লুইস লুনা: একটা পাথর ওঠানো মানে
লুইস লুনা ([Luis Luna], মাদ্রিদ, ১৯৭৫) রম্যন্যাসের ভাষাতত্ত্ব এবং হিস্পানিক ভাষাতত্ত্বে পিএইচডি। সমকালীন কবিতায় স্থানচ্যুতি, সীমান্ত এবং নির্বাসন বিষয়ক গবেষণায় একজন বিশেষজ্ঞ। 'এস্কুয়েলা দে স্ক্রিতোরেস' (Escuela de escritores বা 'লেখকদের স্কুল')-এর শিক্ষক। তাঁর ব্যবস্থাপনায় প্রকাশনা সংস্থা আমারগর্দ এদিতিওনেস (Amargord Ediciones) থেকে প্রকাশিত হয়েছে কবিতা সংকলন ফ্রাগমেন্তারিয়া (Fragmentaria)। তাঁর এযাবৎ প্রকাশিত কবিতার বইগুলো হল কুয়াদের্নো দেল্ গুয়ার্দাবোস্কে (Cuaderno del Guardabosque বা 'বনরক্ষকের নোটবই'), আল্ রিহ্লা বা এল্ বিয়াহে ([Al Rihla বা El viaje বা 'ভ্রমণ']), তেরিতোরিও এন্ পেনাম্ব্রা (Territorio en penumbra বা 'গোধূলী অঞ্চল'),লৌরদেস দে আবাহো (Lourdes de Abajo)'র সহযোগিতায়, হুয়ান কার্লোস মেস্ত্রে (Juan Carlos Mestre)'র খোদাই-ছবি আর আন্তোনিও গামোনেদা (Antonio Gamoneda)'র লেখা ভূমিকাসহ ডিস্কো-বই আল্মেন্দ্রা (Almendra), উম্বিলিক্যাল (Umbilical বা 'নাভিকু-লীয়'), এবং মিগেল আনহেল কুরিয়েল (Miguel Ángel Curiel)-এর খোদাইছবিসহ এলর (Helor বা 'হিমশীতলতা'), এবং ইন্তেমপেরিয়ে (Intemperie বা 'বহিরঙ্গণ')। অতিসম্প্রতি তাঁর কুয়াদের্নো দেল্ গুয়ার্দাবোস্কে বইটি পুনঃপ্রকাশিত হয়েছে ৬৪ ধরনের ভূমিদৃশ্যচিত্রসহ। ল্যাঙ্গুয়েজ রুমস (Language rooms) শিরোনামের অধীনে তাঁর গ্রন্থাবলী প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্তেপোয়েতিকা প্রেস থেকে। ফ্রান্স, একুয়াদোর, ব্রাজিল, ইতালি, স্লোভাকিয়া এবং আরো কয়েকটি দেশে তাঁর গ্রন্থাবলী প্রকাশিত হয়েছে। তাঁর লেখা অনূদিত হয়েছে রোমানীয়, ইংরেজি, পর্তুগিজ, কাতালান, গ্যালিসিয়ান, স্লোভাক, ফরাসি, আরবি এবং অন্যান্য ভাষায়। বিপুল আগ্রহ ও উদ্যমের সঙ্গে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সভা-সম্মেলনে যোগ দিয়ে থাকেন।
ভাষান্তর: জ্যোতির্ময় নন্দী
একটা পাথর ওঠানো মানে একটা হাত ওঠানো, সক্রিয় করা, এর অসম্পূর্ণতাগুলো খেয়াল করতে আর কিনারায় নিজেকে আহত করতে দেয়া, আঙুলের জন্যে আঙুল, হাড়ের জন্যে হাড়। সেই ব্যথাতেই তুমি পাথরটা তোলো, আর ওখানে ওটা ক্ষুদে, যেটাকে তুমি বল ভেতরদিক সেখানে, একটা ছোট্ট মেয়ের বিছানায় একটা ঘোড়ার লাশের মতো বিরাট, বিশাল। হয়তো একটা মৃত ঘাস ওই গর্তে কুঁকড়ে রয়ে গেছে, পচনশীল সভ্যতার ধ্বংসাবশেষে ফেরেশতার মতো। যে-পাথরটার কথা বলছ সেটা আকাশের মতো অথবা শ্বাসরোধের গোঙানির মতো। পাথরটা তোমার হাতও বটে, তোমার জখম হাত যে কিনা একটা পাথর তোলে আর তোমাকে ওপরে তোলে। আতঙ্কের বিরুদ্ধে সেই একই কক্ষ বেঁচে থাকার, টিকে থাকার ।
(কাব্যগ্রন্থ Intemperie বা 'বহিরঙ্গণ' থেকে)
