২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো সের্দিও: সারসেরা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 03 Oct 2020, 11:04 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


এদুয়ার্দো সের্দিও ১৯৯৪ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, সম্পাদক ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তিনি উনাম(UNAM) বিশ্ববিদ্যালয় থেকে হিস্পানিক ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মোস্ত্রাতে এ মেক্সিকো(Mostrate a Mexico)তে সাহিত্য বিষয়ক কর্মশালা আয়োজন করেন। ২০১৬ সালে তিনি অন্যান্য ছাত্রদের সাথে মিলে .. .. "তাইয়ের লিতেরারিও দে-লিরিও"(Taller literario De-lirio) নামে একটি কর্মশালা আয়োজন করেন। ২০১৮ সালে সেই সাহিত্য বিষয়ক কর্মশালা থেকে একটি সমকামী সাহিত্য বিষয়ক ম্যাগাজিন বেরিয়ে আসে যা তিনি সম্পাদনা করেন। ২০১৯ সালে তিনি "তাইয়ের ইগুতিন"(Taller Igutir ম্যাগাজিনে যোগ দেন। তিনি Congregación Literaria de la Ciudad de México প্রতিষ্ঠা করেন এবং বর্তমান সভাপতি। এখানে প্রকাশিত অনূদিত কবিতাটি ইংরেজি অনুবাদ থেকে বাংলা তর্জমা করেছেন কবি ও অনুবাদক কামরুল হাসান। বি.স

সারসেরা

লাউরা ও হাসমিনের উদ্দেশ্যে

আমরা যারা মরণশীল তাদের কোনো অধিকার নেই
আত্মার পবিত্রতা সম্পর্কে কথা বলার,
কিন্তু শপথ করে বলছি একদিন আমি তা দেখেছি
প্রেমরত দুটি সারসের মাঝে।

তারা ছিল মার্জিত ও সরু
পারদের তৈরি পাখির মতো পলকা
লেসবোস দ্বীপের কুমারীদের মতো
ডেরেক ওয়ালকটের আঁকা সেই বকদের মতো,
কেননা তাদের ছিল সেই রঙ
যে রঙ জলপ্রপাত আর মেঘদের।

একগামীতা, আমাদের সময়ে বিরলদৃষ্ট,
তারা বিশ্বাস করতো আর তারা লড়াইও করেছে
চিরন্তন প্রেমের
সেই অনিন্দ্যসুন্দর কল্পরাজ্যের জন্য;
কিন্তু আকাশে ছিল বাজপাখি,
লিলি ফুলের ভেতর লুকানো ছিল ভয়ঙ্কর কুমির
শটগান হাতে একদল মূর্খের সমাজ,
যারা নিজেদের প্রজাতি সম্পর্কেও উদাসীন।

কিন্তু তাদের পাখায় জলাভুমিতে দাগ লাগেনি,
মিরনের গায়ে জলাভুমিতে দাগ লাগেনি।

একসঙ্গে তারা উড়ে গেল মিশরে
কেননা তাদের অতীত ছিল তাদের কাছেই অজানা
আর বর্তমান খুঁজে পেল এক ধর্মগ্রন্থ
তারা খুঁজে পেল তাদের ভাই ইবিসকে,
আর চামড়ায় উৎকলিত চিহ্ন দ্বারা
সে উৎসে যাবার পথ বাৎলাল,
একেবারে শুরুতে আর শেষে যাবার।

হে শুভ্র! প্রেমে মত্ত সাদা বক,
হোঁচট খেও না যদি তুমি ফাওনকে খুঁজে পাও,
তার পায়ের কাছে লুটানো সহস্র নৌকার মাঝি।
এক নতুন ধর্মে – কৃষ্ণবর্ণ আরকানুম যেমন একদা বলেছিল-
ভালোবাসা হাসবে স্বর্গ ও নরকে।

ইংরেজি অনুবাদ : লেওপোল্দো ওরোস্কো