২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যুইস ক্যারল-এর ‘হন্তদন্তের গান’

রাজু আলাউদ্দিন

Published : 20 Dec 2007, 11:32 PM

Updated : 23 Jun 2022, 04:10 PM


ল্যুইস ক্যারল (১৮৩২-১৮৯৮)

হন্তদন্তের গান

ল্যুইস ক্যারল

অনুবাদ: সুব্রত অগাস্টিন গোমেজ

গানখানি গা'ব তুষারশুভ্র শীতে
তোমাকে গানের সুরের আমোদ দিতে।

বসন্তে পাতা ধরবে যখন শ্যামল বাহার
তোমাকে বোঝাতে চেষ্টা করব অর্থটি তার।

গ্রীষ্মে যখন দিনগুলি বড় হবে
গানের মানেটা বুঝবে হয়তো তবে।

শরতে যখন পাতারা বাদামি গাঢ়
খাতার পাতায় লিখে ফেলো, যদি পারো।

* * * * *

খবর দিলাম মাছেদের, আর
বললাম, "এ-ই ইচ্ছে আমার!"

সাগরের খুদে মৎস্যেরা সত্বর
আমাকে পাঠিয়ে দিল তার উত্তর।

মাছেরা বলল, "নমস্কারম্!
পারব না এটা আমরা, কারণ—"

আবার বার্ত্তা পাঠিয়ে দিলাম, "শোনো,
কথাটা শুনলে হবে না বিপদ্ কোনোও।"

শুনে, রেগে গিয়ে মৎস্যেরা কয়,
"নিজেকে কী ব'লে সন্দেহ হয়?"

একবার বলি, দু'বার বোঝাই,
মাছেরা তথাপি হ'ল না সোজা-ই।

নিলাম একটা বড়সর হাঁড়ি
যেমনটি ঠিক হবে দরকারি।

দুরুদুরু বুক, উড়ু উড়ু মন
নলকূপে হাঁড়ি ভরছি যখন।

তখন কে যেন কানে-কানে গান গায়,
"মাছেরা এখন শুতে গেছে বিছানায়।"

সোজাসুজি আমি ব'লে দিই, "তবে
তাদেরকে ফের ওঠাতেই হবে!"

বললাম আমি ভয়ানক জোরে
সরাসরি তার কানের ভিতরে।

লোকটি বেজায় একগুঁয়ে, হাঁদা,
বলল, "অমোন চেঁচিয়ো না, দাদা!"

লোকটিকে নিয়ে হয়েছে বিপদ্-ই,
বলল, "ওদের তুলে দেব, যদি—"

একটা খড়কে-কাঠি নিয়ে বের
হলাম, নিজেই ওঠাতে তাদের।

গিয়ে দেখি, হায়, দরজা বন্ধ, কী করি, তখন
টানি আর ঠেলি, গুঁতোগুঁতি করি ইচ্ছেমতন।

বন্ধ দরজা দেখে, রাগে কাঁপি,
হাতল ঘোরাতে গেলাম, তথাপি—

AG210022@ncr.com