২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ আখরে নজরুল-পাঠ

mariahelena_barreraagarwal

Published : 20 Jul 2017, 09:57 AM

Updated : 23 Jun 2022, 04:02 PM

স্প্যানিশ ভাষায় নজরুল-সাহিত্যের প্রথম অনুবাদক একুয়াদরের প্রাবন্ধিক ও অনুবাদক মারিয়া এলেনা বাররেরা আগারওয়াল নজরুল-অনুবাদের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনে একটি প্রবন্ধ লেখেন। এতে তিনি নজরুলের বিশ্বজনীন আবেদন ও অনুবাদের সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও অভিমত জানিয়েছেন তা বাংলাভাষার লেখক/পাঠকের কাছে তাৎপর্যময় বলে বিবেচিত হতে পারে ভেবে তর্জমা করা হলো। প্রবন্ধটি অনুবাদ করেছেন শাকিলা পারভীন বীথি। বি. স.
প্রাক -কথন

আমার বেড়ে ওঠার কালে রবীদ্র-সাহিত্যের স্প্যানিশ অনুবাদ গ্রন্থ ছিল অন্যতম অনুষঙ্গ । আমার ব্যাক্তিগত লাইব্রেরিতে সেনোবিয়া কাম্প্রুবি ও হুয়ান র‌ামন হিমেনেস-এর যুগ্ম অনুবাদ গ্রন্থ ছিল । গ্রন্থগুলো আর্জেন্টিনার লোসাদা প্রকাশনী কর্তৃক সম্পাদিত । রবি ঠাকুর ছিলেন আমাদের ঘরে এক সুপরিচিত নাম । আমার নানা , যিনি নিজেও কিনা কবি , তাকে ভীষণ পছন্দ করতেন । আমার মায়ের স্মৃতিকে আচ্ছন্ন করে রেখেছিল তার বহু কবিতা । মা প্রায়শই রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতেন । ঘরের বাইরে উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্যারিকুলামের সৌজন্যে বেশ গুরুত্বের সাথেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠের সুযোগ আমার হয়েছিল । কে না জানতো তিনি লাতিন আমেরিকার সেই ত্রয়ী নোবেল বিজয়ী পাবলো নেরুদা , গাব্রিয়েলা মিস্ত্রাল ও অক্তাভিও পাসকে কতখানি প্রভাবিত করেছিলেন !

ইউরোপ এবং আমেরিকায় গিয়ে আমার ঠিক ভিন্নধর্মী অভিজ্ঞতা হল । দেখলাম সেখানকার মানুষজন রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে ওয়াকিবহাল না । তাঁর প্রসংগ তুললে ওরা এমন ভাবলেশহীন দৃষ্টিতে তাকাতো ! বিষয়টি আমাকে বিস্মিত করেছিল । আমার ধারণা ছিল লাতিন আমেরিকার মতো ইউরোপ – আমেরিকাতেও রবীন্দ্রনাথ ঠাকুর হবেন পরিচিত এক নাম । তখন আমার মনে হল তাঁর সাহিত্যকর্মের স্প্যানিশ অনুবাদের পশ্চাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হয়তো নোবেল জয় । তবে এইরূপ বৈপরীত্য সত্যি আমাকে হতবিহ্বল করার জন্য যথেষ্ট ছিল । ঠিক কাছাকাছি সময়েই আমার সৌভাগ্য হয় ভারতীয় উপমহাদেশীয় কিছু মানুষের সংস্পর্শে আসার । তাদের মাধ্যমেই জানলাম নিজ উপমহাদেশীয় পরিমন্ডলে কতখানি সুউচ্চে তার আসন।

ইংরেজি ভাষা শেখার পর আমার ইচ্ছে জাগে রবীন্দ্রনাথের নিজের অনুবাদে তার লেখা পড়ার । পড়তে গিয়ে নানামুখী প্রশ্নের জট বেঁধে গেল মনে । স্প্যানিশ অনুবাদ একটু আলাদা । কখনো বা দেখলাম ইংরেজি থেকে বেশ বদলে গেছে । প্রশ্ন জাগলো এতোটা অমিলের কারণ টাই বা কি ? বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে কাম্প্রুবি– হিমেনেস-এর যুগ্ম প্রচেষ্টার প্রসঙ্গটি মাথায় এলো । দেখলাম তাদের দুজনের কেউ বাংলা জানতো না । হিমেনেসতো ইংরেজিও জানতো না । তবে ইংরেজি কাম্প্রুবির মাতৃভাষা ছিল । তাদের যুগল চেষ্টায়–হাওয়ার্ড ইয়াং এর ভাষায় বলা যায়–আমরা একজন " আন্দালুস – ট্যাগোর " কে পেয়েছি । আর এই আন্দালুস – ট্যাগোর মূলত হিমেনেসের সাংকৃতিক শিকড় দ্বারা ভীষণভাবে প্রভাবিত ।

প্রায় সমসাময়িক কালে আমার প্রথমবারের মতো ভারতে যাবার সুযোগ ঘটে । আমার ভারতীয় জীবনসংগী কনিস্কর আহবানে সেখানে যাওয়া । সেই সাথে এক নতুন সংস্কৃতি আর সাহিত্যের দুয়ার খুলে গেল আমার সামনে । এরপর ২০০৪ সালে এক ম্যাক্সিকান ম্যাগাজিনে কাম্প্রুবি –হিমেনেসের অনুবাদ নিয়ে ছোট্ট একটা প্রবন্ধ প্রকাশ করি । কয়েক বছর পর সেটাই এক অপ্রত্যাশিত সম্ভাবনার দুয়ার খুলে দিল । ওটার ডিজিটাল ভার্সনের সুবাদে বাংলাদেশী কবি ও সাংবাদিক রাজু আলাউদ্দিনের সাথে আমার বন্ধুত্বের সূচনা । আর এভাবেই বাংলা সাহিত্যের প্রতি আমার আগ্রহ যেন নবযৌবন লাভ করল ।

ভাষান্তর
আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন রবীদ্রনাথ ঠাকুর । আমি ক্রমশই বুঝতে পারলাম বাংলা সাহিত্য ভান্ডার আবিষ্কারের আরো বহু পথ বাকি আছে । আমি নিমগ্ন হয়ে শরৎচন্দ্রের লেখা পড়লাম । তার উপন্যাস স্প্যানিশে অনুবাদ না করাটা আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হল । বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়সহ বহু সাহিত্যিকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য বলে মনে হল । সত্যজিৎ রায় কত বিখ্যাত একজন চলচ্চিত্রকার অথচ কত অচেনা একজন লেখক । দুই ভাষার সংস্কৃতি ও সাহিত্যের লেনদেন আমার ধারণার চেয়েও অপ্রতুল ছিল । এরপর নিউ ইয়র্কে একদিন হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে আমার আবিষ্কারের ঝুলিতে নতুন আরেকটি নাম যুক্ত হল – কাজী নজরুল ইসলাম । আমার স্বামীর সাথে ট্যাক্সি করে যাবার পথে আমি জীবনে প্রথমবারের মতো নজরুলগীতি শুনি । সঙ্গত কারণেই কিছুই বুঝতে পারি নি । আমাদের গাড়ির চালক ছিলেন প্রবাসী বাংলাদেশী । নিজের ভাষা ও দেশ নিয়ে গর্বিত এই মানুষটি সেদিন আমাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে শুনিয়েছিলেন ।

আমি যখন কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা শুরু করি তখন তার মৃত্যুর অর্ধশত বছর পেরিয়ে গেছে । অথচ স্প্যানিশে তার কোন অনুবাদ নাই । এই অবাক করা ঘটনাকে তিনটি বিশেষ কারণ দিয়ে ব্যাখা করা প্রয়োজন বলে আমি মনে করি ।
প্রথমত , সাম্রাজ্যবাদী শক্তির বাহ্যিক রূপ আর বাস্তব চরিত্রের যে বৈপরীত্য তার স্বরূপ নজরুলের বাণীতে ফুটে উঠেছিল । 'বিদ্রোহী' কবিতা কখনই শাসকের জন্য পছন্দনীয় হতে পারে না । উল্লেখ্য , রবীন্দ্রনাথের সেইসব লেখাই উপমহাদেশীয় প্রথম সারির সাহিত্যিকদের ছাপিয়ে যাবার স্বীকৃতি বা উৎসাহ পেয়েছিল যেগুলো আধ্যাত্মিক ও বিমূর্ত ভাবপ্রধান।

দ্বিতীয়ত , নজরুল- সাহিত্যের ইংরেজি অনুবাদের অভাবে পরবর্তী পর্যায়ে স্প্যানিশে ভাষান্তর হয়ে ওঠেনি । যেমনটা ঘটেছে মির্জা গালিবের ক্ষেত্রেও । কেবলমাত্র গালিবের ইংরেজী অনুবাদের ঘাটতিই স্প্যানিশের মতো অনেক গুরুত্বপূর্ন ইউরোপীয় ভাষায় গালিব অনুবাদের সুযোগ করে দেয় নি ।

তৃতীয়ত, সাম্রাজ্যবাদের পতনের পরও পশ্চিমাদের কাছ থেকে নয়া–ঔপনিবেশিক কালের সাহিত্যিকের স্বীকৃতি নজরুলের মেলেনি । এমনকি এখনো কোনো লেখকের আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি নির্ধারিত হয় ইউরোপ-কেন্দ্রিক ক্ষমতা চর্চার কেন্দ্রগুলোর মাধ্যমে । আর এহেন আন্তর্জাতিক স্বীকৃতিকেই একজন লেখকের বৈধতা ও সম্মানের স্মারক হিসাবে বিবেচিত হয় ।

যখনই দেখলাম নজরুল–সাহিত্যের কোনো স্প্যানিশ অনুবাদ নেই তখনই নিজে তা করার তাগিদ বোধ করি । পদক্ষেপটি একই সাথে ভীতিকর আর আকর্ষনীয় মনে হচ্ছিল । কেননা এই বিদ্রোহী কবির কাব্যিক সত্তা শুধুমাত্র দ্রোহের ভাষায় পরিব্যাপ্ত ছিল না । বহুবিধ উপকরণ ও জ্ঞানের ভান্ডার ছিল তার সাহিত্যকর্ম । এতকিছু একজন বিদেশী অনুবাদকের অভিজ্ঞতায় অন্তর্ভুক্ত হবার কথা নয় । আমি যতটা সম্ভব কাজী নজরুল ইসলামের জীবনী পড়েছি । বাংলা শেখা অপরিহার্য হয়ে পড়েছিল । সেইসাথে দরকার ছিল তার লেখার স্বকীয় বৈশিষ্ট্যকে বোঝার । ইতিহাস , ধর্ম ও সাহিত্যের যোগসূত্রে মালা গেঁথেছিলেন তিনি । আমি ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গির আশ্রয়ে এক কল্পিত নজরুলকে উপস্থাপন করতে চাইনি । যেমনটা দেখা যায় হিমেনেসের উপস্থাপনায় রবীন্দ্রনাথকে ।

কবির কবিতায় ব্যবহৃত স্থানীয় উৎপ্রেক্ষার মর্মার্থ বোঝার চেষ্টা করেছি । প্রয়োজনবোধে টীকা–টিপ্পনি বা ব্যাখা রাখা হয়েছে । ধর্মীয় কবিতাগুলোর অর্থ ও ভাব অক্ষুন্ন রাখা হয়েছে । কোন বিমূর্তভাবের উপস্থাপন , আক্ষরিক অনুবাদ বা সাদামাটাভাবে মূলভাবটা তুলে ধরার পক্ষপাতী ছিলাম না । কেননা এতে আসল উদ্দেশ্য ব্যাহত হয় । সর্বোপরি কবির তেজ , ক্রোধ , ন্যায়পরায়ন মনোভাব যেন আপন দীপ্তিতে উদ্ভাসিত হয় তা অক্ষুন্ন রাখতে সচেষ্ট থেকেছি । ' বিদ্রোহী'কে ' বিদ্রোহী '–ই হতে হয়েছিল । যে উদ্দীপনাকে বাহন করে তার কাব্যের উত্থান তার মিশ্র বহিঃপ্রকাশ এক অর্থে কবির অবমাননা । ধ্রুপদী স্প্যানিশ কবিতাগুলো আবার পড়েছি । বিষয়বস্তুকে মেলাতে নয় , ধ্বনির বিশেষত্বকে বোঝার জন্য । পাঠোপযোগী অনুবাদের জন্য এইসব প্রচেষ্টা যথেষ্ট ছিল না । আমি এমন ছন্দময়তার সন্ধান করছিলাম যা মূল কবিতাগুলোর স্বর-প্রবাহের স্বতঃফূর্তকে বজায় রাখে ।

নজরুল ইসলামের গদ্যসাহিত্য ( বক্তৃতা ও প্রবন্ধ ) আনন্দময় পাঠের এক বিপুল ভান্ডার । পেশায় একজন আইনজীবী হিসাবে বহু জবান–বন্দীর সারঃসংক্ষেপ আমি পড়েছি । কিন্তু ' রাজবন্দীর জবানবন্দীর ' বিশেষ প্রশংসা না করে পারছি না । খুব কমই সৌভাগ্য হয়েছে এমন যথাযথ বাগ্মিতা প্রত্যক্ষ করার । তার অন্য সাহিত্য কর্মের , গীতধর্মী বৈশিষ্ট্যকে অনুবাদে রাখা যায় না ।
তার গদ্যে কাব্যিক আমেজ আছে । গদ্যগুলো মূলভাবকে ছাপিয়ে যায় উপস্থাপনার অসাধারণত্বে । সুতরাং , অনুবাদককে দ্বিমুখী সমস্যার মুখোমুখি হতে হয় । অনুবাদক কি বিষয়বস্তুকে নবরূপে বিন্যাস্ত করে প্রথানুযায়ী উপস্থাপন করবেন নাকি এর স্বতঃফূর্ত প্রবহমানতাকে আপন বৈভবে প্রভাব বিস্তার করতে দেবেন ? আমি পরের প্রক্রিয়াকে যথার্থ মনে করেছি । মনে হয়েছে কবির স্বকীয়তা যেন ওতেই প্রকাশ পায় । আলাপচারিতার ঢ়ংয়ে লেখা চিঠিগুলোও প্রশংসার দাবী রাখে ।

অনুবাদের পুরো প্রক্রিয়ায় প্রায় দু ' বছর লেগেছিল । ২০১৪ সালে নজরুল ইনিস্টিটিউট , ঢাকা অনুবাদ গ্রন্থটি " Nazrul ,prosa y poemas seletos " শিরোনামে প্রকাশ করে । নজরুল ইনিস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনুবাদকে একটি চরম প্রশ্নের সম্মুখীন হতেই হয় ; কোন অনুবাদ গ্রন্থই মূল গ্রন্থের অনুরূপ হতে পারে না যেহেতু সকল কবিতারই ভাষান্তর অসম্ভব । তার পরেও বলব অনুবাদ অপরিহার্য । ভিন্ন সংস্কৃতির মানুষের এরূপ লেনদেনের ঊর্ধে থাকা অবজ্ঞার নামান্তর । সুতরাং , অনুবাদ যেমনই হোক তা সেই অবজ্ঞাকে নাকচ করে সাহিত্যরসের নতুন উত্তরাধিকার সৃষ্টি করে । কাজী নজরুল ইসলামের প্রতি নির্লিপ্ততা প্রদর্শন নিশ্চয়ই বেদনাদায়ক হতো । তিনি বিশ্বজনীন কবি । স্প্যানিশভাষীদের এমন একজন কবির উত্তরাধিকার হওয়ার প্রথম সুযোগ করে দিতে পারা আমার জীবনে এক সুবর্ণময় অভিজ্ঞতা ।

( মারিয়া এলেনা বাররেরা – আগরওয়াল নিউ ইয়র্কে বসবাসরত একুয়াদরীয় লেখক । পেশায় একজন আইনজীবী । নজরুল–সাহিত্যকে তিনিই প্রথম স্প্যানিশে অনুবাদ করেন )