২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফসোসের শহর

সালেহ ফুয়াদ

Published : 24 Aug 2019, 01:05 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


ইনতেজার হুসেইন:
কথাসাহিত্যিক ইনতেজার হুসেইনকে তুলনা করা হয় প্রখ্যাত উর্দু ছোটগল্পকার সা'দত হাসান মান্টোর সঙ্গে। কেউ কেউ তাকে মান্টোর চেয়েও শক্তিশালী গল্পকার বলে দাবি করেন। মান্টোপরবর্তী উর্দু ছোটগল্পের সবচে' শক্তিমান স্রষ্টা ইনতেজার হুসেইন তার বিখ্যাত উপন্যাস বাস্তি এর জন্য ২০১৩ সালে ম্যানবুকার সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন। পৌরাণিক আখ্যান, এরাবিয়ান নাইটস্ ও কাফকাকে ছেনে সৃষ্টি করেছেন ছোটগল্পের নিজস্ব স্টাইল। তার গল্পের প্লট, চরিত্র কিংবা ভাষা সবই প্রতীকি। এছাড়াও দেশভাগের সময় ভারত ছেড়ে আসা এই লেখকের লেখায় বারবার ঘুরেফিরে এসেছে নস্টালজিয়া।
ইনতেজার হুসেইন উর্দু ছাড়াও ইংরেজিতে লেখালেখি করেছেন। পেশাজীবনে পাকিস্তানের বিখ্যাত ইংরেজি দৈনিক ডন-এ কাজ করেছেন। অনুবাদ করেছেন চেখভসহ বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ নানা লেখাজোখা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষের এই কথাসাহিত্যিক আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন একাধিক অসাধারণ ছোটগল্প। মুক্তিযুদ্ধ নিয়ে তার বিখ্যাত দু'টি ছোটগল্প হচ্ছে, স্লিপ এবং সিটি অব সরো। এ ছাড়াও তার বিখ্যাত উপন্যাস বাস্তি এর একটি বড় অংশ জুড়েই রয়েছে সাতচল্লিশ, উনসত্তর এবং একাত্তরের দিল্লি, ঢাকা এবং লাহোর। ২০১৬ সালের দুসরা ফেব্রুয়ারি উর্দু সাহিত্যের এই শক্তিমান লেখক মারা যান।

উর্দু থেকে অনুবাদ: সালেহ ফুয়াদ

প্রথম ব্যক্তি বলল, আমি যে মরে গেছি এ নিয়ে আমার কিছু বলার নাই। তৃতীয়জন এ কথা শুনে চমকে ওঠে। ভয় ও বিস্ময়ে তাকে দেখতে থাকে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি কোন ধরনের প্রতিক্রিয়া দেখায় না। নিরুত্তাপ ও সাদামাটাভাবে শুধু জিজ্ঞেস করে, তুমি মরলে কিভাবে?
প্রথম ব্যক্তি নিস্পৃহ কণ্ঠে উত্তর দেয়, সে ছিল এক লাবণ্যময়ী যুবতী। কপালে ছিল লালটিপ। কোমরসমান চুল। একটি শ্যামল যুবক ছিল তার সাথে। যুবকটিকে জিজ্ঞেস করলাম, ও তোমার কী হয়? বলল, এ আমার বোন। আমি বললাম, ওর কাপড় খোলো। এ কথা শুনে যুবতী আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে ওর সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। যুবকটি দোহাই দিতে লাগল, দয়া করে অমন কথা বলবেন না, ও আমার বোন। আমার উপরও পশু ভর করেছিল। আমি খাপ থেকে তরবারি বের করে ফেললাম। তারপর চেঁচিয়ে বললাম, তুই ওকে ন্যাংটা কর। নাঙ্গা তলোয়ার দেখে যুবক ভয়ে কেঁপে ওঠে। তারপর দ্বিধা ও সংশয়ে তার কম্পমান হাত বোনের শাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সুন্দরী যুবতীটি ভয়ার্ত চিৎকার করে দু'হাতে নিজের মুখ ঢেকে দেয় ৃ এবং সেই কম্পমান হাতদুটো আমার সামনেই..
তোমার সামনেই?…হুঁ… তারপর? তৃতীয় ব্যক্তি বিস্ময়ে দ্বিতীয় ব্যক্তিকে বেমালুম ভুলে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে বসে, তারপর তুমি মরে গেলে?
না, বেঁচে ছিলাম— কর্কশভাবে বলে।
বেঁচে ছিলে? … আচ্ছাৃ তৃতীয় ব্যক্তি আরো বিস্মিত হয়।
হুঁ, আমি এসব বলেছি, দেখেছি এবং আমি বেঁচে রয়েছি। আমি এটা দেখার জন্য বেঁচে ছিলাম যে ঐ যুবকও তাই করেছে যা আমি করেছিলাম। ভয়ে পলায়মান একজন বোরকাবৃতাকে সে আটকে রেখেছিল। একজন বৃদ্ধ লোক কেঁদে কেঁদে চিৎকার করে বলেছিল, হে যুবক, আমাদের ইজ্জতের উপর রহম করো। শ্যামলবর্ণ যুবকটি চোখ লাল করে একবার তাকে দেখে নিয়ে জিজ্ঞেস করে, এ যুবতী তোমার কী হয়?। বৃদ্ধ উত্তরে বলে, বাপ, এ আমার কন্যা। যুবক দাঁত কিড়মিড় করে চেঁচিয়ে বলে, এই বুড়ো, তুই একে উলঙ্গ কর। এ কথা শুনেই কম্পমান বৃদ্ধ মানুষটি একেবারে নির্বাক হয়ে পড়ে। আতঙ্কে তার চোখ দুটো বিস্ফারিত হয়। যুবক রাগে উন্মাদ হয়ে বৃদ্ধের ঘাড় ধরে চেঁচায়, বুড়ো নিজের মেয়েকে তুই উলঙ্গ করৃ সে এ কথা বলল আর আমিৃ
আর তুমি মরে গেলে?— তৃতীয় ব্যক্তি তাড়াতাড়ি অধৈর্য হয়ে জানতে চায়।
না, আমি বেঁচে রইৃ।
তাই? …
হ্যাঁ, আমি জীবিত থাকি, আমি এসব দেখি, শুনি এবং বেঁচে থাকি। যুবকটি যেন আমাকে চিনতে না পারে সে জন্য আমি পালানোর পথ ধরি। কিন্তু কিছু দূর গিয়েই এক মজমার মধ্যে পড়ি। তরবারি ফেলে দিচ্ছিলাম এমন সময় দুশ্চিন্তাগ্রস্ত এক ব্যক্তি ভীড় ঠেলে এসে আমার মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, তরবারি ফেলো না, এটা পৌরুষত্বের খেলাফ। আমি দমে যাই। তাকে দেখতে থাকি। সে-ও চোখে চোখ রেখে আমাকে দেখে যাচ্ছিল। আমার চোখ নত হয়ে আসে। আমি হেরে গিয়ে বলি, জীবিত থাকার জন্য এ ছাড়া কোনো উপায় নাই। এ কথায় তার চোখ থেকে আগুন ঠিকরে পড়তে থাকে। ঘৃণায় আমার মুখের উপর থুতুু মেরে ফিরে যায়। ঠিক তখুনি তার মাথার উপর একটি তরবারি আঘাত করে। মাথা ঘুরে ধপাস করে পড়ে যায়। আমি তাকে নিজের রক্তের ভেতর লুটোপুটি খেতে দেখেছি। আমার চেহারা থেকে তার গরম থুতু মুছেছি। আর…
আর তুমি মরে গেলেৃ—তৃতীয় ব্যক্তি অসম্পূর্ণ বাক্য পূর্ণ করে দেয়।
না, আমি বেঁচে রই। আমি অপারগ হয়ে আমার তরবারিকে রেখে দিই এবং জীবিত থাকি। কিন্তু জানি নে কোথা থেকে ঐ শ্যামল যুবক ফের এসে হাজির হয়। আমাকে দেখে ধীরে ধীরে কাছে এসে চারপাশে ঘুরতে থাকে। উদ্ধতভাবে জিজ্ঞেস করে, তুই কি সেই ব্যক্তি নয়? আমি চিন্তিত হয়ে স্বীকার করে নিই, হ্যাঁ, আমি সেই ব্যক্তিই। এ কথা শুনেই দ্রুত সে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে একটি মেয়েকে হিসহিস করে টানতে টানতে আবারো ফিরে এলো। ধুলোবালিতে মাখামাখি, এলোমেলো চুলের আড়ালে ঢাকা-পড়া মেয়েটিকে ভালো করে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। মেয়েটি আমাকে দেখে এমনভাবে কাঁদতে লাগল যে আমার কলজে ফেটে গেল। শ্যামল যুবক বিষেভরা ভাষায় আমাকে জিজ্ঞেস করে, এ তোর কী হয়। আমি চুপ থাকি। শেষপর্যন্ত বলি, ও আমার কন্যা। যুবক পাষাণহৃদয় হয়ে বলে, এবার তাহলে একে উলঙ্গ কর। এ কথা শুনে নির্দোষ মেয়েটির শ্বাসনালী বন্ধ হয়ে যায়, আমি ধ্বংস হয়ে যাই এবং…
এবং মরে গেলে?— তৃতীয় ব্যক্তি অস্থির হয়ে বলে।
না— খানিকটা থেমে আবারো সে বলে, আমি বেঁচে থাকি।
জীবিত রয়েছো? …এরপরও?— তৃতীয় ব্যক্তি মূর্ছা যায়।
হ্যাঁ, এরপরও। আমি বলেছি, আমি শুনেছি, আমি দেখেছি, আমি করেছি এবং আমি বেঁচে রয়েছি। আমি ওখান থেকে মুখ লুকিয়ে পালিয়েছি। লুকিয়ে-ছাপিয়ে, বালা-মুসিবত ডিঙিয়ে অবশেষে সে গলিতে পৌঁছুলাম, যেখানে আমার ঘর ছিল। সে গলিতে ছিল ভয়ের আস্তানা। গলিটিতে সেই সন্ধ্যায় খুব একচোট চিল্লাচিল্লি হয়েছিল। ভাইয়ে ভাইয়ে কাজিয়া করছিল। আমার গলির কুকুর, মাঝগলিতে মুখ তুলে সামনের দিকে চোখ ফেলে বসেছিল। আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। কী অবাক কা-! আগে গলিতে ঢুকলে অত্যন্ত সম্মান দেখিয়ে লেজ নাড়ত। আজ আমাকে দেখে অদ্ভততভাবে সেয়ানা হয়েছে। সারা শরীরের লোম খাড়া হয়ে গেছে। আস্তে আস্তে গরগর গরগর করে শত্রুর চোখ নিয়ে আমার চারপাশে ঘুরতে থাকে। ভয়ের এক তরঙ্গ শিরদাঁড়া বেয়ে নেমে যায়। এর হাত থেকে বেঁচে সতর্কতার সাথে কোনো রকমে চলে যাই এবং আমার দুয়ারের সামনে গিয়ে দাঁড়াই। দরজা ভেতর থেকে বন্ধ। আস্তে টোকা দিলাম। কোন উত্তর আসে না। মনে হচ্ছিল যেন ঘরে কেউ নাই। আমি অবাক হই। এবার জোরে টোকা দিই। সেই একই রকম নীরবতা। একটি বিড়াল সামনের বাড়ির পেছনের মন্দিরের দিকে যেতে যেতে হঠাৎ থেমে যায়। অচেনা শত্রুর চোখে আমাকে দেখে এবং মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। এবার টোকার সাথে সাথে আস্তে করে 'খোলো' বলে ডাক দিই। ভেতর থেকে ভয়ার্ত নারীকণ্ঠ ভেসে এলো—কে?। আমার স্ত্রীর কণ্ঠ। আমি অবাক হলাম, আজ আমার স্ত্রী আমার কণ্ঠ চিনতে পারে নি। আমি আশ্বস্ততার সাথে বলি—আমি। সে ভয়ে ভয়ে দরজা খুলে আমাকে দেখে ভীতকণ্ঠে বলে, তুমি? শান্তভাবে বলি, হ্যাঁ, আমি। ভেতরে এলাম। পুরো ঘর নীরবতায় জিকির করছে। ভেতরে-বাইরে অন্ধকার। ব্যালকনিতে মাঝারি আলোর একটা বাতি টিমটিম করে জ্বলছে। ওখানে একটা জায়নামাজ বিছানো। বাবা চুপচাপ তসবিহ টিপছিলেন। আমার স্ত্রী আস্তে বলল, আমি মনে করেছিলাম হয়তো আমার মেয়ে ফিরে এসেছে। আমি ঘাবড়ে গিয়ে তাকে দেখি। তাহলে সে-ও কি খবর পেয়ে গেছে। সে আমাকে দেখছিল। আমাকে দেখতে দেখতে যেন ওর চোখের মনি আটকে গেছে। আমি চোখ এড়িয়ে ব্যালকনিতে বাবার কাছে চলে যাই। জায়নামাজের সামনে হাঁটু গেড়ে দু'জানু হয়ে বসি। বাবা বাতি হাতে নিয়ে আমাকে ভালো করে দেখেন। তুই? হ্যাঁ, আমি। অবাক হয়ে আমাকে আপাদমস্তক দেখেন। তুই বেঁচে আছিস?। হ্যাঁ, আমি বেঁচে আছি। বাতির স্বল্প আলোয় আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। তারপর অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, নাহ। হ্যাঁ আব্বু, আমি বেঁচে আছি। তিনি চোখ বন্ধ করে ভাবেন। তারপর বলেন, তুই যদি বেঁচে থাকিস, আমিই তাহলে মরে গেছি। এই বুযুর্গ ব্যক্তি দীর্ঘ একটি শ্বাস নেন এবং মরে যান। আমার স্ত্রী আমার কাছে এসে বিষাক্ত ভঙ্গিতে বলেন, আরে ও নিজের ঘুমন্ত পিতার সন্তান, আমার সম্ভ্রমহারা কন্যার জনক তুমি মরে গেছ। তখন আমি জানতে পারলাম যে আমি মরে গেছি।
দ্বিতীয় ব্যক্তি এসব শুনার পর লোকটাকে গভীরভাবে দেখে। সে আবিষ্কার করে লোকটার অনুভূতিহীন চেহারা, নিষ্প্রভ চোখ। এরপর নিরস ভঙ্গিতে বলে ওঠে, কথা সত্য, এ লোক মৃত।
আগে থেকেই বিস্মিত তৃতীয় ব্যক্তি আরো তাজ্জব বনে যায়। প্রথম লোকটিকে ভয় ও বিস্ময় নিয়ে দেখে। তারপর আচমকা জিজ্ঞেস করে, তোমার বাবার লাশ কোথায়?
বাবার লাশ? প্রথম লোকটির জন্য প্রশ্নটা হয়তো অনাকাক্সিক্ষত ছিল। সে লজ্জা পেল। বলল, তা তো ওখানেই রয়ে গেছে।
নিয়ে এলে না কেন?
ও লাশ কিভাবে নিয়ে আসব সে কথা আর জিজ্ঞেস করো না, নিজের লাশটাই কী কষ্ট করে নিয়ে এসেছি।
দ্বিতীয়জন, যে এখন পর্যন্ত সবকিছু নিস্পৃহভাবে বলছিল ও শুনছিল, এ কথা শুনে চমকে ওঠে, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার লাশটাও তো ওখানেই রয়ে গেছে।
তোমার লাশ? তৃতীয় ব্যক্তির বিস্মিত চোখ প্রথমজনের মুখ থেকে সরে দ্বিতীয় ব্যক্তির উপর গিয়ে নিবদ্ধ হয়।
হ্যাঁ, আমার লাশ—এরপর সে বিড়বিড় করতে থাকে যেন নিজেই নিজেকে বলছে, লাশটাকে নিয়ে আসা উচিত ছিল, কে জানে ওরা ওর সাথে কী ব্যবহার করে।
তাহলে কি তুমিও মৃত?—তৃতীয়জনের প্রশ্ন।
হ্যাঁ, মৃত।
তাই?—তৃতীয়জন অবাক হয়ে ওকে দেখে, কিন্তু তুমি মরলে কিভাবে?
যে মরে গেছে সে কিভাবে বলবে সে কেন মরেছে, কিভাবে মরেছে? আমি মরে গেছি, ব্যাস— দ্বিতীয় ব্যক্তি নীরব হয়ে যায়। ফের শুরু করে, এই অপয়া শহরে শেষমেষ সেই দুঃসময় চলে এসেছে যা মাথার উপর ঘিরে বসেছিল। আমি আড়ালে চলাফেরা করতাম আর ভাবতাম, এখন কি আমাদের সঙ্গেও তাই ঘটবে যা ওদের সঙ্গে ঘটেছে। একটি বাজারের উপর দিয়ে চলতে চলতে হঠাৎ থেমে যাই। আমি কি একটি ফর্সা যুবতীকে দেখলাম যার শাড়ী এতটাই ছেঁড়াফাড়া যে পুরো শরীরই উদোম। এলোমেলো চুল, ধুলোবালিতেভরা মাথা, হালকাপাতলা গড়ন কিন্তু পেট স্ফীত। ভয়ে এদিকওদিক দেখে, দৌড়ায়, আবার থেমে যায়। আমার কাছাকাছি এলে হতভম্ব হয়ে পড়ি, সেও আমাকে দেখে হঠাৎ থেমে যায়। আরে এ তো সেই মেয়ে যাকে আমি… শুধু এতটুকুই ভাবতে পেরেছিলাম, সে হাত দিয়ে মুখ ঢেকে চিৎকার করে ওঠে—না, না, না। ভয়ে সে পালিয়ে যায়। আমার ভেতর রক্ত জমাট বাঁধতে থাকে। এই মেয়ে আমাকে বিপদে ফেলিয়ে ছাড়বে। আমি লুকিয়ে পালালাম। অনেক পালিয়ে বেড়িয়েছি। কখনো এ গলিতে তো কখনো ও পাড়ায়। কিন্তু প্রতিটি গলিই ছিল অন্ধকার গলি। প্রতিটি পাড়াই ছিল বন্ধ। অপয়া শহর থেকে বেরুনোর কোন পথ দেখা যাচ্ছিল না। এভাবে পালাতে পালাতে এক নির্জন শহরে গিয়ে পড়ি। বহু দূর পর্যন্ত লাশ আর লাশ দেখা যাচ্ছিল। আশেপাশে কোনো জীবিত মানুষ চোখে পড়ল না। আমি ভীত ও উদ্বিগ্ন হয়ে এক মহল্লা থেকে আরেক মহল্লায়, এক গলি থেকে আরেক গলিতে যাই। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে সুনসান নীরবতা। গলি সব নির্জন। কোনো কোনো বাড়ির জানালার কপাট এতটুকু খুলত যে ওতে শুধু দুটি ভীত চোখ দেখা যেত। পরক্ষণেই তাড়াতাড়ি কপাট বন্ধ হয়ে যেত। ভেবে পাচ্ছিলাম না এ কেমন শহর। মানুষ আছে কিন্তু ঘরের ভেতর বন্দি। শেষমেষ একটি মাঠ পাওয়া গেল যেখানে একটি নির্মিত তাঁবু ভেঙে পড়ে আছে। শিশুরা ক্ষুধায় কেঁদে অস্থির। বড়দের ঠোঁঠে ব্যথা জমে আছে। মায়েদের বুক শুকিয়ে গেছে। সবুজ চেহারা ফুটা হয়ে গেছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েরা বুড়িয়ে গেছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু একটা তো বলো—এ কোন ধরনের বসতি, এখানে কী এমন বিপর্যয় ঘটে গেছে যে ঘরগুলো জেলে পরিণত হয়েছে, গলিতে ধুলো উড়ছে। উত্তর এলো, রে দুর্ভাগা, তুই নৈরাশ্যের শহরে আছিস। আর আমরা, অভাগারা এখানে চুপচাপ মৃত্যুর প্রতীক্ষা করছি। এ কথা শুনে আমি এক এক করে সবার মুখের দিকে তাকাই। সবার চেহারায় মৃত্যুর ছায়া। প্রত্যেকের কপালে লেখা ছিল দুর্ভাগ্য। ওদেরকে দেখে আমার সন্দেহ হয়। বলি, সত্যি করে বলো তো, তোমরা কি তারাই নও যারা এ বসতিকে 'নিরাপদ শহর' জেনে বহু দূর থেকে এসে এখানে থিতু হয়েছ। ওরা বলল, ঠিকই চিনতে পেরেছিস। আমরা ঘরহারা গোত্র থেকে আগত। আমি জিজ্ঞেস করলাম, ঘরহারার দল তোমরা 'নিরাপদ শহর'-কে কী রকম পেলে। বলল, ঈশ্বরের কসম, আমরা নিজেদেরকে জুলুমের মধ্যে ভোর করেছি। এ কথা শুনে আমি হাসলাম। আমার হাসিতে ওরা শঙ্কিত হয়ে ওঠে। আমি আরো জোরে হাসলাম। ওরা আরো বেশি আতঙ্কিত হয়ে চলে গেল। এরপর এ খবর পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে যে নৈরাশ্যের শহরে এক আগন্তুকের আবির্ভাব ঘটেছেÑ যে হাসে।
এই আজকের দিনেও?
হুঁ, এই আজকের দিনেও
মানুষসব আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। এসব হতভম্ব ও আতঙ্কিতরা আমার আশেপাশে জড়ো হতে শুরু করে। প্রথমে দূরে থেকে ভয় নিয়ে আমাকে হাসতে দেখে। এরপর হিম্মত করে কাছে এসে কানাঘুষা করতে থাকে, এ তো দেখছি সত্যি সত্যিই হাসছে!
এ কোন পাগল?… কোত্থেকে এসেছে?
আল্লাই ভালো জানেন।
ওদের গুপ্তচর নয় তো আবার?
হতেও পারে। তাদের একজন আরেকজনের চোখে চোখে তাকায়। আমি তখন বলি, ভদ্রে, আমি তাদের দলের নই।
তাহলে কাদের দলের?
আমি কাদের? চিন্তায় পড়ে গেলাম। এ সময় এক প্রৌঢ় মজমা থেকে বেরিয়ে এসে বলল, তাদের মধ্য হতে না হলে তুই মাতম কর।
কাদের জন্য মাতম করব? আমি জিজ্ঞেস করি।
বনি ইসরাইলের জন্য।
কেন?
এ জন্য যে, যা ঘটেছিল তা আবার ঘটেছে এবং যা ঘটেছে তা আবারো ঘটবে।
এ কথা শুনে হাসি আমার উবে যায়। আমি আক্ষেপ করে বলি, মহাশয়, আপনি কি দেখেছেন, যারা নিজভূমি থেকে নিক্ষিপ্ত হয়ে যায়, কোনো ভূমিই তাদের গ্রহণ করে না।
আমি দেখেছি এবং এ-ও জেনেছি যে তাবৎ ভূমিই জালিম।
যে ভূমি জন্ম দেয় তা-ও?
হ্যাঁ, যে মাটি জন্ম দেয় তা-ও এবং যে ভূমি 'দারুল আমান' হয় তা-ও। আমি কোনো এক বিস্মৃত নগরে জন্মেছি। এ ফকির জেনেছে যে, পৃথিবীতে আছে শুধু দুঃখ। মুক্তির কোনো উপায় নাই। সমস্ত ভূমিই জালিম।"
আর আকাশ?
আকাশের নিচের সবকিছুই মিথ্যা।
আমি খানিকটা ভেবে বললাম, এটা চিন্তার বিষয়।
চিন্তাও মিথ্যা।
মহাশয়, চিন্তাই তো জ্ঞানের মূল।
বললেন, জ্ঞানও মিথ্যা।
তাহলে সত্যটা কী—আমি বাধ্য হয়ে জিজ্ঞেস করি।
সত্য? তা আবার কী?
সত্য—আমি জোর দিয়ে বলি।
তিনি স্বাভাবিকভাবে বললেন, যাকে সত্য বলা হয়, তাও মিথ্যা।
আমি এসব শুনে চিন্তা করলাম, এ বৃদ্ধ মৃত্যুর ঘোরে আচ্ছন্ন। এ বসতি ধ্বংসের পথে। এদেরকে এদের মতো ছেড়ে এখান থেকে বের হয়ে নিজেকে বাঁচিয়ে রাখা চাই। তাই সে গোত্র থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের জান নিয়ে পালাই। কিন্তু এরপর এক অদ্ভুত মাঠে গিয়ে পড়ি। যেখানে সৃষ্টি উপচে পড়ছিল। বিজয়ের নাকাড়া বেজে চলেছিল। লোকদের জিজ্ঞেস করলাম, এ কোন সময়, এটা কিসের স্থান। একটা লোক কাছে ভিড়ে কানে কানে বলল, এটা পতনের কাল, এ স্থান সতর্ক হওয়ার।
আর ওটা কে যার মুখে থুতুু নিক্ষেপ করা হয়েছে?
লোকটা আমাকে বিষেভরা চোখে দেখে নিয়ে বলল, তুই ওকে চিনতে পারছিস না?
না।
রে বিশ্রি মানব, এটা তো তুইই।
আমি? ভীষণ ঘাবড়ে গেলাম।
হ্যাঁ, তুই।
লোকটাকে গভীরভাবে দেখি। আমার চোখে বিস্ফোরণ ঘটে, ওটা আসলে আমিই ছিলাম। আমি নিজেই নিজেকে চিনতে পারি এবং মরে যাই।
তৃতীয় ব্যক্তি বলে, নিজেকে চিনতে পারার পর বেঁচে থাকাটা কত কঠিন হয়ে পড়ে।
প্রথমজন তাকে ভালোভাবে দেখে জিজ্ঞেস করে, ঐ ব্যক্তি তাহলে তুমিই ছিলে যার মুখে থুতু নিক্ষেপ করা হয়েছিল।
হ্যাঁ, সে আমিই ছিলাম।
আমি ভাবছিলাম সে ব্যক্তি আমিই ছিলাম—প্রথমজন বলে।
তুমি?
হ্যাঁ, এমনটাই আমার ধারণা ছিল। যাকগে, এ কথা জানা হয়ে গেল যে তা শুধু ধারণাই ছিল। যার মুখের উপর থুতু মারা হয়েছিল সে আমি ছিলাম না; ছিলে তুমি। এ কথা বলে প্রথম ব্যক্তি আশ্বস্ত হয়। কিন্তু ধীরে ধীরে সে অস্বস্তিবোধ করতে থাকে। এক বেদনার সাথে ঐ মুহূর্তটি মনে পড়ে যখন তার মুখের উপর থুতু নিক্ষেপ করা হয়েছিল। এবার যখন সে বলল তখন আর তার কণ্ঠ আগের মতো সহজ ছিল না। সে দ্বিতীয় ব্যক্তিটিকে বলল, আমি ভুল বলেছি। তুমিও আমাকে ভুল বুঝেছ। সে আসলে আমিই ছিলাম, যার মুখের উপর থুতু নিক্ষেপ করা হয়েছিল।
দ্বিতীয় ব্যক্তি তার সে ভঙ্গিতেই অসহায় কণ্ঠে বলল, যার উপর থুতু নিক্ষেপ করা হয়েছিল আমি সেই চেহারাকে অত্যন্ত নিবিষ্টভাবে দেখেছি। তা বিলকুল আমারই চেহারা ছিল।
প্রথমজন এবার দ্বিতীয় ব্যক্তিকে আপাদমস্তক গভীরভাবে দেখে। চট করে তার মাথায় ভাবনাটা আসে। ওকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা, তুমিই আবার আমি নই তো?
আমিই তুমি?…নাহ, কখনোই না। আমি নিজেকে চিনে ফেলেছি। আমি এ ধরনের কোনো ভুলের শিকার হতে পারি না।
তুমি তোমাকে কিভাবে চিনলে? প্রথমজন জিজ্ঞেস করে।
দ্বিতীয় ব্যক্তির উত্তর, আমি সেই ব্যক্তি যার মুখের উপর থুতু নিক্ষেপ করা হয়েছে।
এই উপলব্ধি তো আমারও—প্রথমজন বলে, আর এ জন্যই আমার সন্দেহ, হয়তো তুমিই আমি।
কিন্তু এটা কি জরুরি যে—দ্বিতীয় ব্যক্তি বলে, প্রত্যেক ওই চেহারা যার উপর থুতু নিক্ষেপ করা হয়েছে তা তোমার চেহারাই হতে হবে?
বলেছ ঠিকই, কিন্তু এমনও তো হতে পারে যে তোমার চেহারা তোমার নয়, তা আসলে আমারই।
এ কথায় দ্বিতীয়জন বেশ একটা দ্বিধায় পড়ে গেল। সে সন্দেহভরা চোখে প্রথমজনকে দেখে। উভয়ে একে অন্যকে দীর্ঘ সময় সন্দেহ নিয়ে দেখে আর নানা রকম সংশয়ে ভোগে। শেষপর্যন্ত দ্বিতীয়জন আগ বাড়িয়ে বলে, আমরা মৃত। একজন আরেকজনকে কিভাবে চিনতে পারি?
প্রথমজন বলে, যখন আমরা মৃত ছিলাম না তখন কি একজন আরেকজনকে চিনতাম?
এ কথার পর দ্বিতীয়জন লা-জওয়াব হয়ে পড়ে। ঠিক তখুনি তৃতীয়জনের মাথায় এক আজব প্রশ্ন দেখা দেয়। সে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে নিজের লাশ নিয়ে এসেছ কে? প্রথম ব্যক্তি বলে, আমি নিয়ে এসেছি। সে বলে, তো আর বাতাসে তীর চালিয়ে কী লাভ। লাশকে দেখে নাও। এখনই দুধ আর জল আলাদা হয়ে যাবে।
এ কথা মেনে নিয়ে তিন জনই লাশের কাছে যায়। তৃতীয়জন লাশকে দেখে ভয় পেয়ে বলে, এর চেহারা তো বিকৃত হয়ে গেছে, এবার কিভাবে সনাক্ত হবে?
দ্বিতীয়জন বলে, চেহারা বিকৃত হয়ে গেছে ঠিক, তবে এটা তো প্রমাণিত হলো যে এটি আমারই লাশ। মুখে যখন থুতু নিক্ষেপ করা হয়েছিল তখন আমার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল।
চেহারা তো আমারও বিকৃত হয়ে গিয়েছিল—প্রথমজন বলল।
তোমার চেহারা কবে বিকৃত হয়েছিল?
আমার চেহারা তো তখনই বিকৃত হয়ে গিয়েছিল যখন দীর্ঘকেশী, লাল টিপপরা সুন্দরী মেয়েটিকে তার ভাইয়ের হাতে উলঙ্গ করিয়েছিলাম।
দু'জনই তার চেহারা নিরীক্ষণ করতে লাগল। তারপর দু'জনই এক সঙ্গে বলল, আর তুমি এই বিকৃত চেহারা নিয়েই এতদিন ধরে মানুষের মাঝে চলাফেরা করে আসছ?
হ্যাঁ, আমি আমার বিকৃত চেহারা নিয়েই মানুষের মাঝে চলাফেরা করে আসছি। এমনকি আমার পিতা আমাকে দেখে চোখ বন্ধ করে নেন। এরপর আমি মরে যাই।
প্রথমজন তার পিতার উল্লেখ করলে দ্বিতীয়জনেরও তার পিতার কথা মনে পড়ে গেল, আমার বাবাও কিছুটা এ রকম কারণেই মারা গেছেন। আমি তার কাছে গিয়ে আমার প্রতি তার ভালোবাসা বৃদ্ধির কোশেশ করে বলি, বাবা, আপনার পুত্র আজ মরে গেছে। বাবা আমার বিকৃত ছুরত দেখতে থাকেন। বলেন, ভালোই হলো, তুমি আমার কাছে আসার আগেই মরে গেছ। এসব কিছু করার ও দেখার পরও তুমি জীবিত এলে তোমাকে কেয়ামত পর্যন্ত জীবনের গ্লানি টানার বদদুয়া দিতাম… এই ছিল আমার পিতার শেষ কথা। এরপর তিনি চিরদিনের জন্য চুপ হয়ে গেছেন।
প্রথম ব্যক্তি তার শুকনো কণ্ঠে বলে, আমাদের বুড়ো পিতারা তাদের তাগড়া জোয়ান পুত্রদের চেয়েও বেশি আত্মসম্মানবোধ সম্পন্ন ছিলেন। অথচ আমরা তাদের সাথে কী করলাম। আমি আমার বিকৃত চোহারার লাশ নিয়ে এখানে চলে এসেছি আর আমারই পিতার লাশ ফেলে এসেছি ওখানে।
দ্বিতীয় ব্যক্তি এ কথা শুনে চমকে উঠে বলে, আমার তো এ চিন্তাটাই আসে নি যে, আমি আমার পিতার লাশ ওখানে ফেলে এসেছি।
তৃতীয় ব্যক্তি ক্রুর হেসে বলে, আগে যখন আমরা বেরিয়েছিলাম তখন বাপদাদার কবরগুলো ফেলে এসেছিলাম। এবার যখন এলাম তখন নিজেদের লাশগুলোও ফেলে এসেছি—এ কথা বলতে বলতে তার হাসি উবে যায়। এক ধরনের বিমর্ষতা চেপে ধরে। তার প্রথমবার দেশত্যাগের কথা মনে পড়ে। অতীতের ঝাঁপসা স্মৃতিতে কত দৃশ্যই মনে পড়ে। উজ্জ্বল চেহারার এক সমাবেশ ছিল, সবই উছলে পড়ে দৃশ্যের ভেতর। তারপর চেহারাগুলো ভোজবাজির মতো এমনভাবে অদৃশ্য হয়ে গেল যে আর দেখাই গেল না। এরপর এই দ্বিতীয়বারের বেরিয়ে পড়া, এখন আবার… সে কিছুটা অবিশ্বাস নিয়ে মনে মনে বলে, আমার তো আসলে জানা নেই যে, আমি কি বেরিয়ে এসেছি নাকি বেরিয়ে আসি নি। কিন্তু বহু উজ্জ্বল মুখ চোখের আড়ালে চলে গেছে। কত কত উজ্জ্বল মুখ তখন হারিয়েছে, কত কত উজ্জ্বল মুখ এবার অদৃশ্য হয়ে গেছে। সে ভেবে অবাক হয় যে, উজ্জ্বল মুখগুলোতে যে বেদনা সে তখন দেখেছিল সে একই বেদনা এবারও দেখেছে। বিমর্ষ হয়ে সে প্রথম ও দ্বিতীয়জনকে বলে, আমি ভুল বলেছিলাম। দু'বারই একই ঘটনা ঘটেছে। আমরা আমাদের বিকৃত চেহারা নিয়ে এখানে চলে এসেছি এবং উজ্জ্বল মুখগুলোকে পেছনে ফেলে এসেছি।
দ্বিতীয় ব্যক্তি শূন্যে ভাসতে থাকে। এরপর উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলে দু'জনই বলে, কোথায় যাচ্ছ তুমি?
বলে, ওখান থেকে কমসে কম আমার পিতার লাশটা অন্তত নিয়ে আসা চাই।
এখন আর ওখান থেকে কোনো লাশই আনতে পারবে না।
কেন?
সমস্ত পথই বন্ধ।
তাই? তার মানে আমার পিতার লাশ ওখানেই পড়ে থাকবে?
প্রথম ব্যক্তি বলে, তোমার পিতার লাশ এখানে এনে কী করবে? আমাকে দেখ, আমি আমার লাশ নিয়ে এসেছি এবং লাশটাকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরছি।
ওটাকে দাফন করছো না কেন? —তৃতীয়জন বলে।
কোথায় দাফন করব? এখানে জায়গা আছে দাফনের?
তার মানে এখানে এখন আমাদের দাফনের জায়গাও হবে না?—দ্বিতীয়জন বলে।
না, দাফনের জন্য এ জায়গা চমৎকার কিন্তু কবর এখানে আগে থেকেই অনেক। নতুন করে আরো কবরের জন্য এখন আর জায়গা বের করা যাবে না।
এ কথা শুনে তৃতীয়জন মাতম শুরু করল। দু'জনই বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কী মনে করে মাতম শুরু করলে?
আমি এটা ভেবে কাঁদছি যে, আমাকে এখনো মরতে হবে অথচ এখানে নতুন কবরের জায়গা নাই। আবার কোথায় যাব?
তুমি মরো নি?—দু'জনই তাজ্জব বনে যায়।
না, আমি এখনো জীবিত।
দু'জনই অবাক হয়ে দেখে—তুমি নিজেকে জীবিত জানো?
হুঁ, জীবিতই কিন্তু…
কিন্তু?—দু'জনই জিজ্ঞাসু দৃষ্টিতে থাকায়।
কিন্তু লা-পাত্তা, নিখোঁজ।
লা-পাত্তা?
হুঁ, লা-পাত্তা। এটা তো জানা কথাই, এই প্রলয়সময়ে বহু লোক গায়েব হয়ে গিয়েছে।
তোমার কি জানা আছে যে— প্রথমজন বলে, যারা লা-পাত্তা হয়েছে তাদের বহু সংখ্যক নিহত হয়ে গিয়েছে।
আমার এ কথা জানা আছে কিন্তু আমি নিহতদের মধ্যে নই।
অনেকেই এভাবে মরেছে যেভাবে আমরা মরেছি।
আমি তোমাদের মতো মৃতদের মধ্যে নই।
তুমি যখন লা-পাত্তাই, তখন এটা তুমি জানলে কিভাবে?
ঘটনা হলো, অপয়া শহরে জীবিতদের খোঁজ মিলছিল না কিন্তু মৃতদের লাশ রোজই প্রকাশ্যে পাচ্ছিল। সুতরাং আমি মরে থাকলে যে কোনো উপায়েই হোক আমার লাশ এতক্ষণে প্রকাশ্যে চলে আসত।
তুমি মরে না থাকলে তোমার বন্দিদের ভেতর থাকার কথা। আর যদি তুমি বন্দিদের ভেতর থেকে থাকো তবে ধরে নাও, আবর্তন পূর্ণ হয়ে গেছে।
তৃতীয়জন চেঁচিয়ে ওঠে, আবর্তন পূর্ণ হয়ে গেছে এর মানে কী?
মানে হলো—দ্বিতীয়জন বলে, তুমি ঘুরতে ঘুরতে আবারো সে শহরে পৌঁছে গেছ যে শহর থেকে একদিন তুমি বেরিয়ে গিয়েছিলে। আমার এক বন্ধুর বেলায়ও এমনটাই ঘটেছে। সে বন্দি হয়ে সেখানেই পৌঁছে যায় যেখানে সে জন্মেছিল। সে যখন ওখান থেকে পালানোর কোশেশ করছিল তখন আরেক সঙ্গী তাকে বলল, দোস্ত, এখান থেকে কেন পালাচ্ছ, এ মাটি তোমাকে কী বলে? সে কেঁদে কেঁদে বলে, যখন আমি বন্দিশালার ফাটল দিয়ে উঁকি মারি তখন সামনে সরিষা ক্ষেত আন্দোলিত হতে দেখতে পাই। সরিষাফুল এখন প্রস্ফুটিত হতে শুরু করেছে। বসন্ত নিকটেই। জন্মভূমি আর বন্দিত্ব এক হয়ে আমার ভেতর কেয়ামত ঘটিয়ে দিচ্ছে। বসন্তও এসে পড়লে কেমনটা হবে। বসন্ত, জন্মভূমি এবং বন্দিত্ব… নাহ, এই তিনটের একত্র হওয়া চলবে না। এতে কষ্ট অনেক। তারপর এক রাতে সত্যি সত্যি ও বন্দিশালা থেকে পালিয়ে গিয়ে লা-পাত্তা হয়ে যায়।
লা-পাত্তা হয়ে গেছে?—তৃতীয় ব্যক্তি চমকে ওঠে, ওই ব্যক্তি আমিই ছিলাম না তো … হয়তোবা… সরিষা আমার শহরেও অমন করে ফুটতো।
না, সে তুমি ছিলে না।
বসন্ত, জন্মভূমি এবং বন্দিত্ব… তৃতীয় ব্যক্তি বিড়বিড় করে, দুশ্চিন্তায় পড়ে যায়। বলে, নাহ, সে আমি হতে পারি না। আমি বন্দিদের মাঝে ছিলাম না।
প্রথম ব্যক্তি বলতে থাকে, বন্দিত্বের সুযোগে জন্মভূমিতে ফিরে আসাটা বড় অদ্ভুত ব্যাপার।
দ্বিতীয়জন বলে, গত হওয়া মানুষেরা বন্দিদের মধ্যে শামিল হলে তারা আজ তাদের হারানো ভূমিতেই থাকত।
তৃতীয়জন কাঁপা কাঁপা গলায় বলে, হুঁ, আসলেই বড় আজব ব্যাপার। আমার দাদি গাদ্দারের কেচ্ছা শুনাতেন। তিনি আমাদের বলতেন কত কত লোক সেই দিনগুলোতে গায়েব হয়ে গিয়েছিল। নিজের শহর ছেড়ে এমনভাবে গেল যে আর ফিরল না কোনোদিন। একজন নারী ছিলেন যিনি ফিরিঙ্গিদের সঙ্গে বেশ লড়াই করেছিলেন। একদিন সেই নারী নিজের ঘরদোর ফেলে আপন সুগন্ধময় শহর ছেড়ে নেপালের জঙ্গলে চলে যান। বনে বনে বেপরোয়া ঘোরেন এবং হারিয়ে যান—এসব বলতে বলতে সে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, বিপদগ্রস্ত শহরে নিখোঁজ হওয়ার চে' মানুষের জন্য উত্তম হলো গভীর ও ভয়াল জঙ্গলে হারিয়ে যাওয়া। এ কথা বলে সে থামে এবং কল্পনার জগতে হারিয়ে যায়। তার আবারো প্রথমবার শহরত্যাগের কথা মনে পড়ে গিয়েছিল। দীর্ঘ সময় কল্পনার জগতে ডুব মেরে উঠে আফসোসের সঙ্গে বলে, হায়, আমি যদি নেপালের জঙ্গলের মুহাজির হতাম।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়; এবার তিনজনই নীরব। নীরব এবং স্থাণু। যেন বলার ও নড়ার আকাক্সক্ষা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। ওরা এভাবেই গুম হয়ে বসেছিল। শেষে ধীরে ধীরে তৃতীয় ব্যক্তি অশান্তি অনুভব করে। সে প্রথমজনকে দেখে, দ্বিতীয়জনকে দেখে। দু'জনই নির্জীব বসে নিশ্চল চোখের মণি ফেলে শূন্যে চেয়ে আছে। তার সংশয় দেখা দেয়, সে নিজেও নির্জীব হয়ে যায় নি তো। সে যে নির্জীব হয়ে যায় নি সে বিশ্বাস ফেরানোর জন্য চেষ্টা করে নড়াচড়া করে। দীর্ঘ হাই তোলে এবং মনে মনে আশ্বস্ত হয়ে বলে, হুম, ঠিকাছি। এরপর প্রথম ও দ্বিতীয়কে সম্বোধন করে বলে, এখান থেকে এবার চলো। মূলত সে নিজের অস্তিত্বের ঘোষণা করতে চাইছিল।
দু'জনেই কিছুটা ভেবে নিয়ে শূন্য থেকে নিজেদের আলোহীন দৃষ্টি তার উপর ফেলে। শুকনো গলায় বলে, কোথায় যাব। যাওয়ার আর আছে কোথায়, আমরা তো মৃত।
তৃতীয় ব্যক্তি ভীত হয়ে দু'জনের বিকৃত চেহারা এবং নিশ্চল নিষ্প্রভ চোখগুলোকে দেখে। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। না হয় আমিও নির্জীব হয়ে যাব। সে ভাবতে থাকে। এরপর সাহস করে উঠে দাঁড়ায়। দু'জনই তাকে উঠতে দেখে এবং অনুভূতিহীন গলায় জিজ্ঞেস করে, তুমি কোথয় যাচ্ছ?
সে বলে, আমাকে দেখতে হবে যে আমি কোথায় আছি। এ কথা বলে কিছুটা বিরতি নেয়। তারপর ভেবে বলে, আসলেই আমি বন্দিশালায় নেই তো এবং ওখানেই পৌঁছে যাই নি তো?
কোথায়?—প্রথমজন জিজ্ঞেস করে।
সে যেন প্রথমজনের কথা শুনতেই পায় নি। দ্বিতীয় ব্যক্তির মুখের উপর দৃষ্টি ফেলে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত, সে বন্দিশালা থেকে পালিয়েছিল।
হ্যাঁ, সে প্রস্ফুটিত সর্ষে দেখে আপন শহরের বন্দিশালা থেকে পালিয়েছে।
তুমি কি নিশ্চিত, সে ব্যক্তি আমি ছিলাম না?
না—দ্বিতীয়জন বলে, বলতে বলতে তৃতীয় ব্যক্তিকে গভীরভাবে দেখে। প্রথমবারের মতো দ্বিতীয় ব্যক্তি তৃতীয়জনকে ভালো করে দেখল। তারপর অবাক-বিস্ময়ে বলে, তুমি কি নৈরাশ্যের শহরে ছিলে না?
ঠিক ধরেছ, আমি নৈরাশ্যের শহরেই ছিলাম।
তোমাকে চিনেছি অনেক কষ্টে। তোমার চেহারা বিকৃত হয়ে গেছে। কিন্তু যখন নৈরাশ্যের শহরে ছিলে, যখন মৃত্যুর জন্য অপেক্ষারতদের সঙ্গী ছিলে তখন তো চেহারা ঠিকই ছিল। এই বিকৃতি কবে কিভাবে হয়েছে?—এ কথা শুনে তৃতীয়জন লজ্জা পেল। ইতস্ততভাবে বলল, ধরে নাও, যখন আমি ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম তখন থেকেই বিকৃতির শুরু।
আজব তো, তুমি ওখান থেকে বেরিয়ে এলে অথচ নৈরাশ্যের শহরের সমস্ত পথই বন্ধ ছিল তবু তুমি ধরা পড়লে না।
ধরা পড়ব কিভাবে, চেনা গেলে তো ধরবে। বিকৃত হয়ে আমার চেহারাই তো বদলে গিয়েছিল।
এর অর্থ হলো—প্রথম ব্যক্তি বলে, তোমার বিকৃত চেহারাই তোমার মুক্তিদাতা।
দ্বিতীয় ব্যক্তি বলে, এখনই এতটা খুশি হওয়ার কিছু নাই। এখনো তো এটাই জানা গেল না যে, লোকটা আছে কোথায়। যদি ওখানেই কোথাও লুকিয়ে থাকে তবে আজ না হোক, কাল না হোক পরশু তো চিহ্নিত হবেই, ধরাও খাবে।
এটাই তো আমাকে অস্থির করে তুলছে। এ জন্যই চাইছিলাম একবার গিয়ে দেখি আমি আসলে আছি কোথায়।
তুমি না হয় জেনেই গেলে তুমি কোথায় আছ। এতে কী লাভ হবে?—দ্বিতীয় ব্যক্তি বলল।
ওখান থেকে বেরুনোর কোনো উপায় বের করব।
বেরুনোর উপায়? —দ্বিতীয়জন ওকে অবাক হয়ে দেখে, ওহে লা-পাত্তা মানব, তোমার কি জানা নাই যে সব পথই বন্ধ?
এটা তো ঠিকই। কিন্তু কত আর নিখোঁজ থাকব। আমাকে আমার খোঁজ নিতেই হবে। আর বলাও তো যায় না, বেরুনোর কোনো পথও হয়তো তৈরি হয়ে যাবে।
আরে বোকা, বেরিয়েই বা তুমি যাবে কোথায়?—দ্বিতীয়জন বলে।
কোথায় আর যাওয়ার। এখানেই চলে আসব। তাছাড়া, আগেও তো আগন্তুকরা এখানেই এসেছিল।
প্রথমজন তাকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে, এখানে?… এখানে তুমি কোথায় আসবে? আমি কি তোমাকে বলি নি আমার লাশ গোরহীন পড়ে আছে।
তৃতীয় ব্যক্তি দুশ্চিন্তায় পড়ে গেল, তাহলে যাব কোথায়?
দ্বিতীয় ব্যক্তি দু'জনকেই দেখে নিয়ে বলে, আরে ও কুতসিত চেহারার লোকেরা, তোমাদেরকে আমি গেঁয়ো লোকটির কথা বলি নি? সমস্ত মাটিই জালিম, আকাশের নিচের সমস্ত বস্তুই মিথ্যা এবং বিতাড়িতদের জন্য কোথাও আশ্রয় নাই।
তো?—তৃতীয় ব্যক্তি নিরাশ হয়ে জানতে চায়।
দ্বিতীয় ব্যক্তি দীর্ঘক্ষণ অপলক নেত্রে তাকে দেখতে থাকে। তৃতীয়জনের মনে হয় যেন সে নির্জীব হতে চলেছে। এরপর বলে, তো, হে নিখোঁজ মানুষ বসে যাও। আর জানতে চেয়ো না তুমি কোথায় আছ। শুধু জেনে রাখো তুমি মরে গেছো।