২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরিকো গার্সিয়া লোরকার কবিতা: তন্দ্রাচারীর কাব্য

খালিকুজ্জামান ইলিয়াস

Published : 02 Mar 2016, 07:52 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
lorca.jpg


…………………………………………………

অনুবাদ: খালিকুজ্জামান ইলিয়াস

…………………………………………………

তোমার যে সবুজ সে তো খুবই ভালোবাসি, মেয়ে
ভালোবাসি হাওয়ার সবুজ, বাসি শাখার সবুজ
সুদূর সাগর পটে চিত্রিত জাহাজ
পাহাড় চূঁড়ায় অশ্ব নিশ্চল দাঁড়িয়ে।
রোয়াকে দাঁড়ায় কন্যা খোয়াবের ঘোরে
কপোল সবুজ তার কুন্তল সবুজ,
চোখ দুটো রূপালী শীতল।

তোমার যে সবুজ সে তো খুবই ভালোবাসি
বেনো চাঁদ, বেদে চাঁদ, চাঁদের আলোয়
সবাই তাকিয়ে দ্যাখে কন্যার সুরৎ
সে শুধু তাকিয়ে থাকে দৃষ্টিহীন চোখে।
তোমার সবুজ, কন্যা, সে তো ভালোবাসি
আকাশে সহস্র তারা কুয়াশা জমাট
উদয়গিরির দিকে একখন্ড মৎস-মেঘ
ভেসে যায়; ডুমুর বিরিক্ষে লাগে হাওয়া, ওঠে
খসখসে কালো ডালে ঘসার আওয়াজ।
পাহাড় বেড়াল যেন বুনো ও চতুর
গোঁফের তিক্ত কাঁটা-ঝোপে দেয় তা'।
কিন্তু একি! কে ধরেছে পাহাড়ের পথ? কোন পথ?
সে রয়েছে স্বপ্নাতুর দাঁড়িয়ে রোয়াকে।
কপোল সবুজ তার, কুন্তল সবুজ
খোয়াবে সে দেখে দূর তিক্ত সমুদ্দূর।

"ওগো মেয়ে, লহ এ ঘোটক, দাও মোকাম তোমার
তোমার আরশি নেব জিনের বদলে
আমার এ তরোয়াল নিয়ে দাও তোমার চাদর
সখা মোর, দ্যাখো কত খুন ঝরে শরীরে আমার
কাব্রা গিরিপথ ধরে পায়দলে এসেছি এখন।"
"হা যুবক, ইচ্ছে হয় সবই দিই তোমার চরণে
তোমাকে বরণ করি এ বাটিকা মাঝে
কিন্তু যুবা, আমি আর নেই তো আমায়
আমার এ গৃহ নয় সে বসত আর।"

"হে বন্ধু, প্রিয়তম, আমি চাই মরতে এবার
নিজ শয্যা 'পরে শক্ত লৌহ তক্তপোষে
যদি থাকে সেরকম পালঙ্ক তোমার।
রূপালী চাদরে শুয়ে মরি আজ সুখের মরণ।
ক্ষত ও বিক্ষত আমি। গলা থেকে বক্ষাবধি
পুরোটা শরীরে দ্যাখো, চেয়ে দ্যাখো
গভীর ক্ষতের দাগ।"
"হা যুবক, তোমার পরনে দেখি শ্বেতশুভ্র জামা,
তিনশো গোলাপ তাতে ফুটে আছে-কালচে গোলাপ।
তোমার সর্বাঙ্গ থেকে ঘ্রাণ ওঠে জমাট রক্তের ।
তোমার ক্ষতের চোখ সর্বত্র তাকিয়ে রয়;
কিন্তু যুবা, আমি আর নই তো সে আমি–
বাড়িটিও নয় আর আমার বাটিকা।"

"তাহলে নাও না কেন ওপরে আমাকে ডেকে,
চলে আসি, অন্তত ওই রোয়াকে আসি উঠে
ওপরে লহ গো প্রিয়ে, সবুজ অলিন্দে, ছাদে
জ্যোৎস্না-রশ্মির পথ ধরে চলে আসি।
কিন্তু একি অকস্মাৎ শুনি যেন জলের ছপাৎ!"

অতঃপর দুজনাতে উঠে যায় রোয়াকে ও ছাদে,
রেখে যায় শোণিতের ছোপ ছোপ দাগ
পিছে ফেলে যায় শত অশ্রু বারিধারা।
ছাদের ওপরে ঊর্দ্ধে, আরো ঊর্দ্ধে জ্বলে
ছোট ছোট টিনের পিদিম, আর
হিমখঞ্জনির সুর কাটে চেড়ে ঝলমলে ভোর।

সবুজ তোমার যা তা সবই ভালোবাসি
সবুজ বাতাস আর শাখারা সবুজ
ওরা দুই সহগামী গিয়েছে ওপরে
দূরাগত হাওয়া এক জিভের ওপর
রেখে যায় কড়া স্বাদ
পীতাভ তুলসী আর পুদিনা পাতার।

"কোথায় সে, বন্ধুবর, তিক্ত হৃদয়ের সেই
মেয়েটি কোথায়, সেই দুহিতা তোমার?"
"হায় কতদিন কত রাতই না সে অপেক্ষা করেছে
তাজা মুখখানি তার, কালো এলো কেশ
অপেক্ষা করেছে সে এ গৃহের সবুজে।"

বাড়ির পুকুরে ক্ষুদে তরঙ্গরাশিতে
চিৎপাত শুয়েছিলো জিপসি বালিকা।
কপোল সবুজ তার কুন্তল সবুজ
চোখ দুটি রূপালী শীতল।
চাঁদের জমাট জলে সূঁচলো বরফদন্ড
ভাসিয়ে রেখেছে তাকে জলের ওপর।
ক্রমেই রজনী হলো গাঢ় থেকে গাঢ়তর
ঘেরাটোপ ক্ষুদ্র এক স্থানের মতোন এলো ঘিরে
সদর দূয়ারে বন্ধ কপাটে তখন
ক্রমাগত করাঘাত করছিলো মাতাল প্রহরী।

সবুজ তোমার সে তো ভালোবাসি আমি
হাওয়ারা সবুজ আর শাখারা সবুজ
জাহাজ রয়েছে স্থির সাগরের বুকে
ঘোড়াটা দাঁড়িয়ে আছে চিত্রবৎ পর্বত চূড়ায়।

Image
Flag Counter