২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি ফরাসি কবিতা

মোস্তফা তোফায়েল

Published : 02 Dec 2013, 12:22 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

আর্তুর র‌্যাঁবো'র দু'টি কবিতা

অশুভ
যখন রক্তমুখো মেশিনগানেরা ধ্বনি তোলে
প্রসারিত দিবসের আদিগন্ত, অবারিত বুকে;
যখন সৈনিক দল কর্তব্য শেষে যায় চলে
সিংহাসনে উপবিষ্ট রাজায় কুর্ণিশরাশি ঠুকে,

এবং, যখন ছোটে জনতার উল্লসিত ভিড়,
হাজার হাজার লোক গড়ে তোলে ধুম্র পাহাড়-
আহা, কী আহম্মক! ম'রে ভূত! গ্রীষ্মঘাস নীড়,
প্রকৃতি বুকেই পাতে শেষ শয্যা! হাসি নেই আর।

সুবর্ণবলয় ঘেরা, সদা হাস্য, 'ঈশ্বর' নামের
আছেন একজন প্রভু। তিনি শুধু প্রার্থনা জপেন
আধো ঘুমে ঢুলু ঢুলু। বাতাসেরা সুগন্ধি সফেন।

মহা প্রভু 'ঈশ্বর' এর ঘোর কাটে সুখ-আরামের
মাত্র একটু ক্ষণ, শোকে আর্ত মায়েরা যখন
ফেলে তার দানবাক্সে ফুটোকড়ি, কেবলই তখন।


শৈলনিবাস

সুবর্ণ সকাল আর থরো থরো পড়ন্ত বিকেলে
হঠাৎ আবির্ভূত হলো আমাদের সেনাদল,
গাঁওগেরামের বিপরীতে শুয়ে থাকা উষ্ণ সাগরের বুকে।
আমাদের আশ্রয়-আর্ত হৃদয়ে ফুটে উঠলো
আশাভরসার বিস্তীর্ণ এক শৈলমালা–
এপিরাস, পেলোপনেসিয়া, জাপান কিংবা আরব ভূমির মতো।
সেখানে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল বক্তৃতায় ও তর্কে বিনির্মীত
আলো ঝলমল কতক তীর্থকেন্দ্র;
তারপর সেখানে গড়ে উঠলো আধুনিক প্রতিরক্ষাঋদ্ধ বালুকাবেলা,
যেখানে সহাস্য পুষ্পরাজি ও মদিরাসিক্ত আমুদেরা উৎসবমুখর।
কার্থেজের সাথে সংযোগ স্থাপিত হলো পয়ঃপ্রণালি দিয়ে,
ভেনিস অভিমুখে গড়ে উঠলো সু-উচ্চ বাঁধ;
মায়াময়ী এট্না দেবীর রহস্যঘেরা ঢুলু ঢুলু শরীর থেকে হঠাৎ ঘটতে থাকলো
আলোর উৎসরণ আর ভূস্তরের ফাটল থেকে টগ্বগ্ ফুটে উঠলো
পুষ্পদল, জলরাশী ও হৈমদ্যুতি।

এখন এখানে আছে এমন সব শৌচাগার
যেগুলো জার্মান পপ্লার গাছে ঘেরা, কিংবা রূপকথার দোলায়মান বনবীথিকা;
আরো আছে 'রয়্যাল' অথবা 'গ্রান্ড' আদলের চক্রাকার পাতাল ভবন
এবং উড়াল রেলপথ।
ইটালি, অ্যামেরিকা কিংবা এশিয়ার ইতিহাসের সবচেয়ে জৌলুশময়
আলিশান প্রাসাদের সাথেই মিল খুঁজে পাওয়া যেতে পারে আমাদের এই শৈলনিবাসটির।
এর চাক্চিক্যময় দরোজা জানালাগুলোতে দোলা দিয়ে যায় বিলাসী হাওয়া।
শুধুমাত্র ব্যয়বহুল পানীয়ই পরিবেশন করা হয় এই শৈলনিবাসে।
এখানকার সবকিছুই পর্যটক-গ্রাহকদের
শৌখিন শিল্পবোধ এবং যুগ-চাহিদা মেটানোর জন্য নিবেদিত।

এসব নিয়েই আমাদের এ শৈলনিবাসের শোভন সুন্দর নামকরণ:
'রয়্যাল প্রমোন্টরি ওটেল'।

শা্র্ল বোদলেয়ারের দুটি কবিতা


নৌ-যাত্রা

ভাবে শিশু
ভূগোল, রঙিন ছবি দেখে,
ভূধর দেখার সাধ মেটানো সহজ!
নক্ষত্ররাজির আলো বিভাসিত পৃথিবীর রূপ
কী বিশাল উজ্জ্বল আজ!
দিবসের ব্যবধানে সেই রূপ ক্ষুদ্র এক ফোঁটা
শুষ্ক আলোক শুধু!

একদা সকাল বেলা,
তুলে পাল ধরে হাল সাহসে উথাল
নৌকো ভাসিয়ে দেই বিশ্বাসের সরল সাগরে।
ঢেউয়ের মখ্মল ফেনা উচ্ছল ফোলে ;
সাগর বিশাল, ভারী ! আমাদের অকুল ভাবনা
দোল-খায় দোলনার তালে।

সস্তা স্বগৃহবাস সহজ, সেকেলে, অলস।
এটাকে পেছনে ফেলে
নৌ-যানে পাখা মেলে উড়ে যেতে চায় কেউ কেউ;
শিশুতোষ আদুরে জীবন
ঝেড়ে ফেলে, দেয় দৌড় দূর দেশে।
উর্বশী, ললনা বুকের
সূচালো শিখর দেশে বায়নোকুলার তাক্ করা,
আদি ও আসল পটভূমি।
আহা ! সেই রমণীরা কী চটুল নর্তন কুর্দনে !

একদা সরীসৃপ ছিল কি মানুষ!
সে-জীবনে ফিরে যাওয়া কী যে দুঃসহ!
না! সে হবে না।
আকাশে উড়োবে ওরা, জ্বল্জ্বলে আলোকের দেশে।
সরীসৃপী শীতলতা আর নয়,
অলস, প্যাঁচানো, যৌনতাও নয়!
সূর্যের আতপ্ত রেখা দিক্ পুড়ে কঠিন সময়,
দেহ হোক্ তামা-জ্বলা।
প্রকৃত অভিযাত্রী ওরাই কেবল-
যারা বলে, "দূরে, বহু দূরে ভেসে যাবো,
নিঃসীম বেলুন হয়ে আকাশে উড়াবো ;
আকাশের বুকে আছে আমাদের চিরচেনা দাগ কাটাপথ।"

দাগী বাজিকর ওরা,
অভ্যস্ত কামান দাগাতে।
হিসাব নিকাশ নয়, বিজ্ঞানের ছক-কাটা নয় ;
কেবলই স্বপ্নের গ্রিজে কল্পচাকা রোমাঞ্চে ভিজিয়ে
ঘুরায় আকাশে ওরা।

যে তালে অপ্সরী নাচে ম্যারাথন বেগে,
সেই তালে আমরাও নাচি রাতভর।
লাফাই ওপর নিচ, আহা! কী চমক!
দারুণ লাটিম নাচ।
নাচের তুঙ্গ আবেগ বেত্রাঘাতে ঘুমকে তাড়ায়
বে-রসিক সূর্যদেব উঁকি দিলে, চাবুকের ঘায়ে
কৃষ্ণমূর্তি দেবদূত দেয় তাকে ঝটিতি চালান।
আচানক খেলোয়াড়ী।
নাম নিশানাহীন লক্ষ্যবিন্দু।
মানুষের দুর্গমপ্রীতি, অসীমের পথে ছুটে চলা;
উন্মাদের মতো তার অথৈ পাতালে ডুব দেওয়া;
অভিযানে তৃপ্তি খুঁজে ফেরা!

আমাদের আত্মার পূজ্য বন্দরের ত্রি-মূর্তি প্রভু: নর্তকী, সুরা ও সাকী।
পাটাতনে লাফ দিয়ে কেউ জোর চিৎকারে বলে:
"এইতো পৌঁছেছি ঘাটে!"
আরো জোর উল্লাসে কেউ ফেটে পড়ে:
"এসো খেলি ফুটবল, এ যে এক বিস্তীর্ণ টিলা!"

বায়নোকুলার হাতে, অতি উৎসাহী চোখ তুলে,
কেউ দেখে এল্ডোরাডো-
বিগত রাতের স্বপ্ন হাতের মুঠিতে!
তন্দ্রালু চোখ ঘষে কল্পনার মোহন নয়নে
ভোরের অরুণালোকে কেউ দেখে পর্বতের চূড়া,
স্বচ্ছ পানির ওপর ধীরে ধীরে মাথা তুলে চায়!
ভারতীয় দ্বীপ এসে ধরা দেবে- হায় রে স্বপ্নালু বন্ধুগণ!
দড়ি বেঁধে ফেলে দেবো তোমাদের, এখনি সময়!
নাবিকের দল যারা অ্যামেরিকা আবিষ্কার করে,
মিছে আশা কুহকের গভীর হতাশে তারা সলিল সমাধি খুঁজে পায়।

যারা চলে কাদা ঠেলে, বস্তির জঞ্জাল ভেঙে ভেঙে,
সেই বুড়ো বাউণ্ডেলেরা বাতিওয়ালা ঘর খুঁজে পেলে
গন্ধ পায় হুইস্কির, স্বর্গের, মুক্তির-
আমাদের অভিলাষী চোখের তারায়
ভাসে ছবি নন্দনের, স্বর্গবাসী সিজার-ক্যাপ্রির।

৩.
সরল রোমাঞ্চভরা যাত্রীগণ
অশ্র"গাঁথায় লেখা তোমাদের অশ্র"ত কাহিনি!
স্মৃতির জানালা খুলে দাও-
নক্ষত্রের মনিহার, নীলিমার নীলকান্ত,মুকুতা কিঙ্কিনী
হরণ করেছো কত শত শত অভিযাত্রা কালে?

আমরা সাগরে যাবো, বিনা পালে, বাতাসবিহীন,
বুকচাপা বন্দিশ্বাস কারামুক্ত হবে আমাদের।
আত্মারা স্বপ্নঋদ্ধ বলাকা পাখায়
উড়ে যাবে আকাশের আদিগন্ত নীলিমায় ভেসে।

কী কী দেখেছো তোমরা, অভিযাত্রা কালে,
বলো দেখি!

৪.
"তারকা তরঙ্গরেখা দেখেছি আকাশে,
একটি অথবা দু'টি।
দেখেছি বালুকাবেলা তটরেখা জুড়ে ;
যদিও আমরা দেখি, মাস্তুল ও দূরবিন সহযোগে-
আমাদের বিরক্তি একই প্রকার,
তোমাদেরই মতো।
উদার সাগর জলে সৃর্যটা কেমন বেগুনি !
কিনারে নগরীগুলো কেমন গর্জে সন্ধ্যাকালে !
আমাদের হদয়ের নবতর অবিশ্রান্ত তেজ
ওরাই যোগান দেয়।
ভারত মহাসাগর আমাদের চির পূজনীয়-
মরি যদি নিমজ্জনে, তবু !

প্রাচীন সামন্ত সৌধ, পুণ্যলোভী জনতা মাজার,
অথবা, অবসন্ন তীর্থঘেরা কথার ফোয়ারা
আমাদের আত্মাকে, পারে না অনল-ক্ষুধা উপহার দিতে;
যে-পারে সে বজ্রানল মেঘের প্রদেশে,
অজানা ঘটনা দূর আকাশের নীলে।
আমাদের আত্মাগুলো, এমনই প্রচণ্ড ক্ষুধাতুর!

তরুণ মৃণাল বাহু কাছে টানে সূর্য আলোক।
বয়সের বল্কল যখন শীতের মেদে ঢাকে,
তখন মুক্ত আকাশ দেয় তাকে উষ্ণ আমেজ।
কাম-তাপ রসায়নে, দেবদারু, বাড়ে টগ্বগ।
বৃক্ষরা! তোমরা কেন লক্লকে বেড়ে যাচ্ছো শুধু,
সাইপ্রেসেরও চেয়ে দীর্ঘতর?
হয়তো ছবির বইয়ে তোমাদের ছবি আঁকা হবে।
আমরা আত্মিক সত্তা, বস্তু-সত্তা বুঝিনা কখনো;
নব নব অভিযান, দূরত্বমুগ্ধতায়
আমাদের আত্মা মূল্য পায়।

একাধিক শিঙওয়ালা দেবমূর্তি সালাম করেছি;
সারিবদ্ধ বুদ্ধমূর্তি মন্দিরেও প্রবেশ করেছি;
স্লাভ সন্ন্যাসদের সাক্ষাতের চেষ্টা করেছি;
এক-শিঙওয়ালা সিংহ তাকেও দেখেছি।
আমাদের অভিজ্ঞান, নিঃসন্দেহে,
ধনপতি রথচাইল্ড্কে দেউলিয়ার লজ্জায় ডুবাবে!

স্বর্ণরেণুসমৃদ্ধ পশমী পোশাক পরা পীর,
দেখেছি অনেক দেশে, অনেক আবেশে!
দেখেছি নর্তকীদের, অপ্সরী সাজে-
নানা রঙ উল্কি আঁকা উদ্ভিন্ন তলপেট, নিতম্বপ্রদেশ।

৫.
এর চেয়ে চম্কানো, গা শিউরে-ওঠা
আর কী কী দেখেছেন?

৬.
অবোধ, অবুঝ শিশু, শোনো তবে!

আমাদের ইচ্ছার বিরুদ্ধেই
কিছু বিষয় জানতে বাধ্য হয়েছি ।
জীবনের সিঁড়িটার ওপর-নিচ, এমাথা ওমাথা
ওঠানামা করে করে জানাজানি বাকি নেই আর;
অমর পাপিষ্ঠদের প্রভাতফেরির মঞ্চ জগৎ সংসার!

এখানে রমণীগণ ময়ূরপুচ্ছধারী, অপচিত্র, দাস্যবশীভূত;
অর্থলোলুপ তারা; কষ্টকর রতিশ্রমশীলা;
লম্পট পুরুষ ওদের অত্যাচারে নেয় প্রতিশোধ;
দাসীদেরও দাসী হয় রমণীরা, স্নান করে নর্দমা ফেনায়।
বয়েসী দুহিতাগণ কান্নাকাতর;
বালকেরা ভোগতৃপ্ত জীবনের প্রতিটি প্রহর;
রাষ্ট্রীয় ভোজসভা ঝাঁঝালো ব্যঞ্জন আর রক্তহোলি ভরা;
মন্ত্রীগণ আচ্ছন্ন ক্ষমতার মোহে;
কষাঘাত অপেক্ষায় রাত জাগে শিল্প-শ্রমিক।
পৃথিবীর সর্বত্র ধর্মগুলি স্বর্গ অভিমুখী,
আমাদের ধর্মও তেমন।
সাধুসন্ত শু'য়ে থাকে পাখির পালকতুল্য রম্য বিছানায়
ভোগসর্বস্ব সব, উন্মত্ত বন্য কামাতুর।

আপন প্রতিভামগ্ন অনেকেই
নিজ নিজ ধী-শক্তির আঠালো কাদায় শু'য়ে আছে;
পাগল আখ্যায় তারা আখ্যায়িত,
মানসিক যন্ত্রণায় দাঁত-কামড়ে, সমস্ত জীবন
গড়িয়ে গড়িয়ে তারা পথ চলে, ঈশ্বরের দিকে,
বলে শেষে:
"হে প্রভু, এসেছি কাছে, প্রতিবিম্ব আমি যে তোমার,
অভিশপ্ত আত্মা আমার!
অভিশাপ ছাড়া আর কী-ই বা তোমাকে দিতে পারি!"
আনন্দলোক দিলে মঙ্গলালোক তুমি পেতে।

আর কিছু লোক আছে শিল্প ও কবিত্বময়,
আপন আপন বিশ্বে তালাবদ্ধ। স্বীয় উচ্চতায়
জাড্যপ্রেমিক তারা।
অদৃষ্টের বেড়িমুক্ত: নৈরাশ্যে, সংশয়ে থাকেন;
সাধারণ কাতারের বাইরেই সাধনা জপেন;
দর্শন অথবা পদ্য মাদক তাদের।

বাছাধন, শুনে নাও, জগতের এটাই খবর!

৭.
অভিযাত্রীদল,
লাভ করে যে-অভিজ্ঞান
তা অতি গরল ও তিক্ত; সারাৎসার তার:
জগৎ-সংসার অতি ক্ষুদ্রকায়, একঘেঁয়ে।
আমরা তো নিজেরাই পর্যটন করেছি অতীত,
বর্তমান ও ভবিষ্যত:
ভীতিকর আতংকের মরুভূমি মানব জীবন,
নির্বেদের লোকসানী পথ।

আমরা কি অভিযানে থেকে যাবো? বিরতিবিহীন?
যদি পারো, বিশ্রামে যাও।
অভিযান পরিব্রজ্যে কেউ থাকে: থাকে ঘাপ্টি মেরে বসে;
সতর্ক শত্র"র চোখে ধুলো দিয়ে, সংহারে তাকে
কুপোকাত করে ফেলে।
কাল ধাবিত হয় দ্রুতগামী ডাক হরকরা;
অবসরে অক্ষম সে,
অস্থির ইহুদি কিংবা ক্রাইস্টের অনুগ্রামী দল।
কালের পাঁজর ফুটো করে দেয় তলোয়ার ঘায়ে,
এমন ঘাতক কেউ নেই এই সংসার জালে।
মৃত্যু যদি আসে ধেয়ে মৃত্যুবান হাতে,
ঘেরাটোপে থাকলেও নিরাপত্তা ছিন্ন হয়ে যাবে!
পায়ের গোড়ালি, কালের,
যখন ধরবে এসে কণ্ঠনালি চেপে,
তখনও আশান্বিত,চিৎকারে বলে যাবো, 'চলো, চলো' বেয়ে চলো'।
যেমন একদা নৌকা ভাসিয়েছিলাম
চীন দেশ অভিমুখে, কম্পমান বুকে।

অতএব,
আবারও পাল তুলে দেই মরণ সাগর বুকে,
উচ্ছাসে আবেগে ভাসা তারুণ্যের পুলকে উধাও।
যদি পারো, তাকাও সাগর অভিমুখে, একটুখানি,
দেখো, কে যেন তোমাকে ডাকে অলৌকিক ছায়ামূর্তি ক্ষীণ,
বলে সে, "দাঁড়াও তুমি, খেয়ে যাও গন্ধ কমল,
আমার দোকানে বসো।
ডালপালা সবগুলো ফলভারে নত,
ক্ষুধিত হৃদয় ভরে খাও যতো পারো।
'সময়' 'সময়' আর বলিও না, না হও অধীর;
ওটার লাগাম ধরা আছে এই হাতে।
যাবে না সময় আর, ফুরোবে না কাল।"
ছায়ামূর্তি গায় যেই গান, সেই সুর চিনি।
ওপার সাগর থেকে বন্ধু বাড়িয়ে দেয় হাত;
বলে, 'চলো, চলো তুমি অরিস্টিজ, পাল তোলো, সাধ পুরে নাও,
ক্লাইটেমনেস্ত্রা দেখো, দেবীরূপে, দেহরতœ সমগ্র উজার!
আকাক্সক্ষায় একদিন চুমেছিলে তুমি,
জানুতট যার'।

৮.
প্রবীন কাপ্তেন, তোল নোঙর, রাত্রি অভিমুখে,
যাত্রা হবে দুর্বার। বাঁধো হে কোমর,
পুঁতিগন্ধময় দেশ করো ত্যাগ!
আকাশ কৃষ্ণ কালো হয় যদি, সমুদ্র দোয়াতল কালির
নিশ্চিত জেনে রেখো, আলো আছে অন্তর তলে।
আমরা যখন করি বিষ পান, উজ্জীবন আসে।
সমুদ্রের দূরতম অন্ধকার গভীরের আলো,

আমাদের ধী-মত্তায় স্ফুলিঙ্গ ঢালে।
আকাশ পাতাল কিংবা স্বর্গ-নরকে অবস্থান,
আমরা নতুন যারা, তাদেরই আবাহনে বিভাদীপ্ত
সমান সমান।



সিথেরায় যাত্রা

মুক্ত পাখির মতো উল্লসিত, আনন্দচিতে
পালের দড়ির কাজ করি শেষ। প্রস্তুত আমি,
মেঘমুক্ত আকাশের নিঃসীম শূন্যে ছুটে যেতে।
নৌকায়, হাওয়ায় হাওয়ায় ভেসে চলি,
উজ্জ্বল দেবদূত উন্মত্ত সূর্যালোক-ভোজে
যেমন বেড়ায় উড়ে মর্ত্যলোক পেলে।
নৌকার পাল ঘিরে পাখিদের কিচিরমিচির ধ্বনি শুনি;
কাছেই নোঙর হবে কোনো দ্বীপে।

"ধূসর, মলিন বেশ, ঘোর কৃষ্ণ দ্বীপ দেখা যায়,
কী নাম ওটার"-প্রশ্ন ফোটে ঠোঁটে।
"সিথেরা দ্বীপের কথা জানো না?
রাজার কুমারদের স্মিতহাসি মেশানো কাহিনি
শোন নি কি? অতুল সম্পদ আর সৌন্দর্যময়
এই দ্বীপ এ-ধরায়, এর সাথী দ্বিতীয়টি নেই!"
সারেং এর উত্তর আসে।

উজ্জ্বল উদ্দীপ্ত শ্রী, সপ্রতিভ, দেবী আফ্রোদিতি।
কিংবদন্তি সুন্দরী, মঙ্গলের অভিপ্রায় দ্বীপ
দাঁড়িয়ে রয়েছে দীপ্য, জলের উপর মাথা তুলে।
বিলোল সুগন্ধধারা ছড়ায় হিল্লোলে ফুল্লময়;
দুর্ধর্ষ রূপ তার মোহ-আর্ত করে দেবতারে।

কত জাতি কত পথে, বীর বাহু মেলে
অর্ঘ হাতে ধেয়ে গেছে মধু অভিসারে
পল্লবমর্মর সঙ্গীতসুধাময়, দেবী আফ্রোদিতি অভিমুখে,
দ্বীপ দেবী নন্দন নন্দিতা।
গোলাপ-সুগন্ধী বনে যেমন ঘুঘুরা গায় গান অবিরল,
তেমনই ছুটেছে সব রবাহূত।

ভ্রম ভেঙে গেলে,
কল্পকবিতা দ্বীপ হয়ে যায় শিলাময় মরু,
মোহন সে কবিকুঞ্জ হয়ে যায় প্রস্তরের মেলা!
ছায়াময় মন্দিরে, অরক্ষণীয়া কেউ হেসে,
মাংসের খোপা খুলে পথিকেরে সহসা দেখাবে
অবরুদ্ধ দেবতার খেলা সুনিপুণ-
নেই তেমন কোনো বিলোল আভাস!

বরং অনুর্বর, অ-রসালো, গদ্যময়তায়
বিলাসী শব্দের চর্চারত কিছু মাংসাশী পাখির ক্যাঁকানি
কানে এলো আমাদের,যেইমাত্র পৌঁছেছি ঘাটে।
প্রথমেই চোখে পড়ে অতি উচ্চ সাইপ্রেস গাছ,
ঘোর কৃষ্ণ ত্রি-বাহু,
আকাশের বুক চিরে খাড়া!

ত্রি-বাহু ক্রসের মতো উঁচু সেই বৃক্ষডালে ঝুলে
আছে এক মৃতদেহ, রক্ত-মেদ মাখা!
উদ্ভিন্ন নাড়িভূড়ি, শতছিন্ন, বিগলিত পঁচা!
একদা ছিল সে কবি, মৌলিক ধাতুতে ধীমান।

শকুনেরা দলে দলে বিশ্রম্ভালাপী, বৃক্ষ ডালে;
কখনও দু'চার সঙ্গী, একযোগে, খাড়া চঞ্চু ঠোঁটে,
কদর্য পেরেক মারে মৃতদেহে, করে গালাগালি,
চক্ষু উৎপাটন শেষে দুই ছিদ্র সুস্পষ্ট করে!

যে-কবির মৃতদেহ, সে-কবি যে স-পুংসক ছিল-
এমন গোপন তথ্যে হিংসুটে ঘাতকের দল
চঞ্চু বসিয়ে দেয় মৃতদেহে, লিঙ্গ এলাকায়,
ন-পুংসক বানানোর গূঢ় বাসনায়!
ক্ষুধায় উন্মাদ সেই জন্তুর পাল বলি যাকে,
অনুচর পরিবৃত নেতা তার জল্লাদ যেন,
আলিশান গর্দান, কুকুরের মতো নাক-মুখ!

সিথেরার পুত্র তার পরিচয় , সেই মৃতদেহ,
এল্ডোরাডো দ্বীপ-কবি।
দ্বীপের মুক্তির গাথা, উচ্চ-শির দাঁড়ানোর কথা
লিখেছে সে। জন্ম তার স্বচ্ছ নীলিমায়।
নিষিদ্ধ পাপ ছিল সে-কাহিনি, তাই তার পাপের মাশুল
গুণতে হয়েছে তা'কে, সে কবিকে, নেক্ড়ের দাঁতের কামড়ে!

ধারালো চোয়াল নিয়ে চিতাবাঘ হামলে পড়েছে!
সুতীক্ষè শ্যেন-ঠোঁট শলাকা ঠুকেছে
যীশুতুল্য মৃতদেহে তার।

এমনই করেই বুঝি আমার-ই গোত্রের কেউ
আমার মাংসের দিকে লোভ করেছিল!
আকাশ তখন ছিল মনোরম;
সিন্ধুর নীলিমা ছিল স্বর্গের সুষমায় ভরা;
গভীর দুঃখের মতো ভারি এক ভেজা কালো কাঁথা
আমার হৃদয়খানি জুড়ে আছে,
জমাট বাঁধানো কালো রক্তের বহুতল ব্যান্ডেজ যেমন!
সিথেরার পুত্রের বিষাদ কাহিনি
আমারই দুঃখের এক বিয়োগান্তক মসিরেখা।

হে আফ্রোদিতি!
তোমার দ্বীপের মাঝে কোন দুঃখ রয়েছে প্রোথিত?
সেই ফাঁসিকাষ্ঠে আমি নিজেরই মৃতদেহ দেখি!

সৃষ্টিকর্তার প্রতি হাত তুলে প্রার্থনা জানাই:
আমার আত্মার বল থাকে যেন অম্লান, অটুট,
আমার শরীর যেন সুস্থ থাকে, বিতৃষ্ণাতীত।