২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাপের নামউম্‌বের্তো একো

জি এইচ হাবীব জি এইচ হাবীব

Published : 30 Jun 2010, 10:38 AM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
eco-and-library.jpg


উম্‌বের্তো একো

অনুবাদ: জি এইচ হাবীব

লিংক: কিস্তি ১

———————————————————————————
ধারাবাহিক উপন্যাস । কিস্তি ৪
———————————————————————————

(কিস্তি ৩-এর পরে)

'সত্যি, কুকুরই বটে, উইলিয়াম। পাগলা কুকুর। তুমি জানো, বোনাগ্রেতিয়ার সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়েছিলাম আমি?'

'কিন্তু বোনাগ্রেতিয়া তো আমাদের পক্ষে!'

'এখন তা-ই; তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হওয়ার পর। তারপরে সে কনভিন্সড্ হয় এবং Ad conditorem canonum[৬৭]-এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পোপ তখন তাকে এক বছরের জন্যে কয়েদ ক'রে রাখে।'

'আমি শুনেছি, এখন তিনি কিউরিয়াতে আমার এক বন্ধু ওকামের উইলিয়াম-এর খুব ঘনিষ্ঠ।'

'খুব সামান্যই চিনি আমি তাঁকে। পছন্দ করি না লোকটাকে। আকুলতাহীন এক মানুষ। মস্তিষ্কসর্বস্ব এক লোক, হৃদয়ের বালাই নেই।'

'তবে মাথাটা কিন্তু চমৎকার।'

'হবে হয়ত, কিন্তু সেটাই তাকে নরকে নিয়ে যাবে।'

'তাহলে ফের তাঁর সঙ্গে দেখা হবে আমার, আর তখন আমরা লজিক নিয়ে তর্ক জুড়ে দেবো।'

'থামো, উইলিয়াম,' গভীর স্নেহমাখা একটা হাসি হেসে উবার্তিনো বললেন। 'তুমি তোমার দার্শনিকদের চাইতে ভালো। কেবল যদি জিনিসটা চাইতে তুমি…'

'কী চাইতাম?'

'শেষ যেবার দেখা হয়েছিল তোমার সঙ্গে আমার, আম্ব্রিয়ায়—মনে আছে তোমার?—আমি তখন সবেমাত্র অসুখ থেকে সুস্থ হয়ে উঠেছি সেই দুর্দান্ত নারীর বদান্যতায়—মন্টিফাল্কো-র ক্লেয়ার[৬৮]…' বিড়বিড় করে বললেন তিনি, উজ্জ্বল হয়ে উঠল তার মুখটা। 'ক্লেয়ার… স্বভাবতই পথভ্রষ্ট নারী-প্রকৃতি যখন পবিত্রতার মাধ্যমে সুমহান হয়ে ওঠে, তখন তা মহত্তম গুণাবলীর বাহন হতে পারে। তুমি জানো আমার জীবন কীরকম শুদ্ধতম বিশুদ্ধতা দিয়ে অনুপ্রাণিত, উইলিয়াম,'— তীব্র আবেগে তিনি আমার গুরুর বাহু আঁকড়ে ধরলেন— 'তুমি জানো কী ভয়ংকর, হ্যাঁ, এটাই সেই শব্দ… অনুতাপের কী নিদারুণ ভয়ংকর তৃষ্ণা নিয়ে যে আমি আমার কামনা-বাসনা দমিয়ে রাখার চেষ্টা করেছি আর ক্রুশবিদ্ধ যীশুর ভালোবাসায় নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি… কিন্তু তারপরেও, তিন নারী আমার জীবনে তিন স্বর্গীয় দূত হিসেবে এসেছে। ফোলিনো-র অ্যাঞ্জেলা[৬৯], কাস্তেল্লো শহরের মার্গারেট[৭০] (যিনি আমাকে আমার বইয়ের শেষাংশটা আমার কাছে প্রকাশিত করেছিলেন, অথচ তখন মাত্র সেটার এক তৃতীয়াংশ রচনা করেছি আমি) আর সবশেষে মন্টিফাল্কোর ক্লেয়ার। হোলি মাদার চার্চ পদক্ষেপ নেয়ার আগে ঘটনাগুলো পরীক্ষা ক'রে দেখে জনতার সামনে তাঁকে সন্ত হিসেবে ঘোষণা করার যে-দায়িত্ব আমি পেয়েছিলাম সেটা ছিল স্বর্গের তরফ থেকে আমার, হ্যাঁ, আমার প্রতি একটা পুরস্কারস্বরূপ, আর তুমি সেখানে ছিলে, উইলিয়াম, সেই পবিত্র প্রচেষ্টায় তুমি আমাকে সাহায্য করতে পারতে, কিন্তু করলে না…।'

'কিন্তু যে পবিত্র প্রচেষ্টায় অংশ নিতে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেটা বেন্তিভেঙ্গা, জ্যাকোমো আর জিওভানুচ্চিও-কে আগুনে পুড়ে মরার দিকে ঠেলে দিচ্ছিল,' মৃদুকণ্ঠে উইলিয়াম বললেন।

'ওরা ওদের বিকার দিয়ে তাঁর স্মৃতি কলংকিত করেছিল। অথচ তুমি নিজে একজন ইনকুইযিটর ছিলে।'

'আর ঠিক সেই সময়েই সে-দায়িত্ব থেকে অব্যহতি পাওয়ার আবেদন জানিয়েছিলাম আমি। ব্যাপারটা আমার পছন্দ হয়নি। যেভাবে আপনি বেন্তিভেঙ্গাকে তার ভুল-ত্রুটি স্বীকার করতে প্রলুব্ধ করেছিলেন—খোলাখুলিই বলছি আমি—সেটাও আমার পছন্দ হয়নি। আপনি ভান করেছিলেন আপনি তার সম্প্রদায়ে যোগ দিতে ইচ্ছুক, অবশ্য ওটা যদি কোনো সম্প্রদায় হয়ে থাকে; তার সমস্ত গোপন কথা চুরি করে নিয়ে আপনি তাকে ধরিয়ে দিয়ে ছিলেন।'

'কিন্তু যীশুর শত্রুদের বিরুদ্ধে এগোবার ওটাই তো পন্থা। ওরা ছিল হেরেটিক। ছদ্ম-অ্যাপসল। ফ্রা ডলচিনো-র[৭১] গন্ধ বেরোতো ওদের গা থেকে ভুরভুর ক'রে।'

'ক্লেয়ার-এর বন্ধু ছিল তারা।'

'না, উইলিয়াম, ক্লেয়ার-এর স্মৃতির ওপর সন্দেহের ছায়ার আভাসমাত্র দিতে পারো না তুমি।'

'কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।'

'ওরা ছিল মাইনরাইট[৭২], নিজেদের স্পিরিচুয়াল-ও বলত, অথচ তারপরেও তারা ছিল সম্প্রদায়টির সন্ন্যাসী। কিন্তু তুমি জানো, বিচারে এটা বেরিয়ে এসেছিল যে গুব্বিও-র বেন্তিভেঙ্গা নিজেকে অ্যাপসল বা ঈশ্বরের বাণী প্রচারক বলে ঘোষণা করেছিল, তারপর সে আর রেভানার জিওভানুচ্চিও সন্ন্যাসীনিদের এই বলে প্রলুব্ধ করত যে নরকের কোনো অস্তিত্ব নেই, ঈশ্বরকে কুপিত না ক'রেই কামজ বাসনা পরিতৃপ্ত করা যায়, কোনো পুরুষ যখন কোনো সন্ন্যাসীনীর সঙ্গে শয়ন করে তখন যীশুর দেহ পাওয়া সম্ভব, যীশুর চোখে কুমারী অ্যাগনেস-এর চাইতে মাগদালেনই বেশি প্রিয় ছিল, ইতর লোকজন যাকে ইবলিস বলে সে আসলে স্বয়ং ঈশ্বর, কারণ ইবলিস হচ্ছে জ্ঞান, আর সংজ্ঞার্থ অনুযায়ী ঈশ্বরই জ্ঞান! আর এসব কথাবার্তা শোনার পর ক্লেয়ার-ই একটি দিব্যদর্শন লাভ করে যেখানে স্বয়ং ঈশ্বর তাঁকে বলেন যে ওরা Spiritus Libertatis[৭৩]-এর মন্দ অনুসারী।'

'ওরা ছিল মাইনরাইট, ক্লেয়ারের মতো একই দিব্যদৃষ্টিতে জ্বলন্ত ছিল তাঁর হৃদয়, এবং প্রায়ই দেখা যায় পরমানন্দপূর্ণ দিব্যদৃষ্টি ও পাপপূর্ণ উন্মত্ততার মধ্যে ফারাক খুব সামান্য।'

নিজের হাত দুটো মোচড়ালেন উবার্তিনো, চোখ দুটো বাষ্পাকুল হয়ে উঠল তাঁর। 'ধূপ-ধুনোর সুগন্ধ দিয়ে যা নাড়িভুঁড়িকে পোড়ায় সেই পরমানন্দপূর্ণ প্রণয়ের মুহূর্ত আর গন্ধকে পরিপূর্ণ ইন্দ্রিয়ের বিকার, এই দুয়ের মধ্যে তুমি গোলমাল পাকিয়ে ফেল কীভাবে? বেন্তিভেঙ্গা অন্যদেরকে একটি দেহের নগ্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে ছুঁতে বলেছিল; সে ঘোষণা করেছিল, ইন্দ্রিয়ের শাসন থেকে মুক্তি পাওয়ার ওটাই একমাত্র পদ্ধতি, homo nudus cum nuda iacebat[৭৪], "নগ্ন হয়ে শুয়ে ছিল তারা, নারী আর পুরুষ…" '

'Et non commiscebantur ad invicem[৭৫], কিন্তু সেখানে কোনো সংযোগ ছিল না।'

'মিথ্যে কথা! তারা সুখ খুঁজছিল, এবং তারা তা পেয়েওছিল। কামজ তাড়না যদি তারা অনুভব করে থাকে, তা মেটাতে গিয়ে নারী পুরুষ এক সঙ্গে শুলে সেটাকে তারা পাপ বলে মনে করেনি, আর তারা একে অন্যের প্রতিটি অঙ্গ স্পর্শ করেছিল, চুম্বন করেছিল, নগ্ন পেট লেগে ছিল নগ্ন পেটের সঙ্গে!'

স্বীকার করছি, উবার্তিনো যেভাবে অন্যদের কুকর্মের ওপর কলংক লেপন করছিলেন তাতে আমার মনে কোনো সাধু চিন্তার উদ্রেক হয়নি। আমার গুরু নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে আমি অস্থির হয়ে পড়ছি, তিনি সাধু পুরুষটির কথায় বাগড়া দিলেন।

'বড়ই উদ্দীপ্ত আত্মা আপনার, উবার্তিনো, তা সেটা ঈশ্বরের ভালোবাসায় যেমন, মন্দের প্রতি ঘৃণার বেলাতেও তেমনি। আমি যা বোঝাতে চেয়েছি তা হচ্ছে দেবদূতের সংরাগ আর লুসিফারের সংরাগের মধ্যে পার্থক্য প্রায় নেই বললেই চলে, কারণ সবসময়েই তাদের জন্ম হয় বাসনা বা ইচ্ছার চরম প্রজ্জ্বলনের মাধ্যমে।'

'ও, হ্যাঁ, একটা পার্থক্য আছে, আর আমি তা জানি আছে!' উদ্দীপ্ত হয়ে বললেন উবার্তিনো। 'তুমি বলতে চাইছো শুভ-র বাসনা করা আর অশুভর বাসনা করার মধ্যে পরিসরটা অল্প, কারণ, সব সময়ই এটা ইচ্ছাকে চালিত করার ব্যাপার। এটা সত্য। তবে কিনা, পার্থক্যটা রয়েছে বস্তুর মধ্যে, আর বস্তু পরিষ্কারভাবে চেনা যায়। ঈশ্বর এই পক্ষে, শয়তান অন্যটায়।'

'আর আমার ভয় কী জানেন, উবার্তিনো? আমি এখন আর ফারাক করতে পারি না। আপনার সেই ফোলিনোর অ্যাঞ্জেলাই তো সেই দিনটির কথা বলেছিলেন যেদিন তার আত্মা স্থানান্তরিত হয়ে গিয়েছিল আর নিজেকে তিনি যীশুর সমাধিতে আবিষ্কার করেছিলেন? উনি কি বলেননি কীভাবে তিনি যীশুর স্তনে চুমো খেয়েছিলেন, দেখেছিলেন তিনি তাঁর চোখ বুঁজে শুয়ে আছেন, আর তখন তিনি তাঁর মুখচুম্বন করেছিলেন, আর সেই ওষ্ঠাধর থেকে নিঃসৃত হয়েছিল এক অনির্বচনীয় মিষ্টতা, খানিক বিরতির পর তিনি তার গাল রেখেছিলেন যীশুর গালে, এবং যীশু-তার একটা হাত রেখেছিলেন অ্যাঞ্জেলার গালে, এবং তাঁকে নিজের দিকে আকর্ষণ করেছিলেন, এবং—অ্যাঞ্জেলার নিজের কথা অনুযায়ী—তখন তাঁর সুখ মহিমান্বিত হলো?…'

'এর সঙ্গে ইন্দ্রিয়ের প্ররোচনার কী সম্পর্ক?' উবার্তিনো জিজ্ঞেস করলেন। 'ওটা ছিল একটা অতীন্দ্রিয় অভিজ্ঞতা আর শরীরটা ছিল আমাদের প্রভুর।'

উইলিয়াম বললেন, 'আমি সম্ভবত অক্সফোর্ডে অভ্যস্ত, যেখানে এমনকি অতীন্দ্রিয় অভিজ্ঞতাও আরেক ধরনের…'

'সবই মাথার ব্যাপার…' উবার্তিনো মৃদু হাসলেন।

'বা হয়ত চোখের। আলো হিসেবে প্রত্যক্ষ করা ঈশ্বর, সূর্যরশ্মিতে, আয়নার প্রতিবিম্বে, ক্রমবিন্যস্ত বস্তুর বিভিন্ন অংশের ওপর রঙের পরিব্যাপ্তিতে, ভেজা পাতার ওপর দিনের আলোর প্রতিফলনে… এই প্রেম কি ফ্রান্সিসের প্রেমের আরো কাছাকাছি নয় যখন তিনি ঈশ্বরকে তাঁর প্রাণিকুল, ফুল, ঘাস, পানি, বাতাস ইত্যাদির মধ্যে বিরাজমান হিসেবে প্রশংসা করেন? এ-ধরনের প্রেম কোনো ফাঁদ তৈরি করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু অন্যদিকে, যে-প্রেম দেহজ সংস্পর্শে অনুভূত শিহরণকে সর্বশক্তিমানের সঙ্গে এক কথোপকথনে রূপান্তরিত করে সেটার ব্যাপারে আমি সন্দিহান…'

'তুমি ব্লাসফেমি করছ, উইলিয়াম! দুটো এক জিনিস নয়। ক্রুশবিদ্ধ যীশুর প্রতি প্রেমপূর্ণ হৃদয়ের প্রবল ভাবাবেশ আর মন্টিফাল্কোর ছদ্ম-অ্যাপসলদের হীন, কলুষিত ভাবাবেশের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে…'

'তারা ছদ্ম-অ্যাপসল ছিল না, তারা ছিল ব্রাদার্স অভ দ্য ফ্রী স্পিরিট[৭৬]; আপনি নিজেই সেকথা বলেছেন।'

'তাতে কী ফারাক হলো? সেই বিচার সম্পর্কে সব কিছু শোনোনি তুমি, আর ক্লেয়ার সেখানে পবিত্রতার যে আবহাওয়া তৈরি করেছিল তাতে আমি নিজেও কিছু কিছু স্বীকারোক্তি লিখে রাখতে সাহস করিনি, অন্ততপক্ষে কয়েক মুহূর্তেও জন্যে হলেও। কিন্তু কিছু জিনিস আমি শিখেছিলাম উইলিয়াম, কিছু জিনিস শিখেছিলাম! এক রাতে ভূগর্ভস্থ একটা কক্ষে জড়ো হয়ে সদ্যোজাত একটি শিশুকে নিয়ে একজন আরেকজনকে ছুঁড়ে দিচ্ছিল ওরা, যতক্ষণ পর্যন্ত না আঘাতে আঘাতে… আর অন্য কিছু কারণে সেটার মৃত্যু না হয়।… আর, শিশুটিকে যে শেষবারের মতো জীবিত অবস্থায় হাতে নিয়েছিল, এবং যার হাতে তার মৃত্যু হয়েছিল সে-ই সম্প্রদায়টির নেতা নির্বাচিত হয়েছিল।… এরপর শিশুটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে ময়দার সঙ্গে মেশায় সেই ঈশ্বরদ্রোহী লোকের দল।'

'উবার্তিনো,' উইলিয়াম দৃঢ় কণ্ঠে বললেন, 'এসব কথা বহু শতাব্দী আগে আর্মেনীয় বিশপেরা বলত পলিনিসীয়দের[৭৭] সম্পর্কে। বোগোমিলদের[৭৮] সম্পর্কে।'

'তাতে কী এসে গেল? ইবলিস হচ্ছে একগুঁয়ে, তার ফাঁদ আর প্রলোভনের মধ্যে একটা ধাঁচ আছে, সহস্র বছর পরপর সে তার কৃত্যগুলোর পুনরাবৃত্তি ঘটায়, সবসময় একই রকম সে, আর ঠিক এই কারণেই শত্রু হিসেবে চিহ্নিত হয় সে! আমি শপথ করে বলছি তোমাকে: ইস্টারের রাতে মোমবাতি জ্বালাত তারা, তারপর কুমারীদের নিয়ে যেতো ভূগর্ভস্থ কক্ষে। তারপর তারা সেইসব সোমবাতি নিভিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ত সেই সব কুমারীর ওপর, এমনকি তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকালেও নিরস্ত হতো না তারা।… আর, এ-ধরনের সংযোগের ফলে কোনো শিশুর জন্ম হলে মদের একটি ছোট পাত্রকে ঘিরে, যেটাকে তারা পিপা বলত, সেই সব নারকীয় কৃত্য সম্পাদন করত তারা নতুন ক'রে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ত, আর তারপর টুকরো টুকরো ক'রে কাটত শিশুটিকে, তার রক্ত ঢেলে নিত পানপাত্রে, তারপর তখনো জীবন্ত শিশুগুলোকে ছুঁড়ে ফেলে দিত আগুনে, তারপর শিশুটির দেহভস্ম আর তার রক্ত মিশিয়ে নিয়ে পান করত তারা!'

'কিন্তু মাইকেল সেলাস[৭৯]-তো (Michael Psellas) শয়তানের কর্মকাণ্ড সম্পর্কে তার বইতে তিনশ বছর আগে এসব কথা লিখে গেছেন! আপনাকে এসব কে বলল?'

'ওরাই বলেছে। বেন্তিভেঙ্গা আর অন্যরা, নির্যাতনের মুখে!'

'একটাই মাত্র জিনিস রয়েছে যা প্রাণীদেরকে আনন্দের চাইতেও বেশি উদ্দিপীত করে, আর তা হচ্ছে যন্ত্রণা। নির্যাতনের মুখে আপনার অবস্থা হবে সেই সব ঘাসপাতার অধীনে থাকার মতো যেগুলো স্বপ্নাবেশ তৈরি করে। আপনি যা কিছু পড়েছেন তার সব কিছু আপনার মনের মাঝে ফিরে আসে, যেন স্বর্গের দিকে নয় নরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে। নির্যাতনের মুখে আপনি যে কেবল ইনকুইযিটর যা চায় তা-ই স্বীকার করেন তা নয়, বরং যা শুনে সে খুশি হবে তা-ই কল্পনা ক'রে নেন আপনি। কারণ তার ও আপনার মধ্যে একটা বন্ধন (এটা কিন্তু সত্যিকার অর্থেই, নারকীয়) স্থাপিত হয়।… এসব ব্যাপার আমি জানি, উবার্তিনো; আমি সেসব লোকের দলেও ছিলাম যারা বিশ্বাস করে শ্বেত-তপ্ত লৌহ শলাকার সাহায্যে তারা সত্য তৈরি করতে পারে। সে যাই হোক, আপনাকে বলছি, সত্যের শ্বেত উত্তাপ আসে আরেক অগ্নিশিখা থেকে। নির্যাতনের মুখে বেন্তিভেঙ্গা উদ্ভটতম মিথ্যে কথা বলে থাকতে পারে, কারণ তখন আর সে কথা বলছিল না, বলছিল তার কামুকতা, তার আত্মার শয়তানেরা।'

'কামুকতা?'

'হ্যাঁ, যন্ত্রণার জন্যেও এক ধরনের কামুকতা রয়েছে, ঠিক যেমন কামুকতা রয়েছে বন্দনার, এমনকি রয়েছে বিনয়ের কামুকতা। আরাধনা আর বিনয় থেকে বিদ্রোহী দেবদূতদের নিবিড় আকুলতা অহংকার আর বিদ্রোহের দিকে সরিয়ে নিতে যদি এত সামান্য প্রচেষ্টার দরকার হয়, তাহলে একজন মানুষের ক্ষেত্রে আমরা কী আশা করতে পারি? বুঝলেন, ইনকুইযিশনে থাকার সময় এই চিন্তাটাই মাথায় এসেছিল আমার। আর এই কারণেই কাজটা ছেড়ে দিই আমি। মন্দ লোকজনের দুর্বলতাগুলো অনুসন্ধানের সাহস আমার হয়নি কারণ আমি আবিষ্কার করেছিলাম সেগুলো দেবতুল্য মানুষের দুর্বলতাগুলোরই অনুরূপ।'

উবার্তিনো এমনভাবে উইলিয়ামের কথা শুনছিলেন যেন সেসবের কিছুই বুঝছিলেন না তিনি। স্নেহ সহানুভূতিতে পূর্ণ হয়ে উঠতে থাকা বৃদ্ধ মানুষটির অভিব্যক্তি থেকে আমি বুঝতে পারছিলাম যে তিনি মনে করছিলেন উইলিয়াম নিন্দনীয় মনোবৃত্তির কবলে পড়েছেন, যা তিনি এই কারণে ক্ষমা করে দিয়েছেন যে তিনি আমার গুরুকে খুবই ভালোবাসেন। উবার্তিনো তাকে মাঝপথে বাধা দিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠলেন, 'তাতে কিছু আসে যায় না। তোমার যদি সেরকমই মনে হয়ে থাকে তাহলে তুমি কাজটাতে ক্ষান্ত দিয়ে ঠিকই করেছিলে। প্রলোভনের সঙ্গে লড়াই করতেই হবে। সে যাই হোক, তোমার সমর্থন আমি পেলাম না; সেটা পেলে আমরা দলটাকে বিতাড়িত করতে পারতাম। তার বদলে, তুমি তো জানোই, কী ঘটল; উল্টো আমিই ওদের প্রতি দুর্বলতার অভিযোগে অভিযুক্ত হলাম, সন্দেহ করা হলো আমিই ধর্মদ্বেষিতার সঙ্গে জড়িত। অশুভ-র সঙ্গে যুদ্ধে তুমিও দুর্বল হয়ে পড়লে। অশুভ, উইলিয়াম! এই নিন্দার কি আর শেষ নেই, এই ছায়া, এই পঙ্ক যা আমাদেরকে পবিত্র উৎসে পৌঁছতে বাধা দেয়?' উইলিয়ামের আরো কাছে এগিয়ে এলেন তিনি, যেন তিনি ভয় পাচ্ছেন কেউ আড়িপেতে শুনে ফেলবে তাঁর কথা।

'এখানেও, এমনকি উপাসনার জন্যে উৎসর্গীকৃত একই চার দেয়ালের ভেতরেও, জানো তুমি?'

'জানি; মোহান্তের সঙ্গে কথা হয়েছে আমার; সত্যি বলতে কী, ব্যাপারটার ওপর আলোকপাত করতে তাঁকে সাহায্য করতে বলেছেন তিনি আমাকে।'

'তাহলে চোখ-কান খোলা রাখো, তত্ত্ব-তালাস করো, লিংক্স[৮০] (Lynx)-এর চোখ দিয়ে কামুকতা আর অহংকার দু'দিকেই নজর রাখো।'

'কামুকতা?'

'হ্যাঁ, কামুকতা। যে-যুবকটি মারা গেছে তার মধ্যে… নারীসুলভ—আর কাজেই—নারকীয় একটা ব্যাপার ছিল। ওর চোখদুটো ছিল যেন এক কুমারীর মতো যে ইনকিউবাস[৮১]-এর সঙ্গে সংগম করতে চাইছে। তবে আমি 'অহংকার'-এর কথাও বলেছি, বাক্যের প্রতি, প্রজ্ঞার বিভ্রমের প্রতি উৎসর্গীকৃত একই মঠের ভেতরে বুদ্ধিমত্তার অহংকার।'

'কিছু জানলে আপনি আমাকে সাহায্য করুন।'

'আমি কিছুই জানি না। এমন কিছু নেই যা আমি জানি। কিন্তু মন কিছু কিছু জিনিস টের পায়। তোমার মনকে কথা বলতে দাও, মুখগুলোকে প্রশ্ন করো, জিহ্বা কী বলে তাতে কান দিও না…। কিন্তু, এসব বিষণ্ন কথাবার্তা বলে আমরা আমাদের এই তরুণ বন্ধুটিকে ভয় পাইয়ে দিচ্ছি কেন?' আমার দিকে তাকালেন তিনি তাঁর পাণ্ডুর-নীল চোখ দিয়ে, আমার গালটা ছুঁলেন তিনি তাঁর দীর্ঘ, সাদা আঙুলগুলো দিয়ে, আর আমি সহজাত প্রবৃত্তিবশে আরেকটু হলেই পিছিয়ে যেতাম; কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম আমি, ক'রে ভালোই করলাম, না হলে তিনি আহত বোধ করতেন, তাছাড়া তাঁর কোনো মন্দ অভিপ্রায় ছিল না। উইলিয়ামের দিকে আবার ঘুরে তিনি বললেন, 'তারচেয়ে বরং তুমি তোমার কথা বলো। এরপর কী করেছো তুমি? সে তো প্রায়—'

'আঠারো বছর হলো। আমি আমার দেশে ফিরে যাই। ফের পড়শোনা শুরু করি অক্সফোর্ডে। অধ্যয়ন করি প্রকৃতি।'

'প্রকৃতি ভালো কারণ সে ঈশ্বরের কন্যা,' উবার্তিনো বললেন।

'আর ঈশ্বরও নিশ্চয়ই ভালোই হবেন কারণ তিনি প্রকৃতিকে সৃষ্টি করেছেন,' মৃদু হেসে উইলিয়াম বললেন। 'আমি পড়াশোনা করলাম, খুবই জ্ঞানী কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হলো আমার। এরপর আমি মার্সিলিয়াস[৮২]-এর সঙ্গে পরিচিত হলাম । সাম্রাজ্য, জনসাধারণ, পৃথিবীর রাজ্যগুলো সম্পর্কে একটি নতুন রীতি সম্পর্কে তাঁর ধারণার প্রতি আকৃষ্ট হলাম আমি; কাজেই আমাদের যেসব ব্রাদার সম্রাটকে বুদ্ধি-পরামর্শ দিচ্ছে তাদের দলে ভিড়ে গেলাম আমি। কিন্তু এসব বিষয় তো আপনার জানা-ই আছে: চিঠি লিখেছিলাম আমি আপনাকে। বব্বিওতে যখন জানলাম আপনি এখানে আছেন খুব খুশি হয়ে উঠেছিলাম আমি। আমরা মনে করতাম আপনি হারিয়ে গেছেন। কিন্তু এখন যখন আপনি আমাদের মধ্যে আছেন এখানে, তখন আপনি আমাদের একটা বিরাট সহায় হতে পারেন, যখন মাইকেল-ও এসে পৌঁছোবেন। বেরেঙ্গার তাল্লোনির সঙ্গে ভীষণ একটা লড়াই হবে। আমার সত্যিই মনে হচ্ছে, বেশ একটা মজা দেখবো আমরা তখন।'

দ্বিধাজড়িত এক হাসি হেসে উইলিয়ামের দিকে তাকালেন উবার্তিনো। 'তোমরা ইংরেজরা যে কখন সিরিয়াসলি কথা বলো আমি তা বুঝতে পারি না। এ-ধরনের একটা গুরুগম্ভীর বিষয়ে মজাদার কিছু নেই। সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন, যে-সম্প্রদায় তোমার; আর আমার মনের মাঝে এটা আমারও। কিন্তু মাইকেলকে আমি সনির্বন্ধ অনুরোধ জানাবো যেন সে আভিনিয়ঁ-তে (Avignon) না যায়। জন তাকে চাইছে, খুঁজছে, বার বার করে আমন্ত্রণ জানাচ্ছে। বুড়ো ওই ফরাসীটাকে বিশ্বাস কোরো না। হায় প্রভু! কোন হাতে যে পড়ল তোমার গির্জা!' বেদির দিকে মাথা ঘোরালেন তিনি। 'বেশ্যায় রূপান্তরিত হয়ে, বিলাস-ব্যসনে দুর্বল হয়ে গিয়ে লালসার মধ্যে পাক খাচ্ছে সেটা, সাপ যেমন গরমে গড়াগড়ি যায়! ক্রুশের lignum vitae[৮৩] যেমন কাঠ ছিল সেরকম কাঠের তৈরি বেথ্লহেমের আস্তাবলের নগ্ন শুচিতা থেকে স্বর্ণ আর পাথরের মহোৎসব! তাকাও, এদিকে তাকাও: প্রবেশপথটা তো দেখেছো। প্রতিচ্ছবিগুলোর মহাসমারোহ তোমার নজরে না পড়ে পারে না! আমার আশংকা, অপখ্রিষ্টের যুগ শেষ পর্যন্ত নিকটেই চলে এসেছে, উইলিয়াম!' চারদিকে তাকালেন তিনি, অন্ধকার কুলুঙ্গিগুলোর দিকে এমন বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকলেন যে মনে হলো যেন সেখান থেকে যেকোনো মুহূর্তে আবির্ভাব ঘটবে অপখ্রিষ্টের, আর সত্যি বলতে কী আমি আশা করছিলাম তাকে এক নজর দেখার। 'তার সেনাপতিরা এরিমধ্যে এসে পড়েছে এখানে, যীশু যেমন তার অ্যাপসলদের দিকে দিকে পাঠিয়েছিলেন, ওদেরকেও সেরকমভাবেই পাঠানো হয়েছে! ঈশ্বরের শহরে দাপিয়ে বেড়াচ্ছে তারা, প্রলুব্ধ করছে ছলনা, ভণ্ডামি, সহিংসতা দিয়ে। আর এখনই ঈশ্বরকে তাঁর দুই ভৃত্য এলিযা আর ইনক-কে পাঠাতে হবে, যাদেরকে তিনি পার্থিব স্বর্গে জীবিত অবস্থায় রেখেছেন যাতে একদিন তারা অপখ্রিষ্টকে হতভম্ব করে দিতে পারে, তারা চট্টবস্ত্র পরে আসবে ভবিষ্যদ্বাণী করার জন্যে, আর তারা কথায় আর কাজে অনুতাপের কথা বলবে…'

'তারা এরিমধ্যে এসে গেছে, উবার্তিনো,' নিজের ফ্রান্সিসকান আলখাল্লা দেখিয়ে উইলিয়াম বললেন।

'কিন্তু এখনো তারা বিজয়লাভ করেনি; আর ঠিক এই সময়েই ক্রোধোন্মত্ত অপখ্রিষ্ট হুকুম দেবে ইনক আর এলিযাকে হত্যা করে তাদের লাশ সবার সামনে ফেলে রাখার, যাতে কেউ তাদেরকে অনুসরণ না করতে পারে। ঠিক যেমন ওরা চেয়েছিল আমাকে খুন করতে…'

আমার সে-সময় মনে হলো উবার্তিনো এক ধরনের পবিত্র উন্মত্ততার আছড়ে পড়েছেন, এবং তার মাথা কতটা ঠিক আছে তা নিয়ে চিন্তা হলো আমার। আর এখন, যা ঘটেছে তা যখন আমি জানি সময়ের এই দূরত্বে দাঁড়িয়ে—মানে বলতে চাইছি, দু'বছর পর তিনি যে জার্মানীর এক শহরে এখন অব্দি অজ্ঞাতপরিচয় এক খুনীর হাতে রহস্যজনকভাবে খুন হবেন—তখন আমি আরো বেশি আতংকিত এই ভেবে যে সেই সন্ধ্যায় আসলে তিনি ভবিষ্যদ্বাণী-ই করছিলেন।

'মহান্ত জোয়াকিম সত্যি কথাই বলেছিল, বুঝলে। মানব ইতিহাসের ষষ্ঠ যুগে পৌঁছে গেছি আমরা, যখন দুই অপখ্রিষ্টের আবির্ভাব ঘটবে, একজন অতীন্দ্রিয়বাদী অপখ্রিষ্ট, আরেকজন আসল অপখ্রিষ্ট। ষষ্ঠ যুগে এখন ঠিক তাই-ই ঘটছে, ক্রুশবিদ্ধ যীশুর শরীরের পাঁচটি ক্ষত নিজের শরীরে গ্রহণ করার জন্যে ফ্রান্সিসের আবির্ভাব ঘটার পর। বনিফেস ছিল অতীন্দ্রিয়বাদী অপখ্রিষ্ট, এবং সেলেস্তিনের সিংহাসন ত্যাগটা বৈধ ছিল না। বনিফেসই ছিল সেই জন্তু যা সমুদ্র থেকে উঠে আসে আর যার সাতটা মাথা সাত মহাপাপ (সেভ্ন ডেডলি সিন্স) ও দশটা শিং দশ অনুজ্ঞার (টেন কমান্ডমেন্টস)-র প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠ-স্বরূপ। তার দেহটা ছিল অ্যাপল্লিয়ন[৮৪] (Apollyon), আর যে-সব কার্ডিনাল তাকে ঘিরে থাকত তারা ছিল পঙ্গপাল। কিন্তু শয়তানের সংখ্যা হচ্ছে, যদি তুমি নামটা গ্রীক ভাষায় পড়ে থাকো, বেনেডিক্টি (Benedicti)!' কথাটা আমি বুঝতে পেরেছি কিনা তাই দেখতে তিনি আমার দিকে তাকালেন, তারপর একটা আঙুল তুললেন আমাকে সতর্ক করে দিতে। 'দশম বেনেডিক্ট ছিল আসল অপখ্রিষ্ট, সেই জন্তু যা মাটি থেকে উঠে আসে। পাপ এবং চরম অনৈতিকতার এমন এক দানবকে ঈশ্বর তাঁর গির্জা শাসন করতে দিয়েছেন যাতে করে লোকটার উত্তরসূরীর পুণ্য পূর্ণ মহিমায় জ্বল জ্বল করে।'

'কিন্তু সেইন্টেড ফাদার,' সাহস সঞ্চয় করে দুর্বল কণ্ঠে আমি বলে উঠলাম, 'তার উত্তরসূরী তো জন!' যেন অস্বস্তিকর কোনো স্বপ্ন জোর করে সরিয়ে দিচ্ছেন এমনভাবে একটা হাত নিজের ভুরুর ওপর রাখলেন উবার্তিনো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর, ক্লান্ত তিনি। 'একথা সত্যি যে হিসেবে গণ্ডগোল হয়ে গিয়েছিল, এখনো দেবদূতোপম পোপের জন্যে অপেক্ষায় আছি আমরা।… কিন্তু এরিমধ্যে ফ্রান্সিস আর ডমিনিক এসে হাজির হলেন।' স্বর্গপানে চোখ তুলে তাকালেন তিনি, যেন প্রার্থনা করছেন (কিন্তু আমি নিশ্চিত, তিনি জীবনবৃক্ষ সম্পর্কিত তাঁর বই থেকে কোনো পৃষ্ঠার উদ্ধৃতি দিচ্ছিলেন): Quorum primus seraphico calculo purgatus et ardore calico inflammatus totum incendere videbatur. Secundus vero verbo predicationis fecundus super mundi tenebras clarius radiavit[৮৫]…' হ্যাঁ, এরকমই ছিল প্রতিশ্রুতিগুলো: দেবদূতোপম পোপকে আসতেই হবে।'

'তাই হোক, উবার্তিনো,' উইলিয়াম বললেন। 'ইতিমধ্যে, আমি এখানে আছি যাতে মানব সম্্রাটের সিংহাসনচ্যুতি ঠেকানো যায়। ফ্রা ডলচিনো-ও কিন্তু আপনার দেবদূতোপম পোপের প্রতিশ্রুতি দিয়েছিল…'

'ওই সাপের নাম আর উচ্চারণ করো না,' চেঁচিয়ে উঠলেন উবার্তিনো, আর এই প্রথমবারের মতো তাঁর বেদনা প্রচণ্ড ক্রোধে রূপান্তরিত হতে দেখলাম। 'ক্যালাব্রিয়ার জোয়াকিম[৮৬]-এর বাণীকে কলুষিত করেছে সে, আর সেই কথাগুলোকে পরিণত করেছে মৃত্যু ও অশ্লীলতার বাহকে। অপখ্রিষ্টের এক বার্তাবাহক, অবশ্য সেরকম কেউ যদি থেকে থাকে। কিন্তু তুমি উইলিয়াম, তুমি এরকম কথা বলছ তার কারণ তুমি আসলেই অপখ্রিষ্টের আবির্ভাবে বিশ্বাস করো না, আর অক্সফোর্ডে তোমার শিক্ষকেরা তোমার হৃদয়ের ভাববাণীপূর্ণ সামর্থকে শুকিয়ে ফেলে তোমার প্রজ্ঞাকে আদর্শায়িত করতে শিখিয়েছে!'

'আপনি ভুল করছেন, উবার্তিনো।' অত্যন্ত গম্ভীরভাবে উত্তর দিলেন উইলিয়াম। 'আপনি জানেন, আমার শিক্ষকদের মধ্যে রজার বেকনকে আমি অন্য সবার চাইতে বেশি শ্রদ্ধা করি…'

'যে কিনা উড়ন্ত যন্ত্র বলতে পাগল…' তিক্তকণ্ঠে বিড় বিড় করলেন উবার্তিনো।

'যিনি অপখ্রিষ্ট সম্পর্কে পষ্ট এবং সংযতভাবে কথা বলেছেন, এবং যিনি জগতে দুর্নীতির আবির্ভাব আর শিক্ষার অবক্ষয় সম্পর্কে সচেতন ছিলেন। অবশ্য তিনি এ-ও শিখিয়েছেন যে অপখ্রিষ্টের আবির্ভাব ঠেকানোর মাত্র একটাই উপায় আছে আর তা হলো: জগতের রহস্যগুলো আয়ত্ত্ব করো, মানবজাতিকে উন্নততর করার জন্যে জ্ঞানকে ব্যবহার করো। লতা-গুল্মের উপশমকারী গুণাবলী, পাথরের প্রকৃতি সম্পর্কে পড়াশোনার মাধ্যমে, এমনকি যে উড়ন্ত যন্ত্রগুলো আপনাকে হাসির খোরাক যোগায় সেগুলো কীভাবে তৈরি করা যায় সেই পরিকল্পনা করেও আমরা অপখ্রিষ্টের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে পারি।'

'তোমার বেকনের অপখ্রিষ্ট ছিল বুদ্ধিবৃত্তিক গরিমা চর্চার একটা ছুতো।'

'পবিত্র ছুতো।'

'ছুতো সংক্রান্ত কোনো কিছুই পবিত্র নয়। উইলিয়াম, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো তোমার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। তোমার বুদ্ধিকে বিকল করো, প্রভুর ক্ষতের জন্যে কাঁদতে শেখো, তোমার বইপত্তর সব ছুঁড়ে ফেলে দাও।'

'আমি কেবল আপনারগুলো নিয়েই থাকবো,' মৃদু হেসে উইলিয়াম বললেন।

উবার্তিনোও হাসলেন, তারপর উইলিয়ামের দিকে ভয় দেখানোর মতো করে আঙুল নাচালেন। 'নির্বোধ ইংরেজ। নিজের লোকজনকে খুব বেশি উপহাস কোরো না। যাদেরকে ভালোবাসতে পারো না তাদেরকে তোমার বরং ভয় করা উচিত। আর এই মঠে খুব সাবধান থেকো। জায়গাটা আমার পছন্দ নয়।'

'সত্যি বলতে কী, আরো ভালো করে জানতে চাই আমি জায়গাটাকে,' বিদায় নিয়ে উইলিয়াম বললেন। 'এসো, অ্যাড্সো।'

'আমি বললাম জায়গাটা আমার পছন্দ নয়, আর তুমি বললে এটাকে আরো ভালোভাবে জানতে চাও। হাহ্!' মাথা ঝাঁকিয়ে উষ্মা প্রকাশ করলেন উবার্তিনো।

'ভালো কথা,' উইলিয়াম বলে উঠলেন, ততক্ষণে যদিও নেইভ-এর অর্ধেকটা চলে এসেছেন তিনি, 'জন্তুর মতো দেখতে, কথা বলে ব্যাবেলের ভাষায়, সন্ন্যাসীটি কে?'

'সালভাতোরে?' ততক্ষণে হাঁটু গেঁড়ে বসে পড়া উবার্তিনো ঘুরে গেলেন। 'আমার বিশ্বাস এই মঠে সে আমার একটি উপহার… ভাণ্ডারীও তাই। ফ্রান্সিসকান পোশাক খুলে রাখার পর কিছু সময়ের জন্যে আমি কাসালিতে আমার পুরনো কনভেন্টে ফিরে গিয়েছিলাম, দেখলাম অন্যান্য সন্ন্যাসীরা সেখানে সংকটের মধ্যে রয়েছে, কারণ তাদের সম্প্রদায়ের অভিযোগ… তাদের ভাষায়, তারা আমার সম্প্রদায়ের স্পিরিচুয়াল। তখন, আমার উদাহরণ অনুসরণ করার অনুমতি জোগাড় করে আমি তাদের পক্ষ নিলাম। আর ওই দু'জন, সালভাতোরে আর রেমেজিওকে আমি গত বছর যখন এখানে আসি তখন দেখতে পাই। সালভাতোরে… হ্যাঁ দেখতে সে জন্তুর মতো ঠিকই, কিন্তু বাধ্যগত।'

এক মুহূর্ত ইতস্তত করে উইলিয়াম বললেন, 'আমি তাকে "পেনিটেনযিয়াযিতে" কথাটা বলতে শুনেছি।'

উবার্তিনো কোনো কথা বললেন না কিছুক্ষণ। একটা হাত নাড়লেন তিনি, যেন একটা অস্বস্তিকর চিন্তা সরিয়ে দিতে চাইলেন। 'না, আমি বিশ্বাস করি না। এসব লে ব্রাদার বা সাধারণ ব্রাদাররা কেমন তুমি তা জানো। নেহাতই গাঁয়ের লোকজন, কখনো হয়ত ভ্রাম্যমাণ কোনো ধর্মপ্রচারকের কিছু কথা শুনেছে, কিন্তু তারা কী বলেছেন তার কিছুই বোঝেনি। সালভাতোরের ব্যাপারে আমার অন্য আপত্তি রয়েছে: সে একটা লোভী জন্তু, আর কামুক। কিন্তু কোনোভাবেই অর্থডক্সি-র বিরুদ্ধে নয়, কোনোভাবেই নয়। না, এই মঠের রোগটা ভিন্ন কিছু, আর সেটা তুমি তাদের মধ্যে খোঁজ করো যারা অনেক বেশি কিছু জানে, তাদের মধ্যে নয় যারা কিছুই জানে না। মাত্র একটা শব্দের ওপর তুমি তোমার সন্দেহের দুর্গ রচনা কোরো না।'

'কখনোই তা করবো না আমি,' জবাব দিলেন উইলিয়াম। 'ঠিক এই কাজটা এড়াবার জন্যেই ইনকুইযিটরের কাজ ছেড়ে দিই আমি। তবে কথা বা শব্দ শুনতে ভালো লাগে আমার, পরে আমি সেসব কথা নিয়ে চিন্তা করি।'

'বড্ড বেশি চিন্তা করো তুমি। বাবা,' আমাকে সম্বোধন করে তিনি বললেন, 'তোমার গুরুর কাছ থেকে খারাপ উদাহরণ খুব বেশি গ্রহণ কোরো না যেন। মাত্র একটাই জিনিস আছে যেটা নিয়ে ভাবা অত্যন্ত জরুরি—এটা আমি আমার শেষজীবনে এসে উপলব্ধি করেছি—আর তা হলো মৃত্যু। Mors quies viatoris—finis est omnis loboris[৮৭]। এখন প্রার্থনা করতে দাও আমাকে।'

(কিস্তি ৫)

টীকা

[৬৭.] Ad conditorem canonum

অনুবাদ: রীতিসমূহের প্রতিষ্ঠাতার উদ্দেশে

টীকা: ১৩২২ খৃষ্টাব্দের ৮ই ডিসেম্বরে জারি-করা পোপ দ্বাদশ জনের এই হুকুমনামাটি পেরুজিয়ায় অনুষ্ঠিত ফ্রান্সিসকান সম্মেলনের সম্পূর্ণ পরিপন্থী। জন সহজ সরল usus facti (প্রকৃত ব্যবহার) প্রত্যাখ্যান ক'রে ফ্রান্সিসকানদেরকে, তাদের ইচ্ছের বিরুদ্ধে, তারা যেসব জিনিস ব্যবহার করতো সেগুলোর মালিকানা দিয়ে দেন। উপন্যাসের শেষের দিকে একো আবারো এই হুকুমনামাটির উল্লেখ করেছেন।

[৬৮.] মন্টিফাল্কো-র সন্ত ক্লেয়ার, Saint Clare of Montefalco (১২৭৫-১৩০৮ খৃ.): অগাস্তিনীয় মরমী সাধিকা। কিছুদিনের জন্যে ফ্রান্সিসকান রীতি-র অনুসারী ছিলেন, কিন্তু ১২৯০ খৃষ্টাব্দে তিনি মন্টিফাল্কোতে তাঁর বোন জোয়ানের অগাস্তিনীয় সন্ন্যাসিনীদের সংঘের সদস্য হন। পরের বছর, তাঁর ইচ্ছের বিরুদ্ধেই তাঁকে মঠাধ্যক্ষা নির্বাচিত করা হয়। চরম সংযমী এক জীবনযাপন করে গেছেন ক্লেয়ার: নীরবতা ভঙ্গের প্রায়শ্চিত্ত করতে খালিপায়ে তুষারের ওপর দাঁড়িয়ে প্রভুর প্রার্থনা আওড়াতেন তিনি একশ বার। যখন তিনি ধ্যানমগ্ন হতেন, বিশেষ করে ক্রুশবিদ্ধ যীশুর যন্ত্রণাভোগ এবং মৃত্যু সম্পর্কে ভাবতে বসতেন, তখন পরমানন্দের এক ভাবসমাধিগ্রস্ত দশা হতো তাঁর। বিশ্বাস করা হতো, অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তাঁর গোটা দেহ সংরক্ষণ করা হয়েছে, এবং ব্যবচ্ছেদকৃত তাঁর হৃৎপিণ্ডের তন্তুময় কোষ-সমাহার ক্রুশ এবং ক্রুশবিদ্ধ যীশুর যন্ত্রণাভোগ এবং মৃত্যুর অন্যান্য উপকরণ-সদৃশ রূপধারণ করেছে বলে মনে করা হয়। ১৮৮১ খৃষ্টাব্দে সন্ত বলে ঘোষিত হন তিনি।

[৬৯.] ফোলিনো-র অ্যাঞ্জেলা, Saint Angela of Foligno (আনুমানিক ১২৪৮-১৩০৯ খৃ.): ফ্রান্সিসকান মরমী সাধিকা। বিবাহিত এই নারী আটতিরিশ/ঊনচল্লিশ বছর বয়স পর্যন্ত মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করেছেন। তারপরেই ঘটে তাঁর অসাধারণ নাটকীয় ধর্মান্তর। তাঁর নিজের ভাষ্য অনুযায়ী, গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, মঠবাসী বিশুদ্ধচারী এক সংযমী জীবনের দিকে ঈশ্বরই তাঁকে আহ্বান করেন। কিন্তু, তাঁর স্বামী এবং সন্তানেরা জীবিত থাকাকালীন এই জীবন আলিঙ্গন করার কোনো উপায় ছিল না। কাজেই, দৃঢ়প্রতিজ্ঞ এই নারী তাদের মৃত্যুর জন্যে প্রার্থনা করতে শুরু করেন, এবং তাঁর প্রার্থনা শিগগীরই মঞ্জুর হয়। অবিলম্বে, অনুগত শিষ্যবৃন্দ তাঁর পাশে জমায়েত হয়। একই ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সম্মিলন বা ট্রিনিটি সম্পর্কে স্বর্গীয় উদ্ঘাটন লাভ করেন তিনি, এবং তারপর অবশ্যম্ভাবীভাবে পরমানন্দমূলক ভাবসমাধি দশায় কাটে পরবর্তী আট দিন, আর এই সময়টায় তিনি ছিলেন পুরোপুরি নিশ্চল ও নির্বাক। অ্যাঞ্জেলা যাতে করে তাঁর বুদ্ধিবৃত্তিক উদ্ভাসন এবং মরমীয়া অনুপ্রেরণার কথা প্রকাশ করেন সে-ব্যাপারে তাঁর ফ্রান্সিসকান কনফেসর (যে পাদ্রীর কাছে তিনি স্বীকারোক্তি করেছিলেন) তাঁকে প্রণোদিত করেছিলেন। তারই ফলে রচিত হয় অ্যাঞ্জেলার বইটি, ইংরেজী অনুবাদে যার নাম দ্য বুক অভ্ ভিযন্স এন্ড ইন্সট্রাকশন্স। উল্লেখ্য, তাঁর কনফেসর বইটি লাতিনে অনুবাদ করেছিলেন। প্রায়শ্চিত্তের যে বিশটি ধাপ অ্যাঞ্জেলাকে তাঁর মরমী জীবনের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিল সেগুলোর কথাই বলা হয়েছে এই বইটিতে।

[৭০.] কাস্তেল্লো শহরের মার্গারেট, Blessed Margaret of Città di Castello: (১২৮৭-১৩২০ খৃ.): ইতালীয় মরমী সাধিকা। মেতোলার মার্গারেট নামেও পরিচিত তিনি, কারণ তাঁর জন্ম মেতোলায়। একটি বৃত্তান্ত অনুযায়ী, তাঁর অভিজাতবংশীয় পিতা-মাতা তাঁকে তাঁর ১৬ বছর বয়স পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত প্রতিবন্ধী—অন্ধ, খঞ্জ, বামনাকৃতি এবং কুঁজো। এরপর, একটি অলৌকিক কিছু ঘটার প্রত্যাশায় কন্যাকে তাঁরা সিত্তা দি কাস্তেল্লো-র একটি জনপ্রিয় মন্দিরে নিয়ে যান। কিন্তু, সে-রকম কোনো ঘটনা না ঘটায় তাঁরা আত্মজাকে ওখানেই ফেলে আসেন। আরেকটি বর্ণনা অনুযায়ী, ছয় বছর বয়স পর্যন্ত মার্গারেট অজ্ঞাতপরিচয় শিশুই ছিলেন। একটি মঠে ইহজাতিক জীবনের প্রতি আসক্ত কিছু সন্ন্যাসিনী তাঁকে লালন-পালন করে, এবং মার্গারেটের নির্দোষ আচার-আচরণকে তারা সন্ন্যাসজীবনের সংযমী রীতি-নীতি সম্পর্কে তাদের অবজ্ঞার প্রতি একটি নীরব ভর্ৎসনা হিসেবেই গণ্য করতো। যাই হোক, অবহেলিত, নিগৃহীত এবং শেষপর্যন্ত বিতাড়িত মার্গারেট অসুস্থ ও মুমূর্ষুদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। নিজের নানান শারীরিক অক্ষমতা সত্ত্বেও মার্গারেট শহরের কারাবন্দিদেরকে নিরলসভাবে শুশ্রূষাও দান করে গেছেন, এবং গ্রামের ছেলেমেয়েদেরকে, যখন তাদের মা-বাবা কাজে যেতো, তখন নানান স্তোত্র এবং প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান করেছেন। বলা হয়ে থাকে, মার্গারেট লঘিমা বা বায়ুমণ্ডলে উত্থানের শক্তিলাভ করেছিলেন: প্রার্থনারত অবস্থায় মাটি থেকে ফুটখানেক উচ্চতায় ভেসে বেড়াতেন তিনি প্রায়ই। বেশিরভাগ মধ্যযুগ বিশারদই মনে করেন কাসালির উবার্তিনো তাঁর Arbor Vitae crusifixae Jesu গ্রন্থে কাস্তেল্লো শহরের ভক্তিমান যে মরমীসাধকের প্রশংসা করেছেন তিনি এই মার্গারেট।

[৭১.] নোভারার ফ্রা ডলচিনো, Fra Dolcino of Novara (মৃত্যু ১৩০৭ খৃষ্টাব্দ): হেরেটিকাল অ্যাপস্টলিচি-র নেতা। {অ্যাপস্টলিচি (Apostolici) হচ্ছে চারটি ভিন্ন হেরেটিকাল বা ধর্মদ্বেষী দলের একক নাম।} ভারচেল্লি-র এক যাজক তাঁকে লালন-পালন এবং শিক্ষাদান করেন। কিন্তু ১২৯১ খৃষ্টাব্দে ডলচিনো গেরার্ডো সেগারেল্লি প্রতিষ্ঠিত অ্যাপস্টলিচি বা ছদ্ম-অ্যাপসলদের দলের সদস্য হওয়ার জন্যে পালিয়ে যান। সেগারেল্লিকে ১৩০০ খৃষ্টাব্দে প্রাণদণ্ডে দণ্ডিত করে বধ করা হলে সম্প্রদায়টির নেতা হন ডলচিনো। তাঁর ব্যক্তিগত আকর্ষণ, প্রেরণাসঞ্চারী ডিসকোর্স এবং বাইবেল-এর কথা ব্যাখ্যা করার সাবলীল ক্ষমতার কারণে প্রায় চার হাজার শিষ্য অবিলম্বে নোভারায় তার পাশে জড়ো হয়। অ্যাপস্টলিচি-রা চরম দারিদ্র্যের প্রবক্তা হলেও বেঁচে থাকার জন্যে লুট-তরাজের আশ্রয় নিয়েছিল। তাদের কর্মকাণ্ড বন্ধ করার জন্যে পোপ পঞ্চম ক্লেমেন্ট নোভারার নাগরিকদের সাহায্য করার আশ্বাস দেন। ডলচিনোকে শেষ পর্যন্ত ১৩০৭ সালের মার্চ মাসের ২৩ তারিখ কারাবন্দি করা হয়। তাঁর প্রাণদণ্ডাদেশ কার্যকর করার পর তার দেহ কেটে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলা হয়।

অ্যাপস্টলিচি-রা কেবল ঈশ্বরকেই মান্য করতো। যাজক সম্প্রদায়ের ভ্রষ্টাচারের কারণে গির্জার কর্তৃত্ব পুরোপুরি অস্বীকার করতো তারা। সুখ এবং সমৃদ্ধিতে ভরা প্রত্যাশিত স্বর্ণযুগের প্রবক্তা ডলচিনো ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বিদ্যমান খৃষ্টসম্প্রদায় তার দুর্নীতিগ্রস্ত যাজকতন্ত্র সমেত পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর স্বয়ং ঈশ্বর কর্তৃক মনোনীত এক মহত্তম পোপের আবির্ভাব হবে। ন্যায়পরতা ও খৃষ্ট ধর্মানুযায়ী দারিদ্র্যের প্রতি দায়বদ্ধ নতুন খৃষ্ট সমাজের শাসনভার ন্যস্ত হবে ডলচিনোর শিষ্যদের ওপর।

[৭২.] মাইনরাইট (Minorites): Friars Minor ('অধস্তন বা নিচুশ্রেণীর ব্রাদার')-দের অপর নাম। ফ্রান্সিসকানদের মধ্যে যাঁরা আক্ষরিকভাবেই সন্ত ফ্রান্সিসের নীতি মেনে চলে সেই সম্প্রদায়ের সদস্য এরা। মাইনরাইট শব্দটি দিয়ে তাদের নম্রতার ওপর গুরুত্বারোপ করা হয়।

[৭৩.] Spiritus Libertatis

অনুবাদ: স্বাধীনতার মূল বৈশিষ্ট্য

[৭৪-৫.] homo nudus cum nuda iacebat…et non commiscebantur ad invicem

অনুবাদ: একজন নগ্ন পুরুষ এক নগ্ন নারীর সঙ্গে শুয়ে ছিল… কিন্তু তারা সঙ্গম করেনি।

[৭৬.] ব্রাদার্স (এন্ড সিস্টার্স) অভ দ্য ফ্রী স্পিরিট: দ্বাদশ থেকে পঞ্চদশ শতকের মধ্যে বাস করা বিভিন্ন সম্প্রদায়ের কিছু সদস্যকে এ-নামে অভিহিত করা হয়। এরা ছিলেন 'মুক্ত আত্মা'-র ধারণায় বিশ্বাসী; অর্থাৎ সম্পূর্ণ মুক্ত একটি বুদ্ধিমত্তা যার দ্বারা কোনো অন্যায় কাজ সম্ভব নয়, এবং যা তার ভেতর একটি সর্বব্যাপী দেবত্বের স্ফুলিঙ্গ ধারণ করে। আদর্শবাদপন্থী সর্বেশ্বরবাদী এই মানুষগুলো বলতেন সৃষ্টি এবং স্রষ্টা অভিন্ন, মানুষ ঈশ্বরে পরিণত হতে পারে, মানুষ পাপ করতে অক্ষম, এবং মৃত্যুর পর আর কোনো পুনরুত্থান নেই।

[৭৭.] পলিনিসীয়: খৃষ্টধর্ম বিরোধী একটি আন্দোলনের অনুসারীবৃন্দ; আন্দোলনের জন্ম আর্মেনিয়ায়, ৭ম শতকে। পলিনিসীয়দের আন্দোলনের সামাজিক ভিত্তি ছিল কৃষক, কারিগর এবং শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী। সামন্ত-তান্ত্রিক শোষণ, বস্তুগত এবং রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল পলিনিসীয়রা। জগৎ দুই বৈরি রাজ্যে বিভক্ত বলে মনে করত তারা: আধ্যাত্মিক রাজ্য বা ঈশ্বরের বা শুভ-র রাজ্য এবং বস্তু রাজ্য বা শয়তানের বা মন্দের রাজ্য। খৃষ্টীয় গির্জাকে প্রত্যাখ্যান করেছিল তারা, বর্জন করেছিল ঈশ্বর মাতা, পয়গম্বর, সন্ত এবং আইকনের আরাধনা। ব্যাপ্টিজম, ইউক্যারিস্ট এবং উপবাস-ও মানত না তারা। বুলগেরিয়া ও বাইজেন্টীয় সাম্রাজ্যে বোগোমিলদের উত্থানে পলিনিসীয়দের প্রভাব ছিল।

[৭৮.] বোগোমিল: ভূমিদাস এবং শহুরে দরিদ্র জনগোষ্ঠীর সামন্ততন্ত্র বিরোধী আরেকটি আন্দোলন, যা খৃষ্টধর্মদ্বেষী বলে আখ্যা পেয়েছিল। ১০ম শতকে বুলগেরিয়ায় এটির উদ্ভব, বোগোমিল নামের একজন যাজক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর নামানুসারেই আন্দোলনকারীরা বোগোমিল নামে পরিচিতি লাভ করে।—অনুবাদক

[৭৯.] মাইকেল সেলাস (১০১৮-১০৯৬/৯৭): বাইজেন্টীয় দার্শনিক, ইতিহাবিদ্ এবং মানবতাবাদী। জন্ম কন্সটান্টিনোপল। শিশু প্রতিভা হিসেবে বিখ্যাত হয়ে যাওয়ার পর, এশিয়া মাইনরের এক মঠে যোগ দেন তিনি, কিন্তু ধর্মীয় পেশায় তাঁর অনাগ্রহের বিষয়টি উপলব্ধি করার পর সেখান থেকে চলে আসেন তিনি। তার বদলে নিজেকে নিয়োজিত করেন তিনি অধ্যয়ন এবং লেখালেখির কাজে। তাঁর অসংখ্য রচনার মধ্যে রয়েছে অলংকারশাস্ত্রের ম্যানুয়াল, এবং চিকিৎসাশাস্ত্র, আবহাওয়াবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নানান সমস্যার আলোচনা। তাঁর সবচাইতে বিখ্যাত দুটো কাজ হচ্ছে ক্রনোলজি, যা কিনা ৯৭৬ থেকে ১০৭৮ খ্রিষ্টাব্দের একটি চতুর, নিষ্ঠুর, এবং অত্যন্ত পাঠযোগ্য একটি ইতিহাস, এবং De omnifaria doctrina (সবধরনের জ্ঞান প্রসঙ্গে), তাঁর ছাত্র এবং বন্ধুদের বিজ্ঞান, দর্শন এবং ধর্মতত্ত্ব বিষয়ক বিভিন্ন প্রশ্নের ১৯৩টি উত্তরের একটি সংকলন।

Image
lynx.jpg


লিংক্স
[৮০.] লিংক্স: চিতাবাঘের মতো গায়ে ফুট ফুট দাগসহ, ছোট লেজ বিশিষ্ট বিড়াল গোত্রীয় বন্য প্রাণী, দেখতে নেকড়ের মতো। মাদী লিংক্স মাত্র একবারই বাচ্চা প্রসব করে। লিংক্স প্রখর দৃষ্টিশক্তির জন্যে বিখ্যাত, এবং কারো কারো মতে যা কিনা দেয়াল ভেদ করতেও সক্ষম।—অনুবাদক

[৮১.] ইনকিউবাস, incubus—অপদেবতা, যে, মধ্যযুগীয় লোকবিশ্বাস অনুযায়ী, ঘুমন্ত নারীদের সঙ্গে সংগমে মিলিত হতো। মনে করা হতো সেইসব নারী এরপর ডাইনী এবং অপদেবতার জন্ম দিত। ইনকিউবাসের স্ত্রীলিঙ্গ হচ্ছে succubus, সাকিউবাস।—অনুবাদক

[৮২.] পাদুয়ার মার্সিলিয়াস, ১২৭৫-১৩৪২; ইতালীয় রাজনীতিক এবং দার্শনিক। তিনি মনে করতেন রাষ্ট্রের উদ্ভব ঘটে একটি সামাজিক চুক্তির মাধ্যমে।

[৮৩.] lignum vitae
অনুবাদ: জীবনবৃক্ষ (আক্ষরিক অর্থে, কাঠ)

[৮৪.] অ্যাপোল্লিয়ন (Apollyon): বাইবেলের বুক অভ্ রেভেলেশন (প্রকাশিত বাক্য) ৯:১১ অনুযায়ী, অতল গহ্বরের দেবদূত। অ্যাপোল্লিয়ন হচ্ছে Abaddon বা হিব্রুতে সংহারকারী-র গ্রীক নাম, নরকের নৃপতি। বানইয়ানের পিলগ্রিম্স্ প্রোগ্রেস-এ নামটির দেখা মেলে; ডাকিনীবিদ্যার সঙ্গে শব্দটির বেশ সংশ্লিষ্টতা রয়েছে।

[৮৫.] 'Quorum primus seraphico calculo purgatus et ardore calico inflammatus totum incendere videbatur. Secundus vero verbo predicationis fecundus super mundi tenebras clarius…"
অনুবাদ: তাদের মধ্যে প্রথম জন, দেবদূতীয় কয়লা দ্বারা পরিশুদ্ধ হয়ে এবং স্বর্গীয় অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে গোটা পৃথিবীতে আগুন লাগিয়ে দিতে উদ্যত হলো। দ্বিতীয়জন, ভবিষ্যদ্বাণীর প্রকৃত বাক্যে জগতের অন্ধকারে উজ্জ্বল হয়ে জ্বলতে থাকল।

[৮৬.] ক্যালাব্রিয়ার জোয়াকিম, (Joacim of Calabria, আনু. ১১৩৫-১২০২ খ্রি.): সিস্টার্সীয়[*] অতীন্দ্রীয়বাদী এবং ঈশ্বরতত্ত্ববিদ্। ফিওর বা ফ্লোরিসের জোয়াকিম নামেও পরিচিত জোয়াকিম পবিত্র ভূমি বা জেরুজালেম ভ্রমণ করেন এবং এই সফরই তাঁর সারা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ফিরে আসার পর এটনা পর্বতে সন্ন্যাসীর মতো বাস করতে থাকেন তিনি। এবং জনসাধারণের মধ্যে ধর্মপ্রচার শুরু করেন। কিন্তু যাজক সম্প্রদায়ের আপত্তির মুখে তিনি কোরাৎযোর মঠে শপথগ্রহণে বাধ্য হন। সেখানে ১১৬৮ খ্রিষ্টাব্দে তিনি যাজক হিসেবে বৃত হন, এবং পরে মঠের মোহান্ত বা মঠাধ্যক্ষ হন। জোয়াকিমের প্রচেষ্টার কারণে কোরাৎযো, একটি বেনেডিক্টীয় হাউস, কঠোরতর সিস্টার্সীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়। তবে সেই অন্তর্ভুক্তির সময় আসতে আসতে তিনি ততদিনে কঠোর সংযমী সিস্টার্সীয়দের ছেড়ে ফিয়োর-এ সম্প্রদায়টির আরো কট্টর একটি শাখা খুলেছেন: এ-কাজের জন্যে সিস্টার্সীয় জেনারেল চ্যাপ্টার তাঁকে নিন্দা জানায়। তারপরেও, তাঁর মৃত্যুর সময় তিনি ছিলেন তাঁর সময়ের সবচাইতে শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তিত্ব।
জোয়াকিমের তিনটি প্রধান গ্রন্থ হচ্ছে এক্সপোজিশন অন দ্য অ্যাপোক্যালিপ্স, দ্য কনকর্ডেন্স অভ্ দ্য নিউ অ্যান্ড ওল্ড টেস্টামেন্ট, এবং টেন-স্ট্রি্গংড সালটেরি।

[*]সিস্টার্সীয়বৃন্দ: ১০৯৮ খ্রিষ্টাব্দে স্থাপিত এবং বার্গান্ডি-র Cíteaux-এ স্থাপিত মূল সম্প্রদায়ের নামে নাম রাখা মঠভিত্তিক একটি সম্প্রদায়। সম্প্রদায়ের প্রতিষ্ঠাকারীরা ছিলেন একদল বেনেডিক্টীয় সন্ন্যাসী, নেতৃত্বে সন্ত রবার্ট দে মোলেযমে। মোলেযমে মঠ থেকে আসা এই সন্ন্যাসীরা সন্ত বেনেডিক্টের 'নীতি' পালনে মঠের শৈথিল্য নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বেনেডিক্টের নীতি-ও কঠোরতম ব্যাখ্যা-বিশ্লেষণ-এর প্রতি নিবেদিত একটি নিঃসঙ্গ জীবনযাপনে ইচ্ছুক এই সন্ন্যাসীরা দীর্ঘ উপবাস এবং যৎসামান্য নিদ্রার ওপর গুরুত্বারোপ করেন। সন্ন্যাসীদের জন্যে কায়িক শ্রমের পুনঃপ্রচলন করেন তাঁরা; সহজ করেন গির্জায় প্রার্থনার নিয়ম-কানুন; নিষিদ্ধ করেন সোনার অলংকার এবং দামী পোশাক-আশাক। সিস্টার্সীয় সম্প্রদায় অধ্যয়নের চাইতে প্রার্থনার ওপরে বেশি গুরুত্ব দিত, ফলে তাদের গ্রন্থাগারগুলো কখনোই খুব একটা সমীহ উদ্রেহকারী ছিল না। Clirvaux-এর সন্ত বার্নাড যখন মৃত্যুবরণ করেন তখন সিস্টার্সীয় মঠের মোট সংখ্যা ৩৩৮-এ উপনীত হয়েছিল।

[৮৭.]Mors quies viatoris—finis est omnis loboris

অনুবাদ: মৃত্যুই সফরকারীর বিশ্রাম—তার সমস্ত পরিশ্রমের পরিসমাপ্তি।

(কিস্তি ৫)

ghhabib67@yahoo.com

—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters