২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারিয়েল দামিয়ান: হারানো পঙক্তিমালা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 15 Oct 2020, 07:46 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


মারিয়েল দামিয়ান ১৯৯৪ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। তার কবিতা সংগ্রহ
"La chica que se ha quedado sola" স্পেনের গ্রানাদার আলমুনঞেকার সিটিতে ২০১৬ সালে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক কবিতা পুরস্কার জিতে নেয়। ওই একই বছরে আকাপুলকোর Interfaz del Issste-Cultura তাকে বৃত্তি প্রদান করে। বর্তমানে তিনি জীববিজ্ঞান সম্পর্কিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। Instituto Politécnico Nacional-এর সংস্কৃতি ও সাহিত্য ছড়িয়ে দেওয়ার জাতীয় প্রশিক্ষণে উচ্চতর ও মধ্য পর্যয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষক হিসেবে যোগ দেন। তিনি কবিতা বিষয়ক রেডিও প্রোগ্রাম PoiesisFEM সঞ্চালনা করেন। মূল স্প্যানিশ থেকে কবিতাটি ই্ংরেজিতে অনুবাদ করেছেন কবি নিজেই। তা থেকে বাংলা অনুবাদ করেছেন কবি কামরুল হাসান।

মূল: মারিয়েল দামিয়ান
বাংলা তর্জমা: কামরুল হাসান

হারানো পঙক্তিমালা (LETRAS PERDIDAS)
অনেক অনেকদিন আগে
একজন নারী কবিতা লিখতে চেয়েছিলেন,
কিন্তু তিনি লিখেননি
কিংবা হয়তো লিখেছিলেন,
আমরা তা জানি না।

সে এমন এক সময় যখন
চারিপাশে কেবলি রাত,
একদল নারী স্বপ্ন দেখে যেত তারাদের
আর চাইতো যাপন করতে অন্যদের জীবন।

সুকৌশলে,
গোপনীয় ডঙ্গে
ভীতসন্ত্রস্তভাবে

কেননা দুনিয়াটা তাদের জন্য ছিল না,
তাদের ভাগ্য ছিল আলাদা
মায়েদের পৃথিবী,
অনেক অনেক দূরে
সর্বদাই মাটিতে তাদের দেহ পুঁতে দেওয়া হতো
যে ফুলবীজ কখনো পুষ্পিত হবে না সে বীজের মতো।

কখনো কখনো জীববিজ্ঞানের ক্লাসের ঠিক মাঝখানে
আমি তাদের কথা ভাবি যেমন ভাবি দাদীমার গল্পগুলো।

আমি জানি, তিনি হতে পারতেন একজন উদ্ভিদবিদ।
তার চোখে ছিল বোগেনভেলিয়ার এক বাগান,
তিনি কথা বলতেন বৃষ্টির ভাষায়,
বিষন্ন কণ্ঠে কথা বলতেন মেঘদের স্বরে
আমাকে দেখাও তুমি স্কুলে কী কী শিখো,
আমারও হয়তো ইচ্ছা হতো কবিতা লেখার।