২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হারুকি মুরাকামি: স্যামসা ইন লাভ

আলভী আহমেদ

Published : 24 Jun 2020, 09:45 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


হারুকি মুরাকামি একজন বিখ্যাত জাপানি ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, প্রাবন্ধিক ও অনুবাদক।
জন্ম ১২ জানুয়ারি, ১৯৪৯ সালে জাপানের কিয়োটোতে। দেশকালের সীমানার গণ্ডিতে তিনি আটকে নেই। সমগ্র দুনিয়াব্যাপি জনপ্রিয় তিনি। এটা সম্ভব হয়েছে তার সরল গদ্যভাষা, বিষয়বস্তু, আর গল্প বলার জাদুকরি ঢংয়ের কারণে। পৃথিবীর সর্বাধিক বিক্রিত আর আলোচিত লেখকদের মধ্যে তার নাম অগ্রগণ্য। আন্তর্জাতিকভাবে তার লেখার চাহিদা এতটাই যে, ইতিমধ্যে বিশ্বের প্রায় ৫০টি ভাষায় তার লেখা অনূদিত হয়েছে।
ওয়ার্ল্ড ফ্যান্টাসি এওয়ার্ড (২০০৬), ফ্রাঙ্ক ও'কনর আন্তর্জাতিক ছোটগল্প পুরষ্কার (২০০৬), ফ্রাঞ্জ কাফকা পুরষ্কার (২০০৬), জেরুজালেম পুরষ্কার (২০০৯) এসব তার প্রাপ্তির সামান্য কিছু নমুনা। সাম্প্রতিক সময়ে নোবেল সাহিত্য পুরষ্কার এর শর্ট লিস্টে তার নাম বারবার এসেছে।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, নরওয়েজিয়ান উড, কাফকা অন দ্যা শোর, দ্যা উইণ্ড আপ বার্ড ক্রনিক্যাল, দ্যা এলিফ্যান্ট ভ্যানিশেস, এ ওয়াইল্ড শিপ চেজ ইত্যাদি।
'দ্যা নিউইয়র্কার' পত্রিকায় গল্পটা প্রকাশিত হয়। মুরাকামির সব ছোটগল্পই এই পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
কাফকার বিখ্যাত গল্প 'মেটমরফসিস' এর বিপরীত চিত্রকল্প। এখানে একটা পোকা মানুষে রূপান্তরিত হয়। কাফকার লেখা এবং দর্শন দ্বারা মুরাকামি ভীষণভাবে প্রভাবিত। এটা অনেকটা "এ্যা ট্রিবিউট টু কাফকা" ধরণের লেখা।
–অনুবাদক

সে ঘুম থেকে জেগে উঠল।
বুঝতে পারল, এক ধরনের পরিবর্তন তার মধ্যে এসেছে। সে এখন গ্রেগর স্যামসা।
বিছানায় পিঠটা লাগিয়ে, সে ছাদের দিকে তাকাল। আলোটা একটু একটু করে তার চোখে সয়ে আসছে। সে দেখল, এক প্রাচীন ছাদ তার দিকে তাকিয়ে আছে। কোনও এক কালে হয়তবা ছাদে রঙ করা হয়ে থাকবে। সাদা রঙ। কিন্তু, ধুলোময়লা জমে সেটার রঙ এখন অনেকটাই বদলে গেছে। দুধ নষ্ট হয়ে যাবার পরে যে বর্ণ ধারণ করে, সেরকম হয়েছে দেখতে।
তার ঠিক বা'পাশে একটা জানালা। পর্দা নেই। পুরো ঘর জুড়ে কোনও আসবাবপত্র নেই। আলমিরা, চেয়ার, টেবিল কিছু নেই। একটা শুধু বিছানা- সেখানে চাদর, বালিশ, কম্বল নেই। শুধু একটা তোষক বিছানো।
মেঝেটা কাঠের। কোনও কার্পেট নেই। সম্ভবত, এই ঘরটাকে একটা শোবার ঘর হিসেবে ব্যবহার করা হয়।
স্যামসা বুঝতে পারল না, সে ঠিক কোথায় আছে। তার কী করা উচিত। সে শুধু নিজের মনের গভীরে এটুকুই জানতো, সে এখন মানবজাতির এক সদস্য – তার নাম গ্রেগর স্যামসা। কিন্তু, এটা সে কিভাবে জানল? সে যখন ঘুমিয়ে ছিল, কেউ কি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে গেছে!
এগুলো নিয়ে ভাবতে শুরু করার সাথে সাথেই মনে হল, তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা। যেন, অসংখ্য মশা একসাথে মাথার ভেতর গুনগুন করে চলেছে। সে সকল চিন্তাভাবনা বাদ দিল।
তবে যাই হোক না কেন, তাকে নিজের শরীর ঠিক রাখতে হবে। এভাবে ছাদের দিকে তাকিয়ে অনন্তকাল শুয়ে থাকাটা সম্ভব না। আর এভাবে সে অনেকটাই অরক্ষিত। কেউ যদি আক্রমণ করে বসে, সে কি নিজেকে রক্ষা করতে পারবে? বিশেষ করে কোন শিকারি পাখি- যার বড় বড় ধারালো নখ? সে ভয় পেয়ে গেল।
তাকে যে করেই হোক, শরীর নাড়তে হবে। প্রথম চেষ্টা হিসেবে, সে আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করল। দুই হাত মিলিয়ে দশটা আঙুল। প্রত্যেকটা আঙুলে আবার কিছু জোড়া আছে- যেগুলো সম্ভবত নাড়ানোর কাজে ব্যবহার হবে।
সে শরীরে কোনও শক্তি পেল না। মনে হল, তার পুরো শরীরটা অসাড় হয়ে গেছে। বেশ কয়েকবার চেষ্টা করল সে। এরপর চোখ বন্ধ করল। মনের সব শক্তি এক করে আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করল। এবার সে পেরেছে। এরপর একটু একটু করে শিখতে লাগল, এই আঙুলগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। হঠাৎই, সে তার শরীরে একটা তীব্র ব্যথা টের পেল। একটা দুঃসহ ব্যথা তার পুরো চেতনাকে গ্রাস করে ফেলছিল।
কিছুক্ষণ পর সে বুঝতে পারল, সে যেটাকে ব্যথা বলে ভাবছিল – সেটা আসলে ক্ষুধা। এক প্রবল ক্ষুধা। এ ধরনের অনুভূতি তার কাছে একটু নতুন ছিল। মনে হচ্ছিল, গত এক সপ্তাহ ধরে সে কিছু খায়নি। পেটটাকে তার শরীরের কেন্দ্র মনে হল এবং সেই কেন্দ্রে সে ভয়াবহ এক শূন্যতা অনুভব করল। প্রচণ্ড ক্ষুধায় সে পাগলের মত হয়ে গেছে।
সহ্য করতে না পেরে, স্যামসা তার কনুই দুটোকে তোশকের উপর ভর দিয়ে উঠবার চেষ্টা করল। মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা বোধ হল। কিন্তু, সে দমে গেল না। সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করল এবং অবশেষে বিছানায় উঠে বসল।
সে তার নিজের নেংটো শরীরটার দিকে তাকাল। কি বিশ্রী, কদাকার! এই দুর্বল শরীরটা নিয়ে সে কী করে বেঁচে থাকবে? পাতলা সাদা চামড়া, ভেতর দিয়ে নীল রঙের কিছু একটা দেখা যাচ্ছে- এগুলোকে সম্ভবত বলে শিরা। শরীরের কেন্দ্রবিন্দু- যেখানে প্রচণ্ড ক্ষুধা, সেই পেট কিরকম অরক্ষিত! দুই উরুর মাঝে কিরকম হাস্যকর একটা যৌনাঙ্গ ঝুলে আছে! শুকনো আর দীর্ঘ তার হাত-পা। শুধুমাত্র দুটো করে। এই স্বল্পসংখ্যক হাত পা দিয়ে সে কিভাবে চলবে! আরও বেশি হাত পা থাকলে কী ক্ষতি হত!
সে হাত দিয়ে নিজের ঘাড়, মাথা, মাথার উপরের চুলগুলো অনুভব করল। সে আবিষ্কার করলো দুটো বিশ্রী রকমের কান ঝুলে আছে – যেন একজোড়া সামুদ্রিক শামুক।
এই প্রাণীটাই কি আসলে সে?
সে কী করে বেঁচে থাকবে – যখন তাকে শত্রু আক্রমণ করবে? নিজেকে রক্ষা করবে কী দিয়ে? তার শরীরের ওপরে কোনও খোলস নেই, যেটা দিয়ে সে অন্যের আক্রমণ ঠেকাতে পারে। আবার অন্যকে আক্রমণ করবার জন্য তার শরীরে কোনও অস্ত্র নেই। তাকে কেন এরকম একটা অদ্ভুত প্রাণীতে পরিণত করা হল? একটা মাছে রূপান্তর করা যেতে পারত তাকে, একটা সূর্যমুখী ফুলও সে হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে সে একজন মানুষ। তার নাম গ্রেগর স্যামসা।
সে আলতো করে মেঝেতে পা ছোঁয়ালো। ঠাণ্ডা কাঠের মেঝে। নিজের দুটো পায়ে দাঁড়াবার চেষ্টা করল। সে কোনোভাবেই ভারসাম্য পাচ্ছিল না। দু'টো মাত্র পা সম্বল করে আদৌ দাঁড়ানো যায় কি না- এ প্রশ্নের উত্তরও তার কাছে নেই। কিন্তু, সে চেষ্টা চালিয়ে গেল। অবশেষে সে দুটো পায়ের উপর নিজের ভারসাম্য রাখতে সমর্থ হল। এভাবেই বিছানাটাকে ধরে, নিজেকে ব্যালেন্স করে, সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নিজের মাথাটাকে তার প্রচণ্ড ভারি মনে হচ্ছিল। গভীরভাবে শ্বাস নিলো। নিজের যৌনাঙ্গের দিকে চোখ গেল। প্রবল মানসিক চাপে সেটা যেন চুপসে আছে। গভীরভাবে শ্বাস নিয়ে সে নতুন করে শুরু করবার প্রস্তুতি নিলো।
এবার হাঁটা শেখার পালা।
দু'পায়ের ওপর ভর দিয়ে নিশ্চয়ই মানুষ নামের এই অদ্ভুত জীব হেঁটে থাকে। সুতরাং, তাকে সেভাবেই চেষ্টা করতে হবে। একবার ডান, আরেকবার বাম- দু'পায়ের ওপর ভর দিয়ে সে সামনে এগোনোর চেষ্টা করল। এক নিদারুণ অত্যাচার! কোনোমতে সে হাত দিয়ে দেয়ালটা স্পর্শ করল। দেয়ালটা ধরে নিজের ব্যালান্স ঠিক করে আবার সামনে বাড়ল।
ক্ষুধার প্রচণ্ড তাড়নাই তাকে হাঁটতে শেখাল। একটা বিষয় সে বেশ বুঝতে পারছিল যে- এই যে ঘর, এই ঘরে চিরটাকাল শুয়ে থাকলে, কেউ তাকে খাবার দেবে না। তার নিজের খাবার তাকে নিজেই খুঁজে বের করতে হবে। অথবা, তাকে মরে যেতে হবে।
হাঁটি হাঁটি পা পা করে হেলতে দুলতে সে দরজার দিকে এগিয়ে গেল। তার কাছে সময় দেখবার কিছু ছিল না। কিন্তু মনে হল, সে যেন এই কাজটুকু করতে অনন্তকাল ব্যয় করে ফেলেছে। সে বুঝে পেল না, তার এত অসুবিধা কী করে হচ্ছে? তাহলে কি সে শারীরিকভাবে প্রতিবন্ধী? বিকলাঙ্গ?
দরজার হাতল ধরে টান দিল সামনের দিকে। ধাক্কা দিল। কিছুই হল না। তারপর সে দরজার হাতলটাকে ডান দিকে ঘুরিয়ে টান দিল। মৃদু শব্দ করে খুলে গেল সেটি। সে আস্তে করে মাথাটা বের করে বাইরের দিকে তাকাল।
একটা হলঘর। জনশূন্য। সে তার বাম পা'টা দরজার বাইরে বের করল। শরীরের ওপরের অংশকে অনেক কষ্টে সামনের দিকে এগোনোর জন্য চাপ দিল। দেয়ালে হাত, ভারসাম্য রাখছে। আস্তে আস্তে সে করিডরে বেরিয়ে এলো। হলঘরে সব মিলিয়ে চারটা দরজা। দরজাগুলো হুবহু একই রকম দেখতে। দরজাগুলোর ওপারে কী আছে- জানতে তার খুব ইচ্ছে হল। হয়ত, পুরো রহস্যের জট দরজার ওপাশে গেলে খুলবে।
কিন্তু তার পেটে প্রচণ্ড ক্ষুধা। খাবার খুঁজে বের করাটা তার জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন। এবং অবাক করা ব্যাপার, তার মাথার মধ্যে হুট করে এমন একটা অনুভূতি হল- যেন মনে হল, সে জানে, কোথায় গেলে সে খাবার খুঁজে পাবে। আসলে সেই অনুভূতিটার নাম ছিল গন্ধ। সে খাবারের গন্ধ পেয়েছিল।
সে খাবারের গন্ধ পেয়েছিল। রান্না করা খাবার। বাতাসে খাবারের গন্ধ যেন তার দিকে উড়ে উড়ে আসছিল। সে আবিষ্কার করলো, তার মুখ ভর্তি হয়ে গেছে তরলে- মানব সম্প্রদায় যাকে 'লালা' বলে অভিহিত করে।
সে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন সে নিজের ভাগ্যকে আরেকবার দোষারোপ করল। আজ সে যদি মানুষ না হয়ে মাছ অথবা সূর্যমুখী ফুল হতো, তাহলে এভাবে সিঁড়ি দিয়ে তাকে নামতে হত না। একটা দুটো করে সিঁড়ি বেয়ে সতেরটা ধাপ সে পার হল। এরপর শরীরের সমস্ত শক্তি এক করে সে সোজা হল। যেদিক থেকে গন্ধটা আসছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিকে এগিয়ে গেল।
একটা টেবিল। দেখতে ডিমের মত, ওভাল শেপ। খাবারগুলো তার ওপরে সাজানো। এখনও গরম ভাপ উঠছে। চারটা চেয়ার ছিল, কিন্তু কেউ বসে নেই। একটা কাঁচের ফুলদানি। তার ভেতরে বারোটা পদ্ম ভাসছে। ন্যাপকিন আর কাঁটা চামচ সাজিয়ে রাখা। কিন্তু, দেখে মনে হয় না, কেউ সেগুলো স্পর্শ করেছে। হয়ত, কয়েকজন মানুষ এখানে খেতে বসে ছিল। এসময় হঠাৎ করে কোনও ঘটনা ঘটে। তারা দ্রুত এ জায়গাটা থেকে চলে যায়। কী ঘটেছিল? আসলে ওরা কেনই বা গেল? কোথায় গেল? নাকি তাদেরকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে? আচ্ছা তারা কি আবার ফিরে আসবে?
এই বিষয়গুলো নিয়ে স্যামসা ভাবতে পারত। কিন্তু, তার পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা। সবচেয়ে কাছের চেয়ারটিতে বসে সে খালি হাত দিয়ে যতটুকু সম্ভব খাবার মুখের ভেতরে পুরতে লাগল। পাশেই ন্যাপকিন, ছুরি, কাটা চামচ। এগুলো সে ছুঁয়েও দেখল না। পাউরুটিটাকে ছিন্নভিন্ন করে ছিঁড়ে খেয়ে ফেলল। জ্যাম অথবা বাটার কোনও কিছুরই তার কোনও প্রয়োজন ছিল না। সিদ্ধ ডিম এত দ্রুততার সাথে সে পেটে চালান করল যে সেগুলোর খোসা ছাড়াতে ভুলে গেল। মুঠোভর্তি গরম আলুর ভর্তা নিল। আঙুল দিয়ে আচার তুলল। সেগুলোকে একসাথে মুখে দিল। স্বাদ তার কাছে মোটেই গুরুত্বপূর্ণ কোনও বিষয় নয়। টক-ঝাল-মিষ্টি সবকিছুই তার কাছে সমান। কেবল একটি জিনিসই গুরুত্বপূর্ণ তার কাছে। তা হল, তার শরীরের প্রচণ্ড ক্ষুধা- সে ক্ষুধা মেটাতে হবে।
খাওয়া শেষ করে স্যামসা যখন ঠাণ্ডা হয়ে বসল, তখন টেবিলে কিছুই অবশিষ্ট ছিল না। ডাইনিং টেবিলের ওপরে যেন ঝড় বয়ে গেছে। রাস্তার কিছু কাক যেন উড়ে এসে টেবিলটাতে বসে ইচ্ছে মত খাবারগুলো সাবাড় করে আবার উড়ে চলে গেছে। ফুলদানির ভেতরে রাখা পদ্ম ফুলগুলো শুধু ওরা খেতে পারেনি।
চেয়ারে সে বেশ কিছুক্ষণ বসে রইল। হাতটাকে টেবিলের ওপর রেখে মাথাটা ছোঁয়ালো। একটু যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। গভীরভাবে তার শ্বাস বইতে শুরু করল। খাবারগুলো তার পাকস্থলির ভেতরে হজম হচ্ছিল । ক্রমশ জোয়ারের মতো একটা অনুভূতি তার শরীরটাকে গ্রাস করল । সেটার নাম ছিল তৃপ্তি।
একটা পাত্র ছিল । ভেতরে কিছু পানীয়। পানীয়টা সে একটা সিরামিকের কাপে ঢালল। কফির তীব্র গন্ধ তাকে কিছু একটা মনে করিয়ে দিল। যেন এই ব্যাপারটা তার জীবনে আগে কখনও ঘটেছে। এর নাম স্মৃতি।
হঠাৎ ঠাণ্ডা লাগতে শুরু করল তার। ক্ষুধার জ্বালায় এতক্ষণ সেটা অনুভব করেনি। তার সমস্ত অনুভূতি জুড়ে ছিল ক্ষুধা। ক্ষুধা মিটে যাবার পর ঠাণ্ডার অনুভূতিটা তাকে গ্রাস করল। ফায়ারপ্লেসের আগুন নিভে গিয়েছিল। হিটারগুলো চালু করা ছিল না। সবচেয়ে বড় কথা, তার শরীরে কোন কাপড় ছিল না- যেটা তাকে উষ্ণতা দিতে পারে।
সে বুঝতে পারল, তার শরীরে কিছু একটা কাপড় থাকা উচিত। হঠাৎ কেউ এসে পড়তে পারে বাড়িতে। তখন শরীরে কাপড় থাকাটা খুব জরুরি। কেউ হয়ত হুট করে দরজায় নক করবে। তখন? অথবা, সকালে খাবার না খেয়ে যে লোকগুলো বেরিয়ে গিয়েছিল- তারাও যে কোনও সময় ফিরে আসতে পারে। তারা এসে তাকে নেংটো অবস্থায় দেখতে পেলে!
সব কিছুই সে নিজে নিজে বুঝতে পারছিল। কিন্তু কিভাবে তার মাথায় এগুলো আসছে, সে সম্পর্কে তার কোনও ধারণা ছিল না। সে শুধু বুঝতে পারছে, এই কাজটি করা উচিত। তার মাথার ভেতরে সম্ভবত স্মৃতির কিছু মেঘ আছে। এই মেঘ থেকেই সে ধারণাগুলো পাচ্ছে।
সে চেয়ার থেকে উঠে দাঁড়াল। এখন সে দুই পায়ের ওপর দাঁড়াতে এবং হাঁটতে পারে। হলরুমে একটা ছাতা রাখার স্ট্যান্ড ছিল। সেটা থেকে কয়েকটা লাঠি ঝুলছে। সে ওক কাঠের তৈরি একটা লাঠি টেনে বের করল। এটাকে সে হাঁটার সময় অবলম্বন হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়া একটা আত্মরক্ষার অস্ত্রও হতে পারে লাঠি- কোনও পাখি যদি তাকে আক্রমণ করে, সেটা দিয়ে সে আত্মরক্ষা করতে পারবে। স্যামসা জানালার কাছে গেল। এবং পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকাল।
বাসাটা ছিল রাস্তার ঠিক পাশে। খুব বড় রাস্তা নয়, বেশি লোক চলাফেরা করছে না। তবে যাই হোক, সে খেয়াল করল- রাস্তা দিয়ে চলাচল করা প্রতিটা মানুষের শরীরেই পোশাক আছে। বিভিন্ন রঙের, বিভিন্ন ফ্যাশনের। ছেলেদের পোশাক আর মেয়েদের পোশাক আলাদা। চামড়ার কিছু একটা, সম্ভবত জুতো- হ্যা, জুতো দিয়ে তাদের পা'গুলো মোড়ানো। অনেক ছেলে বা মেয়ের মাথাতেই টুপি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তাদেরকে দেখে মনে হচ্ছিল না, দুই পায়ের উপর হাঁটা কঠিন কোনও ব্যাপার। সে নিজের যৌনাঙ্গের দিকে তাকাল। তারপর আবার রাস্তার মানুষকে দেখল। সবার যৌনাঙ্গ কাপড় দিয়ে ঢাকা। সে নিশ্চিত হলো তার শরীরটাকে ঢাকবার জন্য কিছু একটা পোশাক তার প্রয়োজন, নিতান্ত প্রয়োজন।
সে ভয়ে ভয়ে রাস্তার দিকে আরেকবার তাকাল। কোনও পাখি সেখানে বসে আছে কি না- তাকে আক্রমণ করতে পারে? সেরকম কিছু তার চোখে পড়ল না।
নিচতলায় হলঘর ছাড়াও ডাইনিং রুম, রান্নাঘর এবং লিভিং রুম ছিল। কিন্তু সেখানে সে পোশাক জাতীয় কিছু খুঁজে পেল না। তার মানে দাঁড়াচ্ছে, কাপড় চোপড় নিশ্চয়ই অন্য কোথাও রাখা আছে। সম্ভবত, দো'তলার কোনও একটা ঘরে।
লাঠিতে ভর দিয়ে স্যামসা সিড়ির কাছে এলো এবং ওপরে উঠতে শুরু করল। নীচে নামার চেয়ে, ওপরে ওঠা যেন একটু সহজ। রেলিং ধরে সতেরটা ধাপ দ্রুততার সাথে সে পার হল। কোনও ধরণের ব্যথা-বেদনা বা ভয় তাকে স্পর্শ করল না।
তার ভাগ্য ছিল ভাল। দোতলার কোনও দরজাই তালাবন্ধ ছিল না। হাতলে ডানদিকে মোচড় দিতেই খুলে যাচ্ছিল।
মোট ঘর ছিল চারটা। একটা ঘরে তার ঘুম ভেঙেছিল। বাকি তিনটা ঘরে- অনেক আসবাবপত্র ছিল, বিছানায় পরিষ্কার চাদর, ড্রেসিং টেবিল, ডেস্ক, ছাদ থেকে ঝুলানো বাতি, মেঝেতে কার্পেট, বুকশেলফে সুন্দর করে সাজানো বই। দেয়ালে পেইন্টিং। কাঁচের ফুলদানি। জানালায় পর্দা। বিছানাগুলো দেখে বোঝা যায়, সেখানে নিয়মিত কেউ ঘুমায়। বালিশে মাথার ছাপ লেগে ছিল।
সবচেয়ে বড় যে ঘরটা, সেই ঘরের আলমিরা খুলে তার সাইজের একটি ড্রেসিং গাউন খুঁজে পেল স্যামসা। তার মনে হল, এটা সে গায়ে চাপাতে পারবে। আসলে অন্য জামা কাপড় গুলো কিভাবে পড়তে হয়, তা সে জানত না। অনেকগুলো করে বোতাম। সবচেয়ে বড় ব্যাপার হল, সে কিছুতেই বুঝতে পারছে না, জামার সামনের দিক কোনটা আর পেছনের দিক কোনটা, ওপরের দিক কোনটা বা নিচের দিক কোনটা। সে তুলনায় ড্রেসিং গাউনটা খুব সাদাসিধে ধরণের। ওটার নরম কাপড়, তার চামড়ার উপরে বেশ আরামদায়ক মনে হল। এমনকি গাউনের সাথে ম্যাচ করে একজোড়া স্যান্ডেল সে খুঁজে পেল।
গাউনটা পড়তে শেষ চেষ্টা করল। কয়েকবার ভুল করার পর সে নিজের নেংটো শরীরের ওপরে গাউনটা চাপাল। কী করে যেন ফিতাটাও বেঁধে ফেলল।
এই অবস্থাটা নিশ্চয়ই আগের চেয়ে ভাল। কিন্তু, তার এখনও শীত লাগছিল। তবে সে যতক্ষণ ঘরের ভেতর আছে, ততক্ষণ সে নিশ্চিন্ত। ঘরটা সামান্য উষ্ণ। ঘরের মধ্যে থাকার আরেকটা সুবিধা হচ্ছে, কোনও শিকারি পাখি তাকে আক্রমণ করতে পারবে না।

কলিংবেল বাজল।
সামসা তখন বিছানায় শুয়ে ছিল। সবচেয়ে বড় ঘরের সবচেয়ে বড় বিছানাটাতে। তার গায়ে ছিল কম্বল। শরীরে আরামদায়ক উষ্ণতা। মনে হচ্ছিল, সে একটা ডিমের ভেতরে ঘুমিয়ে আছে। কলিংবেল যেন তাকে স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে এলো।
বিছানা থেকে সে নিজেকে টেনে তুলল। গাউনটাকে শরীরের সাথে বাঁধল। স্যান্ডেল পরল। লাঠিটা আঁকড়ে ধরে রেলিং এ হাত দিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগল। এবার তার কাছে নামাটা কঠিন বলে মনে হল না। তারপরও পড়ে যাবার সম্ভাবনা তার মন থেকে একেবারে গেল না। পায়ের দিকে খেয়াল রেখে ধীরে ধীরে নামল। পুরো সময়টা জুড়ে কলিং বেল বাজতেই লাগলো। যেন দরজার ওপাশে প্রচণ্ড ধৈর্যহীন এক মানুষ। দরজা খোলার কৌশল সে আগেই শিখেছিল। হাতলটা ঘুরিয়ে ডান দিকে মোচড় দিল। ব্যাস, খুলে গেল।
একটা মেয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। ছোটখাটো গড়ন। স্যামসা ভেবে অবাক হল, মেয়েটা কী করে কলিংবেলের নাগাল পেল। বেলটা একটু উঁচুতে। মেয়েটার হাত সে পর্যন্ত পৌঁছনোর কথা না। সে মেয়েটাকে ভালভাবে দেখল। এবং তার ভুল বুঝতে পারল। মেয়েটা আসলে ছোটখাটো ছিল না। তার পিঠটা একটু ঝুঁকে আছে সামনের দিকে। এজন্যই তাকে ছোটোখাটো লাগছে। নাহলে তার শরীরের কাঠামো অন্যদের মতই স্বাভাবিক ।
মেয়েটার পরনে একটা ঢিলেঢালা স্কার্ট। ওপরে একটা জ্যাকেট চাপানো। গলায় একটা সুতি কাপড়ের স্কার্ফ প্যাঁচানো। চুলগুলো ছিল গাঢ় বাদামি রঙের, রাবার ব্যান্ড দিয়ে চুড়ো করে বাঁধা। বয়স মেরেকেটে একুশ। চোখ দু'টো বড় বড়। এবং ঠোঁটটা একদিকে একটু বাঁকা। ঠিক যেন আকাশে এক ফালি চাঁদ উঠেছে।
"এটা কি গ্রেগর স্যামসা'র বাসা?" মেয়েটা বলল।
কথাটা বলার সময় মেয়েটা শরীরে একটা মোচড় দিল। যেন একটা ঢেউ উঠল। প্রবল ভূমিকম্পের সময় পৃথিবীতে এমন ঢেউ ওঠে।
স্যামসা একটাবার ভাবল, যেহেতু তার নাম স্যামসা। সুতরাং, এটা তারই বাসা হবার কথা।
"সম্ভবত", বলল সে।
মেয়েটাকে মনে হল উত্তরে সন্তুষ্ট নয়।
"সম্ভবত! এটা আসলেই গ্রেগর স্যামসার বাসা কি না সে ব্যাপারে আপনি নিশ্চিত নন?"
"আমি এটুকু জানি, আমার নাম গ্রেগর স্যামসা।" যতদূর সম্ভব স্বাভাবিক স্বরে সে বলল, "পৃথিবীর অন্য কোনও বিষয়ে নিশ্চিত না হলেও- এই একটা বিষয়ে আমি নিশ্চিত, আমার নাম গ্রেগর স্যামসা।"
মেয়েটাকে দ্বিধান্বিত মনে হল। দ্বিধা ঝেড়ে সে বলল, "ওকে। তাহলে আসুন, আমরা কাজ শুরু করি।"
মেয়েটা নিচু হয়ে একটা কাপড়ের ব্যাগ তুলল। কালো রংয়ের ভারী একটা ব্যাগ। ব্যাগের কয়েকটা জায়গা ছেঁড়া। তালি মারা।
সে বাসার ভেতরে ঢুকে গেল। স্যামসা তার পেছনে দরজাটা বন্ধ করলো।
মেয়েটার দ্বিধা যেন কাটছেই না। সম্ভবত, স্যামসার গাউন এবং পায়ের স্যান্ডেল এই দুটোর মধ্যে কিছু একটা ছিল, যা তার মনে সন্দেহ জাগাচ্ছে।
"সম্ভবত, আপনাকে আমি ঘুম থেকে জাগালাম", শীতল কন্ঠে মেয়েটা বলল।
"অসুবিধে নেই", স্যামসা বলল, "মানুষ ঘুমায় – জেগে ওঠার জন্যই। আমার চেহারার জন্য আমি দুঃখিত। আসলে আমি নিজেও বুঝতে পারছি, আমার পোশাক-আশাক ঠিক নেই। এর পেছনে কিছু কারণ আছে। আপনি চাইলে আমি ব্যাখ্যা করতে পারি।"
"বাদ দিন। আমরা বরং মূল প্রসঙ্গে যাই। সেই দরজাটা কোথায়?"
"দরজা?"
"হ্যাঁ। যে দরজার তালা ভেঙে গেছে। আর সেটা মেরামত করার জন্য আমাকে আসতে বলা হয়েছে?"
"আমি ঠিক জানি না। সম্ভবত, দোতলার কোনও একটা ঘরের দরজা হবে।"
মেয়েটা সন্দেহের দৃষ্টিতে বলল, "আবারও! সম্ভবত?"
তালা সম্পর্কে নিজের এই অজ্ঞতা স্যামসাকে প্রচণ্ড বিব্রত করল। গলাখাকারি দিয়ে সে নিজের ভেতর আত্মবিশ্বাস জাগিয়ে কথা বলার চেষ্টা করল। কিন্তু, মুখ দিয়ে একটা শব্দও বের হল না।
"মিস্টার স্যামসা, আপনার বাসায় কি অন্য কেউ আছে? মানে, আপনার বাবা-মা, বা সিনিয়র কেউ? আমার মনে হয়, তাদের সাথে কথা বলতে পারলে আমার জন্য সুবিধা হত।"
"তারা সম্ভবত বাইরে গেছে। আমি ঘুমিয়ে ছিলাম। জেগে ওঠার পর তাদেরকে আর দেখিনি।"
"আবারও! সম্ভবত?"
"বললাম তো, ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পাই, বাসায় কেউ নেই। সুতরাং, সম্ভবত বলা ছাড়া আমার স্পষ্টভাবে আর কিছুই বলার নেই।"
"অদ্ভুত। আপনাদের কিন্তু জানিয়েছিলাম, আমরা আজ আসব- তালা ঠিক করতে।"
"আমি খুবই দুঃখিত।"
মেয়েটা স্যামসার দিকে তাকাল। হাতের লাঠিটার দিকে তার নজর গেল। লাঠিটায় ভর করে সে দাঁড়িয়ে আছে।
"আপনার পায়ে কি কোনও সমস্যা আছে?"
"হ্যাঁ, একটু আছে বোধহয়", স্যামসা উত্তরে বলল।
মেয়েটার শরীর আবার একবার মুচড়ে উঠল। স্যামসার কোন ধারণা নেই, এই মোচড়ের কী উদ্দেশ্য হতে পারে।
"ঠিক আছে, চলুন", সে বলল, "দোতলার দরজাগুলো দেখে আসি। এসেছি যখন কষ্ট করে- না দেখে তো আর যাব না। তবে আপনারা আরেকটু দায়িত্বশীল হলেও পারতেন। কত পথ পাড়ি দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে – জানেন? কি ভয়ঙ্কর সব উঁচু নিচু রাস্তা, ব্রিজ এগুলো পার হয়ে এসেছি। জীবনের ঝুঁকি কত ছিল- সেটা জানেন। এখন এত কষ্ট করে এসে যদি শুনতে হয়, কোন দরজার তালা ভাঙা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন- ভাল লাগবে?"
সামসা মাথা নিচু করে রইল।
মেয়েটা মাথা নাড়িয়ে বলল, "এসেই যখন পড়েছি, চলে তো যেতে পারি না। কাজটা করেই যেতে হবে। পরে আবার আসব, সেটা আমার জন্য আরও কষ্টকর হবে।"
ভয়ঙ্কর সব উঁচু নিচু রাস্তা বলতে মেয়েটা কী বোঝাতে চাইছে, স্যামসা সেটা বোঝার চেষ্টা করল। আর তাছাড়া এই পথটুকু পাড়ি দিতে তার কিসের ঝুঁকি ছিল, সেটাও তার জানতে ইচ্ছে হল। কিন্তু সে কোনও প্রশ্ন করতে সাহস পেল না।
মেয়েটা নিচু হয়ে তার কালো ভারী ব্যাগটা টেনে নিলো। এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। স্যামসা তাকে পেছন থেকে অনুসরণ করল। রেলিং এর ওপরে হাত দিয়ে আস্তে আস্তে উঠল।
দোতলার হলঘরে দাঁড়িয়ে মেয়েটা চারদিকে তাকাল।
"সম্ভবত, এই চারটে দরজার একটা। রাইট?" সে যেন নিজেকেই প্রশ্ন করল।
"বোধহয়।" স্যামসা উত্তর দিল।
"চলুন। আমরা হলঘরের শেষ প্রান্তে ঐ যে বাম দিকের দরজা- ওটা দিয়ে শুরু করি।"
এটা হল সেই দরজা, যে দরজার ভেতরের ঘরে স্যামসা সকালে ঘুম থেকে জেগে ছিল। মেয়েটা দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলটাকে ডানে মোচড় দিল। ভেতরে ঘরটা আগের মতই আছে। খালি তোষকসহ বিছানাটাকে আরও বিবর্ণ মনে হচ্ছিল।
সে মেঝেতে আসন গেড়ে বসল। তার কালো ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাদা ফ্লানেল কাপড়। সেটাকে সে মেঝের ওপর বিছিয়ে দিল। বিভিন্ন সাইজের অনেকগুলো টুল বের করে, সেগুলোকে সতর্কতার সাথে কাপড়ের ওপর সাজাল।
মাঝারি সাইজের একটা টুল সে হাতে তুলে নিলো। সেটাকে দক্ষ হাতে তালার ভেতরে ঢোকাল, তার চোখগুলো সরু হয়ে যাচ্ছিল। বিভিন্ন কোণ থেকে সে চেষ্টা করে গেল। সামান্য শব্দেই তার কান খাড়া হয়ে উঠছে। এরপর একটা সরু তার হাতে তুলে নিলো। তারটা তালার ভেতরে ঢোকাল। তার মুখ গম্ভীর হয়ে আসছিল।
"আপনার কাছে কি এই তালার চাবি হবে?" সে স্যামসাকে জিজ্ঞাসা করল।
"এর চাবি কোথায় আছে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই", স্যামসা উত্তর দিল।
"মিস্টার স্যামসা আপনি কি জানেন, আপনি খুবই বিরক্তিকর একটা লোক? পৃথিবীর অধিকাংশ বিষয় সম্পর্কেই আপনার কোনও ধারণা নেই।"
এরপর সে স্যামসাকে পুরোপুরি অগ্রাহ্য করে একটি স্ক্রু ড্রাইভার বের করল এবং তালাটিকে দরজা থেকে খোলার চেষ্টা করল। তার সকল নড়াচড়াই ছিল ধীর গতির, কিছুটা সতর্ক। শরীরটা মাঝেমধ্যে মোচড় দিচ্ছিল। কেন দিচ্ছিল, কে জানে? হয়তবা, দীর্ঘশ্বাস ফেলার জন্য।
স্যামসা তার ঠিক পেছনে দাঁড়িয়ে দেখছিল। মেয়েটার শরীরটা যতবার বেঁকে যাচ্ছে, সে নিজের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি টের পাচ্ছে। সে গরম অনুভব করছিল। নিজেই টের পাচ্ছিল, তার নি:শ্বাস গরম হয়ে উঠছে। শরীর অদ্ভুতভাবে সাড়া দিচ্ছে। মুখ শুকিয়ে যাচ্ছে, দুই উরুর মাঝে ঝুলে থাকা লিঙ্গটা প্রসারিত ও শক্ত হয়ে যাচ্ছে। তলপেটের ঠিক নিচে তার গাউনটা একটু ফুলে উঠল।
দরজা থেকে তালা খোলার পর মেয়েটা জানলার পাশে গেল। জানালা দিয়ে আসা আলো'য় তালাটার ভেতরে দেখার চেষ্টা করল। তার দিয়ে সেটার ভেতরে নাড়াচাড়া করল। পুরো সময়টাই তাকে অসম্ভব বিরক্ত মনে হল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে স্যামসার দিকে তাকাল।
"হ্যাঁ, এটাই সেই তালা- যেটা আপনারা ঠিক করবার জন্য ডেকেছেন। এটা ভাঙ্গা।"
"বাহ খুঁজে পেয়ে গেছেন। ভাল, বেশ ভাল।"
"মোটেই ভাল না। তালাটার ভেতরে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে বসে এটা ঠিক করব, এরকম কোনও উপায় নেই। এটা একটা বিশেষ ধরনের তালা। এটাকে আমার সাথে করে নিয়ে যেতে হবে। আমি নিজে নিজে এটা মেরামত করতে পারব না। আমার বাবা অথবা বড় ভাই হয়ত পারবে। আমি মাত্র কাজ শেখা শুরু করেছি। তালার ছোটখাটো সমস্যা আমি ঠিক করতে পারি। কিন্তু, এই সমস্যাটা অনেক বড়।"
"ও", স্যামসা বলল।
এই তথ্যটা সে জেনে গেল, মেয়েটার একজন বাবা এবং বড় ভাই আছে। এদের পুরো পরিবার তালা সারাইয়ের কাজ করে- তালার কারিগর।
"আসলে হয়েছে কি, আমার এক ভাইয়ের আসার কথা ছিল আজ। আমার বড় ভাই। কিন্তু শহরে খুব গোলমাল হচ্ছে, জানেন তো? শক্ত সমর্থ পুরুষদের ধরে নিয়ে যাচ্ছে। তাই সে বাড়ি থেকে বের হতে সাহস করেনি। আমাকে পাঠিয়েছে। পুরো শহর জুড়ে চেকপোস্ট। কিন্তু, আমি অবাক হচ্ছি, তালাটা এমন অদ্ভুত ভাবে ভাঙল কী করে? কেউ একজন কোনও বিশেষ যন্ত্র দিয়ে এটার ভেতরে গর্ত করেছে। এর জন্য তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। সে কেন এই কাজটি করল, এর কোনও ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না।"
কথাটা বলতে বলতে শরীরে একটা মোচড় দিল । তার দুই হাত এমন ভাবে নড়ে উঠল যেন কোনও সাঁতারু নদীতে সাঁতার কাটছে । স্যামসা টের পেল, মেয়েটার এই বিশেষ ভঙ্গি তার শরীরে উত্তেজনা সৃষ্টি করেছে।
"আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?" স্যামসা বলল।
মেয়েটা সরু চোখে তাকাল। বলল, "প্রশ্ন? করতে পারেন।"
"কিছুক্ষণ পরপর আপনার শরীরটা একটু মুচড়ে উঠছে। এটার কারণ কি?"
মেয়েটা কিছুক্ষণ ভাবল। তারপর বলল, "আপনি কি বলতে চাচ্ছেন, এভাবে?" বলে সে শরীরে আরেকটি মোচর দিল।
"হ্যাঁ, এভাবে।"
মেয়েটার মুখ অপমানে কালো হয়ে গেল। তবু সে বলতে শুরু করল, "আমি যে অন্তর্বাসটা পড়ি, সেটি আমার শরীরে ফিট করে না। 'অন্তর্বাস' কী জিনিস- জানেন তো? এটা হচ্ছে ব্রা, ব্রেসিয়ার। শরীর মুচড়ে ব্রেসিয়ারটাকে যে জায়গায় থাকবার কথা, সে জায়গায় ফিরিয়ে আনি।"
"ব্রেসিয়ার?"
"হ্যাঁ ব্রেসিয়ার। আপনি কি বলতে চাচ্ছেন, আপনি জানেন না- সেটা কী জিনিস? নাকি একটা কুঁজো মেয়ে ব্রেসিয়ার পড়েছে, এটাই আপনার কাছে অদ্ভুত লাগছে। আপনি কি মনে করেন, আমার মত অসুন্দর, কুঁজো একটা মেয়ে, তার ব্রেসিয়ার ব্যবহার করবার অধিকারটুকুও নেই?"
"কুঁজো?" স্যামসা বলল।
কুঁজো শব্দটা তার স্মৃতির শূন্যতার ভেতর সে হাতড়ে খুঁজে বের করতে চেষ্টা করল। সে কি আগে শুনেছে এই শব্দটা?
"শোনেন, যারা কুঁজো মেয়ে, তাদেরও স্তন আছে। ঠিক অন্য মেয়েদের যেমন থাকে, ঠিক তেমন। সেগুলোর জন্য আমাদেরও ব্রেসিয়ার পরতে হয়। গাভীর মতো ঝুলন্ত দুধ নিয়ে আমরা চলাফেরা করতে পারি না। কারণ কুঁজো হলেও আমরা মানুষ, গাভী নই।"
"নিশ্চয়ই।" স্যামসা কোনোমতে বলল।
"কিন্তু সমস্যাটা কী জানেন? কুঁজো মেয়েদের জন্য আলাদাভাবে কোনও ব্রেসিয়ার ডিজাইন করা হয় না। ফলে কী হয়, এগুলো আলগা হয়ে যায়। আমাদের শরীরের গঠন স্বাভাবিক মেয়েদের চেয়ে একটু আলাদা। বুঝতে পেরেছেন? ব্রেসিয়ার আমাদের স্তন থেকে একটু সরে যায়, তখন শরীরে মোচড় দিয়ে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়।"
মেয়েটা একটু থামল। তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, "এ কারণেই আপনি আমার দিকে তাকিয়ে ছিলেন। পেছন থেকে পুরো ব্যাপারটা আপনাকে এক ধরনের আনন্দ দিচ্ছিল। পৈশাচিক আনন্দ?"
"বিশ্বাস করুন, কখনও না। আমি শুধু জানতে চাচ্ছিলাম, আপনি এটা কেন করেন? আমি এত কিছু জানতাম না। প্লিজ আমার কথা বিশ্বাস করেন।"
কথাটা বলতে বলতেই স্যামসা নিজের মাথার ভেতরে এক ধরনের সিদ্ধান্তে উপনীত হল। ব্রেসিয়ার বা অন্তর্বাস হল এক ধরণের পোশাক- যা স্তনগুলোকে নিজের জায়গায় রাখে। সেগুলোকে ঝুলতে দেয় না। আর কুঁজো হল, এমন একজন- যার শরীরের গঠন এই মেয়েটার মত এবং যার স্তনে ব্রেসিয়ার ঠিকভাবে আঁটে না। সে অবাক হয়ে ভাবল, এই পৃথিবীতে তার কত কিছুই না শেখার আছে!
মেয়েটা হুট করে খেয়াল করল, স্যামসার গাউনটা দুই উরুর মাঝে ফুলে আছে। বেশ দৃষ্টিকটুভাবে ফুলে আছে।
"এর মানে কী?" সে মুখ ঝামটে বলল।
"কিসের?" স্যামসা অবাক হয়ে জানতে চাইল।
মেয়েটা স্যামসার উঁচু হয়ে থাকা লিঙ্গের দিকে দেখাল।
স্যামসা বুঝতে পারল, জিনিসটার এভাবে থাকাটা ঠিক নয়। এটা অমার্জিত একটা ব্যাপার। লিঙ্গের উত্থান, বিশেষ করে এই মেয়েটির সামনে- এক ধরনের অপরাধ বিশেষ।
"বুঝতে পেরেছি", মেয়েটা বলল, "আপনি ভাবছেন, একটা কুঁজো মেয়েকে বাসায় একা পেয়েছি। এখন তার সঙ্গে বিছানায় যাব। আপনার মাথায় এটা খেলা করছে, তাই না? সেক্স করার জন্য পাগল হয়ে গেছেন।"
"সেক্স?"
স্যামসার মাথায় আর একটা নতুন শব্দ চলে এলো- যেটার অর্থ সে জানে না।
"আপনি ভেবেছেন, কুঁজো মেয়ে মানুষ। এমনিতেই একটু সামনের দিকে ঝুঁকে থাকে। সে হাঁটু গেড়ে একটু সামনে ঝুঁকে থাকবে আর আপনি পেছন দিক থেকে আপনার ঐ বিশ্রী শক্ত হয়ে ওঠা জিনিসটা ঢুকিয়ে দেবেন। ঠিক না? বিশ্বাস করেন, আপনার মত বিকৃত মস্তিষ্কের মানুষ পৃথিবীতে অনেক আছে- যারা মনে করে আমাদেরকে খুব সহজেই পাওয়া যায়। কারণ, আমরা কুঁজো। কিন্তু শোনেন, আমি জানিয়ে দিচ্ছি, এত সহজে আমাকে পাবেন না।"
"আমি সত্যিই খুব লজ্জিত। আমি জানি না, কী করে আপনার মনে দুঃখ দিলাম। কিন্তু, বিশ্বাস করুন, আমি সত্যিই দুঃখিত। কোনও একটা কারণে নিশ্চয়ই আমি আপনার মন খারাপের কারণ হয়েছি। সেজন্য আমি মাফ চাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, আপনার কোনও অপকার আমি করতে চাইনি। সম্ভবত, আমি অসুস্থ এবং অনেক বিষয় আমি বুঝতে পারছি না। সে কারণেই এই ভুল বোঝাবুঝি।"
মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল। একটু ভাবল।
সে বলল, "ঠিক আছে। আমি আপনার ব্যাপারটা বোধহয় কিছুটা বুঝতে পারছি। আপনি সম্ভবত একটু বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক না? তবে আপনার পুরুষাঙ্গটা আসলেই বিশাল আকার ধারণ করেছে। এটা দৃষ্টিকটু।"
"আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বেপরোয়া পুরুষাঙ্গের তরফ থেকে আপনার কাছে মাফ চাইছি।" স্যামসা মিনমিন করে কথাগুলো বলল।
"থাক বাদ দিন।" সে নরম কন্ঠে বলল, "ছোটবেলা থেকেই মেয়েদেরকে এ সমস্যাগুলো ফেস করতে হয়। আপনি জানেন, বাড়িতে আমার চারটা অপদার্থ ভাই আছে? আমি যখন খুব ছোট ছিলাম, মজা করে তারা আমাকে তাদের বিশাল লিঙ্গ দেখাত।"
"আমি দুঃখিত।" স্যামসা আবারও বলল।
মেয়েটা হাঁটু গেড়ে নিচু হয়ে তার সরঞ্জামগুলো ব্যাগের ভেতর তুলল। ভাঙা তালাটা ফ্লানেলের কাপড়ে মুড়িয়ে সেটাকে ব্যাগে ঢোকাল।
"তাহলে তালাটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনার বাবা মাকে বলবেন, আমরা ওটা মেরামত করব। অথবা যদি মেরামত করতে না পারি, তাহলে বদলে দেব। একটু সময় লাগতে পারে। তাদেরকে বলতে ভুলবেন না, ঠিক আছে? মনে রাখতে পারবেন আমার কথাগুলো?"
"পারব।"
মেয়েটা ধীরে ধীরে সিড়ি বেয়ে নামতে শুরু করল। স্যামসা পেছন থেকে তাকে অনুসরণ করছে। তার হৃৎস্পন্দন দ্রুত হল। বেয়ারা পুরুষাঙ্গটা আরও শক্ত হয়ে যাচ্ছে, সে বুঝতে পারল। তার গাউনের ওপর দিয়ে চাপ দিয়ে সে সেটাকে নীচে নামাতে চাইল। কিন্তু, সেটা কোনোভাবেই তার আগের অবস্থায় ফিরে আসছিল না।
"আমি আপনাকে আগেই বলেছি, আমার এক ভাই আসার কথা ছিল আজ", দরজায় পৌঁছানোর পর মেয়েটা বলল, "কিন্তু, রাস্তায় আজ ব্যারিকেড। সেনাবাহিনী মার্চ করছে। ট্যাংক নেমেছে শ'য়ে শ'য়ে। লোকজন কাউকে দেখলেই গ্রেফতার করছে। এ কারণেই আমাদের পরিবারের ছেলেরা, কেউ বের হয়নি। একবার যদি তাদের অ্যারেস্ট করা হয়- বলা যায় না, হয়ত কোনোদিন আর ছাড়বে না। তাই, আমি বের হয়েছি। একটা কুঁজো মেয়েকে হয়ত কেউই খেয়াল করবে না।"
স্যামসা বুঝতে পারছিল, তার কিছু বলার আছে। কিন্তু, কী বলবে সেটা বুঝে উঠতে পারছিল না।
"আমাদের কি আর কখনও দেখা হতে পারে?"
"আপনি কি আমাকে আবার দেখতে চান?"
"চাই। আমি আপনাকে বারবার দেখতে চাই।"
"যখন দেখা হবে, তখন আপনার লিঙ্গ আবারও ফুলে উঠবে। আপনি আবারও বিব্রত হবেন, সেই ঝুঁকি কি আপনি নেবেন?"
স্যামসা ফুলে উঠা পুরুষাঙ্গের দিকে তাকাল। তারপর বলল, "আমি জানি না, বিষয়টাকে আমি ঠিক কী করে ব্যাখ্যা করব। তবে বিশ্বাস করেন, আমার ভেতরে যে অনুভূতি সেটার সাথে আমার ফুলে উঠা লিঙ্গের কোনও সম্পর্ক নেই। এটা সম্ভবত আমার হৃদয়ঘটিত কোনও সমস্যা।"
"আপনি একদম বাচ্চাদের মত কথা বলছেন। হৃদয়ঘটিত সমস্যা। খুবই নতুন একটা দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টাকে দেখছেন। আমি এর আগে কারও কাছ থেকেই এরকমটা শুনিনি।"
"সত্যি বলছি।"
"ঈশ্বরের দিব্যি দিয়ে বলুন। সত্যি? হৃদয়ঘটিত সমস্যা?"
"সত্যি। ঈশ্বরের দিব্যি।"
যদিও স্যামসা জানে না, ঈশ্বর কী রকম বস্তু। এটাও তার শব্দভাণ্ডারে নতুন একটা শব্দ। তবে, সে এটা বুঝতে পারল, ঈশ্বর হল এমন একজন- যার দিব্যি দেয়া চলে।
মেয়েটার চোখে মুখে একটা গভীর দৃষ্টি দেখা গেল। তাকে দেখে মনে হল, সে অনেক দূর থেকে তাকিয়ে আছে।
"সত্যি, আপনি আমাকে আবার দেখতে চান?"
"চাই।"
"দেখা হলে কী করব আমরা?"
"কথা বলব দু'জন।"
"কী বিষয়ে?"
"অনেক অনেক বিষয়ে।"
"শুধুই কী কথা বলব?"
"আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই।"
"কী জানতে চান?"
"এই পৃথিবীর কথা। আপনার কথা, আমার কথা। আপনার প্রতি আমার অনুভূতির কথা। মনে হয়, অনেক কিছু নিয়েই আমাদের কথা বলার প্রয়োজন আছে। অনেক কিছু নিয়েই আমাদের কথা বাকি রয়ে গেছে।"
মেয়েটা ধীরে ধীরে মাথা নাড়লো। তারপর বলল, "আপনাকে দেখলেই বোঝা যায়, বাবা-মা আপনাকে অনেক যত্ন করে বড় করেছে। আমার মনে হয় না, তারা আমার মত একটা কুঁজো মেয়ের সাথে আপনাকে জড়াতে দেখলে খুশি হবে। তার চেয়েও বড় কথা, আমাদের শহরটা বিদেশি সৈন্য দিয়ে ভরে আছে। ভবিষ্যতে কী হতে যাচ্ছে, কেউ জানে না। এই শহরে আদৌ কোনও মানবিক জায়গা হয়ত থাকবে না।"
স্যামসার ভবিষ্যৎ নিয়ে কোনও ভাবনা ছিল না। ভবিষ্যৎ কেন, বর্তমান ও অতীত নিয়ে ভেবেও সে কোনও কূলকিনারা পাবে না। কোনটা ঠিক, কোনটা বেঠিক- সে কিছুই জানে না। পোশাক পরতে পারাটাও তার কাছে ছিল একটা জটিল বিষয়।
মেয়েটা বলল, "যাই হোক, আমি কয়েকদিন পর এখানে আবার আসব। আমরা যদি তালাটা ঠিক করতে পারি, তবে ওটাকে নিয়ে আসব। আর যদি ঠিক নাও করতে পারি, তাও আসতে হবে তালাটা ফিরিয়ে দিতে। অবশ্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। আপনি যদি তখন এখানে থাকেন, আমাদের আবার দেখা হবে। সে সময়, আমরা অনেকক্ষণ কথা বলতে পারব কি না আমি জানি না। কিন্তু আমি যদি আপনি হতাম, তাহলে অন্তত বাবা-মার সামনে আমার ওই ফুসে ওঠা পুরুষাঙ্গটা লুকিয়ে রাখতাম। এর জন্য এক ধরনের আন্ডারওয়্যার ব্যবহার করতাম। এই ধরনের জিনিস প্রদর্শন করে আপনি কখনও হাততালি পাবেন না।"
স্যামসা বুঝতে পারছিল না, সে কী বলবে। তার পরেও সে মাথা নেড়ে একমত হল।
"খুবই অদ্ভুত, না? আমাদের চারপাশের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। বিদেশি সৈন্য আমাদেরকে মেরে ফেলছে। তারপরেও কিছু লোক আছে, যারা একটা ভাঙা তালা নিয়ে চিন্তিত। আবার এমন কিছু মানুষ আছে, যারা দায়িত্ব নিয়ে সেই ভাঙা তালাগুলো মেরামত করতে আসে। জীবনের ঝুঁকি থাকলেও আসে।"
মেয়েটা একটু থামল। তারপর মাথা তুলে আবার সামনের দিকে তাকিয়ে বলল, "আপনি কি আমাকে বলবেন, দোতলার ওই ঘরটাতে আসলে কী ঘটেছিল? কেন আপনার বাবা-মা দরজায় এত বড় একটা তালা লাগিয়েছিলেন? একটা বিছানা ছাড়া আর কিছুই ছিল না আর। তালা ভাঙার পর তারা এত উদ্বিগ্ন হয়েছিলেন কেন? ঘরের ভেতরে কাউকে আটকে রাখা হয়েছিল? কাকে আটকে রাখা হয়েছিল? কেন?"
স্যামসা ভাবল, যদি কাউকে ওখানে আটকে রাখা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই সে নিজে। কিন্তু তার বাবা-মা তাকে কেন আটকে রেখেছিল?
"আমার ধারণা এ বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই। ঠিক আছে। আমাকে এখন যেতে হবে। দেরি হয়ে গেলে, আমার পরিবারের বাকি সবাই আবার আমাকে নিয়ে চিন্তায় পড়বে। আমার জন্য দোয়া করবেন যেন আমি নিরাপদে বাড়ি পৌঁছতে পারি। সৈন্যরা যেন আমার মত কুঁজো একটা মেয়ের দিকে নজর না দেয়।"
"আমি আপনার জন্য দোয়া করব।" স্যামসা বলল। যদিও তার কোনও ধারণা ছিল না, দোয়া ব্যাপারটা ঠিক কী জিনিস।
মেয়েটা তার কালো রংয়ের ব্যাগটা তুলে নিল।
"আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে?" স্যামসা শেষবারের মত তাকে জিজ্ঞেস করল।
"আপনাকে ভাবতে হবে", মেয়েটা বলল, "আপনি যদি কাউকে অনেক বেশি ভাবেন, তাহলে তার সাথে নিশ্চয়ই দেখা হবে।"
"বাইরের পাখিগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনাকে হয়ত ঠুকরে খেয়ে ফেলবে।"
মেয়েটা স্যামসার দিকে তাকাল। যেমন করে মানুষ কোনও অবুঝ শিশুর দিকে তাকায়। তারপর রাস্তার দিকে এগিয়ে গেল।
স্যামসা পর্দার ফাঁক দিয়ে দেখল। মেয়েটা কুঁজো শরীরটা নিয়ে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। সে আবিষ্কার করল, তার যৌনাঙ্গ এখন আর স্ফীত নেই। আগের মত নরম এবং সংকুচিত অবস্থায় ফিরে গেছে। দু'পায়ের মধ্যে ঝুলছে সে, যেন একটা অপাপবিদ্ধ ফল। তার অণ্ডকোষ গর্তের ভেতর ঢুকে গেছে। গাউনটা শরীরে ঠিকভাবে চাপিয়ে সে ডাইনিং টেবিলে বসল এবং ঠাণ্ডা কফির বাকিটুকু খেয়ে ফেলল এক চুমুকে।
এটা যাদের বাড়ি, তারা অন্য কোথাও গেছে। সে তাদের পরিচয় জানে না। তবে অনুমান করে নিতে পারে, তারা তার পরিবার ছিল। হঠাৎ নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। যে কারণে তাদেরকে চলে যেতে হয়েছে। সম্ভবত তারা আর কখনও ফিরে আসবে না।
"পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে"- এই কথাটার কী অর্থ হতে পারে? স্যামসার এ সম্পর্কে কোনও ধারণা নেই। সৈন্য, চেকপোস্ট, কামান, উঁচু নিচু রাস্তা, ঈশ্বর – সবকিছুই তার কাছে অসম্ভব রহস্যময় বলে মনে হল।
তার কাছে এখন শুধু একটাই সত্য আছে। তা হলো, সে কুঁজো মেয়েটাকে আবার দেখতে চায়। তার মুখোমুখি বসে গল্প করতে চায়, পৃথিবীর ধাঁধাগুলো একসাথে সমাধান করতে চায়। মেয়েটি কিভাবে শরীরটাকে মোচড় দেয়, সেই গোপন রহস্য জানতে চায়। সম্ভব হলে, সে তার হাত দিয়ে মেয়েটার শরীর স্পর্শ করবে। সম্ভব হলে তাকে পাশে রেখে সে হাঁটবে- পৃথিবীর ধুলোমাখা পথ মাড়াবে।
মেয়েটার ভাবনায় তার শরীরটা আবার গরম হয়ে উঠল।
ঠিক তখনই তার মনে হলো, মানব জনম খুব একটা খারাপ নয়। তার আর সূর্যমুখী ফুল অথবা মাছ অথবা অন্য কিছু হতে ইচ্ছে হল না। একটা মানুষ হতে পেরে সে যথেষ্ট আনন্দিত বোধ করল।
চোখ বন্ধ করে স্যামসা অনেকক্ষণ বসে রইল। তারপর উঠে দাঁড়াল। তাকে দৃঢ়প্রতিজ্ঞ মনে হল। হাতের লাঠিটা শক্তভাবে আঁকড়ে ধরল এবং সিঁড়ির দিকে এগিয়ে গেল।
সে দো'তলায় ফিরে যাবে এবং সেখানে সে অনেক কিছু শিখবে। কিভাবে সঠিকভাবে পোশাক পরতে হয় সেটা দিয়ে শুরু করবে । অন্তত এখন থেকে এটাই হবে তার পরবর্তী লক্ষ্য।
পৃথিবীর পাঠশালা তার জন্য অপেক্ষা করছে। সে শিখবে।