হুয়ান আরাবিয়া: যে আমি আকাশ ও পৃথিবীকে দেখি
Photo credit: Razu Alauddin
হুয়ান আরাবিয়া আর্হেন্তিনার নতুন প্রজন্মের প্রথম সারির কবিদের একজন। জন্ম ১৯৮৩ সালে বুয়েনোস আইরেস-এ। বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে তিনি সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কবি হিসেবেই তার সর্বাধিক পরিচিতি হলেও একই সঙ্গে তিনি সাহিত্য-সমালোচক এবং অনুবাদকও। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে Nemico dei Thirties (Samuele Editore, Collana Scilla, 2017), Desalojo de la naturaleza (Buenos Aires Poetry, 2018), L´Océan Avare (Al Manar, Voix Vives de Méditerranée en Méditerranée, 2018) ্এবং Hacia Carcassonne (Pre-Textos, 2020).
বিট জেনারেশনের কবিদের কবিতার অনুবাদ নিয়ে বেরিয়েছে একটি সংকলন। এছাড়া তিনি আর্তুর র্যাঁবো এবং এজরা পাউণ্ডের কবিতা অনুবাদ করেছেন। মার্কিন কথাসাহিত্যিক জন ফান্টেকে নিয়ে তার বিস্তর লেখালেখি ছাড়াও ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকদের সম্পর্কেও নিয়মিত প্রবন্ধ লিখে যাচ্ছেন। ইতিমধ্যে তার কবিতা এশিয় এবং ইউরোপিয় বহু ভাষায় অনূদিত হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। Buenos Aires Poetry নামক সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। হুয়ান আরাবিয়ার কবিতাগুলো ইংরেজি অনুবাদ অবলম্বনে বাংলায় তর্জমা করেছেন কবি ও অনুবাদক কামরুল হাসান।
বাংলা অনুবাদ: কামরুল হাসান
বাউহিনিয়ার হামিংবার্ড
Un colibrí en la bauhinia
বাউহিনিয়ার সবচেয়ে নিচু ডালে
বসে আছে সমুদ্রনীল কালো।
এক ধৈর্য্যশীল হামিংবার্ড… বেগুনি,
প্রান্তসীমার আনন্দের মতো, তৃষ্ণার্ত
ক্ষতিকর উইলো শেকড়ের মতো্:
মধু, মদ, গাজা : আগুনের
উৎসের মতো। আমেরিকায় ফুলেরা
সেনাদলকে আহার জোগায় … ব্যাঙের শ্যাওলা
উৎসারিত, জোনাকিরা তার চিহ্ণ মুছে ফেলে।
সূর্য সন্ত এক, ভুট্টার মতো,
আর সে স্থান যেখানে পাখির গান
নীরব হয়, টিকে আছে লোহা,
কয়লা, জলদস্যুদের স্টিমজাহাজের আগে,
বাউহিনিয়ার সবচেয়ে নিচু ডালে:
পশ্চিমা দাসত্ব, ইঁদুরেরা।
এখানে মৃগয়ার শব্দ
রুগ্ন হয় আর মরে যায়… আর্দ্র হাওয়া
বিদ্রোহের বৃত্ত রচে উদীয়মান।
বাউহিনিয়ার সবচেয়ে নিচু ডালে
বসে আছে সমুদ্রনীল কালো।
এক ধৈর্য্যশীল হামিংবার্ড… বেগুনি
প্রান্তসীমার আনন্দের মতো, তৃষ্ণার্ত
ক্ষতিকর উইলো শেকড়ের মতো্।
বি. এ.
B. A.
যে নগরে আমার জন্ম
তা চাকরের মতো ময়লা, শোনো :
আমি তোমার সড়কগুলো ছেড়ে এসেছি
যেভাবে আমার পূর্বপুরুষেরা ইউরোপ ছেড়ে এসেছিল,
তোমার রত্মভাণ্ডারে বিমোহিত হয়ে
আর নতুন প্রতিবেশে হয়ে মুগ্ধ…
কিন্তু আমি তো কৃষকের মতো দেখতে নই
এখন মনে হচ্ছে আমি ধ্বংস করে দিতে চাই সব।
মূল ভূখণ্ড বেঁচে থাকে তোমার মাতাল নৌকার খাদ্যে।
কেবলি একটি উদ্দেশ্য, কেবল একটি প্রতিজ্ঞা:
ফিরিয়ে দিতে উপড়ে ফেলা প্রকৃতির সকল ভাঙচুর।
ভালো কিংবা মন্দ, শেকড়সমেত।
প্রকৃতির ভাঙচুর
Nature's Dislodging
চলো একসঙ্গে নিচে যাই অনুভবে তুলে নিতে ভাঙচুর।
শোন বাতাসের শব্দ যখন সে ফুলে ওঠে
গমের ক্ষেতের উপর:
ধারালো ধাতুর লড়াই।
একটি রূপালী কোলাহল
জীবনযাপনে জং ধরায়,
দুনিয়াতে যা কিছু আছে
তার প্রতিটি এবং সবগুলোই দু'টুকরো করে।
প্রথম বিন্দুটি পতনোন্মুখ।
বিধ্বংসী সংঘবদ্ধ ঝড়
নগরের প্রাচীরের ভেতর
সর্বদাই তার শেকড় ছড়ায়।
প্রাচীন রক্তের জঙ্গল
Ancient Blood Forests
প্রাচীন রক্তের জঙ্গল
একদা সূর্য্যরশ্মিতে আরও নতুন হয়ে উঠেছিল,
আর সবকিছু সবুজ আর এর রস,
এবং গভীরে লুকানো গর্তগুলো
তাদের সবগুলো, এখন নড়ছে, ফসিল দিয়ে তৈরি।
ক্যানারি দ্বীপের সমডনকিন ড্রাইভের নকল করে
বাতাসকে বদলে দেয়, করে আরও শুভ্র আরও পবিত্র
খরগোশের নিশানার মতো।
মাস্তুলে গুটিয়ে রাখা প্রথম পাল
বরফ লবনের ঠান্ডায় ভিজল,
পাটাতন আর লোহার শেকলগুলো,
কালো জাহাজটির সবগুলো নাবিক।
তাদের সকলে এখন উৎফুল্ল, ঝাঁপিয়ে পড়ে শূন্যতায়।
আলবাট্রসকে মনে রেখে, সেই অনিবার্য শোকগাঁথা।
আপেলের প্রথম বস্তাটি
বুড়ো বয়সের এক তলাহীন কূপে নিক্ষিপ্ত হলো।
সকল মধু আর সুঘ্রাণের ডালপালা
বন্যকাঠে ধরানো আগুন।
রক্তের প্রাচীন জঙ্গল
এখন আলোড়িত, বিপর্যস্ত,
ঠাণ্ডা নীড় থেকে গভীর পুলকিত রাত্রির বুকে
ছুঁড়ে দেওয়া কাকটির মতো।
উৎপাটন
Dislodging
উৎপাটন সম্পর্কে কী বলেছি আমি।
এই মৃতদেহগুলি যদি ভাসে
পুয়ের্টো মাদেরোর সূর্যের নিচে
জীবনের শেষ পাতাতে নেয় নিঃশ্বাস
কবর রয়েছে খুব খোলা।
প্রবল বিপুল স্রোত
টেনে আনে অসংখ্য মাছ
সাড আর চাব মাছের প্রজাতি
শেষ স্বপ্নের প্রান্ত ঘিরে
ঘুমন্ত সাঁতারে।
কিছু কিছু মাছ কেবলি ভাসে
শৈশবের প্রথম আঁশছড়ানোকে অনুকরণ করে।
রৌদ্র হলো এক তরবারি আর দেয়ালের উপর
জেরিকোর যুদ্ধবাজ পায়রাগুলো
তাদেরি নিঃশ্বাসে শ্বাস নিতে উঁচুডালে বসে থাকে।
উৎপাটন সম্পর্কে কী বলেছি আমি।
এই বন্দীদশায় যদি কোন শান্তভাব না থাকে।
স্রোত থেকে তুলে আনা
শৈবাল ও শব দিয়ে
এক কার্পেট বোনা হয়।
তাদের তৈলাক্ত পোনা থেকে টেনে বের করা
সহস্র মাছ লুকিয়ে রাখে
জলের প্রোফাইলের
রয়েছে ইল মাছের চোখ
ক্ষুধার্ত ও একরোখা।
উৎপাটন সম্পর্কে কী বলেছি আমি।
এই মৃতদেহগুলি যদি ভাসে
পুয়ের্টো মাদেরোর সূর্যের নিচে
জীবনের শেষ পাতাতে নেয় নিঃশ্বাস
কবর রয়েছে খুব খোলা।
Photo credit: Razu Alauddin
লেক ডিস্ট্রিক্ট
Lake District
যে আমি প্রথম জাহাজে যিশু খ্রিস্টকে চড়তে দেইনি,
অবশেষে বুঝলাম বিদায় শব্দটির প্রকৃত অর্থ।
তা কোনো সাধারণ বিদায় সম্ভাষণ নয়:
সেটা সেই মুহূর্ত যখন সবকিছু তলিয়ে যায়
সংখ্যার সাদা ও স্বচ্ছ সমুদ্রে,
ফুলেরাও হারায় যে ফুল
স্বর্গের অস্তিত্বের একমাত্র প্রমাণ।
এই সেই মুহূর্ত যখন বাতাসের তাৎক্ষণিক উত্তাপ
আমাদের বন্দী ও বিচ্ছিন্ন করে ফেলে
যা কিছু এই পৃথিবীতে বিরাজমান
সেসব হারায়।
এবরাকাডাবরা
Abracadabra
আমি আমার হৃদয় নিয়ে এক ভাঙারি দোকানে যাবো
যতক্ষণ না তা পাখি হয়ে যায়
আর তা থেকে নতুন তারকারাজি
ঝরে পড়ে এই পৃথিবীতে।
কেননা আমি এখনো ভ্রমণ করি
-আমি একজন আগস্তুক-
নগরের সেতুগুলো
নীরব হয়ে পড়ে আর পরিত্যাগ করে আমাকে।
সকল ঔদ্ধত্য ও অবিচার থেকে
আমি নিজেকে লুকিয়ে রাখব
যতক্ষণ না ভোর হয়ে ওঠে গোলাপের মতো সুন্দর
আর সারিয়ে তোলে নিজেকে।
পায়ের পাতায় বাতাস নিয়ে চলা মানুষটি
The Man With The Wind In His Heels
"যদি আমরা পুরোদস্তুর আধুনিক হই- যা আমরা হয়েছি-এর কারণ র্যাবো আমাদের তা হতে নির্দেশ দিয়েছিলেন।"
—না, এটি একটি মিথ্যা।
র্যাবো কখনো বলেনি যে তুমি তার হয়ে কথা বলতে পারো
তোমার পাঁচতারকা খচিত হোটেল লতরেমনত থেকে,
বিশ্ববিদ্যালয়ের আত্মতুষ্টি থেকে
আর উটাহর হ্যামবার্গার থেকে।
—না, না… ভদ্রমহাশয়গণ!
প্রথম কাজ প্রথম:
আজ রাতে আমি স্বপ্ন দেখব
যে তোমার চোখদুটি র্যাবোর চোখ
যেন এক রমণীর ভালোমানুষীর মতো যে মিথ্যে বলে
আর কেবল যাকে আমি মিথ্যে বলার অনুরোধ করি।
১.
ভালো কথা, আমরা ঠেলাগাড়ি থেকে নামিয়ে নিয়েছি মালামাল:
কয়েক বোতল মদ আর র্যাবোর আফিমফুল।
এটা না বুঝেই আমরা বড়ো হয়ে উঠেছি, এখন অপেক্ষা করছি পথের উপর।
অন্তত আমরা লোকদের কাছাকাছি ছিলাম, ছিলাম তাদের ভূমিসংলগ্ন,
যদিও আমাদের অভ্যাসগুলো ছিল দুর্নীতিগ্রস্থ।
শুরুতে শহরটি ছিল হালকা নীল,
সূর্য আমাদের জাগিয়ে দিল আর আমাদের দিয়ে গেল র্ঘূণমান বিকাল।
আমরা ছিলাম গ্রীস্মের চকচকে আঙুর,
আমরা জামা খুলে নগ্ন করেছি বাতাস।
২.
এটা বোঝা খুব কঠিন নয়
কেন রক্ত ঝরাবার চিরকালিন প্রয়োজন।
যা করার সাহস তাদের নেই তাই চমকে দেয় তাদের
আর আমি খুজে পাই সমুদ্র, আমি দেখি আমর মুখ
সরিসৃপের আয়নায়…
আর যদিও রাত্রি শীতল
এখানে আসার জন্য আমি মরিয়া নই।
যদিও তারা বন্ধ করেছে কথোপথন
আমি খুন করতে পারি ঈশ্বরকে। একথা লিখে "সে এখন মৃত"
একটি চেয়ারের উপর।
চার্লিভিলের দিনগুলি
Charleville Days
সন্ধ্যেবেলা পাখিগুলো
গাছপালার ভেতরে
গড়ে তোলে এক সঙ্গীতের দুর্গ।
একসঙ্গে তারা লুকোয় ডালপালার ভিতর
আর তাদের কণ্ঠস্বরে অবিকল নকল করে
লাল, সবুজ আর হলুদ পাতাদের
সুরগুলো
যা হেমন্তে ঝরে পড়ে
আর আমাদের রক্ষা করে
গ্রীস্মের রৌদ্রতাপ থেকে।
ক্যামডেন শহরে একটি কাক
A crow in Camden Town
লন্ডনের কেন্দ্র আর
বাকিসব নরক থেকে অনেক দূরে
ক্যামডেনের পথে পথে
সকল শূন্য দরোজার সিঁড়িতে
ঘুরে বেড়ায় এক কাক।
তার অভিলাষ
সকল মানুষের কাছ থেকে সরে যেতে
সকল মানবীর সান্নিধ্য থেকে
সে চেষ্টা করে লুকাতে
—ভারি প্রাণপন—
তাদের দিকে মেলে ধরা নিজেরি চোখ।
তার চোখগুলো কালো,
সারা শরীরের মতো।
কেননা চাঁদ হলো সাদা
আর নীরবতাও সাদা।
প্রকৃতিতে
কোন মনমরা ভাব নেই।
আগন্তুকদের হোটেল
Hotel des Étrangers
যে আমি ডিঙ্গিয়ে এসেছি উঁচু পর্বতমালা,
আর আমার হৃদয়ে জলে ধুয়েছি আফ্রিকাকে
শেষাবধি পৌঁছালাম সেই বিপ্লবের নগরীতে
এটা এখনো অবাক ঘটনা
কী করে আলো জ্বলে
এত বেশি নির্জীব আত্মায় ভরা সড়কে।
প্যারিস চলে গেছে অন্যদের দখলে,
তার গায়ে কৃত্রিম চামেলির ঘ্রাণ:
তাকে চেনা যেতে পারে
পতিতার তীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে।
তবু এখনো মানুষের চোখে রঙ লাগানো ভালো
গির্জায় না লাগিয়ে।
মৃদুমন্দ হাওয়া
Breeze
সে হলো প্রকৃতি যে নিঃশ্বাস নেয়,
গভীর, আর তার হরিদ্বর্ণ কাণ্ডগুলোকে
ঝরে পড়তে দেয়: সবচেয়ে কাছের ঋতুটি
আর্দ্র আর গ্রামীণ। নেকড়েরা
চুরি করে ভুট্টা, বাঁদুরেরা বাসা বাঁধে
যাজকের ঘরের উপর।
ঘাস শুয়ে আছে সমতলে, কেশরাশি
নেচে ওঠে, জমে ওঠে বালু… বুড়ো লোকটি
খেপিয়ে তোলে বোকা রাজাকে। আর ওরাই,
শূন্য ঝিনুকের খোসা, পৌত্তলিকগণ,
যারা শুনতে পায় না শীতল বাতাসের জন্মের গান…
দীর্ঘস্থায়ী বিপ্লব
Long Revolution
যখন গ্রামীণ বাতাস এক পর্দা টেনে দেয়,
একটা গল্প থাকে সমুখে
তাদের মৃদু অঙ্গভঙ্গিতে বাতিল হয়ে যায়
যাদের দিন ফুরিয়ে এসেছে
অস্তিত্বের গুঞ্জরণের ভেতর।
কেবল একটি জায়গা পাওয়া কঠিন
সত্য রোপনের
যা কিছু না কিছু আগ্রহ ধরে রাখে
রৌদ্রমুখী বৃক্ষের,
সেই নদী যা তার ছায়ার ভেতর লুকিয়ে রাখে মাছ
যা ডাঙার উপরে সোনালী বর্ণ হবে,
এক ধারালো তলোয়ারের আকস্মিক আঘাতের মতো
এক মুহূর্তের জন্য যা কালের শরীরে স্থির।
একটি দীর্ঘস্থায়ী বিপ্লব যা তার নিজস্ব শব্দেই নিশ্চল
হামিংবার্ডদের ঘরবাড়ি,
আকাশের সেইসব ছায়া যা তাদের আদিম স্তরে
ঝড়ের আশেপাশে জড়ো করে
কেবলি সতেজ ও অদম্য বাতাসের পাল।
বাইরে, সরিসৃপ
Outside, the serpent
বাইরে, আছে এই সাপ, একই পথ অনুসরণ করে
নিয়মের ভিতরে নিয়ম নিয়ে, এখন মরনোন্মুখ টুপিতে।
ধনী বা গরীব, ওই একই ঘৃণা, হাসি একরূপ
যুদ্ধে সমান আগ্রহ।
এটা হলো একমাত্র যুদ্ধ। কখনো থামবে না।
আগে, রাষ্ট্রগুলো বিশ্বাস করতো নিয়মকানুন নতুন পৃথিবী গড়ে দিবে।
কিন্তু এখন যুদ্ধের আছেেএক স্বতন্ত্র চেহারা।
সুতরাং সরিসৃপটি তা্ই খেয়ে বাঁচে।
এটি একটা ভাষার মতো, যেন এক কারাগার
সমগ্র বনভূমির বাতাস বৃষ্টিতে ভরে আছে।
সমাপ্তি ( অথবা ত্রিশের দশকের শত্রু)
The End (or The Enemy of the Thirties)
গ্রিনউইচ গ্রামে জেগে ওঠে রাত
আর, নগ্ন, মুছে গেছে তারারা
তোমার হৃদয়ের মতো;
যেখানে একটি পুরো পৃথিবী ঠাঁই পেত
প্রাথমিক আলোর পৃথিবী;
তোমার কল্পনাকে অন্ধ করে দিয়ে।
তুমি তুলে ধরো তোমার পেয়ালা
দানব আর মৃদু সত্যের হাতে বন্দী,
অমিমাংসীত অতীত আর বালুকাময় কাঁটা।
কেউ কি বুঝবে যে এই যুথকাষ্ঠ
সেই দুটি চোরের ক্লেশের মতো নয়, যারা নির্দয়ভাবে
তাদের দুঃখকে পানীয়ের মাঝে ডুবিয়ে রেখেছিল।
তোমার উদ্দেশ্য হলো ভুলে যাওয়া
সৌন্দর্যের সবগুলো দূরবীন।
কিন্তু তোমার পঙক্তিরা গর্জে ওঠে, যেন শেকলে বাঁধা
অবশেষে পাখিরা মুক্ত হবে আকাশের মতো
এমনকি যদি পরদিন ভোরেও
তারা তাদের পাখার শব্দের ভেতর হারিয়ে যায়, তবু।
ক্রোমার স্ট্রিটে সন্ধ্যা
Dusk in Cromer Street
সূর্য এখনো ডুবে যায়নি
কিন্তু রক্তিম রশ্মিরেখা্রা ইতিমধ্যে পৌঁছে গেছে
ক্রোমার স্ট্রিটের এক পানশালায়।
আর যখন পুরনো বন্ধুরা পুড়ে যায়
এক প্রদীপের মাঝে
যার ভেতরে প্রবাহিত হয় না কোনো বায়ু
আমি জীবন বেয়ে চলি
যেন আমার নগ্ন হৃদয়ের কাছে
আমি এক অচেনা মানুষ।
প্যারিসের উত্তর দিক দিয়ে
Through the north of Paris
প্যারিসের উত্তরে নিগ্রোরা আসে যায়।
তাদের আছে নিজস্ব চাঁদ, ভেড়ার পাল আর পাথর।
যদিও তারা লম্বা পায়ের পারস্য রমণীদের
সিল্কের তৈরি স্প্রিংবোর্ড থেকে অনেকটা দূরে…
সেইন্ট ডেনিস থেকে তারা সীন নদী ঘুরে যায়,
আর দলে দলে এসে জড়ো হয় মেট্রো স্টেশনে।
তারা কৃষ্ণবরণ, পাখিহীন জিপসিদল।
তারা হারিয়েছে তাদের স্বাধীনতা,
তা দিয়ে বানিয়েছে খড়ের টুপি
সেই সাদা রাণীর জন্য যে নিষিদ্ধ করেছে সূর্য
সে ছিল এক সবুজের ঢেউ, খুব দূরে,
উলের স্বভাব আর দাম দ্বারা বাধা পায়…
রাজতন্ত্র প্রদর্শনী হিসেবে বেশি লাভজনক।
কিন্তু নিগ্রোরা এগুয়, সবকিছু সত্বেও।
তারা এগোয় কারণ গণতন্ত্র অধিকতর শক্তিশালী।
তারা এগুয় কারণ তারা পাখিহীন।
আর তারা কেবলি অগ্রসর হয়, কারণ…
দক্ষিণ
South
ধর্মসমূহ আর তলোয়ারগুলো
বাতাসে রেখে যায়নি কিছুই ইচ্ছাশক্তি আর বিশ্বাস ছাড়া।
খ্রিস্টের ভালো ও মন্দের মাঝে বিবাহ;
বুদ্ধের গৃহত্যাগ।
অপ্রামণিক বেদবাক্যগুলো : রূপকথা এখন স্পন্দিত করে চলেছে
প্রগতি ও বিজ্ঞানের পুরনো জলপথে।
চোরাচালানের মদকেও প্রতিস্থাপিত করে নতুন যন্ত্রপাতি।
—আমি ফিরে যাই পবিত্র ধর্মগ্রন্থের কাছে।
তাদের পাঠ করার সময়ও সংক্ষিপ্ত:
এ হলো নতুন সময়।
ঘোড়ার কেশরের উপর কোনো চাবুক নেই,
পৃথিবী হলো এক শান্ত গাধা।
দক্ষিণে শয়তানের দাড়ি বেড়ে ওঠে,
ভারতীয় দাঁড়ি।
তারা বলে এ শশ্রু বেড়ে ওঠে কেবল পবিত্র বাতাসে।
সর্বশেষ লুটপাটের জন্য সে হলো চমৎকার এক স্থান।
কৃপণ সমুদ্র
The mean ocean
যারা ভালোবাসায় বাঁচে তার বাঁচে ঈশ্বরে অথবা ঈশ্বরব্যতীত।
এমন একটিও জীবন্ত প্রাণী নেই যা সম্পূর্ণ ভালো বা মন্দ পুরোটাই।
সত্যের রক্ষক, রাঁবো স্বর্গে তার অবস্থান বুনে নেয়।
যখন ঘুমিয়ে ছিলাম, গতকালের খাবার ছিল জ্বলন্ত অঙ্গার।
বেহেশত থেকে টাকা ধার করে আমি চার্লিভিলে যাব।
ব্যক্তিকে হত্যা করতে, অভিজ্ঞতাকে… আর কাঁদতে। তাকে লুকাতে।
নীরবতার ভ্রাতৃত্বে বসবাস করতে… চিরদিনের জন্য।
আমি হৃদয় থেকে লিখতে চাই, আর ভুলে যেতে চাই কী করছি।
পৃথিবীতে যে বাতাস বয় আমি তার মতো লিখতে চাই।
সমুদ্র কৃপণ, যিনি বলেছেন তিনি বিজ্ঞানকে বর্ধিত করেন বহুগুণ
আর তাকে ভরেন একটি আলোকিত জানালায়:
যে জলপথগুলো তিমিদের বেহেশতে নিয়ে যায় তাদের বিস্ফোরিত করতে
পরবর্তীতে, রাজমুকুট পৌঁছেনি পর্বতে:
পিতার জটিল মনোভাব নিয়ে টিপেছে তার চোখ।
যে বিশ্বাসঘাতকতা করেছিল সে তার বন্ধৃ ছিল না
—একটি বা দুটি জাগ্রত ভাবনা—প্রথম প্রভাতবেলা।
সর্বদাই এমন একটি চিত্রকল্প থাকে যাকে দেখায় ভূমির মালিকের মতো:
পশুটিকে খোঁয়াড়ে ভরতে, সেটিকে খেতে আর পান করতে দিতে;
শুধু ওর চামড়ার জন্য নয়: মাঠ হলো সবুজ আর আমাদের সবুজ রং নিয়ে কিছু বলে…
জাগিয়ে তোলার স্বপ্নগুলে যা তারা ইতিমধ্যে দেখে ফেলেছে
বদ্ধ দরোজার ওপাশে তাদের আহার, শিকার শেখার ঢের আগে।
প্রতিটি কোণ লুকিয়ে রাখে আশ্রযের কোন না কোন দিক, আকাশের,
জনপদের, নগরের।
কয়লা থেকে বানানো হয়েছে ইট, আগুনে মিশ্রিত করে।
সোনা হলো কতিপয়ের আবিস্কার।
যে আমি আকাশ ও পৃথিবীকে দেখি
I am he who watches the sky and the earth
যে আমি আকাশ ও পৃথিবীকে দেখি
আমি হলাম মহাবিশ্ব।
আমি সেই মানুষ যে হ্রদের কিনারা পর্যন্ত হেঁটে যায়
আর শুকনো ঘাসে আগুন জ্বালায়।
ব্যাখ্যা দেওয়া এক জঘন্য কাজ;
দর্শন, অপমান।
কারণ হাওয়া আজ চলতি পথের মতো:
মানুষের স্মৃতি, সে নিজেই।
আমি সেই লোক যে গাছদের কথা শোনে
আর দেখে তাদের বিপুল অস্তিত্বের কাঠামো
যে ভূমিপৃষ্ঠের নীরবতার মাঝে গজিয়ে ওঠে
আর দৃঢ়ভাবে পুঁতে দেয় তার ধারণাগুলি।
আমি শব্দের সৃষ্টি; আমি হলাম গায়ক।
আমি বস্তু দ্বারা নির্মিত, আমিই স্রষ্টা।
আমি ভয় পাই না সত্যকে:
আমি সেই মানুষ যে বেঁচে আছে, আমি হলাম কবি।
