তিনটি গণিত প্রভাবিত কবিতা
কবি ও কবিতা পরিচিতি
টম পেটসিনিস (Tom Petsinis)। জন্ম ১৯৫৩ সালে গ্রিসে। ছোট কালে অস্ট্রেলিয়াতে চলে যান। সেখান থেকেই গণিতে পি এইচ ডি করেছেন ও এখন বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসাবে কর্মরত আছেন। টম পেটসিনিস এ পর্যন্ত ছয়টি কবিতার বই প্রকাশ করেছেন। অনুদিত কবিতাটা লেখা হয়েছে হাইপেশিয়াকে নিয়ে যাকে বাংলাতে হিপেশিয়া নামেও লেখা হয়। জন্ম আনুমানিক ৩৭০ খ্রিস্টাব্দ ও মৃত্যু ৪১৫। একজন মহিলা গণিতবিদ হিসাবে তিনি গণিতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। প্রাচীন মিশরের আলেক্সান্ড্রিয়া লাইব্রেরিকে ঘিরে জ্ঞান বিজ্ঞানের যে প্রসার ঘটেছিলো সেখানে তিনি বিশেষ অবদান রেখেছিলেন। কিন্তু গণিতের ইতিহাসে তিনি আরো স্মরণীয় হয়ে আছেন তার দুঃখজনক মৃত্যুর জন্য। মিশরে খৃস্ট ধর্ম প্রসারের এক পর্যায়ে ৪১৫ সালে একদল ধর্মোন্মাদ জনতার হাতে তিনি নিহত হন। জানা যায় যে উন্মত্ত জনতা তার উপর হামলা করে এবং হত্যার পর তার লাশ কেটে টুকরো টুকরো করে রাস্তায় ছড়িয়ে দেয়া হয়। শিক্ষাকেন্দ্র হিসাবে আলেক্সান্ড্রিয়ার পতনের সূচনা তখন থেকেই শুরু হয় বলে মাঝে মাঝে বলা হয়ে থাকে। অনুদিত কবিতাটার মূল নাম "Hypatia"।
ভিসলায়া শিমবোরস্কা (Wisława Szymborska)। জন্ম ১৯২৩ ও মৃত্যু ২০১২। পোলিশ ভাষার কবি ও কবিতার জন্য ১৯৯৬ সালে নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। অনুদিত কবিতাটার মূল নাম 'Liczba Pi'। কবিতাটা বোঝার জন্য পাই সংখ্যাটি সম্পর্কে আগে একটু জানা দরকার। পাই নামটি এসেছে গ্রিক বর্ণ π থেকে ও সংখ্যাটিকে এই প্রতীকের মাধ্যমেই প্রকাশ করা হয়। পাই বৃত্তের পরিধি ও ব্যাসের সম্পর্ক দেখায়। যদি একটি বৃত্তের ব্যাস হয় ২ সেন্টিমিটার তবে পরিধি হবে ২x π = ২π । পাই একটি অমূলদ সংখ্যা মানে এমন ধরণের সংখ্যা যাকে ভগ্নাংশ হিসাবে দেখানো যায় না। যেমন ৩০/২= ১৫, মানে ১৫ সংখ্যাটিকে দুইটি সংখ্যার ভাগ হিসাবে দেখানো যাবে। কিন্তু পাই এরকম সংখ্যা নয়, যদিও স্কুল কলেজে অঙ্ক করার জন্য π =২২/৭ অনুমান করা হয়। পাইয়ের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সবাইকে অবাক করে তা হলো এটি একটি অসীম দৈর্ঘ্যের সংখ্যা, যে বিষয়টা নাম্বার পাই কবিতাটার মূল প্রতিপাদ্য। পাইয়ের প্রথম দিকের কয়েকটি সংখ্যা হলো ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩২৩৮৪৬২৬৪৩…………। কিন্তু এই সংখ্যাগুলোর পরেও অসীম সংখ্যক সংখ্যা আছে। এই সংখ্যাগুলো ব্যবহার করে নাম্বার পাই কবিতাটি লেখা হয়েছে।
ইওন বারবু (Ion Barbu)। রোমানিয়ান কবি। জন্ম ১৮৯৫ ও মৃত্যু ১৯৬১। তিনি একাধারে প্রথম সারির কবি ও গণিতবিদ। বিশ্ব সাহিত্যের জগতে এরকম প্রতিভার বেশ কম যারা গণিত ও কবিতা দুই ক্ষেত্রেই উন্নত মানের অবদান রাখতে পেরেছেন। এর সাথে তুলনীয় কবি ও গণিতবিদ ওমর খৈয়াম। ইওন বারবু কিশোর বয়স থেকেই কবিতা ও গণিত দুইয়ের সাথেই যুক্ত ছিলেন। গণিতের জন্য গোয়েটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, যে সেময়ে গণিতের জন্য বিশ্বের অন্যতম সেরা স্থান ছিলো। গোয়েটিঙ্গেনের বিশেষ সুখ্যাতি ছিলো গণিতের রাজপুত্র কার্ল ফ্রিড্রিশ গাউসের বিশ্ববিদ্যালয় হিসাবে, যে সুখ্যাতি এখন পর্যন্ত অমলিন। বারবু যখন গোয়েটিঙ্গেনে গিয়েছিলেন তখন সেখানে কর্মরত ছিলেন গণিতের আরেক দিকপাল ডাভিড হিলবের্ট সহ অনেকেই। কিন্তু বারবু গোয়েটিঙ্গেনে তার লেখাপড়া সমাপ্ত করতে পারেন নি, ড্রাগের নেশা ও সাহিত্য সমাজে জড়িয়ে পড়ার কারণে। পরে তিনি রোমানিয়াতে ফিরে আসেন ও সেখানেই ১৯২৯ সালে গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এর পরের বছর তিনি তার কবিতার বই প্রকাশ করেন। কবি হিসাবে সফলতা অর্জনের পরেও তিনি কবিতা ছেড়ে দিয়ে নিজেকে পুরোপুরি গণিতে নিয়োজিত করেন। গণিতের উপরে তার ৬০ এর মতন গবেষণা প্রবন্ধ আছে। বলা যায় কবিতাকে তিনি গণিতের জন্য পরিত্যাগ করেন। অনুদিত কবিতাটার বিষয় গোয়েটিঙ্গেনের স্মৃতি চারণ ও সেই হারানো সময়ের জন্য আক্ষেপ। তিনি বলছেন যে দ্বিতীয় জাগরণের সময় আর সেই আগের ভুল করবেন না। মূল কবিতাটার নাম "UT ALGEBRA POESIS [Ninei Cassian]"।
বাংলা তর্জমা: আলম খোরশেদ ও মেহেদী মাহমুদ চৌধুরী
হাইপেশিয়া
টম পেটসিনিস
যৌবন- ঝলমলে সতেরোর যুবা
তুমি দেহের ব্য়ায়াম সেরে এখানে এসেছ
মনের অনুশীলনে।
কিন্তু তুমি কি সত্যের বিষয়ে সম্পূর্ণ নিরাবেগ?
তুমি কি বীর্যরঙা সূর্যকে প্রদক্ষিণ করতে পারবে
কিংবা অস্বস্তিকর ফুসকুঁড়িকে শিকড়েই চাপা দিতে?
(তার জামা পিছলে যায়: সে আইনের মতো টানটান দাঁড়িয়ে
পা ফাঁক করা আর বাহুদ্বয় ভূমির সমান্তরাল।)
একমাত্র বিশুদ্ধরাই জ্যামিতির সেবা করতে পারে:
প্রেমাস্পদ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত তপস্বিনীর মতো
আমিও আমার দেবতার জন্য কুমারী রয়ে যাই।
তুমি কি মেধার শক্তিতে তোমার মাংসকে দমিয়ে রাখতে পারবে?
আমার স্তনজোড়া যখন কৌণিক কাঠামোর চূড়া স্পর্শ করে তুমি কি তার অর্থ বোঝো?
কিংবা সেই ত্রিভুজখানির, যা আমার যৌনতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে?
অনুবাদ: আলম খোরশেদ (মূল ইংরেজি থেকে)
নাম্বার পাই
ভিসলায়া শিমবোরস্কা
প্রশংসাযোগ্য নাম্বার পাই:
তিন দশমিক এক চার এক।
এর পরের সব সংখ্যাও প্রথমের
পাঁচ নয় দুই, কারণ কখনোই এর কোনো শেষ নেই।
না হবে তাকে অনুধাবন ছয় পাঁচ তিন পাঁচ এর অবয়বে,
আট নয়ের গণনায়,
সাত নয়ের কল্পনায়,
এমন কি তিন দুই তিন আট এর মশকরা বা তুলনায়
চার ছয় বা অন্য কিছুতে
এই পৃথিবীর দুই চার ছয় তিনে ।
দীর্ঘতম পার্থিব সাপও থামে মিটার কয়েকে।
সে রকম থামে, কল্পনার সাপগুলো, দীর্ঘতা যদিও হতে পারে খানিকটা বেশি।
পাই-এর সংখ্যার সমন্বিত প্রবাহ
থামে না পৃষ্ঠার প্রান্তে,
টেবিল পার হয়ে বাতাসের ওপরে,
দেয়ালের ওপরে, পাতা, পাখির বাসা, মেঘ, সোজা আকাশে,
স্ফীত ও সমগ্র অতল মহাকাশে।
ও, কত ছোট, ইঁদুরের মতো, ধূমকেতুর লেজ!
কত দুর্বল নক্ষত্রের আলো, বেঁকে যায় স্থানে স্থানে ধাক্কা খেয়ে!
আর এখানে দুই তিন পনের তিনশ উনিশ
আমার টেলিফোন নাম্বার আর তোমার শার্ট নাম্বার
এক হাজার নয়শত পঁচাত্তর সাল তৃতীয় ষষ্ঠ তলা
বাসিন্দার সংখ্যা পঁয়ষট্টি সেন্ট
নিতম্বপরিধি দুই আঙুল প্রহেলিকা ও সংকেত,
যেখানে নাইটিঙ্গেল আমি আর মাছি, ওহ ঘুমন্ত
এবং অনুরোধ করে প্রশান্ত থাকার,
এবং পৃথিবী ও আকাশ অতিক্রান্ত হবে,
কিন্তু নাম্বার পাই, সে না কক্ষনো,
তার তবুও আছে অনুপেক্ষণীয় পাঁচ,
যেমন তেমন না আট,
সর্বশেষ না এমন সাত,
অনুনয়, অনুরোধ অলস চিরন্তন
স্থায়ীত্বের।
অনুবাদঃ মেহেদী মাহমুদ চৌধুরী (মূল পোলিশ থেকে গুগল ট্রান্সলেটর ও ইংরেজি অনুবাদের সাহায্য)
বীজগণিতের মতো কবিতা
(উৎসর্গ নিনেই কাসিয়ান)
ইওন বারবু
সময় আমার যখন যৌবনের, গোয়েটিঙ্গেনের পথে পথে,
যেভাবে গাউস, কোনো এক কালে, বাঁকানো গলির নিচে
-উচ্চতর জ্যামিতিকে সযত্নে সংরক্ষণ করেছিলো-
এঁকেছিল কবিতার শেষ চতুষ্পদী।
ভুলেছিলাম আমি বিদ্বান দেবীকে, সহজ স্বর্গের জন্য
যখন, বিচ্ছিন্ন হলে সন্ধ্যায়, অনুশোচনা দেয়,
নিয়ে আসে, আঙটাতে, খালি পাতা
খুঁড়িয়ে আসে সে আমার দিকে বিভ্রান্তিতে।
আমি চিনিনি প্রতিভাকে, সে আমার ভুল…
কিন্তু দ্বিতীয় আগমনে আমি অনেক সচেতন ও জীবন্ত।
প্রত্যাবর্তিত স্বচ্ছ স্ফীতি যাদুকরী কম্পনে।
এবং অ্যালজেব্রাবিদ এমি, তুচ্ছ ও স্বর্গীয়
যার পতাকা ও পুরোহিত সব আমি হতে পারি,
নিনাকে ছাড়িয়ে – অতীন্দ্রিয় ও অপূর্ব সুন্দর।
অনুবাদঃ মেহেদী মাহমুদ চৌধুরী (মূল রোমানিয়ান থেকে গুগল ট্রান্সলেটর ও ইংরেজি অনুবাদের সাহায্য)
পাদটীকাঃ
এই তিনটি অনুবাদ ও সম্পর্কিত আলোচনা মেহেদী মাহমুদ চৌধুরীর কবিতা ও গণিত বিষয়ক একটি প্রবন্ধে অন্তর্ভুক্ত হবে ও সেখানে তথ্যসুত্র উল্লেখিত হবে।
