudii Giorani de aetate mundi et bominis reservatis singulis litteris per singulos libros librros ab A usque ad Z। দুর্দান্ত সব বই। কিন্তু এগুলো কোন ক্রম অনুয়ায়ী তালিকাভুক্ত করা হয়েছে?' আমি জানি না, কিন্তু নিশ্চয়ই মালাকি জানেন এমন একটা লেখা থেকে উদ্ধৃতি দিলেন উইলিয়াম, ' "গ্রন্থাগারিকের নিকট বিষয়বস্তু এবং রচয়িতা অনুযায়ী সব গ্রন্থের একটি তালিকা থাকা অত্যাবশ্যক, এবং গ্রন্থগুলিকে অবশ্যই তাকের ওপর সংখ্যাসূচক চিহ্নদ্বারা শ্রেণীবদ্ধ করিয়া রাখিতে হইবে।" একেকটি বইয়ের বিন্যাস আপনার কীভাবে জানা থাকে?'
প্রতিটি নামের পাশে থাকা টীকাগুলোর কয়েকটি উইলিয়ামকে দেখালেন মালাকি। আমি পড়লাম, 'iii, IV gradus, V in prima graecorum'; ii, V gradus, VII in tertia anglorum'; ইত্যাদি। বুঝলাম, প্রথম সংখ্যাটি তাক বা গ্রেডাসের ওপর বইটির অবস্থান নির্দেশ করছে, তাকটি আবার নির্দেশিত হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাহায্যে, আর তাকটি (নাকি বইটি?) নির্দেশিত হয়েছে তৃতীয় সংখ্যাটির মাধ্যমে; আমি আরো বুঝতে পারলাম অন্য শব্দবন্ধগুলো নির্দেশ করছে গ্রন্থাগারের কোনো কামরা বা অলিন্দ, এবং আমি সাহস ক'রে এই শেষের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাইলাম। কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকালেন মালাকি। 'হয় তুমি জানো না, নয়ত ভুলে গেছো যে গ্রন্থাগারে কেবল গ্রন্থাগারিকেরই প্রবেশাধিকার আছে। কাজেই, শুধু গ্রন্থাগারিকই যে এসবের পাঠোদ্ধার করতে জানেন সেটাই সঠিক আর যথেষ্ট।'
কিন্তু বইগুলো এখানে কোন ক্রম অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে?' জিগ্যেস করলেন উইলিয়াম। 'বিষয় অনুযায়ী নয়, মনে হচ্ছে আমার।' বর্ণমালার অক্ষরগুলোর ক্রম ধরে রচয়িতা অনুযায়ী সাজানো হয়েছে বলেও কোনো মন্তব্য করলেন না তিনি, কারণ এ-পদ্ধতিটি কেবল সাম্প্রতিক সময়ে অনুসৃত হতে দেখেছি আমি, আর সেসময়ে ওটা কালেভদ্রে ব্যবহৃত হতো।
মালাকি বললেন, গ্রন্থাগারটি অতি প্রচীন, আর বইগুলোকে নথিভুক্ত করা হয়েছে আমাদের গ্রন্থাগারে সেগুলো সংগ্রহের, দানের বা প্রবেশের ক্রম অনুযায়ী।'
উইলিয়াম মন্তব্য করলেন, তাহলে তো বইগুলো খুঁজে পাওয়া কঠিন।'
'গ্রন্থাগারিকের জন্যে বইগুলোর কথা মুখস্ত রাখা আর কখন সেগুলো এখানে এসেছিল সেটা জানা-ই যথেষ্ট। আর অন্য যেসব সন্ন্যাসী রয়েছে তারা তার ওপর নির্দ্বিধায় ভরসা রাখতে পারে।' তিনি এমনভাবে কথা বলছিলেন যেন নিজের কথা নয় অন্য কারো কথা বলছেন তিনি, আর আমি বুঝতে পারছিলাম তিনি সেই দায়িত্বপূর্ণ পদের কথা বলছেন যা তিনি অনুপুযুক্তভাবে অধিকার করে আছেন, তবে সেটি এখন আর বেঁচে নেই এমন আরো একশো জনের অধিকারে ছিল যাঁরা একজন আরেকজনের কাছে তাঁদের জ্ঞান তুলে দিয়েছিলেন। উইলিয়াম বললেন, 'বুঝতে পারছি। আমি যদি সলোমনের পঞ্চভুজ নিয়ে কোনো কিছু চাই, কোনটা চাই তা না জেনেই, সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারবেন যে সেরকম একটি বইয়ের অস্তিত্ব আছে, যার নামটা আমি এই মাত্র পড়লাম, এবং আপনি ওপরের তলায় সেটার অবস্থান চিহ্নিত করতে পারবেন।'
'যদি সত্যিই আপনার সলোমনের পঞ্চভুজ সম্পর্কে কিছু জানবার থাকে,' মালাকি বললেন। 'তবে আপনাকে বইটা দেবার আগে আমি মোহান্তের পরামর্শ নেয়াটাই সমীচীন বলে মনে করবো।'
'আমাকে বলা হয়েছে আপনাদের সেরা আলংকারিক সম্প্রতি মারা গেছে, ' উইলয়াম বললেন এরপর।
'তাঁর শিল্পকর্ম সম্পর্কে মোহান্ত অনেক কথা বলেছেন আমাকে। যেসব পুঁথি সে অলংকরণ করছিল সেগুলো দেখা যাবে কি?'
উইলিয়ামের দিকে সন্দেহপূর্ণভাবে তাকিয়ে মালাকি বললেন, 'তাঁর তরুণ বয়েসের কারণে সে শুধু বইয়ের পৃষ্ঠার চারপাশে অলংকরণ করতো। তাঁর কল্পনাশক্তি ছিল খুব আকর্ষণীয়, জানা জিনিস থেকে অজানা আর আশ্চর্য সব জিনিস তৈরি করতে পারতো সে, এই যেমন কেউ ঘোড়ার গর্দানের ওপর মানুষের শরীর বসিয়ে দেয়। ওই যে ওখানে রয়েছে তার বইগুলো। এখনো কেউ তার ডেস্ক স্পর্শ করেনি।'
(ধারাবাহিক)
টীকা:
[৮৮.]নেইভ (nave): গির্জার দীর্ঘ মধ্যভাগ যেখানে লোকজন বসে, প্রায়শই যার দুই পাশে দীর্ঘ প্যাসেজ থাকে।
[৮৯.]জেনশিয়ান: প্রধানত নীল অপরাজিতা বর্গীয় ফুল বিশিষ্ট এক ধরনের পাহাড়ী গাছ। – অনুবাদক
[৯০.]জুনিপার: এক শ্রেণীর গুল্ম যার ফল থেকে তেল পাওয়া যায়। – অনুবাদক
[৯১.]ভ্যালেরিয়ান: কড়াগন্ধযুক্ত সাদা বা গোলাপী ফুলের গুল্ম; উদ্দীপক ওষুধ হিসেবে ঐ গুল্মের শেকড় ব্যবহৃত হয়। – অনুবাদক
[৯১.]Ububchasym de Baldach (আবুল আসান আল-মুখতার ইবন-বোলতান, জীবনকাল আনুমানিক ১০৫০ খৃষ্টাব্দ ): Ububchasym de Baldach, Ellucasim Elimittar এবং Albushasis নামেও সমধিক পরিচিত। Albushasis ছিলেন বাগদাদের এক খৃষ্টান চিকিৎসক এবং ধর্মতত্ত্ববিদ্। চিকিৎসাবিজ্ঞান এবং দর্শন বিষয়ে শিক্ষাদান তো করেছিলেনই, সেই সঙ্গে বিচিত্র বিষয়ের ওপর রচনা করেছিলেন বেশ কিছু গ্রন্থ। ইউক্যারিস্ট বিষয়ে একটি প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। একটি রচনা করেছিলেন সহজ-সরল চিকিৎসার ওপর, বিশেষ করে সন্ন্যাসীদের ব্যবহারের জন্যে। ক্রীতদাস কেনার সময় কোন কোন দিকে খেয়াল রাখতে হবে সেবিষয়ে আরেকটি, যেখানে একটি পরিচ্ছেদ ছিল শারীরিক দোষ-ত্রুটি বিষয়ক। হাতুড়ে ডাক্তার, তাদের অজ্ঞতা এবং ঔদ্ধত্য বিষয়ক একটি চাতুর্যপূর্ণ ব্যঙ্গরচনা দ্য মেডিকেল ডিনার পার্টি-রও লেখক তিনি। তবে তাঁর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকউইম আল শিয়া বা Theatrum Sanitatis (স্বাস্থ্যবিষয়ক থিয়েটার), ছক হিসেবে সাজানো স্বাস্থ্যবিজ্ঞান এবং আয়ুবর্ধক খাদ্যদ্রব্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা–পদ্ধতিটি তিনি ধার করেছিলেন জ্যোতির্বিদ্যা বিষয়ক লেখকদের কাছ থেকে।
[৯২.]থিয়েট্রাম স্যানিটাটিস: Theatrum Sanitatis; স্বাস্থ্য বিষয়ক 'প্রবন্ধ' (আক্ষরিক অর্থে 'থিয়েটার' )
[৯৩.]প্লাতেরিয়াস (Matthaeus Platearius একাদশ/দ্বাদশ শতাব্দী): দক্ষিণ ইতালির সালের্নোতে বাসকারী তিন প্রজন্মের চিকিৎসকদের পদবী। তাঁদের কাজের মধ্যে রয়েছে Practica Brevis (সংক্ষিপ্ত ম্যানুয়াল), চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত একটি সংক্ষিপ্তসারগ্রন্থ, Regulae urinarum ইউরোলজি সংক্রান্ত একটি গবেষণাপ্রবন্ধ, এবং De simlici medicina বা দ্য বুক অভ সিম্পল মেডিসিন, উদ্ভিদবিদ্যার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, কারণ এটির ২৭৩টি পরিচ্ছেদের মধ্যে ২২৯টিই ঔষধি গাছ-গাছড়া নিয়ে রচিত।
[৯৪.]De virtutibus herbarum; লতা-গুল্ম এবং উদ্ভিদের হিতকারী গুণাবলী বিষয়ক।
[৯৫.]De plantis; উদ্ভিদ বিষয়ে।
[৯৬.]De vegetalibus; শাক-সব্জি বিষয়ে।
[৯৭.]সারশেল-এর আলফ্রেড (Alfred of Sareshel আনুমানিক ১২১০ খৃষ্টাব্দে): ইংরেজ বিজ্ঞানী এবং পণ্ডিত আলফ্রেড অ্যারিস্টটলের De anima [আত্মা প্রসঙ্গে ]এবং Prava Naturalia [প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক সংক্ষিপ্ত রচনা] গ্রন্থ সম্পর্কে মন্তব্য এবং ব্যাখ্যামূলক টীকা রচনা করেছেন, অনুবাদ করেছেন ছদ্ম অ্যারিস্টটলীয় গ্রন্থ De Vegetalibus। তাঁর Liber de congelatis [কঠিনীভূত বস্তু বিষয়ক গ্রন্থ] ইবনে সিনা-র উল্কা বিষয়ক গবেষণা প্রবন্ধের অ্যাপেন্ডিক্স-এর অনুবাদ। তাঁর বৈপ্লবিক রচনা De Motu Cordis [ হৃৎপিণ্ডের নড়াচড়া প্রসঙ্গে] আত্মা এবং জীবনের অধিস্থল-এর প্রধান অঙ্গ হিসেবে হৃৎপিণ্ড বিষয়ক প্রথম গুরুত্বপূর্ণ গবেষণা। এই বইটিতে আলফ্রেড অ্যারিস্টটল এবং হিপোক্রেটিস গ্যালেন এবং ইবনে সিনা-র মতো আদি চিকিৎসকদের রচনার উল্লেখ করেছেন।
[৯৮.]De causis কার্য-কারণ বিষয়ে ।
[৯৯.]৯৯lectio divina: পবিত্র পাঠ (একান্তে/ব্যক্তিগতভাবে বাইবেল পাঠ)।
[১০০.]সেজ্: চিরজীবি গুল্ম, দক্ষিণ ইউরোপ এবং এশিয়া মাইনরে দেখা মেলে। – অনুবাদক
[১০১.]পার্সলি: ব্যঞ্জন সুগন্ধকারী এক ধরনের লতা। – অনুবাদক
[১০২.]টাইম: সুগন্ধী পাতা বিশিষ্ট একধরনের গুল্ম। – অনুবাদক
[১০৩.]মালাকি: মালাকি নামের অর্থ সংবাদবাহক, বাইবেলের একটি পুস্তকের নাম-ও মালাকি। – অনুবাদক
[১০৪.]ক্ষীণ দৃষ্টিশক্তি কাটিয়ে উঠতে লেন্সের ব্যবহার সম্ভবত রজার বেকনই প্রথম করেন। – অনুবাদক
[১০৫.]হারফোর্ডের রজার (Roger of Herford): (দ্বাদশ শতাব্দী) হারফোর্ডের ক্যাথিড্রালের যাজক ছিলেন রজার। তখন হারফোর্ড ছিল ইংল্যান্ডে বিজ্ঞানচর্চার প্রধান স্থান। জ্যোতির্বিদ্যা বিষয়ক বিভিন্ন লেখার রচয়িতা ছিলেন রজার, যার মধ্যে কেটি প্রবন্ধ ছিল গ্রহসমূহের ওপর, আরেকটি হচ্ছে তারকাপুঞ্জের উদয় এবং অস্ত বিষয়ক, আরেকটিতে ছিল লাতিন ও হিব্রু ক্যালেন্ডারের তুলনামূলক আলোচনা, এবং Der rebus metallicis। হারফোর্ডের মেরিডিয়ানের জন্যে বেশ কিছু জ্যোতির্বিদ্যা বিষয়ক ছকের একটি সংকলনও প্রস্তুত করেন তিনি ১১১৭৮ খৃষ্টাব্দে ।
[১০৬.]De pentagono Salomonis, Ars loquendi, et seq ।
অনুবাদ: "হারফোর্ডের রজার রচিত সলোমনের পঞ্চভুজ প্রসঙ্গে, হিব্রু ভাষা বলা এবং বোঝার কৌশল, বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য প্রসঙ্গে, আল-খারিযমি-র বীজগণিত, লাতিন অনুবাদ ইংল্যান্ড-এর রবার্ট, সিলিয়াস ইটালিকাস রচিত পিউনিক যুদ্ধ, র্যাবানাস মঅরাস রচিত ফ্র্যাংকদের কীর্তি (ফরাসী), পবিত্র ক্রুশের জয়গান প্রসঙ্গে এবং ফ্লভিয়াস ক্লডিয়াস জিওরদানুস-এর জগৎ ও মানুষের বয়স প্রসঙ্গে (A থেকে Z পর্যন্ত বর্ণানুক্রমে সজ্জিত)"
[১০৭.]মুহাম্মদ ইবনে-মুসা আল খারিযমি, পারসিক গণিতজ্ঞ, ৭৮০-৫৫০ খৃষ্টাব্দে বাগদাদের বাসিন্দা ছিলেন। বীজগণিত নিয়ে লেখা তাঁর গ্রন্থের আংশিক শিরোনাম 'আল জবর' থেকে 'অ্যালজেবরা' শব্দটির উদ্ভব, এবং এই গ্রন্থেই তিনি হিন্দু-আরব দশমিক সংখ্যা পদ্ধতি পাশ্চাত্যের কাছে তুলে ধরেন। – অনুবাদক
[১০৮.]রবার্টাস অ্যাঙ্গলিকাস: (দ্বাদশ শতক): রবার্টাস অ্যাঙ্গলিকাস বা ইংরেজ রবার্ট হচ্ছেন চেস্টারের রবার্ট। কিটীন-এর রবার্ট (Robert of Ketene) নামেও পরিচিত এই ভদ্রলোক ছিলেন ইংল্যান্ডে আরবী বিদ্যাচর্চচার ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ১১৪৩ খৃষ্টাব্দে আরবী থেকে ইংরেজিতে কোরান অনুবাদ করেন তিনি। এছাড়াও, আলকিন্দির বিচার, আল খারিযমি-র অ্যালজেবরা, এবং আল কিমিয়া বিষয়ক একটি গবেষণা প্রবন্ধ আরবী থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি। মধ্যযুগের বিজ্ঞানচর্চায় তাঁর মৌলিক অবদান হচ্ছে অ্যাস্ট্রোলেব-এর ওপর রচিত একটি গবেষণাধর্মী প্রবন্ধ এবং ১১৪৯-৫০ খৃষ্টাব্দে লন্ডনের মেরিডিয়ান বিষয়ক এক গুচ্ছ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ছক প্রণয়ন।
[১০৯.]সিলিয়াস ইতালিকাস: রোমক কবি ও রাজনীতিবিদ। জন্ম ২৫ খৃ., মৃত্যু ১০১ খৃ.। পিউনিকা (Punica) হচ্ছে ২১৮ থেকে ২০১ খৃষ্টপূর্বাব্দ পর্যন্ত সংঘটিত দ্বিতীয় পিউনিক যুদ্ধ নিয়ে ষড়পদী ছন্দে রচিত তাঁর ১৭ খণ্ডের মহাকাব্য। ১২,০০০ লাইনেরও বেশি দীর্ঘ এই কাব্যগ্রন্থটি লাতিন সাহিত্যের সবচেয়ে বড় আর সম্ভবত সবচেয়ে খারাপ কবিতা। এটি সম্পর্কে ছোট প্লিনি বলেছিলেন, এটি লেখা হয়েছে maiorecuraquam ingenio,অর্থাৎ যতটা না প্রতিভা দিয়ে তার চাইতে বেশি বেদনার সাহায্যে। নিরাময়-অসম্ভব একটি রোগের হাত থেকে বাঁচতে সিলিয়াস ইতালিকাস ইচ্ছাকৃতভাবে অনাহারে থেকে মৃত্যুবরণ করেন। এবং যে-বাড়িতে তিনি এ-কাজটি করেছিলেন সেটি একসময় ছিল রোমের সেরা কবি ভার্জিলের।
[১১০.]রাবানাস ম'রাস [Rabanus (Hrabanus) Maurus] (৭৮০-৮৫৬ খৃষ্টাব্দ) ফ্র্র্র্যাংকিশ যাজক, ফুলদা মঠের মোহান্ত বা মঠঅধ্যক্ষ , লাতিন ধর্মতত্ত্ববিদ এবং কবি। (ফুলদা মঠটি বর্তমান জার্মানির হেসে প্রদেশে অবস্থিত একটি বেনেডিক্টীয় মঠ। ৭৪৪ খৃষ্টাব্দের ১২ই মার্চ সন্ত বনিফেসের শিষ্য সন্ত স্টার্ম মঠটি প্রতিষ্ঠা করেন। বিদ্যাচর্চার একটি প্রসিদ্ধ স্থানে পরিণত হয় এই মঠ, এবং এর স্ক্রিপ্টোরিয়ামটিও বেশ খ্যাতি লাভ করে।) রাবানাস ম'রাস মহান ক্যারোলিঞ্জীয় পণ্ডিত অ্যালকুইনের কাছে শিক্ষালাভ করেন এবং তিনি ম'রাসকে তাঁর সবচাইতে প্রতিভাসম্পন্ন ছাত্র বলে মনে করতেন। সেসময়ে জার্মানীর সবচাইতে প্রভাববিস্তারকারী মঠ ফুলদার মোহান্ত ছিলেন রাবানাস ৮২২ থেকে ৮৪২ খৃষ্টাব্দ পর্যন্ত। রাবানাস মোহান্ত থাকাকালীন মঠের পাঠশালা আর গ্রন্থাগার অত্যন্ত গুরুত্ব লাভ করে। অধ্যয়নে আরো গভীরভাবে মনোনিবেশ করার জন্যে ৮৪২ খৃষ্টাব্দে তিনি পদত্যাগ করেন। এর পাঁচ বছর পর মেইনয-এর আর্চবিশপ হিসেবে নিয়োগ দেয়া হয় তাঁকে। অপসৃয়মান এক সভ্যতার অপচ্ছায়া দ্বারা তাড়িত হয়ে তিনি অতীতের জ্ঞান-বিজ্ঞান সংরক্ষণ ও প্রচারে নিবেদিত হন। তাঁর নিজের রচনার পরিমাণ বিপুল। বিচিত্র সেই রচনাসম্ভারের মধ্যে রয়েছে সেভিলের ইসিডর-এর Etymologiae-র আদর্শে রচিত De Universo, পঞ্জিকার হিসেব নিকেশ সংক্রান্ত একটি লেখা, ভাষা আবিষ্কার প্রসঙ্গে নামের একটি ছোট গবেষণাধর্মী লেখা, যা লাতিন বর্ণমালা আবিষ্কারের আগে জার্মানিক ভাষাগুলো লেখার বর্ণমালা রুন আর প্রতীক সম্পর্কে তাঁর আগ্রহের স্মারক, যাজকদের লেখাপড়া আর নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিয়ে ধর্মতত্ত্ব নির্ভর প্রবন্ধ, এবং একটি কবিতা, যার নাম De Laudibus Sanctae Crucis (পবিত্র ক্রুশের প্রশংসাবচন), যেখানে কবিতার পঙ্ক্তিগুলো এমন অসাধারণভাবে একটি ড্রইংয়ের ওপর বসানো হয়েছে যাতে করে অক্ষরগুলো ছবিটির আউটলাইনের ওপর পড়ে নানান শব্দ বা বাক্য তৈরি করে।
ফুলদা ক্যাথীড্রাল-এর ছবি
[১১১.] "iii, IV gradus, V in prima graecorum"; æii, V gradus, VII in tertia anglorum"
অনুবাদ : "তৃতীয় বই, চতুর্থ তাক, গ্রীক ভাষার প্রথম বইগুলোর পঞ্চম কেস-এ"; "দ্বিতীয় বই, পঞ্চম তাক, ইংরেজী ভাষার তৃতীয় বইগুলোর সপ্তম কেস-এ"।
জানোয়ারের সংখ্যা দ্য নাম্বার অভ্ দ্য বিস্ট: জানোয়ারের সংখ্যা হচ্ছে ৬৬৬। এটি একটি রহস্যময় সংখ্যা যা বাইবেলের বুক অভ্ রেভেলেশন (প্রকাশিত বাক্য ১৩:১৮)-এ জন উল্লেখিত একটি লোককে নির্দেশ করে। সংখ্যাবিদ্ এবং ক্যাবালিস্টদের কাছে বর্ণমালার প্রতিটি অক্ষর একটি নামের প্রতিনিধিত্ব করে। একজন মানুষের সংখ্যা হচ্ছে তার নামের অক্ষরগুলো যে যে সংখ্যার প্রতিনিধিত্বকারী তার সমষ্টি।
ওয়েব লিংক
জি এইচ হাবীব: আর্টস
—–
ফেসবুক লিংক । আর্টস :: Arts
