২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লুইস গ্লুক-এর কবিতা ও কাব্যব্যক্তিত্বের স্বরূপ

বিপাশা বিনতে হক

Published : 20 Oct 2020, 07:45 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


২০২০-এ সাহিত্যে নোবেলবিজয়ী মার্কিন কবি লুইস গ্লুকের (১৯৪৩- ) কবিতা তর্জমা করতে গিয়ে আমার যে অনুভূতি হলো তা আলোচনা করছি।আমি গ্লুকের লেখার ধাঁচ, ভাষার ব্যবহার ও সর্বোপরি তার কাব্যদর্শন বিষয়ে আলোকপাত করব। গ্লুকের লেখনী ছুঁয়ে আলোচ্য বিষয়গুলোই তুলনা করবো বাংলা কবিতার দুই দিকপাল সুধীন্দ্রনাথ দত্ত ও জীবনানন্দ দাশের সঙ্গে। প্রায় স্বগোতোক্তিচ্ছলে বলে যাওয়া গ্লুকের কবিতায় আমরা যাপিত জীবনের গ্লানি ও ক্লেদ, আর এ থেকে উত্তরায়ণের ইঙ্গিত খোঁজার চেষ্টা করবো।

তর্জমাকালে প্রথম যে বিষয়টি লক্ষ্য করি তা এই, কবিতায় তিনি মিতভাষী; কোথাও কোনো বাড়াবাড়ি নেই, আর বিশেষণ ব্যবহার করার ব্যাপারে তার বিশেষ অনীহা। যেমন 'নিশীথ পরিযাণ' কবিতায় তিনি বলছেন 'রেড বেরিস/ লাল জাম' তর্জমার সময় আমি ভাবছিলাম লাল জামের সাথে 'টকটকে' জুড়ে দিল বেশ দেখাতো। এবং এজাতীয় সোজাসাপ্টা কথা তার প্রায় প্রতিটি কবিতাতে রয়েছে। তিনি রূপকগুলোকে এমনভাবে এনেছেন যেন এরা সরাসরি কবিতায় অংশগ্রহণ করছে। শুধু বিশেষণ কেন, শব্দ খরচ করার ক্ষেত্রে তাকে আমার ভীষণ সংযমী মনে হয়েছে। এই যেমন 'খেয়াল' কবিতার তৃতীয় স্তবকে "তারপর ওরা সন্তাপগৃহে ফিরে যায়" এই 'ওরা' টা কারা? 'নিশীথ পরিযাণ' কবিতার দ্বিতীয় স্তবকে "আমরা নির্ভর করি এসবে/এরা মিলিয়ে যায়" আমরা কিসে নির্ভর করি আর কেনইবা এদের মিলিয়ে যেতে হয়? মাঝে মাঝে আমার মনে হয়েছে প্রনাউন রেফারেন্সে আমি খেই হারিয়ে ফেলছি। লিখতে বসে প্রগলভতা না আনা, অলংকারকে 'না' বলা কঠিন, আর এই না ভাবটা তিনি তার লেখনীতে শক্ত করে ধরে রেখেছে। একদম 'চাপা হাসি মাপা কান্না' জাতীয় অমিত সংযমে তার কবিতা এগিয়ে চলতে দেখেছি।

এসব ভাবতে গিয়ে মনে হলো বাঙালি কাব্যরসিকের কাছে শব্দের এই মেপে মেপে ব্যবহার কিছুটা অস্বস্তিকর ঠেকতে পারে। তার লেখনীর তুলনাটা চলে আসে বেকেটের 'ওয়েটিং ফর গোডোট'-এর সাথে; যেখানে অপ্রতুল শব্দের কারণে চরিত্রের মুখে কথা ফোটে না, জম্ন হচ্ছে আয়রনির, স্যাটায়ারের। বিপরীতে বলা যায় বাঙালি পাঠক হিসেবে আমরা জীবনানন্দ দাস পড়ছি, রবীন্দ্র-নজরুল পড়ছি, যাদের কবিতা সবসময়ে ছাপিয়ে যায়, রূপকের ও ইমেজারির এক্সসেসে আমরা এত অভ্যস্ত যে গ্লুকের কবিতার চাঁচাছোলা, সরাসরি ভাবটা আমাদের কাছে বেশ সাদামাটা, আসবাববিহীন খালি ঘরের মতো মনে হতে পারে। এখানে বাংলার প্রথমদিকের আধুনিক সুধীন্দ্রনাথ দত্তের কথা অবধারিতভাবে চলে আসে, বিশেষ করে তার লেখার এই চাঁচাছোলা স্টাইল। শক্তি চট্টপাধ্যায় বলেছেন, তার, মানে সুধীনের কাজ ছিল ভাস্করের কাজ, লিখতে বসে যেন তিনি ছেনী বাটালি নিয়ে বসতেন। কম কথায় কাজ করেছেন বাঁধুনি শক্ত করে। শক্তি আরো যোগ করেছেন সুধীনের 'কবিত্ব ছিল কিন্তু excess ছিল না। সংযমের মধ্যে রাখতে পারতেন।' উত্তরাধুনিক কবি গ্লুকের কাব্যশৈলীতে আবেগের এই শমিত প্রকাশ চোখে না পড়ে যায় না।

গ্লুকের কবিতার দ্বিতীয় বিষয়টি হলো শব্দ বাছাই করা। তিনি জটিল-কুটিল শব্দ লেখায় তেমনভাবে আনেননি, যেটা তার মিতভাষিতার আরেকটি দৃষ্টান্ত হতে পারে। এই বিষয়টি কিন্তু প্রথমে আলোচনা করা বিষয়ের পরিপূরক। বোধ হয় লিখতে বসে এই ছিমছাম, সোজা ভাব ধরে লিখে যাওয়া বাংলা কবিতার জগতে খানিকটা বিরল ঘটনা। গ্লুকের কবিতায় মিনিমালিস্ট আন্ডারটোনে বলা একধরণের চাপা উত্তেজনা থেকে যায়, যে কোনা ব্যাপারে প্রতিহত হবার স্বভাব এমন বলা যায়। এ বিষয়ে বলবো, মানুষের ব্যক্তিত্বের মতো লেখার স্টাইলটাও খুব ব্যক্তিগত একটা প্রকাশ মাধ্যম; এত বছরের সাহিত্যের ক্যারিয়ারে তিনি সেটা হোমোজেনিয়াসলি সেটা ধরে রেখেছেন।

তৃতীয়ত, তার কবিতায় বিশেষ লক্ষ্যনীয় যে, তিনি, খানিকটা জীবনানন্দ দাশের মতোই, মৃত্যুকে গ্রহণ করেছেন জটিলতাপূর্ণভাবে। হয়তো জীবনানন্দের মতো সেটা এত মারাত্মক রকমের জটিল না, কিন্তু বেশ খানিকটা। জীবনানন্দের মতোই গ্লুকের অধিকাংশ কবিতা জীবনের অর্থে গুরুগম্ভীর প্রকষ্ঠে আবদ্ধ। জীবন-মৃত্যু তাঁদের কাছে বিশৃঙ্খল কিংবা অমীমাংসিত এক ধাঁধা। মৃত্যু যে শূন্যতার সম্ভাবনা নিয়ে আসে, সেই প্রকাশটা গ্লুকের লেখার পরিমিতিবোধের কারণে আরো ফাঁকা, আরো বিরান।বিপরীতে বলা যায় জীবনানন্দের কাছে মৃত্য আত্মঘাতিক, সহিংস; এবং জমজমাট আয়োজনে ঠাঁসা।

জীবন-মৃত্যুর ধারণার সাথে এ পর্যায়ে আমরা জুড়ে দিতে পারি গ্লুকের সময়ের ধারণা, যেখানে তিনি অনেকটা জীবনানন্দের মতো। দুজনের কবিতায় বর্তমান-অতীত-ভবিষৎ সময়ের প্রতিনিধিত্ব করে না; সময় তার স্বাতন্ত্রহীন রূপ নিয়ে তার বিচিত্রতায় আবর্তন ঘটিয়ে চলে মাত্র। নোবেল পাবার পর এক সাক্ষাৎকারে তিনি জানান যে দশ বছর বয়স থেকেই তিনি নাকি মৃত্যু নিয়ে লিখছেন! পাঠক হিসেবে ধারণা করি, এত অল্প বয়স থেকে যিনি মৃত্যু ভাবনায় কাতর, তার লেখায় মৃত্যু বর্ণ অথবা বর্ণহীন, গন্ধ অথবা গন্ধহীন ভাবে মিশে না থেকে যায় না।

পঞ্চমত, এ বিষয়টা খুব স্পষ্ট তার কবিতায় যে আধুনিক ও উত্তরাধুনিক কবিদের মতো গ্লুকও মানুষের মনের ছায়াময় দিকগুলো তুলে ধরেন। শব্দ আর বাক্যের অন্তরালে তিনি হৃদয়ের স্পর্শকাতরতা, একাকিত্ব, পারিবারিক বন্ধন, বিবাহবিচ্ছেদ, মৃত্যু, কাম, ক্রোধ, বেদনা, হতাশা– এসবের অভ্যন্তরীন কথোপকথন মেলে ধরেন। আমরা জানতে পারি রোজানা ওয়ারেনের ভাষ্যে (যিনি একজন বিশিষ্ট মার্কিন কবি) যে, লুইসের প্রাথমিক পর্যায়ের কাব্যে স্থান পেয়েছে ব্যর্থ প্রেম, অপূর্ণ ভালোবাসা, ভেঙে যাওয়া পরিবার, শোক, সন্তাপ, বিরহ, ইত্যাদি। আর শেষের দিকে এসে তিনি খুঁজে পেয়েছেন আত্মিক একাকিত্ব। এই একাকিত্বের সঙ্গে মিশেল দিয়েছেন চিরায়ত মিথ ও উত্তরাধুনিক বিচ্ছিন্নতা।

পরিশেষে, সেই চিরায়ত মিথ ও পৌরাণিক কেচ্ছা প্রচ্ছন্নভাবে ফিরে আসে তার লেখায়; সেটা শুধু ফিরেই আসে না, তারা পাকাপোক্তভাবে জায়গা করে নেয়। আর এসব বিষয়ের মিথস্ক্রিয়া ঘটেছে 'আভের্নো'য় যেটা তিনি গ্রীক মিথ চরিত্র দেবী পারসেফনের ভাবনাকে ধারণ করে লিখেছেন। আমি 'ভক্তি পুরাণ' কবিতাটি 'আভের্নো' থেকে নিয়েছি। সেই একই সাক্ষাৎকারে তিনি বলছেন, শৈশবে পড়া পুরাণ বারে বারে তার কবিতার রসদ জুগিয়েছে ও পুষ্ট করেছে।

আলোচনার রাশ টানছি গ্লুক প্রসঙ্গে একথা বলে যে তার কবিতা নির্মেদ, নির্বহুল ও খানিকটা নৈর্ব্যক্তিক। এখানে কিন্তু না বললেই না যে গ্লুক এই উত্তরাধুনিক সময়কালে ইংরেজি কবিতায় 'মিতভাষ' ধরে রেখে, তথা যথেষ্ট বেসিক ফর্মে রেখে, প্রায় স্বগতোক্তির ছলে শ্লোকের আকারে তিনি কবিতা বলে যান। এই স্বগতোক্তির বিষয়টি চোখ এড়িয়ে যায়নি 'নিউইয়র্ক টাইমস' এর সাহিত্য সমালোচক উইলিয়াম লগানেরও। আমি গ্লুকের কাব্যাদর্শে দেখতে পাই প্রতীকী কবিদের স্বল্পভাষ, ব্যঞ্জনাধর্মী সংহতি, ইন্দ্রিয়ঘনত্ব, নৈর্ব্যক্তিকতা, এবং সর্বোপরি জীবনজারিত অভিজ্ঞতা।

কবি লুইস গ্লুক, আপনাকে অভিনন্দন।

খেয়াল

একটা কথা বলি: প্রতিদিন
মানুষ মারা যাচ্ছে। আর সেটা সবে শুরু।
প্রতিদিন, সন্তাপগৃহে, নতুন বিধবার জন্ম হচ্ছে,
নতুন অনাথের সাথে। ওরা হাত ভাঁজ করে বসে থাকে,
নতুন জীবনটাকে বুঝে নেবার চেষ্টা করে।

তারপর ওরা গোরস্তানে যায়, সেখানে অনেকের
ওটা প্রথমবারের মতো যাওয়া। ওরা কাঁদতে ভয় পায়,
কখনোবা না কাঁদাতে। কেউ একজন ঝুঁকে পড়ে
ওদের বলে দেয় এরপর কি কর্তব্য। হতে পারে সেটা
একটা সংক্ষিপ্ত বক্তব্য দেয়া, ক্ষেত্র বিশেষে খোলা কবরে একমুঠো মাটি ছুঁড়ে দেয়া।

তারপর ওরা সন্তাপগৃহে ফিরে যায়।
হঠাৎ করে দর্শনার্থীতে ফুলে ফেঁপে ওঠে ঘর।
বিধবা ভদ্রমহিলা সোফায় আসন গ্রহণ করেন; একদম রাজকীয় কায়দায়,
আর দর্শনার্থীরা সারিবদ্ধভাবে তার দিকে এগোতে থাকে,
কেউ তার হাত স্পর্শ করে, কেউ তাকে আলিঙ্গন করে,
সকলের জন্য তার কিছু না কিছু বলার থাকে;
তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন, তাকে দেখতে আসার জন্য শুকরিয়া আদায় করেন।

মনে মনে তিনি চান সবাই চলে যাক।
তিনি ফিরে যেতে চান কবরস্থানে;
ফিরে যেতে চান হাসপাতালে, যে ঘরে তার সেবা শুশ্রুষা হতো, সে ঘরে।
তিনি ভালোই জানেন, এসব সম্ভব না। কিন্তু এটাই যে তার একমাত্র আশা,
আশা এই যে আবার যদি পুরোনো সময়ে ফিরে যাওয়া যায়। খুব বেশি পিছনে না,
বিবাহ পর্যন্ত দূরে না, প্রথম চুম্বনের মতো দূরেও না।

ভক্তি পুরাণ

হেডিস্ যখন ঠিক করলেন যে তিনি এই মেয়েটির প্রেমে মজেছেন
তিনি তার জন্য একটি বৈকল্পিক পৃথিবী রচনা করলেন,
সবই একরকম রইলো, হুবহু রইলো এর তৃণভূমি,
তাতে শুধু একটি বিছানা সংযোগ করে দিলেন।

সবই এক রইলো, সূর্যালোক সহ, ভাবা কঠিন যে একজন তরুণী
কড়া সূর্যালোক থেকে সহসা ঘুটঘুটে অন্ধকার সহ্য করে নেবে।

ক্রমশ তিনি ভাবলেন যে রাতের সূচনা করবেন,
তাতে অন্ধকারটা উড়ে বেড়ানো পত্রপল্লবের ছায়ার মতো করে দেখাবে শুরুতে।
তারপর আসবে চাঁদ, তারা। তারপর চাঁদহীন, তারাহীন আকাশ।
পার্সিফোন এসবে ধীরে ধীরে অভ্যস্ত হোক।
শেষে তিনি ভাবলেন, এই পরিস্থিতিগুলো সে স্বাভাবিক বলে মেনে নেবে।

একটি বিকল্প পৃথিবী
শুধু ব্যতিক্রম এই যে এখানে প্রেম রয়েছে।
সকলে কি প্রেম কামনা করে না?

বহু বছর তিনি প্রতীক্ষা করলেন,
দুনিয়া সৃষ্টি করা, তার তৃণদলে পার্সেফোনকে নজরে রাখা।
পার্সেফোন গন্ধ শোঁকে, চেখে দেখে স্বাদ।
তোমার যে কোনো এক ধরণের ক্ষুধা থাকা মানেই
সব ধরণের ক্ষুধা থাকা, তিনি মনে করলেন।

প্রতি রাতে সবাই কি চায় না প্রিয় শরীর, কম্পাস, ধ্রুবতারা,
শান্ত নিঃস্বাশ, বলে দেয় আমি বেঁচে আছি,
তার মানে এখনো তুমি বেঁচে আছো,
তুমি আমাকে শুনতে পাচ্ছ, তুমি আমার সাথে আছো।
আর যখন একজন পাশ ফিরে শোয়, অন্যজনও পাশ ফিরে শোয়–

অন্ধকারের দেবতা এসবি ভাবছিলেন,
পার্সেফোনের জন্য সৃজন করা দুনিয়ার দিকে তাকিয়ে।
এ কথা একবারও তার মনে আসেনি যে
এর মানে এখানে আর কোনো খোশবু রইলো না,
এখানে আর খানাপিনার তো প্রশ্নই ওঠে না।

অপরাধবোধ? আতঙ্ক? ভালোবাসার ভয়?
তিনি এসব কল্পনাও করতে পারেন না,
কোনো প্রেমিকই এগুলো ভাবে না।

তিনি স্বপ্নে বিভোর থাকেন, ভাবতে বসেন এই দুনিয়াকে কি নামে ডাকবেন।
প্রথমে ভাবেন: নতুন নরক। তারপর: উদ্যান।
পরিশেষে এর নাম রাখেন পার্সেফোনের মেয়েবেলা।

নরম আলো জেগে ওঠে শয্যার পেছনে, ঘাসের সমান করে ছাটা মাথায়।
তিনি তাকে বাহুতে জড়িয়ে নেন।
তিনি বলতে চান আমি তোমাকে ভালোবাসি,
তোমার ক্ষতি করার সাধ্য কারো নেই।

তারপর তিনি ভাবেন
এটি একটি ডাহা মিথ্যে কথা, তাই তিনি বলে ওঠেন
তুমি এখন মৃত, কেউ তোমাকে কষ্ট দেবে না আর
তার কাছে বিষয়টা আরো নতুন, সম্ভাবনাময় ঠেকলো,
আরো সত্য দেখালো।

নিশীথ পরিযাণ

এখনই সেই মুহূর্ত যখন তুমি আবারো দেখতে পাও
পাহাড়ের ছাইয়ে জন্মানো লাল জাম
আর অন্ধকার আকাশে
পাখিদের নৈশকালীন পরিযাণ।

আমি মুষড়ে পড়ি, ভাবি
মৃতেরা এই দৃশ্য আর দেখতে পাবে না ;
আমরা নির্ভর করি এসবে,
এরা মিলিয়ে যায়।

কি করলে তবে প্রাণে সান্ত্বনা পাবো?
নিজেকে বলি হয়তো ওদের এসব বিলাসিতা লাগে না;
হয়তো কিছু না হয়ে থাকাটাই যথেষ্ট,
যদিও তা কল্পনায় আনা কঠিন।

……………………