আব্দুল ওয়াব আল-বয়াতি: আল-হাল্লাজের আল-তাওয়াসিন থেকে পাঠ
কবি আব্দুল ওয়াব আল-বয়াতি (১৯২৬-১৯৯৯)-র জন্ম ইরাকের বাগদাদে, দ্বাদশ শতাব্দীর সুফী সাধক আব্দেল কাদির আল-জিলানির দরগাহের কাছে, যদিও রাজনৈতিক মতাদর্শ এবং জীবিকার তাগিদে তিনি হয়ে উঠবেন বিশ্ব-নাগরিক ; ঘুরে ফিরবেন লন্ডন, মস্কো, মাদ্রিদ, প্যারিস এবং বাগদাদে । নির্বাসিত জীবন কাটাবেন লেবানন, সিরিয়া, এবং মিশরে, এবং মারা যাবেন নির্বাসনে, দামেস্কায় । এবং বিশ্বের বিভিন্ন বলয়ে, আলোর বিভিন্ন তরঙ্গ-দৈর্ঘে তিনি খুঁজে ফিরবেন সূর্যের সন্তান ।
নাজিক আল-মালাইকা এবং বদর শাকির আল-সেইয়াব এবং আল-বয়াতি—এই তিন কবি আরব-বিশ্বে প্রথমে ফ্রি-ভার্স মুভমেন্ট গড়ে তুলেন, যার শুরু হয়েছিল ১৯৪৮ খ্রিস্টাব্দে । আরব বিশ্বের কবিতা যা পনের শতাব্দি ধরে আবর্তিত হয়েছে চিরায়ত আঙ্গিকের ভিতরে, অর্থাৎ, মিল এবং ছন্দের স্বাভাবিক বৃত্তে । সেই বৃত্তকে ভেঙ্গে তিনি বিষয়-ভাবনা এবং গঠনকাঠামোর দিক থেকে নির্মাণ করেছেন নতুন কবিতা । এই নিয়ে বলতে গিয়ে তাত্ত্বিক ইহসান আব্বাস সাক্ষ্য দেন, "যেখানে আল-মালাইকা এবং আল-সেইয়াব জলে একটি ঢিল ছুঁড়ে তার বৃত্তায়িত ভঙ্গী নিয়ে তৃপ্ত ছিলেন, সেখানে আল-বয়াতি জল প্রবাহের দিক পরিবর্তন করে বিভিন্ন ভঙ্গীর সম্ভাবনাকে মূর্ত করেছেন ।" [১]
বাসাম ফ্রাংগী'র ভালোবাসা, মৃত্যু, এবং নির্বাসন [১] গ্রন্থ থেকে কবি আল-বয়াতির "আল-হাল্লাজের আল-তাওয়াসিন থেকে পাঠ" কবিতাটির (দশটি অংশ) অনুবাদ বিডিনিউজের পাঠকের জন্য এখানে দেয়া হোল । সুফি সাধক আল-হাল্লাজের একমাত্র পুস্তক, আল-তাওয়াসিন বহু শতাব্দি পেরিয়ে আমাদের মতো পাঠকের জন্য রয়ে গেছে । 'তা' এবং 'সিন' এই অক্ষর দুটি আল-হাল্লাজের কাছে অতি প্রিয় ছিল, কারণ তা হোল "তাহা" এবং "ইয়াসিন" যা প্রফেট মুহাম্মদ (স)-এর নামকে নির্দেশ করে ।
কথিত আছে, আল-হাল্লাজ, তাঁর ভাববিহ্বল (=দশাগ্রস্থ) অবস্থায় উচ্চারণ করতেন, "আনাল হক," যার আক্ষরিক অর্থ হোল, "আমিই ঈশ্বর" ; অথবা তিনি বলতেন, "আমার পোশাকের ভিতরে কিংবা নীচে আল্লাহ ব্যতীত আর কিছুই নেই ।" এইসব উচ্চারণের কারণে তৎকালীন শাসক আব্বাসীয়দের রাজধানী, বাগদাদে তিনি বিচারে অভিযুক্ত হন এবং এগারো বছর কারাদণ্ড ভোগ করার পর জনসমক্ষে তাঁর শিরচ্ছেদ করা হয় । আল-হাল্লাজের শিরচ্ছেদের তিন শতাব্দি পরে সুফি কবি রুমী জানাচ্ছেন, "আমিই ঈশ্বর" নিতান্তই নির্দেশ করে সম্পূর্ণ এক নম্রতা, কারণ যিনি উচ্চারণ করেন, "আমি আল্লাহর দাস" তিনি পক্ষান্তরে দ্বৈত অস্তিত্বকে দেখান ; প্রথমত, তার নিজের ; এবং দ্বিতীয়ত, আল্লাহর ।
কবি আব্দুল ওয়াব আল-বয়াতির, "আল-হাল্লাজের আল-তাওয়াসিন থেকে পাঠ" কবিতাটি তাঁকে যুক্ত করে আরব-পারস্যের একেশ্বরবাদী ভাবুকতার ঐতিহ্যে ।
[এক]
ছয় মহাদেশব্যাপী রাতের গভীরে আমি কাঁদি । চায়নার গ্রেট ওয়ালের কাছে আমি নিয়ে আসি আমার মুখাবয়ব । পিরামিডে উৎকীর্ণ সকল খোঁদাই এবং নারীদের শোকগাথা নিয়ে আমি ডুবে মরি নীল নদীর জলে । আমি মারা যাই এবং প্রক্ষিপ্ত হতে থাকিঃ রাতের হেলানো টাওয়ারের বালু ঘড়িতে বালুর স্থানান্তর হবে, তারই জন্য অপেক্ষায় উন্মুখ আমি । কবিতার নিমিত্তে গড়ে তুলি এক জাতিসত্তা । বিখ্যাত রাজমিস্ত্রির কাছে নিয়ে যাই আমার মুখাবয়ব, আর শব্দে নির্মিত ফাঁদে বাঁধা পড়ে যাই আমি। আমার চারিপাশে গড়ে ওঠে দেয়াল, আর তা হয়ে ওঠে দীর্ঘ থেকে দীর্ঘতরঃ বই আর প্রত্যাদেশ রজ্জুর মতো বেঁধে রাখে আমার চারিধার । দেয়ালের পাদমূলে সন্ত্রস্থ, আমি চীৎকার করে উঠি । প্রভু, কেনো আমি, এই রাজ্যে দীপান্তরিত ? আর এই প্রস্তরীভূত রাতের বিড়াল যার ব্যাপ্তি এই অর্ধ মহাদেশজুড়ে, কেনো গিলে খায় আমার শরীর ? এবং কেনো সমুদ্র-উত্থিত এই নীরবতা ? কেনো নির্বাসনে শ্বাসরূদ্ধকর মৃত্যু এই মানুষের ? এই হোল মিথ্যা সাক্ষ্যের কাল, এই হোল খঞ্জ বেদুইন রাজার পিরামিডের কাল । আমার মুখাবয়ব আমি নিয়ে আসি কবিতা-প্রেমিক জাতিসত্তার কাছে । শিলীভূত দেয়ালের পিছনে আমি দেখি পরিত্যক্ত, হাজারো উদগ্রীব মানুষের ভীড় । মধ্যরাতে অপসৃয়মান হতে থাকে ধ্রুবতারা । বীভৎস চাঁদ দেখে ঘেউ ঘেউ করে কুকুর । হে প্রভু, কেনো মানুষের এই নীরবতা ?
[দুই]
এই পৃথিবীর স্বৈরাচারীদের নির্মিত বক্র পিরামিডের তলদেশ থেকে,
অনেক শতাব্দীর ছাইয়ের গাদার নীচ থেকে,
পানশালার পেছন থেকে,
আমি কেঁদে উঠি মহাদেশগুলিতে ব্যাপ্ত এই রাতে
আমি নিবেদন করেছি আমার ভালোবাসা
প্রতিটি দরজায় অপেক্ষারত বন্য পশুদের প্রতি ।
[তিন]
একার্ণব (=মহাপ্লাবন) এসে নিয়ে যায়
কারাভ্যান এবং মানব-প্রজন্ম
জাতি এবং রাজত্ব ।
[চার]
একের পর এক, স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠে হাত
কিন্তু সুলতানের তরবারি
সর্বত্রই
কাটে তাদের হাত একের পর আরেক ।
[পাঁচ]
তবে তুমি আমার প্রভু, কেনো উত্তোলিত করো নি
তোমার শক্তশালী করুণাময় হাত ?
[ছয়]
বিপ্লবের চোর
সকল যুগেই
চুরি করে নিয়ে যায় গরীবের বিপ্লব ।
[সাত]
শহীদ এবং সন্ন্যাসীদের নামের তালিকায়
অনেক নামের ভীড়ে "জাপাতা" একটি নাম !
[আট]
প্রভু, কেনো ক্রুশবিদ্ধ হয়েছিল আল-হাল্লাজ?
[নয়]
দীপ্যময় ভালোবাসার শৈশব-অরণ্যে এবং ফুলের বাগানে, আল-হাল্লাজ ছিলেন আমার সকল ভ্রমনের সঙ্গী । আমাদের রুটি আমরা ভাগ করে খেয়েছি ; ক্ষুধার্ত এবং পরিত্যক্ত দরিদ্রদের জীবনভাবনা নিয়ে লিখেছি কবিতা ; লিখেছি মহান প্রস্তর শিল্পীদের কল্পনার জগৎ নিয়ে আর বিদ্রোহী সত্তায় আলোর জন্য অনির্বাণ প্রার্থনা নিয়ে । যার মাথা স্বৈরশাসকের সম্মুখে হয়েছিল কুর্ণিশের ভঙ্গীতে অবনত, রোগ-ক্লান্ত তিনি, আল-হাল্লাজ ফিরে এসেছেন, ঘুমিয়েছেন অতিদীর্ঘকাল, বহুবার মারা গেছেন তিনি, এবং পৃথিবীর সকল শিলাময় কারাদ্বার কাঁপিয়ে তুলেছেন । আল-হাল্লাজ বলেছেন বিদায়, এবং অন্তর্হিত হয়েছে ফুলের বাগান । বিদায় !!! শৈশবের অরণ্য, যা আমার ভালবাসায় দীপ্যমান ! এই নির্বাসনে, এই দ্বীপান্তরে জল হয়ে উঠবে চোখের প্রপাত, মৃত্যু হয়ে উঠবে প্রস্থান । এই হোল মিথ্যা সাক্ষ্যের কাল, এই হোল খঞ্জ বেদুইন রাজার পিরামিডের কাল । এই হোল বিশাল শক্তির কাল, এই হোল যুদ্ধবাজ জেনারেলদের কাল, এই হোল যন্ত্রের কাল । প্রভু, যখন অশুভ আসছে সকল দরজা দিয়ে, তখন কেনো তুমি উত্তোলিত কর নি তোমার শক্তশালী করুণাময় হাত ? কেনো শব্দরা দ্বীপান্তরিত ? কেনো ভালোবাসা যন্ত্রনা হয়ে জেগে উঠে ?
[দশ]
আল-হাল্লাজকে ঘিরে দরিদ্র সকলে হয়েছে জড়ো
আগুন কুন্ডলীর চতুর্দিকে
রাতের কোনো এক সন্ত্রাস দিয়ে তাড়িত, যা
দেয়ালের পিছন থেকে
আসতে পারে কিংবা নাও আসতে পারে !
নিউইয়র্ক, নভেম্বর ২৫-৩০, ২০১৩
তথ্যপঞ্জীঃ
[১] Abdul Wahab Al-Bayati, "Love, Death, and Exile," Translated by Bassam K. Frangieh, Bilingual Edition, Georgetown University Press, 1990.
