২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের্নান্দো ছালাসার তররেস-এর কবিতা: প্রভাত বালিকার জন্য প্রার্থনা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 05 May 2020, 08:54 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


মূলত কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী ফের্নাান্দো ছালাসার তররেস-এর জন্ম মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটিতে ১৯৮৪ সালে। উনিবের্সিদাদ অউতোনোমা মেত্রোপলিতানা থেকে ব্যচেলর অব ফিলোসফি আর সাহিত্যতত্ত্বে মাস্টার্স করেছেন। বর্তমানে উনিবের্সিদাদ অউতোনোমা দে পুয়েবলো থেকে ইস্পানোআমেরিকানো সাহিত্যে ডক্টরেট করছেন। ইতিমধ্যে তার দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে: প্রথমটি Sueños de cadáver( ২০১০ সাল) আর দ্বিতীয়টি হচ্ছে Visiones de otro reino( ২০১৫ সাল). ফের্নান্দোর কবিতা ও প্রবন্ধ ইতিমধ্যে মেক্সিকোর অগ্রগন্য সাহিত্যসাময়িকীগুলোয় প্রকাশিত হয়েছে। নিজে Taller Ígitur নামের একটি সাহিত্যপত্রিকার প্রধান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও "Crítica y Pensamiento en México" শীর্ষক গোলটেবিল আলোচনার সমন্বয়কারী। "Letralia. Tierra de Letras" নামের একটি সাহিত্যসাময়িকীতে "Voces actuales de México" এবং "Poesía española contemporánea" শীর্ষক দুটি সিরিজ পরিচালনা করে আসছেন দীর্ঘদিন থেকে। মেক্সিকোর PEN ক্লাব-এর সদস্য ফের্নান্দোর কবিতা ও প্রবন্ধ মেক্সিকোর সাহিত্যসমালোচক ও রসজ্ঞ পাঠকদের তারিফ অর্জন করেছেন। ফের্নাান্দোর এই দীর্ঘ কবিতাটি Laura Adriana Moreno Mendoza'র ইংরেজি তর্জমার ভিত্তিতে বাংলায় অনুবাদ করেছেন কবি ও অনুবাদক কামরুল হাসান।

১
আজ সবকিছুই রইল পিছনে পড়ে
খুব ভোরে পৃথিবীর আলো ছেড়ে
সেই সময়ে যা ক্রমশই বড় হবে

এ জীবনে আর কিছু নেই বাকি
কিন্তু একটা ফুল ফুটছে তোমার জন্য
আর, মৃত্যুকে ছাড়িয়ে,
বাতাস বয়ে যায় আগুন শিখার মতো
তোমার দোলনায় গান গায় মায়ের স্বর।
-ঈশ্বরের রূপক যা সে তোমাকে দিয়েছিল-

একটি সড়কবাতির নিচ দিয়ে আমি হাঁটি
আর দূর থেকে শুধু ভাবি
তোমার কথাই, প্রভাত বালিকা, ঈশ্বরিক বাড়ন্ত বয়স।

২

তোমার হৃদয় এই দিনটির স্বপ্ন
আর তোমার মায়ের জরায়ুতে
অন্য এক আলো স্পন্দিত, ধুকপুক করে আরেকটি আলো!
কেউ নয়, তোমার সুগন্ধি পাই না কারো নিঃশ্বাসে।

শিশুশয্যা ধরে রাখে অপার শূন্যতা,
প্রতি প্রভাতে, প্রতিটি রাত্রির আগমনে,
প্রথম প্রহর থেকে, বর্ধিত হয় সেখানে,
বেড়ে চলে তা, ক্রমাগত, এই প্রার্থনা
প্রভাতের সুগভীর আত্মা থেকে
কেউ নয়, তোমার সুগন্ধি পাই না কারো নিঃশ্বাসে।

একটি কাঁটায় ছিঁড়ে গেল গৌরব
ওই ফোকর দিয়ে অসীমকে ছোঁয়া গেল,
আরেকটি আলোর পাখা শুশ্রূষা করে আজ।
সবাই তোমার কথা বলে, পিয়া, সবকিছুর মাঝে তোমার নাম।

৩

কী সারাংশ ধরে রাখবে তোমার প্রথম অশ্রুজল?
তোমার আগমনে কেমন হবে পৃথিবীর রূপ!
কে শুনবে তোমার প্রথম ভাবনাগুলো?

কী ঘূর্ণন অনুভব করবে তুমি যখন খুলবে তোমার চোখ?
তুমি কি অনুভব করবে তোমার রক্তের স্পন্দন? বিস্মৃতির কিছু নেই
তোমার উপস্থিতিতে কেমন হবে পৃথিবীর রূপ!

এই প্রার্থনার ভেতর কোন জীবন প্রোথিত হবে!
এই পৃথিবীতে কেমন হবে তোমার উপস্থিতি!
তুমি হলে ঈশ্বরের কাছে নীরব প্রার্থনা।

৪

যা কিছু লেখা হবে তুমি দেখতে পাবে সব, আমি জানি;
আমি জানি, তোমার হৃদস্পন্দনের চেয়ে প্রার্থিত কিছু নেই
যদ্যপি একটি প্রেমগাঁথা তোমার অজুহাতে বাড়ে।
যদি তোমার প্রস্ফুটিত কিশোরী চোখের দিকে কখনো না তাকাই,
ফুলেরা তোমার চারিপাশে তাদের আকাশ এঁকে দিবে।

হঠাৎই চক্কর খায় বসন্ত, আর তুমিও পড়ো ঘূর্ণিতে,
এলিজাবেথের জলরঙগুলি এঁকে দেয় মেঘদল,
তারা তুলে ধরে তোমার উপহার, ঈশ্বর তোমার ইচ্ছাধীন।
আর কত আলো! আরও পরিষ্কার করে দাও চারিপাশ!
এই তো এসেছে, ঘণ্টাধ্বনির সাথে, এই তো এসে গেছে সে।

ওখানে, অন্য পাড়ে, কী কী ফুল ফোটে সূর্যের আলোয়?
তোমার চেতনার উপর পাল তোলে কোন সে আকাশ?
মেরুপ্রদেশের আলোর দ্যুতি দেখার কোনো স্থান কি আছে?
এখানে, এই পাড়ে আমি নিঃশ্বাস ফেলি ফিসফিস শব্দের নিচে
হঠাৎই যেন তোমার হৃদয়ের স্বর কথা বলে ওঠে আমার সাথে।

চিত্রশিল্পী রঙ করে পতঙ্গগুলো কিন্তু মাছেরা জন্ম নেয়,
সাদা কাপড়ের উপর সে আঁকিবুকি করে জোনাকিদল,
বৃষ্টির নিচ দিয়ে তারা উড়ে যায় আমাদের দিন উপহার দিতে।
আরও আলো, ডুবে যাচ্ছি আমরা, মেয়ে, আমাদের শান্তি দেয়।
আসো, চলে আসো, উপলব্ধির শ্বাস-প্রশ্বাসের মতো।

৫

দরোজায় কেউ একজন দাঁড়িয়ে, কিন্তু প্রবেশ করে না। আমি শুধু শেষাংটুকু খুঁজে পাই, মাটিতে তোমার হাতের ছাপ, তারা আগেই প্রশংসা বুনে গেছে। তোমার সুগন্ধির ঘ্রাণ মেরুজ্যোতিকে স্বচ্ছ করে তোলে। কেউ শোনে না ঘণ্টাধ্বনি ডাকছে, কিন্তু সেটা ডাকে। বর ও বঁধূ সেই দিন শপথ নেয় যে সেই সময়টি ঘড়িতে চিহ্নিত হয়ে আছে আর স্বর্গীয় রাজ্যপাট তোমাতে নেমে আসে, আর তুমি একটি মেঘের মতন। ক্যাথিড্রালের পর্যবেক্ষণ টাওয়ার ভক্তিগীতি শোনে, সুবিচারের দিনে বাতাস তোমার শরীরের অনু-পরমানু ছড়িয়ে দেয়। সবাই তোমার ও তোমার মা-বাবার জন্য অপেক্ষা করে, প্রতি ঘন্টায়, আমি দাবী জানাই, প্রতি ঘণ্টায়, তারা হলো তোমার হৃদপিণ্ডের রক্ত তোমার পুষ্পকানন হয়ে ওঠার ও সহ্য করার প্রতিশ্রুতি আর তুমি সেই পাখিটি যে ওড়ার আকাঙ্ক্ষা ধরো। তোমার পদচিহ্নে খোদিত প্রথম স্বর্গের সাথে জেগে ওঠো।

৬

হাসা, বাস করা নির্জনে, হাসা অন্য জগতে জেগে ওঠা কারো মতো
ফের শুয়ে পড়া বিশ্বাসে, পা থেকে মাথা তুমি তোমার মতো বাঁচো;
কান্না ঝরাতে, চীৎকার করতে, চোখ খোলা রাখতে তোমার জন্য কাঁদা,
আকাশ থেকে একটিও দেহ ঝরে পড়লো না, আশা নিয়ে আর এইভাবে তুমি বাঁচো;
বেঁচে থাকা, ভাগ্যকে পরিহাস, সকল আকাঙ্ক্ষা থেকে বাঁচা আমি জানিনা কী সেটা,
পশুদের মতো আমাদের মাংস থেকে আকাঙ্ক্ষা ছেঁটে ফেলা, আর ওইভাবে বাঁচা;
আনন্দ করতে, বিদায় উদযাপন করতে, মুষ্টিবদ্ধ শক্তির দিকে তাকিয়ে হাসো সবসময়
তোমার স্মৃতি বপন করতে, যা চিরদিন আমার কাছে অজানা থেকে যাবে পিয়া, অতঃপর কাঁদি,
হ্যা, নীরবে, যেভাবে জন্মায় ফুল, কান্না ঝরাতে, তোমার জন্য কাঁদতে, চিরকাল ধরে।

৭

যে কখনো আসেনি সে তো চলেও যায় না কখনো, আর তুমি এসেছিলে।
আজকের মতো হোক প্রতিটি দিন- প্রার্থনা এই।
স্নিগ্ধ সে জীবন ভালোবাসতে, সবসময় যেন থাকে ভোর,
যা তোমার জন্য আশীর্বাদপুষ্ট পবিত্রতা কামনা করে
সেই গানটির যা লেখার কোনো সিদ্ধান্ত নেইনি আমি।
অন্য এক শক্তি তোমার স্বপ্ন দেখতে ইশারা জোগায়।
তুমি আর আমি আর কখনো দেখব না পরস্পরকে,
কিন্তু, হৃদয়ের গভীরে, জানি কী গভীর অনুরাগ খেলা করে।

ভোর জানালায় রেখে যায় মুখগুলি
আলোকিত করে অন্যসব অবয়ব, তারা অপেক্ষা করে
আকাশের রঙধনুর সাথে, তুমি নেমে আসো বৃষ্টির মতো।
পারিবারিক বাসগৃহের সকল গন্ধপূর্ণতা ওড়ে,
আর তুমি, প্রার্থনার ফুল, তুমি বসন্তের ভোর।