হ্যোল্ডারলিন: বিপন্ন সময়ের কবি
কবি হ্যোল্ডারলিন (খ্রিষ্টাব্দ ১৭৭০-১৮৪৩) তাঁর 'রুটি আর মদ' কবিতায় প্রশ্ন রেখেছেন, "…এবং বিপন্ন সময়ে কবি কিসের জন্য?" এই প্রশ্নকে ভাবনায় রেখে জার্মান দার্শনিক হাইডেগার "কিসের জন্য কবি" প্রবন্ধে হ্যোল্ডারলিনকে 'বিপন্ন সময়ের' কবিদের অগ্রদূত হিসেবে মান্য করেছেন । কিন্তু কী সেই বিপন্ন সময় ? হাইডেগারের চিন্তায়— হেরাক্লিস, দিওনিসিস, এবং ক্রাইষ্ট—এই ত্রয়ীর পৃথিবী থেকে অন্তর্ধানের মধ্য দিয়ে পৃথিবীর বুকে রাত নেমে এসেছে, এবং সেই রাত ক্রমাগত অন্ধকার বিস্তার করে মধ্যরাত্রির দিকে এগিয়ে চলছে, এবং এ-এমনই এক বিপন্ন সময় যে আমরা সেই বিপন্ন সময়কে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি এবং তাকে প্রশ্ন করতে ভুলে গেছি । এই বিপন্নতা নিতান্তই ঈশ্বরের অনুপস্থিতিমাত্র নয়, বরং এ-এমনই এক সময় যখন মানুষ এবং বস্তুজগতের মধ্যে অন্বয় অন্তর্হিত, এবং ইতিহাসে মানুষ হয়ে উঠেছে একাকী। হাইডেগারের চিন্তায় কোনো দেবতা নয়, বরং মর্তের মানুষ, বিশেষ করে একমাত্র কবিই পারেন পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের অতল স্পর্শ করতে, এবং সুরাদেবতার পূণ্যবাণী রাতের অন্ধকারে ফেরি করে ফিরতে । বস্তুবাদী দর্শনের প্রতিপাদ্যে প্রকৃতির যে খণ্ডিতরূপ, তাই নয়, বরং প্রকৃতি তার সমগ্র সত্তা নিয়ে প্রতীয়মান, যা হ্যোল্ডারলিনের কবিতার মৌলরূপ হয়ে আছে।
ব্রিটিশ বিজ্ঞানী ও দার্শনিক ফ্রান্সিস বেকনের নতুন বিজ্ঞান যা প্রকৃতি জয় করার নিমিত্তে উচ্চকিত এবং ফরাসী দার্শনিক রেনে দেকার্তের অহমকে জানার অভিপ্রায়— এই দুই মিলে সুচনা করেছে বস্তুবাদী দর্শনের যে প্রকল্প, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে জার্মান ভাবাদর্শের আন্দোলন, যার প্রধান পুরোহিতরা হলেন ইমানুয়েল কান্ট, যোহান ফিক্টা, এবং ফ্রিডরিখ শেলিং! বস্তুবাদী দর্শনের বিরুদ্ধে দাঁড়িয়ে হ্যোল্ডারলিনের কবিতা প্রকৃতি এবং মানুষের মধ্যে অন্বয় এবং ঐক্য খুঁজে ফিরেছে। হাইডেগারের চিন্তায় হ্যোল্ডারলিনের কবিতা ভবিষ্যতের দিকে ধাবিত নয়, বরং তিনিই ভবিষ্যৎ হতে জাগ্রত; হ্যোল্ডারলিনের কবিতা পঙক্তির মধ্যেই ভবিষ্যৎ নিহিত । ব্যর্থ প্রেম, নিজ জীবনে বন্ধুত্বহীনতা, প্রায় জীবিকাহীন জীবনযাপন, জীবন নিয়ে গভীর দার্শনিক উপলদ্ধি, ইত্যাদি হ্যোল্ডারলিনকে নিয়ে গেছে উদ্ভ্রান্তিতে, পরিশেষে উন্মাদগ্রস্থতায়, কিন্তু হাইডেগারের চিন্তায় তিনি হয়ে আছেন 'বিপন্ন সময়ের' কবিদের অগ্রদূত! মৌলসত্তা কীভাবে অন্যসব সত্তাকে নিজের চারিদিকে জড়ো করে প্রতিভাত হয়ে ওঠে—হ্যোল্ডারলিনের শেষ জীবনের কবিতায় যা মূখ্য হয়ে উঠেছে, তাই হাইডেগারের দার্শনিকতারও অন্তিম প্রকল্প হয়ে আছে!
নয় উপসর্গে বিভক্ত 'রুটি আর মদ' কবিতাটির চারটি উপসর্গ বিডিআর্টস-এর পাঠকের জন্য সন্নিবেশিত হোল ।
অনুবাদ এবং ভূমিকা: তাপস গায়েন
রুটি আর মদ
[এক]
আমাদের পরিবৃত্তে নগরী জুড়ে এখন বিশ্রাম নেমেছে; ল্যাম্পপোস্টের ফ্যাকাসে আলোয়
সড়ক শান্ত হয়ে আসে, এবং টর্চের বিচ্ছুরিত আভায় শকট দ্রুত উধাও হয়ে যায়
দিনের পূর্ণতা এবং আনন্দ নিয়ে বিশ্রামের জন্য মানুষ ফিয়ে যায় গৃহে
ধূর্ত মানুষেরা দিনের লাভক্ষতি পরিমাপশেষে
গৃহে এখন প্রশান্ত; ফুল, আঙ্গুর, আর হস্তশিল্প-শূন্য
ব্যস্ত বিপণন এখন কোলাহলহীন
কারও বাগান থেকে গিটারের দূরাগত ক্ষীয়মাণ ধ্বনি আসে ভেসে
বাজিয়ে চলছে হয়ত কোনও এক প্রেমিক কিংবা নিঃসঙ্গ কোনও একজন
তাঁর বন্ধুকে নিয়ে ভাবনায় বিভোর কিংবা উদ্বেলিত তাঁর ফেলে আসা যৌবনের দিনগুলো নিয়ে;
সুবাসিত ফুলের বাগান আর শস্যক্ষেত্র পাশে রেখে জলের ফোয়ারা যায় বয়ে
গোধূলির আলোয় প্রতিটি ঘণ্টির ধ্বনি এখন দোদুল্যমান, এবং ওয়াচম্যান
সময়ের সজ্ঞানতায় নির্ভুল রীতিতে গণনা করে যায় সময়ের ক্ষণ
উত্তোলিত বাতাস ছুঁয়ে যায় বৃক্ষের চূড়া, এবং
দ্যাখো, পৃথিবীর ছায়ার মতো
চুপিসারে জেগে ওঠে চাঁদ! জেগে ওঠে অদ্ভুত রাত
নক্ষত্র-পূর্ণরাত—আমাদের অস্তিত্বে যে নির্বিকার
যা কিছু মানবিক তার সমীপে আগন্তুক এই অভাবিত রাত
এখন পাহাড়ের উপরে শায়িত, সকল বিষণ্নতা নিয়ে দীপ্যমান ।
[দুই]
প্রশংসিত রাতের মাধুর্য অপরূপ, এবং কেউ জানে না
কোথা থেকে সে আসে, এবং কী বিভূতি সে ছড়ায়
তার কাজ ব্যাপ্ত এই পৃথিবীতে, এবং আমাদের আশাবাদী চৈতন্যে
যিনি ঋষি তিনিও জানেন না তার প্রকল্প
সর্বোচ্চ যে দেবতা—যিনি আমাদের ভালোবাসেন, তার অভিপ্রায়
আমরা যেন রাত থেকে দিনকে পছন্দ করি
কিন্তু কখনো কখনো স্বচ্ছ দৃষ্টির কেউ ভালবাসেন এই ছায়া
জরুরী হয়ে উঠবার আগেই আনন্দের নিমিত্তে তিনি ঘুমাতে চেষ্টা করেন
অথবা বিশ্বস্ত যিনি তিনি অপলক তাকিয়ে থাকেন রাতের গভীরে:
এইতো ঠিক যে তার উদ্দেশ্যে নিবেদিত হোক পুস্পস্তবক আর গান
যারা হয়েছেন নিখোঁজ, উন্মাদ, কিংবা মৃত, তাঁদের জন্য এই রাত পুণ্যবতী
যদিও নিত্যতার পূর্ণসত্তায় তাঁর অধিষ্ঠান
এই তমিস্রায়, এই দোদুল্যমান সময়ে অবলম্বনের কিছুই নেই আমাদের
কিন্তু আমরা যেন বিস্মৃতি এবং পুণ্য উন্মাদনায় আশীর্বাদপ্রাপ্ত হই
অবলম্বনের কিছু যেন আমরা পেয়ে যাই
আমরা যেন পেয়ে যাই প্রবহমান শব্দরাশি, আর নিদ্রাহীন
প্রেমিক-প্রেমিকাদের মতো পেয়ে যাই পূর্ণ পানপাত্র, সাহসী এবং দুরন্ত জীবন,
পুণ্য স্মৃতি, আর রাত জেগে থেকে শুধু রাতকে দেখে যাওয়া ।
[চার]
আশীর্বাদপ্রাপ্ত গ্রীস! সকল দেবতাদের আবাসভূমি—তবে এই কী সত্য,
আমাদের যৌবনে একদিন আমরা যা শুনেছি ?
উৎসব ঘর, যার উঠোন হচ্ছে সমুদ্র, আর যার টেবিল হচ্ছে পাহাড়ের চূড়া,
একক কোনও কাজের জন্য বহুযুগ আগে হয়েছিল যার নির্মাণ
কিন্তু কোথায় সেই সিংহাসন? কোথায় সেই দেবালয় আর সেই সঙ্গীত,
দেবতাদের তুষ্টির জন্য অমৃতে পূর্ণ আধার?
কোথায় সেই দৈববাণী যা দীপ্যমান, ভ্রমণরত, এবং আঘাত দিতে প্রস্তুত?
ঘুমিয়ে আছে ডেলফাই, এবং কোথায় প্রতিধ্বনিত হতে থাকে সুবিপুল ভাগ্য
কোথায় ভাগ্য সহসাই ভেঙে পড়ে, আর সর্বপ্লাবিত আনন্দ,
যা তোমার চোখের উপরে ভাসমান বাতাস থেকে উদ্ভুত?
পিতা আয়েথের, হে আলোর প্রভু বলে তাঁরা কান্নায় উচ্চকিত এবং
জিহ্বায় সহস্রবার ব্যাপ্ত হতে হতে দিগন্তে প্রসারিত
এবং জীবনে কাউকে করতে হবে না একাকী জীবনযাপন
একে অপরের মধ্যে ব্যাপ্ত, আগন্তুকের সাথে বিনিময়ে যে জীবন
তাই হয়ে উঠে উচ্ছ্বসিত। ঘুম, শব্দের শক্তি হয়ে জেগে ওঠে
হে পিতা ! আনন্দময় ! প্রাচীন চিহ্ন, পিতা থেকে পুত্র হয়ে
নেমে আসে, আঘাত করে, এবং হয়ে ওঠে দ্রুত অপসৃয়মান
এইভাবে দেবতাদের প্রবেশ; মানুষের মর্মমূল কাঁপিয়ে দেবতাদের
ঋতুরা নেমে আসে ছায়া থেকে মানুষের দিকে!
[সাত]
হে বন্ধু, আমরা এসেছি অতি বিলম্বে। এ-ও সত্য যে দেবতারা করেন বসবাস,
আমাদের মাথার উপরে, ভিন্ন এক পৃথিবীতে, আছে তাঁদের অধিষ্ঠান,
সেইখানে তাঁরা করেন কাজ নিরন্তর, এবং আমাদের নিয়ে ক্ষীণ তাঁদের অনুভব
আমরা বেঁচে আছি না মরে গেছি—এই নিয়ে তাঁদের নেই কোনো ভাবনা
দুর্বল আধার পারে না তাঁদেরকে ধরে রাখতে, কিন্তু কখনো কখনো
মানুষ ধারণ করতে পারে তাঁদের পূর্ণসত্তা, সেকারণে
জীবন তাঁদেরকে নিয়ে হয়ে ওঠে নিরন্তর এক স্বপ্ন। কিন্তু ঘুমের মতো ভ্রাম্যমাণতা
আমাদেরকে সাহায্য করে—রাত আর বিপণ্নতা আমাদের করে বেগবান
যতক্ষণ না পর্যন্ত ব্রঞ্জের দোলনায় দোল-খাওয়া বীরেরা হয়ে ওঠেন অসংখ্য,
এবং হৃদয়চিত্ত হয়ে ওঠে দেবতাদের মতো দৃঢ় ও শক্ত
বজ্রের মতো জেগে ওঠেন তাঁরা । ইতোমধ্যে আমি প্রায়ই ভাবি—
সঙ্গীহীন একা থাকার চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়
মূঢ় এবং কিংকর্তব্যবিমূঢ় আমরা নিতান্তই অপেক্ষমাণ
বিপন্ন সময়ে কবিদের কাছে কী প্রয়োজন আছে আমাদের
তোমরা বলে ওঠো—তারা সুরাদেবতার পুণ্যবান যাজক
পবিত্র রাতে তাঁরা কেবলই ভ্রাম্যমাণ দেশ থেকে দেশান্তরে।
সহায়ক তথ্যসূত্র
[১] Frieddrich Holderlin, "Hyperion and Selected Poems," Edited by Eric L. Santer, Contiuum, New York, 1990.
[2] Frieddrich Holderlin, "Selected Poems," Translated by David Constantine, Bloodaxe Books, UK, 1996.
[3] Martin Heidegger, "Poetry, Language, Thought," Translated by Albert Hofstadter, Harper and Row, New York, 1971.
