২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের কবিতা

ফখরুজ্জামান চৌধুরী

Published : 08 Oct 2013, 06:56 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

এক অসম শক্তিধর দেশের অবিবেচনা-প্রসূত সর্বাত্মক আক্রমণে 'মেসোপটেমিয়া' সভ্যতার সম্মৃদ্ধ প্রাচীন জনপদ ইরাক আজ যুদ্ধ-পরবর্তী অস্তিরতা আর আকস্মিক বিস্ফোরণের নিচে আটকে পড়া এক সন্ত্রস্ত জনপদ। ক্ষমতাদর্পী মার্কিন যুক্তরাষ্ট্র গনবিধ্বংসী অস্ত্র (ডব্লু.এম.ডি) মজুদের ভূয়া অভিযোগে ২০০৩ সালের ২০ মার্চ ইরাক আক্রমণ করার পর সম্মৃদ্ধ সভ্যতার দেশটির মাটি মানুষ নিসর্গ বিপন্ন হয়ে পড়ে। বাতাস ভারী হয়ে যায় বারুদের গন্ধে। নিসর্গ পুড়ে সাফ আগ্নেয়াস্ত্রের লেলিহান শিখায়।

এমনি জনপদে শিল্প সাহিত্য সঙ্গীত অকল্পনীয়। কিন্তু থেমে যায়নি ইরাকি কবি সাহিত্যিকেরা। দগ্ধ মাটিতে সাহিত্যের সৃজনশীল বাগান রচনাকারীদের মধ্যে প্রাধান্য কবিদের।

এমনি এক কবি আব্বুদ আল জাবিন। ১৯৬৩ সালে নাজাফ নগরীতে জন্মগ্রহণকারি আল জাবিন একজন দক্ষ অনুবাদকও, ইরাক লেখক ইউনিয়ন, আরব লেখক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, তার দু'টি কাব্য সংকলন ভুলের তালিকা(ইনডেক্স অফ ফলটস্) (২০০৭) এবং তার অন্ধত্বে নির্ভরতা(লিন অন হিজ ব্লাইন্ডনেস (২০০৯) জনপ্রিয়তায় ধন্য।

১৯৯৩ সাল থেকে কবি কর্মসূত্রে জর্ডনের রাজধানী আম্মানে বাস করছেন।

ধূসর পায়রা

কখনো দেখেছ কি ভেবে, কোথায় উড়ে যায় এই পায়রা?
যখন বয়সের ভারে ধুসর হয়ে যায় ডানার পালক।
সে কি তখন খুঁজবে তার দূরবর্তী চেহারার ছাপ
নবীন পায়রাদের ঝকঝকে আয়নায়?
আর হাতড়ে বেড়াবে ফেলে আসা দিন?
ক্লান্ত পায়রা কি পাবে দু'দন্ড জিরিয়ে নিতে
জানালা থেকে বের হওয়া ডালের আশ্রয়ে?
কী করে পাবে সে খুঁজে হারানো দিনগুলিকে
যখন দূরদেশি কোনো একজন দেখবে তাকে,
অবিন্যস্ত পালকে বেসামাল দশার কারণে!
উড়াল দিয়ে উঠোন দেবে কি সে পাড়ি
অথবা ঘাসে ঢাকা বিশাল প্রান্তর?
বয়সের ভারে এমনই কাহিল আজ যে!
কোনো দয়ালুবালক কি তার মুখে দেবে তুলে
গমের দানা অথবা দেবে আগুনের উম?
কেন মুছে যায় তার বয়সের ছাপ।
হয়তো পায়রাটি ভাগ করে নেবে তার বিষন্নতা
জানালার মুক্তি আর খাঁচার আগলের মাঝে,
হয়তো এরপরে তার ভবিতব্য হবে পাখিদের
শেষ যাত্রায় শোকগাথা গাওয়া।
কখনো দেখেছ কি ভেবে কী হবে তার হাল
যখন মিলবে না বড় ডালটির নির্ভরতা
অথবা প্রতিবেশির ছিটিয়ে দেয়া দানাপানি?