২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্হেস কিংবা খেলাঘর

রাজু আলাউদ্দিন

Published : 02 May 2021, 11:31 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


অনূদিত কবিতাটি বোর্হেসকে নিয়ে নোবেলজয়ী পেরুর কথাসাহিত্যিক মারিও বার্গাস যোসার রচিত একমাত্র কবিতা। কবিতাটি প্রকাশিত হয়েছিল ২০১৪ সালের ৪ জুন। কবিতাটি তার রচিত Media Siglo con Borges গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। কবিতাটি মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন স্প্যানিশ সাহিত্য-বিশেষজ্ঞ কবি রাজু আলাউদ্দিন । বি. স.

উল্ত্রাবাদী ভুল আর
যৌবনের ভুল থেকে
হয়েছেন তিনি এক ক্রেয়ল কবি
শহুরে,ভানকারী, দেশাত্মবোধক
আর আবেগপ্রবণ।
মেয়েদের পত্রিকার জন্য
অন্যদের অখ্যাতি তথ্যরূপ পেল
হয়ে উঠলেন তিনি চিরায়ত
(প্রতিভাবান ও অমর)।
তার ঘর,
তার জীবন,
খেলনায় ভরা:
আবিস্কার করেছেন ভাইকিং আর
নর্ডিক,
জেনোর ধাঁধা
আর সহস্র এক রজনীর
রসে তিনি চুবিয়েছেন শোপেনহাওয়ার
আর স্টেভেনসন
বিগত, আগত আর
জমাটবদ্ধ সময়ের
বিলম্ব, পুনরুক্তি,
কূটাভাস আর কারাম্বোলা।
তার খেলাঘর
ছিল চিরকাল
খেলনায় ভরা:
বাঘ, ছুরি, আয়না ও
গোলকধাঁধা,
রাখাল, স্বপ্ন, দ্বৈততা,
বীর যোদ্ধা আর
অযৌন ভূত।
উপন্যাস লেখার জন্য
খুব বেশি ‍বুদ্ধিপ্রখর
প্রথাহীন গল্পে তিনি
বহু স্তরিত
যথাযথ, চিন্তাশীল
আর ঠাণ্ডা বৃত্তের মতো।
সীমাহীন পাঠ,
কল্পনা, যুক্তিপ্রবণতা
খেলা করেছিল তারা
লুকোচুরি রূপে
আর ধীরস্থির কচ্ছপ
সর্বদা জিতে যেত
হাল্কা পায়ের
একিলিসের সাথে।
চিৎকার, ক্রোধেপূর্ণ
হল্লাভরা স্পানিশ ভাষাটিকে তিনি
বানালেন যথাযথ আর মিতাচারী,
রক্ষণশীল,
স্বচ্ছ আর আদবে মোড়ানো।
এমন এক গদ্য তিনি সৃষ্টি করেছেন
যেখানে তত আইডিয়া যত শব্দ তাতে।
বেঁচেছেন পাঠ করে আর বেঁচে পাঠ করেছেন
–ব্যাপারটা এক নয়–
কারণ সারাটি জীবন তাকে
মূলত
ভয় পাইয়েছে
যৌনতা ও পেরনবাদ।
ছিলেন অভিজাত
কিছুটা নৈরাজ্যবাদী
আর কানাকড়িহীন,
রক্ষণশীল,
অজ্ঞেয়বাদী
ধর্মাবেশী
মননশীল পণ্ডিত তিনি,
যুক্তিপ্রিয়,
খেলোয়াড়।
যোগফল:
তার কালের
সবচেয়ে সুক্ষ্ণ আর মার্জিত লেখক তিনি
আর,
সম্ভবত,
এই বিরলতা:
ভালো এক মানুষ তিনি।
ফিরেন্সে,৪ জুন,২০১৪