রোয়াল্ড ডাল-এর গল্প: বিষ
গাড়ি চালিয়ে যখন আমি বাড়ি এলাম মধ্যরাতের মতোই হবে তখন। বাংলোর ফটকের কাছাকাছি এসে আমি গাড়ির সমুখের আলোগুলো নিভিয়ে দিলাম, যাতে পাশের দিককার শোবার ঘরের জানালা দিয়ে ঢুকে প'ড়ে ওগুলো হ্যারি পোপের ঘুম ভাঙিয়ে না দেয়। তবে তা না করলেও পারতাম। গাড়িবারান্দায় এসে লক্ষ করলাম তার বাতি তখনও জ্বালানো—সে তাহলে এমনিতেও জেগেই ছিলো, যদি না আবার বই পড়তে পড়তে একটু ঘুমিয়ে গিয়ে থাকে।
গাড়িটা দাঁড় করিয়ে আমি পাঁচখানা ধাপ টপকে অলিন্দে উঠে গেলাম। অন্ধকারে প্রতিটি কদমের হিসেব রাখলাম সাবধানে যাতে ওপরে পৌঁছে আবার বাড়তি একটা গায়েবি ধাপে পা ফেলতে না যাই। অলিন্দ পেরিয়ে স্ক্রিন দরোজা ঠেলে আমি ঢুকে পড়লাম বাড়ির ভেতরে এবং হলঘরের বাতিটা জ্বালিয়ে দিলাম। আমি চলে গেলাম হ্যারির ঘরের দরোজার ধারে, নিঃশব্দে খুললাম ওটা, এবং ভেতরে তাকালাম।
সে বিছানায় শুয়ে ছিলো। দেখতে পেলাম সে জেগেই আছে। কিন্তু সে নড়লো না। এমনকি তার মাথাটাও আমার দিকে ঘোরালো না। তবে আমি তাকে বলতে শুনলাম, 'টিম্বার, টিম্বার, এখানে এসো।'
সে কথা বললো ধীরে ধীরে, সাবধানে প্রতিটা শব্দ আলাদা আলাদা ক'রে ফিসফিসিয়ে, আর আমি দরোজাটা ঠেলে সটান হাট ক'রে দিয়ে জলদি যেতে শুরু করলাম ঘরের ও-ধারে।
'দাঁড়াও, একটু অপেক্ষা করো, টিম্বার।' সে যে কী বলছিলো তা আমি বলতে গেলে শুনতেই পাচ্ছিলাম না। দেখে মনে হচ্ছিলো মুখ থেকে শব্দগুলো বের করতে তার বিপুল ধকল যাচ্ছে।
'ব্যাপার কী, হ্যারি?'
'শ-শ-শ!' সে ফিসফিসালো। 'শ-শ-শ! খোদার ওয়াস্তে একটা আওয়াজও কোরো না। কাছে আসার আগে জুতো খুলে নাও। দয়া ক'রে যা বলছি করো, টিম্বার।'
সে যে-ভাবে কথা বলছিলো তাতে ক'রে আমার মনে পড়ে গেলো পেটে গুলি খাওয়ার পরে উড়োজাহাজের বাড়তি ইঞ্জিনবাহী একটা ক্রেইটের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা জর্জ বার্লিং-এর কথা। হ্যারি এখন যে-রকম কর্কশ, ক্লিষ্ট আধো ফিসফিসানি দিয়ে কাজ চালাচ্ছিলো হুবহু একই রকম ভাবে জার্মান বৈমানিকটার সম্পর্কে পেটে দু'হাত বেঁধে সে নানান কথা বলছিলো।
'জলদি এসো, টিম্বার, তবে আগে তোমার জুতোগুলো খুলে ফ্যালো।'
জুতো খোলার ব্যাপারটা বুঝলাম না তবে ভাবলাম গলায় যেমন শোনাচ্ছে তেমন অসুস্থই যদি সে হয়ে থাকে তাহলে তার মনরক্ষা করাই ভালো। কাজেই ঝুঁকে পড়ে জুতোগুলো ছাড়লাম আমি, তারপর ওগুলো মেঝের মাঝামাঝি রেখে দিয়ে তার বিছানার দিকে গেলাম।
'বিছানায় হাত দিয়ো না! খোদার ওয়াস্তে বিছানায় হাত দিয়ো না!' সে তখনও এমন ক'রে কথা বলছিলো যেন পেটে গুলি খেয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম সে একখানা চাদরে গায়ের তিন সিকি ভাগ ঢেকে বিছানায় চিত হয়ে শুয়ে আছে। নীল-বাদামি-শাদা ডোরাওয়ালা একটা নৈশপোশাক প'রে ছিলো সে, আর ভয়ানক ঘামছিলো। গরমের রাত ছিলো সেটি একটি। আমি নিজেও একটু-একটু ঘামছিলাম, তবে হ্যারির মতো অতোটা নয়। গোটা চেহারা তার ভেজা আর মাথার চারপাশে বালিশটাও আর্দ্রতায় চোপসানো। ব্যাপারটা আমার কাছে খারাপ ধরণের এক দমক ম্যালেরিয়া ব'লে মনে হলো।
'কী ব্যাপার, হ্যারি?'
'একটা কেউটে,' সে বললো।
'একটা কেউটে! ও খোদা, কোথায় কামড়েছে তোমার? কতোক্ষণ আগে?'
'চুপ করো,' সে ফিসফিসিয়ে বলল।
'শোনো হ্যারি,' এই বলে আমি সামনে ঝুঁকে ওর কাঁধ স্পর্শ করলাম। 'আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। চলো, জলদি বলো ওটা তোমার কোথায় কামড়েছে।' সে ওখানে শুয়ে ছিলো একেবারে নিশ্চল আর টানটান হয়ে যেন ব্যথার তীক্ষ্নতায় সে নিজেকে জোরে চেপে ধ'রে ছিলো।
'আমি কামড় খাই নি,' সে ফিসফিসিয়ে বললো। 'এখনও না। ওটা আমার পেটের ওপরে আছে। ওখানে শুয়ে ঘুমুচ্ছে।'
আমি ঝট ক'রে এক পা পিছিয়ে গেলাম, না গিয়ে পারলাম না, আর তার পেটের দিকে কিংবা, বলা ভালো, পেট ঢেকে রাখা চাদরের দিকে একদৃষ্টে তাকিয়ে দেখলাম। চাদরটা জায়গায় জায়গায় কুঁচকে ছিলো আর তাই এর নীচে কিছু আছে কি না তা বলা ছিলো অসম্ভব।
'তুমি নিশ্চয় বলতে চাইছো না যে, একটা কেউটে এখন তোমার পেটের ওপরে শুয়ে আছে?'
'দিব্যি ক'রে বলছি।'
'কিভাবে গেল ওটা ওখানে?' আমার প্রশ্নটা করা উচিত হয় নি কারণ সহজেই চোখে পড়ছিলো যে, সে মশকরা করছে না। আমার ওকে চুপচাপ শুয়ে থাকতে বলা উচিত ছিলো।
'আমি পড়ছিলাম,' হ্যারি বললো, এবং সে কথা বললো খুব ধীরে ধীরে, প্রতিটা শব্দ পালাক্রমে ধ'রে ধ'রে খুব সাবধানে কথা বললো সে যাতে ক'রে তার পেটের পেশিতে নড়াচড়া না হয়। 'চিত হয়ে শুয়ে আমি পড়ছিলাম। তো বইয়ের পেছনে আমার বুকের ওপরে কিছু একটা টের পেলাম। কেমন যেন সুড়সুড়ি দিচ্ছে। তারপর চোখের কোণ দিয়ে দেখলাম যে, এই ছোট্ট কেউটেটা আমার ঘুমুবার পোশাকের ওপর দিয়ে সরসর ক'রে চলছে। ছোট্ট, দশ ইঞ্চি মতো। জানতাম নড়াচড়া করা যাবে না। নড়াচড়া অবিশ্যি করতেও পারতাম না। ওটার ওপরে চোখ রেখে আমি শুয়ে থাকলাম। ভাবলাম ওটা চাদরের ওপর দিয়ে চ'লে যাবে।' হ্যারি থামলো এবং কিছুক্ষণের জন্যে নিশ্চুপ হয়ে রইলো। চাদরের যেখানটা তার পেট ঢেকে রেখেছিলো সেদিকে নেমে গেল তার দু'চোখ, আর আমি বুঝতে পারলাম, সে দেখে নিচ্ছে যে, তার ফিসফিসানিতে ওখানে শুয়ে থাকা জিনিশটা বিরক্ত হচ্ছে কিনা।
'চাদরে একটা ভাঁজ ছিলো,' সে বললো। আগের চাইতেও ধীরে কথা বলছিলো সে এখন আর এতো মৃদুভাবে যে, তার কথা শোনবার জন্যে তার কাছ ঘেঁষে ঝুঁকে পড়তে হয়েছিলো আমাকে। 'দ্যাখো ওটাকে। এখনও আছে ভাঁজটা ওখানে। সাপটা ওটার নীচে চলে গেল। আমি আমার ঘুমুবার পোশাকের মধ্য দিয়ে টের পাচ্ছিলাম ওটা আমার পেটের ওপরে নড়াচড়া করছে। তারপর ওটা নড়াচড়া বন্ধ ক'রে দিলো আর এখন ওটা ওখানে উষ্ণতার ভেতরে শুয়ে আছে। সম্ভবত ঘুমুচ্ছে। আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম।' সে চোখ তুলে আমার দিকে তাকালো।
'কতোক্ষণ আগে?'
'কয়েক ঘণ্টা,' সে ফিসফিসিয়ে বললো। 'ঘণ্টার পর ঘণ্টা, শালার ঘণ্টার পর ঘণ্টা। আমি আর বেশিক্ষণ স্থির থাকতে পারছি না। অনেকক্ষণ হলো আমার কাশি আসছে।'
হ্যারির কাহিনীটার সত্যতা নিয়ে তেমন কোনও সন্দেহ ছিলো না। আসলে একটা কেউটের এমন কাজ করা কোনও আশ্চর্য ব্যাপার ছিলো না। তারা মানুষজনের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে আর উষ্ণ জায়গায় গিয়ে ওঠে। হ্যারির কামড় না খাওয়াটাই ছিল একটা আশ্চর্য ব্যাপার। এর দংশন খুব মারাত্মক যদি না মাঝেমধ্যে একে সঙ্গেসঙ্গে ধ'রে ফেলা যায়। এদের কামড়ে প্রতি বছর বঙ্গপ্রদেশে বেশ কিছু মানুষ মারা পড়ে, বেশির ভাগই গ্রামাঞ্চলে।
'ঠিক আছে, হ্যারি,' আমি বললাম, আর এখন আমিও ফিসফিসিয়ে কথা বলছিলাম। 'নড়াচড়া কোরো না এবং পারতপক্ষে আর কোনও কথা বোলো না। জানোই তো ভয় পেয়ে না গেলে এটা কামড়াবে না। শীঘ্রি আমরা এটার একটা ব্যবস্থা করবো।'
আমি আলগোছে মোজা-পায়ে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে হেঁশেল থেকে একখানা ধারালো চাকু জোগাড় করলাম। ট্রাউযারের পকেটে ওটা রেখে দিয়ে প্রস্তুত হয়ে থাকলাম পাছে একটা ফন্দি ফিকির যখন করছি সেই ফাঁকে ভালোমন্দ কিছু হয়ে গেলে যাতে তৎক্ষণাৎ কাজে লাগানো যায়। হ্যারি যদি কেশে ফ্যালে কিংবা ন'ড়ে ওঠে কিংবা কেউটেটাকে ভড়কে দিয়ে কামড় খাওয়ার মতোন একটা কিছু ক'রে বসে, তবে আমি কামড়-খাওয়া জায়গাটায় চাকু চালিয়ে চুষে চুষে বিষ-টিষ টেনে বের করবার জন্যে তৈরি হয়ে থাকবো। আমি শোবার ঘরে ফিরে এলাম। হ্যারি তখনও বেশ চুপচাপ শুয়ে ছিল আর ওর সারা চেহারা ঘেমে একশা হচ্ছিল। আমি যখন ঘরের ও-ধারে ওর বিছানার দিকে যাচ্ছি তখন ওর চোখজোড়া আমার ওপরেই সাঁটা ছিলো। দেখে বুঝতে পারছিলাম, আমি কী নিয়ে পড়েছি সেটাই সে মনে মনে ভেবে চলেছে। কোন কাজটা করলে সব চাইতে ভালো হবে, তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা-ই ভাবতে চেষ্টা করলাম।
'হ্যারি,' আমি বললাম, আর এখন কথা বলার সময় আমি আমার মুখ প্রায় তার কানের ওপরে নিয়ে গেলাম যাতে আমার কণ্ঠস্বরকে মৃদু ফিসফিসানির ওপরে ওঠাতে না হয়। 'আমার মনে হয় উচিত হলো চাদরটা খুব, খুব আলতো ক'রে টেনে নেওয়া। তাহলে আমরা আগে এক নজর দেখে নিতে পারবো। আমার মনে হয় আমি ওটাকে বিরক্ত না ক'রেই কাজটা করতে পারবো।'
'বোকার হদ্দের মতো কথা বোলো না।' তার গলায় কোনও অভিব্যক্তি ছিলো না। প্রতিটা শব্দ সে এতোটাই ধীরে, এতোটাই সাবধানে, আর এতোটাই মৃদুভাবে বলেছিলো। অভিব্যক্তি ছিলো তার চোখে আর মুখের কোণে।
'কেন, কী হয়েছে?'
'আলো ওটাকে ভয় পাইয়ে দেবে। চাদরের নীচে এখন অন্ধকার।'
'তাহলে এক ঝটকায় চাদরটা টেনে তুলে ছোবল মারতে পারার আগেই ওটাকে ঝেড়ে ফেললে কেমন হয়?'
'একজন ডাক্তার নিয়ে এসো না তুমি!' হ্যারি বললো। আমার দিকে সে যে-ভাবে তাকালো, তা আমায় বলে দিলো যে, কথাটা আমারই ভাবা উচিত ছিলো আগে।
'একজন ডাক্তার। অবশ্যই। তাই তো। গন্ধর্বকে নিয়ে আসছি আমি।'
পা টিপে টিপে আমি বাইরে হলঘরের দিকে গেলাম, বই ঘেঁটে দেখে নিলাম গন্ধর্বের নাম্বার, ফোনটা তুলে অপারেটরকে বললাম জলদি করতে।
'ডঃ গন্ধর্ব,' আমি বললাম। 'টিম্বার উডস বলছি।'
'হ্যালো, উডস সাহেব। এখনও ঘুমুতে যান নি?'
'শুনুন, আপনি কি এক্ষুনি একবার আসতে পারবেন? আর সিরাম নিয়ে আসবেন—একটা কেউটের কামড়ের জন্যে।'
'কামড় খেয়েছেন কে?' প্রশ্নটা এমন ঝটাৎ ক'রে এলো যে, আমার কানে সেটা একটা ছোটোখাটো বিস্ফোরণের মতো লাগলো।
'কেউ না। এখনও খায় নি কেউ। তবে হ্যারি পোপ বিছানায় আর তার পেটের ওপরে শুয়ে আছে একটা কেউটে—চাদরের নীচে ওর পেটের ওপরে শুয়ে ঘুমুচ্ছে।'
সেকেন্ড তিনেক ফোনসংযোগে ছিলো নীরবতা। তারপর ধীর গলায়, বিস্ফোরণের মতো নয় এখন আর বরং ধীরে, মাপা কথায় তিনি বললেন, 'ওনাকে বলুন একদম স্থির হয়ে থাকতে। নড়াচড়া যেন না করেন কিংবা কথাটথা যেন না বলেন। বুঝতে পারছেন?'
'অবশ্যই।'
'আমি এক্ষুনি আসছি।' তিনি ফোন রেখে দিলেন আর আমি শোবার ঘরে ফিরে এলাম। আমি যখন ঘরের ও-ধারে ওর বিছানার দিকে যাচ্ছি তখন হ্যারির চোখ জোড়া আমার ওপরে সাঁটা রইলো।
'গন্ধর্ব আসছেন। উনি তোমাকে স্থির হয়ে শুয়ে থাকতে বলেছেন।'
'খোদার নামে আমি কী করছি বলে উনি ভাবছেন!'
'দ্যাখো, হ্যারি, উনি বলেছেন কোনও কথা না। একদম কোনও কথা বলা যাবে না। আমাদের কারোই না।'
'তাহলে তুমি চুপ করছো না কেন?' এই কথা বলার সময় তার মুখের একটা দিক কেঁপে কেঁপে উঠতে শুরু করলো আর কথা শেষ করার কিছুক্ষণ পর পর্যন্ত সেই কাঁপুনি রয়ে গেল। আমি আমার রুমালটা বের করে খুব আলতো ভাবে তার মুখ ও গলার ঘাম মুছে ফেললাম। আমার রুমালধরা আঙুলগুলো যখন ওর হাসির পেশির ওপর দিয়ে গেল তখন আমি সেই পেশির মৃদু কাঁপুনি টের পেলাম।
আমি সুড়ুৎ ক'রে হেঁশেলে চলে গেলাম, বরফের বাক্স থেকে কিছু বরফ নিয়ে সেগুলো ন্যাপকিনে পেঁচিয়ে নিলাম, আর গুঁড়ো করতে শুরু করলাম। মুখের ওই ব্যাপারটা আমার ভালো লাগে নি। আর যেভাবে সে কথা বলছিল সেটাও না। আমি বরফের পট্টিটা শোবার ঘরে নিয়ে এসে হ্যারির কপালে বিছিয়ে দিলাম।
'তোমাকে ঠাণ্ডা রাখবে।'
সে তার চোখ দু'টো সরু ক'রে ফেলে দাঁতের ফাঁক দিয়ে তীক্ষ্নভাবে শ্বাস টানলো। 'এটা সরাও,' সে ফিসফিসালো। 'আমার কাশি ওঠাচ্ছে।' তার হাসির পেশি আবার কেঁপে কেঁপে উঠতে শুরু করলো।
গন্ধর্বের গাড়ি বাংলোর সামনে এসে দাঁড়ালে তার সমুখের একটা বাতির আলো জানালা দিয়ে ঝিকিয়ে উঠলো। দুই হাতে বরফের পট্টিটা ধ'রে আমি বাইরে বেরোলাম তার সাথে দেখা ক'রতে।
'কী অবস্থা ওটার?' গন্ধর্ব জিগেস করলেন, কিন্তু তিনি কথা বলবেন বলে থামলেন না; আমার পাশ দিয়ে গিয়ে অলিন্দ পেরিয়ে পর্দা ভেদ ক'রে ঢুকলেন গিয়ে হলঘরে। 'কোথায় উনি? কোন ঘরে?'
হলঘরের একটা চেয়ারে তাঁর ব্যাগখানা নামিয়ে রেখে তিনি আমার পেছনে পেছনে ঢুকে পড়লেন হ্যারির ঘরে। তার পায়ে ছিলো নরম তলির শোবার ঘরের স্লিপার। তিনি মেঝে পেরিয়ে ও-ধারে হেঁটে গেলেন নিঃশব্দে, সন্তর্পণে, একটি সাবধানী বেড়ালের মতো। হ্যারি চোখের কোণ দিয়ে লক্ষ করছিলো তাঁকে। বিছানার কাছে গিয়ে তিনি চোখ নামিয়ে তাকালেন হ্যারির দিকে এবং মৃদু হাসলেন—আত্মবিশ্বাসী ও আশ্বস্তিকর। তিনি মাথা নুইয়ে হ্যারিকে বোঝালেন যে, এটা একটা সামান্য ব্যাপার আর তার দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই বরং ব্যাপারটাকে তার ডঃ গন্ধর্বের হাতে ছেড়ে দেওয়া চাই। তারপর তিনি ঘুরে হলঘরের দিকে ফিরে গেলেন আর আমি তার পিছু পিছু গেলাম।
'প্রথম কাজ হচ্ছে একটু চেষ্টা ক'রে ওনার ভেতরে খানিকটা সিরাম ঢুকিয়ে দেওয়া,' এই বলে তিনি নিজের ব্যাগখানা খুলে জোগাড়যন্ত ক'রতে শুরু করলেন। 'শিরার মধ্যে দিয়ে যাবে কিন্তু কাজটা আমাকে করতে হবে পরিপাটিভাবে। তিনি হঠাৎ সিঁটিয়ে যান সেটা চাই না।'
আমরা হেঁশেলে গেলাম এবং তিনি একটি সূচ জীবাণুমুক্ত ক'রে নিলেন। এক হাতে একটি হাইপোডারমিক সিরিঞ্জ আর অন্য হাতে একটি ছোট্ট শিশি নিয়ে তিনি শিশির রবারের মাথা দিয়ে সূচখানি ঢুকিয়ে দিলেন, তারপর প্লাঞ্জারটা টেনে টেনে তিনি সিরিঞ্জে উঠিয়ে নিলেন ফিকে হলুদ এক রকম তরল। এরপর সিরিঞ্জটা দিলেন আমার হাতে।
'আমি এটা না চাওয়া পর্যন্ত আপনি একটু ধরুন।'
তিনি ব্যাগটা তুলে নিলেন আর আমরা দু'জন একসাথে ঘরে ফিরে এলাম। হ্যারির চোখ দু'টো এখন ছিলো উজ্জ্বল আর বিস্ফারিত। গন্ধর্ব হ্যারির ওপরে ঝুঁকে পড়লেন এবং অতি সতর্কভাবে, ষোড়শ শতাব্দীর লেইস সামলাতে থাকা একজনের মতো, হ্যারির হাত না নড়িয়েই তার ঘুমুবার পোশাকের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে আনলেন। আমি খেয়াল করলাম যে, তিনি বিছানা থেকে বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে ছিলেন।
তিনি ফিসফিসিয়ে বললেন, 'আমি আপনাকে একটা ইঞ্জেকশান দিতে যাচ্ছি। সিরাম। সামান্য একটা খোঁচা আর কী কিন্তু চেষ্টা করবেন নড়াচড়া না করতে। পেটের পেশিগুলো শক্ত ক'রে ফেলবেন না। ওগুলোকে শিথিল থাকতে দেবেন।'
হ্যারি সিরিঞ্জটার দিকে তাকালো।
গন্ধর্ব তাঁর ব্যাগ থেকে লাল এক টুকরো রবারের নল নিলেন এবং সেটার এক মাথা নীচ দিয়ে গলিয়ে দিয়ে বাইসেপটা নিলেন জড়িয়ে; তারপর একটা গিঠ দিয়ে আচ্ছা ক'রে বেঁধে দিলেন ওটাকে। খোলা হাতের একটুখানি জায়গা তিনি অ্যালকোহল দিয়ে মুছে নিলেন, ন্যাকড়াটি আমার কাছে দিয়ে আমার হাত থেকে সিরিঞ্জটা নিয়ে নিলেন। আলোর কাছে ওটাকে উঁচিয়ে ধ'রে তিনি চোখ কুঁচকে পরখ করলেন গায়ের মাপজোখ, খানিকটা হলুদ তরল ফিনকি দিয়ে বের করে দিলেন। আমি ওনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লক্ষ করছিলাম। হ্যারিও লক্ষ করছিলো এবং ওর সারা চেহারা এমন করে ঘামছিলো যে সেটা রীতিমতো চকচক করছিলো, যেন ওখানে পুরু ক'রে মাখানো হয়েছিলো ফেসক্রিম যেটা তার ত্বকের ওপরে গলে গিয়ে বেয়ে বেয়ে বালিশের ওপরে পড়ছে।
হ্যারির হাতের ভেতরের দিককার নীল শিরাখানি আমি দেখতে পেলাম, হাতে পাক-তাগা বাঁধা থাকায় এখন ফুলে আছে, আর তারপর আমি দেখলাম শিরার ওপরে সূচ—গান্দেরবাই হাতের কাছে সিরিঞ্জটা প্রায় বরাবর ধ'রে আছেন, পাশ দিয়ে ত্বক ভেদ করে সূচটা সুড়ুৎ ক'রে সেঁধিয়ে দিলেন শিরার ভেতরে, ধীরে ধীরে তবে এমন দৃঢ় হাতে যে, সূচটা যেন এক টুকরো পনিরের ভেতরে বিঁধে গেল মসৃণভাবে। হ্যারি ছাতের দিকে তাকালো আর তার চোখ বন্ধ করলো এবং খুললো, কিন্তু নড়াচড়া করলো না।
কাজ শেষ হ'লে গন্ধর্ব সামনে ঝুঁকে হ্যারির কানের কাছাকাছি মুখ রাখলেন। 'এখন সাপে কাটলেও আপনি ঠিকঠাক থাকবেন। তবে নড়বেন না। দয়া ক'রে নড়বেন না। আমি এই এক্ষুনি আবার আসছি।'
ব্যাগখানা তুলে নিয়ে তিনি ঘরের বাইরে হলঘরে বেরিয়ে এলেন আর আমি গেলাম পিছু পিছু।
'এখন কি ও নিরাপদ?' আমি জিগেস করলাম।
'না।'
'কতোটা নিরাপদ সে?'
ছোটোখাটো ভারতীয় ডাক্তারটি হলঘরের সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডলছিলেন তাঁর নীচের ঠোঁটখানা।
'এতে নিশ্চয়ই ওর কিছুটা রক্ষা হবে, তাই না?' আমি জিগেস করলাম।
তিনি ঘুরে চ'লে গেলেন বারান্দার স্ক্রিন দরোজার কাছে। আমি ভেবেছিলাম তিনি দরোজা দিয়ে বাইরে যাবেন কিন্তু তিনি দরোজার এ-ধারেই থমকে দাঁড়িয়ে রাতের দিকে তাকিয়ে রইলেন।
'সিরামটা কি তেমন ভালো নয়?' আমি জিগেস করলাম।
'দুর্ভাগ্য যে, ঠিক তা-ই,' না ঘুরে দাঁড়িয়েই উত্তর দিলেন তিনি। 'এতে সে রক্ষা পেতেও পারে, না-ও পারে। আমি অন্য কিছু একটা করার কথা ভাবছি।'
'আমরা কি টান দিয়ে চাদরটা উঠিয়ে ফেলবো আর ছোবল মারবার ফুরসত পাবার আগেই সাপটাকে ঝেড়ে ফেলে দেবো?'
'কক্ষনো না! কোনও ঝুঁকি নেবার জো আমাদের নেই।' তীক্ষ্নভাবে বললেন তিনি আর তাঁর গলা স্বাভাবিকের চাইতে খানিকটা বেশি উঁচুতে উঠে গেলো।
'আমরা তো তাকে ওভাবে ফেলেও রাখতে পারি না,' আমি বললাম। 'ও তো ঘাবড়ে যাচ্ছে।'
'প্লিয! প্লিয!' ঘুরে দাঁড়িয়ে দুই হাত শূন্যে তুলে তিনি বললেন। 'দয়া ক'রে এতো দ্রুত নয়। ন্যাড়া মাথায় বেলতলায় চ'লে যাবেন এমন ব্যাপার নয় এটা।' রুমাল দিয়ে কপাল মুছে ভুরু কুঁচকে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট খুঁটতে লাগলেন।
'দেখুন,' অবশেষে তিনি বললেন। 'একটা উপায় আছে। জানেন আমাদের কী করতে হবে—প্রাণীটা যেখানে শুয়ে আছে সেখানে চেতনানাশক প্রয়োগ করতে হবে।'
বুদ্ধিটা ছিলো চমকপ্রদ।
'এটা নিরাপদ নয়,' তিনি ব'লতে থাকলেন। 'কারণ সাপ হচ্ছে শীতল রক্তবিশিষ্ট আর এই জাতীয় প্রাণীর ওপরে চেতনানাশক খুব ভালো কিংবা খুব দ্রুত কাজ করে না। আমরা ব্যবহার করতে পারি ইথার…ক্লোরোফর্ম।' তিনি ধীরে ধীরে কথা বলছিলেন আর কথা বলতে বলতে গোটা ব্যাপারটা ভেবে নিতে চেষ্টা করছিলেন।
'আমরা কোনটা ব্যবহার করবো?'
'ক্লোরোফর্ম,' তিনি হঠাৎ বললেন। 'সাধারণ ক্লোরোফর্ম। এটাই সবচে' ভালো। এখন জলদি!' তিনি আমার হাত ধ'রে আমাকে অলিন্দের দিকে টেনে নিলেন। 'গাড়ি চালিয়ে আমার বাড়ি যান। আপনি ওখানে পৌঁছতে পৌঁছতে আমি টেলিফোন ক'রে আমার চাকরটার ঘুম ভাঙাবো আর সে আপনাকে আমার বিষের কাবার্ডটা দেখিয়ে দেবে। এই হচ্ছে কাবার্ডের চাবি। এক বোতল ক্লোরোফর্ম নেবেন। এর গায়ে কমলা একটা লেবেল লাগানো আছে আর তার ওপরে ছাপা আছে নামটা। হঠাৎ কিছু যদি ঘটে যায় তাই আমি এখানে থাকছি। তাড়াতাড়ি করুন এখন, জলদি! না, না, আপনার জুতো পরা লাগবে না!'
আমি দ্রুত গাড়ি চালিয়ে গেলাম আর পনেরো মিনিটের মধ্যে ক্লোরোফর্মের বোতল নিয়ে ফিরে এলাম। গন্ধর্ব হ্যারির ঘর থেকে বেরিয়ে এসে হলঘরে আমার সাথে দেখা করলেন। 'পেয়েছেন?' তিনি বললেন। 'ভালো, ভালো। আমি ওনাকে মাত্রই বলছিলাম আমরা কী করতে যাচ্ছি। তবে এখন আমাদের জলদি করতে হবে। এতোক্ষণ ধ'রে ওখানে উনি যেভাবে আছেন সেটা তার জন্যে সহজ নয়। আমি ভয় পাচ্ছি উনি নড়াচড়া ক'রে ফেলতে পারেন।'
তিনি শোবার ঘরে ফিরে গেলেন আর আমি দুই হাতে সাবধানে বোতলটা ধ'রে রেখে তাঁর পিছু পিছু গেলাম। হ্যারি বিছানার ওপরে আগের মতোন একদম একই ভাবে শুয়ে ছিলো। তার গাল বেয়ে দর দর ক'রে ঘাম পড়ছিলো। তার চেহারা ছিলো শাদা আর ভেজা। সে আমার দিকে চোখ ঘোরালে আমি তার দিকে চেয়ে মৃদু হাসলাম আর আত্মবিশ্বাস দেখিয়ে মাথা ঝাঁকালাম। সে আমার দিকে তাকিয়েই রইলো। আমি বুড়ো আঙুল উঁচিয়ে তাকে 'সব ঠিক আছে'-সূচক ইঙ্গিত করলাম। সে চোখ বন্ধ করলো। গন্ধর্ব বিছানার পাশে গোড়ালিতে ভর ক'রে উবু হয়ে বসছিলেন। তার পাশে মেঝেতে ছিলো একটু আগে পাক-তাগা হিশেবে ব্যবহার করা ফাঁপা রবারের নলটা। ওই নলের এক মাথায় তিনি গুঁজে নিয়েছিলেন চোঙাকার ছোট্ট এক টুকরো কাগজ।
তিনি জাজিমের নীচে গোঁজা ছোট্ট এক টুকরো চাদর টেনে বের করতে শুরু করলেন। কাজটা তিনি চালাচ্ছিলেন হ্যারির পেট বরাবর, সেখান থেকে আঠারো ইঞ্চি দূরে। আলতো ক'রে চাদরের কোণে টান দিতে থাকা তাঁর আঙুলগুলো আমি খেয়াল করছিলাম। তিনি এতো ধীরে কাজ করছিলেন যে, তার আঙুলগুলোয় অথবা যে-চাদরটা ধ'রে তিনি টানছিলেন সেটায় কোনও নড়াচড়া শনাক্ত করা ছিলো অসম্ভব।
অবশেষে তিনি চাদরের নীচে একটু ফাঁক তৈরি করতে সফল হলেন এবং রবারের নলটা নিয়ে সেটার এক মাথা ফাঁকের ভেতরে রাখলেন যাতে ক'রে সেটা চাদরের নীচে গলে গিয়ে জাজিমের ওপর দিয়ে হ্যারির শরীরের দিকে চলে যায়। আমি জানি না নলটাকে কয়েক ইঞ্চি ভেতরে ঢোকাতে তাঁর কতোক্ষণ লেগেছিলো। হয়তো কুড়ি মিনিট, হয়তো বা চল্লিশ। আমি একবারও নলটাকে নড়তে দেখি নি। নলটা ভেতরে যাচ্ছিলো তা আমি জানতাম কারণ সেটার দৃশ্যমান অংশটি খাটো হয়ে আসছিলো, তবে কেউটেটা বিন্দুমাত্র কম্পনও টের পাচ্ছিলো তেমনটা আমার মনে হচ্ছিলো না। গন্ধর্ব নিজেও এখন ঘামছিলেন। তার কপাল আর ওপরের ঠোঁট জুড়ে জমেছিলো বড়ো বড়ো মুক্তোর মতো ঘামের ফোঁটা। তবে তাঁর হাত দু'টো ছিলো নিষ্কম্প। আমি লক্ষ করলাম যে, তাঁর চোখ দু'টো তাঁর হাতের নলটাকে খেয়াল করছে না, বরং হ্যারির পেটের ওপরের চাদরের কোঁচকানো জায়গাটা খেয়াল করছে।
চোখ তুলে না তাকিয়েই তিনি ক্লোরোফর্মের জন্যে আমার দিকে এক হাত বাড়িয়ে দিলেন। আমি ঘষা কাচের ছিপিটা মোচড় মেরে খুলে গোটা বোতলটা তাঁর হাতে ধরিয়ে দিলাম। যতোক্ষণ নিশ্চিত না হলাম যে, তিনি ভালো ক'রে ধরেছেন ততোক্ষণ বোতলটা ছাড়লাম না। মাথা ঝাঁকিয়ে তিনি আমাকে কাছে আসতে ইশারা করলেন এবং ফিসফিসিয়ে বললেন, 'ওনাকে বলুন যে, আমি এখন জাজিমটা ভিজিয়ে ফেলবো। ওনার শরীরের নীচের জায়গাটা বেজায় শীতল হয়ে যাবে। ওনাকে এর জন্যে প্রস্তুত থাকতে হবে আর কিছুতেই নড়াচড়া করা যাবে না। এখনই বলুন ওনাকে।'
আমি হ্যারির ওপরে ঝুঁকে প'ড়ে কথাটা তাকে জানিয়ে দিলাম।
'যা করার সেটা উনি ক'রে ফেলছেন না কেন?' হ্যারি বললো।
'উনি এখন সেটা করবেন, হ্যারি। কিন্তু খুব ঠাণ্ডা অনুভব হবে তোমার, কাজেই এর জন্যে প্রস্তুত থাকো।'
'ও খোদা, ক'রে ফ্যালো যা করার, ক'রে ফ্যালো!' এই প্রথম বারের মতো সে গলা চড়িয়ে কথা বললো, আর গন্ধর্ব ঝট ক'রে চোখ তুলে তাকালেন, কয়েক সেকেন্ড তাকে দেখলেন, তারপর আবার নিজের কাজে ফিরে গেলেন।
গন্ধর্ব কাগজের চোঙায় কয়েক ফোঁটা ক্লোরোফর্ম ঢেলে অপেক্ষা করলেন আর ততোক্ষণে সেই ক্লোরোফর্ম নল দিয়ে ভেতরে চলে গেলো। তারপর তিনি আরও কতোকটা ঢাললেন। তারপর আবার তিনি অপেক্ষা করলেন, আর ক্লোরোফর্মের তীব্র বিবমিষাজনক গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়লো। এই গন্ধ নিয়ে এলো শাদা একটা কক্ষের একটা লম্বা শাদা টেবিলের চারপাশ ঘিরে থাকা শাদা শল্যচিকিৎসক আর শাদা কোটওয়ালা পরিষেবকদের নিয়ে অপ্রীতিকর যতো অস্পষ্ট স্মৃতি। গন্ধর্ব এখন নিষ্কম্প হাতে ঢেলে যাচ্ছিলেন আর আমি দেখতে পাচ্ছিলাম যে, ক্লোরোফর্মের ভারী বাষ্প কাগজের চোঙাটার ওপরে ধোঁয়ার মতোন কুণ্ডলী পাকিয়ে উঠছে। তিনি থামলেন, আলোয় বোতলটা উঁচিয়ে ধ'রে দেখলেন, আরেক বার চোঙা ভরে ঢাললেন আর আমার কাছে বোতলটা ফিরিয়ে দিলেন। ধীরে ধীরে চাদরের নীচ থেকে তিনি রবারের নলটা টেনে বের করলেন; তারপর তিনি উঠে দাঁড়ালেন।
নলটা ঢোকানো আর ক্লোরোফর্ম ঢালার ধকলটা নিশ্চয় বিরাট ছিলো। আমার মনে আছে গন্ধর্ব যখন আমার দিকে ঘুরে ফিসফিসিয়ে কথা বললেন তখন তার গলা ছিলো ক্ষীণ আর ক্লান্ত। 'আমরা ওটাকে পনেরো মিনিট সময় দেবো। নিরাপদ থাকা আর কী।'
আমি হ্যারিকে কথাটা বলবার জন্যে ঝুঁকে পড়লাম। 'আমরা ওটাকে পনেরো মিনিট সময় দেবো। নিরাপদ থাকার জন্যে আর কী। তবে ওটার হাল মনে হয় ইতোমধ্যেই খারাপ হয়ে গেছে।'
'তাহলে খোদার ওয়াস্তে তোমরা দেখে নিচ্ছো না কেন!' আবারও সে উচ্চস্বরে কথা বললো আর গন্ধর্ব সাঁই ক'রে ঘুরে দাঁড়ালেন। তাঁর ছোটো বাদামি চেহারাটা হঠাৎই ভীষণ রাগী দেখাচ্ছিলো। তাঁর চোখ দু'টো ছিলো প্রায় একেবারে কালো আর তিনি স্থির দৃষ্টিতে হ্যারির দিকে তাকিয়ে রইলেন আর হ্যারির হাসির পেশি কেঁপে উঠতে শুরু করলো। আমি আমার রুমালটা নিয়ে ওর ভেজা মুখটা মুছে দিলাম। সেসময় আরাম পাবে ব'লে ওর কপালেও একটু রুমাল বুলিয়ে দেবার চেষ্টা করলাম।
তারপর আমরা বিছানার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। গন্ধর্ব সারাটা সময় হ্যারির চেহারার দিকে এক অদ্ভুত উৎকণ্ঠিত ভঙ্গিমায় তাকিয়ে রইলেন। খুদে ভারতীয়টি হ্যারিকে শান্ত রাখার জন্যে তাঁর সমস্ত ইচ্ছাশক্তি কেন্দ্রীভূত করছিলেন। একবারের জন্যেও তিনি রোগীর ওপর থেকে চোখ সরালেন না আর তিনি একটি আওয়াজ না ক'রলেও মনে হচ্ছিলো যেন সর্বক্ষণ তাকে লক্ষ্য ক'রে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেনঃ এখন, শুনুন, আপনাকে শুনতেই হবে, এখন আপনি সবকিছু পণ্ড করতে পারেন না, শুনছেন কি আপনি আমার কথা। হ্যারি শুয়ে শুয়ে তার মুখ কাঁপাচ্ছিলো, ঘামছিলো, চোখ বন্ধ করছিলো, খুলছিলো, আমার দিকে তাকাচ্ছিলো, চাদরের দিকে তাকাচ্ছিলো, ছাতের দিকে তাকাচ্ছিলো, আবার আমার দিকে তাকাচ্ছিলো, কিন্তু গন্ধর্বের দিকে ভুলেও তাকাচ্ছিলো না। তবে কোনও এক ভাবে গন্ধর্ব তাকে চেপে ধ'রে ছিলেন। ক্লোরোফর্মের গন্ধটা ছিলো অসহনীয়, ওতে আমার বমি চলে আসছিলো, কিন্তু আমি এখন ঘর ছেড়ে যেতে পারছিলাম না। আমার কেমন যেন মনে হচ্ছিলো যে, কেউ একজন বিশাল একটা বেলুন ফোলাচ্ছে আর আমি দেখতে পাচ্ছিলাম বেলুনটা ফেটে প'ড়তে যাচ্ছে, কিন্তু আমি চোখ সরাতে পারছিলাম না।
অবশেষে গন্ধর্ব ঘুরে দাঁড়িয়ে মাথা ঝাঁকালেন আর আমি বুঝলাম যে, তিনি কাজে লেগে পড়তে প্রস্তুত। 'আপনি বিছানার এক পাশে চলে যান,' তিনি বললেন। 'আমরা প্রত্যেকে চাদরের একটা পাশ ধরবো আর একত্রে চাদরটা টেনে উঠিয়ে ফেলবো, তবে দয়া ক'রে খুব ধীরে আর খুব শান্তভাবে।'
'স্থির হয়ে থাকো এখন, হ্যারি,' এই কথা বলে আমি ঘুরে বিছানার ওপাশে চলে গিয়ে চাদরটা ধরলাম। গন্ধর্ব আমার উলটো দিকে দাঁড়িয়ে ছিলেন, আর আমরা দু'জনে মিলে চাদরটা টেনে তুলতে শুরু করলাম। খুব ধীরে চাদরটা গুটিয়ে নিয়ে হ্যারির শরীর থেকে উঠিয়ে ফেলতে লাগলাম। আমরা দু'জনেই বেশ দূরেই দাঁড়িয়ে ছিলাম, তবে সেই সঙ্গে ঝুঁকে পড়ে চাদরের নীচে উঁকি দিতেও চেষ্টা করছিলাম। ক্লোরোফর্মের গন্ধটা ছিলো বিচ্ছিরি। আমার মনে পড়ে যে, আমি দম আটকে রাখতে চেষ্টা করছিলাম এবং যখন আর পারছিলাম না তখন চেষ্টা করেছিলাম হালকা ক'রে শ্বাস টানতে যাতে ওই জিনিশ আমার ফুসফুসে ঢুকে না যায়।
হ্যারির বুকের গোটাটাই, কিংবা বলা যেতে পারে ওর বুক ঢেকে রাখা নৈশপোশাকের জামাটা এখন দৃশ্যমান। আর তারপর আমি দেখলাম ওর নৈশপোশাকের পাজামার শাদা ফিতেটা, দু'ফাঁসের একখানা গিঁটে রয়েছে পাট ক'রে বাঁধা। আরেকটু নীচে নামতেই আমি দেখলাম একটি বোতাম, মুক্তোমাতৃকা বোতাম। ঊরুসন্ধিকার বোতাম—ঐ জিনিশটি কখনও আমার নৈশপোশাকে ছিলো না, মুক্তোমাতৃকা তো দূরের কথা। এই যে হ্যারি, আমি ভাবলাম, সে খুবই কেতাদুরস্ত। গুরুতর মুহূর্তে মানুষের মাথায় কেমন ক'রে যে লঘু চিন্তা আসে সেটি আজব ব্যাপার বৈকি। আমার পরিষ্কার মনে আছে আমি যখন বোতামটা দেখলাম তখন আমার মাথায় হ্যারি যে খুবই কেতাদুরস্ত সেই ভাবনাটা এসেছিলো।
ওই বোতামটা ছাড়া তার পেটের ওপরে আর কিছুই ছিলো না।
আমরা তখন চাদরটা আরও দ্রুত টেনে তুলতে লাগলাম, আর ওর পা ও পায়ের পাতা উন্মোচন করা হয়ে গেলে আমরা চাদরটা বিছানার পৈথান দিয়ে মেঝেতে ফেলে দিলাম।
'নড়বেন না,' গন্ধর্ব বললেন,'নড়বেন না, পোপ সাহেব'; এই বলে তিনি হ্যারির শরীরের পাশটায় আর পায়ের নীচটায় উঁকি দিয়ে দিয়ে দেখতে লাগলেন।
'আমাদেরকে সতর্ক থাকতে হবে,' তিনি বললেন। 'ব্যাটা যে-কোনওখানে থাকতে পারে। ওনার নৈশপোশাকের পায়ের ভেতরেও ঢুকে থাকতে পারে।'
গন্ধর্ব এ-কথা বলার সাথে সাথে হ্যারি ঝট ক'রে বালিশ থেকে মাথা তুলে নিজের পায়ের দিকে তাকালো। এই প্রথম সে নড়াচড়া করলো। তারপর আচমকা সে লাফিয়ে উঠে বিছানার ওপরে দাঁড়িয়ে গেলো আর একটা একটা ক'রে নিজের পা দু'টো শূন্যে তুলে ভয়ানকভাবে ঝাঁকালো। সেই মুহূর্তে আমরা দু'জনেই ভেবেছিলাম যে, হ্যারি কামড় খেয়েছে এবং ও যখন তার লম্ফঝম্ফে ক্ষান্ত দিয়ে স্থির হয়ে দাঁড়ালো আর জাজিমের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললো, 'ওটা তো নেই!' ততোক্ষণে গন্ধর্ব নিজের চাকু আর পাক-তাগা বের করবেন ব'লে তার ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন।
সোজা হয়ে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্যে গন্ধর্বও জাজিমের দিকে তাকালেন; তারপর তিনি চোখ তুললেন হ্যারির দিকে। হ্যারি ঠিকঠাক ছিলো। সে সাপের কামড় খায় নি আর এখন তার কামড় খাওয়ার কোনও সম্ভাবনাও নেই। সে মরতে বসছে না এবং সবকিছু ছিলো চমৎকার। কিন্তু তাতে কেউ আগের চাইতে বেশি স্বস্তি বোধ করছিলো বলে মনে হচ্ছিলো না।
'পোপ সাহেব, আপনি নিশ্চয়ই একদম নিশ্চিত যে, আপনি আসলে সাপ-ই দেখেছিলেন?' গন্ধর্বের গলায় ছিলো একটা শ্লেষের সুর, সাধারণ পরিস্থিতিতে কখনওই যেটা তিনি ব্যবহার করতেন না। 'আপনার নিশ্চয়ই মনে হচ্ছে না যে, আপনি হয়তো বা স্বপ্নটপ্ন দেখছিলেন, তাই না, পোপ সাহেব?' গন্ধর্ব যেভাবে হ্যারির দিকে তাকিয়ে ছিলেন, তাতে আমি বেশ বুঝতে পেরেছিলাম যে, শ্লেষটা তাঁর আদত উদ্দেশ্য ছিলো না। তিনি কেবল ধকলের পরে খানিকটা হালকা হয়ে নিচ্ছিলেন।
ডোরাটানা নৈশপোশাক-পরা হ্যারি তার বিছানার ওপরে দাঁড়িয়ে থেকে গন্ধর্বের দিকে রক্তচক্ষু ক'রে তাকালো আর সারা দুই গালে তার ছড়িয়ে পড়তে লাগলো সেই রঙ।
'আপনি কি আমাকে বলছেন যে, আমি মিথ্যেবাদী?' হ্যারি চেঁচিয়ে বললো।
গন্ধর্ব হ্যারির দিকে তাকিয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন। হ্যারি বিছানায় এক কদম আগে বাড়লো আর ঝিকিয়ে উঠলো তার চোখ।
'ব্যাটা নোংরা পুঁচকে হিন্দু নর্দমার ইঁদুর!'
'চুপ করো, হ্যারি!' আমি বললাম।
'ব্যাটা নোংরা কালাআদমি—'
'হ্যারি!' আমি হেঁকে উঠলাম। 'চুপ করো, হ্যারি!' যা-সব সে বলছিলো তা একেবারেই যাচ্ছেতাই।
গন্ধর্ব এমনভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন যেন আমাদের কেউই সেখানে ছিলো না। আমি অবিশ্যি তার পিছু পিছু গিয়ে হাত দিয়ে তার কাঁধ জড়িয়ে ধরলাম আর তিনি হলঘরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অলিন্দে বেরিয়ে এলেন।
'আপনি যেন হ্যারির কথায় কান দেবেন না', আমি বললাম। 'এই ব্যাপারটায় ওর এমন অবস্থা হয়েছে যে, কী না কী বলছে সে নিজেই জানে না।'
সিঁড়ির ধাপগুলো পেরিয়ে অলিন্দ থেকে আমরা গাড়িবারান্দায় নেমে এলাম এবং গাড়িবারান্দা দিয়ে হেঁটে-হেঁটে অন্ধকারের মধ্যে যেখানে তাঁর পুরনো মরিস গাড়িটা দাঁড় করিয়ে রাখা ছিলো সেখানে চলে গেলাম। দরোজাটা খুলে তিনি ভেতরে ঢুকে পড়লেন।
'চমৎকার কাজ করেছেন আপনি,' আমি বললাম। 'বাড়িতে আসার জন্যে আপনাকে অত্যন্ত ধন্যবাদ।'
'ওনার শুধু যা দরকার সেটি হচ্ছে ভালো একটা হাওয়াবদল,' আমার দিকে না তাকিয়ে তিনি শান্ত স্বরে বললেন, তারপর ইঞ্জিনটা চালু ক'রে তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন।
