২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এর্নেস্তো কার্দেনালের কবিতা

আলম খোরশেদ আলম খোরশেদ

Published : 30 Jun 2016, 12:39 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
Cardenal

কবি পরিচিতি: নিকারাগুয়ার প্রখ্যাত পাদ্রি কবি এর্নেস্তো কার্দেনাল-এর জন্ম ১৯২৫ সালে। নিকারাগুয়ার সান্দিনিস্তা বিপ্লবের অন্যতম সংগঠক ও সৈনিক কার্দেনাল, খ্রিস্টধর্ম ও মার্কসবাদের মৌলসত্তা ও শিক্ষার সম্মিলনে এক নতুন রাজনৈতিক দর্শনের জন্ম দেন, যা তাঁর কবিতারও প্রধান চারিত্রলক্ষণ। তিনি এক পর্যায়ে সান্দিনিস্তাদের বিপ্লবী সরকারের সংস্কৃতি মন্ত্রীও ছিলেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম, "Zero Hour", "Homage to the American Indian", "Psalms", "Oracle on Managua", "Flights of Victory" ইত্যাদি। অনূদিত কবিতাটি নিকারাগুয়া হ্রদে অবস্থিত সোলেন্তিনামে দ্বীপে কার্দেনালের নিজহাতে প্রতিষ্ঠিত একটি ভিন্নধর্মী আত্মিক, সামাজিক সংগঠনকে কেন্দ্র করে পরিচালিত তাঁর নিজস্ব রাজনৈতিক নিরীক্ষার ওপর ভিত্তি করে রচিত।

সলেন্তিনামের অর্থ

এর্নেস্তো কার্দেনাল

বারো বছর আগে
আমার দুই খ্রিষ্টভ্রাতাকে নিয়ে
আমি সলেন্তিনামে যাই
একটি ছোট্ট ধ্যানী সম্প্রদায় গড়ে তুলব বলে…..
ধ্যান
আমাদেরকে বিপ্লবের কাছে নিয়ে গিয়েছিল;
আর এটাই স্বাভাবিক ছিল
কেননা লাতিন আমেরিকায়
একজন ধ্যানী মানুষ
রাজনীতির লড়াইকে পিঠ দেখাতে পারে না….
আমাদেরকে যা রাজনৈতিকভাবে সবচেয়ে শানিয়ে তোলে
সেটা ছিলো সুসমাচারসমূহ।
প্রার্থনার সময় আমরা কৃষকদের সঙ্গে
এই সুসমাচার নিয়ে কথা বলি
সংলাপের মত করে,
এবং তারা বুঝতে শুরু করে
স্বর্গীয় বার্তার
সারাৎসার:
ঈশ্বর-রাজ্যের আগমনধ্বনি,
অর্থাৎ পৃথিবীতে সাম্যের সমাজ
প্রতিষ্ঠা….
আমরা প্রথমে অহিংস বিপ্লবের
চেষ্টা করেছিলাম।
পরে বুঝতে পারি
এই মুহূর্তে নিকারাগুয়ায়
অহিংস লড়াই সম্ভব নয়….
এখন আমাদের সম্প্রদায়ের
সবকিছুই শেষ হয়ে গেছে।
সলেন্তিনামে
ছিল এক টুকরো স্বর্গের মতন
কিন্তু নিকারাগুয়ায়
স্বর্গ এখনও অসম্ভব।

Image
Flag Counter