২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেই তো আমার কাজ

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 05 May 2020, 01:06 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


কদিন আগে ময়মনসিংহ থেকে এক চিকিৎসক-পত্নী ফেইস বুকে আক্ষেপ করে বলেছিলেন কিভাবে তার স্বামী দিনের পর দিন কোভিড-১৯ রুগীদের সেবা দেবার জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে সময় কাটাচ্ছেন এবং ফলে তিনি ও তার সন্তানরা স্নায়ূচাপে আছেন। না, মহিলার আক্ষেপ এজন্য নয় যে তার স্বামী কোভিড রুগীদের সেবা দিতে গেছেন—সেটা তো তার কাজ, যে কাজ তিনি নিজ ইচছায় বেছে নিয়েছেন। তার আক্ষেপ ছিল তার পরিচিত একজন ফোন করে বলেছে: আপনারা তো এসবের জন্যে প্রণোদনার অর্থ পাবেন!! কতটা নির্মম হলে এমন কথা বলতে পারে!! আজ সকালে দেখলাম এক চিকিৎসক জানাচ্ছেন কোভিড চিকিৎসা দিতে গিয়ে তিনি নিজেই পজিটিভ হয়েছেন। তিনি বলছেন তার পরিবারের জন্য তার কোন সঞ্চয় নেই, তাই সরকারের কাছে অনুরোধ তার কোন দুর্ঘটনা ঘটলে সরকার যেন তার স্ত্রী ও সন্তানের জীবনভার নেবার প্রতিশ্রুতি দেন। আমরা জানি এমন অনেক অনেক চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ, সেনাসদস্য, রাপিড অ্যাকশন বাটিলিয়ন সদস্য তাদের পরিবার পরিজনকে গভীর স্নায়ুচাপে রেখে তাদের উপর দেয়া কর্তব্য পালন করে যাচ্ছেন কর্তব্যবোধ থেকে। ইতিমধ্যে তাদের অনেক সদস্যই কোভিডে সংক্রমিত হয়েছেন, মারাও গেছেন। তাদের আমরা আর কিছু সাহায্য করতে না পারি সমবেদনা তো জানাতে পারি, বলতে পারি আমরা অকৃতজ্ঞ নই!! আমি অনেক ভেবেছি বিষয়টা নিয়ে এবং শেষ পর্যন্ত ক্ষুদ্র, সীমাবদ্ধ সামর্থ নিয়ে একমাএ যে কাজটি করতে আমি মোটামুটি সক্ষম সেই কাজটি করার চেষ্টা করেছি নিচের কবিতাটি রূপান্তর (অনুবাদ নয়) করে। একজন চিকিৎসাকর্মীর জবানীতে যা ঐ সকল পূর্বউল্লেখিত মানুষদের সবার জন্যই প্রযোজ্য বলে মনে হয়েছে আমার। যার লেখা কবিতার ছায়া নিয়ে রূপান্তর তার নাম Dawn Butter, কবিতার শিরনাম It's my job. বর্তমান রূপান্তরটি মূলের সাথে মিলিয়ে অন্তমিলে রুপান্তর করার চেষ্টা করেছি:

মূল: ডন বাটার
রূপান্তর: আবদুস সেলিম

সেই তো আমার কাজ

আমি এই দুয়ারগুলো পার হই মাথা উঁচু করে,
কার জীবন বাঁচাব আমি আজ রাতে কিংবা ভোরে!
কেউ না কেউ আছে তো আমার আশায়,
বাধা আছে তার জীবন আমারই সেবায়।
কখনো বিষাদে ঝরায় নিরব অশ্রুজল
সবাইকে বাঁচাবার মিছে করি ছল।
ঈশ্বরের ডাক সে তো নিশ্চিত নির্মম অমোঘ
যতই করি চেষ্টা কিংবা নিদারুণ অভিযোগ।
যে শিশু জন্ম নেয় আমারই এই হাতে
ভরে ওঠে বুক জীবনের মধুর হাসিতে!
আবার কখন চোখের জল মুছি যে নিরবে
মৃত্যুর শিতল পরশে জীবনের অবসানে।
রাতগুলো আজকাল মসীময় নিকশ কালো
তবুও ভোরগুলো জাগায় আশার আলো।
জীবনকে দেখি এক অন্য উদ্ভাসে
আজ রাতে জ্বালাবো প্রাণদীপ আমারই পরশে।
অথবা শেষ বিদায় নেবে কে সে আমারই হাতে হাত রেখে
সবাই তো অচেনা মানুষ তবুও ভরসার আলো চোখেমুখে।
আমি জড়াবো তাদের বুকের মাঝে শক্ত হাতে
ভুলিয়ে দেব বেদনা যত দেহমনে ভরে আছে।
মনকে রাখব বেধে কঠিন পাথরে
সেই তো আমার কাজ, থাকুক সে আমার সকল বোধে!