গোলাপের নাম উম্বের্তো একো
অনুবাদ: জি এইচ হাবীব
———————————————————————————
ধারাবাহিক উপন্যাস । কিস্তি ২
———————————————————————————
কিস্তি ১-এর পরে
ওপরে মন্টি-র দুর্গ, নিচে উরসিনোর দুর্গ; কলেবর আর আকারের দিক থেকে অ্যাডিফিসিয়ামটি উরসিনো অথবা ডি মন্টি দুর্গের মতো'
প্রথম দিবস
প্রা ই ম
মঠের পাদদেশে পৌঁছান গেল এবং উইলিয়াম তাঁর অসাধারণ বিচার-বিশ্লেষণ ক্ষমতার স্বাক্ষর রাখলেন।
নভেম্বরের শেষ দিকের এক সুন্দর সকাল। রাতে বরফ পড়েছিল, তবে সামান্যই, ঠাণ্ডা একটা চাদরে ঢাকা পড়ে গিয়েছিল ভূপ্রকৃতি, যদিও তিন আঙ্গুলের চেয়ে বেশি পুরু ছিল না তা। লঅডসের ঠিক পরপরই অন্ধকারে ভেতর উপত্যাকার একটি গাঁয়ে মাস্-এর আওয়াজ শুনতে পেয়েছিলাম আমরা। তারপর যাত্রা শুরু করেছিলাম পর্বতের দিকে, ততক্ষণে সূর্য বেরিয়ে পড়েছে।
……..
উম্বের্তো একো
………
পর্বতগাত্র পাক খাওয়া পথটা বেয়ে যথেষ্ট মেহনত করে উঠে এসে দেখতে পেলাম আমি মঠটাকে। অবাক হয়ে গেলাম, তবে সেটার চারধার ঘিরে থাকা, গোটা খৃষ্টীয় জগতেই যেগুলো দেখা যায় সেগুলোর মতো দেয়াল দেখে নয়, বরং পরে যেটাকে অ্যাডিফিসিয়াম বা বিশাল ভবন বলে জানতে পেরেছিলাম সেটার কলেবর দেখে। ওটা একটা অষ্টকোণাকৃতি অট্টালিকা, দূর থেকে মনে হয় চতুষ্কোণী (যা কিনা একটা নিখুঁত আকার, এবং ঈশ্বর এর নগরের বলিষ্ঠতা ও অভেদ্যতার পরিচায়ক), সেটার দক্ষিণের ধারগুলো অবস্থিত মঠের মালভূমির ওপর, ওদিকে উত্তরের ধারগুলো বেরিয়েছে পর্বতের খাড়া পাশটি থেকে, একবারে খাড়া একটি ঢাল সেটা, সেদিকেই নেমে গেছে ধারগুলো। এমনও বলতে পারি, নিচ থেকে, কিছু কিছু স্থানে খাড়া দুরারোহ পাহাড় যেন স্বর্গ পানে উঠে গেছে, প্রস্তরের একই বর্ণ আর উপাদান রক্ষা করে, যা কখনো কখনো পরিণত হয়েছে দুর্গ আর বুরুজে (এমন সব দৈত্যের কাজ যাদের নিবিড় পরিচয় ছিল মাটি আর আকাশের সঙ্গে)। জানলার তিনটি সারি সেটার চড়াই-এর একের ভেতর তিন ছন্দ ঘোষণা করছে, যাতে করে ভূমিতে চতুষ্কোণ তৈরি করেছে আকাশে তা আধ্যাত্মিকভাবে ত্রিভুজাকার। আরো কাছে গিয়ে আমরা উপলব্ধি করলাম যে চতুষ্কোণী আকৃতিটার প্রতিটি কোণে একটি করে সপ্তকোণী বুরুজ রয়েছে, বাইরে থেকে যার পাঁচটি পাশ দৃশ্যমান – তারমানে, বড় অষ্টকোণীর আটটি পাশে চারটি ছোট ছোট সপ্তভুজাকৃতি তৈরি হয়েছে, বাইরে থেকে যেগুলোকে পঞ্চভুজাকৃতি বলে বোধ হয়, আর তার ফলে যে কারোরই নজরে পড়বে এতোগুলো পবিত্র সংখ্যার এক চমৎকার ঐক্য, যা এক সূক্ষ্ম আধ্যাত্মিক তাৎপর্য প্রকাশ করে। আট, প্রতিটি চতুষ্কোণ ক্ষেত্রের জন্যে নিখুঁত সংখ্যা; চার, সুসমাচারের (গসপেল) সংখ্যা; পাঁচ, পৃথিবীর পাঁচটি মণ্ডলের সংখ্যা; সাত, পবিত্র আত্মার উপহারের সংখ্যা। কলেবর আর আকারের দিক থেকে অ্যাডিফিসিয়ামটি উরসিনো অথবা ডি মন্টি দুর্গের মতো, যে দুটো আমি পরে দেখবো ইতালীয় উপদ্বীপের দক্ষিণে, কিন্তু সেটার অনধিগম্য অবস্থান সেটাকে অন্যগুলোর তুলনায় আরো বেশি ভয়ংকর এবং সেটার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকা কোনো ভ্রমণকারীর চোখে ভীতি উদ্রেককারী করে তুলেছে। আর সৌভাগ্যক্রমে, সেটা যেহেতু ছিল খুবই পরিষ্কার এক শীতের সকাল, ঝোড়ো দিনগুলোতে অট্টালিকাটিকে যেমন দেখায় আমার প্রথম দর্শনে ওটাকে আমি সেভাবে দেখতে পাইনি।
তবে সে যাই হোক, আমি বলব না যে ওটা দেখে আনন্দের কোনো অনুভূতি হয়েছিল আমার, বরং ভীতির উদ্রেক হলো আমার মনে, সেই সঙ্গে সূক্ষ্ম একটা অস্বস্তি। ঈশ্বর জানেন, এগুলো আমার মনের অপরিণত সত্তাপ্রসূত কোনো অপচ্ছায়া নয়, এবং দৈত্যকুল কাজ শুরু করার দিন থেকেই ও সন্ন্যাসীদের বিভ্রান্ত সংকল্প স্বর্গীয় শব্দরাজিকে সংরক্ষণের পবিত্র উদ্দেশ্যে ভবনটিকে উৎসর্গের পূর্বেই পাথরগুলোর ভেতরে যে-সমস্ত সংশয়াতীত অশুভ-সংকেত খোদিত হয়ে গিয়েছিল সেগুলোকে আমি সঠিকভাবেই অনুবাদ করতে পারছিলাম।
পর্বতের শেষ বক্রপথটায়, মূল পথটা যেখানে তিনভাগে বিভক্ত হয়ে দুটো শাখাপথ তৈরি করেছে, সেখানে যখন আমাদের ছোট ছোট অশ্বতরগুলো বিস্তর ঘাম ঝরিয়ে উঠে এলো, আমার প্রভু কিছুক্ষণের জন্যে থামলেন চারপাশটায় একটু নজর বুলাবার জন্যে: রাস্তার আশপাশে, খোদ রাস্তাটার দিকে, এবং রাস্তার ওপরে, যেখানে খানিকটা জায়গা জুড়ে চিরসবুজ এক সারি পাইনগাছ তুষার ঢাকা একটা প্রাকৃতিক আচ্ছাদনের জন্ম দিয়েছে।
তিনি বললেন, 'বেশ সমৃদ্ধ একটা মঠ। মহান্ত লোকটি গণউপলক্ষগুলোতে বেশ ধুমধাম পছন্দ করেন।'
আমি যেহেতু তাঁর মুখ থেকে প্রায়ই চরম অস্বাভাবিক সব কথা শুনতে অভ্যস্ত, তাই আর কোনো প্রশ্ন করলাম না তাঁকে। অবশ্য তার আরেকটা কারণ হলো, আর অল্প খানিকটা পথ যেতেই একটা শোরগোল কানে এলো আমাদের, আর তার পরের বাঁকটাতেই উদয় হলো উত্তেজিত একদল সন্ন্যাসী আর ভৃত্য। আমাদের দেখে তাঁদের একজন পরম আন্তরিকতার সঙ্গে এগিয়ে এলো। 'মহাশয়, স্বাগতম,' বলে উঠল সে। 'আর আমি যদি অনুমান করতে পারি আপনি কে তাহলে অবাক হবেন না দয়া করে, কারণ আপনার আগমনের কথা আমাদের আগেই বলা হয়েছে। আমি ভ্যারেইন-এর রেমিজিও, মঠের ভাণ্ডারী। আর আমার ধারণা মতো, আপনি যদি বাস্কারভিলের ব্রাদার উইলিয়াম হন তাহলে এখুনি মহান্তকে সে-খবর পাঠাতে হচ্ছে। তুমি' – তিনি তাঁর দলের একজনকে হকুম করলেন – 'ওপরে যাও, সবাইকে বলো, আমাদের অতিথি একটু পরেই মঠে আসছেন।'
'আপনাকে ধন্যবাদ জানাই, ব্রাদার সেলারার,' নম্রকণ্ঠে আমার প্রভু বললেন, 'আর আপনার সৌজন্যে আমি আরো বেশি মুগ্ধ এই জন্যে যে, আপনি আপনার অনুসন্ধান মুলতবি রেখে আমাকে অভ্যর্থনা জানাতে এসেছেন। তবে চিন্তা করবেন না। ঘোড়াটা এই পথ দিয়েই এসে ডানে চলে গেছে। অবশ্য বেশি দূর যেতে পারে নি, আবর্জনার স্তূপটার কাছে পৌঁছেই সেটাকে থেমে পড়তে হয়েছে। ও অতোটা বোকা নয় যে ওই খাড়া ঢাল দিয়ে গড়িয়ে পড়বে…।'
ভাণ্ডারী জিগ্যেস করলেন, 'কখন দেখেছেন ওটাকে?'
কৌতুকপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে উইলিয়াম বললেন, 'আমরা তো ওটাকে দেখিনি, দেখেছি কি , অ্যাডসো? তবে আপনি যদি ব্র"নেলাসের খোঁজে বেরিয়ে থাকেন তো আমি যেখানে বললাম ওখানেই পাবেন আপনি সেটাকে।'
খানিকটা ইতস্তত ভাব লক্ষ করা গেল ভাণ্ডারীর মধ্যে। উইলিয়ামের দিকে তাকলেন তিনি, তারপর পথটার দিকে, শেষে বলে উঠলেন, 'ব্রুনেলাস? কিন্তু আপনি জানলেন কী ক'রে?'
'আহ্হা,' উইলয়াম বললেন, 'পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি মোহন্তের প্রিয় ঘোড়া ব্রুনেলাসের সন্ধান করছেন, পনের হাত২৬, আপনাদের আস্তাবলের সবচেয়ে দ্রুতগামী, যদিও সমান ছন্দে চলে; মাথাটা ছোট, কানদুটো খাড়া খাড়া, বড় বড় চোখ। আগেই বলেছি, ডান দিকে চলে গেছে ঘোড়াটা, তবে আপনার কিন্তু তাড়াতাড়ি করা উচিত।' আর মুহূর্তখানেক কেবল ইতস্তত করলেন ভাণ্ডারী, তারপর তাঁর লোকজনকে ইশারা করে ডানের পথ ধরে ছুটলেন, আর আমাদের অশ্বতরগুলো ফের নিজেদের পথ ধরল। আমি কৌতূহলী হয়ে ওঠায় তাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি ইশারায় আমাকে অপেক্ষা করতে বললেন: ঠিকই, কয়েক মিনিট পর কিছু হর্ষধ্বনি শোনা গেল, আর পথের বাঁকে দেখা গেল সন্ন্যাসী আর ভৃত্যদের, দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে ঘোড়াটিকে। আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই বিস্মিত দৃষ্টিতে তাকাল আমাদের দিকে, তারপর মঠের দিকে এগোল তারা আমাদের আগে আগে। আমার বিশ্বাস, যা ঘটে গেল তার বর্ণনা দেবার অবকাশ যাতে তারা পায় সেজন্যে উইলিয়ামও তাঁর চলার গতি কমিয়ে দিয়েছিলেন। ততক্ষণে আমি বুঝে ফেলেছি, সব দিকে থেকেই সর্বোত্তম গুণাবলীর আধার আমার প্রভু তাঁর তীক্ষ্ণ বিশ্লেষণ শক্তি প্রদর্শনের ক্ষেত্রে আত্মগরিমা নামক রিপুটির শিকার হয়েছেন; আর, একজন সূক্ষ্ম কূটকৌশলী হিসেবে তাঁর সহজাত গুণাবলী উপলব্ধি করতে শিখেছি বলে আমি বুঝতে পারলাম তাঁর ইচ্ছা তিনি তাঁর গন্তব্যে পা দেবার আগেই যেন একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তাঁর সুখ্যাতি সেখানে পৌঁছে যায়।
আমি আর তিষ্ঠোতে না পেরে শেষমেশ বলে উঠলাম, 'এবার আমাকে বলতে হবে কী ক'রে সব জানতে পরলেন আপনি?'
আমার প্রভু বললেন, 'দেখো, সুশীল অ্যাড্সো, যে সমস্ত ইঙ্গিতের মাধ্যমে জগৎ একটা বিরাট বইয়ের মতো আমাদের সঙ্গে কথা বলে সেসব আমাদের যাত্রার পুরো সময়টা ধরেই তোমাকে শেখাচ্ছি আমি। অ্যালানাস ডি ইনসুলিস২৭ বলেছেন:
omnis mundi creatura
quasi liber et pictura
nobis est in speculum২৮
এবং একথা বলার সময় তিনি প্রতীকের সেই অন্তহীন বিন্যাসের কথা ভাবছিলেন যা দিয়ে ঈশ্বর তাঁর সৃষ্টি সমূহের মাধ্যমে শাশ্বত জীবন সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলেন। কিন্তু অ্যালানাস যতোটা ভেবেছিলেন মহাবিশ্ব কিন্তু তার চেয়ে বেশি বাচাল, আর সেটা কেবল পরম জিনিসের ব্যাপারেই কথা বলে না ( যা সে করে এক দুর্বোধ্য উপায়ে), আরো অন্তরঙ্গ বিষয়ের কথাও বলে, আর তখন তা বলে বেশ পষ্ট করেই। তোমার যা জানা উচিত তা তোমার কাছে বলতে খানিকটা অস্বস্তিই হচ্ছে আমার। চৌরাস্তার ওখানে, তখনো-টাটকা তুষারের ওপর আমাদের একটা ঘোড়ার খুরের ছাপ খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল; আমাদের বাঁয়ের পথটার দিকে গিয়েছিল ছাপগুলো। সমান দূরত্বে থাকা ওই ছাপগুলো দেখে বোঝা যাচ্ছিল খুরগুলো ছোট ছোট, গোল গোল আর ঘোড়ার চলন ছিল বেশ ছন্দোবদ্ধÑকাজেই এসব থেকে ঘোড়াটার বৈশিষ্ট্য অনুমান করে নিলাম আমি, সেই সঙ্গে এই কথাটি অনুমান করলাম যে উদ্ভ্রান্ত কোনো প্রাণীর মতো দৌড়াচ্ছিল না ওটা। পাইনগুলো যেখানে একটা প্রাকৃতিক আচ্ছাদনের সৃষ্টি করেছে সেখানে, পাঁচফুট উঁচুতে, সদ্য ভাঙা কয়েকটা ছোট ছোট ডাল ছিল। তার ডান দিকের পথটায় যাওয়ার জন্যে সগর্বে লেজ নাচিয়ে জন্তুটাকে যেখানে বাঁক নিতে হয়েছিল সেখানে ব্ল্যাকবেরির একটা ঝোপের কাঁটার গায়ে তখনো কিছু লম্বা লম্বা, কালো, ঘোড়ার রোম লেগে ছিল।… সবশেষে, তুমি নিশ্চয়ই বলবে না যে, ওই পথটা যে আবর্জনার ¯তূপের দিকে চলে গিয়েছে তা তুমি জানো না, কারণ আমরা যখন আরো নিচের বাঁকটা ধরে এগোচ্ছিলাম তখন বিশাল দক্ষিণ বুরুজটার নিচের একেবারে খাড়া পাহাড়টার নিচে আমরা ময়লার একটা ঢিবি দেখতে পেয়েছিলাম।'
আমি বললাম, 'হ্যাঁ, কিন্তু ছোট মাথা, খাড়া খাড়া কান আর বড় চোখ…?'
তিনি জবাব দিলেন, 'ব্রুনেলাসের২৯ এসব বৈশিষ্ট্য আছে কিনা সে-ব্যাপারে অবশ্য খুব একটা নিশ্চিত নই আমি, তবে কোনো সন্দেহ নেই সন্ন্যাসীরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আছে। সেভিলের ইসিডর৩০ বলেছিলেন না যে সুন্দর হতে হলে ঘোড়ার থাকতে হবে "ছোট মাথা, siccum prope pelle ossibus adhaerente৩১, হ্রস্ব আর সুচলো কান, বড় বড় চোখ, আগুন ছোটানো নাসারন্ধ্র, ঋজু গ্রীবা, ঘন কেশর আর লেজ, এবং বর্তুল ও ভারি খুর?" যে-ঘোড়াটি ওদিক দিয়ে গিয়েছিল বলে আমি অনুমান করেছিলাম সেটা সত্যি সত্যিই আস্তাবলের সেরা ঘোড়া না হলে আস্তাবলের চাকর-বাকরেরাই ওটার খোঁজে বের হতো, কিন্তু এক্ষেত্রে ভাণ্ডারী স্বয়ং অনুসন্ধানে নেমেছিল। আর, ঘোড়াটার স্বাভাবিক বৈশিষ্ট্য যা-ই হোক না কেন, যে-সন্ন্যাসী সেটাকে দুর্দান্ত বলে মনে করে সেটাকে সে ঠিক সেরকম বলেই মনে করে যেমনটি অক্টরিটেইটরা৩২ বর্ণনা করে গেছেন, বিশেষ ক'রে,' এইখানে এসে ধূর্ত একটা হাসি হাসলেন উইলিয়াম আমার দিকে তাকিয়ে, 'বর্ণনাকারী যদি একজন বেনেডিক্টীয় পণ্ডিত হন।'
'ঠিক আছে,' বললাম আমি, 'কিন্তু ব্রুনেলাস কেন?'
'পবিত্র আত্মা তোমার বুদ্ধি শানিত করুন, বৎস!' হাহাকার করে উঠলেন আমার প্রভু। 'এছাড়া আর কোন নাম হতে পারত ঘোড়াটার? এমনকি মহান বুরিদান, যিনি প্যারিসের রেকটর এই হলেন বলে, তিনিও যুক্তিশাস্ত্রীয় উদাহরণ দেবার সময় কোনো ঘোড়ার কথা বলতে চাইলে সেটাকে সব সময় ব্র"নেলাস বলে উল্লেখ করেন।'
তো, এই হলো আমার প্রভুর রীতি। তিনি যে কেবল প্রকৃতির বিশাল গ্রন্থই পড়তে পরেন তা নয়, সেই সঙ্গে এ-ও জানেন সন্ন্যাসীরা কীভাবে বাইবেলের নানান খণ্ড পাঠ করে, কীভাবে সেগুলো নিয়ে আদ্যোপান্ত চিন্তা করে। এটা এমন এক গুণ, যা আমরা দেখবো, সামনের দিনগুলোতে খুবই কাজে লাগবে তাঁর। তাছাড়া তাঁর বক্তব্য আমার কাছে সেসময়ে এতোই স্বচ্ছ বলে মনে হয়েছিল যে নিজেই সেটা আবিষ্কার করতে না পারার গ্লানি কাটিয়ে উঠেছিলাম আমি স্রেফ এই গরিমা দিয়ে যে আমি ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলাম। আর আমি নিজেই নিজের পিঠ চাপড়ে দিচ্ছিলাম প্রায় আমার অন্তদৃষ্টির জন্যে। সত্যের এমনই ক্ষমতা যে শুভ-র মতো সেটা নিজেই নিজের প্রচারক। আমাকে যে চমৎকার এক রহস্যোদ্ঘাটনের ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ দান করা হয়েছিল সেজন্যে প্রভু যীশু খৃষ্টের নাম প্রশংসিত হোক।
কিন্তু হে আমার আখ্যায়িকা, তুমি পুনর্বার তোমার কাজে রত হও। কারণ, এই বার্ধক্যপীড়িত সন্ন্যাসী অপ্রধান বিষয়ে বড্ড বেশি কালক্ষেপ করছে। বরং বলো, কী করে মঠটির বিশাল ফটকে উপস্থিত হলাম আমরা, এবং জলভরা স্বর্ণনির্মিত একটি পাত্র ধরে থাকা দুই শিক্ষানবিসকে পাশে নিয়ে মহান্ত দাঁড়িয়ে ছিলেন প্রবেশদ্বারে। অশ্বতর থেকে আমরা অবতরণ করতে প্রথমে তিনি উইলিয়ামের হাতদুটো ধৌত করে তাঁকে আলিঙ্গন করলেন, তারপর তাঁর মুখচুম্বন করে একটি পুত-পবিত্র অভ্যর্থনা জানালেন তাঁকে।
উইলিয়াম বললেন, 'ধন্যবাদ, অ্যাবো। যে-মঠের খ্যাতি এই পর্বতশ্রেণীর ওপারে ছড়িয়ে পেড়েছে, মান্যবরের সেই মঠে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের প্রভুর প্রতিনিধি হয়ে তীর্থযাত্রী হিসেবে এখানে এসেছি আমি। আর সেভাবেই আমাকে সম্মান দেখিয়েছেন আপনি। তবে আমি এখন আপনাকে যে-পত্রটি দিচ্ছি সেটা আপনাকে এ-ও জানাবে যে এই মর্ত্যভূমিতে আমাদের প্রভুর প্রতিনিধি হিসেবেও আমি এসেছি এখানে, আর এই সাদর অভ্যর্থনার জন্যে তাঁর হয়েই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি।'
রাজকীয় সীলমোহর দেয়া পত্রটি গ্রহণ করলেন মহান্ত। তারপর জানালেন যে তাঁর ব্রাদারদের মাধ্যমে আগেই উইলিয়ামের আগমন-সংবাদ পৌঁছেছে তাঁর কাছে (খানিকটা গর্বভরে আমি ভাবলাম কোনো বেনেডিক্টীয় সন্ন্যাসীকে অসতর্ক বা অপ্রস্তুত অবস্থায় আবিষ্কার করা সত্যিই কঠিন)। এরপর তিনি ভাণ্ডারীকে আদেশ করলেন আমাদেরকে আমাদের থাকবার জায়গায় নিয়ে যাওয়ার জন্যে, আর ওদিকে সহিসেরা অশ্বতরগুলোকে সরিয়ে নিয়ে গেল। আমাদের জলযোগের পর মহান্ত আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানালেন, এবং পর্বত শিখরে একটি মসৃণ পাত্র – বা আল্প-এর মতো উপুড় হয়ে থাকা সমতল ভূমিটির চারধারে ছড়ানো মঠভবনগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই বিশাল আঙিনায় প্রবেশ করলাম আমরা।
মঠের বিন্যাসটা সম্পর্কে আলাপের অবকাশ বেশ কয়েকবারই হবে আমার, এবং আরো বিশদভাবে। ফটকের পর (বহিঃপ্রাচীরের গায়ে ওটাই একমাত্র উন্মুক্ত স্থান) একটি বীথিকা চলে গেছে মঠের গির্জার দিকে। বীথিকার বাম দিকে বড় একটা এলাকা জুড়ে রয়েছে সব্জি বাগান, আর, পরে জেনেছি, উদ্ভিদউদ্যান – বাঁকা বহিঃপ্রাচীর ঘেষে তৈরি করা বালনিয়ারি৩৩, হাসপাতাল আর উদ্ভিদাগার-এর দুটো ভবনের আশেপাশে। পেছনে, গির্জার বাম দিকে, উঠে গেছে এডিফিসিয়ামটি, গির্জার সঙ্গে সেটার ব্যবধান রচিত হয়েছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কিছুু সমাধিপূর্ণ একটি আঙ্গিনা দিয়ে। গির্জার উত্তর দরজাটি মুখ করে আছে এডিফিসিয়ামের দক্ষিণ বুরুজটির দিকে, সামনের দিক থেকে অবশ্য এডিফিসিয়ামের পশ্চিম বুরুজটিই সবার আগে নজরে পড়ে কোনো অতিথির। অতঃপর, বামদিকে ভবনটি যুক্ত হয়েছে বহিঃপ্রাচীরের সঙ্গে এবং বুরুজের ওপর থেকে মনে হয় যেন হঠাৎ করে নেমে গেছে অতল এক গহ্বরের দিকে। তীর্যকভাবে তাকালে দেখা যায় সেই গহ্বরের ওপর দিয়ে ছড়িয়ে পড়েছে উত্তরের বুরুজটি। গির্জার ডানে সেটার আচ্ছাদিত অংশে আশ্রয় নিয়েছে কয়েকটি ভবন, আর ক্লয়স্টারের আশেপাশে রয়েছে আরো কয়েকটি: ডমিট্রি, নিঃসন্দেহে সেটা মহান্তের বাসস্থান, আর তীর্থযাত্রীদের ধর্মশালা, যেটার দিকে আমরা এগোচ্ছিলাম। সুন্দর একটি পুষ্পোদ্যান পেরিয়ে সেখানে পৌঁছুলাম আমরা। ডান দিকে একটা লনের ওধারে দক্ষিণের বহিঃপ্রাচীর ধরে শুরু হয়ে গির্জার পেছনে পুবদিক বরাবর চলে গেছে কৃষকদের থাকবার জায়গা, আস্তাবল, মিল, তেলকল, গোলাঘর, ভাঁড়ার ঘর, আর একটা ঘর যেটাকে আমার শিক্ষানবিসদের ঘর বলেই মনে হলো। যৎসামান্য ঢেউ খেলানো সমতল ভূখণ্ডটি সেই পবিত্রস্থানের প্রাচীন নির্মাতাদেরকে গির্জার পশ্চিম-পুবমুখী স্থাপনার রীতিটি৩৪ মান্য করতে সাহায্য করেছে সন্দেহ নেই, হনরিয়াস অগাস্টোডানিয়েন্সিস৩৫ বা গিয়ম ডুরান্ট যতোটা দাবি করতে পারতেন তার চাইতেও ভালোভাবে। দিনের সেই সময়টাতে সূর্যের অবস্থান দেখে আমি খেয়াল করলাম গির্জার প্রধান দরজাটি একেবারে পশ্চিম দিক বরাবর খোলে, কাজেই কয়ার৩৬ ও বেদি রয়েছে পুবমুখো হয়ে; আর, শুভ সকালের সূর্যটি উদয়কালে ডমিট্রির সন্ন্যাসী আর আস্তাবলের পশুগুলোকে জাগিয়ে দেয় ঘুম থেকে। এতো চমৎকার বা এতো চমৎকার স্থপনার মঠ আগে দেখিনি কখনো। যদিও পরে সেন্ট গল, ক্লুনি, ফন্টেনে ও অন্যান্য বেশ কিছু মঠ দেখেছি; সেগুলো হয়ত আরো বড় কিন্তু ততো সুসমঞ্জস নয়। এই মঠটি বিশেষভাবে উল্লেখযোগ্য এডিফিসিয়ামটির ব্যতিক্রমী আকারের জন্যে। একজন নিপুণ নির্মাতার মতো অভিজ্ঞতা আমার ছিল না কিন্তু আমি তৎক্ষণাৎ উপলব্ধি করলাম এটি চারপাশের অন্যান্য ভবনের চাইতে অনেক পুরনো। সম্ভবত ওটা নির্মিত হয়েছিল ভিন্ন কোনো উদ্দেশ্যে, এবং পরে কোনো এক সময়ে মঠের অঙ্গনটি বিন্যস্ত করা হয়েছিল, তবে তা এমনভাবে যাতে করে প্রকাণ্ড ভবনটির স্থাপনা রীতি গির্জাটির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, এবং গির্জারটি এডিফিসিয়ামটির সঙ্গে, কারণ অন্য সব শিল্পের মধ্যে একমাত্র স্থাপত্যবিদ্যাই তার ছন্দের ভেতর মহাবিশ্বের বিন্যাসটি ফুটিয়ে তোলার চেষ্টা করে, সেই মহাবিশ্ব প্রাচীন লোকেরা যাকে বলতেন 'কসমস' (kosmos), যার অর্থ অলংকারবহুল, কারণ এটা একটা বিশাল জন্তুর মতো যার ওপর আলোক বিকীর্ণ করে সেটার অন্যান্য সদস্যের উৎকর্ষ ও সুসমঞ্জসতা; আর প্রংশসিত হোক আমাদের স্রষ্টা যিনি সমস্ত জিনিসের বিধান দিয়েছেন সেগুলোর সংখ্যা, ওজন, ও পরিমাপ অনুযায়ী।
টার্স
মহান্তর সঙ্গে উইলিয়ামের নির্দেশনামূলক কথাবার্তা।
ভাণ্ডারি লোকটি গাট্টাগোট্টা, অভব্যদর্শন তবে হাসিখুশি, মাথায় পাকা চুল তবে শরীর শক্তপোক্ত, ছোটখাটো তবে চলনবলনে ক্ষিপ্র। তীর্থযাত্রীদের ধর্মশালায় আমাদের কুঠুরীতে নিয়ে এলেন তিনি পথ দেখিয়ে। কিংবা বলা যায়, আমাদের তিনি নিয়ে এলেন আমার প্রভুর জন্যে নির্ধারিত কুঠুরিতে, আমাকে এই প্রতিশ্র"তি দিয়ে যে ঘণ্টা কয়েকের মধ্যে তিনি আমার জন্যেও একটি সাফসুতরো করে রাখবেন, কারণ শিক্ষানবিস হলেও আমি তাঁদেরই অতিথি, কাজেই তার পূর্ণ মর্যাদা আমাকে দেয়া হবে। সে-রাতের জন্যে আমি কুঠরির দেয়ালের দীর্ঘ আর প্রশস্ত কুলুঙ্গিতে শুতে পারব, সেখানে তিনি এরিমধ্যে চমৎকার কিছু টাটকা খড় বিছিয়ে দিয়েছেন।
এরপর সন্ন্যাসীরা আমাদের জন্যে মদ্য, পনির, জলপাই, রুটি আর চমৎকার কিসমিস রেখে গেলেন সেসব দিয়ে জলযোগ করা জন্যে। পরিতৃপ্তির সঙ্গে সেগুলোর সদ্ব্যবহার করলাম দুজনে। আমার প্রভু বেনেডিক্টীয়দের একান্ত অনাড়ম্বর জীবনযাপন করতেন না, তাছাড়া নীরবে পানাহার করতেও অনীহা ছিল তাঁর। সেকারণে তিনি সবসময় এমনসব চমৎকার আর জ্ঞানগর্র্ভ বিষয়ে আলোচনা করতেন যে মনে হতো কোনো সন্ন্যাসী আমাদের কাছে সন্তদের জীবনকাহিনী পড়ে শোনাচ্ছেন।
সেদিন সেই ঘোড়ার ব্যাপারে তাঁকে আরো কিছু প্রশ্ন না করে পারলাম না।
বললাম, 'তারপরেও, যখন আপনি তুষারের ওপরের ছাপ বা গাছের ডালের প্রমাণ পড়েছিলেন তখনো কিন্তু আপনি ব্র"নেলাসের কথা জানতেন না। এক অর্থে ওই ছাপগুলো সব ঘোড়ার কথাই বলছিল বা অন্তত ওই শ্রেণীর সব ঘোড়ার কথা। তাহলে কি আমাদের বলতেই হচ্ছে না যে প্রকৃতি নামক বইটি আমাদের কাছে শুধু সারাৎসারের কথা বলে, যা অনেক বিশিষ্ট ধর্মতাত্ত্বিকই শিখিয়ে গেছেন?'
আমার প্রভু জবাব দিলেন, 'কথাটা পুরোপুরি ঠিক নয়, বৎস অ্যাড্সো। একথা সত্য যে ওই ছাপগুলো আমার কাছে, তুমি যেমন বলছো, "ঘোড়া"র আইডিয়ার কথা প্রকাশ করেছে, the verbum mentis৩৭, আর যেখানেই পেতাম সেখানেই তা একই কথা প্রকাশ করতো। কিন্তু ওখানকার আর ঠিক ওই সময়ে পাওয়া ছাপ আমাকে বলে দিয়েছিল যে সম্ভাব্য সব ঘোড়ার মধ্যে অন্তত একটি ওই পথ দিয়ে গেছে। কাজেই "ঘোড়া" নামক ধারণাটির প্রত্যক্ষণ আর একটি স্বতন্ত্র ঘোড়া সম্পর্কিত জ্ঞানের মাঝপথে নিজেকে আবিষ্কার করেছিলাম আমি। তবে সে যাই হোক, ঘোড়া সম্পর্কে আমি যা কিছু জানতাম তা ওই অনন্য চিহ্নগুলোরই মাধ্যমে। বলা যেতে পারে, আমি আটকে গিয়েছিলাম চিহ্নগুলোর অনন্যতা আর আমার অজ্ঞতার মাঝপথে, যা একটি সার্বজনীন ভাব বা ধারণার রীতিমত একটি স্বচ্ছ আকার ধারণ করেছিল। দূর থেকে কিছু দেখে যদি সেটাকে চিনতে না পারো তাহলে সেটাকে খানিকটা আয়তনবিশিষ্ট একটা বস্তু হিসেবে শনাক্ত করেই সন্তুষ্ট থাকতে হবে তোমাকে। আরো খানিকটা কাছে এলে তখন সেটাকে একটা জন্তু হিসেবে চিনতে পারবে তুমি, যদিও তখনো তুমি জানো না ওটা ঘোড়া না গাধা। আর সবশেষে, যখন ওটা আরো কাছে, তখন তুমি বলতে পারবে ওটা একটা ঘোড়া, যদিও সেটা Brunellus না Niger৩৮ তা বলতে পারবে না। আর যখন তুমি সঠিক দূরত্বে রয়েছো কেবল তখনই দেখবে যে সেটা ব্রুনেলাস (বা বলা যায়, ঠিক ওই ঘোড়াটিই, অন্য কোনোটি নয়, তা সেটাকে তুমি যে-নাম ধরেই ডাকো না কেন)। আর সেটাই হবে পরিপূর্ণ জ্ঞান। অনন্যকে জানা। কাজেই, এক ঘণ্টা আগে আমি সব ঘোড়াকেই আশা করতে পারতাম, তবে সেটা আমার জ্ঞানগম্যির বিশালতার কারণে নয়, বরং আমার অনুমানক্ষমতার দারিদ্র্যের জন্যে। আমার বুদ্ধিমত্তার ক্ষুধা তখনই নিবৃত্ত হলো যখন সেই বিশেষ ঘোড়াটাকে গলার দড়ি ধরে টেনে নিয়ে যেতে দেখলাম আমি সন্ন্যাসীদের। কেবল তখনই আমি নির্ভুলভাবে জানতে পারলাম আমার খানিক আগের যুক্তি সত্যের কাছাকাছি নিয়ে গিয়েছিল আমাকে। তখনো-না-দেখা ঘোড়াটির কল্পনা করার জন্যে আমি যেসব আইডিয়া ব্যবহার করেছিলাম সেগুলো ছিল খাঁটি চিহ্ন, ঠিক যেমন তুষারের ওপর খুরের ছাপগুলো ছিল "ঘোড়া"র আইডিয়ার চিহ্ন; চিহ্ন আর চিহ্নের চিহ্নগুলো তখনই ব্যবহৃত হয় যখন আমাদের কাছে বস্তু বা জিনিস থাকে না।'
এর আগেও বেশ কয়েকবার সার্বজনীন ভাব (universal ideas) সম্পর্কে যথেষ্ট সংশয় আর স্বতন্ত্র বস্তু (individual things) সম্পর্কে পরম শ্রদ্ধার সঙ্গে কথা বলতে শুনেছিলাম তাঁকে, এবং পরেও আমি ভেবেছিলাম এই প্রবণতা তিনি পেয়েছিলেন একই সঙ্গে ব্রিটেনের অধিবাসী আর ফ্রান্সিসকান হওয়ার কারণে। কিন্তু সেদিন আর ধর্মতাত্ত্বিক বিতর্কের মুখোমুখি হওয়ার শক্তি ছিল না তাঁর, কাজেই যে-জায়গা আমাকে বরাদ্দ করা হয়েছিল সেখানেই গুটিশুঁটি মেরে শুয়ে পড়লাম আমি, ঢলে পড়লাম গভীর ঘুমে।
যে কারো পক্ষেই আমাকে দেখে একটা পোঁটলা বলে ভাবাটা অসম্ভব ছিল না। তৃতীয় প্রহরে উইলিয়ামের সঙ্গে দেখা করতে এসে মহান্তও নিশ্চয়ই তাই ভেবেছিলেন। ফলে সবার অলক্ষ্যে তাঁদের প্রথম কথোপকথনটা শোনার সৌভাগ্য হয়েছিল আমার।
* * *
তো, মহান্ত এসে পৌঁছুলেন। অযাচিত প্রবেশের জন্যে ক্ষমা প্রার্থনা করে আবারো স্বাগত জানালেন আমার প্রভুকে, বললেন, উইলিয়ামের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একান্তে কথা বলতে হবে তাঁকে।
ঘোড়ার ব্যাপারে তাঁর অতিথি যে দক্ষতা প্রদর্শন করেছেন সেজন্যে তাঁকে অভিনন্দন জানিয়ে বাক্যালাপ শুরু করলেন তিনি, জিগ্যেস করলেন যে-জন্তুকে তিনি কখনো দেখেননি সেটার সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে এতো কথা বলা কী ক'রে সম্ভব হলো তাঁর পক্ষে। যে-পন্থাটি তিনি অবলম্বন করেছিলেন সেটা অল্প কথায়, নৈর্ব্যক্তিকভাবে ব্যাখ্যা করলেন উইলিয়াম। তাই শুনে মহান্ত উইলিয়ামের তীক্ষè বিশ্লেষণ শক্তির ভূয়সী প্রশংসা করলেন। অসাধারণ প্রজ্ঞাবান বলে যাঁর খ্যাতি আগেই এসে পৌঁছেছে তাঁর কাছ থেকে এর চাইতে কম কিছু তিনি প্রত্যাশা করতেন না। তিনি বললেন, ফার্ফার মহান্তের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন তিনি, তাতে সম্রাটের পক্ষ থেকে উইলিয়ামের মিশন-এর (যা তাঁরা আগামী দিনগুলোতে আলোচনা করবেন) ব্যাপার ছাড়াও একথা উল্লেখিত রয়েছে যে ইংল্যান্ড ও ইতালিতে আমার প্রভু কিছু কিছু বিচারে ইনকুইযিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর তাতে তিনি তাঁর স্বচ্ছ দৃষ্টি ও অসাধারণ নম্রতার স্বাক্ষর রেখে নিজের বিশিষ্টতার প্রমাণ দিয়েছেন।
মহান্ত বলে চললেন, 'আমি জেনে প্রীত হয়েছি যে বেশ কয়েকটি ক্ষেত্রে আপনি অভিযুক্তকে নির্দোষ বলে ঘোষণা করেছেন। মানবীয় কর্মকাণ্ডে ইবলিসের নিত্য উপস্থিতিতে বিশ্বাসী আমি, বিশেষ ক'রে বর্তমান কালের এসব দুঃখের দিনগুলোতে তো আরো বেশি,' – এই বলে আবছাভাবে চারপাশে তাকালেন তিনি, যেন শত্র"রা চার দেয়ালের ভেতর ওঁৎ পেতে রয়েছে – 'কিন্তু সেই সঙ্গে আমি এ-ও বিশ্বাস করি যে মাঝে মধ্যে ইবলিস দ্বিতীয় কারণগুলোর মাধ্যমে কাজ করে। তাছাড়া আমি জানি সে তার শিকারকে এমনভাবে মন্দ কাজ করতে বাধ্য করতে পারে যাতে দোষটা এসে পড়ে ন্যায়পরায়ণ লোকের ওপর, আর, ইবলিসের শাগরেদ-এর৩৯ বদলে যখন সে-লোকটা আগুনে পুড়তে থাকে তখন ইবলিস আনন্দে মেতে ওঠে। ইনকুইযিটররা তাদের অতি উৎসাহ প্রকাশ করতে গিয়ে যে-কোনো উপায়ে অভিযুক্তের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে নেয়, এই ভেবে যে, কাউকে বলির পাঠা হিসেবে হিসেবে খাড়া করার মধ্যে দিয়ে যে-ইনিকুইযিটর বিচারের পরিসমাপ্তি টানতে পারেন, একমাত্র তিনিই হচ্ছেন যথার্থ ইনকুইযিটর।'
উইলিয়াম বললেন, 'ইবিলিস কিন্তু ইনকুইযিটরকেও প্ররোচিত করতে পারে।'
পরম সতর্কতার সঙ্গে মহান্ত স্বীকার করলেন, 'সেটা অবশ্য সম্ভব। কারণ সর্বক্তিমানের লীলা বোঝা ভার, তবে এসব যোগ্য মানুষকে সন্দেহ করা থেকে আমি যেন শত হস্ত দূরে থাকি। সত্যি বলতে কী, তাঁদেরই একজন হিসেবে আপনাকে আজ প্রয়োজন আমার। এই মঠে এমন একটি ঘটনা ঘটেছে যা আপনার মতো একজন প্রখর অনুভূতিসম্পন্ন আর বিচক্ষণ লোকের মনোযোগ ও পরামর্শ দাবি করে – যে- লোক রহস্য উন্মেচনে প্রখর অনুভূতিসম্পন্ন, আর তা গোপন রাখার ব্যাপারে বিচক্ষণ। মেষপালক যদি ভুল করে থাকে তবে তাকে অন্যান্য মেষপালকের কাছ থেকে সরিয়ে রাখা ছাড়া উপায় নেই, তবে আমাদের দুর্ভাগ্য তখনই যখন মেষরাই তাদের পালকদের অবিশ্বাস করে।'
উইলিয়াম বললেন, 'আমি বুঝতে পারছি আপনার কথা।' আগেও লক্ষ করেছি যখনই তিনি এতো তাড়াতাড়ি আর এতো নম্রতার সঙ্গে কোনো কথা বলতেন তখন আসলে তিনি আন্তরিকভাবেই তাঁর দ্বিমত বা বিস্ময় গোপন করতেন। মহান্ত বলে চলেছেন, 'এ-কারণেই আমি মনে করি, মেষপালকের কোনো ভুল সংক্রান্ত বিষয় আপনার মতো লোককেই জানানো যায়, যাঁরা ভালোকে মন্দ থেকে আলাদা তো করতে পারেনই, সেই সঙ্গে এ-ও বুঝতে পারেন কী সুবিধেজনক আর কী তা নয়। আমার ধারণা, আপনি কেবল তখনই কাউকে দোষী বলে রায় দিয়েছেন যখন…'
'…অভিযুক্ত অপরাধমূলক কাজ যেমন বিষ প্রয়োগ, সরল যুবকদের বিপথগামী করা, বা আমার মুখে সরছে না এমন কোনো ঘৃণ্য কাজ করে দোষী সাব্যস্ত হয়েছে…'
কিন্তু মহান্ত উইলিয়ামের বাধা প্রদানে ক্ষান্ত না হয়ে বলে চললেন, 'কেবল তখনই আপনি দোষী বলে রায় দিয়েছেন যখন শয়তানের উপস্থিতি এতোই সুুস্পষ্ট ছিল যে তাকে দোষী সাব্যস্ত করা ছাড়া অন্য আর কিছু করার সুযোগ ছিল না, কারণ তাতে অপরাধটির চাইতে ক্ষমা প্রদর্শনেই কলংকের ছাপ পড়তো আরো বেশি।'
উইলিয়াম ব্যাখ্যা করে বললেন, 'যখন কেউ সত্যিই সত্যিই এরকম গুরুতর কোনো অপরাধ করেছে যে আমি পূর্ণজ্ঞানে তাকে কোনো ধর্মনিরপেক্ষ কর্তৃপক্ষের কাছে তুলে দিতে পারবো বলে মনে করেছি কেবল তখনই তাকে অপরাধী বলে সাব্যস্ত করেছি।'
মুহূর্তের জন্যে হতভম্ব দেখাল মহান্তকে। তিনি জিগ্যেস করলেন, 'অপরাধমূলক কাজগুলোর নারকীয় কারণের উল্লেখ না করেই বারবার আপনি সেগুলোর কথা বলছেন, কিন্তু কেন?'
'কারণ, কার্যকারণের ব্যাপারে যুক্তিপ্রয়োগ খুবই দুরূহ একটি কাজ, আর আমার বিশ্বাস, ঈশ্বরই হতে পারেন সেটার একমাত্র বিচারক। একটি কয়লা-পোড়া গাছ আর সেটাতে আগুন ধরিয়ে দেয়া বজ্রপাতের মতো একটি সুষ্পষ্ট ঘটনার মধ্যে সম্পর্কস্থাপনের জন্যে আমরা এমনিতেই মুখিয়ে আছি। কাজেই, মাঝে মধ্যে, কার্যকারণের অন্তহীন সূত্র খুঁজে বেড়ানোকে আমার কাছে আকাশ ছুঁতে পারবে এমন একটি বুরুজ তৈরি করার মতোই বোকামী বলে মনে হয়।
'ধরা যাক, বিষ প্রয়োগে একজন লোককে খুন করা হয়েছে। এটাই হচ্ছে প্রাপ্ত তথ্য। কিছু অনস্বীকার্য চিহ্ন বা সূত্রের সাহায্যে আমার পক্ষে কল্পনা করা সম্ভব যে বিষ প্রয়োগকারী হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি। এরকম সাধারণ কার্যকারণ সূত্রের ওপর ভিত্তি করে আমার মন নিজের ক্ষমতার ওপর ভরসা রেখে কাজ করতে পারে। কিন্তু মন্দ কাজটির পেছনে আরো একটি হাত ছিল এবং সেটা মানুষের নয় শয়তানের – এরকম কথা ভেবে এই চিন্তাসূত্রটিকে আমি কেন মিছেমিছি জটিল করে তুলব? আমি বলছি না কাজটি অসম্ভব: আপনার ঘোড়া ব্র"নেলাসের মতো, শয়তানও কিছু সুস্পষ্ট চিহ্নের মাধ্যমে তার পদরেখা অংকিত করে যায়। কিন্তু আমি মিছেমিছি কেন সেসব প্রমাণ খুঁজে মরবো? আমার জন্যে কি এটা জানাই যথেষ্ট নয় যে ওই লোকটিই দোষী এবং তাকে কোনো ধর্মনিরপেক্ষ কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দিতে হবে? শত হলেও, যে-কোনো ক্ষেত্রেই তার শাস্তি মৃত্যু, ঈশ্বর তাকে ক্ষমা করুন।'
'কিন্তু আমি শুনেছি যে, তিন বছর আগে কিলকেনিতে অনুষ্ঠিত একটি বিচারে, যেখানে কিছু লোক ঘৃণ্য কিছু অপরাধে অপরাধী বলে অভিযুক্ত হয়েছিল, সেখানে দোষীরা শনাক্ত হওয়ার পরে আপনি নারকীয় হস্তক্ষেপের কথা অস্বীকার করেননি?'
'প্রকাশ্যে, বেশি কথা খরচ করে আমি তা স্বীকারও করিনি। সত্যি, আমি সেকথা অস্বীকার করিনি। শয়তানের ফন্দি-ফিকিরের বিচার করার আমি কে? বিশেষ ক'রে,' তিনি যোগ করলেন, এবং মনে হলো তিনি এই কারণটির ওপরই জোর দিতে চাইছেন, 'সেসব ক্ষেত্রে যেখানে, যারা ইনকুইযিশনটির সূত্রপাত ঘটিয়েছে – বিশপ, নগর অধিকর্তারা, এবং পুরো জনগোষ্ঠী, এমনকি সম্ভবত অভিযুক্ত নিজেও, তারা আসলেই শয়তানের উপস্থিতি অনুভব করতে চাইছিল? সেখানে, সম্ভবত শয়তানের উপস্থিতির একমাত্র প্রকৃত কারণ ছিল সেই তীব্র আন্তরিকতা যার সাহায্যে সে-মুহূর্তে উপস্থিত প্রত্যেকেই জানতে চাইছিল শয়তান আসলেই কোনো ভূমিকা রেখেছিল কিনা…'
উৎকণ্ঠিত সুরে মহান্ত বলে উঠলেন, 'তাহলে কি আপনি বলতে চান যে অনেক বিচারেই শয়তান কেবল দোষী ব্যক্তির ভেতরেই কাজ করে না, বরং সম্ভবত ও সর্বোপরি বিচারকের মধ্যেও কাজ করে?'
'এরকম কোনো মন্তব্য কি আমি করতে পারি?' উইলিয়াম জিগ্যেস করলেন, এবং আমি লক্ষ করলাম যে প্রশ্নটা এমনভাবে করা হলো যে মহান্তের পক্ষে একথা বলা সম্ভব হলো না যে উইলিয়াম তা পারেন; কাজেই উইলিয়াম এই নীরবতার সুযোগটা কাজে লাগিয়ে তাদের সংলাপের মোড় ঘোরালেন। 'তবে এসব তো দূরের ব্যাপার। আমি সেই মহৎ কাজ পরিত্যাগ করেছি, আর যদি তা করে থাকি তো করেছি ঈশ্বরের ইচ্ছেতেই…'
'নিঃসন্দেহে…' মহান্ত স্বীকার করলেন।
'.. তো, এবার আমি,' উইলিয়াম তাঁর কথার খেই ধরলেন, 'অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গে যাচ্ছি। এবং আপনি যদি অনুমতি করেন তাহলে আমি সেই প্রসঙ্গে যাবো যেটি নিয়ে আপনি উদ্বিগ্ন।'
দেখলাম আলোচনাটার পরিসমাপ্তি টেনে তাঁর সমস্যার প্রসঙ্গে ফিরে যেতে পেরে খুশি হলেন মহান্ত। তিনি অতঃপর অত্যন্ত সতর্ক শব্দচয়ন আর দীর্ঘ সারসংক্ষেপের মাধ্যমে কয়েকদিন আগে ঘটা এমন একটি অস্বাভাবিক ঘটনার কথা বলতে শুরু করলেন যার কারণে নিদারুণ যন্ত্রণায় দিন কাটাচ্ছে সন্ন্যাসীরা। তিনি বললেন, ব্যাপারটা নিয়ে তিনি উইলিয়ামের সঙ্গে আলোচনা করছেন কারণ উইলিয়ামের যেহেতু মানব-আত্মা এবং ইবলিসের ছলচাতুরি এই দুই বিষয়েই অগাধ জ্ঞান রয়েছে তাই অ্যাবো আশা করছেন তাঁর অতিথি তাঁর সময়ের একটি অংশ এক যন্ত্রণাময় রহস্যের ওপর আলোকপাতের কাজে ব্যয় করতে সক্ষম হবেন। তো, যা ঘটেছে তা এই: ওট্রান্টোর আদেল্মো নামের এক তরুণ, যে কিনা পাণ্ডুলিপি অলংকরণে এরিমধ্যে ওস্তাদ হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল এবং দুর্দান্ত সব ছবি দিয়ে অলংকৃত করে যাচ্ছিল গ্রন্থাগারের পাণ্ডুলিপিগুলো, তাকে এক সকালে এডিফিসিয়ামের নিচে একটা খাড়া পাহাড়ের পাদদেশে আবিষ্কার করে এক মেষপালক। কম্পিনের সময় যেহেতু অন্য সন্ন্যাসীরা তাকে কয়ারে দেখেছে, কিন্তু ম্যাটিনের সময় সে আর ফিরে আসেনি, তাই অনুমান করা যায়, যখন সে পড়ে গিয়েছিল তখন ছিল সম্ভবত রাতের সবচেয়ে অন্ধকার সময়। এমন এক রাত যে-রাতে প্রবল তুষাড়ঝড় হচ্ছিল, ভয়ংকর দক্ষিণবায়ু তাড়িত হয়ে তুষারকুচি পড়ছিল বর্শার ফলার মতো ধারাল হয়ে, অনেকটা শিলাবৃষ্টির মতো। গ'লে তারপর বরফে জমে যাওয়া তুষারে সিক্ত দেহটা খাড়া ঢালটার গোড়ায় প'ড়ে ছিল, ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছিল নিচে পড়ার পথে পাথরের গায়ে ধাক্কা খেয়ে। হতভাগ্য, নাজুক, মরণশীল বেচারা, ঈশ্বর ওকে শান্তি দিন। পাথরের গায়ে ধাক্কা খেতে খেতে পড়ার কারণে ওটা ঠিক কোন জায়গা থেকে নিচে পড়েছে সেটা ঠিক করা সহজ ছিল না: তবে নিশ্চয়ই অতল খাদের দিকে মুখ করা বুরুজের চারটি পার্শ্বদেশের তিনটি তলায় এক সারিতে বসানো জানলার কোনো একটি থেকে।'
'বেচারার লাশটা কোথায় গোর দিয়েছেন আপনারা?' উইলিয়াম জানতে চাইলেন।
'স্বভাবতই, কবরস্থানে,' মহান্ত উত্তর দিলেন। 'সম্ভবত আপনি খেয়াল করেছেন; ওটা গির্জা, এডিফিসিয়াম আর সব্জিবাগানের উত্তর দিকে।'
'আচ্ছা,' উইলিয়াম বললেন, ' তো আমার মনে হচ্ছে আপনার সমস্যাটা এই। ঈশ্বর না করুন, সেই অসুখী যুবকটি যদি আত্মহত্যা করত তাহলে আপনারা ওই জানলাগুলোর কোনো একটি খোলা অবস্থায় পেতেন, অথচ আপনারা সেটা বন্ধ পেয়েছেন, এবং কোনো জানলার নিচেই পানির কোনো চিহ্ন পাননি।'
আগেই বলেছি, মহান্ত লোকটি প্রবল কূটনৈতিক স্থৈর্যসম্পন্ন মানুষ, কিন্তু এই মুহূর্তে তিনি বিস্ময়ের এমন একটি ভঙ্গি করলেন যা কোনোভাবেই, অ্যারিস্টটলের বর্ণনা অনুযায়ী, একজন চিন্তাশীল এবং মহৎব্যক্তিসুলভ শোভনতার পরিচায়ক নয়। 'কে বলল আপনাকে?'
'আপনিই বলেছেন,' উইলিয়াম জবাব দিলেন। 'জানলা খোলা থাকলে আপনার মনে সঙ্গে সঙ্গে যে চিন্তাটা আসতো তা হচ্ছে সে নিজেই বাইরে লাফিয়ে পড়েছে। বাইরে থেকে আমি যা বলতে পারি তা হলো অস্বচ্ছ কাচের বড় বড় জানালা ওগুলো, আর ওধরনের জানলা সাধারণত ওরকম আকারের দালানে মানুষের উচ্চতা বরাবর বসানো হয় না। কাজেই কোনো জানলা যদি খোলাও থাকত, তারপরেও হতভাগ্য যুবকটির পক্ষে সেটা দিয়ে ঝুঁকে পড়া এবং ভারসাম্য হারানো সম্ভব হতো না; ফলে আত্মহত্যাই হতো একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা। আর সেক্ষেত্রে আপনি তাকে পবিত্রভূমিতে কবরস্থ করার অনুমতি দিতেন না। কিন্তু যেহেতু আপনি তাকে খৃষ্টীয় সমাধি দান করেছেন, কাজেই জানলা নিশ্চয়ই বন্ধ ছিল। আর সেগুলো যদি বন্ধই থাকবেÑকারণ, এমনকী কোনো ডাইনি সংক্রান্ত বিচারেও আমি কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি যেখানে কোনো মৃত লোককে ঈশ্বর বা শয়তান অতল খাদের ভেতর থেকে উঠে এসে নিজের কুকর্মের চিহ্ন মুছে ফেলতে দিয়েছেন – তাহলে, স্পষ্টতই, অনুমিত আত্মহত্যাকারীকে বরং কোনো মানবীয় অথবা কোনো নারকীয় শক্তি ঠেলে ফেলে দিয়েছিল। এবং আপনি ভাবছিলেন, না, কে তাকে খাদের ভেতর ঠেলে ফেরতে পারে তা নয়, বরং জানালার গবরাটের ওপর টেনে তুলতে পারে; এবং আপনি অত্যন্ত চিন্তিত কারণ প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যা-ই হোক একটা দুষ্ট শক্তি মঠের ভেতর সক্রিয় রয়েছে।'
'তা ঠিক…।' মহান্ত বললেন, কিন্তু তিনি কি উইলিয়ামের বক্তব্য সমর্থন করলেন নাকি খুবই চমৎকার এবং যুক্তিসম্মতভাবে উপস্থাপিত তাঁর যুক্তিগুলো মেনে নিলেন তা পরিষ্কার হলো না। 'কিন্তু জানলাগুলোর নিচে যে পানির কোনো চিহ্ন ছিল না সেকথা আপনি জানলেন কী করে?'
'কারণ আপনি আমাকে বলেছেন বাতাস বইছিল দক্ষিণ দিক থেকে, আর, যেসব জানলা পুবদিকে খোলে বায়ুতাড়িত হয়ে পানি সেগুলোর ওপর গিয়ে পড়তে পারে না।'
'আপনার প্রতিভা সম্পর্কে কমই বলেছে ওরা আমাকে,' মহান্ত বললেন। 'ঠিকই বলেছেন আপনি, কোনো পানি ছিল না ওখানে, এবং এখন বুঝতে পারছি, কেন। আপনি যা বলেছেন ঠিক সে-রকমই ঘটেছে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কেন এতো উদ্বিগ্ন হয়েছি আমি। আমার কোনো সন্ন্যাসী যদি আত্মহত্যার মতো ঘৃণ্য পাপের মাধ্যমে তার আত্মাকে দূষিত করতো তাহলেই সেটাই খুব মারাত্মক হতো। কিন্তু আমার বিশ্বাস করবার কারণ রয়েছে যে তাদের মধ্যে আরেকজন একইরকম ভয়ংকর একটি পাপে নিজেকে কলুষিত করেছে। আর এগুলোই যদি সব হতো…'
'প্রথম কথা হচ্ছে, সন্ন্যাসীদের মধ্যে একজন কেন? মঠে তো আরো অনেকেই আছে, সহিস, রাখাল, ভৃত্য…'
'ব্যাপারটা হচ্ছে, মঠটা ছোট কিন্তু সমৃদ্ধ,' পরম আত্মতুষ্টির সঙ্গে মতৈক্য প্রকাশ করলেন মহান্ত। 'ষাটজন সন্ন্যাসীর জন্যে একশ পঞ্চাশজন ভৃত্য। কিন্তু সব কিছুই ঘটেছে এডিফিসিয়ামে। আপনি সম্ভবত জানেন যে, রান্নাঘর আর খাবারঘরটা যদিও নিচতলায়, স্ক্রিপ্টোরিয়াম৪০ আর গ্রন্থাগারটা রয়েছে ওপরের দুটো তলায়। রাতের খাওয়ার পর এডিফিসিয়াম তালাবদ্ধ করে রাখা হয়, কারো প্রবেশাধিকার থাকে না সেখানে, কড়া নিয়ম আছে।' উইলিয়ামের পরবর্তী প্রশ্নটা আনুমান করে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি যোগ করলেন, যদিও স্পষ্ট অনাগ্রহে, 'স্বভাবতই, সন্ন্যাসীদের বেলাতেও নিষেধটা প্রযোজ্য, তবে…'
'তবে?'
'তবে এ-সম্ভাবনার কথা আমি পুরোপুরি অগ্রাহ্য করছি Ñ পুরোপুরি, বুঝতেই পারছেন Ñ যে রাতের বেলা কোনো ভৃত্য সেখানে প্রবেশ কররার সাহস পেতে পারে।' ক্ষণপ্রভা, কিংবা উল্কার মতোই ক্ষণিকের হলেও, স্পর্ধিত একটা হাসি ফুটে উঠল তাঁর চোখে। 'বলতে পারেন, তারা ওখানে ঢুকতে ভয় পাবে… বুঝতেই পারছেন, সহজ-সরল লোকজনকে দেয়া আদেশ-নিষেধগুলোকে আরো পোক্ত করতে মাঝেমধ্যে হুমকি-টুমকি যোগ করতে হয়, এমন একটা ইঙ্গিত দিতে হয় যে অবাধ্যদের বরাতে ভয়ংকর কিছু একটা ঘটবে, দরকার হলে অতিপ্রাকৃত কিছু একটা। কিন্তু অন্যদিকে, একজন সন্ন্যাসী…'
'বুঝতে পারছি।'
'তাছাড়া, একটা নিষিদ্ধ জায়গায় অনুপ্রবেশ করার অন্য কোনো কারণও থাকতে পারে একজন সন্ন্যাসীর। আমি বলতে চাইছি এমন কিছু কারণ…যা যুক্তিযুক্ত, যদিও রীতিবিরুদ্ধ…'
মহান্তের অস্বস্তি লক্ষ করে উইলিয়াম একটা প্রশ্ন জিগ্যেস করলেন তাঁকে, সম্ভবত প্রসঙ্গটা বদলাবার জন্যেই, যদিও তাতে আরো বড় অস্বস্তির একটা কারণ ঘটল। 'সম্ভাব্য একটা হত্যার কথা বলতে গিয়ে আপনি বলেছিলেন, "আর এগুলোই যদি সব হতো।" কথাটা দিয়ে আপনি ঠিক কী বলতে চাইছিলেন?'
'বলেছিলাম বুঝি? মানে, কেউ তো কোনো কারণ ছাড়া খুন করে না, তা কারণটা যতোই অস্বাভাবিক হোক না কেন। আর একজন সন্ন্যাসীকে যেসব কারণ একজন ভ্রাতৃপ্রতিম সন্ন্যাসীকে হত্যা করতে তড়িত করে সেই কারণগুলোর অস্বাভাবিকতার কথা ভাবতে শিউরে উঠছি আমি। এটাই। এই কথাটাই।'
'আর কিছু নয়?'
'আপনাকে বলা যেতে পারে সেরকম আর কিছু নেই।'
'তার মানে আপনি বলতে চান, আমাকে বলা যায় এমন আর কিছু বলার ক্ষমতা আপনার নেই?'
'প্লিয, ব্রাদার উইলিয়াম, ব্রাদার উইলিয়াম,' দু'বারই 'ব্রাদার' শব্দটা জোরের সঙ্গে উচ্চারণ করলেন মহান্ত।
একেবারে লাল হয়ে উঠল উইলিয়ামের মুখটা, এবং তিনি বলে উঠলেন, 'Eris sacerdos in aeternum.৪১'
'ধন্যবাদ,' মহান্ত বললেন।
হে প্রভু ঈশ্বর, আমার অবিচক্ষণ গুরুজনেরা যে কী এক ভয়ংকর রহস্যের অবতারণা করছিলেন সে-মুহূর্তে, একজন উদ্বেতাড়িত হয়ে, অন্যজন কৌতূহলের বশে। কারণ, ঈশ্বরের পবিত্র যাজকত্বের নিগূঢ় রহস্যের নিকটবর্তী হতে থাকা এক নবিস, আমার মতো সামান্য তরুণও বুঝতে পারছিল মহান্ত কিছু একটা জানেন, তবে তিনি তা জেনেছেন কারো ব্যক্তিগত স্বীকারোক্তির মাধ্যমে যা তিনি পাঁচকান করতে পারেন না। নিশ্চয়ই তিনি কারো মুখ থেকে কোনো পাপপূর্ণ ঘটনার বর্ণনা শুনেছেন যার সঙ্গে আদেল্মোর করুণ পরিণতির একটা সম্পর্ক রয়েছে। হয়ত সেজন্যেই তিনি ব্রাদার উইলিয়ামকে সেই রহস্যটি উদ্ঘাটন করতে বলেছেন যা তিনি নিজে সন্দেহ করছেন – যদিও সে-সন্দেহের কথা তিনি কাউকে খুলে বলতে অক্ষম – এবং তিনি আশা করছেন দাক্ষিণ্যের মহতী বিধির কারণে যা তাঁকে আড়াল করতে হয়েছিল সে-ব্যাপারে আমার প্রভু তাঁর বুদ্ধিমত্তার জোরে আলাকপাত করতে পারবেন।
'তা বেশ, উইলিয়াম বললেন তখন, 'তা, আমি কি সন্ন্যাসীদের প্রশ্ন করতে পারি?'
'তা পারেন।'
'মঠে যথেচ্ছ বিচরণ করতে পারি?'
'সে-ক্ষমতা আপনাকে দেয়া হলো।'
'আপনি কি coram monachis৪২ আমাকে একই দায়িত্ব অর্পণ করছেন?'
'আজ সন্ধ্যা থেকেই।'
'সে যাই হোক, আজ থেকেই শুরু করতে চাই আমি, আপনি আমাকে কী দায়িত্ব দিয়ে দিয়েছেন সেকথা সন্ন্যাসীরা জানার আগেই। তাছাড়া, খৃষ্টীয় জগতের সমস্ত মঠ যেটার প্রশংসায় পঞ্চমুখ আপনাদের সেই গ্রন্থাগারে একবার ঢুঁ মারারও একটা প্রবল বাসনা রয়েছে আমার, এখানে আসার পেছনে সেটাও কম বড় কারণ নয়।'
প্রায় তড়াক করে উঠে দাঁড়ালেন মহান্ত, মুখটা ভীষণ কঠিন হয়ে উঠেছে তাঁর। 'আগেই বলেছি, সারা মঠে ইচ্ছেমত বিচরণ করতে পারেন আপনি। শুধু, একটা কথা নিশ্চিতভাবে জেনে রাখুন, এডিফিসিয়ামের সবচেয়ে ওপরের তলায়, অর্থাৎ, গ্রন্থাগার ছাড়া।'
'কেন?'
'আগেই আপনাকে খুলে বলা উচিত ছিল আমার, কিন্তু আমি ভেবেছিলাম আপনি জানেন। দেখুন, আমাদের গ্রন্থাগারটা আর দশটা সাধারণ গ্রন্থাগারের মতন নয়…'
'আামি জানি, অন্য যে-কোনো খৃষ্টীয় গ্রন্থাগারের চাইতে বেশি বই আছে এখানে। আমি জানি আপনাদের বইয়ের তাকের তুলনায় বব্বিও বা পম্পোসা, ক্লুনি বা ফ্লুরি-র গুলোকে মনে হয় নেহাতই অ্যাবাকাসের সঙ্গে পরিচয় ঘটছে এমন এক বালকের ঘরের মতো। আমি জানি, একশো বা তার-ও বেশি বছর আগে Novalesa -র গর্ব ছিল যে ছয় হাজার হাতে-লেখা পুথি তা আপনাদের পুথিগুলোর তুলনায় গুটিকতেক মাত্র, এবং সম্ভবত সেসবের অনেকগুলোই এখন এখানেই রয়েছে। আমি জানি আপনাদের গ্রন্থাগারই একমাত্র আলোকবর্তিকা যা বাগদাদের ছত্রিশটি গ্রন্থাগার আর উজির ইবনে আল-আলকামির৪৩ দশ হাজার পুথির জবাব হতে পারে; জানি যে, আপনাদের কাছে থাকা বাইবেলের সংখ্যা কায়রোর গর্ব দুই হাজার চারশো কোরানের সমান, এবং আপনাদের বইয়ের তাকগুলো বাস্তবতা অবিশ্বাসীদের গর্বিত কিংবদন্তীর বিপরীতে একটি দীপ্তিময় সাক্ষ্য, সেই সমস্ত অবিশ্বাসী যারা বেশ কয়েক বছর আগে দাবি করেছিল যে (যেহেতু তারা মিথ্যার যুবরাজের মিত্র) ত্রিপোলির পাঠাগার ষাট লক্ষ বইয়ের সংগ্রহে সমৃদ্ধ এবং সেখানে আশি হাজার ভাষ্যকার আর দুশো লিপিকরের অধিবাস।'
'ঠিকই বলেছেন আপনি, সকল প্রশংসা ঈশ্বরের।'
'আমি জানি, আপনাদের মঠে যেসব সন্ন্যাসী রয়েছে তাদের অনেকেই সারা দুনিয়ার নানান মঠ থেকে এখানে এসেছে। অন্য কোথায় পাওয়া যাবে না এমন পাণ্ডুলিপি নকল করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে কেউ কেউ স্বল্প সময়ের জন্যে এখানে অবস্থান করে, অবশ্য বিনিময়ে তারাও ঠিকই অন্য কোনো দু®প্রাপ্য পাণ্ডুলিপি আনতে ভুল করে না যা আপনারা নকল করে নিয়ে নিজেদের সংগ্রহে যুক্ত করতে পারেন; অন্যেরা এখানে থাকে, মাঝে মাঝে আমৃত্যু, কারণ একমাত্র এখানেই তারা সেই সব রচনার খোঁজ পায় যা তাদের গবেষণাকে দীপ্তিময় করতে পারে। কাজেই আপনাদের মাঝে জার্মান, ডেশীয়৪৪, স্প্যানিয়ার্ড, ফ্রেঞ্চম্যান, গ্রীক, সবাই রয়েছে। আমি জানি, অনেক অনেক বছর আগে সম্রাট ফ্রেডেরিক আপনাদেরকে তাঁর জন্যে মার্লিনের ভবিষ্যদ্বাণীর একটা সংকলন-গ্রন্থ রচনা করে তারপর সেটাকে আরবীতে তরজমা করে দিতে বলেছিলেন, মিশরের সুলতানকে উপহার হিসেবে পাঠানোর জন্যে। এবং, সবশেষে, আমি জানি যে মুরবাখের মতো বিখ্যাত মঠেও এই দুঃসময়ে কোনো লিপিকর নেই, সেন্ট গলের মঠেও নিতান্ত অল্প ক'জন সন্ন্যাসী রয়েছে যারা জানেন কী ক'রে লিখতে হয়, আর শহর ও নগরে নানান কর্পোরেশন আর বণিক সংঘের জন্ম হচ্ছে সাধারণ লোকজন নিয়ে যারা বিশ্ববিদ্যালয়গুলোর হয়ে কাজ করছে, অথচ একমাত্র আপনাদের মঠই দিনের পর দিন নবরূপ দান করছে বা – কী বলছিলাম? – আপনার সম্প্রদায়কে বা সেটার গৌরবকে নিত্য নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে…।'
মহান্ত গম্ভীরভাবে আবৃত্তি করলেন, 'Monasterium sine libris est sicut civitas sine opibus, castrum sine numeris, coquina sine suppellectili, mensa sine cibis, hortus sine herbis, pratum sine floribus, arbor sine foliis…৪৫ এবং কর্ম আর প্রার্থনার যৌথ নেতৃত্বে এগিয়ে যেতে থাকা আমাদের সম্প্রদায় ছিল পরিচিতি জগতের আলো, জ্ঞানের ভাণ্ডার, এক সুপ্রাচীন বিদ্যার পরিত্রাণ, যা আগুন, লুঠতরাজ আর ভূমিকম্পের কারণে বিলুপ্তির হুমকির সম্মুখীন হয়েছিল, নব্য রচনার কামারশালা আর প্রাচীন রচনার বৃদ্ধি… আর আপনার তো ভালো করেই জানা আছে যে আমরা খুবই অন্ধকার একটা সময়ে বাস করছি, এবং আপনাকে বলতে আমার লজ্জা হচ্ছে যে, মাত্র কয়েক বছর আগে ভিয়েন-এর ধর্মসভাকে আবারো জোরের সঙ্গে বলতে হয়েছে যে প্রত্যেক সন্ন্যাসীকে বাধ্যতামূলকভাবে পাদ্রী হতে হবে। …আমাদের মঠগুলো, যেগুলো দু'শ বছর আগে জাঁকজমক আর ধার্মিকতায় দ্যুতিময় ছিল, তার মধ্যে ক'টি এখন নিষ্কর্মার আশ্রয়স্থলে পরিণত হয়েছে? সম্প্রদায়টি এখনো যথেষ্ট শক্তি ধরে, কিন্তু শহরগুলোর দুর্গন্ধ আমাদের পবিত্র স্থানগুলোর ভেতর একটু একটু ক'রে ঢুকে পড়ছে, পাদ্রীরা ঝুঁকে পড়েছে ব্যবসা-বাণিজ্য আর বিভেদসৃষ্টিকারী যুদ্ধের দিকে; সমতল অঞ্চলের বড় বড় বসতিতে, যেখানে ধার্মিক প্রবণতার কোনো ঠাঁই মেলে না, লোকে যে সেখানে কেবল অমার্জিত ভাষায় কথা বলে তা নয় (সাধারণ লোকের কাছ থেকে আর কী-ই বা আশা করা যেতে পারে), তারা সে-ভাষায় লিখছেও এখন, যদিও সেসব বইপত্তরের কোনোটাই আমাদের মঠের চার দেয়ালের ভেতর ঢুকতে পারবে না – কারণ অবশ্যম্ভাবীভাবে ওসব বই বিধর্মী মতের উস্কানীদাতায় পরিণত হয়! অতল গহ্বর যে অতল গহ্বর ডেকে আনে ঠিক সেই অতল গহ্বরে পরিব্যপ্ত হয়ে দুনিয়া এখন – মানবজাতির পাপের কারণে – অতল গহ্বরের কিনারে টলমল পায়ে দাঁড়িয়ে আছে। এবং আগামী কাল, হনোরিয়াস যেমনটি বলতেন, মানুষের দেহ আমাদের দেহের চেয়ে ছোট হবে, ঠিক যেমন আমাদের দেহ আমাদের পূর্বপুরুষদের দেহের চাইতে ছোট। Mundus senescit৪৬। ঈশ্বর যদি আমাদের জন্যে কোনো কর্তব্য নির্ধারণ করে থাকেন তো তা হচ্ছে অতল গহ্বরের দিকে ছোটা ঠেকানো, আমাদের পিতৃপুরুষেরা যে জ্ঞান-সম্পদ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তার সংরক্ষণ, পুনরাবৃত্তি আর রক্ষা করা। ঐশ্বরিক বিধান-এর নির্দেশ এই যে, জগতের শুরুতে যা ছিল প্রাচ্যে সেই সার্বজনীন সরকারের (universal government) উচিত ধীরে ধীরে, সময় যেহেতু পরিপূর্ণতার দিকে এগোচ্ছিল, প্রতীচ্যের দিকে অগ্রসর হওয়া, আমাদেরকে এই সতর্কবাণী দেয়ার জন্যে যে, জগতের অবসান আসন্ন, কারণ ঘটনা পরম্পরা এরিমধ্যে মহাবিশ্বের (শেষ) সীমায় পৌঁছে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিশ্চিতভাবেই সহস্রাব্দ আবির্ভূত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সেই অপবিত্র জন্তু যা কিনা অপখৃষ্ট তার বিজয় ঘটছে, তা সে যতোই সংক্ষিপ্তকালের জন্যেই হোক না কেন, ততদিন আমাদেরকেই খৃষ্ট জগতের সম্পদ এবং ঈশ্বরের বাক্য – যেমনটি তিনি পয়গম্বর আর অ্যাপসলদের বলে গেছেন, যেমন করে ফাদাররা একটি শব্দাংশও পরিবর্তন না করে সেগুলোর পুনরাবৃত্তি করে গেছেন, যেমন করে নানান সম্প্রদায় বা ধারা সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে – তা রক্ষা করতে হবে, যদিও খোদ সেই সব সম্প্রদায় বা ধারাতে অহংকার, ঈর্ষা, বিভ্রমের সর্প বাসা বেঁধেছে। সূর্যাস্তের এই লগ্নে দিগন্তের অনেক উঁচুতে আমরা এখনো মশাল আর আলোকবর্তিকা হিসেবে রয়েছি। এবং যতদিন এই মঠ টিকে আছে ততদিন আমরা ঐশী বাণীর জিম্মাদার থাকবো।'
'আমেন,' ভক্তিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন উইলিয়াম। 'কিন্তু গ্রন্থাগারে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞার সঙ্গে এর সম্পর্ক কী?'
মহান্ত বললেন, 'দেখুন, ব্রাদার উইলিয়াম, যে অপরিমেয় আর পবিত্র কাজ ওই প্রাচীরগুলোকে সমৃদ্ধ করেছে,' এটুকু বলে তিনি এডিফিসিয়ামের বিপুলায়াতনের দিকে মাথা ঝাঁকালেন, কুঠুরির জানলা দিয়ে দেখা যাচ্ছিল মঠস্থ গির্জাটিকেও ছাড়িয়ে বহুদূর উঠে গেছে সেটি, 'তা অর্জন করার জন্যে শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মপ্রাণ মানুষেরা কঠোর নিয়মকানুন মেনে পরিশ্রম করে গেছেন। যে-পরিকল্পনা অনুযায়ী গ্রন্থাগারটা তৈরি হয়েছে তা শতাব্দীর পর শতাব্দী ধরে লোকজনের অজানাই থেকে গেছে, কোনো সন্ন্যাসীকেই তা জানতে দেয়া হয়নি। কেবল গ্রন্থাগারিকই জানতে পেরেছেন গোপন কথাটি, তার আগে যিনি ছিলেন তাঁর কাছ থেকে, তারপর আবার, মৃত্যুর আগে তিনি সেটা বলে গেছেন সহকারী গ্রন্থাগারিককে, যাতে করে মৃত্যু তাঁকে অপ্রস্তুত অবস্থায় না ফেলতে পারে এবং গোত্রটিকে বঞ্চিত করতে না পারে এই জ্ঞান থেকে। আর সেই গোপন কথাটি কুলুপ এঁটে দেয় দু'জনেরই ঠোঁটে। গুপ্ত সেই জ্ঞানটি ছাড়াও, শুধু সেই গ্রন্থাগারিকেরই অধিকার রয়েছে বইয়ের সেই গোলকধাঁধার ভেতর চলে ফিরে বেড়াবার, কেবল তিনিই জানেন কোথায় কোন বই রয়েছে, কোনটিকে কোনটির জায়গায় রাখতে হবে, কেবল তিনিই সেগুলোর নিরাপত্তার জন্যে দায়ী। অন্য সন্ন্যাসীরা স্ক্রিপটোরিয়ামে কাজ করে, গ্রন্থাগারে কী কী বই রয়েছে সেটা জানতে তাদের কোনো বাধা নেই। কিন্তু বইয়ের নামের একটা তালিকা দেখে প্রায়ই খুব একটা কিছু বোঝা যায় না; গ্রন্থাগারিকই কেবল জানেন, সে বইয়ের সংস্থাপন বা অবস্থান, সেটার অনধিগম্যতার মাত্রা থেকে, যে কোন সব গুপ্ত কথা, কোন সত্য বা মিথ্যা সে-বইতে রয়েছে। কেবল তিনিই সিদ্ধান্ত নেন বইটির জন্য যে অনুরোধ করেছে তাকে কীভাবে কখন সেটি দেয়া হবে বা আদৌ দেয়া হবে কিনা; মাঝে মধ্যে তিনি আগে আমার সঙ্গে পরামর্শ করে নেন। কারণ সব সত্যই সবার জ্ঞাতব্য নয়; একই ভাবে, সব মিথ্যা একজন পুণ্যাত্মার পক্ষে শনাক্ত করা সম্ভব নয়; আর সবশেষে বলতে হয়, সন্ন্যাসীরা স্ক্রিপটোরিয়ামে থাকে বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্যে, আর সেজন্যে তাদের কিছু বিশেষ বই-পুস্তকই পড়তে হয়, অন্যগুলো নয়; বুদ্ধি-বৈকল্যের কারণেই হোক বা অহমিকা বা নারকীয় ইন্ধনের কারণেই হোক, মনে জেগে ওঠা প্রতিটি তুচ্ছ কৌতূহলের পেছনে ছোটা তাদের কাজ নয়।'
'গ্রন্থাগারে তাহলে এমন বইপত্র-ও আছে যেগুলোতে মিথ্যাভাষণ রয়েছে…।'
'দানবেরা আছে কারণ তারা স্বর্গীয় পরিকল্পনারই অংশ, আর সেই সব দানবের ভয়ংকর বৈশিষ্ট্যগুলো স্রষ্টার ক্ষমতারই পরিচায়ক। আর সেই একই স্বর্গীয় পরিকল্পনা অনুসারেই রয়েছে জাদুকরদের লেখা বই-পত্তর, ইহুদিদের কাবালা, পেগান কবিদের উপকথা, নাস্তিকদের মিথ্যাচার। এই মঠটি যারা প্রতিষ্ঠা করেছেন এবং শতাব্দী পরম্পরা ধরে সেটাকে বাঁচিয়ে রেখেছেন, তাঁদের দৃঢ় এবং পুণ্য বিশ্বাস এই যে, বিজ্ঞ পাঠকের চোখে এসব মিথ্যাপূর্ণ গ্রন্থের ভেতরেও ঐশ্বরিক প্রজ্ঞার একটা আবছা প্রতিফলন পাওয়া যেতে পারে। আর তাই একটি গ্রন্থাগার এসবেরও আধার। তবে আবার ঠিক এই কারণেই, নিশ্চয়ই বুঝতে পারছেন, যে-কেউ সেখানে ঢুকতে পারে না। 'আর তাছাড়া,' মহান্ত যোগ করলেন, যেন তাঁর শেষ যুক্তিটার দুর্বলতা স্বীকার করতেই, 'বই একটা ভঙ্গুর জিনিস, কালের ঝড়-ঝাপটা সহ্য করতে হয় সেটাকে, ইঁদুর, পঞ্চভূত, নানান আঁকিবুঁকির আতংকে থাকতে হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে যদি প্রত্যেকে আমাদের পুথিগুলোতে অবাধে হাত দিতে পারতো, তাহলে সেগুলোর বেশির ভাগেরই আর কোনো অস্তিত্ব থাকতো না। কাজেই গ্রন্থাগারিক যে সেগুলোকে কেবল মানুষের হাত থেকেই রক্ষা করেন তা নয়, বরং প্রকৃতির হাত থেকেও রক্ষা করেন, এবং বিস্মৃতির এসব শক্তির বিরুদ্ধে, সত্যের শত্র"র বিরুদ্ধে জীবনব্যাপী এক যুদ্ধে উৎসর্গ করেন নিজের জীবনকে।'
'অর্থাৎ, এডিফিসিয়ামের সবচেয়ে ওপরের তলায় এই দু'জন ছাড়া আর কেউ ঢুকতে পারে না…'
মৃদু হাসলেন মহান্ত। 'কারোরই তা উচিত হবে না। কেউই তা পারে না। এমনকি, কেউ ঢুকতে চাইলেও, পারবে না। যে-সত্য সেটা ধারণ করে তার মতোই অপরিমেয়, আবার যে-মিথ্যা সেটা সংরক্ষণ করে তার মতোই ছলনাপূর্ণ গ্রন্থাগারটা নিজেই নিজেকে রক্ষা করে। আধ্যাত্মিক এই গোলকধাঁধাটি এক জাগতিক গোলকধাঁধাও বটে। ঢুকতো হয়ত পারবেন, কিন্তু হয়ত বেরোতে পারবেন না। তো, এসব কথাবার্তা বলার অর্থ আমি চাই আপনি মঠের রীতি-নীতি মেনে চলবেন।'
'আপনি কিন্তু এই সম্ভাবনাটি উড়িয়ে দেননি যে আদেল্মো গ্রন্থাগারেরই কোনো একটি জানলা থেকে পড়ে গিয়েছিল। মৃত্যুর এই কাহিনীর সূত্রপাত যেখানে সে-জায়গাটা না দেখে কী করে আমি তার মৃত্যুর বিষয়টি নিয়ে কাজ করবো?'
মহান্ত খানিকটা আপসের সুরে বললেন, 'ব্রাদার উইলিয়াম, আমার ঘোড়াটা না দেখেই এবং আদেল্মোর মৃত্যু সম্পর্কে প্রায় কিছুই না জেনেই যিনি সেসবের বর্ণনা দিকে পারেন, তার পক্ষে যে-স্থানে তাঁর প্রবেশাধিকার নেই সে-জায়গা নিয়ে কাজ করতেও কোনো অসুবিধা হবে না।'
মাথা ঝাঁকালেন উইলিয়াম। 'আপনি যখন কঠোর তখনো আপনার আচরণ জ্ঞানীর মতো।'
মহান্ত জবাব দিলেন, 'আমি যদি কখনো জ্ঞানীর মতো আচরণ করে থাকি তার কারণ আমি জানি কী করে কঠোর হতে হয়।'
'শেষ আরেকটা কথা,' উইলিয়াম বললেন, 'উবার্তিনো?'
'এখানেই আছেন তিনি। আপনারই অপেক্ষা করছেন। গির্জায় পাবেন তাঁকে।'
'কখন?'
'সবসময়েই,' মৃদু হেসে উত্তর দিলেন মহান্ত। 'একটা কথা আপনার জেনে রাখা দরকার, আর তা হলো, অত্যন্ত জ্ঞানী হলেও তিনি কিন্তু গ্রন্থাগার পছন্দ করেন না। এটাকে তিনি একটা ধর্মনিরপেক্ষ প্রলোভন হিসেবেই গণ্য করেন….বেশিরভাগ সময়ে গির্জাতেই থাকেন, ধ্যানমগ্ন, প্রার্থনারত অবস্থায়…'
'বুড়ো হয়ে গিয়েছেন বুঝি?'
'কতোদিন আগে দেখেছেন তাঁকে?'
'বহু বছর।'
'আসলে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। জাগতিক ব্যাপার-স্যাপার থেকে বড়ই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ছেষট্টি বছর বয়স তাঁর। তবে আমার বিশ্বাস, এখনো যৌবনের তারুণ্য ধরে রেখেছেন তিনি।'
'এখুনি তাঁকে খুঁজতে যাচ্ছি আমি। ধন্যবাদ।'
মহান্ত তাঁকে শুধোলেন দুপুরের প্রার্থনার পর তিনি মধ্যাহ্ন ভোজনে সবার সঙ্গে যোগ দেবেন কিনা। উইয়িলাম বললেন তিনি মাত্র কিছুক্ষণ আগেই আহার সেরেছেন – বেশ উত্তমরূপেই – বরং এখনি তিনি উবার্তিনোর সঙ্গে দেখা করতে চান। মহান্ত বিদায় নিলেন।
কামরা থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন ঠিক এমন সময় আঙিনা থেকে মর্মবিদারী একটা চিৎকার ভেসে এলো, যেন প্রাণঘাতী আঘাত পেয়েছে কেউ, তারপরই আরেকটা, তারপর আরেকটা। 'কী ব্যাপার?' বিচলিত হয়ে উইলিয়াম জিগ্যেস করলেন। 'কিছু না,' মৃদু হেসে জবাব দিলেন মহান্ত। 'বছরের এই সময়টাতে ওরা শুয়োর জবাই করে। শুয়োর পালকদেরই কাজ এটা। এ-রক্ত নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে।'
বেরিয়ে গেলেন তিনি, এবং চতুর লোক হিসেবে নিজের নামের ওপর একটা অবিচার করলেন। কারণ পরের দিন সকালে… কিন্তু না, অধৈর্য, বাচাল জিহ্বা আমার, ধৈর্য ধারণ করো। কারণ, আমি যেদিনের কথা বলছি সেদিন এবং তার আগের রাতে আরো অনেক ঘটনা ঘটল যার বর্ণনা আগে দেয়াটাই সমীচীন হবে।
পাদটীকা
……
দ্য কী টু দ্য নেইম অভ্ দ্য রোয-এর প্রচ্ছদ
…….
২৬. হাত: ঘোড়ার উচ্চতা মাপক একক; চার ইঞ্চি বা দশ দশমিক দুই সেন্টিমিটার সমান এক হাত – অনুবাদক
২৭. Alanus de lnsulis, ফ্রান্সের শিল্প শহর লীল-এ আনুমানিক ১১২৮ খৃষ্টাব্দে জন্ম এই সন্ন্যাসী, কবি, পাদ্রী, ধর্মবেত্তা এবং উদারনৈতিক দার্শনিকের; তাই "লীল-এর অ্যালেন"-ও বলা হয় তাঁকে। মৃত্যু ১২০৩। তাঁর দর্শন মূলত নানান ধর্মবিশ্বাসের সংমিশ্রণ – সিনক্রেটিজম – যার মূল উপাদান প্লেটো, অ্যারিস্টটল এবং পিথাগোরাসের দর্শন। শিক্ষক এবং পণ্ডিত হিসেবে তাঁর বিপুল খ্যাতির কারণে তাঁকে "মহান অ্যালেন" নামেও ডাকা হতো। অনুবাদক
Omnis mundi creatura
Omnis mundi creatura
quasi liber et pictura
nobis est, et speculum.
Nostrae vitae, nostrae mortis,
nostri status, nostrae sortis
fidele signaculum.
Nostrum statum pingit rosa,
nostri status decens glosa,
nostrae vitae lectio.
Quae dum primo mane floret,
defloratus flos effloret
vespertino senio.
Ergo spirans flos exspirat
in pallorem dum delirat,
oriendo moriens.
Simul vetus et novella,
simul senex et puella
rosa marcet oriens.
Sic aetatis ver humanae
iuventutis primo mane
reflorescit paululum.
Mane tamen hoc excludit
vitae vesper, dum concludit
vitale crepusculum.
Cuius decor dum perorat
eius decus mox deflorat
aetas in qua defluit.
Fit flos fenum, gemma lutum,
homo cinis, dum tributum
homo morti tribuit.
Cuius vita cuius esse,
poena, labor et necesse
vitam morte claudere.
Sic mors vitam, risum luctus,
umbra diem, portum fluctus,
mane claudit vespere.
In nos primum dat insultum
poena mortis gerens vultum,
labor mortis histrio.
Nos proponit in laborem,
nos assumit in dolorem;
mortis est conclusio.
Ergo clausum sub hac lege,
statum tuum, homo, lege,
tuum esse respice.
Quid fuisti nasciturus;
quid sis praesens, quid futurus,
diligenter inspice.
Luge poenam, culpam plange,
motus fraena, factum frange,
pone supercilia.
Mentis rector et auriga
mentem rege, fluxus riga,
ne fluant in devia.
অনুবাদ: প্রতিটি সৃষ্টি, প্রতিটি প্রাণী, যা প্রকৃতিরই অবিকল প্রতিফলন, আসলে একটি ছবি, গ্রন্থ, বা চিহ্ন, যেখানে আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দশা চিত্রিত হয়েছে আছে পুঙ্খানুপুঙ্খভাবে।
আমরা যা, তা দেখতে পাই গোলাপের মাঝে, যা এক চমৎকার টীকা-গ্রন্থ, তা বলে দেয় কী ক'রে পাঠ করতে হবে আমাদের মরণশীল পৃষ্ঠাগুলো। ভোরের আলোয় তা পূর্ণগরবে ফোটে তারপর ম্রিয়মাণ হয়ে আসে প্রতি ঘণ্টায়, এগিয়ে যায় জরাজীর্ণ বৃদ্ধ বয়েসের দিকে।
কাজেই, প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে, সুগন্ধি পাঁপড়ি কেবল বিকাশ আর দীপ্তির বাসনা সত্ত্বেও, হয়ে আসে মলিন; ভেতরে বলিরেখা ভারাক্রান্ত হয়ে, কুমারীর ভেতর কুৎসিত বৃদ্ধার মতন, বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ঘটে ক্ষয় গোলাপের।
তাই, মানব-জীবনের সুন্দর প্রভাতে, যখন আমাদের বাসন্তী দিনের শুরু, হয়ত আমরা ফুটি অমিত সাহসে; কিন্তু সেই সকালে ঘনায় আঁধার ধীরে ধীরে, জীবনের সন্ধ্যাসম, তারপর মিলায় পুরোপুরি গোধূলীর সর্বব্যাপী আবছায়ায়।
পৃথিবীর শোভা, লাবণ্য আর গৌরবের একই বিষণœ কাহিনী: ক্ষণস্থায়ী তারা সকলি। মৃত্যু আদায় করে নেয় তার নিষ্ঠুর মাশুলÑভস্ম বা ধূলি হয় ললনা বা রতœ, ঘাসের মতন খড় হয়ে যায় গোলাপও।
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক, কবি হ্যারল্ড ম্যাকর্ডি-র ইংরেজী অনুবাদ থেকে বাংলা গদ্য ভাষান্তর। অনুবাদক
২৯. Brunellus
অনুবাদ: বাদামী
৩০. সেভিলের সন্ত ইসিডর, Saint Isidore of Seville, ৫৬০?-৬৩৬; স্পেনদেশীয় পণ্ডিত এবং পাদ্রী। জন্ম সেভিল। মূলত তাঁর লেখার জন্যেই তিনি খ্যাতি লাভ করেন; ধর্মীয়, ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক বিষয়ের লেখক হিসেবে তিনি ছিলেন বিস্ময়কর রকমের পরিশ্রমী। তাঁর সর্বশেষ এবং সবচাইতে সুদূরপ্রসারী কাজ হচ্ছে Etymologiae বা Origins, যা কিনা তাঁর সময়ের জ্ঞানের একটি বিশ্বকোষ এবং গোটা মধ্যযুগ ধরেই বিপুলভাবে ব্যবহৃত। দান্তে প্যারাডিসো-তে (১০, ১৩০) তাঁকে দেখিয়েছেন শ্রদ্ধেয় বিডি এবং স্কটিশ সেইন্ট-ভিক্টরের রিচার্ড-এর সান্নিধ্যে। অনুবাদক
৩১. siccum prope pelle ossibus adhaerente
অনুবাদ: দৃঢ়, আর চামড়ার গায়ে হাড়গুলোর বহিঃরেখা পরিষ্কার ফুটে আছে।
৩৪. এই রীতি অনুযায়ী গির্জার লম্বালম্বি অক্ষটি পশ্চিম থেকে পুব বরাবর বিস্তৃত হয় এবং প্রধান বেদিটি থাকে গির্জার পুবপ্রান্তে। অনুবাদক
৩৫. হনরিয়াস অগাস্টোডানিয়েনসিস্, Honorius Augustoduniensis (আনু. ১০৮৫ – আনু. ১১৫৬): বেনেডিক্টীয় দাশনিক এবং ধর্মতাত্ত্বিক।
৩৬. কয়ার, choir: গির্জায় প্রার্থনা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সংগঠিত গায়কদলের জন্যে নির্দিষ্ট স্থান; গায়কদলকেও একই নামে অভিহিত করা হয়ে থাকে। অনুবাদক
অনুবাদ: সার্বজনীন ধারণা (আক্ষরিক অর্থে, মনের কথা)
টীকা: কথাটি ব্যবহার করেছিলেন টমাস অ্যাকুইনাস, খোদ মনের গঠন করা ধারণাগত চিহ্ন বোঝাতে, যে-ধারণাটি মন পারসেপশন বা ধারণার স্বতন্ত্র বস্তু থেকে পৃথক করে ফেলে – একটি মানসিক চিহ্ন।
অনুবাদ: লেখার ঘর।
টীকা: স্ক্রিপ্টোরিয়াম বা লেখার ঘর এবং টেক্সট-এর সংরক্ষণের জন্যে গ্রন্থাগারের পদ্ধতিটি প্রথম প্রবর্তন করেছিলেন ভিভারিয়ামের ক্যাসিওডোরাস, ক্যালাব্রিয়ায় তাঁর মঠে। এটি বেনেডিক্টীয় মঠগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়। এসব মঠের স্ক্রিপটোরিয়ামে লেখালেখির কাজ ন্যস্ত হতো সবচেয়ে বুদ্ধিমান এবং প্রায়ই, সবচেয়ে উচ্চাকাক্সক্ষী সন্ন্যাসীদের ওপর। সাধারণত স্ক্রিপ্টোরিয়ামের অবস্থান হতো রান্নাঘর অথবা ক্যালফ্যাক্ট্রির (Calefactory) কাছে। ক্যালফ্যাক্ট্রি হচ্ছে একটি উষ্ণ ঘর, যেখানে সন্ন্যাসীরা তাদের গা গরম করতো।
অনুবাদ: "তুমি অনন্তকালীন যাজক।"
টীকা: "তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদেকের রীতি অনুসারে।" (গীতসংহিতা ১১০ বা Psalm 110; এবং ইব্রীয় ৭:১৭, বা, The Hebrews: 7: 17)
অনুবাদ: সন্ন্যাসীদের উপস্থিতিতে
৪৩. ইবনে আল-আলকামি: বাগদাদের শেষ উজির। শহরের অন্যতম বৃহৎ গ্রন্থাগারটি ছিল তাঁর, আর সেখানে ছিল ১০,০০০ বই। ১২৫৮ খৃষ্টাব্দে মোঙ্গলরা বাগদাদে লুণ্ঠন চালানোর সময় গ্রন্থাগারটি ধ্বংস করে ফেলে; সেই সঙ্গে তারা ধ্বংস করে নগরের ৩৬টি গ্রন্থাগারের প্রত্যেকটি।
৪৪. ডেশীয় Dacian : একটি প্রাচীন অঞ্চল এবং মোটামুটিভাবে বর্তমান রুমানিয়ার একটি রোমক প্রদেশ ডেশিয়া-র অধিবাসী। অনুবাদক
৪৫. 'Monasterium sine libris est sicut civitas sine opibus, castrum sine numeris, coquina sine suppellectili, mensa sine cibis, hortus sine herbis, pratum sine floribus, arbor sine foliis…'
অনুবাদ: পুস্তকবিহীন মঠ হচ্ছে সমৃদ্ধিহীন নগর, সৈন্যহীন দুর্গ, তৈজসপত্রহীন রান্নাঘর, খাদ্যহীন টেবিল, উদ্ভিদহীন বাগিচা, পুষ্পহীন তৃণভূমি, পত্রহীন বৃক্ষের মতো…।
টীকা : এই কথাগুলো বাসল্স্থিত কার্থুসীয় মঠ-এর জ্যাকবের; তাঁর জন্মস্থান লুবার (Louber)।
