২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিওলেতা ওরোস্কো: একটি বরাফাবৃত ল্যান্ডস্কেপের অনুকৃতি

কামরুল হাসান কামরুল হাসান

Published : 14 Nov 2020, 09:51 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


বিওলেতা ওরোস্কো ১৯৮৯ সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন দ্বিভাষিক কবি, স্প্যানিশ ও ইংরেজি দুটি ভাষাতেই কবিতা লিখেন। কবিতার পাশাপাশি অনুবাদ করেন ও প্রবন্ধ লিখেন। ২০১৪ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ঘোষিত হোসে এমিলিও পাচেকো জাতীয় কবিতা পুরস্কার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন। তিনি মেক্সিকোর জাতীয় স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ভাষা বিভাগে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শনশাস্ত্রে স্নাতক হন। আমেরিকার ওহাইও স্টেট ইউনিভাসির্টি থেকে ম্প্যানিশ সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নিউ জার্সির স্টেট ইউনিভাসির্টি রুটগারস বিশ্ববিদ্যলায়ে স্প্যানিশ সাহিত্য ও সংস্কৃতির উপর পিএইচডি গবেষণা করছেন। এ বছরেই মেক্সিকো সিটি থেকে তার দুটি কাব্য El cuarto de la luna ও La orilla de la noche প্রকাশিত হওয়ার কথা। নিউ ইয়র্ক, সিনসিনাটি, ওহাইও, বোল্ডার, কলোরাডো, এথেন্সের বিভিন্ন কবিতা উৎসবে তিনি আমন্ত্রিত হয়ে কবিতা পাঠ করেছেন। ওহাইওতে কয়েকটি দ্বিভাষিক ও নারীবাদী কবিতা পাঠের অনুষ্ঠান সংগঠিত করেন। তার ইংরেজি কবিতা বেশ কিছু আমেরিকান কবিতা সংকলন যেমন Essentially Athens ও Poets in New York-এ অন্তর্ভুক্ত হয়েছে। তার প্রথমে ইংরেজি চ্যাপবুক The sleepless generation ওয়াশিংটন স্টেটের প্রকাশনা সংস্থা আনদানতে বুকস থেকে প্রকাশিত হবে। তিনি 'Punto de Partida', 'Carruaje de Pájaros', 'La palabra y el hombre', 'Círculo de Poesía', 'Literariedad' y 'Revista Taller Igitur' প্রভৃতি দেশীয় ও আন্তর্জাতিক ম্যাগাজিনের সাথে ঘনিষ্ঠ সংযুক্ত।

মূল: বিওলেতা ওরোস্কো
বাংলা তর্জমা: কামরুল হাসান

একটি বরাফাবৃত ল্যান্ডস্কেপের অনুকৃতি
(Simulación de un paisaje nevado)

যেন কুয়াশা হ্রদের উপর দিয়ে ছুটে যাওয়া বাতাস ছিল না
শরীরের এই মধুর অস্বস্তি,
যেন নীরবতাও পারতো না মৌন করতে।
কোনো কিছুরই আর সময় ছিল না বাকি,
যেন সকল বস্তুর নামধাম মুছে গিয়েছিল
বিস্মৃতির প্রচণ্ড শক্তিতে।
যেন তীর্থযাত্রার কেবল একটিই পথ ছিল খোলা,
যেন প্রশান্তি ও সহিংসতা
ছিল দুই যুগল সৌন্দর্য।
যেন ছিল একটিই মাত্র প্রশ্ন,
একটিই পাথর ছোঁড়া হয়েছিল বাতাসে
যতক্ষণ না তা পরিগ্রহ করেছিল একটি পাখির রূপ।
যেন নির্জনতা ছিল একটি শব্দ,
জীবন দূরবর্তী উপকূল
যার উপরে আলোয়-নিষিক্ত বেহেশতের মিছিল
তাদের জীবনের প্রথম ও শেষ দিনটি,
সমুদ্র ফুলে উঠছে ভেঙে দিতে
তার নিজের বিধ্বংসী রূপ।
যেন দূরত্ব ছিল এক অসহায় চীৎকার,
খাড়া ঢালের অসীমতার চোখ
গড়িয়ে পড়ছে অনন্তকালের ভিতর:
গভীরতা বা মুখহীন এক হ্রদ।
যেন নীরবতা ছিল স্থানের এক গোপন সম্পদ,
যেন সেইসব লোক যারা তাকে দেখেছিল
তারা আজো তার দিকে তাকিয়ে রয়েছে
সময়ের মুহূর্ত ও মহাকাল ধরে।
যেন কুয়াশা ছিল হ্রদের উপর দিয়ে দৌড়ে যাওয়া বাতাসের ঝাপটা।
যেন অনন্তকাল শব্দটির ভেতর এক ছিদ্র ছিল যার ভিতর দিয়ে তুমি সুস্পষ্ট দেখতে পেতে।
যেন বৃষ্টি ছিলো আসন্ন দিনের প্রতিশ্রুতি, এক দূরবর্তী আশার প্রস্তাবনা।
যেন রাত্রি ছিল ঘূর্ণমান চড়কির আকারে বোনা এক ছায়ার এসপ্লানেড।
যেন সময় ছিল অনাদিকালের ভাড়ার কোন চুক্তিপত্রে
খালি হবার জন্য তৈরি এক মিশ্রন।
যেন তৃষ্ণা সময়ের হাতে ধৌত কোন নস্টালজিয়ার শোধক।
যেন তৃষ্ণার্ত হওয়ার ছিল এক যথার্থ কারণ।
যেন বাতাস ছিল এক অপরিচিত সিম্ফনির অংশ
যা একটি শিশুর হাত ছিঁড়ে ফেলেছিল।
যেন আলো খুলছিল দরোজা,
আর ধুলো খুলেছিল নৃত্যকলা,
যেন প্রতিটি অনুকরণ ছিল একটি অস্বীকৃত পরাজয়ের শুরু।
যেন প্রতিটি পাতাই ছিল একটি গাছ, প্রতিটি নীরবতা ছিল পতন, প্রতিটি সুর একটি প্রতীক,
প্রতিটি শব্দ এক অব্যক্ত বৃষ্টির ভিন্ন ভিন্ন রূপের ভগ্নাংশ।
যেন বৃষ্টি ছিল একটি জানালা যা নৈঃশব্দের ভিতর সশব্দে বন্ধ হয়েছিল।
তুমি জানালা খুলে দিয়েছিলে আর ঝরে পড়তে দিয়েছিলে একটি পালক,
রাত্রির মধ্যযামে একটি সাদা নোট।
কেননা সঙ্গীত হতে পারে আঁধারের মতো
তৈরি করে তার ছায়ার ভেতরে সংঘটিত অধিক বাস্তবতা।