ইরাকি কবি জামিল সিদকী যাহাবী’র কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুর
[কুর্দি বংশোদ্ভুত ইরাকি কবি জামিল সিদকী যাহাবী। পিতা মুহাম্মদ ফাইদী যাহাবী ছিলেন বাগদাদের মুফতি। তার পরিবার দক্ষিণ কুর্দিস্থানের 'বাবান' গোত্রের অন্তুর্ভুক্ত। ১৮৬৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন এই কবি। পিতা ও বড় ভাইয়ের মত কাজী বা ফকীহ না হয়ে তিনি কবি ও দার্শনিক হন। কর্মজীবনে তিনি শিক্ষকতা, সাংবাদিকতা, প্রকাশনাসহ বিভিন্ন অঙ্গনে কাজ করেন। বাগদাদের সরকারি 'যাওরা' পত্রিকার সম্পাদক ছিলেন। ১৮৯৬ সালে তুর্কি সুলতান আব্দুল হামীদের আমন্ত্রণে ইস্তাম্বুল যান। একটা কাজে সুলতানের সমালোচনা করায় তাকে বাগদাদে বদলি করা হয়। ১৯০৮ এ উসমানীয় সংবিধান প্রণয়নের পর ইস্তাম্বুলের রয়াল ইউনিভার্সিটির দর্শন বিভাগের সভাপতি হিসেবে যোগ দেন। এরপর অসুস্থ হয়ে আবার বাগদাদে ফিরে আসেন। এখানে থেকেই তিনি কবিতা, প্রবন্ধ, কলাম নিয়মিত লিখতে থাকেন। ১৯৩৬ সালের ২৩ ফেব্রুয়ারি কবি যাহাবী ইন্তেকাল করেন। নয়টি কাব্যগ্রন্থ রয়েছে তার। রবীন্দ্রনাথ পারস্যভ্রমণের পথে ইরাকে যাত্রাবিরতি করেছিলেন। সেই সময় কবির সাক্ষাৎ পেয়েছিলেন এই কুর্দি-ইরাকি কবি। সেই সাক্ষাতের ফলশ্রুতি 'রবীন্দ্রনাথ' শিরোনামের এই কবিতা। মূল থেকে অনূদিত কবিতাটি কবির 'দিওযান ই আয যাহাবী' নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে।]
অনুবাদ: তাসনীম আলম ও জাকির তালুকদার
ছবি:'দিওযান ই আয যাহাবী'(আয যাহাবীর কাব্যগ্রন্থ) নামক এই বইটিতেই রয়েছে রবীন্দ্রনাথ বিষয়ক এই কবিতাটি
রবীন্দ্রনাথ ঠাকুর
ঠাকুর আমার অন্তরে এতটাই জীবন্ত ছিলেন যে, যখনই চাইতাম আপনাকে সম্মুখে দেখতে পেতাম।
ডানে তাকালে আপনাকে দেখতাম, বাঁয়েও তাই।
যেমন উজ্জ্বল নক্ষত্র অনেক উঁচু থেকে মুচকি হাসি দিয়ে অন্ধকারে পথ দেখায়
তেমনি আপনিও ছিলেন আমার পথপ্রদর্শক।
আপনাকে স্পর্শ করবো বলে দুই হাত বাড়িয়ে এগিয়ে যেতাম।
কিন্তু ব্যর্থ আর নিরাশ হয়ে ফিরে আসতাম।
নিজেকে বলতাম, ইচ্ছা হলেই তো মনে মনে তার সঙ্গে কথা বলতে পারি।
অথচ আমাদের মাঝে অনেক দুরত্ব।
আমার পক্ষে সম্ভব হয়নি এ দুরত্ব অতিক্রম করার।
তার সাক্ষাতের আশা সংশয় আর অবিশ্বাসে হারিয়ে ফেলেছিলাম।
অনর্থক নিজেকে বলতাম, আবার চেষ্টা করো পাবে তাকে।
বারবার আশা করে আমি শুধু ব্যর্থতার ভারই বৃদ্ধি করতাম।
শেষে আমার ইচ্ছার গলায় বেড়ি পরালাম।
এছাড়া আর কিই-বা করার ছিল আমার।
কিন্তু এরপর রাতের আঁধার কেটে ভোরের শুভ্র আঁচল উদ্ভাসিত হলো।
উজ্জ্বল আলো ছড়িয়ে সূর্যের আগমনের সাথে সাথে নিদ্রা ভেঙে জেগে উঠল সব মানুষ।
এইদিনেই আমার কল্পনার অবসান ঘটল।
আজ আমি সর্বান্তকরণে অবলোকন করছি তাকে, যাকে এতদিন শুধু কল্পনাতেই পেতাম।
আহ! কত সুন্দর এক তারকা আজ ইরাকের আকাশে জ্ঝলজ্বল করছে।
কত কাছে পেয়েছি আমি তাকে!
যে তারকার সবকিছুই সৌন্দর্যমণ্ডিত।
যতভাবেই দেখিনা কেন তার অপরূপ রূপে আমি শুধু মুগ্ধই হই।
এ তারকা তার শুভ্র আলোক রশ্মি ছড়িয়ে একাই পুরো প্রাচ্যকে আলোকিত করে রেখেছে।
অনেক দীর্ঘ অপেক্ষার পর এই সাক্ষাৎ কত সুন্দর!
আজ আমাদের সব আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণতা পেল।
আমরা ধারণা করেছিলাম এ মিলন অসম্ভব। অথচ আজ তা বাস্ততাবায়িত হয়েছে।
ইরাকের মানুষ আজ একত্রিত হয়েছে এই বিস্ময়কর, মহান ব্যক্তিত্বকে অভ্যর্থনা জানাতে।
হে মহান কবি! সালাম গ্রহণ করুন আপনার কবিতার ভক্ত এক পাঠকের কাছ থেকে।
শান্তি বর্ষিত হোক আপনার প্রতি প্রতিদিন, সর্বাবস্থায়।
আপনি যেন কবিতার খনি, যেমন সমুদ্র মনিমুক্তার খনি।
কবিতাগুলো যখন আপনি সুর করে গেয়ে ওঠেন তখন যেন তার মধ্যে ঐশ্বরিক ভাব আসে।
আমি শংকিত নই এর স্থায়ীত্ব নিয়ে। এ সুর চিরন্তন, ক্ষণিকের নয়।
অসামান্য প্রতিভাধর কবিদের তালিকা করলে আপনি হবেন তাদের অন্যতম।
আপনি কি মনে করেন মৃত্যু হলো নতুন এক জীবনের সূচনা?
জগতের প্রকৃত সত্য সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চেয়ো না।
আমি তো অন্ধকার মেঘের ফাঁক দিয়েই সূর্যের দেখা পেতে চাই।
কোনো প্রশ্ন করো না এ সত্য নিয়ে।
কেননা সন্দেহ সংশয় নিয়েই তো আমি ডুবে আছি।
প্রতিনিয়ত যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছি।
আমি তো জানি না কী আমার জীবনের লক্ষ্য, অস্তিত্বের কারণ, শুরু আর পরিণতি।
মন যদি আমার বিবেকের আদেশ মানতে অস্বীকার করে তাহলে
এত যুক্তি-প্রমাণ কোনো কাজেই আসবে না।
আমার নির্বুদ্ধিতার জন্যই আমার পথ অন্ধকার হয়ে যায়
আর আমার ভ্রষ্টতার মধ্যেই আমি সঠিক পথ দেখি।
সুপথ খুঁজে না পেলে আমি কিছুই পাবো না।
অশ্রু যেমন গণ্ডদেশ থেকে ঝরে পড়ে তেমনি ঝরে পড়ব।
হে প্রেম ও সৌন্দর্য! তোমরা তো উভয়েই শান্তির প্রচারক। দুজনেই মহান।
আমি আজীবন সত্যের সন্ধান করতেই থাকব–
তাতে যদি আমার ডানা ক্লান্তিতে ভেঙে পড়ে তবুও।
আমি জানি না জীবনের পূর্ণাঙ্গ পথে কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ।
সত্য হলো এমন এক রঙিন ফুল, যাকে ঘিরে থাকে ধারালো কাঁটা।
এ ফুলের থাকে সৌন্দর্য আর সুরভী।
কংকর আর বালুকাময় পথ মাড়িয়েই এ ফুলের দেখা মেলে।
এক সকালে খুব আগ্রহ নিয়ে আমি সে ফুলের সাথে সাক্ষাৎ করলাম।
বন্ধুরা এর খবর আমাকে আগে জানায়নি।
শেষপর্যন্ত মৃত্যু আসবেই। ভ্রুক্ষেপ করি বা না করি।
মৃত্যুযন্ত্রণা তো কিছুই নয় যদি সারাজীবনের যন্ত্রণার সাথে তা তুলনা করা হয়।
বিবেকের মধ্যে অহর্নিষ দ্বন্দ্ব চলতেই থাকে। এ আগুন কখনো নেভে না।
আল্লাহ জানেন আমি বেহেশতে নেই। জাহান্নামের আগুনে পৌঁছে গেছি।
যুগের দুটো রূপ দেখেছি আমি। যুগ মিলন ঘটিয়ে দেয় অতীতের সাথে ভবিষ্যতের।
দেহাবসনের পরে আত্মার কোনো ক্ষয় বা লয় নেই।
ধ্বংসপ্রাপ্ত দেহেই আবার প্রাণ ফিরে আসে।
হে বিদ্যুৎ! তুমিই আমার সকল প্রশ্নের উত্তর জনগনের সামনে।
সম্মান, মর্যাদা স্থায়ী হয়। অতঃপর তা প্রকৃতির সাথে মিশে যায়।
নতুন প্রাণের জন্ম হবে আবার তা হারিয়েও যাবে একের পর এক।
আমরা মিলিত হই আবার বিচ্ছিন্ন হই।
কে আমার সাথে মিলিত হতে পারে বিচ্ছেদ ছাড়া!
আমি মনকে প্রবোধ দিই– মৃত্যুকে ভয় পেয়ো না।
মৃত্যু তো স্থানান্তর হওয়া ছাড়া আর কিছু নয়।
অবাধ্য হৃদয় আমার কথার সাথে একমত হয় না।
ধারালো অস্ত্র নিয়ে সে আমার সাথে দ্বন্দ্বে অবতীর্ন হয়।
তোমরা আমার হৃদয়ের সমালোচনা করো। কেননা সে জীবনকে খুব ভালোবাসে।
আমি আমার অতীত বা বার্ধক্য নিয়ে কাঁদি না। বরং আমার ভবিষ্যত আমাকে কাঁদায়।
যদি চাও তো বিপদে আপদে কাঁদতে পারো। যদিও কান্না পুরুষের জন্য শোভনীয় নয়।
মৃত্যুশোকে শোকাতুরা কাঁদে কেননা এই আপদ প্রতিহত করতে সে অক্ষম।
আর কুমারীরা কাঁদে প্রেমিকের কঠিন কথায়।
সম্ভবত খুব সামান্যই পার্থক্য এই দুঃখ আর অভিমানের অশ্রুর মধ্যে।
আহ! কত সুন্দর ঐ অশ্রু যা শিশুর অশ্রুর মতো চোখের কোলে টলমল করে।
যে চোখ এমন করে কাঁদে তার অশ্রু যে মুক্তোদানা।
আমরা আশা করি সূর্য প্রত্যাবর্তন করবে আমাদের গৌরবমর্যাদা সঙ্গে নিয়ে।
কিন্তু প্রতিশ্রুতি পালনে সে খুব বিলম্ব করে থাকে।
হে প্রাচ্য! বহুবছর তুমিই ছিলে আলোর উদয়স্থল
যখন পাশ্চাত্য ছিল ঘন অন্ধকারে আচ্ছন্ন।
তুমিই ছিলে সভ্যতা সংস্কৃতির শিক্ষক। খুব উচ্চস্তরের জ্ঞানে পরিপূর্ণ ছিলে তুমি।
আজ তোমার সে শিক্ষা হারিয়ে গেছে।
পুরোপুরি বিপরীত ভূমিকায় অবতীর্ণ হয়েছ তুমি।
ঠাট্টা তামাশার বিষয়ে পরিণত হয়েছ।
নিশ্চয়ই একদিন শান্তি ঘোষিত হবে
এইসব ধর্মীয় আর সম্পদের যুদ্ধ সমাপ্ত হবে।
