মারিও বার্গাস য়োসা’রবই, যন্ত্র এবং স্বাধীনতা
………
মারিও বার্গাস য়োসা
………
(১৯৮৭ সালে মারিও বার্গাস য়োসা মানব সভ্যতা, মানুষের শিক্ষা ও কল্যাণে বই ও যন্ত্রের ভূমিকার তুলনামূলক আলোচনা করেন তাঁর Books, Gadgets, and Freedom নামের লেখায়। যন্ত্র কিভাবে মানুষের সৃজনশীলতায় অন্তরায় তৈরি করে আর বই কিভাবে সৃজনশীলতাকে প্রসারিত করে—এই প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। মানব সভ্যতার উত্তরাধিকার বইয়ের মাধ্যমে বাহিত হওয়ার যুক্তি প্রদানের মাধ্যমে য়োসা যন্ত্রসভ্যতার বিপরীতে সাহিত্য সভ্যতার প্রস্তাবনা তুলে ধরেন এবং উপসংহার টানেন এই বলে যে, বই মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। বার্গাস য়োসার এই ইংরেজি প্রবন্ধটি আমেরিকার Wilson Quarterly পত্রিকায় ১৯৮৮ সালে প্রথম মুদ্রিত হয়েছিলো। ইংরেজি প্রবন্ধটির বাংলা অনুবাদ প্রকাশ করলো আর্টস।–বি.স.)
—————–
অনুবাদ
ধারণা, ভাষা, কল্পনা এবং বুদ্ধি বা জ্ঞানের চর্চা বলতে মূলত বইকেই বোঝায়। মুদ্রণকৌশল আবিষ্কার হওয়ার পর মানুষের সাংস্কৃতিক জীবনের গতি আগের চেয়ে অনেক বেশি বেগবান হয়ে ওঠে। গুটেনবার্গের সময় থেকে আজ পর্যন্ত বই-ই হচ্ছে জ্ঞানচর্চার বৃহত্তর মাধ্যম এবং সেই সাথে এমনই এক আনন্দের উৎস হিসেবে কাজ করে যাচ্ছে, যাকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না।
তবে, অনেকের মতে বই-এর ভবিষ্যৎ অনিশ্চিত। খুবই দু:খজনক একটি বক্তৃতার কথা আমার মনে পড়ছে যা বেশ কয়েক বছর আগে কেমব্রিজে শুনেছিলাম। 'শিক্ষা মানে কষ্ট ভোগ'–এরকমই ছিলো তার শিরোনাম এবং এর প্রসঙ্গ ছিল বর্ণমালাভিত্তিক সংস্কৃতি অর্থাৎ বই ও লেখার যুগ শেষ হয়ে যাচ্ছে। বক্তার ভাষ্য অনুযায়ী, অডিও-ভিজুয়াল সংস্কৃতি এসে এই জায়গাটি অচিরেই দখল করবে। লিখিত ভাষা যা কছুই প্রকাশ করুক না কেন, ইতোমধ্যে তা যুগের সাথে সামঞ্জস্যহীন হয়ে পড়ছে। কারণ আমাদের সমকালের অভিজ্ঞতামূলক জরুরী জ্ঞান রূপান্তরিত হয়ে সংকেতের মাধ্যমে যন্ত্রে জমা হচ্ছে, বই–এ নয়।
বক্তা নাকি সপ্তাহ দুয়েক মেক্সিকোতে কাটিয়েছিলেন এবং সর্বত্রই ঘুরে বেড়িয়েছেন, এতে তার কোনো অসুবিধা হয়নি, যদিও তিনি স্প্যানিশ ভাষা ব্যবহার করেননি। কারণ তিনি বলেন, সেখানে তীরাকৃতি পথনির্দেশক, নির্দেশক আলো এবং প্রতীকী চিহ্নসমূহ তাকে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, এই ধরনের যোগাযোগ ব্যবস্থা ভাষার বাধা বা প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সক্ষম।
বক্তা দৃঢ়তার সাথে বলছিলেন যে, তৃতীয় বিশ্বের দেশসমূহে বিপুল নিরক্ষর জনগোষ্ঠীকে লেখাপড়া শিখানোর জন্য ব্যয়বহুল যে প্রচারকার্য চালানো হয়, তা না করে বরং কিভাবে যন্ত্র ব্যবহার করা যায় তার প্রাথমিক শিক্ষাই তাদের দেয়া উচিত। প্রমাণ করার ভঙ্গিতে তিনি গর্বের সঙ্গে যে সূত্রটি বলেছিলেন তা এখনও আমার কানে বাজে 'গ্রন্থ নয় বরং যন্ত্র'। এবং যারা অশিক্ষিত জাতির আকাংখার বা সম্ভাবনার কথা ভেবে দু:খ অনুভব করেন তাদের প্রতি সান্ত্বনাস্বরূপ তিনি মনে করিয়ে দিয়েছিলেন, আমাদের বর্ণমালার জীবন মানব ইতিহাসের যে কোনো পরিস্থিতিতেই ক্ষণস্থায়ী। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন যে, বইয়ের সংস্কৃতি কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে টিকে থাকবে এবং সামাজিক পরগাছা শ্রেণী সংখ্যালঘু সম্প্রদায়ের আনন্দ বা বিনোদনের জন্য বই প্রকাশে এবং ব্যবহার করতে আগ্রহী।
যে থিসিসটির কথা বলা হলো তার প্রবক্তা কানাডীয় সেই মার্শাল ম্যাকলুহান নন, যিনি বলেছিলেন যে, ১৯৮০ সালের মধ্যেই বই লুপ্ত হয়ে যাবে। যদিও বই নয় বরং তার নাম এবং তার প্রতিষ্ঠিত সংস্কৃতি এবং প্রযুক্তিবিদ্যা কেন্দ্রটিই বিলুপ্ত হয়ে গেছে। এই থিসিসটির প্রবক্তা ছিলেন স্যার এডমন্ড লীচ, প্রখ্যাত ইংরেজ নৃবিজ্ঞানী এবং পরবর্তীতে কিংস কলেজের প্রভোষ্ট।
এ কথা সত্য যে, অনেকের কাছেই লিখিত শব্দ বা ভাষা দিন দিন অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। এমনকি আগেকার শিক্ষিত লোকদের চেয়ে আজকালকার শিক্ষিত লোকদের কাছে বই-এর প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে।
আমরা এতে কিছুটা শঙ্কিত অবশ্যই, যদিও আমি অধ্যাপক লীচের ভবিষ্যদ্বাণীর কার্যকারিতা সম্পর্কে সন্দিহান, তবে এই ভবিষ্যদ্বাণী যদি সত্য হয়ে যায় তাহলে মানবতার জন্য তা হবে চরম এক সর্বনাশ। বইয়ের লেখক ও পাঠকের সাথে আরেকটি জিনিসও বিলুপ্ত হবে এই সাথে, আর তাহলো মুক্ততার চর্চা।
আমরা দেখতে পাচ্ছি লিখিত ভাষার চেয়ে অডিও-ভিজ্যুয়াল সংস্কৃতি ইতোমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে-যদিও এদের শিল্পমান এবং সূক্ষ্ম রুচিবোধ প্রশ্নাতীত নয়। লিখিত ভাষার বিপক্ষে এই সংস্কৃতি রীতিমত দুর্দান্ত রূপ নিয়েছে। যদি সত্যি সত্যিই এই কারণে লিখিত শব্দাবলী লুপ্ত হয়ে যায়, তাহলে এটা হবে এই দানবীয় শক্তির কাছে মানুষের মনের বশ্যতা বা পরাভব। কেননা অডিও-ভিজ্যুয়াল সংস্কৃতি মানুষের কল্পনা শক্তিকে সীমাবদ্ধ, বোধশক্তিকে ভোঁতা এবং মনকে বা চিন্তাশক্তিকে নিষ্ক্রিয় করে ফেলে। তাই বলে অডিও-ভিজুয়াল সংস্কৃতির প্রতি আমাকে একজন বিরূপ মনোভাবাপন্ন মানুষ ভাববার কোনো কারণ নেই। আমি মুলত সাহিত্যের পর চলচ্চিত্রকেই ভালোবাসি এবং অন্তত টেলিভিশনের যে কোনো ভালো অনুষ্ঠান উপভোগ করি। কিন্তু খুব অল্প কয়েকটি দেশ যেমন ইংল্যান্ডের টিভি প্রোগ্রাম সৃজনশীলতার উল্লেখযোগ্য মানে উঠতে পেরেছে। এছাড়া গড়পড়তা টিভির অনুষ্ঠানগুলো নিম্নমানের সাধারণ উপকরণ দিয়ে অধিকসংখ্যক দর্শককে মুগ্ধ করতে চায়।
মানব সভ্যতার অনুকূলে বা প্রতিকূলে যা কিছুই ব্যবহৃত বা চূড়ান্ত বিষয় হিসেবে নির্ধারিত হচ্ছে তা গুটিকয় মানুষেরই মনোনীত। ইতিহাসের অঙ্গীকার বা বিজ্ঞানের ও প্রযুক্তির অন্ধ বিবর্তনের পিছনে সামান্য কয়েকজনেরই সক্রিয় ভুমিকা থাকে। সুতরাং যদি গ্রন্থ এবং যন্ত্রের মধ্যে মারাত্মক প্রতিযোগিতায় যন্ত্র গ্রন্থকে পরাভূত করে তবে এর দায় তাদের ওপরই পড়বে, যারা এই ঘটনার রাস্তা তৈরি করে দেবে।
তবে আমি মনে করি না সত্যি সত্যি এই অরওয়েলীয় দু:স্বপ্নের আবির্ভাব ঘটবে। ভাগ্যক্রমে আমাদের এবং পাঠকদের ভাগ্য মানসিক মুক্তির সাথে সম্পর্কিত।
কল্পনা শক্তির বিপুল ও বহুমূখী বিস্তারের মাধ্যমেই সাহিত্যের নতুন নতুন ভূগোল তৈরি হবে: কিন্তু এর জন্য পূর্বশর্ত হিসেবে প্রয়োজন মানসকি মুক্তি।
প্রাচীন গ্রীসের মানুষ এবং দেবতাদের আকস্মিক ভাগ্য পরিবর্তনের কথা স্মরণ করা যেতে পারে, যা তিন হাজার বছর আগে অন্ধ এক কবি বর্ণনা করে গেছেন–তা এখনও আমাদেরকে বিস্ময়াভিভূত না করে পারে না। আমাদের সংস্কৃতির এই পূর্বপুরুষদের মতো আমাদেরও একটি দায়িত্ব আছে মানবজাতির আনন্দ-বেদনা এবং আশা-হতাশা, স্বপ্ন এবং দুস্ব:প্নাহত আকাংখাগুলো রূপায়ণ করার, যা প্রত্যেক সভ্যতার মানুষই আগ্রহের সাথে প্রত্যাশা করে।
শেক্সপীয়র রাস্তার সাধারণ মানুষের গল্পগুলো দিয়েই তার প্রতিভার অমেয় আলোর সাহায্যে ট্র্যাজেডি এবং কমেডি নাটকগুলোর মাধ্যমে এলিজাবেথীয় যুগের পুন:সৃষ্টি করেছিলেন যেখানে শাসক এবং যোদ্ধার মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব অথবা ভালোবাসার বেদনা ও মাধূর্য এবং আকাংখার উদযাপন লক্ষ্য করা যায়। শেক্সপীয়রের এই সৃষ্টিকর্মের আবেদন আমাদের কাছে এখনও অম্লান হয়ে আছে।
এইসব আশ্চর্য ঘটনা কখনোই সম্ভব হতো না যদি গ্রীক সভ্যতার প্রথম দিকের কবিরা এবং ইংরেজ নাট্যকাররা ব্যক্তিজীবনের স্বাধীন রাজত্বে কল্পনা শক্তিকে প্রজ্বলিত করতে না পারতেন। জীবন, অভিজ্ঞতা এবং গভীর মূল্যবোধের প্রতি তারা ছিলেন বিশ্বস্ত আর বিস্ময়কর আধিপত্য ছিলো ভাষার ওপর। এ সবকিছুই তারা তাদের ইচ্ছামতো ব্যবহার করেছিলেন।
তারা উভয়ে যে সভ্যতার অন্তর্গত–তা ছিল উৎপীড়নময়, যা মানুষে মানুষে ব্যবধান সৃষ্টি করে রেখেছিলো এবং অপেক্ষাকৃত সামাজিক মর্যাদাহীন দুর্বল শ্রেণীকে শোষণের ব্যবস্থা বজায় ছিলো। কিন্তু যে বিশেষ ক্ষেত্রে হোমার ও শেক্সপীয়র নিজেদের পরিচালিত করেছিলেন, সেখানে তাদের সৃষ্টিশীল কর্মের ক্ষেত্রে কোনো নিষেধের তর্জনি ছিলো না।
গ্রীকদের কাছে কবি ছিলো দেবতাদের মুখপাত্র, অন্য জগত থেকে আগত বাণীর মাধ্যম, যার কাছে শৈল্পিক ও ধর্মীয় মূল্যবোধ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ছিলো। আমাদের থেকে আলাদা রকমের হয়েও সেই সময়ের সংস্কৃতিতে সাহিত্য ও চিত্রকলার সাথে নৈতিকতা এবং ধর্ম একই সূত্রে গ্রথিত ছিলো। গ্রীক সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে কবির নি:শর্ত স্বাধীনতার ভূমিকাটি খুবই উল্লেখযোগ্যে। এবং বলা বাহুল্য যে, সেই সময়ই শুরু হয়েছিলো সৌন্দর্যের নির্দিষ্ট কিছু ধারণা প্রতিষ্ঠার প্রয়াস। এর ফলে কাহিনীর সাথে পরিস্থিতির অন্তর্লীন সম্পর্কটি নির্মাণের প্রেরণা লক্ষ্য করি। পাশ্চাত্য সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের বিকাশের ধারায় এবং মানবিকীকরণের পথে এই সংস্কৃতির প্রভাব ছিলো খুব গভীর। স্বাধীনতাকে অনুসরণ করেই বুদ্ধিমত্তা ও যুক্তিবোধ দৃঢ়তা অর্জন করে। সমষ্ঠিগত পুরাণ, কাহিনী, ধর্ম এবং উপকথায় প্রতিষ্ঠিত নৈতিকতার মধ্য দিয়ে একজন স্বাধীন মানুষ তার কল্পনা, অন্তর্দর্শন ও ইচ্ছাশক্তি প্রয়োগ করে অজানা, অদৃশ্য এবং অশ্রুতকে জয় করতে চায়। মূলত আত্মার নগরতোরণে প্রবেশ করার জন্যই এই প্রচেষ্টা।
অবাধ স্বাধীনতা না পেলে শেক্সপীয়রের প্রতিভা মানুষের অন্তর্জগতের বিচিত্র কর্মযজ্ঞ প্রকাশে সক্ষম হতো কি না সন্দেহ। টুযোর যুগ খুব একটা উদার ছিলো না বরং এ সময়টি ছিলো স্বেচ্ছাচারিতা আর বর্বরতায় ভরা। এসময় মানুষের ধর্মীয় আচার-ব্যবহারের ওপর শাসকরা খুব কড়া নজর রাখতো। ক্যাথলিক এবং পিউরিটান ব্যক্তিদের মধ্যে কুসংস্কারমুক্ত ধর্মীয় মতের ছায়া দেখলে তাদেরকে জেলে ভরে, নির্যাতন করে কিংবা হত্যা করে শাস্তি দেয়া হতো। সে সময় নাটককে নিম্নমানের বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচনা করা হতো। কারণ তার দর্শক ছিলো নিম্নশ্রেণীর লোকজন। এর অবস্থান ছিলো চিত্র প্রদর্শনী, একাডেমী ও গ্রন্থাগার থেকে অনেক নিচে।
রানী প্রথম এলিজাবেথের সময় ইংরেজ ঐতিহাসিকদের রচনাকর্ম নিষিদ্ধ করা হয় এবং রঙ্গমঞ্জগুলোকেও বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয় বিভিন্ন কারণে। কিন্তু সৌভাগ্যক্রমে নাট্যকাররা নির্দেশ উপেক্ষা করে তাদের রচনাকর্ম অব্যাহত রেখেছিলেন। সে কারণে লন্ডনের রঙ্গমঞ্চগুলো এমন এক স্থান হয়ে উঠলো যে, একমাত্র সেখানেই সাধারণ মানুষ সরাসরি জীবনের সত্য ভাষণগুলো শুনতে পেতো। শেক্সপীয়রের সমসাময়িক বেন জনসন এই সুবিধাকে কাজে লাগাতে পারেননি। কারণ কর্তৃপক্ষের সাথে লেখার জন্য তার গোলমাল লেগেই ছিলো। এই সুবিধা ছিলো মূলত সৃষ্টি করার স্বাধীনতা, যা নাট্যকারদের জন্য উম্মুক্ত ছিল। এর ফলে নাটকের মাধ্যমে মানুষের রাজনৈতিক সামাজিক, ধর্মীয় এবং যৌনতার অভিব্যক্তি আমাদেরকে সচকিত করে তুললো। শেক্সপীয়রের মাত্র সাঁইত্রিশটি নাটকের মধ্যে মানব প্রকৃতির অন্তর্গত জটিলতা, মানুষের প্রায় সব রকম মৌলিক প্রবৃত্তির বিশ্বস্ত উম্মোচন লক্ষ্য করা যায়।
অন্যান্য বিষয়ের পাশাপাশি সাহিত্যেও স্বাধীনতাবোধ জাগ্রত হয় আকস্মিক ঘটনার দ্বারা কিংবা কখনো কখনো সংস্কৃতির প্রতি প্রচণ্ড অবহেলার কারণেও। এক্ষেত্রে তখন ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলো। আগে পরে যখনই হোক না কেনো, ফলাফল সবসময় একই থাকে, যা আমরা হোমার ও শেক্সপীয়রের সৃষ্টিকর্মে দেখতে পাই।
এর মানে কি এই যে, একদা রাজনৈতিক, নৈতিক ও ধর্মীয় বিধিনিষেধের বিলুপ্তি ঘটার পরপরই প্রতিভা উজ্জ্বলভাবে বিকশিত হয়েছে? অবশ্যই নয়। এর মানে এই যে, মানব স্বাধীনতার অস্তিত্ব যখন সঙ্কটাপন্ন হয়ে পড়ে তখন মানুষের সৃষ্টিশীলতাও সঙ্কুচিত হয়ে যায় এবং সাহিত্য চিত্রকলাও খুব ঐশ্বর্যহীন হয়ে পড়ে।
তবে সৃষ্টির স্বাধীনতা প্রতিভার নিশ্চয়তা পুরোপুরি না দিলেও একটা অনুকূল পরিবেশ রচনা করে, যেখানে প্রতিভা অঙ্কুরিত হতে পারে।
শিল্পকলা ও বিজ্ঞানের ক্ষেত্রে স্বাধীনতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভ্যতার সামগ্রিক পরিবর্তনের জন্য দরকারি যেমন–শক্তি, সৃষ্টিশীলতা, প্রযুক্তিগত উন্নতি, শিল্পকারখানার উৎপাদনের প্রাচুর্য, ধর্মীয় সংস্কৃতির ক্রমান্বয়ে ভেঙ্গে পড়া এবং যৌক্তিকতার বিকাশ–এসবই স্বাধীনতার ফল। তবে এর পাশাপাশি আরও অনেক কিছুই ঘটেছে যেমন শহরের ক্রমবর্ধনশীলতা অর্থাৎ গ্রাম-সভ্যতার স্থলে শহুরে সভ্যতার উত্থান এবং একই সাথে বাজারের উদ্ভব ও বিস্তৃতি। মুক্ত উৎপাদন ও বিনিময় ব্যবস্থা ইতিহাসের গতি যেভাবে ত্বরান্বিত হয়েছে তার চরম ফলাফল লক্ষ করা যায় ব্যক্তি উত্থানের মধ্যে। আগে মানুষের এই ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ছিলো না। সে ছিলো দলের বা গোষ্ঠীর অংশবিশেষ: নিষ্ক্রিয় পদার্থ, নামহীন ক্রীতদাসের মতো প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগের আগে পর্যন্ত মানুষ দলবদ্ধভাবে ছিলো-আধুনিক যুগে এসে মানুষ নিজেকে মুক্ত করে ব্যক্তি স্বাতন্ত্র্যের স্বাধীন ভূমিতে দাঁড়াতে সক্ষম হলো। এটা সম্ভব হয়েছে অনিয়ন্ত্রিত অর্থনৈতিক বিস্তৃতি, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে যেখানে ব্যক্তির স্বত:স্ফূর্ততা ও খেয়ালিপনা কোন বাধা ছাড়াই বিকশিত হয় আর এই পরিস্থিতি পরোক্ষভাবে উৎসাহিত করেছে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাধারার বিবর্তনকে। আবার পাশাপাশি সাম্যবাদী ইউটোপিয়া, সামাজিক ন্যায়বিচারের ধারণা, মানবাধিকার এবং গণতন্ত্রের তত্ত্ব ও ব্যবহারিক চর্চা–এসব মতবাদ ব্যক্তি মানুষকে মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করার মতো চিন্তার দু:সাহস যুগিয়েছে।
এই পর্যায়ে এসে একজন ব্যক্তির পরিচয় বাস্তবসত্তা রূপে, যার অধিকার ও কর্তব্যবোধ আছে এবং যাকে কেন্দ্র করে গোষ্ঠীজীবন সুগঠিত হয়েছে বা হওয়া উচিত। এই ব্যক্তি নি:সন্দেহে মানব ইতিহাসের ধারায় নৈতিকতার শীর্ষে অবস্থান করেছে। বেনিদেত্তো ক্রোচে যাকে স্বাধীনতার চরম প্রাপ্তি রূপে অভিহিত করেছেন।
প্রত্যেক সভ্যতা ও সংস্কৃতিরই গর্ব করার মতো কিছু বিষয় থাকে। শিল্প, সাহিত্য, প্রযুক্তি ও বিজ্ঞানের সমৃদ্ধির পাশাপাশি আরও অনেক কিছুই কমবেশি উন্নয়নের ধারায় যুক্ত হয়। তবে এইসব উন্নয়ন সত্ত্বেও আরও একটি কঠিন সত্য এর গভীরে নিহিত রয়েছে। স্বাধীনতা সামাজিক ও বস্তুগত উন্নয়নের মূল শর্ত হিসেবে কাজ করেছে ঠিকই কিন্তু এইসব উন্নয়ন মানুষকে পুরস্কারস্বরূপ যে দুর্ভাগ্য দিয়েছে তাকেও ভুলে গেলে চলবে না। স্বাধীনতা যদি অবিচার ও রাজনৈতিক অপব্যবহারের বিলুপ্তি না ঘটায় তাহলে সেটা খুবই দু:খজনক পরিণতি নিয়ে আসে। অবিচারের ভূত এবং রাজনৈতিক দানব বা অপদেবতাকে উৎখাত করাই হচ্ছে স্বাধীনতার মূলমন্ত্র এবং এই স্বাধীনতাকে সংরক্ষণের জন্য আমাদেরকে যে চরম মূল্য দিতে হয় তা বিস্মৃত হলে চলবে না।
অর্থনৈতিক ক্ষেত্রেও সেই একই স্বাধীনতা বা উন্নয়নের চালিকাশক্তি সমাজে বৈষম্যের উৎস হিসেবে কাজ করতে পারে এবং সমাজে বিত্তবান ও বিত্তহীনের মধ্যে বিপুল ব্যবধানও সৃষ্টি করতে পারে। স্বাধীনতা জ্বালানিরূপে মানুষকে যে কৌতুহল ও উদ্ভাবন ক্ষমতা দেয় তা মানুষকে শক্তি যোগায়, নতুন নতুন আবিষ্কারের সমুদ্রে প্রবেশের, আবার মাধ্যাকর্ষণ শক্তি লংঘন করে মহাকাশে যাত্রার ভাবনাও জাগ্রত হয় মানুষের মধ্যে স্বাধীনতারই বদৌলতে। কিন্তু এই স্বাধীনতা মানুষকে এমন সব অস্ত্র আবিষ্কারের সুযোগ করে দিয়েছে যা আধুনিক রাষ্ট্রকে মুহুর্তেই সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে, যার তুলনায় নীরো এবং চেঙ্গিস খানের নিষ্ঠুরতাকেও ছেলেখেলা বলে মনে হয়।
তবে এই দানব উৎপাদনের এটাই একমাত্র কারণ নয়, যেমন গোইয়া তার এচিংগুলোয় দেখিয়েছেন। স্বচ্ছ ও সতর্ক যুক্তি যখন মুক্তভাবে পরিচালিত হয় তখন তা মানব জীবনের গতির অসমতা, নারীর অধিকারহীনতা, অর্থনৈতিক দাসত্ব, জাতিতে জাতিতে বিভেদ ও দ্বন্দ্ব এবং উপনিবেশ ক্রমশ হ্রাস পাবার সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। স্বাধীনতার অপবৈশিষ্ট্যের পরিবর্তে অধিকসংখ্যক মানুষই যে স্বাধীনতার ভালো দিকগুলোকে বেছে নেয়ার সুযোগটি গ্রহণ করবে তাতে কোনো সন্দেহ নেই। যখন তারা সেই সুযোগ পাবে না তখন স্বাধীনতা অর্জনের জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হবে।
শাহ-এর দুর্নীতিপরায়ণ স্বেচ্ছাচারী সময়ের চেয়ে ইরানের জনগণ কি বর্তমানে ইমামদের ধর্মীয় স্বেচ্ছাচারিতায় সন্তুষ্ট? যেখানে শাহ-এর রাজত্বকালের চেয়েও অনেক বেশি মানুষ নিহত হয়েছে এবং জনগণের দুর্ভোগও বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। স্পষ্টভাবেই বলা যায়, হ্যা। তবে ধর্মীয় বিশ্বাস যদি মৌলবাদী পথে অগ্রসর হয় তবে তা স্বাধীনতাকে অর্থহীন করে তোলে এবং যদিও তা আবেগকে পূর্ণতা দেয় কিন্তু এর সাথে স্বাধীনতার জন্য দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ধৈর্য হারিয়ে এমন মতবাদের জন্ম দিয়েছে যে, স্বাধীনতা আপেক্ষিক: ক্ষমতা ও সম্পদের সাথে সংযুক্ত বিশেষ সুবিধা একটি মরীচিকা মাত্র যাকে শক্তিশালী সংখ্যালঘুরা ব্যবহার করে নিম্নশ্রেণীর লোকদেরকে প্রতারণা করার জন্য।
বুদ্ধিজীবীরা স্বাধীনতাকে অনেক সময় কাল্পনিক ও প্রবঞ্চনাময় বলে আখ্যা দিয়ে থাকেন অথচ ন্যায়বিচার ছাড়া এই স্বাধীনতা এক ইঞ্চিও সামনে এগুতে পারে না। স্বাধীনতা রক্ষা এবং পৃষ্ঠপোষণের প্রধান দায়িত্ব শিল্পী-লেখক তথা বুদ্ধিজীবী শ্রেণীর ওপরই বর্তায়। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অসংখ্য বুদ্ধিজীবী মার্কস ও লেনিনের কল্পনার সুখরাজ্য দ্বারা যেভাবে আকর্ষিত হয়েছিলো তা গুলাগ ও নোমেনক্লাটুরার বাস্তবতা প্রমাণের ফলে ম্লান হয়ে গেছে। আরও একটি শিক্ষণীয় ব্যাপার হচ্ছে পূর্ব ইউরোপে সেই শাসন পদ্ধতির বিরুদ্ধে শ্রমিকদের যে বিদ্রোহ সংঘটিত হয় তা ভবিষ্যৎ শ্রেণীহীন সমাজ গড়ার নামে একনায়কত্বকেই প্রতিষ্ঠা করেছে এবং যা চিন্তা ও বাকস্বাধীনতাকে করেছে খর্ব। এবং শৈল্পিক উৎকর্ষের সব রকম অভিব্যক্তিকে রূদ্ধ করেছে। বর্তমানে ইউরোপের বুদ্ধিজীবীরা মোটামুটিভাবে টোটালিটারিয়ানিজমের তীব্র সমালোচক।
ইউরোপের বুদ্ধিজীবীদের অনেকের মন্তব্যই প্রায়শ স্ববিরোধী হয়ে পড়ছে। তাদের মতামতে এমনও লক্ষ্য করা গেছে যে, ইংরেজ অথবা হাঙ্গেরিয়ান বা ফ্রান্সবাসী এবং ডাচদের জন্যে যা খারাপ তা কিউবাবাসী বা পেরুবাসীর জন্য মঙ্গলজনক বা ভালো হতেও পারে। অথবা যেন তাদের দু:খকষ্ট এবং শোষণ উন্নয়নশীল দেশগুলোর জনসাধারণকে রাজনৈতিক স্বাধীনতার জন্য অনুপযোগী করে তোলে। প্রকৃত সত্য এই যে, রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে লাতিন আমেরিকার জনগণ সাধারণতঃ আমাদের অনেক বুদ্ধিজীবীর চেয়ে অনেক বেশি দূরদৃষ্টির প্রমাণ দিয়েছেন।
অর্থনৈতিক এবং জীবনমানের ক্ষেত্রে তাদের সাথে আমাদের অনুন্নত দেশগুলোর অনেক পার্থক্য রয়েছে। আমাদের দেশগুলোতে দারিদ্র্য একটি পুনরাবৃত্তিময় দু:স্বপ্ন এবং যতদূর সম্ভব শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও ন্যায়বিচারের ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে। কিন্তু একই সময়ে লাতিন আমেরিকানরা বলে যে, কয়েক দশক আগে ইউরোপে যা ঘটেছে তার সাথে লাতিন আমেরিকার যথেষ্ট পার্থক্য আছে; স্বৈরতন্ত্রের মোহিনীশক্তির কাছে লাতিন জনগণ কদাচিৎ বা দৈবাৎ বশীভূত হতে পারে। এবং যখনই তাদের সুযোগ দেয়া হবে তারা দৃঢ়প্রতিজ্ঞভাবে স্বাধীনতাকেই বেছে নেবে।
শিক্ষা গ্রহণটাই সবচেয়ে বড় কথা এবং যারা নিম্নশ্রেণীর মানুষের জন্য লিখেন বলে দাবি করেন তাদেরকেই প্রথম, এই দুর্ভাগ্যকে অবজ্ঞা করে আমাদের জনগণ স্বাধীনতার প্রতি স্বাভাবিক স্পৃহা এখনও হারায়নি এবং যারা স্বাধীনতার সাথে খুব হঠকারীভাবে দূরে সরে যায় তাদেরকে অনুসরণ করতে জনগণ এখনও প্রস্তুত নয়।
কিন্তু যখন সভ্য জীবনের সম্ভাবনা ধ্বংসোম্মুখ তখন বই কি পারবে স্বাধীনতার জন্য অবিরত সংগ্রাম করে যেতে, বিশেষ করে বর্তমানে ? প্রকৃত প্রস্তাবে, আমারা খুবই দু:সহ বাস্তবতার সাথে জীবযাপন করছি। চারদিকে যুদ্ধ এবং ধ্বংসতো চলছেই। এবং আরো বেশি ধ্বংসের থমথমে সম্ভাবনা বিরাজ করছে। একটি উদাহরণ দেয়া যেতে পারে। যে সীমানা পূর্ব এবং পশ্চিম ইউরোপকে আলাদা করেছে তার একেক পার্শ্বে মাটির নিচে তিনশ সোভিয়েত এসএস-২০ মিসাইল বসানো আছে। প্রত্যেকটি মিসাইলে তিনটি করে স্বয়ংসম্পূর্ণ নিউক্লিয়ার ওয়ারহেডও আছে এবং ৩০০০ কি: মি: পাল্লার ক্ষেত্রে এই ওয়ারহেডগুলো লক্ষ্যস্থলে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ন্যাটোর সীমান্তে ১০৮ পার্শি-২ এবং ৪৬৪ ক্রুজ মিসাইল বসানো আছে, যা যাত্রা শুরু করার সাত বা আট মিনিট পর যে কোনো লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে। এই অন্ধকারময় পরিপ্রেক্ষিত আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে সেই সব বিভিন্ন পথ নিয়ে যেসব পথে সাহিত্য ও বিজ্ঞান নিজেদেরকে প্রকাশ করে।
একমাত্র বিজ্ঞানের ক্ষেত্রেই উন্নতির ধারণার মধ্যে রয়েছে স্বাতন্ত্র্য সময়ানুক্রমিক ধারাবাহিকতা। জ্ঞানের প্রগতিশীল আবিষ্কার মানুষের জন্য অপেক্ষাকৃত উন্নত জীবন ব্যবস্থা নিয়ে এসেছে। তবে বিজ্ঞানের অগ্রগতি যখন পরাস্ত করছে ব্যাধি, অজ্ঞতা ও দুর্ভিক্ষকে তখন সেই সাথে বিজ্ঞান সামরিক মারণাস্ত্রের মাধ্যমে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে মানব অস্তিত্ত্বের নিরাপত্তাহীনতাকেও।
বিজ্ঞানের প্রতিটি পর্যায় সামরিক প্রযুক্তির উন্নতির জন্য এগিয়ে গেছে এবং বিপুল সব ধ্বংস সাধন করেছে। আদিম এনথ্রপয়েড মানুষ কর্তৃক মাথা চূর্ণ করার সময় থেকে হিরোশিমা নাগাসাকির সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ পর্যন্ত ইতিহাসের অনেক পর্যায় আছে যেখানে লক্ষ্য করা যায় যে, বৈজ্ঞানিক অগ্রগতি নৈতিক ব্যবহারের অগ্রগতির সাথে ভারসাম্য রক্ষা করতে পারেনি।
সাহিত্যে 'অগ্রগতির' কোনো ধারণাই প্রশ্নাতীত নয়। 'ডিভাইন কমেডি' 'ওডেসি' থেকে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এবং কোনো পাঠক সার্ভেন্তিসের 'দন কিহোতে'র চেয়ে জয়েসের 'ইউলিসিস'কে বেশি পছন্দ করতে পারেন। কিন্তু মহৎ কোনো সাহিত্যকর্মই দশ শতক আগেকার কোনো সাহিত্যকর্মকে ম্লান করতে পারবে বলে মনে হয় না। তবে বিজ্ঞানের ক্ষেত্রে এই ব্যাপারটাই ঘটে চলেছে, যেমন রসায়ন আলকেমিকে বিলুপ্ত করে দিয়েছে। আমি যা বলার চেষ্টা করছি তা হচ্ছে মানুষের বিধ্বংসী প্রবৃত্তিকে রোধ করার জন্যে আমরা বরং একটা জিনিস করতে পারি, তা হচ্ছে সব রকম উদ্ভাবনী শক্তিকে যন্ত্রের পরিবর্তে গ্রন্থমুখী করে দিতে পারি। এতে কোনো ঝুঁকি নেই এবং পৃথিবীও ধ্বংসের হাত থেকে মুক্ত হতে পারে। বৈজ্ঞানিক সভ্যতা যেভাবে আমাদের জীবনকে অর্থহীন করে তুলছে সাহিত্যিক সভ্যতার অধীনে অন্তত এমন কেউ জন্মাবে না, যে সভ্যতা ধ্বংসের জন্য কোনো হুমকি হতে পারে এবং যার ফলে আমাদের জীবন অর্থহীন বিষাদে আচ্ছাদিত হয়ে যায়। যান্ত্রিক সভ্যতার চেয়ে সাহিত্যিক সভ্যতা যে অনেক বেশি নিরাপদ হবে তা নি:সন্দেহে বলা যায়।
