২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অক্তাবিও পাস: বাগানের মাঝে জলসা

শুক্তি রায়

Published : 10 Dec 2020, 12:01 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আজ থেকে তিরিশ বছর আগে এই দিন( ১০ ডিসেম্বর) মেক্সিকোর কবি অক্তাবিও পাস নোবেল পুরস্কার গ্রহণ করেন।
অক্তাবিও পাসের কয়েকটি কবিতা মূল থেকে অনুবাদের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করেছেন স্পেনিশভাষা-বিশেষজ্ঞ ও অনুবাদক শুক্তি রায়। বি.স

মূল: অক্তাবিও পাস
মূল থেকে অনুবাদ: শুক্তি রায়

বীণা এবং মৃদঙ্গ
(কারমেন ফিগেরোয়া দে মেইয়ের-এর উদ্দেশ্যে)

বৃষ্টি পড়েছিল।
সময় যেন এক প্রকাণ্ড চোখ।
তার মধ্যে আমরা আসা যাওয়া করি প্রতিবিম্বের মতো
সঙ্গীতের নদী বয়ে যায় আমার রক্তের মধ্যে।
আমি যদি বলি 'শরীর' সে উত্তর দেয় 'হাওয়া'
আমি যদি বলি 'পৃথিবী' সে উত্তর দেয় 'কোথায়?'

ধরিত্রীর জোড়া ফুল উন্মীলিত হয়
এখানে আসার দুঃখ
আর এখানে থাকার আনন্দ।

নিজের কেন্দ্রবিন্দুর মধ্যেই হারিয়ে গিয়ে পথ চলতে থাকি আমি।

অন্বয়
(কার্লোস ফুয়েন্তেস-এর উদ্দেশ্যে)

উপরে জল
নীচে অরণ্য
পথ জুড়ে বাতাস।

নীরব কুয়োতলা
কালো বালতি আর ঋজু জল
গাছেদের কাছে নেমে আসে জল
আকাশ উঠে আসে ঠোঁটের কিনারায়।

যৌবন

ঢেউয়েরা লাফিয়ে ওঠে
আরো সাদা
প্রতিটা ঘণ্টা
আরো সবুজ
প্রতিটা দিন
আরো তরুণ
মৃত্যু !

একটি ভোর

বাতাসের হাত আর ঠোঁট
জলের হৃদয়
একটা ইউক্যালিপটাস গাছ
মেঘেদের আঙিনা
জীবনের নবজন্ম প্রতিটা দিন
আর জীবনের মধ্য থেকে জন্ম হয় মৃত্যুর।

আমি চোখ কচলে দেখি
পৃথিবীর বুকে আকাশ হেঁটে চলে।

একটি সন্ধ্যা

নেমে আসে আধো উন্মুক্ত স্বচ্ছ রাত্রিকাল
কে তাকে ধরে রাখে ?
বাগানের মধ্য দিয়ে খেলে বেড়ায় আলো।

পাখিদের ভারে অবনত
সবকটা বৃক্ষশাখা
ঝুঁকে পড়ে আঁধারের দিকে।

পবিত্র, আত্মমগ্ন মুহূর্তগুলি
বেড়ার উপর
ঝলমল করে ওঠে।

রাতকে বুকে নিয়ে
ঝর্ণা হয়ে ওঠে
ফলগাছে ভরা বাগিচা।

পাখিরা ঝরে পড়ে
অন্ধকার হয়ে আসে ঘাস
কালো চুনে মুছে যায় সীমারেখা
পৃথিবী আর ততটা বিশ্বাসযোগ্য থাকে না।